Home
নগ্ন নির্জন

নগ্ন নির্জন

বুদ্ধদেব গুহ

নগ্ন নির্জন

বুদ্ধদেব গুহ
novel

Change color

০১.

পুবের পাহাড়টার ওপরে দাঁড়িয়ে রাকেশ চারদিকে চাইল।

রোদ উঠে গেছে। আদিগন্ত কুয়াশার মাকড়সার জাল ছিন্নভিন্ন করে ভূলুণ্ঠিত করে নরম সোনালি আভাস বনে-পাহাড়ে, কুলথি খেতে, সরষে খেতে ছড়িয়ে গেছে। একে রোদ বলে না–এ একরকমের স্বর্গীয় ভৈরবী অভিজ্ঞতা। এরকম সকালের সামনে দাঁড়ালেই ভৈরবীর শুদ্ধ ও কোমল পর্দাগুলি চোখের সামনে একটি গাঢ় কমলা-রঙা ডালিয়ার পাপড়ির মতো এক এক করে খুলে যেতে থাকে।


সুব্বল শুধোল, এবার ফিরবে?


রাকেশ বলল, না।


ও বলল, সেটা ভালো হবে।


চতুর্দিকে শুধু সবুজ, সুপুষ্ট, প্রায়-নিচ্ছিদ্র জঙ্গল। ঘন চুলের মতো ঠাসবুনন–সুগন্ধি। শাল, শিশু, অর্জুন, কুচিলা নানারকম বাঁশ, সেগুন এবং আরও অনেক নাম-জানা ও অজানা গাছের জঙ্গল।


অনেক দূরে, নীচে কতকগুলো সেগুন গাছের আড়ালে আড়ালে ঘুমিয়ে থাকা বাঘমুন্ডা গ্রাম দেখা যাচ্ছে। ফরেস্ট বাংলোর সাদা দেওয়ালের পেছনের অংশটুকু দেখা যাচ্ছে শুধু। এই পাহাড়ের পা ছুঁয়ে চলে গেছে কুরাপে যাওয়ার জংলি পথ। অন্য পথ গেছে পূর্ণাকোট। পূর্ণাকোটের মোড় থেকে সোজা গেলে টুকা–ডানে গেলে টিকরপাড়া-বাঁয়ে গেলে অঙ্গুল।


অফিস নেই, বাস নেই, মিছিল নেই, অন্য লোকের চিৎকার নেই, নিজের চিৎকারের ক্লান্তি নেই। এখানে শুধু ভালোলাগা আছে। পলাতক কাকে বলে রাকেশ জানে না। যদি কেউ ওকে তা বলে বলুক। কিন্তু এই পালিয়ে আসায় কোনো লজ্জা নেই। রাকেশ মাঝে মাঝেই এইরকম পালিয়ে আসে।


সুব্বল সামনের পাহাড় ও উপত্যকার মাঝামাঝি জায়গায় কতকগুলো বড়ো কালো পাথর যেখানে একটার পর একটা সাজিয়ে রাখার মতো করে সেজে আছে–সেখানের একঝাঁক। কুচিলা গাছের দিকে হাত দেখিয়ে বলল, ওইদিকে যেতে হবে। বলেই আগে আগে পথ দেখিয়ে পাহাড় নামতে শুরু করল। রাকেশও শুনতে পাচ্ছিল, কতগুলো বড়োকি ধনেশ, ইংরেজিতে যাকে গ্রেট ইণ্ডিয়ান হর্নবিলস বলে, ক্যাঁক ক্যাঁক হ্যাঁ হ্যাঁক করছিল। সেদিকে ওরা সাবধানে ভিজে পাথরে-জঙ্গলে পা ফেলে ফেলে নেমে চলল।


সুব্বল বলে, বড্ড কুচিলা খাঁই, আর সান কুচিলা খাঁই। শিকারে এসে এসে যতটুকু এ অঞ্চলের ভাষা না শিখলে নয়, ততটুকু শিখে ফেলেছে রাকেশ। আরও বেশি শিখতে পারলে খুশি হত–কিন্তু হয়ে ওঠেনি। বড় মানে বড়ো, সান মানে ছোটো, ইত্যাদি ইত্যাদি। যতটুকু বলতে পারে, বলে–যতটুকু না পারে হাত পা নেড়ে মুখ বিকৃত করে বুঝিয়ে দেয়। তবে, একটু ভালো করে শুনলে জঙ্গলের ওরা কী বলছে তা বুঝে নিতে পারে আজকাল। তা ছাড়া সুব্বলও মোটামুটি ভালো বাংলা বলতে পারে।


