
বিবাগী পাখি
আশাপূর্ণা দেবী
পর্ব ১
মেয়েটার বয়েস বছর চোদ্দ-পনেরোর কম নয়, কিন্তু স্কার্ট আর আঁটো জ্যাকেটের কারসাজিতে অধিকারী তাকে দশে নামিয়েছে।
তবু যেটুকু সন্দেহ আসতে পারত, সেটুকুও মেরে নেওয়া হয়েছে কোমরে ওই চওড়া জরির কোমরবন্ধটাকে কষে বেঁধে দিয়ে। ওটার জন্যেই বিশেষ করে বালিকা বালিকা লাগে। তা ছাড়া ভঙ্গিটাও লিলির নিতান্তই বালিকাসুলভ। যেন মনটাকেও সে ওই খাটো স্কার্ট, আঁটো জ্যাকেট আর চওড়া কোমরবন্ধের দেওয়ালের মধ্যে আটকে রেখেছে। পুরনো কালের চীনের মেয়েদের লোহার জুতোয় পা আটকে রাখার মতো।
অধিকারীকে সবাই অধিকারীমশাই বললেও ভবানী অপেরার অধিকারী কুঞ্জলাল দাস সেই সম্বোধনটাকে খুব না-পছন্দ করে। বলে, মিস্টার দাস বললে কি হয়? কি হয়?
হাঁ, মিস্টার শব্দটা বিশেষ পছন্দ কুঞ্জলালের। কারণ নিজেকে সে প্রোপ্ৰাইটার বলে থাকে। তা বলবার অধিকার তার নেই তা নয়।
প্রোপ্ৰাইটার দাসের ভবানী অপেরা শুধু মফস্বর শহরেই নাম কিনে বেড়ায় না, কলকাতার যাত্ৰা প্ৰতিযোগিতার উৎসবে এসেও নাটক দেখিয়ে মেডেল নিয়ে যায়।
পৌরাণিক পালার দিকে মন নেই কুঞ্জর, সামাজিক নাটক নামায় সে। সমাজের সর্ববিধ অনাচার কদাচারকে লোকের সামনে তুলে ধরে তার ওপর চাবুক মেরে দেখাতে চায় কুঞ্জ, কোথায় তলিয়ে যাচ্ছে সমাজ, কী পরিমাণ দুর্নীতিতে ড়ুবে যাচ্ছে দেশ?
তাই কুঞ্জর পালাগুলির নাম সাধারণত এই ধরনের হয়—ভণ্ডামীর মুখোস, একেই কি বলে দেশসেবা? দুঃখীর রক্ত, নিরন্নের কান্না, চাবুক, কষাঘাত ইত্যাদি।
কুঞ্জ অধিকারী যে কতবড়ো বুকের-পাটাওয়ালা লোক একথা টের পাওয়া যায়। ওই সব পালা দেখলে। রাজা-উজির থেকে শুরু করে, দারোগা, দেশ নেতা, কালোবাজারী বা অসতী নারী, সব্বাইকে এক তরোয়ালে কাটে কুঞ্জ, এক চাবুকে দাগে। কাউকে রেয়াত করে না।
শোনা যায় কোথায় নাকি কোন বারোয়ারি পুজের মণ্ডপে একখানা পালা নামিয়েছিল কুঞ্জ, যার নাম ছিল দুঃশাসন এবং যার নায়ক ছিল এক পুলিশ ইনস্পেক্টর। সাদা বাংলায় দারোগাবাবু।
বলা বাহুল্য সে নাটকে দারোগাবাবুদের প্রীত হবার মতো উপকরণ ছিল না। আর ভাগ্যের খেলায় সেখানে দর্শকের আসনে এক দারোগাবাবু উপস্থিত ছিলেন। খুব সম্ভব তিনি ওই উদ্যোক্তাদের কোনো মাননীয় আত্মীয়, আমন্ত্রিত হয়ে এসেছেন।
