Home
বোঁদেদা

বোঁদেদা

বুদ্ধদেব গুহ

বোঁদেদা

বুদ্ধদেব গুহ
short story

Posted byবেলা 07-May-2025

Change color

বোঁদেদার সঙ্গে প্রথম দিন দেখা হওয়ার কথাটি পরিষ্কার মনে আছে। বোঁদেদাকে একবার যিনি দেখেছেন তাঁর পক্ষে কখনোই ওঁকে ভোলা সম্ভব নয়। অবশ্য তাঁর সার্কেলও ছিল বিরাট। কলকাতা তো বটেই, ভারতবর্ষের এবং বিদেশেরও সব জায়গাতেই তাঁর জানাশোনা মানুষের কমতি ছিল না।

আলিপুরের উডল্যাণ্ডস এস্টেটে একটি বহুজাতীয় সংস্থার ডিরেক্টরের ফ্ল্যাটে পার্টি। উডল্যাণ্ডস নার্সিং হোমের উলটোদিকে। অফিসে অনেক ঝামেলা ছিল তাই যেতে দেরি হয়ে গেছিল। পৌঁছে দেখি পার্টি বেশ জমে উঠেছে। বারান্দায় বেতের চেয়ারে বসে লনের শোভা দেখতে দেখতে প্রিমিয়াস স্কচ-এর গ্লাসে সবে প্রথম চুমুক দিয়েছি, ঠিক এমন সময় একজন লম্বা-চওড়া ভুঁড়িঅলা ভদ্রলোক এগিয়ে এলেন আমার দিকে।

ভদ্রলোককে আগে দেখিনি। তবে মুখ দেখে মনে হল বেশ তূরীয় অবস্থায় আছেন। উনি এসেই সম্পূর্ণ অপরিচিত আমাকে বললেন, বোকাটা! বসে বসে কেউ মাল খায়?



অতজন সুন্দরী মহিলার সামনে সম্পূর্ণ অপরিচিত কেউ হঠাৎ বোকা বললে বুদ্ধিমানেরও খারাপ লাগার কথা। তবে ভদ্রলোক যে মানুষ ভালো সেকথা তাঁর মুখেই লেখা ছিল।


আমি আমতা আমতা করতেই উনি বললেন, হ্যাঁ রে। সায়েবরা কী বলেচে জানিস না?


—কী?


আমি এবারে যথার্থ বোকারই মতো বললাম।


বোঁদেদা বললেন, সায়েবরা বলেচে, ‘হাউ মেনি ড্রিঙ্কস ক্যান ইউ স্ট্যাণ্ড?’ তাঁরা কি একথাও বলেছিল ‘হাউ মেনি ড্রিঙ্কস ক্যান ইউ সিট?’


আমি হেসে ফেললাম ওঁর কথায়।


তারপরই কে যেন ওঁকে ডাকলেন ড্রইংরুমের ভেতর থেকে। উনি চলে গেলেন। এবং উনি চলে যেতেই হোস্ট কুটুদা আমার কাছে তাড়াতাড়ি এসে বললেন, আপসেট হওনি তো জিবু?



হেসে বললাম আপসেট হব কেন? চমৎকার রসিক মানুষ। খুব ইন্টারেস্টিংও।


ইতিমধ্যেই আবার ওঁকে আমারই দিকে ফিরে আসতে দেখা গেল। রায় সাহেব বললেন, এই যে বোঁদেদা, তোমার কথাই হচ্ছিল। আলাপ আছে?


—নেই কিন্তু হতে কতক্ষণ?


—এ হচ্ছে পুরোনো বন্ধু আমার। লেখে।


—লেকে? কী লেকে? জাবেদা না প্রেমপত্র?


আমরা দু-জনেই হেসে উঠলাম ওঁর কথাতে। এবং কথা বলার ধরনেও।


—বলতে পারো দুই-ই। পেশাতে ও ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট কিন্তু নেশাতে লেখক।


—ডেঞ্জারাস কম্বিনেশন।



মন্তব্য করলেন, বোঁদেদা।


বলেই বললেন, নামটা তো বললে না হে।


—ওর নাম জীবনানন্দ।


—ও তাই বলো। জীবনানন্দ দাশ তো।


অস্বস্তি এবং বিড়ম্বনায় আমার কান লাল হয়ে উঠল।


একজন মহিলা প্রতিবাদের গলায় বলে উঠলেন, সাহিত্যর কত খবরই আপনি রাখেন বোঁদেদা! জীবনানন্দ দাশ তো অনেক দিনই গত হয়েছেন।


আরে ওই হল! পোয়েটরা আসলে কোনোদিনই গত হন না। তাঁরা হচ্চেন গিয়ে ইমমরটাল। সব পোয়েটই। কবিতা সম্বন্ধে আমারও একসময় একটু উইকনেস ছিল। বুয়েচিস বোকা। আমিও একসময় কিছু লেকালেকি করেচিলাম।



—কবিতা? আপনি?


