
হাটগামারিয়ার আয়না
বুদ্ধদেব গুহ
বাসটা ধুলো উড়িয়ে চলে গেল।
ওরা তিন জনে বাস থেকে নামল। সঙ্গে আরও জনাচারেক স্থানীয় লোক। ফিরতে করতে এগারোটা হল। ওরা সাতসকালে উঠে শালবনীতে গেছিল কালুর ভগ্নিপোতের সঙ্গে দেখা করতে। কাজুবাদামের বাগান আছে তাঁর।
স্থানীয় মানুষেরা হাইওয়ে থেকে বেরোনো একটি পায়েচলা পথে এগিয়ে গেল বাস থেকে নেমে ঝাঁটি জঙ্গলের মধ্যে দিয়ে, দূরের নদীর কাছের গাছপালার ফাঁকে ফাঁকে দেখা-যাওয়া একটি গ্রামের দিকে।
ওরা একটু অবাকও হল, কারণ, হাটের দিন বলে আশেপাশের দশ গাঁয়ের মানুষে হামলে পড়ে যখন সকালে জড়ো হয়েছে আজ এই হাটগামারিয়াতে তখন গ্রামাঞ্চলের মানুষ হয়েও হাটের এই অপ্রতিরোধ্য আকর্ষণ অপেক্ষা করে ওরা চলে গেল বলে।
মস্ত বড়ো হাট। হাটে নানা জিনিস। সময়টা এপ্রিলের গোড়া, চৈত্র শেষ। ঘাসের ঝাঁটা, ঘাসের মোড়া, ঘাসের কুলো, পেতলের নানা বাসন-কোসন, রুপোর গয়না ইত্যাদি ইত্যাদি। নানারকম খাদ্যসম্ভার তো ছিলই, যেমন সব হাটেই থাকে। টাটকা আনাজ, মুরগি, মুরগির ডিম, চাল-ডাল তেল-নুন-মশলা, তেলেভাজার দোকান, মিষ্টির দোকান, চায়ের দোকান ইত্যাদি ইত্যাদি, যা নইলে কোনো হাটই সম্পূর্ণ হয় না।
পায়ে পায়ে ধুলো উড়ছে। নানা নারী-পুরুষের গন্ধ মিশে গেছে মুরগি, মুরগির ডিম, সরষের তেল, ছাগল-পাঁঠা, খোল এবং জাবর-কাটা বলদের গায়ের গন্ধর সঙ্গে।
ওরা কে কী কিনবে ঠিক করতে পারল না প্রথমে। কিছু যে কিনবেই এমনও কোনো পণ করেনি ধনুকভাঙা। তাই অন্যদের পায়ে পায়ে উদ্দেশ্যহীনভাবে এলোমেলো ঘুরে বেড়াতে লাগল। পেটা স্বাস্থ্য, রোদ-চাঁদে বড়ো হয়ে ওঠা মানুষ-মানুষীর চকচকে শরীরের দিকে চোখ পড়ছিল শহুরে ওদের। বিশেষ করে মেয়েদের দিকে। আঁটোসাটো ছিটের ব্লাউজ পরে, তারা পাখ-সাট দেওয়া যুবতী মুরগির মতো এদিকে-ওদিকে পাক দিচ্ছিল।
মহুয়ার দোকান লেগেছে শালগাছের নীচে। আর তিন দিকে গোল হয়ে বসেছে অনেকে। বড়ো বড়ো শালপাতার দোনায় মহুয়া খাচ্ছে মেয়ে-মরদে। তারপর চুট্টায় টান লাগাচ্ছে পরম সুখের সঙ্গে। এরা বড়ো ভাগ্যবান যে এখনও অকলুষিত পৃথিবীতে বাস করার অধিকার ওরা শহুরেদের মতো নিজেরাই নিজেদের হাতে জ্বণহত্যা করার মতো হত্যা করেনি।
