Home
মস্তকবিক্রয়

মস্তকবিক্রয়

রবীন্দ্রনাথ ঠাকুর

মস্তকবিক্রয়

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 24-Apr-2025

Change color


মহাবস্ত্ববদান


কোশলনৃপতির তুলনা নাই ,

জগৎ জুড়ি যশোগাথা ;

ক্ষীণের তিনি সদা শরণ - ঠাঁই

দীনের তিনি পিতামাতা ।

সে কথা কাশীরাজ শুনিতে পেয়ে

জ্বলিয়া মরে অভিমানে —

‘ আমার প্রজাগণ আমার চেয়ে

তাহারে বড়ো করি মানে !

আমার হতে যার আসন নীচে

তাহার দান হল বেশি !

ধর্ম দয়া মায়া সকলি মিছে ,

এ শুধু তার রেষারেষি ।'

কহিলা , ‘ সেনাপতি , ধরো কৃপাণ ,

সৈন্য করো সব জড়ো ।

আমার চেয়ে হবে পূণ্যবান

স্পর্ধা বাড়িয়াছে বড়ো ! '

চলিলা কাশীরাজ যুদ্ধসাজে —

কোশলরাজ হারি রণে

রাজ্য ছাড়ি দিয়া ক্ষুব্ধ লাজে

পলায়ে গেল দূর বনে ।

কাশীর রাজা হাসি কহে তখন

আপন সভাসদ্‌ - মাঝে

‘ ক্ষমতা আছে যার রাখিতে ধন

তারেই দাতা হওয়া সাজে ।'

সকলে কাঁদি বলে , ‘ দারুণ রাহু

এমন চাঁদেরেও হানে !

লক্ষ্মী খোঁজে শুধু বলীর বাহু ,

চাহে না ধর্মের পানে ! '

‘ আমরা হইলাম পিতৃহারা '

কাঁদিয়া কহে দশ দিক —

‘ সকল জগতের বন্ধু যাঁরা

তাঁদের শত্রুরে ধিক্‌ ! '

শুনিয়া কাশীরাজ উঠিল রাগি —

‘ নগরে কেন এত শোক !

আমি তো আছি , তবু কাহার লাগি

কাঁদিয়া মরে যত লোক !

আমার বাহুবলে হারিয়া তবু

আমারে করিবে সে জয় !

অরির শেষ নাহি রাখিবে কভু

শাস্ত্রে এইমতো কয় ।

মন্ত্রী , রটি দাও নগরমাঝে

ঘোষণা করো চারি ধারে —

যে ধরি আনি দিবে কোশলরাজে

কনক শত দিব তারে ।'

ফিরিয়া রাজদূত সকল বাটী

রটনা করে দিনরাত ;

যে শোনে আঁখি মুদি রসনা কাটি

শিহরি কানে দেয় হাত ।

রাজ্যহীন রাজা গহনে ফিরে

মলিনচীর দীনবেশে ,

পথিক একজন অশ্রুনীরে

একদা শুধাইল এসে ,

‘ কোথা গো বনবাসী , বনের শেষ ,

কোশলে যাব কোন্‌ মুখে ? '

শুনিয়া রাজা কহে , ‘ অভাগা দেশ ,

সেথায় যাবে কোন্‌ দুখে ! '

পথিক কহে , ‘ আমি বণিকজাতি ,

ডুবিয়া গেছে মোর তরী ।

এখন দ্বারে দ্বারে হস্ত পাতি

কেমনে রব প্রাণ ধরি !

করুণাপারাবার কোশলপতি

শুনেছি নাম চারি ধারে ,

অনাথনাথ তিনি দীনের গতি ,

চলেছে দীন তাঁরি দ্বারে ।'

শুনিয়া নৃপসুত ঈষৎ হেসে

রুধিলা নয়নের বারি ,

নীরবে ক্ষণকাল ভাবিয়া শেষে

কহিলা নিশ্বাস ছাড়ি ,

‘ পান্থ , যেথা তব বাসনা পুরে

দেখায়ে দিব তারি পথ —

এসেছ বহু দুখে অনেক দূরে ,

সিদ্ধ হবে মনোরথ ।'

বসিয়া কাশীরাজ সভার মাঝে ;

দাঁড়ালো জটাধারী এসে ।

‘ হেথায় আগমন কিসের কাজে '

নৃপতি শুধাইল হেসে ।

‘ কোশলরাজ আমি বনভবন '

কহিলা বনবাসী ধীরে —

‘ আমার ধরা পেলে যা দিবে পণ

দেহো তা মোর সাথিটিরে ।'

উঠিল চমকিয়া সভার লোকে ,

নীরব হল গৃহতল ;

বর্ম - আবরিত দ্বারীর চোখে

অশ্রু করে ছলছল ।

মৌন রহি রাজা ক্ষণেকতরে

হাসিয়া কহে , ‘ ওহে বন্দী ,

মরিয়া হবে জয়ী আমার'পরে

এমন করিয়াছ ফন্দি !

তোমার সে আশায় হানিব বাজ ,

জিনিব আজিকার রণে —

রাজ্য ফিরি দিব হে মহারাজ ,

হৃদয় দিব তারি সনে ।'

জীর্ণ - চীর - পরা বনবাসীরে

বসালো নৃপ রাজাসনে ,

মুকুট তুলি দিল মলিন শিরে —

ধন্য কহে পুরজনে ।


**********
No Review
Related Books
Loading books…