ভদ্রমহিলা, মিসেস সুন্টু সেন, চোখ কপালে তুলে জিজ্ঞেস করলেন।


—ইয়েস ম্যাম, আমি। এই বোঁদে বাঁড়ুজ্যে। কেন? বিশ্বেস হচ্ছে না? অবশ্য হোল লাইফে মাত্র দুটোই লিকেছিলাম। মানে কবিতা।


বললাম, মাত্র দুটোই যখন লিখেছিলেন তখন মনে নিশ্চয়ই আছে।


—বিলক্ষণ!


—তবে শোনানই নাহয়।


—শোন তবে বোকাটা! তোকে তুইতোকারি কচ্চি বলে চটিসনি তো? বিধান রায়ের মতো আমিও কাউকে আপনি বলতে পারি না। হ্যাঁ যা বলচিলুম, প্রথমটা হচ্ছে গিয়ে—



‘এক ঠোঙা খাবার নিয়ে যায় মতিলাল।


তাই দেখে দূর থেকে মারলে ছোঁ চিল।’


কাছাকাছি যারাই ছিলেন সকলেই তো বোঁদেদার কবিতা শুনে থ।


মিসেস সুন্টু সেন বললেন, এ কীরকম কবিতা হল?


—কেন? তোমাদের আধুনিক কবিতার চেয়ে এই প্রাচীন কবিতা কোনদিক দিয়ে খারাপ? তোমরা তো লিকে ফ্যালো চাঁদমুখ করে—‘প্রিয়তমা, আমার সঙ্গে তোমার দেখা হবে গতকাল।’ আমার কবিতায় মতিলালের ‘ল’-এর সঙ্গে চিলের ‘ল’-এর মিল কি নেই?


—তা আছে। আমি বললাম।


তারপর বললাম, আর দ্বিতীয় কবিতাটি? মাত্র দুটিই যখন লিখেছিলেন, মনে আছে নিশ্চয়ই।



—মনে আর থাকবে না? সেটি অবশ্য ছিল দেশাত্মবোধক কবিতা। কিন্তু আমার স্কুলের বাংলার মাস্টের অশ্লীল বলিয়া বিবেচনা করত আমার কবিদশা অতঃপর নাশ হয়। এখন অবশ্য দেশসেবা এবং অশ্লীলতা প্রায় সিনোনিমাসই হয়ে উঠেচে। কী বলচিস?


—কবিতাটা বলুন।


মিসেস সুন্টু সেন বললেন।


—তখন ছিয়াত্তরের মন্বন্তর বুয়েচিস। কলকাতার ফুটপাথে ফুটপাথে মানুষ মরে পড়ে আছে। তা দেখে আমার শিশুবুক দুঃকে উতলে উঠত। একদিন গলে-যাওয়া হৃদয় নিংড়ে লিখলাম:


‘দুর্ভিক্ষে সারাটা বঙ্গ করে হাহাকার


লোক নেই, পড়ে আছে ল্যাঙোট তাহার।’


সকলেই হেসে উঠলেন।



—তোমরা তো হাসবেই অর্বাচীনের দল। নইলে বাঙালির এমন অবস্থা হয় আজ?


মিসেস সুন্টু সেন গম্ভীর হয়ে বললেন, তা নয়, মানেটা ঠিক বুঝতে পারিনি তো তাই-ই।


মানেটা বোঝা কঠিন কী হল? মানুষটা না খেয়ে মরে গেচে। কর্পোরেশনের গাড়ি বডি তুলে নিয়ে গেচে। কিন্তু বেচারির ল্যাঙোটটি রাস্তায় পড়ে আচে। তোমাদের আধুনিক কবিরা হলে এই কবিতাই লিখে তার নাম দিয়ে দিত ‘এপিটাফ’। হইহই পড়ে যেত কবিমহলে। সাধু! সাধু! বলত সকলেই।


কুটুদা ইন্টারাপ্ট করে বললেন, এই দুটি কবিতাও কিন্তু তোমার লেখা নয় বোঁদেদা। এ দুটোই আমাদের রঘুদার কবিতা। রঘু ব্যানার্জির। কলকাতার অনেক মানুষই এই কবিতার কথা জানেন। রঘুদার নিজের মুখ থেকেই তাঁরা শুনেছেন অনেক বার।