এমন এমন জায়গায় এলে, ওই তিন বন্ধুর মতো জন্ম-শহুরে মানুষেরা আদৌ নিরাপদ বোধ করে না। এ ভয়টা চুরি-ডাকাতি বা ছিনতাইয়ের নয়। ভয়টা আরও অনেক গভীর। অন্যতর ভয়। বুকের অন্তঃস্থলে যে-ভয়টি সকাল থেকে রাত অবধি শহরে জিয়ল মাছের মতো সামান্য পরিসরে ঘুরে-ফিরে বেড়াবার সময়ে তাদের গোচর হয় না, অনুভূত হয় না, তেমন কোনো ভয়। মানুষ হিসেবে তাদের ন্যূনতম প্রার্থনা কী হওয়ার কথা ছিল, আর কী তারা পেয়েছে অথবা আর কীসের তীব্র তাগিদে ভর করে, তারা সকাল থেকে রাত জীবনযুদ্ধে শামিল আছে, সে-সব তাৎপর্যময় প্রসঙ্গ এই খোলা নীল আকাশ, এই হুড়োহুড়ি করা বৈশাখী বাতাস, এই পায়ে-পায়ে ওড়া ধুলো, মনে পড়ায় তাদের শহুরে দিনযাপনের ঘনঘটা যে সত্যিই তুচ্ছ তা এই হঠাৎ অবকাশ তাদের অচিরে শরীর-মনে ন্যাংটো করে দিয়ে বুঝতে শেখায়।
রুপোর গয়নার দোকানের সামনে দাঁড়িয়ে পড়ে যোগেন বলল, আমি ভাই আমার ময়নার জন্যে একজোড়া রুপোর পায়জোড় কিনব। কী সুন্দর সব ডিজাইন দেখেছিস!
কালু বলল, হবেই তো! কাছেই একটি গ্রাম আছে যে। সেখানের পয়রারা ভারী বিখ্যাত।
চিনু বলল, পয়রাটা আবার কী জিনিস?
পয়রা একটি পদবি। স্যাকরাদের পদবি। এ-অঞ্চলের স্যাকরারা খুবই বিখ্যাত। তাদের হাতের কাজের জন্যে। ওড়িশার রুপোর ফিলিগ্রি কাজের কথা শুনেছিস তো? এ তো ওড়িশাই হল। যদিও পশ্চিমবঙ্গের প্রায় লাগোয়া। তাই হয়তো বংশপরম্পরায় এরা স্যাকরা হিসেবে এক ধরনের বৈশিষ্ট্য অর্জন করেছে।
যোগেন বলল, একটা গল্প পড়েছিলাম, পরি পয়রা নামে। কোনো সিনেমা-ম্যাগাজিনে। কার লেখা মনে নেই ঠিক কিন্তু অবশ্যই পড়েছিলাম বলে মনে পড়ছে। পয়রা বাড়ির এক বউকে নিয়ে লেখা। এই অঞ্চলেরই পটভূমিতে।
কালু বলল, তোড়া কিনলে কেন, গয়না ময়না। আমার ময়নাই নেই কোনো, গয়না দেব কাকে? তার চেয়ে আমি দু-গাছা ঝাঁটা কিনি। একটা আমার বউকে দেব। একটা আমার জন্যে রেখে দেব। দু-জনেরই কাজে লাগবে। ঝাঁটার সঙ্গে ঝগড়ার কোনো মিলই যদি না থাকবে তা হলে ঝগড়াঝাঁটি কথাটা এল কী করে বল?
চিনু বলল, তুই যে একেবারে সুনীতি চাটুজ্যে হয়ে গেলি দেখছি। ফাইলোলজিস্ট।
কালু বলল, ফাইললালজিস্ট নয়, শব্দটা ফিললজিস্ট। ইংরেজি বলার দরকারই বা কী? ভাষাতত্ত্ববিদ বললেই তো হয়।
তারপর বলল, আমি আমার মায়ের জন্যে একটা পেতলের ঘটি কিনব। মা এখনও রোজ সকালে গঙ্গাস্নানে যান।
বলিস কী রে! এই বয়সেও মাসিমা প্রত্যেক দিন গঙ্গায় চানে যান? কীসে যান? রিকশায়?
