Home
বজ্রগোলাপ

বজ্রগোলাপ

অনীশ দেব

বজ্রগোলাপ

অনীশ দেব
novel

Posted byমৌ বর্মণ03-Jul-2025

Change color

৷৷এক৷৷

ঘিয়া নদীর পাড়ে রাহুলের সঙ্গে কোকোর প্রথম দেখা হয়েছিল৷ ভিজে জামা-কাপড়ে একটা বটগাছের নীচে কোকো অজ্ঞান হয়ে পড়েছিল৷

সেদিন আকাশে অনেক মেঘ ছিল৷ তাই বৃষ্টির আশায়-আশায় ছিল সবাই৷ কিন্তু সন্ধে পর্যন্ত বৃষ্টির দেখা মেলেনি৷ অদৃশ্য সুতোয় বাঁধা থোকা-থোকা ঘন মেঘ মাথার ওপরে ঝুলছিল৷ আর তারই ফাঁকে-ফাঁকে বিদ্যুতের আলো ঝলসে উঠছিল৷ আলোর পরই গুড়-গুড়াম৷ মেঘের ডম্বরু বাজছিল৷

মোহনকুমার স্মৃতি চ্যালেঞ্জ শিল্ড-এর ফাইনাল ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিল রাহুল৷ সঙ্গে তিন বন্ধু—গোপাল, নিধু, আর দীপায়ন৷ খেলাটা ছিল ওদের পাশের গ্রামে—যে-গ্রামটার নাম ভারী অদ্ভুত : তিনমাইল৷ এই নামটার কারণ বাপির কাছে জানতে চেয়েছিল রাহুল৷ সে বেশ কয়েকবছর আগে—যখন ও ক্লাস ফাইভে পড়ত৷ তখন বাপি বলেছিল, ‘সাত বছর আগেও গ্রামটার কোনও নাম ছিল না৷ সবাই বলত মণিমেলার পাশের গ্রাম৷ তারপর ঘিয়া নদীতে নতুন ব্রিজ তৈরি হল৷ সেটা থেকে ওই গ্রামটার দূরত্ব মোটামুটি তিনমাইল৷ লোকের মুখে-মুখে ওই তিনমাইল দূরত্বের ব্যাপারটা ঘুরতে-ঘুরতে তা থেকে শেষ পর্যন্ত ওটা গ্রামের নাম হয়ে গেছে৷’

তিনমাইলের ফুটবল খেলায় রাহুলরা কোনও দলের সাপোর্টার ছিল না৷ স্রেফ ফুটবল খেলার নেশাতেই ওরা চারজন ফাইনাল ম্যাচ দেখতে গিয়েছিল৷ ম্যাচ শেষ করে ফেরার সময় আকাশের অবস্থা ঠিক যেন বৃষ্টি হব-হব৷ তাই কখনও হেঁটে কখনও ছুটে ওরা মণিমেলার দিকে ফিরছিল৷

একটু পরেই ওরা ঘিয়া নদীর পাড়ে পৌঁছে গেল৷ এবার নদী পেরোলেই মণিমেলা৷ উঁচু পাড় থেকে মাটির ঢাল জলের দিকে নেমে গেছে৷ নদীতে জল এখন বেশি নেই৷ গত দু-সপ্তাহে দু-তিনদিন বৃষ্টি হলেও বর্ষা সেরকমভাবে এখনও শুরু হয়নি৷ তাই ঘিয়া এখন শান্ত, নিরীহ৷ বর্ষার দাপটে এই শান্তশিষ্ট নদীটার রূপ বদলে যায়৷ তখন ঘিয়ার এত স্রোত থাকে যে, সাঁতরে এপার-ওপার করতেও ভয় হয়৷

রাহুলরা নদীর পাড়ে যেখানটায় এসে দাঁড়াল সেখানে কোনও ব্রিজ নেই৷ তবে খেয়া পারাপারের ব্যবস্থা আছে৷ ছোট ডিঙিনৌকো—বড়জোর দশ-বারোজন দাঁড়াতে পারে৷ খেয়া পার হয়ে গেলে রাহুলদের বাড়িটা কাছাকাছি হয়৷ ব্রিজ দিয়ে ঘিয়া পেরোতে হলে অনেকটা ঘুরপথ হয়ে যায়৷

রাহুল-গোপালরা সবাই সাঁতার জানে৷ তাই বেশ সহজভাবে ওরা নৌকোর ওপরে দাঁড়িয়ে ছিল আর ফাইনাল খেলা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছিল৷

কথা বলতে-বলতে রাহুল বারবার আকাশের দিকে তাকাচ্ছিল৷ যদি বৃষ্টি নামে তা হলে আর রক্ষে নেই৷ না, বৃষ্টিতে ভেজার ভয় ও করছে না৷ আসলে স্কুল-লাইব্রেরির দুটো গল্পের বই ও টেবিলের খোলা জানলার কাছে রেখে এসেছে৷ ওগুলো যদি ভিজে যায়!

