Home
ছিন্নবাধা

ছিন্নবাধা

সমরেশ বসু

ছিন্নবাধা

সমরেশ বসু
novel

Change color

প্রথম খণ্ড

০১.

আগে শিকল দিয়ে বাঁধা ছিল। এবার মুখে আগুন দেওয়া হবে।

সবাই হই হই করে উঠল। সবাই এগিয়ে এল কাছে। ছেলে বুড়োর ধাক্কাধাক্কি, মেয়েদের ঠেলাঠেলি। সবাই কাছে আসতে চায়।

লাঠি উঁচিয়ে এল একজন। –আঃ, বারণ করছি, শুনছ না কেন তোমরা। সরে দাঁড়াও, সরে দাঁড়াও, এট্টা অঘটন ঘটলে পরে আমাদের নিয়ে টানাটানি করবে। কিন্তু সরতে কি চায় লোকে। আরও ঠেলে আসে। সারা মেলা উজাড় করে এসেছে সবাই। কত দূর দূরান্ত থেকে আসছে মানুষ, শুধু সন্ধ্যাবেলার এই উৎসবটুকুর জন্য।

এক মন বারুদের তুবড়ি। লোকে বলে, এক মনি তুবড়ি। শিকল দিয়ে না বাঁধলে তার তেজ রুখবে কে। এমনিতেই শিকল ছিঁড়ে তুবড়ি আকাশে উঠতে চায়। শুধু শিকল বাঁধা নয়, মাটি কেটে বসানো হয়েছে এক মনি খোঁল। তবু আড়-মাতলার মতো এদিকে ওদিক করে আগুনের ফোয়ারায় কোনও গতিকে যদি একবার ফাটে, এই বারোয়ারিতলা শুদ্ধ লঙ্কাকাণ্ড করে ছাড়বে।


উৎসবের উপলক্ষ নবমদোল। বারোয়ারিতলার দক্ষিণে আছেন শ্যামরায়। বড় দিঘির ধারে তাঁর মন্দির। নবমদোল ওই শ্যামরায়ের। কিন্তু বাজি পোড়ানো উৎসবটা চিরকাল এখানেই হয়ে আসছে। এখানে পুকুরের ধারে। এই পুকুরের তিনদিকে শিবমন্দির আর বুড়ো বট অশখের ভিড়। একদিকে দেবী চণ্ডিকার মন্দির। দেখে বোঝা যায়, ঘোর শাক্ত ভূমি। শ্যামরায় উড়ে এসে জুড়ে বসেছেন যেন। আগে পাঁঠাবলিও হত নবমদোল উপলক্ষে। আজকাল বন্ধ হয়ে গেছে সেটা। কিন্তু বাজি পোড়ানোর মধ্যে সেই মত্ততাটা টের পাওয়া যায় এখনও।


তুবড়ি পোঁতা হয়েছে পুকুরের ধারে। দোলপূর্ণিমার পর নবমী তিথিতে নবমদোল। আকাশে এখনও চাঁদ দেখা দেয়নি। পুকুরের পাড়ে ভিড় করে এসেছে সবাই। একমনের পর, ধাড়ির পিছনে ছাঁয়ের মতো পাঁচ সেরি দশ সেরি আছে কয়েক গণ্ডা।


মেলার আসরটা আর একটু দূরে। সে আসরে আজ ভাঙন ধরেছে বিকেল থেকেই। বেচা-কেনা ঘুচিয়ে সবাই মেতে উঠেছে এদিকে। মেলার হ্যাজাক লণ্ঠন এখন সব এখানেই সকলের হাতে হাতে, গাছের ডালে ডালে।


এর পরে আছে কেষ্টযাত্রা। বড় দিঘির পারে, শ্যামরায়ের মাঠে যাত্রার আসরও তৈরি হয়ে গেছে। সাজঘর হয়েছে শ্যামরায়ের মন্দিরের পাশে, পরিত্যক্ত ভোগ-রান্নাঘরে। রান্নাভোগ আর জোটে না শ্যামের কপালে। একটু চিনি বাতাসা কলা, ফুল চন্দনই অনেকখানি। এর পরেও থাকা না থাকা শ্যামরায়ের মর্জি।


শেষ ফাল্গুনের বাতাসে চৈত্রের পাগলামি টের পাওয়া যায়। মাঝে মাঝে পাক খায়, চক্র দিতে চায় ঘূর্ণি বানের মতো।


বাতাসের চেয়ে মানুষের নেশাটাও কম নয়। তুবড়ি পোড়ানো দেখার ঠেলাঠেলিতে ইতিমধ্যেই কয়েকজন পুকুরের জলে ডুবে উঠেছে। তা নিয়ে হাসাহাসি গালাগালির অন্ত নেই। সেয়ানা মানুষ পড়েছে তাই। নইলে কান্নাকাটি পড়ে যেত।