দুঃশাসন নামটি শুনেই তিনি মহাভারতের পৃষ্ঠায় পৌঁছে গিয়েছিলেন, এবং কুরুক্ষেত্ৰ যুদ্ধ ও ভয়ঙ্কর একটি রক্তপান উৎসব-এর অপেক্ষায় স্পন্দিত হচ্ছিলেন। কিন্তু অভিনয় শুরু হতেই কেমন যেন চাঞ্চল্য অনুভব করতে থাকেন দারোগাবাবু, তারপর মাঝপথে হঠাৎ রে রে করে তেড়ে ওঠেন। আর সেই রে রে করার প্রতিক্রিয়ায় কুরুক্ষেত্র কাণ্ডের অভাব প্রায় পূর্ণ হয়।
দারোগাবাবুর চিৎকার, সমবেত জনগণের প্রবল প্রতিবাদ, আর শিশুকুলের কান্না, সব মিলিয়ে সে একেবারে কেলেঙ্কারি চরম। দারোগাবাবু দাপিয়ে বেড়ান—আমি ওই অধিকারী শা-কে অ্যারেস্ট করব, ওকে আমি ঘানি টানাব, ওকে ওর বাবার বিয়ে দেখাব, ওর যাত্রাপালা করে বেড়ানো জন্মের শোধ ঘোচাবা, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ একজন ক্ষমতামদমত্ত ব্যক্তির আগুন-জ্বলে-ওঠা মাথায় যা যা বলা সম্ভব সবই বলে চলেন। ওদিকে নাটক পণ্ড হওয়ায় অগণিত অসহিষ্ণু দর্শক হই-চই করতে থাকে।
কিন্তু সহসা এক নাটকীয় আবির্ভাব ঘটে।
বুক ভর্তি মেডেলে সুসজ্জিত গৰ্বদৃপ্ত প্রোপ্রাইটার কুঞ্জ দাস এসে কথার ভণিতায় একেবারে ঠাণ্ডা করে দেয়।–
কুঞ্জ দাস এসে দাঁড়ায়, তার বুকের উপরকার মেডেলগুলো আলোয় ঝকমকিয়ে ওঠে, আর পিছন থেকে একটা লোক সেই আদ্যিকালের গ্রামোফোনের চোঙ একটা বাড়িয়ে ধরে কুঞ্জর মুখের কাছে।
কুঞ্জ তার ভিতর থেকে আবেদন জানায়, গরিবের মা-বাপ দারোগাসাহেব, অ্যারেস্টই করুন, আর ফাঁসিই দিন, কোনো আপত্তি নেই, দয়া করে শুধু আপনার সামনে একখানা প্রশ্ন নিবেদন করতে দিন।?
হঠাৎ এই বাজখাঁই নিবেদনে গোলমালটা উদ্দামত হারায়, কৌতূহলী জনতা কান খাড়া করে সেই প্রশ্নখানি-র আশায়। দারোগাবাবুও হঠাৎ একটু থিতিয়ে যান। আর হিজ মাস্টারস ভয়েস-এর চোঙ বলে চলে, অপরাধটা আমার কোথায় বলতে পারেন আজ্ঞে? মানছি। আমার নাটকে একজন পাজী বদমাস ঘুষখোর দারোগার চরিত্র-চিত্রণ করা হয়েছে। যে লোকটা হাতে-পাওয়া ক্ষমতাবলে যত পারছে বেআইনী কাজের সাহায্য করে তার বিনিময়ে মোটা মোটা টাকা উৎকোচ নিচ্ছে। আছে আমার নাটকে এমন চরিত্র। কিন্তু বাবুমশায়, বলুন। একবার, সেই লোক কি আপনি? আপনার চরিত্র কি এত নীচ? বলুন? বলুন, আমার দুঃশাসনকে দেখে কি আপনার নিজের প্রতিবিম্ব বলে মনে হচ্ছে? তা যদি হয়, আমাকে এখুনি গুলি করুন, মানীলোকের মানের ক্ষতি করেছি, এই ভেবে কান মূলতে মূলতে মরব।
কিন্তু বাবুমশায়, আমার প্রশ্নখানার জবাব দিয়ে তবে গুলি করতে হবে। বলুন নাটকের এই চরিত্র আপনকার প্রতিবিম্ব বলে মনে হচ্ছে?
