Home
এসমালগার

এসমালগার

সমরেশ বসু

এসমালগার

সমরেশ বসু
short story

Change color

রাত পুইয়ে এল। তবু খানিক দেরি আছে। সময়ের মাপে নয়। আকাশের মুখ কালো। আশ্বিনের শেষ। হেমন্ত আসছে। তবুও আকাশে বর্ষার মেঘবতীর গোমড়া মুখের ছায়া।

এ সময়ে কলকাতা থেকে কিছুর উত্তরে মাঠের মাঝে রেল স্টেশনটা যেন একটা বোবা বদ্ধভূমি। স্তিমিত কয়েকটা আলো যেন অতন্ত্র প্রহরীর মতো নিষ্পলক চোখে কিসের প্রতীক্ষা করছে। প্ল্যাটফর্ম, টিনের ছাউনি, দরজা বন্ধ আপিস, খোঁচা লোহার বেড়া আর অন্ধকারে হারিয়ে যাওয়া মাঠ, জলা, সব বোবা, তবু জীবন্ত। নিশ্চল, তবু অনুভূতিময়।

থেকে থেকে আসছে একটা পুবে হাওয়ার ঝোড়ো ঝাপটা। পূর্ব আকাশে সামান্য আলোর ইশারা। সে আলোয় মেঘ দেখাচ্ছে যেন ছড়ানো লটবহর।

ঘটাং করে একটা শব্দ এল দূর থেকে। সিগনালের খবরদারি লাল চোখ বুজে গেল, ভেসে উঠল নীল চোখের আমন্ত্রণ। আসছে। ভীত পাখি কিচির মিচির করে উঠল সিগন্যালের মাথার বাসা থেকে। আবার চুপচাপ।



দু-একজন করে লোক আসছে স্টেশনে। ধীরে নিঃশব্দে। বড় বড় ছায়া ফেলে, গা হাত পা এলিয়ে। স্টেশনের বাইরে আচমকা কালো আঁধার থেকে যেন হঠাৎ প্রতীক্ষাতে আততায়ীর দল বেরিয়ে আসছে। আসছে।


তারপর বোঝা গেল সেই চির পরিচিত কাশি। ঘুংরি কাশি। কাশি নয়, যেন কামারের নেহাই-এর বুকে হাতুড়ির ঘা। তীব্র শ্বাসরোধী, একটানা। কাশি শুনে বোঝা যায় না লোকটার বয়স, বোঝা যায় না মেয়ে না পুরুষ।


স্টেশনের পূর্বদিকের অন্ধকার মাঠ থেকে কাশিটা ধেয়ে এল প্ল্যাটফর্মের দিকে। সেই সঙ্গে কাশির প্রতি ক্ষমাহীন অস্ফুট কটূক্তি, শালার কাশির আমি ইয়ে করি।


গাড়ি এসে পড়ল। তার কপালের তীব্র আলোয় দেখা গেল দুটো ভেজা লাল চোখ, শুকনো মোটা ঠোঁটের ফাঁকে লালচে ছোট ছোট দাঁত, কোঁচকানো মুখ, তামাটে রং, চট ফেঁসোর মতো চুল, চটের বস্তা কাঁধে, গায়ে বুক-খোলা একটা তালি মারা হাঁটু পর্যন্ত হাফশার্ট, তার তলায় প্যান্ট বা কাপড় কিছু আছে কিনা বোঝবার জো নেই! তার তলা থেকে নেমে এসেছে দুটো কঞ্চির মতো পা আর পায়ের পাতা যেন পাতি-হাঁসের চ্যাটালো পা। থ্যাবড়া, মোটা ফাঁক ফাঁক আঙুল। লম্বায় আড়াই হাত। সমস্তটা মিলিয়ে এমন একটা তীক্ষ্ণতা, যেন তলোয়ার নয়, বেখাপ্পা খাপে ঢাকা একটা শানিত গুপ্তি।



বয়স বিশ কি পঞ্চাশ কি বারো, বোঝার উপায় নেই।


তবে আসল বয়স তেরো। নাম গৌরাঙ্গ। অর্থাৎ গোরা।


তবে যদি জিজ্ঞেস করো, তোর নাম কী র‍্যা?


