Home
সৈকত রহস্য

সৈকত রহস্য

অভিরূপ সরকার

সৈকত রহস্য

অভিরূপ সরকার
detective

Change color

ছোটন-কে

.মুখবন্ধ

ভাবতাম, যা দেখেছি, তাই নিয়ে লিখব। অনেকটা স্মৃতিচারণ, অন্যদের কাছে না হলেও, নিজের কাছে। আজকাল পুরোনো ছবিগুলো মনে করে আরাম পাই। পুরোনো বাড়ি, পুরোনো ট্র্যাম-বাস, শহর, রাস্তা। এসব ছবি বড় বড় মানুষরা তাঁদের আত্মজীবনীর মধ্যে ধরে রাখেন, আমার সে সুযোগ নেই। আমি আত্মজীবনী লিখলে লোকে পড়বে কেন?

শেষে একটা মতলব করলাম। মনে হল, একটা থ্রিলার বা হু-ডান-ইট-এর মোড়কে যদি আমার দেখা শহর-মফসসল-চরিত্রগুলোকে পরিবেশন করা যায়, তাহলে হয়তো দু-চারজন পড়লেও পড়ে ফেলতে পারে। এর জন্যে অবশ্য গোয়েন্দা গল্পের টানটা থাকতে হবে। আসল উদ্দেশ্য, যে পরিবেশে গল্পটা তৈরি হচ্ছে, সেই পরিবেশটাকে পাঠকের কাছে পৌঁছে দেওয়া। তবে গল্পটাকে অবহেলা করলে মোটেই চলবে না।

এই হল আমার ডিটেকটিভ গল্প লেখার ইতিহাস। এই নিয়ে পাঁচটা গোয়েন্দা উপন্যাস লিখলাম। আগের উপন্যাসগুলোর মতো বর্তমান উপন্যাসটাও প্রকাশ করে দীপ প্রকাশনের কর্ণধার শংকর মণ্ডল আমার কৃতজ্ঞতাভাজন হলেন।

প্রাথমিক একটা খসড়া পড়ে সুপরামর্শ দিয়েছেন অগ্নিরূপ সরকার, পরন্তপ বসু, পার্থ রায়, মহুয়া সেনগুপ্ত, শ্রীজিৎ মল্লিক, সর্বজিৎ সেনগুপ্ত, সুপ্রিয় সেনগুপ্ত এবং সৌম্যেন্দ্র সিকদার। এঁদের প্রতি আমার ঋণ স্বীকার করছি।

অভিরূপ সরকার


প্রথম পরিচ্ছেদ


(১)


‘আমার স্বামী গত ৩ জানুয়ারি মারা গেছেন।’ মেয়েটি বলল।


তারপর একটু থেমে বলল, ‘খুন হয়েছেন।’ বলতে গিয়ে মেয়েটির গলাটা একটু কেঁপে গেল।


আরও একটু থেমে সে বলল, ‘আমি খুব বিপদের মধ্যে আছি।’


আদিত্য মেয়েটির দিকে সরাসরি তাকাল। এই নিয়ে বোধহয় তিন-চার বার। মেয়েটির বয়েস তিরিশের কম তো হবেই, সম্ভবত পঁচিশেরও কম। বেশ ফরসা রঙ। এত ফরসা রঙ বাঙালিদের মধ্যে সচরাচর দেখা যায় না। ছোটখাটো, ছিপছিপে শরীরের ওপর দৃষ্টি-নন্দন মুখ। একটু বেশি তীক্ষ্ন একটা নাক, বিষণ্ণ, রহস্যময় একজোড়া চোখকে সঙ্গ দিচ্ছে। চোখের নীচে গভীর কালি। ওষ্ঠের ঠিক ওপরে যে ছোট তিলটা রয়েছে সেটার কারণে মুখমণ্ডলে কিছু অপ্রত্যাশিত চটুলতা। মেয়েটি কথা না বললে আদিত্য তাকে অবাঙালি ভাবত।