বক্তব্য এবং বক্তব্যের ভাষায় দর্শকদের মধ্যে থেকে একটা চাপা হাসির গুঞ্জন ওঠে। আর দারোগাবাবুর মুখ লাল হয়ে ওঠে?
কিন্তু হঠাৎ পরিস্থিতির পরিবর্তনে ডাকহাঁকটা সামলাতে হয় তাঁকে। ক্রুদ্ধ কণ্ঠে গাভীর্য এনে বলেন তিনি, আমার কথা হচ্ছে না, কিন্তু এভাবে একজন পুলিশ ইনস্পেক্টরের গায়ে কালি ছিটানো মানেই পুলিশ জাতটাকে অপমান করা। স্বজাতি প্রেমবিগলিত দারোগাবাবু কণ্ঠস্বর উচ্চগ্রামে তোলেন। বলেন, সেই অবমাননার অপরাধে তোমার নামে চার্জ আনব আমি।
তথাপি কুঞ্জ দাস ভয়ে ভীত হয় না।
কুঞ্জ দাস আবার চোঙের পিছনে মুখ রাখে, আর চোঙের মুখে খানখনে গলায় বলে চলে, চার্জ আপনি আমার নামে একটা কেন, একশোটা আনতে পারেন। বাবুমশায়, আপনিই যখন ইনচার্জ, চার্জের ভঁড়ারটাই তো আপনকার হাতে। কিন্তু তাহলেও আবার একখানা প্রশ্ন রাখতে হয়। বাবুমশায়। প্রশ্নখানা হচ্ছে, অধম কুঞ্জ দাসকে চার্জে ফেলার আগে এ প্রমাণটা দিতে পারবেন কি সমগগ্রে পুলিশ বিভাগে কোথাও ঘুষ নেওয়া নেই, চোর বদমাসদের সাহায্য করা নেই, গাঁটকােটা, পকেটমারদের সহায়তা করা নেই?…জবাবটা স্যর দিতেই হবে।.তারপর আমি আছি, আপনি আছেন, আর আপনার চার্জ আছে।
দারোগাবাবুর মাথার মধ্যে সমুদ্র-রোল। দারোগাবাবুর কানের মধ্যে হাসির কল-কল্লোল। এই ভণিতা, এই বাকচাতুরী, এর সঙ্গে লড়তে পারবেন। তিনি? পারতেন, শুধু দুজনে মুখোমুখি হলে, মাথার ঘিলু বার করে দিতেন অধিকারীর। কিন্তু এখানে সহস্ৰ লোক। আর অন্তরলোকে অনুভব করতে পারেন, সেই সহস্রের ঊনসহস্রই অধিকারীর পক্ষে।
কিন্তু তাই বলে তো চুপ করে থাকা চলে না? দারোগাবাবু তাই যথাসম্ভব গলা চড়িয়ে বলে ওঠেন, এক-আধটা বেচাল লোক সর্বত্রই থাকে অধিকারী, কাজেই তামা-তুলসী নিয়ে শপথ করতে পারিনে। তথাপি আমি নিশ্চয়ই আপত্তি তুলব, এভাবে যাত্ৰা-থিয়েটারের মধ্যে সেই একজনকে টেনে এনে ইয়ে করা। কথা জোগায় না বলেই ইয়ে দিয়ে সারেন দারোগাবাবু। তারপর চেঁচিয়ে বলেন, থানায় তোমায় যেতেই হবে।
হিজ মাস্টারস ভয়েস-এর চোঙ। আবার খনখনিয়ে ওঠে, সে তো বুঝতেই পারছি। সার! আপনকার যখন হুকুম। তবে এটাই বুঝছি না। স্যার, আমার এই নাটকে এই যে একটা অতি কুচরিত্র মেয়েছেলের পার্ট রয়েছে, যে নাকি নিজের স্বামীকে বিষ প্রয়োগের চেষ্টা করছে, কই তাকে দেখে তো। এখানের এই শত শত মা-লক্ষ্মীদের মধ্যে কেউ আপনার মতো ক্ষেপে উঠলেন না? কই বলে উঠলেন না তো—যেহেতু ও মেয়েছেলে, সেই হেতু আমাদের গায়ে অপমানের কালি এসে লেগেছে! তবে সাধ্যমতো বলি-বলবেন কেন? ওনারা—আমাদের সতীসাধ্বী মা-জননীরা জানেন, নাটক-নবেলের কাজই এই! মন্দকে চোখে ধরিয়ে দেওয়া। পাপকে উচ্ছেদের চেষ্টা করা! ওনারা ওই বদ মেয়েছেলেটাকে মোটেই স্ব-জাতি বলে মনে করছেন না। তাই ওনারা নীরবে নাট্যদৃশ্য দেখছেন! তা সে যাক—এখন বলুন বাবুমশায়, নাটক বন্ধ করে এই দণ্ডে আপনকার সঙ্গে থানায় যেতে হবে, না নাটকটা আজ্ঞে শেষ করে যাব? তবে পালিয়ে আমি যাব না। বলুন, এখন আপনার কী আদেশ?
