Home
অকালবৃষ্টি

অকালবৃষ্টি

সমরেশ বসু

অকালবৃষ্টি

সমরেশ বসু
short story

Change color

আবার তুই মেয়েমানুষ এনে তুললি এখানে? জিজ্ঞাসা করল ভূতেশ হালদার তার কটা ক্রুদ্ধ চোখ তুলে। হাঁ, আনলুম। কথা শেষ করে দেওয়ার মতো একটা ভাব করে কোমরের কাছ থেকে কাপড় সরিয়ে দাদ চুলকোতে লাগল সিধু ডোম।

আর যে মেয়েমানুষটিকে আনা হয়েছে, সে বুড়ো বেঁটে গাঁট্টাগোট্টা, বটতলার চালাটার দরজায় বসে তার দীর্ঘ চুলে চিরুনি চালাতে চালাতে মুখ টিপে টিপে হাসছে এদের দুজনার দিকে আড় চোখে চেয়ে চেয়ে।


ও-দিকে পাঁচিল দিয়ে আড়াল করা শ্মশানের মধ্যে একটা মড়া পুড়ছে। তার গন্ধ ছড়িয়ে পড়ছে চারদিকে। মড়া বয়ে আনা দলটি পশ্চিম দিকের ঘাটে গঙ্গামুখো বসে নিজেদের মধ্যে জন্মান্তরবাদ সম্পর্কে একটা খুব উত্তেজিত আলোচনায় ব্যস্ত। শ্মশানের কুকুরগুলো নেশাখোরের মতো জুলজুলে চোখে লেজ গুটিয়ে শুঁকে শুঁকে বেড়াচ্ছে এখানে সেখানে, নুলো বাড়িয়ে ছাই আর পোড়া কাঠের গাদা ঘাঁটছে, নয়তো তাদের লাল দগদগে মুখের বিশাল কশ বিস্ফারিত করে লোভিষ্টির মতো দেখছে মড়া পোড়ার দিকে।


ভাটা পড়ে গঙ্গা নেমে গেছে অনেকখানি। অগ্রহায়ণের গঙ্গা, জল খানিক স্বচ্ছ। স্রোতস্বিনী গাঙ্গের মতো গঙ্গা কলকল করে বইছে। তরঙ্গায়িতা গৈরিক সুরেশ্বরী যেন ছেয়ালো একহারা এক কিশোরী মেয়ে।



বেলা শেষ হয়ে আসছে। বটগাছের উপর মাটির দিকে ঘাড় নোয়ানো শকুনগুলোর চোখ কানা হয়ে যাচ্ছে। রাতকানা পাখি ওরা।


আগে গঙ্গার ধারে ধারে ঘাটে অঘাটে মড়া পোড়ানো হত। এখন এ গাঁ হয়েছে চটকল শহর। মিউনিসিপ্যালিটি হয়েছে মস্ত বড়। কোন্ এক চটকলের সাহেব এ শ্মশান তৈরি করে দিয়েছে। ইটে খোদাই করে ইংরেজিতে লেখা আছে, এস্ট, ১৯২৬। মস্ত উঁচু প্রাচীর দিয়ে ঘেরাও শ্মশান। মড়া যখন পোড়ে, তখন দূর থেকে মনে হয় বুঝি কোনও চটকলের চিনি থেকে ধোঁয়া বেরুচ্ছে। পুবদিক ঘেঁসে বটতলায় ডোমচালার মেঝেটা ইট দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে।


ভূতেশ হালদার তার ছোট ছোট কটা চোখের চোরা দৃষ্টিতে মেয়েটাকে একবার দেখে উঠে দাঁড়াল। দাঁড়াল যেন একটা লম্বা ছিপছিপে পোড়া কাঠ। কালো নয়, গায়ের রংটা ছাই ছাই। সারা মুখে বসন্তের দাগ, নাকটা ঘোড়ার নাকের মতো লম্বা, চুলগুলি ছোট করে ছাঁটা। কানে একটা হলদে পেন্সিল গোঁজা, গায়ে তার শরীরের অনুপাতে নিতান্ত ছোট খাকি শার্ট, গঙ্গার জলে কাচা লালচে ধুতি দশ হাত হলেও হাঁটুর বেশি নীচে নামেনি।