সুরীন দেখছিল সব দাঁড়িয়ে। এ গাঁয়ের ছেলে সে। বয়স পঞ্চাশ ধরেছে। পঁচিশ বছর গ্রামছাড়া। বছরে এই দুটি দিনের জন্যে না এসে পারে না। আসে, দু দিন থাকে, তারপর বিদেশির মতো চলে যায়। বাগদিপাড়ার মানুষ। আগেকার লোকেরা চিনতে পারে। হালের মেয়ে পুরুষেরা কেউ চেনে না তাকে। যারা চেনে, আর যারা চেনে না, তাদের সকলের কাছেই সুরীন, অর্থাৎ সুরেন। দিগর এক অচেনা সংসারের মানুষ। সবাই তাকে হাঁ করে দেখে। সে দেখার মধ্যে শুধু অপরিচয়ের ভয় ও বিস্ময়।


ঠাণ্ডারাম দিগরের ছেলে সুরীন দিগর। পায়ে তার ইংরেজি বুট জুতো, বাবুদের মতো শার্ট গায়ে, কোঁচানো ধুতি। মাথায় তেল চকচক করে। গোঁফজোড়ার চাকন-চিকনও কম নয়।


নিজের ভিটেমাটি কিছু নেই। পাড়ায় এসে ওঠে পরের ভিটেতে। জায়গা দেওয়ার লোকের অভাব নেই পাড়ায়। সুরীন যার ঘরে ওঠে, যে কদিন থাকে তার ঘরে সেই কদিন দুঃখ থাকে না। গোটা পাড়ায় ভোজ লেগে যায়। হাঁড়ি অতি ছোট, তাড়ির জালা নিয়ে বসে সুরীন সকলের সঙ্গে। মেয়েরাও খাতির করে। দরকার হলে, এক আধখানা শাড়ি দিয়ে খাতিরটুকু গাঢ় করে নেয়।



ফুর্তি মস্করাতে খুবই সিদ্ধহস্ত সুরীন। কিন্তু এমনি মানুষ হিসাবে বেশ রাশভারী। চেহারায় আর কথায়, ধার আছে যথেষ্ট। বলে, মিস্তিরির কাজ করি।


–কোথায়?


চটকলে।


–কোথাকার চটকলে?


–চাঁপদানি।


গাঁয়ের লোকেরা জানে। প্রতি বছর একই কথা জিজ্ঞাসাবাদ হয়।


তবু নতুন করে বিস্মিত হবার জন্যই যেন সবাই জিজ্ঞেস করে, কত টাকা কামাও?


সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। মনে মনে হিসাব কষে। সপ্তাহে যদি ছাব্বিশ টাকা হয়, তবে মাস গেলে একশো চার টাকা। বাবা! বিশ্বাস করতে ইচ্ছে করে না। অবিশ্বাস করবার সাহস নেই। অমনি হয়তো কেউ ঘনিয়ে আসে। বলে, বুইলে গো সুরীনদাদা, বউটা মেয়েমানুষ।



সুরীন গোঁফের ফাঁকে হেসে বলে, মাটির পরে দাঁড়িয়ে বলছিস?


–হ্যাঁ, আকাশের তলায় পেঁড়িয়ে বলছি, মেয়েমানুষ বউটা। কিন্তুক, এট্টা কাপড় দিতে পারি।


–পারিস না?


না।


সুরীন পকেট থেকে টাকা বের করে দেয়। যা, একটা কাপড় কিনে দি গে যা বউকে।


টাকা যেন ভোলামকুচি। সুরীন দিগরের অমন অনায়াস টাকাগুলি টাকা কিনা, সেটাও যেন খটকা যায় মনে। বুড়িরা এক কথা বারবার জিজ্ঞেস করে, বেথা করেছ?


না।


করতে লাগবে না? ব্যাটাছেলে মানুষ, বউ ছেলেপুলে না হলে চলে?