ভবানীপুরের বলরাম বসু ঘাট রোড থেকে গঙ্গা আর কত দূর। হেঁটেই যান।
ওই টালির নালা কি গঙ্গা? ওখানে মাসিমা প্রতিদিন চান করেন? ওই তরল গরলে ডুব দিয়েও এতদিন যে বেঁচে আছেন, এটাই তো পরম আশ্চর্যের কথা!
কালু বলল, দ্যাখ দ্যাখ, কী সুন্দর আয়না নিয়ে বসেছে?
চিনু বলল, আমি একটা আয়না কিনব। কী সুন্দর পেতলের ফ্রেমে বসানো দেখেছিস! ছোট্ট একটি আয়না মুখের কাছে ধরে দাড়ি কামাই। আর ঠোঁটের নীচে গলার কাছে প্রতিদিনই কেটে যায়। আমি ভাই একটি আয়না কিনবই।
যোগেন বলল, ভয় দেখাচ্ছিস কেন? কিনলে কেন না! হাটে এসেছিস, যা ইচ্ছে তাই কেন। অত এক্সপ্ল্যানেশনের দরকার কী? সঙ্গে তো আর তোর মাস্টারনি বউ নেই।
চিনু বলল, তুই কি রোজই আয়নায় মুখ দেখিস?
হঠাৎ এ প্রশ্ন?
আয়নায় কে না দেখে মুখ?
যোগেন বলল।
কালু বলল, সকলেই মনে করে যে, দ্যাখে। কিন্তু নিজের নিজের মুখ কি সকলেই দেখে আয়নায়? কেউ আয়নার সামনে দাঁড়িয়ে দাড়ি কাটে, কেউ লিপস্টিক মাখে, কেউ চানঘরে গান গাইতে গাইতে নিজের মুখে সাবান মাখে। কিন্তু তবু, নিজের মুখ কি সত্যিই কেউ দ্যাখে?
চিনু বলল, ওই হল্লো! আরম্ভ হল ফিলসফাইজিং। থাম তো। একটু বেড়াতে এসেও এনজয় করতে দিবি না।
সকলেই চান করে উঠেছে। থ্রি-এক্স রাম-এর বোতল বের করেছে যোগেন। টেবিলের ওপরে জলের জাগ। গেলাস, কলকাতা থেকে আনা গুজরাটি ডালমুটের প্যাকেট সাজিয়ে মিনি-বার লাগিয়ে দিয়েছে চিনু। ওদের গুছিয়ে বসিয়ে দিয়ে চৌকিদার টাকা নিয়ে গেছে রাতের খাবারের জন্যে।
এ বাংলোতে খাওয়া-দাওয়ার বন্দোবস্ত নেই। বাজারে গিয়ে খেতে হয়। বাজার অবশ্য দূরে নয়। তবে ওরা সাব্যস্ত করেছে যে এখানেই বিলাসিতা করে খাবে। বাজার থেকে চৌকিদারের ছেলে খাবার নিয়ে এলে, চৌকিদার খাবার ভালো করে গরমও করে দেবে, এমনই কথা হয়েছে।
বাংরিপোসির বাংলোর বারান্দাতে ওরা তিনবন্ধু বসেছিল।
সামনেই একটা মস্ত বড়ো গাছ। গাছ না বলে মহিরুহই বলা ভালো। ঠাকুমার মতো ছায়ার আড়াল দিয়ে পুরো বাংলোটিকে স্নিগ্ধ স্নেহে আগলে রেখেছে যেন।