এই হল ভূতেশ, চিত্রগুপ্তের অবতার অর্থাৎ মৃত্যু রেজিস্ট্রার। মাইল কয়েকের এলাকার মৃত্যুর খতিয়ান তার কাছে। নামধাম, কারণ অকারণ স্ত্রী কি পুরুষ, মৃতের চৌদ্দ পুরুষের ঠিকানা লেখা আছে ভূতেশের চটের সুতো দিয়ে বাঁধা মোটা খাতাটায়। এই হল তার আসল পদমর্যাদা, বাকি কাজটুকু স্যানিটরি ইনস্পেক্টরের অ্যাসিস্ট্যান্ট হয়ে সকালের কয়েক ঘণ্টা এ-দিকে ও-দিকে ঝাড়ুদার মেথরের পেছনে পেছনে ঘুরে বেড়ানো। তবে এটা হল ফালতু কাজ। মাইনে ত্রিশ টাকা। নামের গেরোতেই বোধ হয় তাকে এ কাজটি বেছে নিতে হয়েছে। এখানকার লোকে অন্তত তাই বলে। মৃত্যু রেজিস্ট্রার হিসাবে তার এখানকার সহকর্মী হল সিধু ডোম। দোহারা শক্ত কালো শরীর, চোয়াল উঠানো গাল, আ-ছাঁটা গোঁফ, একজোড়া কালো কুচকুচে মস্তবড় টেরা চোখ, এক মাথা কালো পাঁশুটে ভেড়ার লোমের মতো কোঁচকানো চুল। রেজেস্ট্রি হয়ে গেলে চিতায় কাঠ সাজায় সে, মড়া তোলার আগে শত শোক ও আপত্তি সত্ত্বেও মড়ার গায়ের জামা কাপড় খুলে নেওয়ার চেষ্টা করে, মরা মেয়েমানুষের গায়ে গয়না থাকলে চেষ্টা করে তা খুলে নেওয়ার। সে হিসাব রাখে এ চাকলার কাকে পোড়াতে কত কাঠ লেগেছিল, কাকে আধা পোড়ানো হয়েছিল, কার কোন অঙ্গটা পুড়েছিল আগে, কিংবা লোকে যেমন শুকনো ও ভেজা কাঠের গুণ বর্ণনা করে, তেমনি কার মড়া পোড়াবার পক্ষে বেশ খনখনে ছিল বা স্যাঁতসেঁতে ছিল তার হিসাবও সে কড়ায় গণ্ডায় দিতে পারে।



ভূতেশ যদি চিত্রগুপ্ত হয়, সিধু ডোম তা হলে সাক্ষাৎ যম। সিধুর অবশ্য ধারণা, এটা তার রাজা হরিশ্চন্দ্রের মতো এ জীবনের ভোগান্তি, আগামী জন্মটা তার ভালই হবে।


তারা দুজনে এ গাঁয়েরই মানুষ। তারা বলে গাঁ, লোকে বলে শহর। উভয়ে তারা ছোট কাল থেকে পরিচিত। তবে একজন হল ডোম, অপর জন বামুন। মেলামেশা তাদের সম্ভব ছিল না, দরকারও ছিল না, আর আজ দীর্ঘ দশ বছর ধরে একই সঙ্গে কাজের মধ্যে থেকে ভূতেশ ‘বাবু’ থেকে সিধুর কাছে ‘ঠাকুর’ হয়েছে। সম্পর্কটা ঠিক বন্ধুত্ব না হলেও রেজিস্ট্রিবাবু আর ডোমের মর্যাদাপূর্ণ ফারাকটা যেন নেই। একজন কথায় কথায় ইংরেজি বলে, অপরজন রেগে গেলে বলে হিন্দি। ভূতেশকে উঠতে দেখে সিধু বলল, একটা বিড়ি দেও দিনি ঠাউর।


বিড়ি নেই। বলে ভূতেশ একটা বিড়ি পকেট থেকে নিয়ে তার নিজের ঠোঁটে চেপে ধরল।


বিড়ি এখন পাবে না বুঝেই সিধু চিতার কাছে গিয়ে তার হাতের পোড়া লাঠিটা দিয়ে ঝিমিয়ে পড়া আগুন উসকে দিল, দগ্ধ মৃতদেহটা দিল উলটে পালটে এবং দিতে দিতে আগুনের তাতে দাঁতে দাঁত চেপে ভাবল সে, ঠাকুর মেয়েমানুষ দেখলেই এমন খেপে যায় কেন?