ঘিয়া পার হয়ে ওরা চারজন নদীর পাড় বেয়ে উঠতে শুরু করল৷ ঠিক তখনই আচমকা ঝড় উঠল৷ ঠান্ডা বাতাস ওদের ঘিরে পাক খেতে লাগল আর কালো আকাশ থেকে কয়েক ফোঁটা বৃষ্টি টপাটপ করে পড়তে শুরু করল৷

নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটা বড়-বড় গাছ ঝোড়ো বাতাসে হেলে পড়েছিল৷ ওদের ডালপালা-পাতা পতাকার মতো উড়ছিল৷

চোখে হাত চাপা দিয়ে রাহুল ধুলো আটকাচ্ছিল৷ সেই অবস্থায় পা হড়কে গিয়ে ও বেশ খানিকটা পিছিয়ে পড়ল৷ ততক্ষণে নিধু, গোপাল আর দীপায়ন নদীর ঢাল পেরিয়ে ওপরের কাঁচা রাস্তায় উঠে পড়েছে৷

নিধু একবার চেঁচিয়ে রাহুলকে ডাকল, ‘জলদি আয়৷ এখুনি জোরে বৃষ্টি আসবে…৷’

সেই চেষ্টাই করছিল রাহুল৷ এছাড়া খোলা জানলার কাছাকাছি রাখা বইগুলো ভিজে যাবে, এই ব্যাপারটাও মাথায় ছিল৷ তাই আরও জোরে পা চালাল৷ আর ঠিক সেই সময়েই সীসের মতো আকাশে নীলচে সাদা বিদ্যুৎ ঝলসে উঠল৷ পলকের জন্য চারপাশটা আলোয় আলো হয়ে গেল৷ আর তখনই লোকটাকে দেখতে পেল ও৷ সঙ্গে-সঙ্গে বিকট শব্দে বাজ পড়ল৷

নদীর পাড়ে দাঁড়ানো ঝুরি-নামা একটা বটগাছের নীচে পড়ে আছে একটা মানুষ৷ রাহুলের কাছ থেকে প্রায় কুড়ি-পঁচিশ ফুট দূরে৷ এই মেঘলা কমজোরি আলোয় লোকটাকে হয়তো চোখেই পড়ত না যদি না ওর শরীর থেকে চকচকে কিছু একটা বিদ্যুতের আলোয় ঝিলিক মেরে উঠত৷

রাহুলের পথ বেঁকে গেল৷ ও পায়ে-পায়ে এগিয়ে গেল লোকটার কাছে৷ ওর ওপরে ঝুঁকে পড়ল৷

বৃষ্টি এখনও না পড়ার মতন, অথচ মানুষটার জামা-প্যান্ট সব জলে ভিজে সপসপে৷ পায়ে জুতো নেই৷ গায়ের রং ফরসা৷ তাই শরীরের কাটা দাগগুলো স্পষ্ট চোখে পড়ছে৷ ছুরির ডগা দিয়ে কেউ যেন ওর হাত-পায়ে দাগ কেটেছে৷ সেই চেরা জায়গাগুলো থেকে রক্ত চুঁইয়ে পড়ছে৷

পাশ ফিরে মাটির দিকে মুখ ঘুরিয়ে অসাড়ভাবে পড়ে আছে লোকটা৷ বেঁচে আছে না মরে গেছে বোঝার উপায় নেই৷

যে-জিনিসটা বিদ্যুতের আলোয় ঝিলিক মেরে উঠেছিল এবার সেটার দিকে তাকাল রাহুল৷ গলায় আটকানো একটা মেটাল ব্যান্ড৷ অনেকটা কুকুরের বকলসের মতো৷ এক কি দেড় সেন্টিমিটার চওড়া৷

রাহুলের একবার মনে হল, লোকটা কি নেশা করে পড়ে আছে? আবার মনে হল, লোকটা ঘিয়া নদীর জলে ভেসে আসেনি তো? ও ঝুঁকে পড়ে লোকটাকে ডাকল : ‘এই যে, শুনছেন! এই যে—৷’

কোনও সাড়া নেই৷

লোকটা কি মরে গেছে? নাকি অজ্ঞান হয়ে গেছে?

