Home
দ্য রেড বুক ২

দ্য রেড বুক ২

অভীক দত্ত

দ্য রেড বুক ২

অভীক দত্ত
novel

Change color

আগে কি সুন্দর দিন কাটাইতাম

আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম

গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান

মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম।

হিন্দু বাড়িতে যাত্রা গান হইত

নিমন্ত্রণ দিত আমরা যাইতাম

জারি গান, বাউল গান

আনন্দের তুফান

গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম।

বর্ষা যখন হইত,

গাজির গান আইত,

রংগে ঢংগে গাইত

আনন্দ পাইতাম

কে হবে মেম্বার,

কে বা সরকার

আমরা কি তার খবরও লইতাম

হায়রে আমরা কি তার খবরও লইতাম।

আগে কি সুন্দর দিন কাটাইতাম।

করি যে ভাবনা

সেই দিন আর পাব নাহ

ছিল বাসনা সুখি হইতাম

দিন হইতে দিন

আসে যে কঠিন

করিম দীনহীন কোন পথে যাইতাম

আগে কি সুন্দর দিন কাটাইতাম…

…………………

শাহ আবদুল করিম

.

এই উপন্যাসের স্থান, কাল, পাত্র, ঘটনা, চরিত্র সব

কাল্পনিক। বাস্তবের সঙ্গে কোন কিছুর কোন মিল নেই

১।

মল্লিকপুর গ্রাম।

প্রভাস বন্দ্যোপাধ্যায় হাটে যাবার জন্য তৈরী হচ্ছিলেন।

এককালে পঞ্চায়েত প্রধান ছিলেন। এখন হেরে গেছেন।

প্রভাসের বাড়িতে দুর্গাপুজো হয় প্রতি বছর। এবছরও হবে।

পার্টিতে এই নিয়ে কম নিন্দা হয় নি। প্রভাস শোনেন নি। বাপ পিতামহর পুজো। যতই কমিউনিস্ট পার্টি করুন, পুজোর ক’টা দিন নিষ্ঠা সহকারে পুজো না করলে কেমন অস্বস্তি হয়।

যখন ক্ষমতায় ছিলেন, পুজোর কাজের লোকের অভাব ছিল না। এখন নিজেকে যেতে হবে।

সে যেতে হলে হবে। পুজো কিছুতেই আটকানো যাবে না। বাড়ির পুজো মানে বিরাট ব্যাপার।

জোগার যন্তর করতে হবে অনেক।

বাইকটা বের করে রতনকে ডাকলেন। ছেলেটা মুনিষ খাটে অনেক দিন ধরেই। তার কথা শুনে চলে। অনেকেই তার বাড়ি আসা বন্ধ করেছে। রতন করে নি।

গাড়িতে উঠে রতন বলল, “আব্দুলদা জিজ্ঞেস করল পুজো হচ্ছে নাকি এবার?”

প্রভাস ভ্রূ কুঁচকালেন, “কেন? হবে না কেন? তুই কিছু বলিস নি?”

রতন বলল, “আমি কী বলব দাদা? শুধু বললাম হবে”।

আব্দুল দল পাল্টেছে। তার দলেই ছিল। এখন শাসক দলে। প্রতিবারই আসে পুজোয়। পুজোর কাজেও হাত লাগায়। এরকম প্রশ্ন করল কেন, বুঝলেন না।

মাঠের মধ্যে দিয়ে শর্টকাট করতে হয়। প্রভাস বাইক নিয়ে সে রাস্তাতেই গেলেন। এ বছর সেরকম বৃষ্টি হয় নি বলে যাওয়া যাচ্ছে। নইলে যাওয়া এত সোজা না। মাঠে কাদা থাকলে বাইক আটকে যায়। তখন ইটের রাস্তার পথ ধরতে হয়। ইটের রাস্তা দিয়ে গেলে অনেকটা বেশি যেতে হবে।

প্রভাস বাইকের স্পিড বাড়ালেন। আগে প্রতিমা আনার ভ্যানের ব্যবস্থা করে তারপর দশকর্মা ভাণ্ডারে যেতে হবে। প্রচুর জিনিস নেওয়ার আছে।

মাঠের মধ্যে জটলা হয়েছে কিছু নিয়ে।

প্রভাস বললেন, “কী ব্যাপার রে?”