শুনবে দোঁ-আঁশলা স্বরের জবাব, গোরাচাঁদ এসমালগার।


এসমালগার অর্থে সমাগলার। কীসের সমাগল? অমনি শুনবে যাত্রার সুরে,


চাল চুলো নেই বেচালেরে

আমি জোগাই চাল।


দেখা যাবে, গাড়ির কামরার মধ্যে সে গানের দোয়ার আছে গণ্ডা কয়েক। তারাও গেয়ে উঠবে। সবাই এসমালগার।


আশি মাইলের মধ্যে যে কটা জংশন স্টেশন আছে, সবগুলোর পুলিশ রিপোর্টের খাতায় একটু নজর করলেই দেখা যাবে নাম, গৌরাঙ্গচন্দ্র দাশ, বয়স তেরো, অপরাধ বে-আইনি চাল বহন (পনেরো সের), কোর্টে প্রডিউসের অযোগ্য। অতএব…।



গোরাচাঁদ তিনবার জেল খেটেছে। একবার পুরো একমাস, একবার পঁচিশ দিন আর আঠারো দিন একবার। জেলে ছোকরা ফাইলে থেকে জীবনের নোংরামি ও সর্বনাশের এক ধরনের শেষ তলা অবধি সে দেখেছে। বুঝেছে কিছু কম। তবে নেশা তার নোংরামি ও সর্বনাশের এক ধরনের শেষ তলা অবধি সে দেখেছে। বুঝেছে কিছু কম। তবে নেশা তার জীবনের যেটা ধরেছে সেটা সর্বনাশের।


একবার ট্রেনের মধ্যে শুনল, সামনের স্টেশনে পুলিশ রয়েছে চাল ধরার জন্য। গাড়ি স্টেশনে ঢোকার আগেই গোরা প্রথমে ফেলে দিল তার পনেরো সেরের ব্যাগ, তারপর লাফ দিয়ে পড়ল নিজে।


একমাস পরে যখন হাসপাতাল থেকে এল তখন তার গায়ে মাথায় অনেকগুলো ক্ষতের দাগ আর সামনের মাড়ির একটা দাঁতের অর্ধেক নেই, বাকিটা নীল হয়ে গিয়েছে। ফলে, তার পাকা পাকা মুখে যেটুকু ছিল ছেলেমানুষির অবশিষ্ট, তা হল এক মহা ফেরেব্বাজের হাসি।


তার পঞ্চান্ন বছরের বুড়ো এসমালগার বন্ধু রসিকতা করে বলল, বাবা গোরাচাঁদ, তোমার সেই চালগুলান অ্যাদ্দিনে গাছ হয়ে আবার ধান ফেলেছে।



অর্থাৎ যে চাল নিয়ে সে লাফিয়ে পড়েছিল। যেমনি বলা, তেমনি দেখা গেল এক রাশ বাদামের খোসা ও ধুলো বুড়োর মুখ চোখ ঢেকে দিয়েছে। সুতরাং গালাগাল আর অভিশাপ। কিন্তু এসব তুচ্ছ ব্যাপারে গোরাচাঁদ মাথা ঘামায় না।


গাড়ি এল। গোরা তখন দম নিচ্ছে কাশির দমকের। স্টেশনের কুলিটা বিরক্তি ভরে এমন করে এসে ঘণ্টা বাজাল, যেন কোনও রকমে কর্তব্য সারা গোছর পাড়ার নেড়ি কুকুরটার খিঁচোনি। গাড়ি যখন ছাড়ল তখন গোরা তার পছন্দসই কামরা খুঁজতে লাগল।


গাড়ির গতি বাড়ল তবু কামরা আর পছন্দ হয় না। সেই মুহূর্তে একটা কামরা থেকে কে চেঁচিয়ে উঠল, অ্যাই শালা গোরা!