কেয়া চায়ের ট্রে নিয়ে ঘরে ঢুকেছে। ‘একটু মিষ্টি খাও।’ টেবিলে মিষ্টির প্লেট নামিয়ে রাখতে রাখতে কেয়া বলল। আদিত্য ট্রে থেকে তার চায়ের কাপটা তুলে নিল।


‘আমি কিছু খেতে পারব না দিদি। প্লিজ। সকালে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়েছি। শুধু একটু চা খাব।’ মেয়েটির গলায় কাকুতি।


‘একটা সন্দেশ খাও অন্তত। তোমাকে কিচ্ছু না খাওয়ালে আমার বন্ধু আমার ওপর খুব রেগে যাবে।’ কেয়া আন্তরিকভাবেই বলল।


আদিত্য ভাবছিল, কেয়া ঘরে ছিল না বলে শুনতে পায়নি, এই মেয়েটির স্বামী কিছুদিন আগে মারা গেছে। খুন হয়েছে। শুনতে পেলে নিশ্চয় জোর করত না। কিন্তু মেয়েটির স্বামীর কথাটা কেয়াকে কী করে জানানো যায়? আদিত্য উদাস হয়ে চায়ের কাপে চুমুক দিল।


একটু পরে কেয়ার প্রবল পেড়াপেড়িতে মেয়েটি যখন অনিচ্ছাসত্ত্বেও প্লেট থেকে একটা সন্দেশ তুলে নিয়ে হাতে ধরে বসে আছে আর কেয়া, একটা ফোন এসেছে বলে, পাশের ঘরে গিয়ে কথা বলছে, আদিত্য নিচু গলায় জিজ্ঞেস করল, ‘আপনার নামটা কিন্তু এখনও জানা হল না।’


‘আমার নাম অনিতা, অনিতা শর্মা চৌধুরি।’


‘তার মানে বিয়ের আগে আপনার পদবি ছিল শর্মা। আপনারা কি বাঙালি?’


প্রশ্নটা শুনে মেয়েটি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আদিত্যর দিকে পূর্ণদৃষ্টিতে তাকিয়ে বলল, ‘আপনি ঠিকই আন্দাজ করেছেন। আমরা বাঙালি নই, হিমাচল প্রদেশের বাসিন্দা। তবে অনেক দিন বাংলায় আছি। আমার ঠাকুরদাদা রেলে চাকরি নিয়ে বাংলায় এসেছিলেন। পরে চাকরি ছেড়ে ব্যবসা শুরু করেন। রেল কোম্পানিকেই নানারকম সাপ্লাই করতেন। থাকতেন কাঁচড়াপাড়ায়। বাবা-কাকারা ওখানেই বড় হয়েছেন। বাবা পরে কলকাতায় চলে আসেন। কাকার সঙ্গে অন্য ব্যবসা শুরু করেন। পরে অবশ্য কাকা অস্ট্রেলিয়া চলে যায়। আমি কলকাতাতেই পড়াশোনা করেছি।’


‘তাই আপনার বাংলা শুনে বোঝা যায় না আপনি বাঙালি নন।’


‘আমার শ্বশুরবাড়ি কিন্তু বাঙালি। তবে…’ অনিতা শর্মা চৌধুরি একটু থেমে বলল, ‘ওরা ব্রাহ্মণ নয়। আর আমার বাপের বাড়ি খাঁটি ব্রাহ্মণ।’


‘এটা নিয়ে কি কোনও সমস্যা ছিল?’ আদিত্য খানিকটা সংকোচের সঙ্গে জিজ্ঞেস করল। তারপর কৈফিয়ত দেবার গলায় বলল, ‘আপনাকে সাহায্য করতে গেলে আমাকে সবটাই তো বুঝতে হবে।’


‘খুবই সমস্যা ছিল। আমার বিয়েটা বাপের বাড়ি থেকে কোনও দিনই মেনে নেয়নি। আমি বাড়ি থেকে পালিয়ে সৈকতকে বিয়ে করেছিলাম। আমার শ্বশুর-শাশুড়ি অবশ্য বিয়ে নিয়ে কোনও আপত্তি করেননি।’