রতন বলল, “বুঝছি না”।

খানিকটা এগোলে দেখা গেল জটলায় আব্দুলও আছে। কী মনে হতে প্রভাস বাইক দাঁড় করিয়ে বললেন, “কী ব্যাপার রে আব্দুল?”

আব্দুল বলল, “পঞ্চায়েতের কিছু কাজ আছে”।

প্রভাস বললেন, “হ্যাঁ, তা সে আমাকে বলা যাবে না?”

আব্দুলের সঙ্গে বেশ কয়েকজন শাসক দলের লোকও ছিল। একজন খানিকটা রাগী গলাতেই বলল, “যে কাজে যাচ্ছো, সে কাজে যাও, এত কথার কী আছে?”

প্রভাস বরাবরই ডাকাবুকো। বাইক দাঁড় করালেন।

রতন বলল, “দাদা, চলুন না। খামোখা ঝামেলা করার কী আছে?”

প্রভাস রতনের কথা কানে না দিয়ে এগিয়ে গিয়ে বললেন, “কথার কী আছে মানে? কথা বলার অধিকারও কেড়ে নিয়েছো নাকি?”

আব্দুল বলল, “প্রভাসদা তুমি যাও না। ঝামেলা কোর না”।

প্রভাস বললেন, “আমি তো ঝামেলা করার জন্য কিছু বলি নি। আমি একটা সামান্য কথা তোকে জিজ্ঞেস করলাম। এরা তার মধ্যে থেকে কথা বলছে কেন? নতুন নতুন নেতা হয়ে ধরাকে সরা জ্ঞান করছে নাকি?”

আব্দুল কিছু একটা বলতে যাচ্ছিল।

সে বলতে পারল না। কিছু বুঝে ওঠার আগেই ভিড়ের মধ্যে থেকে একটা লাঠির বাড়ি প্রভাসের মাথায় এসে পড়ল।

প্রভাস জ্ঞান হারিয়ে পড়ে গেলেন।

রতন হাঁ হাঁ করে ছুটে এল। রতনকে চার পাঁচজন ঘিরে ধরে বেধড়ক মারতে শুরু করল।

আব্দুল একবার ক্ষীণস্বরে বাধা দিতে গেছিল, কেউ শুনল না।

কিছুক্ষণ পর মাঠের মধ্যে প্রভাসের যখন জ্ঞান ফিরল, দেখলেন রতন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার নিজের মাথাতেও চাপ চাপ ব্যথা।

ঠেললেন। রতন সাড়া দিল না।

কোন মতে বাইক স্টার্ট করে বাড়ি এসে প্রভাস দেখলেন পুলিশ তার বাড়ি ঘিরে নিয়েছে।

তারা জানাল রতনকে খুনের অভিযোগে প্রভাসকে গ্রেফতার করা হল।

প্রভাস অবাক গলায় বললেন, “মানে? আমি খুন করতে পারি? সেটা আপনারা বিশ্বাস করেন?”

ওসি বললেন, “গাড়িতে উঠুন। আপনাকে যাতে ঠিক ঠাক রাখা যায়, তার ব্যবস্থা করে দিচ্ছি”।

প্রভাস বললেন, “দুদিন পর পুজো। এখন মিথ্যা অভিযোগে আমাকে গ্রেফতার করবেন? খুনটা তো আমি করি নি। আমি আপনাদের কাছেই যাচ্ছিলাম ব্যাপারটা নিয়ে আলোচনা করার জন্য। দেখুন, আমার মাথায় মেরেছে, এখনো রক্ত জমাট বেঁধে আছে। তদন্ত করুন, সব প্রমাণিত হবে”।

ওসি বললেন, “সময় নষ্ট না করে গাড়িতে উঠুন”।

প্রভাস শূন্য দৃষ্টিতে ওসির দিকে তাকালেন। তিনি যখন প্রধান ছিলেন এই লোকটাই কেমন ভাবে কথা বলত।

ক্ষমতার বদল সবাইকে কীভাবে পাল্টে দেয়!