সুব্বল নাম হলে কী হয়, সুব্বল সুবল-সখা নয়। অত্যন্ত সাহসী। এখানে সামান্য জমি জমা আছে। শিকারে শখ খুব। নিজের গাদা বন্দুক দিয়ে আগে আগে অনেক শিকার করেছে। এখন ফরেস্ট ডিপার্টমেন্টের কড়া-কড়িতে আর পারে না। ওর জীবনের সবচেয়ে বড়ো আনন্দ ফোঁটা-কার্তুজের বারুদের গন্ধে মাতাল হওয়া।


ওরা বেশ খানিকটা নেমে এসেছে। এদিকটা বেশ খাড়া। সাবধানে নামতে হচ্ছে। রাকেশের হালকা চার্চিল দো-নলা শটগানটাও যেন এখন ভারী-ভারী ঠেকছে। সামনের বড়ো কুচিলা গাছটির একেবারে মগডালে কতগুলো বড়ো বড়ো ঠোঁটওয়ালা ধনেশ কামড়াকামড়ি করছে। ঝাঁপাঝাঁপি করছে। এগুলো দেখলেই রাকেশের শহুরে জীবনের চারপাশের ভিড় করা চেনা লোকেদের কথা মনে পড়ে। অন্য পাখি মারার পর কোনো কোনো দুর্বল মুহূর্তে মনটা একটু খারাপ লাগে, কিন্তু এগুলো মেরে পৈশাচিক আনন্দ হয় রাকেশের। মারার পরও এদের পা দিয়ে লাথি মারতে ইচ্ছে করে। এদের স্বার্থপর বড়ো বড়ো ঠোঁটগুলো জুতো দিয়ে পিষে দিতে ইচ্ছে করে।


যে পাখিটিকে আকাশের পটভূমিতে পরিষ্কার দেখা যাচ্ছিল–একটি পাথরে হাঁটু গেড়ে বসে প্রায় সোজা ওপরে বন্দুক তুলে তাকে গুলি করল রাকেশ। পাখিটা লদলদ করতে করতে ডালে ডালে ধাক্কা খেয়ে খেয়ে পাথরের ওপরে আছড়ে পড়ল। সুব্বল তাকে আনতে যাবে, এমন সময় কোথা থেকে অন্য একটি পাখি এসে একেবারে তার সামনের ডালে বুক পেতে বসল। গুলির শব্দে সে গাছের সব পাখি উড়ে গেল, অথচ এ অন্য গাছ থেকে উড়ে এসে বসল।


মৃত্যু কারও স্পর্ধা সহ্য করেনি, করে না কোনোদিন। রাকেশ বন্দুক তুলেই বাঁ-দিকের ব্যারেল ফায়ার করল। এতক্ষণ যা সপ্রাণ ছিল, যা সরব ছিল, যা আওয়াজ করে ভবিষ্যময় ছিল তা নিমেষে নিভে গেল। অতীতে পর্যবসিত হয়ে গেল। ধপ আওয়াজ করে নীচে পড়ল। ঠোঁট দিয়ে একফোঁটা রক্ত গড়িয়ে পাথরে পড়ল।


রাকেশ বন্দুকের ব্রিচটা খুলতেই ফোঁটা টোটাগুলি লাফিয়ে বেরোল। বারুদের গন্ধ নাকে এল। সুব্বল টোটাগুলি কুড়িয়ে নিল। যেকোনো সুস্থ স্বাভাবিক লোক হলে হয়তো এমন করত না। কিন্তু রাকেশ এগিয়ে গিয়ে গলফ-শু দিয়ে পাখিটিকে উলটে দিল। ধনেশ চোখ বুজেই ছিল। রাকেশের মুখে কেমন এক অদ্ভুত, অর্থহীন, অস্বাভাবিক হিমেল হাসি ফুটে উঠল।


এবার ওরা দুজনে পাহাড় বেয়ে নেমে বাঘমুণ্ডা গ্রামের পেছনের জঙ্গলের পায়ে-চলা সঁড়িপথ ধরে বাংলোর দিকে আসতে লাগল।


