Home
বন্দী বীর

বন্দী বীর

রবীন্দ্রনাথ ঠাকুর

বন্দী বীর

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 24-Apr-2025

Change color


পঞ্চনদীর তীরে

বেণী পাকাইয়া শিরে

দেখিতে দেখিতে গুরুর মন্ত্রে

জাগিয়া উঠেছে শিখ

নির্মম নির্ভীক ।

হাজার কণ্ঠে গুরুজির জয়

ধ্বনিয়া তুলেছে দিক্‌ ।

নূতন জাগিয়া শিখ

নূতন উষার সূর্যের পানে

চাহিল নির্নিমিখ ।

‘ অলখ নিরঞ্জন '

মহারব উঠে বন্ধন টুটে

করে ভয়ভঞ্জন ।

বক্ষের পাশে ঘন উল্লাসে

অসি বাজে ঝন্‌ঝন্‌ ।

পঞ্জাব আজি গরজি উঠিল ,

‘ অলখ নিরঞ্জন ! '

এসেছে সে এক দিন

লক্ষ পরানে শঙ্কা না জানে

না রাখে কাহারো ঋণ ।

জীবন মৃত্যু পায়ের ভৃত্য ,

চিত্ত ভাবনাহীন ।

পঞ্চনদীর ঘিরি দশ তীর

এসেছে সে এক দিন ।

দিল্লিপ্রাসাদকূটে

হোথা বারবার বাদশাজাদার

তন্দ্রা যেতেছে ছুটে ।

কাদের কণ্ঠে গগন মন্থ ,

নিবিড় নিশীথ টুটে —

কাদের মশালে আকাশের ভালে

আগুন উঠেছে ফুটে !

পঞ্চনদীর তীরে

ভক্তদেহের রক্তলহরী

মুক্ত হইল কি রে !

লক্ষ বক্ষ চিরে

ঝাঁকে ঝাঁকে প্রাণ পক্ষীসমান

ছুটে যেন নিজনীড়ে ।

বীরগণ জননীরে

রক্ততিলক ললাটে পরালো

পঞ্চনদীর তীরে ।

মোগল - শিখর রণে

মরণ - আলিঙ্গনে

কণ্ঠ পাকড়ি ধরিল আঁকড়ি

দুইজনা দুইজনে ।

দংশনক্ষত শ্যেনবিহঙ্গ

যুঝে ভুজঙ্গ - সনে ।

সেদিন কঠিন রণে

‘ জয় গুরুজির' হাঁকে শিখ বীর

সুগভীর নি : স্বনে ।

মত্ত মোগল রক্তপাগল

‘ দীন্‌ দীন্‌' গরজনে ।



গুরুদাসপুর গড়ে

বন্দা যখন বন্দী হইল

তুরানি সেনার করে ,

সিংহের মতো শৃঙ্খল গত

বাঁধি লয়ে গেল ধরে

দিল্লিনগর - ' পরে ।

বন্দা সমরে বন্দী হইল

গুরুদাসপুর গড়ে ।

সম্মুখে চলে মোগল - সৈন্য

উড়ায়ে পথের ধূলি ,

ছিন্ন শিখের মুণ্ড লইয়া

বর্শাফলকে তুলি ।

শিখ সাত শত চলে পশ্চাতে ,

বাজে শৃঙ্খলগুলি ।

রাজপথ - ' পরে লোক নাহি ধরে ,

বাতায়ন যায় খুলি ।

শিখ গরজয় , ‘ গুরুজির জয় '

পরানের ভয় ভুলি ।

মোগলে ও শিখে উড়ালো আজিকে

দিল্লিপথের ধূলি ।

পড়ি গেল কাড়াকাড়ি ,

আগে কেবা প্রাণ করিবেক দান

তারি লাগি তাড়াতাড়ি ।

দিন গেলে প্রাতে ঘাতকের হাতে

বন্দীরা সারি সারি

‘ জয় গুরুজির' কহি শত বীর

শত শির দেয় ডারি ।


সপ্তাহকালে সাত শত প্রাণ

নিঃশেষ হয়ে গেলে

বন্দার কোলে কাজি দিল তুলি

বন্দার এক ছেলে ।

কহিল , ‘ ইহারে বধিতে হইবে

নিজহাতে অবহেলে ।'

দিল তার কোলে ফেলে

কিশোর কুমার , বাঁধা বাহু তার ,

বন্দার এক ছেলে ।

কিছু না কহিল বাণী ,

বন্দা সুধীরে ছোটো ছেলেটিরে

লইল বক্ষে টানি ।

ক্ষণকালতরে মাথার উপরে

রাখে দক্ষিণ পাণি ,

শুধু একবার চুম্বিল তার

রাঙা উষ্ণীষখানি ।

তার পরে ধীরে কটিবাস হতে

ছুরিকা খসায়ে আনি

বালকের মুখ চাহি

‘ গুরুজির জয়' কানে কানে কয় ,

‘ রে পুত্র , ভয় নাহি ।'

নবীন বদনে অভয় কিরণ

জ্বলি উঠি উৎসাহি -

কিশোর কণ্ঠে কাঁপে সভাতল

বালক উঠিল গাহি

‘ গুরুজির জয় ! কিছু নাহি ভয় '

বন্দার মুখ চাহি ।


বন্দা তখন বামবাহুপাশ

জড়াইল তার গলে ,

দক্ষিণ করে ছেলের বক্ষে

ছুরি বসাইল বলে -

‘ গুরুজির জয়' কহিয়া বালক

লুটালো ধরণীতলে ।

সভা হল নিস্তব্ধ

বন্দার দেহ ছিঁড়িল ঘাতক

সাঁড়াশি করিয়া দগ্ধ ।

স্থির হয়ে বীর মরিল , না করি '

একটি কাতর শব্দ ।

দর্শনজন মুদিল নয়ন ,

সভা হল নিস্তব্ধ ।


**********
No Review
Related Books
Loading books…