দৰ্শককুল এতক্ষণ যাত্রাপালার বদলে তর্জর লড়াইয়ের আস্বাদ অনুভব করে চুপ করে ছিল। এবার তুমুল হট্টগোল ওঠে, নাটক হোক! পালা চলুক।
দারোগাবাবু এই উন্মত্ত গণদেবতার দিকে তাকান, তারপর আচ্ছা ঠিক আছে— বলে গট গট করে বেরিয়ে যান।
তুমুল হর্ষোচ্ছাসের মধ্যে আবার ভাঙা-পালা জোড়া লাগে। দর্শকরা হাততালি দিয়ে দিয়ে হাতে ব্যথা ধরিয়ে ফেলে।
বলাবাহুল্য পরে দারোগাবাবু তাকে দেখে নেবার চেষ্টাই আর করেননি।
এই। এই বুকের পটা আর বাকচাতুরীর জোরেই কুঞ্জ দাস দলের লোকগুলোকে মুঠোয় পুরে রেখেছে। নচেৎ—জগতের যত শাসন-শোষণ-নিপীড়ন-এর দৃশ্য তুলে তুলে সমাজের চৈতন্য করিয়ে দিতে আসে বলেই যে কুঞ্জ নিজে ওই দোষগুলির বাইরে, তা নয়। দলের লোকদের উপর কুঞ্জর ব্যবহার দারোগার বাবা-সদৃশ। তবে মারধর করে না সে।—কাউকেই না।
ওই লিলিটা তো সেই তিন চার বছর বয়েস থেকে অধিকারীর কবলে, বলুক দিকি মার কোনোদিন খেয়েছে? অধিকারীর শাসননীতি অন্য ধরনের। সে হাতে মারে না, ভাতে মারে। খেতে না দেওয়া হচ্ছে তার প্রধান শাসন। তাছাড়া—খাটানো। সেও এক রকম শাসন। যে যেদিন অপরাধী সাব্যস্ত হয়, তার ওপর দলের সমস্ত লোকের রান্নার ভার পড়ে, কাঠ কাটা, জল তোলা, বাসন মাজার ভার পড়ে। বামুনের ছেলে হলেও রেয়াত নেই।
ব্ৰাহ্মণত্বের গৌরবে কেউ প্রতিবাদ তুললে, কি গোজ হয়ে থাকলে, অধিকারী তার মিষ্টমধুর বচন ঝাড়ে।—
বামুনের ছেলে? অর্থ্যা, কী বললি? বামুনের ছেলে? ওরে বাপধন, সেই দৈব ঘটনাটা এখনও মনে রেখেছিস? ভুলে যা বাপ ভুলে যা! মনে রাখলে শুধু যন্তান্না। ওরে তুই যে একদা বামুনের ঘরে। জন্মেছিলি, সেটা সেরেফ দৈবাতের ঘটনা। মানুষের পেটে কখনও কখনও যেমন তোপয়ে জীব জন্মায়, একটা মাথা দুটা ধড়, আজব প্রাণী জন্মায়, তেমনি!… বামুনের ছেলে! বাসন মাজব না— শুনে হাসিতে যে পেট গুলিয়ে উঠছে রে! বলি-জাত তোর এখনও আছে? বামুনের ছেলের যা যা কত্ত্যব্য করিসি সব? ত্ৰিসন্ধে গায়ত্রী? স্বপাক হব্বিষ্যি? বল? বল বাপা!