কয়েক সেকেন্ড অপেক্ষা করে মরিয়া হয়ে লোকটাকে ঠেলা মারল রাহুল : ‘এই যে, শুনছেন!’

না, কোনও সাড়া নেই৷ শুধু বাতাসের সোঁ-সোঁ শব্দ আর গাছের পাতার ছটফটানির আওয়াজ৷

এদিকে রাহুলকে পিছনে দেখতে না পেয়ে নিধু-গোপালরা ফিরে আসছিল৷ রাহুলের নাম ধরে বারবার ডাকছিল৷

দু-হাতে লোকটার ডানকাঁধ ধরে টান মারল রাহুল৷ লোকটার শরীরটা আধপাক ঘুরে চিত হয়ে গেল৷

লোকটাকে ভালো করে দেখল রাহুল৷

বয়েস কত হবে, বড়জোর সাতাশ-আটাশ৷ মাথায় কদমছাঁট চুল৷ ছোট-ছোট চোখ৷ নাকটা সামান্য থ্যাবড়া৷ ঠোঁটজোড়া একটু ফাঁক হয়ে থাকায় দাঁত দেখা যাচ্ছিল৷

রাহুল লক্ষ করল, লোকটার দু-গালে নতুন দশ পয়সার মাপের তিনটে কালচে গোল দাগ৷ কেউ যেন কড়ে আঙুল দিয়ে কাজলের টিপ পরিয়ে দিয়েছে৷

লোকটার মুখে বৃষ্টির ফোঁটা পড়ছিল৷ একইসঙ্গে রাহুল ওকে ধাক্কা দিচ্ছিল, ডাকাডাকি করছিল৷

এমন সময় গোপালরা রাহুলের কাছে পৌঁছে গেল৷ লোকটাকে দেখে ওরা নিজেদের মধ্যে আলোচনা শুরু করে দিল, তর্ক জুড়ে দিল৷ আর লোকটার হাত ধরে ঝাঁকুনি দিতে লাগল৷ থুতনি ধরে এপাশ-ওপাশ নাড়তে লাগল৷ বুকে হাত দিয়ে পরীক্ষা করতে লাগল৷

ওরা এটুকু বুঝল, জামা-প্যান্ট ভিজে থাকলেও লোকটার শরীরে তাপ আছে৷ বুকে কান পেতে ধরলে ধুকপুকুনি দিব্যি টের পাওয়া যাচ্ছে৷ লোকটা যে বেঁচে আছে তাদে কোনও সন্দেহ নেই৷ কিন্তু ওর শরীরের কাটা দাগগুলো এল কেমন করে? আর ওর গলার মেটাল ব্যান্ডটাই বা কী?

এর মধ্যেই ঝড় কিছুটা কমে গেছে৷ বৃষ্টি একটু জোরালো হয়েছে৷ গাছের পাতার খসখসানি শব্দও খানিকটা স্তিমিত৷ ওরা তখনও লোকটাকে জাগানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল৷

হয়তো বৃষ্টির জল মুখে পড়ার জন্যই হঠাৎ লোকটা চোখ খুলে তাকাল৷ চারটে মুখ ওর ওপরে ঝুঁকে রয়েছে দেখে ভয়ের একটা চাপা চিৎকার করে উঠল৷

নিধু ওকে আশ্বাস দিয়ে বলল, ‘ভয় পেয়ো না৷ কোনও ভয় নেই৷’

দীপায়ন জিগ্যেস করল, ‘তুমি কে? নদীর পাড়ে এখানে কোত্থেকে এলে?’

লোকটা ভয়ের চোখে ওদের মুখগুলোর ওপরে একবার নজর বুলিয়ে নিল৷ তারপর ডানহাতটা শূন্যে তুলে নদীর দিকে দেখাল৷ যেদিক থেকে ঘিয়া নদী বয়ে আসছে সেদিকে৷ রাহুল লক্ষ করল, লোকটার হাত কাঁপছে৷

রাহুল তাকাল নদীর উজানের দিকে৷ তা হলে কি লোকটা নদীর জলে ভেসে এসেছে?

