Home
প্রভাতে

প্রভাতে

রবীন্দ্রনাথ ঠাকুর

প্রভাতে

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 24-Apr-2025

Change color


এক রজনীর বরষনে শুধু

কেমন করে

আমার ঘরের সরোবর আজি

উঠেছে ভরে ।

নয়ন মেলিয়া দেখিলাম ওই

ঘন নীল জল করে থইথই ,

কূল কোথা এর , তল মেলে কই ,

কহো গো মোরে—

এক বরষায় সরোবর দেখো

উঠেছে ভরে ।

কাল রজনীতে কে জানিত মনে

এমন হবে

ঝরঝর বারি তিমিরনিশীথে

ঝরিল যবে—

ভরা শ্রাবণের নিশি দু - পহরে

শুনেছিনু শুয়ে দীপহীন ঘরে

কেঁদে যায় বায়ু পথে প্রান্তরে

কাতর রবে—

তখন সে রাতে কে জানিত মনে

এমন হবে ।

হেরো হেরো মোর অকূল অশ্রু -

সলিলমাঝে

আজি এ অমল কমলকান্তি

কেমনে রাজে ।

একটিমাত্র শ্বেত শতদল

আলোকপুলকে করে ঢলঢল ,

কখন ফুটিল বল্‌ মোরে বল্‌

এমন সাজে

আমার অতল অশ্রুসাগর -

সলিলমাঝে!

আজি একা বসে ভাবিতেছি মনে

ইহারে দেখি ,

দুখযামিনীর বুক - চেরা ধন

হেরিনু এ কী ।

ইহারি লাগিয়া হৃদ্‌বিদারণ ,

এত ক্রন্দন , এত জাগরণ ,

ছুটেছিল ঝড় ইহারি বদন

বক্ষে লেখি ।

দুখযামিনীর বুক - চেরা ধন

হেরিনু এ কী ।


**********
No Review
Related Books
Loading books…