চকিতে কী ঘটে গেল। দেখা গেল, গোরা সেই কামরার হাতলে বাদুড়ের মতো ঝুলছে আর তার বন্ধুরা চিৎকার জুড়েছে তাকে পেয়ে।


ব্যাপারটা বিপজ্জনক, কিন্তু ওটা অভ্যাস। একদিন ছিল, ক্রু আর পুলিশের ফাঁদে পড়ার ভয়ে দেখে শুনে নিতেই গাড়ি ছেড়ে দিত, দৌড়ে উঠতে হত। এখন তো দুটো চোখ নয়, চোখ চারটে এবং সচকিতে। তবু ধীরে সুস্থে থামানো গাড়িতে উঠবে, মনের এতখানি সুষ্ঠুপনা ভাবাই মুশকিল।



এর মধ্যে টিকেট কাটার কথা কল্পনা করাই যায় না। মূলধন তো পনেরো সের চাল। এ পনেরো সের আর কোনওদিন আধমণে পৌছল না। অর্থাৎ ষাট মাইল দূর থেকে পনেরো সের চাল আনলে, প্রতি সেরে কোন দিন দু-আনা, দশ পয়সা, কখনও বা মেরে কেটে তিন আনা তার থাকে। সারা দিনে খাবার বরাদ্দ চার আনা থেকে পাঁচ আনা। বাকিটা বাড়িতে দিতে হয়। সেখানে আছে ছোট ছোট পাঁচটা ভাই বোন, আর একটি তার মায়ের পেটে বাড়ছে। বাপ না থাকার মধ্যে। অন্তত গোরার কাছে। সে লোকটি এককালে ছিল নিম্নবিত্তের ভদ্রলোক। আশা ছিল বিত্তবান হওয়ার। এখন কলকাতার বাইরে রিফিউজি ক্যাম্পে বসে সে আশা তো কবেই উধাও হয়েছে। উপরন্তু সে এখন গোরাচাঁদের রোজগারে নির্ভরশীল একজন অবাঞ্ছিত রুগ্ন ভার মাত্র।


সুতরাং এ যুগের বাঙালিরা বাঙালি গোরাকে চেনে না। দুবছর আগে ওদের এলাকার রেশন ইনস্পেকটর এসে যখন গোরার মাকে জিজ্ঞেস করলে, হেড অব দি ফ্যামিলি কে, তখন ইঞ্জিরি কথা শুনে গোরার মা হাঁ করে তাকিয়েছিল। ইনস্পেকটর ব্যাপারটা বুঝে বললে, তোমাদের সংসারের কর্তা কে? তখন গোরার মা গোরার হাত ধরে এনে তার সামনে দাঁড় করিয়ে দিয়েছিল। ইনস্পেকটর তো থ।


এর উপরে ষাট মাইলের ভাড়া দুটো টাকা যদি গোরা খরচই করতে পারবে। তবে আর এসমালগার হওয়ার কী দরকার ছিল।



এর পরে গাড়ির মধ্যে সে এক তুমুল কাণ্ড! মস্ত লম্বা কামরাটার মধ্যে আর কোনও যাত্রীকে চোখে পড়ে না কেবল গোরা আর তার সমবয়সী সঙ্গীদের ছাড়া। তারা সকলেই গোরার সহগামী ও সহধর্মী, সকলের প্রায় একই ছাঁচ, একই গড়ন। তবে নেতা হিসাবে তারা যে-কোনও কারণেই হোক, গোরাকেই মেনে নিয়েছে।


সমস্ত গাড়িটার মধ্যে তারা এক কোণে দলা পাকিয়ে বসল। যেন এক গাদা কুকুর ছানা জড়াজড়ি করে পড়ে আছে।


একজন বলল, সেই গানটা ধর এবার।


কোনটা?