রাহুল জিগ্যেস করল, ‘আপনি কোথায় যাবেন?’

লোকটা সরল চোখে ফ্যালফ্যাল করে তাকাল রাহুলের দিকে৷ তারপর দু-হাতের আঙুল এমনভাবে ঘোরাল যার মানে কোথায় যাবে ও জানে না৷

‘তোমার বাড়ি কোথায়?’ গোপাল জানতে চাইল৷

লোকটা কোনও উত্তর দিল না৷ শূন্য চোখে গোপালের দিকে তাকিয়ে রইল৷

‘আপনার সঙ্গে আর কেউ আছে?’ রাহুল জিগ্যেস করল৷

ভাঙা কর্কশ গলায় লোকটা টেনে-টেনে জবাব দিল, ‘কেউ…নেই৷’ মনে হচ্ছিল ওর কথা বলতে কষ্ট হচ্ছে৷

রাহুল কিছু একটা বলতে যাচ্ছিল কিন্তু তার আগেই লোকটা একটা অদ্ভুত কাণ্ড করল৷

‘কেউ…নেই৷ কেউ…নেই৷’ বলতে লাগল বারবার এবং হাউহাউ করে কাঁদতে শুরু করল৷ রাহুলের পায়ের ওপরে ঝাঁপিয়ে পড়ল৷ পাগলের মতো পায়ে মাথা ঘষতে লাগল আর কাঁদতে লাগল৷

রাহুল কোনওরকমে এক পা পিছিয়ে এল৷ সবাই মিলে ধরাধরি করে ওকে দাঁড় করাল৷ লোকটা তখনও মুখ বিকৃত করে কাঁদছে৷ গুঙিয়ে-গুঙিয়ে কী বলছে কিছু বোঝা যাচ্ছে না৷

রাহুল অবাক হয়ে লোকটার সরল কান্না-ভেজা মুখের দিকে তাকিয়ে রইল৷

দীপায়ন, নিধু আর গোপাল তখন নিজেদের মধ্যে কথাবলাবলি করতে লাগল৷

কী করা যায় লোকটাকে নিয়ে?

কেউ বলল, ‘ছাড় তো৷ ও এখানেই পড়ে থাক৷ পরে যেখানে যায় যাবে৷’

একজন বলল, ‘চল, আমরা গিয়ে থানায় খবর দিই…৷’

আর-একজন বলল, ‘দাদাদের ক্লাবে নিয়ে গিয়ে ছেড়ে দিলে হত৷’

‘না, তার চেয়ে বরং পার্টি অফিসে নিয়ে চল৷ ওরা থানা-পুলিশ যা করার করবে৷’

বৃষ্টিতে দাঁড়িয়ে কিছুক্ষণ এরকম এলোমেলো কথাবার্তা শোনার পর রাহুল ফস করে বলে উঠল, ‘আমি ওকে বাড়িতে নিয়ে যাব৷’

সঙ্গে-সঙ্গে নিধু, গোপাল আর দীপায়ন চুপ করে গেল৷ ওরা এমন চোখে রাহুলের দিকে তাকাল যেন রাহুলের মাথা খারাপ হয়ে গেছে৷

রাহুল ভ্যাবাচ্যাকা খাওয়া আহত লোকটার দিকে তাকাল৷ হাত বাড়াল ওর দিকে৷ সঙ্গে-সঙ্গে লোকটা এমনভাবে ওর হাতটা আঁকড়ে ধরল যেন এটা ছেড়ে দিলে ও আর বাঁচবে না৷ ভয়ের চোখে রাহুলের দিকে তাকাল৷

রাহুল চাপা গলায় ওকে বলল, ‘কোনও ভয় নেই৷’

নিধু, গোপাল আর দীপায়নের সঙ্গে তর্ক করতে-করতে রাহুল এগোল৷ ওর হাত আঁকড়ে ধরে মাথা নীচু করে লোকটাও এগোল৷

বৃষ্টি আরও বেড়ে গেছে৷ ওদের জামাকাপড় ভিজে যাচ্ছে৷ গাছের পাতায় বৃষ্টির ফোঁটা পড়ার শব্দ হচ্ছে৷ ভেজা মাটি থেকে বৃষ্টির অদ্ভুত গন্ধ উঠছে৷