বোঁদেদা বললেন, শোনেননি এমনও অনেকে আচেন। তোরা এই মিসম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টের দল বুদ্ধি একটু কম ধরিস। সকলেই জানে যে দু-দুটো রঘুদার কবিতা। তবে তোদের কারও শুনতে কি খারাপ লেগেচে? নাম বলেই যদি শালা আবরিত্তি করব তো রঘু বাঁড়ুজ্যের কবিতা কোন দুঃখে র‌্যা? রবেঠাকুর কী দোষ করে? পরের জিনিস নিজের বলে মনে করাকে চুরি করা বলে না। মনটা যদি খুঁতখুঁত করে তবেই সেটা চৌর্যবৃত্তি।



আমি যেহেতু দেরি করে গেছিলাম কুটুদা কিছুতেই তাড়াতাড়ি ছাড়লেন না। সকলেই একে-একে চলে যেতে লাগলেন বুফেতে খাওয়া সেরে। তখন বুঝিনি যে আমাকে বোঁদেদার লাশ সামলাবার জন্যেই আটকে রাখছেন উনি। বোঁদেদাকে কুটুদা বিলক্ষণ চিনতেন। আমার সঙ্গেই এই প্রথম আলাপ।


খাওয়াদাওয়ার পর কুটুদা বললেন, ‘বোঁদেদা আপনি কি গাড়ি এনেছেন?


নিশ্চয়ই। কেন? কাউকে লিফট দিতে হবে নাকি? বোকাকে? কী রে বোকা?


এই রে। এই অবস্থায় নিজে গাড়ি চালাবেন কী করে?


আমার কানের কাছে মুখ নিয়ে নীচু গলায় কুটুদা বললেন।


তোমার ড্রাইভার আছে জিবু?


আবারও নীচু গলায় কুটুদা শুধোলেন।



না। কিন্তু এ তো আর বাইসাইকেল নয় যে একাই দু-হাতে জোড়া-সাইকেল চালিয়ে চলে গেলাম কিরিং-কিরিং করে!


একটু পাশে টেনে নিয়ে গিয়ে কুটুদা বললেন, ঝামেলি হবে। গ্রেট ঝামেলি। মাঝে মাঝেই বোঁদেদা এমন করেন। সবসময় কিন্তু নয়। ইচ্ছে করেই আমাকে হয়রানি করার জন্যে করছেন কি না কে জানে। একটা ব্যাপারে আমার উপরে খুব রেগে রয়েছেন। এমন গুগলি-মার্কা লোক কমই দেখেছি।


লিফট অবধি আমি আর কুটুদা বোঁদেদাকে ধরে তো নিয়ে গেলাম। গন্ধমাদন পর্বত বইতেও পবননন্দনের এত ঝক্কি পোয়াতে হয়নি। মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে। একবার পর্বত আমার গায়ে ভর করছেন, আর একবার কুটুদার গায়ে। তবে বাঁচোয়া এই যে ভূমিকম্পই ছিল তখনও, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়নি। কিন্তু চিত্তির হল লিফট থেকে নীচের ল্যাণ্ডিং-এ নামতেই। বড়ো বড়ো কোম্পানির বড়ো বড়ো সাহেবরা থাকেন এখানে। এবাড়িতে পার্টি লেগেই থাকে, কিন্তু মাতাল দেখা যায় না বড়ো। দাঁড়িয়ে থাকা পর্বতপ্রমাণ মানুষটি অদৃশ্য করাতে কেটে গিয়ে গদ্দাম আওয়াজ করে চোখ বুজে ফ্ল্যাট হয়ে পড়ে গেলেন ওই রেসপেক্টেবল পরিবেশের শ্রাদ্ধ করে দিয়ে।


কুটুদা নিজেকে অভিশাপ দিয়ে বললেন, দেকেচো! ভালো স্কচ-এর এই-ই দোষ। কখন যে ধস নামাবে তা সেই-ই জানে। যেন, ডিলেড অ্যাকশন টাইম বম্ব।



আমি বললাম, এবার থেকে আপনার বাড়ির পার্টিতে বিশুদ্ধ বাংলাই খাওয়াবেন। সঙ্গে খিচুড়ি আর প্যাঁজের চাট। বেয়ারা-বাবুর্চি, ভেটকি-মেয়োনিজ, চিকেন-আ-লা-কিয়েভ এসবের বাহুল্য আদৌ দরকার নেই। যা হবার, তা ছোটা ব্রিস্টলের মতো তড়িৎঘড়িই হয়ে যাবে।


