হুস করে একটি হলুদ বসন্ত পাখি কেঁদ গাছটার সরু ডালে কাঁপন তুলে উড়ে গেল টুটিলাওয়ার দিকে।
পাখিটি ফিসফিসে বৃষ্টিতে ভিজছিল এতক্ষণ। ঠোঁট দিয়ে ভিজে পালক পরিষ্কার করছিল। একটি পাহাড়ে-বাজ কোথা থেকে এসে তার খুব কাছ দিয়ে উড়ে গেল। তরঙ্গিত হাওয়ায় তার ডানার আঁশটে গন্ধ পেল হলুদ বসন্ত পাখিটা। ছটফট করে উঠল ও ভয়ে। তারপরই উড়ে গেল হুস করে!