পথের ভারী লাল ধুলো শিশিরে ভিজে ফ্যাকাশে দেখাচ্ছে। বাঁশপাতা থেকে সোঁদা সোঁদা গন্ধ বেরোচ্ছে। কতগুলি টুকলি-পাখি টাকুর-টুসি টাকুর-টুসি করে ছোটো ছোটো পিয়াশালের চারায় চারায় কী এক উৎসারিত প্রাণভরা আনন্দে ডানা ফরফরিয়ে উড়ে বেড়োচ্ছে। পথের ধুলোয় একটি বড়ো চিতার হেঁটে যাওয়ার দাগ দেখা যাচ্ছে। পথ ধরে বরাবর সেও বাংলোর দিকেই হেঁটে গেছে। খুব সম্ভব শেষরাতে। একদল ঘুঘু গিন্নি জামরঙের ওপর সাদা ফুটকি ফুটকি বালাপোশ মুড়ে কুলথিখেতের মাঝে একটি কালো কলাগাছের পাতায় সারি বেঁধে বসে-ঘুম-ভাঙানো নরম নূপুর বাজিয়ে চলেছে ঘুঘুর-ঘুঘুরর-ঘু। ঘুঘুরঘুঘুরর-ঘু।


ওরা বাংলোর হাতায় ঢুকে পড়ল। পেছন দিক দিয়ে বাংলোটি প্রদক্ষিণ করে সামনে গেল। শ্রুতি ঘুম ভেঙে উঠে বাংলোর হাতায় পায়চারি করছিল। অর্জুনকে দেখা গেল না। রাকেশ পোঁছেই বলল, চা কোথায়? ঠাণ্ডায় জমে গেছি।


শ্রুতি বলল, একদম রেডি। পরক্ষণেই পাখিগুলোর দিকে নজর পড়তেই চোখ বড়ো বড়ো করে বলল, ওগুলো কী পাখি রাকেশদা?


সুব্বল উত্তরে বলল, কুচিলা খাঁই?


শ্রুতি বলল, কী খাঁই।


রাকেশ হেসে বলল, খাঁই–খাঁই।


শ্রুতি গলা নামিয়ে বলল, আপনার অসভ্যতা কবে যাবে বলতে পারেন?


রাকেশ বলল, জীবনে না। তারপর বলল, পাখিগুলো ধনেশ পাখি। এর তেলে অবাধ্য বাতও সারে। তোমার বাত সারাবার জন্যে নিয়ে এলাম।


শ্রুতি বলল, আমার বাত নেই।


বাত আছে। তোমার হৃৎপিন্ডে বাত আছে। হৃদয়চালনার জন্যে তোমার ধনেশের চর্বি প্রলেপের প্রয়োজন।


শ্রুতি উত্তর না দিয়ে সুব্বলকে বলল, কী করে মারলে সুব্বল?


সুব্বল বলল, সে বাবু মেরেছেন।


শ্রুতি বলল, বাবু পাখি ছাড়া আর কী মারবেন? তা তো জানি, কিন্তু মারা হল কী করে?


রাকেশ বলল, প্লিজ শ্রুতি, বাঘ-বাইসন-হাতি হয়, কী করে মারা হল বলা চলতে পারে –কিন্তু পাখি মারার গল্প ইনিয়ে-বিনিয়ে আমার কানের কাছে কেউ বলুক সে অসহ্য।


শ্রুতি এগিয়ে গিয়ে পাখিগুলো দেখল, ভালো করে ঘুরে ঘুরে দেখল। বলল, ইশ কী সুন্দর! কেন মারলেন?


রাকেশ উত্তর না দিয়ে ওর ঘরে ঢুকে ক্লিনিং রড বের করে বন্দুকটা পরিষ্কার করতে লাগল –শিশু-সূর্যের দিকে নলটি উঠিয়ে চোঙের মধ্যে চোখ লাগিয়ে দেখল ঝিকমিক করছে কি না।


সুব্বল পাখি দুটি নিয়ে বাবুর্চিখানার দিকে চলে গেল। শ্রুতি সুব্বলকে দিয়ে বলে পাঠাল, রাজুয়াড়কে এল, চা নিয়ে আসবে।


রাকেশ শুধোল, তুমি চা খাওনি এখনও?


না।


কেন না? তোমাকে তো প্রথমদিনই বলেছি যে, শিকারে বেরোলে ফেরার কখনো ঠিক থাকে না–তা বলে তুমি আমার জন্যে বসে থাকবে?