২।

যশোর রোড দিয়ে গাড়ি চলছে। ড্রাইভারের পাশের সিটে সিকিউরিটি গার্ড বসে।

প্রত্যুষ তার কন্সটিটুয়েন্সির একটা গ্রামে পুজো উদ্বোধনে যাচ্ছেন। ফোন এসেছে। এলাকার নেতা সুভাষ পাল ফোন করছে। এও আগে কমিউনিস্ট পার্টিতেই ছিল।

প্রত্যুষ ধরলেন, “বল রে”।

সুভাষ বলল, “দাদা তাড়াতাড়ি আসুন। দেরী করছেন কেন?”

প্রত্যুষ বিরক্ত গলায় বললেন, “লুডো খেলছিলাম তো, তাই দেরী হয়ে গেল। কেন কী হয়েছে?”

সুভাষ দুর্বল গলায় বলল, “দাদা এরকম করে বলছেন কেন? জানেনই তো এ দলে আমার কোন জোর নেই। যারা আগে দল করত তারা প্রায়ই কথা শুনায়। আপনি এলে তাও খানিকটা জোর হয়। ঠারে ঠোরে তো কম কথা শুনতে হয় না”।

প্রত্যুষ ঘড়ি দেখে বললেন, “আর মিনিট কুড়ি লাগবে। ভাবিস না, আসছি”।

সুভাষ বলল, “আচ্ছা দাদা”।

গ্রামের মাঝখানে পুজো উপলক্ষ্যে বড় মেলা বসেছে। প্রত্যুষ গাড়ি থেকে নামতে সুভাষ ছুটে এল। সঙ্গে বেশ কয়েকজন স্থানীয় নেতাও। প্রত্যুষ সুভাষকে বললেন, “সব ঠিক আছে তো?”

সুভাষ বলল, “হ্যাঁ দাদা, এই তো, সব ঠিক আছে। চলুন, স্টেজে চলুন”।

স্টেজের মধ্যে দলের কর্ণধারের বড় ছবি। এখন এটাই রীতি। যাই হবে, তা সবই অনুপ্রেরণায় হবে।

কমিউনিস্ট পার্টি থেকে দল বদল করার অনেকগুলো সমস্যা আছে। বক্তৃতায় এখনো লাল সেলাম বেরিয়ে যায়। সংগ্রামী অভিনন্দন, “ইনক্লাব” জিন্দাবাদ বেরিয়ে যায়। এ দল কমিউনিস্ট পার্টি না। জাতীয়তাবাদী দল। স্লোগান আলাদা। বন্দেমাতরমের সঙ্গে অন্য স্লোগান দিতে হয়। আগের দলে থাকতে প্রত্যুষই বিভিন্ন বক্তৃতায় একে “যাত্রাদলের স্লোগান” বলে ব্যঙ্গ করেছেন। এখন সেই স্লোগানই আবেগঘন গলায় দেওয়া প্র্যাকটিস করতে হচ্ছে।

মঞ্চে উঠতে উঠতে সুভাষ বলল, “দাদা, পঞ্চায়েতে আমাকে একটা পদ দেওয়ার কথা ভাবুন। কাজ না করতে পারলে আমার ভীষণ অস্বস্তি হয়”।

প্রত্যুষ বললেন, “কাজ না করতে পারলে, না টাকা না মারতে পারলে? শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পার্টি এক্সপেল করেছিল না তোকে?”