যাদের মড়া, তাদের একজন বলল, একটু আস্তে সুস্থে দাও বাবা, এমন ঠ্যাঙাড়ের মতো করছ কেন? সিধু হেসে বলল, মরতেও এত, তবু তো ঠেক্কে রাখতে পারলে না বাবু। মনে মনে বলল, আর শালা আমি য্যাখন মড়ার জামাটা চাইলাম ত্যাখন তো দরদ দেখা গেল না।


কথাবার্তা একটু চেপেচুপে না বললে বকশিশটা ফাঁক যাওয়ার সম্ভাবনা। ভূতেশেরও পাওনা আছে। তবে ভূতেশ সেটাকে বকশিশ বলে না, বলে রেজিস্ট্রির নজরানা। পাওনা বলতে পারে না, কারণ দাবির ব্যাপার নয় ওটা। তা ছাড়া কারণে অকারণে ভূতেশ নানান রকম গণ্ডগোল করে থাকে। আইবুড়ো মেয়ের মড়া হলে তো কথাই নেই। সে তার ঘোড়ার মতো লম্বা নাক ফুলিয়ে কটা খটাস চোখ কুঁচকে জিজ্ঞেস করবে, কী হয়েছিল মেয়েটার?


কালাজ্বর।


হুঁ, কিন্তু মড়াটা থাক, কালকে মেডিকেল অফিসার এলে দেখে অনুমতি দেবে।


কারণ?



বুঝুক না বুঝুক, অন্ধকারে ঢিল ছোড়ার মতো ভূতেশ বলে, কী করব মশাই, এ রকম কত সুইসাইড কেস কিংবা এই ধরুন যুবতী মেয়ে কোনও গোলমাল করে ফেলল, মেটাতে গিয়ে হয় তো ফসকে গেল জান্। তখন–


অপর পক্ষ থেকে হয় তো প্রশ্ন আসে, তা এটাও সেরকম মনে হচ্ছে নাকি?


ভূতেশ তাড়াতাড়ি জবাব দেয়, হয়তো নয়। তবে বোঝেনই তো, হুকুম আছে, কোনওরকম সন্দেহ টন্দেহ হলে। …আমি তো আর ডাক্তার নই।


ফলে কখনও হয় তো পকেটে পাঁচ দশ কিছু এসে পড়ে, নয় তো গালগাল আর শাসানি। কিন্তু ঢিল একবার ছুড়ে দিলে যা হোক একটা হবেই। পয়সা এলে ভূতেশ আরও গম্ভীর হয়ে বলে, খামোখা বকালেন। যাই হোক, ডোমের পাওনাটা মিটিয়ে দেবেন। না হলে রাতভর মড়া আটকে রেখে মেডিকেল অফিসারকে খবর দিতে ছোটে সকালে। সিধু ডোম এ সময়ে তার নিষ্পলক টেরা চোখে ঠাকুরের মারপ্যাঁচ লক্ষ করে আর মনে মনে তারিফ করে। কথা চলে। শ্মশানের কুকুরগুলোর মতো উৎসুক নিবিষ্ট চোখে মুখের কশ বিস্ফারিত করে নীরবে হাসে সে।



সিধু ফিরে এসে দেখল তখনও ভূতেশ দাঁড়িয়ে রয়েছে। তার ঠোঁটের কোণে বিড়িটা গেছে নিভে। গাঁয়ের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে সে। যেন যাবার জন্য পা বাড়িয়ে কিছু মনে পড়েছে তার। আর মেয়েটা আঁট করে খোঁপা পিটিয়ে পিটিয়ে বেঁধে মুখ টিপে টিপে হাসছে।


