Home
সার্থক নৈরাশ্য

সার্থক নৈরাশ্য

রবীন্দ্রনাথ ঠাকুর

সার্থক নৈরাশ্য

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 24-Apr-2025

Change color


তখন ছিল যে গভীর রাত্রিবেলা ,

নিদ্রা ছিল না চোখের কোণে ;

আষাঢ় - আঁধারে আকাশে মেঘের মেলা ,

কোথাও বাতাস ছিল না বনে ।

বিরাম ছিল না তপ্ত শয়নতলে ,

কাঙাল ছিল বসে মোর প্রাণে ;

দু হাত বাড়ায়ে কী জানি কী কথা বলে ,

কাঙাল চায় যে কারে কে জানে ।

দিল আঁধারের সকল রন্ধ্র ভরি

তাহার ক্ষুব্ধ ক্ষুধিত ভাষা ;

মনে হল যেন বর্ষার বিভাবরী

আজি হারালো রে সব আশা ।

অনাথ জগতে যেন এক সুখ আছে ,

তাও জগৎ খুঁজে না মেলে ;

আঁধারে কখন সে এসে যায় গো পাছে

বুকে রেখেছে আগুন জ্বেলে ।

‘ দাও দাও ' বলে হাঁকিনু সুদূরে চেয়ে ,

আমি ফুকারি ডাকিনু কারে ।

এমন সময়ে অরুণতরণী বেয়ে

প্রভাত নামিল গগনপারে ।

পেয়েছি পেয়েছি , নিবাও নিশার বাতি ,

আমি কিছুই চাহি নে আর ।

ওগো নিষ্ঠুর শূন্য নীরব রাতি ,

তোমায় করি গো নমস্কার ।

বাঁচালে বাঁচালে— বধির আঁধার তব

আমায় পৌঁছিয়া দিল কূলে ।

বঞ্চিত করি যা দিয়েছ কারে কব ,

আমায় জগতে দিয়েছ তুলে ।

ধন্য প্রভাতরবি ,

আমার লহো গো নমসকার ।

ধন্য মধুর বায়ু ,

তোমায় নমি হে বারম্বার ।

ওগো প্রভাতের পাখি ,

তোমার কলনির্মল স্বরে

আমার প্রণাম লয়ে

বিছাও দূর গগনের'পরে ।

ধন্য ধরার মাটি ,

জগতে ধন্য জীবের মেলা ।

ধুলায় নমিয়া মাথা

ধন্য আমি এ প্রভাতবেলা ।


**********
No Review
Related Books
Loading books…