কেয়া ফোন শেষ করে আবার ঘরে ঢুকেছে। মেয়েটির হাতে তখনও সন্দেশ ধরা আছে দেখে বলল, ‘তুমি এখনও খাওনি? তাড়াতাড়ি এই সন্দেশটা খেয়ে নাও। তারপর অন্তত একটা পান্তুয়া খেতেই হবে। পান্তুয়াটা আমাদের পাড়ার দোকানের। একেবারে টাটকা, এখনও গরম আছে।’


‘আমি সত্যিই খেতে পারছি না। সত্যিই পারছি না।’ অনিতা এবার আদিত্যর দিকে তাকিয়ে অসহায় গলায় বলল। যেন আদিত্য তার অসুবিধেটা বুঝতে পারবে।


‘কেয়া, ওঁকে খাবার নিয়ে জোর কোরো না। উনি ভীষণ বিপদের মধ্যে আছেন। ওঁর স্বামী কিছুদিন আগে খুন হয়েছেন। আমার কাছে সেই জন্যেই এসেছেন। ওঁর কথাটা ভাল করে শোনা যাক।’ আদিত্য সুযোগ পেয়ে বলল।


কেয়া খুব অপ্রস্তুত হয়ে গেছে। এতক্ষণে অবস্থার গুরুত্বটা বুঝতে পেরেছে। কেয়ার অপ্রস্তুত মুখটা দেখে অনিতা তাড়াতাড়ি বলল, ‘ না, না। আমি একটা সন্দেশ খেয়ে নিচ্ছি। আপনি এত করে বলছেন।’ যেন সন্দেশ খাওয়াটা তার দায়িত্ব। পরে সন্দেশটা কোনোক্রমে গলাধঃকরণ করে সে কয়েক চুমুকে জলের গেলাসটা খালি করে দিল। আদিত্যর সন্দেহ হল তার গলায় সন্দেশ আটকে গেছে।


অনিতা শর্মা চৌধুরি কিন্তু কেয়ার রেফারেন্সেই আদিত্যর সঙ্গে দেখা করতে এসেছে। কেয়ার কলিগ শাশ্বতী শাসমল অনিতাদের পাশের ফ্ল্যাটে থাকে। শাশ্বতী কেয়াকে বলেছে অনিতা তার ছোট বোনের মতো, সম্প্রতি ভীষণ বিপদে পড়েছে, কেয়ার স্বামী আদিত্য যদি অনিতাকে একটু সাহায্য করতে পারে, খুব ভাল হয়। এর বেশি আর কিছু শাশ্বতী কেয়াকে বলেনি। তাই কেয়া জানে না অনিতার বিপদটা ঠিক কী।


‘আপনি আপনার বিয়ের কথা বলছিলেন। আপনি বললেন, আপনাদের বিয়েটা আপনার বাপের বাড়ি মেনে নেয়নি, কিন্তু আপনার শ্বশুর-শাশুড়ি মেনে নিয়েছিলেন।’ আদিত্য খেই ধরিয়ে দিল।


‘হ্যাঁ। আমাদের পরিবার খুব গোঁড়া। আমাদের কমিউনিটির মধ্যেই আমার বিয়ে ঠিক করা হয়েছিল। আমি কমিউনিটির বাইরে বিয়ে করব এটা কেউ মেনে নিতে পারেনি। তার ওপর আবার সৈকতরা ব্রাহ্মণও নয়।’


‘আপনার স্বামী খুন হয়েছে বললেন। আপনার সমস্যাটা কি আপনার স্বামীর মৃত্যু সংক্রান্ত?’