সিধু ফিরে এসেছে টের পেয়ে পেছন ফিরেই ভূতেশ বলল : আবার বলছি মিছে এ সব ঝঞ্ঝাট করিসনি। শ্মশানে মেয়েমানুষ নিয়ে কেউ থাকে না। এর আগে যে মেয়েটাকে এনেছিলি, দেখলি তো সেবারের মড়কে ছুঁড়ি পালিয়ে গেল। মড়া ঠ্যাঙাচ্ছিস, মড়া ঠ্যাঙা, ও-সব রমজানি কেন?


সিধু সবেমাত্র তাড়ির ভাঁড় নিয়ে প্রথম চুমুকটা দিয়েছিল। হঠাৎ সেই পুরনো স্মৃতিটা ঠাকুর উসকে দিতেই ভাঁড়টা নামিয়ে নিল সে মুখ থেকে। তার ট্যারা চোখের ভাব বোঝা দায়। মনে হল যেন জবাব দিতে গিয়ে অসহায় বোধ করছে সে। পর মুহূর্তেই তার চোখের তারা কোথায় যেন অদৃশ্য হয়ে শুধু সাদা ক্ষেত্রটি চকচকিয়ে উঠল। গোঁফজোড়া মুচড়ে দিয়ে চিবিয়ে বলল সে, তুমি কি ঠাউর তোমার মতো হতে বলছ আমাকে? তা হবে না। একটা পালিয়েছে, এই তো ধরে নিয়ে এসেছি আরেকটাকে। কটা পালাবে। যত পালাবে, তত আনব।



হ্যাঁ, তোর জন্য মেয়েমানুষ হত্যে দিয়ে পড়ে আছে।


ঠাউর, ভাত ছড়ালে কাকের অভাব হয় না।


মেলা বকিসনি। ভাত তোর ঘরে হাঁড়ি ভরতি, না? বলে, তাড়ির দাম জোগাতে পারিসনে, ভাত ছড়িয়ে কাক ডাকবি।


কথাটা নির্মম সত্য এবং তার নিয়ে আসা মেয়েমানুষের সামনেই ভূতেশ ব্যঙ্গ করে সে কথা বলে তার বুকে অসহ্য জ্বলুনি ধরিয়ে দিল। কয়েক ঢোক তাড়ি গিলে সে হঠাৎ বলল : বউ নিয়ে তো কখনও ঘর করলে না ঠাউর, এ সবের আদর তুম নহি সমঝেগা।


চকিতে ভূতেশ ফিরে দাঁড়াল। ভাঁটার মতো জ্বলে উঠল তার কটা চোখ। পোড়া কাঠের ধারে ধারে যেন লুকানো অঙ্গার আচমকা হাওয়ায় গনগনে হয়ে দেখা দিল। বলল, বউ নিয়ে আমি ঘর করিনি, তুই করেছিস, না? ব্লাডি ডোম।


সিধুর গলা একটু ঠাণ্ডা হয়ে এল। তা বেলাডি ফেলাডি য্যাতই বল, ওকে কি ঘর করা বলে? এমন অপসরীর মতো বউ, কন্দর্পকান্তি ছেলে, তুমি ত্যাগ দিয়ে রাখলে। পান তোমার অমন পাষাণ বলেই না আমাকেও তাই বলছ।



আমি পাষাণ, আর তোরা সব কাদার মতো নরম। ভূতেশ তার লম্বা লম্বা দাঁত যেন ভেংচে উঠল। পোড়া বিড়িটা ধরাল আবার।


বটগাছের ঝুপসি ঝাড়ের ফাঁক দিয়ে নামে অন্ধকার। পাখা ঝাপটার শব্দ শোনা যায় শকুনের। চিতার কাঠ পোড়ার চড়বড় শব্দে মনে হয় পুঁটকে ফটাস ফাটছে। ওদিকের খেয়াঘাটের নৌকা বুঝি ভিড়াল। এলোমেলো গলার স্বর শোনা যায় দু একটা। অনেক অদৃশ্য মানুষের নিশ্বাসের মতো হাওয়ায় সরসরিয়ে ওঠে বটপাতা।