বোঁদেদা ফ্ল্যাট হয়ে তখনও পপাতধরণিতলে শুয়ে আছেন। মরেই গেলেন কি না বোঝা যাচ্ছে না। ঠিক সেই সময়ই একটি ঝকঝকে কালো মার্সিডিস গাড়ি থেকে নেমে ডিনার জ্যাকেটপরা, বো-লাগানো একজন সাহেব ল্যাণ্ডিং-এ ল্যাণ্ড করলেন। খয়েরি গোঁফ জোড়া। কুচুটে চোখ জোড়া। চেহারা দেখে মনে হয় আয়ারল্যাণ্ডে বাড়ি।


কুটুদা লজ্জিত গলায় অধোবদনে বললেন, গুড নাইট এরিক। এরিক নামক সেই গুঁফো সাহেব পাইপের গোল্ড ব্লক টোবাকোর ধোঁয়া ছেড়ে, আড়চোখে হাতঘড়ির দিকে চেয়েই সাঁতরাগাছির ওলের মতো ছিটেল মুখ ফাঁক করে বললেন, গুড মর্নিং কুটু! ভেরি গুড মর্নিং ইনডিড।


ঘড়িতে দেখলাম সোয়া একটা বাজে।



সাহেব বললেন, নিড এনি হেল্প? ইউ লুক ভেরি পারটার্বড।


কুটুদা বললেন, নো, নো। থ্যাংক ইউ ভেরি মাচ এরিক। বাট হি উইল বি নর্ম্যাল, আই মিন, সোবার। সুন।


এরিক লিফট-এ উঠে ওপরে চলে গেলেন।


কুটুদাকে শুধোলাম কে?


আমাদের কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। কুটুদা এমবারাসড গলায় বললেন।


দারোয়ানদের ডেকে তাদের সাহায্যে তো বোঁদেদাকে প্রথমে বসানো হল। তারপর দাঁড়ও করানো হল সোজা করে। কুও ডেডিস সিনেমাতে দেখা গলিয়াথ-এর মতো উঠে দাঁড়ালেন বোঁদেদা। কুটুদার প্রেস্টিজ তো পাংচারড হয়ে গেল দারোয়ানদের সামনে। কাঁদো-কাঁদো গলায় আমাকে বললেন, জিবু, বোঁদেদার গাড়িটা রেখে দিচ্ছি এখানে। তুমি ওঁকে একটু পৌঁছে দাও।


কথাটা ওভার হিয়ার করে বোঁদেদা বললেন, আমি জীবনে পরের গাড়িতে চাপিনি। যতদিন বাঁচি, চাপবও না।


কুটুদার কুচুটে মুখে আমি চেয়ে রইলাম। বিপদে বুদ্ধিভ্রংশ হয়েছেন। গলিয়াথ-এর দু-হাত দু-জনে ধরে হাঁটি-হাঁটি পা-পা করে পার্কিং লিট-এ গিয়েই দেখি, খাইছে! এ যে বেন্টলি গাড়ি। সাদারঙা। আজকালকার লিমুজিনের মতো লম্বা প্রায়। লাট্টু গিয়ার। কুটুদা বোঁদেদাকে কাচের বাসনের মতো সাবধানে তুলে দিয়েই আমাকে বললেন কানে কানে স্লাম্বারে আছে জিবু। ডিসটার্ব না করে স্ট্রেট চালিয়ে চলে যাও। এই বেলা।


অসহায়ের মতো আমি বললাম, আমার গাড়ি।


সে-দায়িত্ব আমার। কাল সকাল আটটার মধ্যে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে আমার ড্রাইভার। আর কথা বাড়িয়ো না। স্ট্রেট চলে যাও।


কী বিপদ! যাবটা কোথায়? মানুষটার পুরো নাম পর্যন্ত যে জানি না। ঠিকানাও জানি না। বোঁদে বলেছে বলেই তো যেকোনো মিষ্টির দোকানে গিয়ে সেঁটে দিয়ে আসতে পারি না! এই প্রাগৈতিহাসিক মডেলের বেন্টলি গাড়ি জীবনে চোখে দেখিনি, চাপা তো দূরের কথা। কোন ফুটোতে গাড়ির চাবি গলাব সেটা পর্যন্ত জানা নেই। কিন্তু আমার এতসব প্রশ্নর জবাব দেওয়ার জন্য অপেক্ষা না করে আমার গাড়ির চাবিটা আমারই পকেট থেকে ছিনিয়ে নিয়ে তিন লাফে ডেঞ্জার এরিয়া ক্লিয়ার করে লিফটের গর্তে ঢুকে গেলেন। ভাবলাম এমন স্ট্র্যাটেজিস্ট না হলে কি উন্নতি করা যায়?


সামনে চেয়

**********
No Review
Related Books
Loading books…