সুভাষ জিভ কেটে চারদিকে তাকিয়ে বলল, “আমি ভাল হয়ে গেছি দাদা। ওই জন্য তো দলটা ছেড়েছি। এই দলে সব সাদা। নীল আর সাদা। কোন দুর্নীতি নেই। প্লিজ দাদা। দেখুন না”।

প্রত্যুষ মাথা নেড়ে স্টেজে উঠলেন। স্থানীয় নেতারা সংবর্ধনা জানালেন। পরিচিত অপরিচিত মুখ স্টেজে বসে। কেউ আগের দলে ছিল, কেউ উঠতি। এখনকার শাসকদল যারা আগে করত তারা বেশিরভাগই কোণঠাসা। দলে রোজ রোজ নতুন নতুন লোক যোগ দিচ্ছে। দেশের সব থেকে লাভজনক ব্যবসা এখন রাজনীতি।

ভাষণে বক্তব্য কম, অনুপ্রেরণা বেশি। প্রত্যুষ সেই ছকে খানিকটা বলে একবার ইনকিলাব জিন্দাবাদ বলতে গিয়ে কোনমতে নিজেকে আটকালেন।

বক্তব্য শেষে স্থানীয় পঞ্চায়েত প্রধানের পাশে বসে বললেন, “সুভাষ পালকে একটু দেখবেন। আমার লোক। পারলে কিছু একটা পদ দিয়ে দেবেন। তরুণ তুর্কী। ওকে তোলা দরকার”।

পঞ্চায়েত প্রধান বললেন, “আপনি যখন বলছেন, নিশ্চয়ই দেখব দাদা। তবে সুভাষকে নিয়ে অনেকের অভিযোগ আছে”।

প্রত্যুষ বললেন, “অভিযোগ স্বয়ং ভগবানকে নিয়েও থাকে। অত সব ভাবলে হবে না। পুজো বড় করে করুন। সুভাষকে কাজে লাগান। দলেরই লাভ হবে। আরেকটা দল এখন মুছে গেছে। আমাদের দলকে বড় করতে হলে অত বাছ বিছার করলে হবে না”।

প্রধান আর কিছু বললেন না। প্রত্যুষ বড় পদে আছেন। অনেক কিছু বলার থাকলেও চুপ করে যেতে হয়।

এ আমলে আরেকটা ব্যাপারও আছে। মঞ্চ ভর্তি লোক। ছোট, মাঝারি, সেজো, মেজো, বড় নেতা ভর্তি। কেউ কাউকে জায়গা ছাড়ে না। প্রত্যুষ কোন কোন জায়গায় গিয়ে ভয় পান লোকের চাপে স্টেজ না ভেঙে পড়ে।

কমিউনিস্ট পার্টিতেও শেষ দিকে জালি লোক ভর্তি হয়ে গেছিল। তারাই এখন সময় বুঝে জার্সি পালটেছে।

স্টেজ থেকে নামার সময় সুভাষ বলল, “গাড়িতে মিষ্টির প্যাকেট, ফুল সব তুলে দিয়েছি দাদা। আর একটা ছোট ব্যাগ দিলাম। দেখবেন”।

প্রত্যুষ বললেন, “তোর কথা বলেছি। দেখছে বলল”।

সুভাষ হাত জোড় করল, “বাঁচালেন দাদা। কাজ ছাড়া আমি…”

প্রত্যুষ হাঁটতে হাঁটতে গাড়িতে গিয়ে উঠলেন। সুভাষ বশংবদের মত গোটা রাস্তা সঙ্গী হয়ে রইল।

৩।

“দিদি একটা সেল্ফি তুলব?”