‘হ্যাঁ। একেবারেই তাই। তবে সমস্যাটা বোঝাতে গেলে একেবারে গোড়া থেকে শুরু করতে পারলে ভাল হয়। একটু সময় লাগবে। আমাকে একটু সময় দেবেন?’ অনিতা খুব কুণ্ঠিতভাবে বলল।


‘আপনি যত খুশি সময় নিন। কোনও তাড়া নেই।’ আদিত্য দরাজ গলায় বলল। তার খুব সিগারেট ধরাতে ইচ্ছে করছে। কিন্তু কেয়ার সামনে সে সিগারেট ধরাতে সাহস পেল না।


মাঘ মাসের আলগা রোদ্দুর পুবদিকের জানলা খোলা পেয়ে ঘরে ঢুকে পড়েছে। তবে খুব বেশি দূর এগোতে পারেনি। আদিত্যর পড়ার টেবিলের পায়ের কাছে একটা হলুদ চতুষ্কোণ রচনা করে থেমে রয়েছে। রবিবার। শিগগিরই এগারোটা বাজবে। কেয়া তার চায়ের কাপটা তুলে নিয়ে আদিত্যর পাশে একটা মোড়ায় বসে পড়ল।


‘আমার স্বামী সৈকত চৌধুরি ছিল পেশায় সিভিল ইঞ্জিনিয়ার।’ অনিতা বলতে শুরু করল। ‘যাদবপুর থেকে পাশ করেছিল। আমার কলেজের বন্ধু শুক্তি সৈকতের মাস্তুতো বোন। শুক্তির বাড়িতেই সৈকতের সঙ্গে আলাপ। আমি তখন সিটি কলেজে হিস্ট্রি পড়ি। থার্ড ইয়ার। সৈকত খুব ভাল ক্রিকেট খেলত। ইউনিভার্সিটির ক্যাপ্টেন ছিল। টল-ডার্ক-হ্যান্ডসাম। ভীষণ জোভিয়াল। এক মুহূর্তে মানুষকে আপন করে নিতে পারে। আমার সঙ্গে যখন আলাপ হয় তখন ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরিয়ে গেছে, তবে খেলা ছাড়েনি। রাজস্থান ক্লাবে খেলে। আমাকে বলল, সামনের রবিবার ইডেনে আমার খেলা আছে। শুক্তির সঙ্গে তুমিও দেখতে এসো। আমার বয়েস তখন সবে একুশ। সৈকতকে প্রথমবার দেখেই আমি একেবারে হেড ওভার হিলস।’ বলতে বলতে অনিতা শর্মা চৌধুরি লজ্জা পেয়ে থেমে গেল। আদিত্যর মনে হল, সে তার স্বামীর সঙ্গে প্রথম আলাপের স্মৃতিটা উপভোগ করছে।


‘তারপর? তারপর কী হল?’ কেয়া সাগ্রহে জিজ্ঞেস করল। সে অনিতার গল্পে বেশ রস পেয়ে গেছে।


‘পরের রবিবার শুক্তির সঙ্গে ইডেনে খেলা দেখতে গেলাম। সৈকত সেদিন সেঞ্চুরি করে দলকে জেতাল। যতদূর মনে পড়ছে, খেলাটা ছিল কালীঘাটের এগেন্সটে। লিমিটেড ওভার ম্যাচ। খেলার শেষে সৈকত আমাদের নিয়ে পার্ক স্ট্রিটে গেল। আমাকে বলল, আজকের সেঞ্চুরিটা তোমাকে ডেডিকেট করলাম। আমরা ফ্লুরিজে চা-পেস্ট্রি খেলাম। অনেকক্ষণ বসলাম। বাড়ি ফিরতে দেরি হয়ে গেল। কেন দেরি হয়েছে বলতে গিয়ে বাবা-মাকে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলতে হল। এর আট মাস পরে আমি বাড়ি থেকে পালিয়ে গিয়ে সৈকতকে বিয়ে করি।’