দীপায়নদের নানান উপদেশ আর খোঁচার জবাবে রাহুল বলল, ‘আজ রাতটা তো ও আমাদের বাড়িতে থাক৷ কাল সকালে বাপি যা করার করবে…৷’

কাঁচা রাস্তায় বৃষ্টির জল পড়ে কাদা তৈরি হচ্ছিল৷ তার ওপরে ওরা ছপছপ শব্দে পা ফেলে এগোচ্ছিল৷ খালি পায়ে চলার জন্য লোকটার বেশ অসুবিধে হচ্ছিল৷ কারণ, পথের নানা জায়গায় ইট-পাথরের টুকরো, গাছের ভাঙা ডাল মাড়িয়ে চলতে হচ্ছিল৷ কিন্তু লোকটা মুখে টুঁ শব্দটিও করছিল না৷ সরল মুখে মাথা নীচু করে হাঁটছিল৷

একটা পুকুরের কাছে এসে রাহুলের পথ আলাদা হয়ে গেল৷ ও লোকটাকে নিয়ে বাড়ির পথ ধরল৷ গোপালদের বলল যে, কাল কী হয় না হয় সেটা কাল ওদের জানাবে৷

রাহুল বৃষ্টিতে বেশ ভিজে গেছে৷ ও বাঁ-হাতের পাতা কপালের সামনে গাড়িবারান্দার মতো রেখে বৃষ্টির ছাট আটকাতে চেষ্টা করছিল৷ লক্ষ করল, এতটা পথ আসার সময় লোকটা একবারও বৃষ্টি আড়াল করার চেষ্টা করেনি৷ বরং এমনভাবে ও পথ চলছে যেন বৃষ্টি পড়ছেই না৷

রাহুল হঠাৎই ওকে জিগ্যেস করল, ‘তোমার নাম কী?’

লোকটা ওর দিকে মুখ ফিরিয়ে তাকাল৷ ভাবলেশহীন নিষ্পাপ মুখ৷ কোনও উত্তর দিল না৷

রাহুল আবার একই কথা জিগ্যেস করল৷

কোনও উত্তর নেই৷

তবে ওর মুখের দিকে তাকিয়ে রাহুলের মনে হল, ও যেন তীব্রভাবে কিছু একটা ভাবার চেষ্টা করছে৷ হয়তো ওর নামটাই মনে করার চেষ্টা করছে৷

রাহুল হাল ছাড়ল না৷ তৃতীয়বার ওর নাম জানতে চাইল৷

এবার লোকটা ভাঙা কর্কশ গলায় টেনে-টেনে জবাব দিল, ‘কোকো৷ আমার নাম কোকো৷ কো-কো…৷’

কোকো! কী অদ্ভুত নাম! আপন-মনেই ভাবল রাহুল৷

কালচে আকাশে বিদ্যুৎ ঝলসে উঠল৷ তারপরই প্রচণ্ড শব্দে বাজ পড়ল৷

বাড়ির সামনে এসে গিয়েছিল রাহুল৷ বাউন্ডারির গ্রিলের গেটের হুড়কো খুলে ভেতরে ঢুকল৷ ওর হাত আঁকড়ে থাকা কোকোও ঢুকে পড়ল ওর সঙ্গে৷

বাউন্ডারির গেট থেকে ইট-পাতা পথ চলে গেছে একতলা বাড়িটা পর্যন্ত৷ বাড়ির বাঁ-দিকটায় বেশ কয়েকটা গাছপালা৷ অযত্নে বেড়ে ওঠা বাগান৷ তার একটা ছোট অংশে অনেক ফুলগাছ৷ আর তার পাশে একটা টিউবওয়েল৷

ইট-পাতা পথ ধরে এগোতে-এগোতেই রাহুল চেঁচিয়ে মা-কে ডাকল, ‘মাম, শিগগির দরজা খোল৷ একেবারে ভিজে গেছি৷’

বাড়ির দরজায় পৌঁছে মা-কে আরও একবার ডাকল রাহুল৷ একইসঙ্গে কলিংবেল টিপল৷

দরজা খুলে গেল৷ মা দরজায় দাঁড়িয়ে৷ ওকে দেখেই চেঁচিয়ে বলে উঠলেন, ‘ঠিক জানতাম আজ তুই বৃষ্টিতে ভিজবি৷ তোর বাপিকে বলছিলাম…’ মায়ের কথা মাঝপথেই থেমে গেল,

**********
No Review
Related Books
Loading books…