সুরীন বলে, না মাসি, ওটা হল না আর এ জন্মে। একটা মেয়েছেলে আছে।


সোজা কথা, সোজা করেই বলে। কোনও রাখ ঢাক নেই। বুড়িদের স্নেহ দিয়ে মন কাড়বার হাঁস-ফাসানি থিতিয়ে আসে একটু। বলে, অ। তা গাঁয়ের মেয়েছেলেই এট্টা নিয়ে গেলে পারতে।


সুরীন বলে, শহরে বড় ছড়াছড়ি মাসি। এখন তো আরও। দু সন হল তোমার লড়াই শেষ হয়েছে। দেশের সরকারও দেশের লোক হয়েছে। আর কলবাজারে একবার মেয়েমানুষের ভিড়টা দেখে এসো। এক ছিটে গুড়ে যেন পিঁপড়ের গাদি। তবে মেয়েছেলে, মেয়েছেলে শহরে গাঁয়ে তার তফাত কিছু নেই।


অ।


একটু মুষড়ে পড়ে সবাই। সাধ করে তো কেউ বলে না। দায়ে পড়ে বলে। যদি একটু সুখের মুখ কেউ দেখতে পায়। যে মেয়েমানুষের স্বামীপুত্র নেই, তার কোনও বাঁধন নেই। সে যেতে চায়।


সুরীন বলে, আর মন বলে কথা। যেখানে সে বসে, সেখানেই ভাল। তাকে নিয়ে ছুটোছুটি করলে, সে ছুটিয়ে মারে চিরকাল!



তা বটে।


এই হল সুরীন। গাঁয়ে নবমদোলের উৎসব। বাগদিপাড়ায় উৎসব সরীনকে নিয়ে। তাড়ি মাংস, মায় কাপড়-চোপড়, নানান কিছুতে অনেক খরচা করে যায়। দাগ রেখে যায় সকলের মনে। আগামী বছরের তৃষ্ণা রেখে যায় সকলের প্রাণে।


তারপরে এরা ভুলে যায়, সুরীন ভুলে যায়। এরা থাকে গাঁয়ের বাগদিপাড়ায় বাগদি হয়ে। সুরীন চাঁপদানির উইভিংএর মিস্তিরি, চন্দননগরের মালিপাড়ার সুরীন মিস্তিরি। সুরীনদাদা।


বছরের এই সময়টা, অভ্যাসবশত যেন চলে আসে সুরীন। সেখানে তার মেয়েমানুষ ভামিনী প্রতি বছরই ঝগড়া করে। আসতে চায় সঙ্গে।


সুরীন বলে, না, তিনশো তেষট্টি দিন তোর ঘর করি। দুটো দিন তুই ছেড়ে দে বাপু, শুধু শুধু আমার সঙ্গ নিসনি।


পেট থেকে পড়ে, এ গাঁয়ে মানুষ হয়েছে। উৎসব বলতে আর কিছু জানে না, নবমদোল ছাড়া। শহরে তো রোজই উৎসব। নবমদোলে এসে, নিজের জীবনটাকে একবার পিছু ফিরে দেখে যাওয়া ছাড়া এর মধ্যে আর কিছু নেই সুরীনের।



এক মনি তুবড়ি জ্বলেছে। দশটা স্টিমের মতো কান ফাটা শব্দ তার। আগুনের উঁচু ফোয়ারা ঠেকেছে গিয়ে আকাশে। বহু দূর-ব্যাস নিয়ে ছড়িয়ে পড়ছে বড় বড় ফুলকি। যেন গলানো আগুন, জলের ফোয়ারার মতো। বাতাসটা সুবিধের নয়। আগুন ছড়িয়ে পড়তে চাইছে উত্তরে, একেবারে উপরে গিয়ে কেঁপে কেঁপে যাচ্ছে।


কয়েকজন একসঙ্গে চিৎকার করে সবাইকে বলছে দূরে থাকতে। মনে হয়, পুকুরের জলও আগুন হয়ে উঠেছে। আলোর ধারায় মাটির পোকামাকড়টিও দেখা যায়।


সুরীনের সঙ্গে রয়েছে পাড়ারই কয়েকজন।


সমস্বরে সবাই শ্যামরায়ের জয় জয়কার করছে।


সুরীন ভিড় থেকে বেরিয়ে, শ্যামরায়ের মন্দিরের দিকে চলল। সঙ্গে পাড়ার মদন আর জগা। আজকে রাতে সুরীন শেষবার ফুর্তি করবে। তার প্রসাদ না নিয়ে ফিরবে না দুটিতে।


সুরীন ভাবছিল অভয়ের কথা।



বিশ বছরের অভয়। তার মায়ের নাম প্রমীলা।


তিন বছর আগে প্রথম চোখে পড়েছিল অভয়কে।


যেদিন পড়ল, সেদিন জিজ্ঞেস করল সুরীন, এটি কে?


