দুই পাখি

দুই পাখি

রবীন্দ্রনাথ ঠাকুর

দুই পাখি

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconpoetry

Posted byবেলা 24-Apr-2025

Change color


খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে

বনের পাখি ছিল বনে ।

একদা কী করিয়া মিলন হল দোঁহে ,

কী ছিল বিধাতার মনে ।

বনের পাখি বলে , খাঁচার পাখি ভাই ,

বনেতে যাই দোঁহে মিলে ।

খাঁচার পাখি বলে — বনের পাখি , আয়

খাঁচায় থাকি নিরিবিলে । '

বনের পাখি বলে — ‘ না ,

আমি শিকলে ধরা নাহি দিব । '

খাঁচার পাখি বলে — ‘ হায় ,

আমি কেমনে বনে বাহিরিব! '

বনের পাখি গাহে বাহিরে বসি বসি

বনের গান ছিল যত ,

খাঁচার পাখি পড়ে শিখানো বুলি তার —

দোঁহার ভাষা দুইমতো ।

বনের পাখি বলে , খাঁচার পাখি ভাই ,

বনের গান গাও দিখি ।

খাঁচার পাখি বলে , বনের পাখি ভাই ,

খাঁচার গান লহো শিখি ।

বনের পাখি বলে — না ,

আমি শিখানো গান নাহি চাই । '

খাঁচার পাখি বলে — ‘ হায় ,

আমি কেমনে বন-গান গাই । '


বনের পাখি বলে , ‘ আকাশ ঘননীল ,

কোথাও বাধা নাহি তার । '

খাঁচার পাখি বলে , ‘ খাঁচাটি পরিপাটি

কেমন ঢাকা চারি ধার । '

বনের পাখি বলে , ‘ আপনা ছাড়ি দাও

মেঘের মাঝে একেবারে । '

খাঁচার পাখি বলে , নিরালা সুখকোণে

বাঁধিয়া রাখো আপনারে! '

বনের পাখি বলে — ‘ না ,

সেথা কোথায় উড়িবারে পাই! '

খাঁচার পাখি বলে — ‘ হায় ,

মেঘে কোথায় বসিবার ঠাঁই! '

এমনি দুই পাখি দোঁহারে ভালোবাসে

তবুও কাছে নাহি পায় ।

খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে ,

নীরবে চোখে চোখে চায় ।

দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে ,

বুঝাতে নারে আপনায় ।

দুজনে একা একা ঝাপটি মরে পাখা ,

কাতরে কহে , ‘ কাছে আয়! '

বনের পাখি বলে — না ,

কবে খাঁচার রুধি দিবে দ্বার ।

খাঁচার পাখি বলে — হায় ,

মোর শকতি নাহি উড়িবার ।


**********