এখন রাত আটটা হবে। চাঁদের আলো ঝিকমিক করছে বৈশাখী বাতাসে আন্দোলিত হওয়া মহিরুহর পাতায় পাতায়। বাংলোর পেছনেই অনেকখানি টাঁড় জমি। পিচের পথটি ডানদিকে চলে গেছে ঘাটি পেরিয়ে বিসোই হয়ে, সিমলিপালের গেটওয়ে যোশীপুরে। অথবা সোজা গেলে রাইরাংপুরে।
যোগেনই ওদের নেতা। সাম্প্রতিক অতীতে বাংরিপোসির দু-রাত্তির উপন্যাসটি পড়ে এবং বন্ধুদের পড়িয়ে, তারা এই বাংরিপোসিতেই আসা মনস্থির করেছিল ফিনানসিয়াল ইয়ার। এন্ডিংয়ের পরেই। ওরা তিনজনেই সেলস-ট্যাক্সে কাজ করে। শনি-রবির সঙ্গে শুক্র-সোম ছুটি নিয়ে একসঙ্গে চারদিন ছুটি করেছে। করে, তিনবন্ধু কলকাতা থেকে বারিপাদার বাসে চড়ে বাংরিপোসিতে এসে নেমেছিল কাল দুপুরে। রাতটা ভালোই কেটেছে। সকালে বুড়িবালাম নদী দেখতে গেছিল। নদীর পাশ দিয়ে একটি পথ চলে গেছে সিমলিপালের দিকে। এদিক থেকে। গেলে সিমলিপাল অভয়ারণ্যের একটি বনবাংলো সবচেয়ে কাছে পড়ে। তার নাম লুলুং।
রাম খেয়ে যোগেনের ভাব এসেছিল, বলল, চিনু, একটা গান গা দেখি। বহুদিন তোর গান শুনিনি।
চিনু বলল, চুপ করে একটু চাঁদের আলো দ্যাখ।
কলকাতাতে তো কখন পূর্ণিমা আসে, আর কখন যায় তা বোঝা পর্যন্ত যায় না। কথা না বলে, একটু প্রকৃতিকে অনুভব কর।
কালু বলল, চিনুকে কাব্যি রোগে ধরেছে র্যা।
হুঁ! গান যেন আর কাব্যি রোগ নয়! গান বলতে তো তুই বুঝিস শুধুমাত্র তোর ওই ন্যাকা সংগীত।
ন্যাকা সংগীত মানে?
ওই তো রে। রবীন্দ্রসংগীত।
হ্যাঁ রে হাঁদা। বাঙালি যতদিন বাঁচবে, ওই রবীন্দ্রনাথ ছাড়া তোর তার গতি নেই। শোকের সময়ে, আনন্দের সময়ে, বিরহের সময়ে, প্রেমের সময়ে, বর্ষাতে, বসন্তে রবীন্দ্রনাথকে না মনে করে বাঙালির কি কোনো উপায় আছে? হস্তিমূর্খরা আর ইতর ধান্দাবাজেরা যে যাই বলুক না কেন! রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ। ধ্রুবতারার মতো। শেক্সপিয়র, টলস্টয়ের মতো। তোদের আজকালকার। চ্যাং-ব্যাংকাগা-বগা কবি-সাহিত্যিকেরা রবীন্দ্রনাথের পায়ের নখের যুগ্যিও নয়!