–পোমিলার ছেলে, যে পোমিলা মরে গেছে।


মনে পড়ল সুরীনের। সিংভূমে কাজ করতে গিয়ে, পটল দিগর নিয়ে এসেছিল প্রমীলাকে। সেও অনেকদিনের কথা। প্রমীলা এসেছিল পটলার সঙ্গে। কিন্তু পটলার সঙ্গে ঘর করতে পারেনি। রূপ ছিল কিনা বোঝা যায়নি, যৌবনটা ছিল দিশেহারা বানের জলের মতো। গতরে অন্তরে তাকে বাঁধ দিতে পারেনি পটলা ; বানের জল, যেদিকে পেরেছে, সেদিকেই গেছে। বারো বছর আগে, নবমদোলে এসে, প্রমীলার ঘরে রাত কাটিয়ে গেছে সুরীন। ছেলেটাকে লক্ষই পড়েনি। এখানে আসার পর, এ গাঁয়ে অভয় জন্মেছে। কার ছেলে, বলা মুশকিল! প্রমীলার গর্ভজাত, একমাত্র সেইটিই সত্য।


তিন বছর আগে চোখে পড়ল। চোখে পড়েনি, কানে শুনল প্রথম অভয়ের গান। আতি গয়লানির উঠোনে দাঁড়িয়ে গান ধরেছে অভয়।



তুমি আমার গাঁয়ের শ্যামরায়

তোমার কথা কেমনে ভোলা যায়।


গানের কথাবাতা তেমন পাকা নয়, কেমন যেন আপনি আপনি বানানো। সুরীন বলল, বাঃ, বেশ গলাখানি তো। আতি গয়লানির যেন ভয় হয় অভয়ের গলা শুনলে। অভয় গাইছে।


যদি পাপ করে থাকো কেউ,

একবার শ্যামরায়ের কাছে যেয়ো।

তানারে না বলে কভু পার নাহি পাওয়া যায়।


এ সব অভয় নাকি নিজেই তৈরি করে গায়। সব সময় ছাঁদ ছন্দ মিল থাকে না। কিন্তু গলার এবং গাওয়ার ভঙ্গির গুণ বড় মিষ্টি লাগে। কিন্তু গানের সঙ্গে মানুষটির মিল নেই।


বয়স নাকি কুড়ি। কিন্তু অমন বিশাল চেহারার পুরুষ বোধহয় গাঁয়ে আর একটিও নেই। রংটি কালো, চোখ দুটি টানা টানা। মাথার চুলগুলি কদম ছাঁট। চলতে ফিরতে গায়ের পেশি ঢেউ দিয়ে ওঠে। যেন কালো গাঙে ঢেউ লেগেছে। চাউনিটি কেমন যেন খ্যাপা খ্যাপা, রাগত ভাব। চোখ দেখলে অন্তরের ভাবটুকু আন্দাজ করা যায়।



সুরীন বলল, এটি কে?


পোমিলার ছেলে।


কী করে?


কী আবার করবে। বারো সাঙার ছেলে, কেউ কারুর নয়। কখনও হাল চষে, হাঁপর টানে কখনও কামারের ঘরে।


সুরীন তাকিয়ে রইল অভয়ের দিকে। ভাল লাগল ছেলেটিকে। মুগ্ধ বিস্ময়ে দেখল কুড়ি বছরের একটি বেজন্মা পুরুষকে। আর মনে পড়ে গেল তার শহরে, মালিপাড়ায় তার প্রতিবেশিনী শৈলীর কথা। প্রৌঢ়া শৈলী, আর তার মেয়ে নিমির কথা।


.


শ্যামরায়ের মন্দিরের কাছেও ভিড় কিছু কমে নেই। তবে অধিকাংশই মুনকে তুবড়ির তল্লাটেই ঠেলাঠেলি মারামারি করছে। আসবে যখন, গোরুর পালের মতো দল বেঁধে আসবে যাত্রার আসরে। সবাই এলে বাতি জ্বালার আয়োজন হবে। আসর এখনও অন্ধকার। সেই অন্ধকারেই। অনেকে বসে গেছে।



সুরীন দাঁড়াল শ্যামরায়ের মন্দিরের সামনে। সুরীনের ইতি উতি তাকানো ভাবসাব দেখে, জগা আর মদন নাক তুলে গন্ধ শুকল বাতাসে।


জগা বলল, বড় জবর বাস ছেড়েছে সুরীনদা।


মদন বলল, হ্যাঁ। মনে ল্যায়, দিঘির ওপার থেকে আসছে।


সুরীন সে কথার কোনও জবাব না দিয়ে মন্দিরের সিঁড়ি দিয়ে উঠে গেল উপরে। মন্দিরের দাওয়ায় তখনও মেয়েদের ভিড় রয়েছে। গোটা দাওয়ায়, মন্দিরের ভিতরে, পিতল-বিগ্রহের সর্বাঙ্গে আবিরের ছড়াছড়ি।


মদন আর জগা তীর্থের কাকের মতো তাকাল দিঘির ওপারের অন্ধকারে। বড় বড় গাছে

**********
No Review
Related Books
Loading books…