সেই ঠাকুরের নাম রে। আমাদের গোরা শালার নাম।


বলতে বলতেই তারস্বরে চিৎকার উঠল : এহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম হে


সেই সঙ্গে এ ওর আর ও এর পিঠে চালাল খোলের চাঁটি। এ ভজনার মধ্যেও ছিল গোরার চিল গলার সখী হে বলে টান।



হঠাৎ একটা চিৎকারে ওরা সবাই থামল। দেখল, কামরাটাতে যাত্রী একজন আছে। কিন্তু যাত্রীটি ছিল বেঞ্চির তলায়। বোধ করি আত্মগোপনের আশায়। বুড়ো। দুটো ভাঁটার মতো চোখ, একমুখ দাড়ি আর সারা গায়ে একটা অজস্র তালিমারা আলখাল্লা।


খেঁকিয়ে উঠল, বলি কোন্ সুখে র‍্যা, অ্যাই কোন্ সুখে?


অর্থাৎ কোন্ সুখে এ চেঁচামেচি। গোরাদের দলটা এ বেঞ্চির তলার যাত্রীর দিকে এক মুহূর্ত হাঁ করে তাকিয়ে রইল। লোকটা শাসিয়ে উঠল, ফের আমাকে জ্বালাতন করলে—


অমনি গোরা টকাস্ করে তার এক বন্ধুর মাথায় চাঁটি মেরে বলল, এই, কেন জ্বালাতন করছি রে?


বন্ধু আর এক বন্ধুর মাথায় মেরে বলল, আমি নাকি? এই শালা তো।


আবার সে মারল আর একজনের মাথায়। তারপরে দেখা গেল, গানের চেয়ে চেঁচামেচি আরও বেড়ে গেল, সেই সঙ্গে হুড়োহুড়ি আর কোস্তাকুস্তি। বুড়ো অত্যন্ত ক্রুদ্ধ ও বিরক্ত মুখে ঘটনাটা লক্ষ করতে করতে তেলচিটে আলখাল্লাটা এমনভাবে ঝাঁকানি দিল যে একরাশ ধুলো ছড়িয়ে পড়ল চারদিকে। বললে—শালারা হনুমানের জার—।



তারপর গাড়িটা একটা স্টেশনে দাঁড়াতেই বুড়ো দৃপ্তভঙ্গিতে আলখাল্লা ঝাপটা দিয়ে নেমে গেল, যেন রাজা দরবার ত্যাগ করছেন। বললে, আচ্ছা দেখে লোব।


এতক্ষণে গোরাদের দলটা পাছায় চাঁটি মেরে হেসে গড়িয়ে পড়ল। ছুটে নেমে পড়ল বাইরে। একজন চেঁচিয়ে উঠল, ও দাদু, ও জগাই, ও মাধাই—


বুড়ো ততক্ষণে আর একটা কামরাতে উঠে একটা বেঞ্চির তলায় আশ্রয় নিয়েছে আর বলছে, শালার মাথায় উকুনের হদ্দ।


উকুনের হদ্দ দল আবার তেমনি জড়াজড়ি করে বসেছে। কিন্তু প্রত্যেক স্টেশনে তারা নামবেই। চুপচাপ বসেই যদি যাবে তা হলে আর ভাবনা ছিল কি। বোধ করি এই গান, মারামারি, খেলা, নিজেকে আর নিজের সব কিছুকে ভুলে থাকার এ অবিশ্রান্ত উন্মাদনা না থাকলে এ দীর্ঘ পথ, সময় হত মরুভূমি ও রুদ্ধশ্বাস যন্ত্রণা। তা ছাড়া, পথ অতি দুর্গম। কোথায় বাঘের মতো ওত পেতে আছে ক্রু, মোবাইল কোর্ট, পুলিশ, ওয়াচ অ্যান্ড ওয়ার্ড আর কালকেউটের মতো সিভিল সাপ্লাইয়ের গুপ্তচর, বলা তো যায় না।