প্রশ্নটা শুনে রাগ হল খানিকটা সোহিনীর। সেলফি তুলে তুলে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ক’ দিন ধরে। শ্যুটিং সামলে, প্রোডাকশান সামলে যেভাবে এলাকা সামলাতে হচ্ছে সেটা ভাবা যায় না। অথচ বলা হয়েছিল কিচ্ছু করতে হবে না। সব নাকি পার্টিকর্মীরা দেখে নেবে। দলে দুর্নীতিবাজ এতো বেড়ে গেছে যে তাদের মত ফিল্মস্টারদের এখন রাজনীতিতে নিয়ে আসা হচ্ছে৷ এতে একইসঙ্গে দুটো কাজ হচ্ছে। রাজনীতিতে ফ্রেশ মুখ আসছে। অলরেডি এসটাব্লিশড লোক আসায় দলের ফেস ভ্যালু বাড়ছে।

সঞ্জীবের কথা শুনে সোহিনী বলল, “তুলুন।”

সঞ্জীব তার একটা এলাকা দেখে। এলাকার রাস্তাঘাট নাকি খুবই খারাপ। ট্যুইটারে তাকে ট্যাগ করে করে লোকেরা নালিশ করছে। কেউ কেউ বাজে ট্রলও করে। মাঝে মাঝে মাথায় রক্ত উঠে যায়। ইচ্ছা করে এদের মাথা ফাটিয়ে দিয়ে আসতে৷ শেষতক হয় না বটে কিন্তু কোনদিন সুযোগ পেলে সোহিনী তাই করত।

সোহিনী বলল, “তিনটে রাস্তা খারাপ আছে। ঠিক করার জন্য কী করতে হবে?”

সঞ্জীব বুঝদারের মত বলল, “ওসব বিরোধী অধ্যুষিত এলাকা দিদি। ঠিক করতে হবে না”।

সোহিনী অবাক হল, “ এরকম হয় নাকি?”

সঞ্জীব বলল, “এটাই তো পলিটিক্স। সবখানেই হয়”।

সোহিনী বলল, “ রাস্তাটা হলে তো আমরা কিছু ভোট বেশি পেতে পারি?”

সঞ্জীব জোরে জোরে মাথা নাড়ল, “কিচ্ছু হয় না দিদি। বিশ্বাস করুন। মানুষ হেবি হারামি”।

“ হারামি” শব্দটা উচ্চারণ করে সঞ্জীব জিভ কাটল।

সোহিনী বলল, “শোন, আমার কাছে বার বার ওই রাস্তাগুলো করার জন্য রিকোয়েস্ট আসছে। ওগুলো ঠিক করার ব্যবস্থা কর”।

সঞ্জীব ব্যাজার মুখে ডায়েরিতে সেটা লিখে বলল, “ আমাদের লোকাল পার্টি খুশি হবে না”।

সোহিনী বলল, “ না হলে না হবে৷ পরে কথা বলে নেব”।

সঞ্জীব বলল, “বলছি আসছে কুড়ি তারিখ এলাকায় আসতে পারবেন? একটা শোরুম উদ্বোধন আছে”।

সোহিনী বলল, “আমি অস্ট্রিয়া যাব পনেরোতে। ফিরব ছাব্বিশে৷ হবে না”।

সঞ্জীব সেটাও ডায়েরীতে লিখে বলল “ আসছি দিদি”।

সোহিনী বলল, “ঠিক আছে।”

সঞ্জীব চলে যেতে রুম ছেড়ে বেরোল সোহিনী। সারাদিন শ্যুটিং আছে। তার মধ্যে মাঝে মাঝেই এলাকা থেকে ফোন আসছে৷ ভোটের প্রচারের সময় বিভিন্ন নেতাকে নাম্বার দেওয়া হয়েছিল। জেতার পরে তাদের কাছে সে নাম্বার থেকে গেছে। কারণে অকারণে ফোন করা তাদের অভ্যাস হয়ে যাচ্ছে। কোথায় কী কাজ করবে সে ব্যাপারে অকারণ প্রশ্ন করে যায়। সোহিনী আজকাল ঠিক করেছে এই ফোন নাম্বারগুলো চিহ্নিত করে ব্লক করে দেবে। যে কাজগুলো তাকে ছাড়াও করা সম্ভব, মানুষ সেট

**********
No Review
Related Books
Loading books…