আশ্চর্য! তথাপি রাগ করে চলে যাওয়ার ঘটনা প্রোপ্ৰাইটার কুঞ্জ দাসের দলে বিরল ঘটনা! ওই বাক্য সুধা পানের পর অপরাধী ব্রাহ্মণ তার ব্রাহ্মণত্ব বিসর্জন দিয়ে অধিকারীর নির্দেশিত কাজই করে। টিকেও যায়।
তবে শান্তিস্বরূপ দৈবাৎ ভাত বন্ধ করলেও এমনিতে কুঞ্জর এখানে খাওয়াদাওয়ার ব্যবস্থা দস্তুর মতো ভালো! আর সে খাওয়ায় পক্ষপাতিত্ব নেই। অধিকারী নিজে যা খায়, শতরঞ্জি গুটোবার চাকর কেষ্ট বাগদীও তাই খায়।
ওই যে লিলি, যাকে না কি সবাই ব্যঙ্গ করে বলে থাকে, অধিকারীর পুষ্যপুত্তুর, তারও ওই একই বরাদ্দ। ভালো আয়োজন হল তো ভালো, আর সুবিধে অসুবিধেয় আয়োজন খারাপ হলে খারাপ।
আদুরে খুঁকি লিলি কোনো কোনো দিন আদুরে গলায় বলে, চচ্চড়ি আমি খাব না। ডাল ভাত আমার বিচ্ছিরী লাগে, আমি, শুধু মাছের ঝোল দিয়ে ভাত খাব।
অধিকারী তার জোড়া বেণীর একটাকে টেনে তাকে কাছে নিয়ে এসে বলে, বুঝলাম, খাবে। ডালভাত তোমার রোচে না, তাই শুধু মাছের ঝোল ভাত খাবে। কিন্তু বলতে যাদু, কেন তা খাবে? কিসের দাবিতো? সবাই যা করছে, তুমি তাই করছ! মাঝে মাঝে পার্ট করছ, আর কি? আর কিছু নয়। তবে? ভাবিছ যে অধিকারীর আব্দুরী। আমি, আমার জোর বেশি, কেমন? ভুল! ভুল মাইডিয়ার, একেবারে ভুল! এই প্রোপ্ৰাইটার কুঞ্জ দাসের কাছে একচোখোমি পাবে না, সব সমান! তুমি এখনও পর্যন্ত চুল গুটিয়ে ছেলে সাজছ, তোমার দক্ষিণে কম। যখন চুল এলিয়ে হিরোয়িন সাজবে, তখন দক্ষিণে বাড়বে। ব্যস!
তবে মন ভালো থাকলে আর সময় থাকলে যখন পাকা চুল তুলতে ডাকে লিলিকে, তখন একটু প্রশ্রয় দেয়। চোখ বুজে বুজেই বলে, এবারে পুজোয় কি নিবি বল? আনারসী শাড়ি? ঘুণ্টিদার জুতো? লাল রিবন? আচ্ছা আচ্ছা, হবে।
আবার কোনো সময় গল্পও করে কুঞ্জ লিলির সঙ্গে। কেষ্ট হতভাগা কতবড়ো হতভাগা জনিস? সেদিন নাকি শতরঞ্জির ওপর কোন বাবু ভাইয়ের একখানা মানিব্যাগ পড়ে ছিল, ছোঁড়া নাকি সেটা বিপিন সরকারের কাছে জমা দিয়ে দিয়েছে! দেখ। তবে কতবড়ো মুখু আর হতভাগা! নিয়ে নিতিস, কে দেখত শুনি?
লিলি ঠিকরে উঠে বলে, ভগবান দেখত।
ভগবান! ও বাবা! সে লোকটা আবার দেখতে পায় নাকি? সে তো বোবা কালা