ভোর হয়ে আসছে। হাজারো মেঘের ভিড় আকাশে, তবু মেঘে মেঘে অপ্রতিরোধ্য বেলা আসছে। পুবের ধূসরতায় যেন ছাই চাপা মুক্তোর জেল্লা। টেলিগ্রাফের তার যেন একটা দিকপাশহীন বেহালার তার। সেই তারে তারে জটলা ন্যাজঝোলা পাখির।


. যাত্রী বাড়ছে। বাড়ছে কোলাহল। ভিড় বাড়ছে, গোরার সহধর্মীদের। মেয়ে, পুরুষ, শিশু, বৃদ্ধ। যেতে হবে দূরে, বহুদুরে। এক জেলা থেকে আর এক জেলায়, পথ মাঠ ভেঙে, গাঁয়ে হাটে। তারপর ফিরে আসতে হবে এখানে, রেশন এলাকায়, কর্ডনের অবরোধ ভেঙে।


বিড়ি খাচ্ছে গোরা। খাচ্ছে না, ফুঁকছে। বুড়ো মদ্দ হদ্দ হয় তার নাক মুখ থেকে ধোঁয়া বেরুনো দেখলে। স্টেশনের ধারে কোয়ার্টারের জানালায় বসে একটা ছেলে পড়ছিল, সাজাহান অ্যা সাজাহান অত্যন্ত হৃদয়– কিন্তু থেমে গেল পড়া, চোখাচোখি হয়ে গেল গোরার সঙ্গে।


গোরা চোখ নাচিয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে বলল, কী পড়ছিস? বিড়ি খাবি?


বিড়ি? ছেলেটার চোখে কৌতূহল, বিস্ময় ও ভয়। বুক জোড়া কপাটে কপাটে যেন হাজারো করাঘাত পড়ল। খিলখিল করে হেসে চলন্ত গাড়িটাতে গোরা ন্যাকড়ার ফালির মতো উড়ে গেল। হাসির রেশটা একটা ভয় ব্যথা আনন্দের শিহরন রেখে গেল শুধু জানালায়।



হঠাৎ যেন থমকে যায় গোরা। বুকের দ্রুত তালে ভাটা পড়ে মন উজানে চলে। জলা মাঠে ছিটে বেড়ার ঘর, এক গাদা পুতুল আর পেট-উঁচু মা। পেটের বোঝার ভারে নত, চোখের কোল বসা, চোপসানো গাল, একটা অর্থহীন যন্ত্রণাকাতর চাউনি। সেখানে জানালা নেই, সবটাই খোলা, নয়তো সবটাই বন্ধ। ভয় কৌতূহল বিস্ময় আনন্দ নেই। একটা তীব্র হাহাকারের অসহ্য নৈঃশব্দ্য আর কীসের তাড়নায় দিগন্ত থেকে দিগন্তে ছুটে চলা কিংবা আচমকা একটা সুরতালহীন ভাঙা স্বর, আর বিড়ি খাসনি বাবা!


চকিতে গোরার মুখের উপর একটা থাবা পড়ে আবার উঠে গেল। দেখা গেল তার মুখের বিড়িটা আর একজনের মুখে চলে গিয়েছে। সেটা নিয়ে আর একজন, তারপরে আর একজন, তারপরে আবার হল্লা ও চিৎকার।


শহরতলীর ভিড়। রেল লাইনের ধারে ধারে কারখানা, বস্তি, ধুলো, ধোঁয়া আর মানুষ। মানুষ গাড়িতে। যাত্রী, অ-যাত্রী, ভিখিরি, হকার। বৈরাগী গাইছে


গৌ

**********
No Review
Related Books
Loading books…