Home
নগরসংগীত

নগরসংগীত

রবীন্দ্রনাথ ঠাকুর

নগরসংগীত

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 24-Apr-2025

Change color


কোথা গেল সেই মহান শান্ত

নব নির্মল শ্যামলকান্ত

উজ্জ্বলনীলবসনপ্রান্ত

সুন্দর শুভ ধরণী ।

আকাশ আলোকপুলকপুঞ্জ ,

ছায়াসুশীতল নিভৃত কুঞ্জ ,

কোথা সে গভীর ভ্রমরগুঞ্জ ,

কোথা নিয়ে এল তরণী ।

ওই রে নগরী — জনতারণ্য ,

শত রাজপথ , গৃহ অগণ্য ,

কতই বিপণি , কতই পণ্য

কত কোলাহলকাকলি ।

কত-না অর্থ কত অনর্থ

আবিল করিছে স্বর্গমর্ত ,

তপনতপ্ত ধূলি-আবর্ত

উঠিছে শূন্য আকুলি ।

সকলি ক্ষণিক , খণ্ড , ছিন্ন —

পশ্চাতে কিছু রাখে না চিহ্ন ,

পলকে মিলিছে পলকে ভিন্ন

ছুটিছে মৃত্যু-পাথারে ।

করুণ রোদন কঠিন হাস্য ,

প্রভূত দম্ভ বিনীত দাস্য ,

ব্যাকুল প্রয়াস , নিষ্ঠুর ভাষ্য ,

চলিছে কাতারে কাতারে ।

স্থির নহে কিছু নিমেষমাত্র ,

চাহে নাকো কিছু প্রবাসযাত্র ,

বিরামবিহীন দিবসরাত্র

চলিছে আঁধারে আলোকে ।

কোন্‌ মায়ামৃগ কোথায় নিত্য

স্বর্ণঝলকে করিছে নৃত্য

তাহারে বাঁধিতে লোলুপচিত্ত

ছুটিছে বৃদ্ধবালকে ।

এ যেন বিপুল যজ্ঞকুণ্ড ,

আকাশে আলোড়ি শিখার শুণ্ড

হোমের অগ্নি মেলিছে তুণ্ড

ক্ষুধার দহন জ্বালিয়া ।

নরনারী সবে আনিয়া তূর্ণ

প্রাণের পাত্র করিয়া চূর্ণ

বহ্নির মুখে দিতেছে পূর্ণ

জীবন-আহুতি ঢালিয়া ।

চারি দিকে ঘিরি যতেক ভক্ত

স্বর্ণবরনমরণাসক্ত

দিতেছে অস্থি , দিতেছে রক্ত ,

সকল শক্তিসাধনা ।

জ্বলি উঠে শিখা ভীষণ মন্দ্রে ,

ধূমায়ে শূন্য রন্ধ্রে রন্ধ্রে

লুপ্ত করিছে সূর্যচন্দ্রে

বিশ্বব্যাপিনী দাহনা ।

বায়ুদলবল হইয়া ক্ষিপ্ত

ঘিরি ঘিরি সেই অনল দীপ্ত

কাঁদিয়া ফিরিছে অপরিতৃপ্ত ,

ফুঁসিয়া উষ্ণ শ্বসনে ।

যেন প্রসারিয়া কাতর পক্ষ

কেঁদে উড়ে আসে লক্ষ লক্ষ

পক্ষীজননী , করিয়া লক্ষ্য

খাণ্ডব-হুত-অশনে ।

বিপ্র ক্ষত্র বৈশ্য শূদ্র

মিলিয়া সকলে মহৎ ক্ষুদ্র

খুলেছে জীবনযজ্ঞ রুদ্র

আবালবৃদ্ধরমণী ।

হেরি এ বিপুল দহনরঙ্গ

আকুল হৃদয় যেন পতঙ্গ

ঢালিবারে চাহে আপন অঙ্গ ,

কাটিবারে চাহে ধমনী ।

হে নগরী , তব ফেনিল মদ্য

উছসি উছলি পড়িছে সদ্য ,

আমি তাহা পান করিব অদ্য ,

বিস্মৃত হব আপনা ।

অয়ি মানবের পাষাণী ধাত্রী ,

আমি হব তব মেলার যাত্রী

সুপ্তিবিহীন মত্ত রাত্রি

জাগরণে করি যাপনা ।

ঘূর্ণচক্র জনতাসংঘ ,

বন্ধনহীন মহা- আসঙ্গ ,

তারি মাঝে আমি করিব ভঙ্গ

আপন গোপন স্বপনে ।

ক্ষুদ্র শান্তি করিব তুচ্ছ ,

পড়িব নিম্নে , চড়িব উচ্চ ,

ধরিব ধূম্রকেতুর পুচ্ছ ,

বাহু বাড়াইব তপনে ।

নব নব খেলা খেলে অদৃষ্ট

কখনো ইষ্ট কভু অনিষ্ট ,

কখনো তিক্ত কখনো মিষ্ট ,

যখন যা দেয় তুলিয়া —

সুখের দুখের চক্রমধ্যে

কখনো উঠিব উধাও পদ্যে ,

কখনো লুটিব গভীর গদ্যে ,

নাগরদোলায় দুলিয়া ।

হাতে তুলি লব বিজয়বাদ্য

আমি অশান্ত , আমি অবাধ্য

যাহা-কিছু আছে অতি অসাধ্য

তাহারে ধরিব সবলে ।

আমি নির্মম আমি নৃশংস

সবেতে বসাব নিজের অংশ ,

পরমুখ হতে করিয়া ভ্রংশ

তুলিব আপন কবলে ।

মনেতে জানিব সকল পৃথ্বী

আমারি চরণ-আসনভিত্তি ,

রাজার রাজ্য দস্যুবৃত্তি

কোনো ভেদ নাহি উভয়ে ।

ধনসম্পদ করিব নস্য ,

লুণ্ঠন করি আনিব শস্য ,

অশ্বমেধের মুক্ত অশ্ব

ছুটাব বিশ্বে অভয়ে ।

নব নব ক্ষুধা , নূতন তৃষ্ণা ,

নিত্যনূতন কর্মনিষ্ঠা ,

জীবনগ্রন্থে নূতন পৃষ্ঠা

উলটিয়া যাব ত্বরিতে ।

জটিল কুটিল চলেছে পন্থ

নাহি তার আদি নাহিকো অন্ত ,

উদ্দামবেগে ধাই তুরন্ত

সিন্ধু-শৈল-সরিতে ।

শুধু সম্মুখে চলেছি লক্ষি

আমি নীড়হারা নিশার পক্ষী ,

তুমিও ছুটিছ চপলা লক্ষ্মী ,

আলেয়া-হাস্যে ধাঁধিয়া ।

পূজা দিয়া পদে করি না ভিক্ষা ,

বসিয়া করি না তব প্রতীক্ষা ,

কে কারে জিনিবে হবে পরীক্ষা —

আনিব তোমারে বাঁধিয়া ।

মানবজন্ম নহে তো নিত্য ,

ধনজনমান খ্যাতি ও বিত্ত

নহে তারা কারো অধীন ভৃত্য —

কাল-নদী ধায় অধীরা ।

তবে দাও ঢালি — কেবলমাত্র

দু-চারি দিবস , দু-চারি রাত্র ,

পূর্ণ করিয়া জীবনপাত্র

জনসংঘাতমদিরা ।


**********
No Review
Related Books
Loading books…