‘আপনার স্বামী তখন কী করতেন?’ আদিত্য জিজ্ঞেস করল।


সৈকত কোনও দিনই চাকরি করতে চায়নি। ও ওর ফ্রিডমটা খুব ভ্যালু করত। কারও গোলামি করা ওর ধাতে ছিল না। তাই পাশ করার পরে ও ওর এক বন্ধুর সঙ্গে পার্টনারশিপে একটা ইঞ্জিনিয়ারিং ফার্ম শুরু করেছিল। আমাদের যখন বিয়ে হয় তখন ফার্মটা বেশ দাঁড়িয়ে গেছে। তবে সৈকত ব্যবসাটার দিকটা কোনও দিনই তেমন বুঝত না। ও ভাল ইঞ্জিনিয়ার ছিল, কিন্তু ব্যবসার ব্যাপারটা পুরোপুরি ওর পার্টনার মণিময় গুপ্তর ওপর ছেড়ে দিয়েছিল। সেই সুযোগে ওর পার্টনার মণিময় গুপ্ত ওকে ঠকায়।’


‘এই ব্যবসার ব্যাপারটা আর একটু ভাল করে বলবেন?’ আদিত্য একটা খাতায় নোট নিচ্ছিল।


‘হ্যাঁ, হ্যাঁ। ওটা তো বলতেই হবে। সৈকতের মৃত্যুর সঙ্গে ওর ব্যবসার একটা সম্পর্ক থাকতেই পারে। তবে ওটা একটু পরে বলছি। তার আগে আমাদের বিয়ের ব্যাপারটা বলে নিই।’


‘ঠিক। ঠিক। আপনি আপনার মতো করে বলুন।’ আদিত্য খাতা থেকে মুখ তুলে বলল।


‘বিয়ের মাস দুয়েক আগে আমি বাড়িতে সৈকতের কথা জানালাম। সঙ্গে সঙ্গে আমার ওপর প্রচণ্ড অত্যাচার শুরু হল। বাবা, মা, দাদা, বউদি সকলেই আমার ওপর চাপ দিতে লাগল। বলতে লাগল, সৈকতের সঙ্গে সম্পর্কটা ভেঙে দিতে হবে। আমাকে আমার ঘরে আটকে রাখা হল। বাড়ির বাইরে এক পা বেরোবার হুকুম নেই। আমার এক মাসি, হিমাচল প্রদেশের হামিরপুরে থাকে, আমার জন্যে সেখানে একটা সম্বন্ধ দেখে রেখেছিল। এবার যত তাড়াতাড়ি সম্ভব সেই ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়ে দেবার তোড়জোড় শুরু হয়ে গেল। বাড়িতে আমার একমাত্র বন্ধু ছিল আমার ছোট ভাই জয়। জয় আমাকে সৈকতের সঙ্গে যোগাযোগ রাখতে সাহায্য করত। ও তখন টুয়েলভ-এ পড়ে। তারপর একদিন আমি জয়ের সাহায্যে বাড়ি থেকে পালালাম। বাড়ির বাইরে একটু দূরেই সৈকত অপেক্ষা করছিল। সৈকত আমাকে শুক্তিদের বাড়িতে নিয়ে গেল। এর দুদিন পরে, ক্রিক রোতে একজন ম্যারেজ রেজিস্ট্রারের অফিসে আমাদের বিয়ে হয়।’


‘তোমার বাড়িতে ব্যাপারটা কবে জানাজানি হল?’ কেয়া জিজ্ঞেস করল।


‘আমি বাড়ি থেকে পালিয়ে গেছি দেখে এফ আই আর করা হয়েছিল। তবে জয়কে কেউ সন্দেহ করেনি। নাহলে তার ওপরেও খুব অত্যাচার করা হত। যাই হোক, আমার বিয়ের তিন-চার দিন পরে বাড়িতে পুলিশ এসে হাজির। বাড়িতে মানে সৈকতদের বাড়িতে। আমি তখন ওখানে থাকতে শুরু করেছি। আমি পুলিশকে আমার বার্থ সার্টিফিকেট দেখালাম, আধার কার্ড দেখালাম। বুদ্ধি করে ওগুলো সঙ্গে এনেছিলাম। ম্যারেজ সার্টিফিকেটটাও পুলিশকে দেখালাম। পুলিশ যখন দেখল আমি সাবালিকা, নিজ

**********
No Review
Related Books
Loading books…