মেয়েটা একটা লম্ফ জ্বালিয়ে ভূতেশ-সিধুর মাঝখানে বসিয়ে দিয়ে গেল। গায়ে তার একটা ভাল দামি জামা এ পরিবেশের মধ্যে যেন কাদায় আধ-ঢাকা সোনার চকচকানি। শাড়িটাও নিতান্ত অল্পদামি নয়, আর তার যৌবনভরা বলিষ্ঠ শরীরে আনাড়িভাবে পরানো শাড়িতে তাকে মহাভৈরবী নয়, ইন্দ্রাণীর রূপ দিয়েছে। মৃতদের দৌলতে অমন দু একখানা জামা আর শাড়ি সিধু ডোমের বেড়ায় মাকড়শার ঝুলের মধ্যে গোঁজা আছে। মেয়েটির কালো কালো টানা চোখে রহস্য বঙ্কিম হাসি লেগেই আছে। শুধু মুখে কোনও কথা নেই।


বিড়িটা ফেলে দিয়ে হঠাৎ ভূপেশ বলল, এক পাত্তর দে দিনি তোর ওই ভাঁড়ের মাল।



শান্ত আর গম্ভীর গলায় বলতে বলতে সে বসল। সিধুর কাছে এ নতুন নয়। সেজন্য একটা আলাদা ছোট হাঁড়ি বাড়িয়ে দিল ঠাকুরের দিকে। নিজের এঁটো সে কখনও দেয় না তাকে। কিন্তু ঠাকুর এমন তাড়ির ভাঁড় নিয়ে বসে খুব ক্কচিৎ, যখন এ দুনিয়ার উপর বিরক্তির তার সীমা থাকে না। নেশার ঘোরে সারা দুনিয়ার, বিশেষ করে মেয়েমানুষের, পিণ্ডি শ্রাদ্ধ করার জন্য প্রাণ তার জ্বলতে থাকে।


পাত্রটি প্রায় নিঃশেষ করার পর ভূতেশের গম্ভীর আর বিদ্রূপ করা গলা শোনা যায়।


অপসরীর মতো বউ আর কন্দর্পের মতো ছেলে আমি ত্যাগ দিয়েছি, আমি পাষাণ!..তুই ব্যাটা কানা, আমার দিকে একবার তাকিয়ে দ্যাখ দিনি?


ব্যাপারটা না বুঝে সিধু তার ড্যাবা ট্যারা চোখ তুলে ধরল ভূতেশের দিকে। মেয়েটিও তাকাল। ঠোঁটের কোণে হাসিটুকু তার ঝরব ঝরব করছে।


চোখের কোণ কুঁচকে ভূতেশ বলল, আমার কখনও অপসরীর মতো বউ হয়, না, কন্দর্পের মতো ছেলে হতে পারে—অ্যাঁ? বিয়ের রাতে তোদের অপসরী বউ ভয় পেয়ে বলেছিল, মা গো, যেন পোড়া কাঠ! আমি হলাম পোড়া কাঠ। আমার সঙ্গে কেউ ঘর করতে পারে? কিন্তু তখনও নিজের মুখটা ভাল করে কোনওদিন বোধ হয় দেখিনি, তাই রাগে ঘেন্নায় মাথায় রক্ত চনচনিয়ে উঠল। ফুলশয্যের রাতে পায়ের থেকে জুতো খুলে বেধড়ক ঠ্যাঙালাম নতুন বউকে। আহা, দুধে আলতার সে রং, আমার বুক জ্বালানো সে হাসি ফেটে বেরুল রক্ত আর চোখের জল। পরদিন শ্বশুর লোকজন নিয়ে এসে মেয়ে নিয়ে চলে গেল। একে হাভাতে বামুন ঘরের আকাট ছেলে, তায় এই কুৎসিত চেহারা আর নামটাও আম

**********
No Review
Related Books
Loading books…