Home
অপমান বর

অপমান বর

রবীন্দ্রনাথ ঠাকুর

অপমান বর

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 24-Apr-2025

Change color


ভক্তমাল


ভক্ত কবীর সিদ্ধপুরুষ খ্যাতি রটিয়াছে দেশে ।

কুটির তাহার ঘিরিয়া দাঁড়ালো লাখো নরনারী এসে ।

কেহ কহে ‘ মোর রোগ দূর করি মন্ত্র পড়িয়া দেহো ' ,

সন্তান লাগি করে কাঁদাকাটি বন্ধ্যা রমণী কেহ ।

কেহ বলে ‘ তব দৈব ক্ষমতা চক্ষে দেখাও মোরে ' ,

কেহ কয় ‘ ভবে আছেন বিধাতা বুঝাও প্রমাণ করে ' ।

কাঁদিয়া ঠাকুরে কাতর কবীর কহে দুই জোড়করে ,

‘ দয়া করে হরি জন্ম দিয়েছ নীচ যবনের ঘরে —

ভেবেছিনু কেহ আসিবেনা কাছে অপার কৃপায় তব ,

সবার চোখের আড়ালে কেবল তোমায় আমায় রব ।

একি কৌশল খেলেছ মায়াবী , বুঝি দিলে মোরে ফাঁকি ।

বিশ্বের লোক ঘরে ডেকে এনে তুমি পালাইবে নাকি ! '

ব্রাহ্মণ যত নগরে আছিল উঠিল বিষম রাগি —

লোক নাহি ধরে যবন জোলার চরণধুলার লাগি !

চারি পোওয়া কলি পুরিয়া আসিল পাপের বোঝায় ভরা ,

এর প্রতিকার না করিলে আর রক্ষা না পায় ধরা ।

ব্রাহ্মণদল যুক্তি করিল নষ্ট নারীর সাথে —

গোপনে তাহারে মন্ত্রণা দিল , কাঞ্চন দিল হাতে ।

বসন বেচিতে এসেছে কবীর একদা হাটের বারে ,

সহসা কামিনী সবার সামনে কাঁদিয়া ধরিল তারে ।

কহিল , ‘ রে শঠ , নিঠুর কপট , কহি নে কাহার ও কাছে —

এমনি করে কি সরলা নারীর ছলনা করিতে আছে !

বিনা অপরাধে আমারে ত্যজিয়া সাধু সাজিয়াছ ভালো ,

অন্নবসন বিহনে আমার বরন হয়েছে কালো ! '


কাছে ছিল যত ব্রাহ্মণদল করিল কপট কোপ ,

‘ ভণ্ডতাপস , ধর্মের নামে করিছ ধর্মলোপ !

তুমি সুখে ব ' সে ধুলা ছড়াইছ সরল লোকের চোখে ,

অবলা অখলা পথে পথে আহা ফিরিছে অন্নশোকে ! '

কহিল কবীর , ‘ অপরাধী আমি , ঘরে এসো নারী তবে —

আমার অন্ন রহিতে কেন বা তুমি উপবাসী রবে ? '

দুষ্টা নারীরে আনি গৃহমাঝে বিনয়ে আদর করি

কবীর কহিল , ‘ দীনের ভবনে তোমারে পাঠালো হরি ।'

কাঁদিয়া তখন কহিল রমণী লাজে ভয়ে পরিতাপে ,

‘ লোভে পড়ে আমি করিয়াছি পাপ , মরিব সাধুর শাপে ।'

কহিল কবীর , ‘ ভয় নাই মাত :, লইব না অপরাধ —

এনেছ আমার মাথার ভূষণ অপমান অপবাদ ।'

ঘুচাইল তার মনের বিকার , করিল চেতনা দান —

সঁপি দিল তার মধুর কণ্ঠে হরিনামগুণগান ।

রটি গেল দেশে — কপট কবীর , সাধুতা তাহার মিছে ।

শুনিয়া কবীর কহে নতশির , ‘ আমি সকলের নীচে ।

যদি কূল পাই তরণী - গরব রাখিতে না চাহি কিছু —

তুমি যদি থাক আমার উপরে আমি রব সব - নিচু ।'

রাজার চিত্তে কৌতুক হল শুনিতে সাধুর গাথা ।

দূত আসি তারে ডাকিল যখন সাধু নাড়িলেন মাথা ।

কহিলেন , ‘ থাকি সবা হতে দূরে আপন হীনতা - মাঝে ;

আমার মতন অভাজন জন রাজার সভায় সাজে ! '

দূত কহে , ‘ তুমি না গেলে ঘটিবে আমাদের পরমাদ ,

যশ শুনে তব হয়েছে রাজার সাধু দেখিবার সাধ ।'

রাজা বসে ছিল সভার মাঝারে , পারিষদ সারি সারি —

কবীর আসিয়া পশিল সেথায় পশ্চাতে লয়ে নারী ।

কেহ হাসে কেহ করে ভুরুকুটি , কেহ রহে নতশিরে ,

রাজা ভাবে — এটা কেমন নিলাজ রমণী লইয়া ফিরে !

ইঙ্গিতে তাঁর সাধুরে সভার বাহির করিল দ্বারী ,

বিনয়ে কবীর চলিল কুটিরে সঙ্গে লইয়া নারী ।

পথমাঝে ছিল ব্রাহ্মণদল , কৌতুকভরে হাসে —

শুনায়ে শুনায়ে বিদ্রূপবাণী কহিল কঠিন ভাষে ।

তখন রমণী কাঁদিয়া পড়িল সাধুর চরণমূলে —

কহিল , ‘ পাপের পঙ্ক হইতে কেন নিলে মোরে তুলে !

কেন অধমারে রাখিয়া দুয়ারে সহিতেছ অপমান ! '

কহিল কবীর , ‘ জননী , তুমি যে আমার প্রভুর দান ।'


**********
No Review
Related Books
Loading books…