এই! এই! আরম্ভ করলি তো! এর পরেই তোর সম্পাদকের কথা তুলবি। তারপরেই বুদ্ধদেব গুহর শ্রাদ্ধ করবি। কবি আছিস, কবি থাক। তোর সম্পাদককে মেয়ে আর মদ সাপ্লাই করে যা, তুইও একদিন অনেক প্রাইজ-টাইজ পাবি। আমি শালা পেচ্ছাপ করে দিই তাদের এসব…
অ্যাই! হচ্ছেটা কী? মাইন্ড ইওর ল্যাঙ্গোয়েজ।
যোগেন বলল।
তোর ওই সাহিত্যের কচকচানি এখানেও শুরু করিস না, প্লিজ মাইরি। ক্ষ্যামা দে। উই আর নট দ্য লিস্ট ইন্টারেস্টেড।
চিনুর বাঁ পকেটে মানি ব্যাগের মধ্যে পাঁচটা পাঁচ-শো টাকার নোট ছিল। গোটা পাঁচেক এক-শো টাকার নোট, আর দশটাকা-পাঁচ টাকা নিয়ে আরও শ-দুয়েক টাকা।
এই গল্পগাছার মধ্যে মধ্যেই ডান হাতের সিগারেটে টান দিতে দিতে চিনু মাঝে মাঝেই বাঁ পকেটে হাত ঢুকিয়ে, মানি ব্যাগের মধ্যে আঙুল চালিয়ে, সেই পাঁচশো টাকার মসৃণ নোটগুলোকে খুঁচ্ছিল। ওগুলোতে আঙুল ছুঁইয়ে, পাকা ফোঁড়ার ওপরে আঙুল ছুঁইয়ে সুড়সুড়ি দিলে যেমন সুড়সুড়ি লাগে, ওর সেরকমই একধরনের সুড়সুড়ি লাগছিল।
গত বুধবারই বিঠলভাই অ্যান্ড কোম্পানির রেজিস্ট্রেশনটা করিয়ে দিয়ে, ঘুষ নিয়েছিল পাঁচ হাজার টাকা। ঘুষ নয়, যাকে বলে স্পিড মানি। ঘুষ-টুস, ঘুষ-ঘাষ এসব শব্দ আজকাল তামাদি হয়ে গেছে। এসব নিয়ে কোনো অপরাধবোধও আজ কারোই নেই. বালখিল্যদের জ্ঞান, যে-জ্ঞানে পূর্বপুরুষেরা অনেক মুখামির শিকার হয়েছিলেন, সেইসব জ্ঞান ওরা পুরোপুরি বর্জন করেছে। বিবেক নামক একটি শব্দ যা অভিধানে অনেক দিনই শোভা পেয়েছে তার মেয়াদ ফুরিয়ে গেছে, সে শব্দকে মুছে দিয়েছে ওরা। ছারপোকা কামড়ালেও কামড়ায়, কিন্তু বিবেক আর কাউকেই কামড়ায় না আজকাল। মাইনে যা পায়, তার দশগুণ ঘুষ-ঘাষ পায় মাসে। কিন্তু সমস্যা হয়, এই টাকাটা হজম করায়।
চামেলি একটু অন্য ধরনের মেয়ে। সে সকাল-সন্ধ্যা পুজো করে। কী মন্ত্র বলে সে নিজেই জানে! কিন্তু বলে, দ্যাখো, আমার বেশি টাকা একদমই চাই না। তুমি সৎ পথে থেকো, রিন্টি-সিন্টি। মানুষ হয়ে সুখী হবে জীবনে। বাবা সাঁইরামের দয়া থাকলে সবই হয়। অন্যায় পথে উপার্জন করা কোনোদিনও কোনো মানুষকে সুখ দিতে পারে না।
যোগেন এসব শোনে, আর মনে মনে হাসে এই অন্তঃপুরচারিণীর ভাবনাচিন্তার কথা ভেবে। সংসারে সে এমন কিছু টাকা দেয় না যে, টাকার গন্ধ চামেলি অথবা অন্য কোনো আত্মীয়স্বজন অথবা প্রতিবেশীদের নাকে যেতে পারে। নাকে গেলেই তারা বুঝতে পারবে যে, যোগেন কিছু লন্দ-ফন্দ করছে।
দ্বিতীয়ত, তার হাতে টাকা আছে জানলে, গাদা-গুচ্ছের আত্মীয়স্বজন বন্ধু-বান্ধব হামলে পড়বে তাদের দেখানো ভালোবাসা আর বানানো প