শ্রুতি বলল, সে আমি বুঝব, আপনি শিকারে নিয়ে এসেছেন বলে কি আমার ব্যক্তিস্বাধীনতাও নেই?


রাকেশ বন্দুকটাকে ঘরে নিয়ে গিয়ে গান-র্যাকে রাখতে রাখতে বলল, কী আমার ব্যক্তি রে! তারপর বাইরে এসে রোদে, হাসনুহানা ঝোঁপের পাশে বেতের চেয়ারাটা টেনে বসে, টোব্যাকোর পাউচ বের করে পাইপটা ভরতে লাগল।


তারপর শুধোল, অর্জুন কি কাল রাতেও


শ্রুতি বলল, বলবেন না ওসব কথা। আমার শুনলেই মেজাজ গরম হয়ে যায়। জীবনকে পরিমিতভাবে প্রতিদিন উপভোগ করার নামই ভালো লাগা। অথচ সেকথা কে বোঝে? খাওয়ার পর আপনি তো শুতে গেলেন–তারপর ও প্রায় একঘণ্টা বসে বসে বোতলটি শেষ করেছে। কেন, আপনি শুনতে পাননি কিছু?


রাকেশ বোধ হয় অন্যমনস্ক হয়ে পড়েছিল, বলল, না :! আমি খাওয়ার টেবিল থেকে উঠে জামাকাপড় ছেড়ে বাথরুমে গিয়েই শুয়ে পড়েছিলাম।


শ্রুতি বলল, তাই।


রাকেশ অর্জুনের কথা ভাবছিল। শ্রুতির মতে মেয়ে যাকে ভালোবেসে বিয়ে করল সে কেন এমন করে, সে কেন এমন হয়! ও বোধ হয় ভাবে ওর জীবন ফুরিয়ে আসছে। টাইম ইজ রানিং আউট। কিন্তু ও-ই যদি তা ভাবে, তা হলে রাকেশ কী ভাববে?


রাজুয়াড় চা নিয়ে এসে বেতের টেবিলে রাখল। শ্রুতি বলল, চা-টা একটু ভিজুক, দেখি আর একবার চেষ্টা করে ওঠাতে পারি কি না। বলে শ্রুতি উঠে নুড়ি মাড়িয়ে ঘরে গেল, ঘরে গিয়ে কী বলল, শোনা গেল না। শুধু অর্জুনের রাগ-রাগ গলা শোনা গেল-প্লিজ, আমাকে ডিস্টার্ব কোরো না।


শ্রুতি ফিরে এল। রাকেশের মনে হল, ও অপ্রতিভ বোধ করছে। রাকেশ মুখ নীচু করে পাইপটি ভরতে লাগল। শ্রুতি টি-কোজিটি তুলে নিয়ে বড়ো চামচে নেড়ে নেড়ে কেতলিতে চায়ের পাতাগুলোনাড়তে লাগল। তারপর অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, আপনি আমাকে দেখে মনে মনে হাসেন, না রাকেশদা?


রাকেশ চকিতে ব্যথিত মুখ তুলে বলল, কেন? তুমি কি আমাকে এতদিনে এই বুঝেছ শ্রুতি? আমার গর্ব আছে যে, তোমাকে আমার মতো করে এ জন্মে আর কেউ বোঝেনি। তোমাকে আমি দেখি, বুঝি এবং তাতে তোমার প্রতি আমার ভালো লাগাটুকুই শুধু বাড়ে। তোমাকে ভুল বুঝেছি এমন তো কখনো হয়নি।


দেশলাই জ্বেলে রাকেশ পাইপটা ধরাল। বলল, তুমি আমার কাছে কখনো শুকনো মুখে আসবে না। তোমার শুকনো মুখ দেখলে আমার ভীষণ খারাপ লাগে।


শ্রুতি কথা না বলে পেয়ালায় চা ঢালতে লাগল। তারপর একচামচ চিনি এবং সামান্য দুধ মিশিয়ে পেয়ালাটি রাকেশের হাতে এগিয়ে দিল। রাকেশ নীচু হয়ে পেয়ালাটি নিল।


শ্রুতি বলল, রাকেশদা, ও কী? আপনার কপালের দু-পাশে যে, অনেক চুল পেকে গেছে!


রাকেশ হেসে বলল, কী করব? গেছে। বুড়ো হয়ে যাচ্ছি।


শ্রুতি বলল, সেকথা নয়। তবে দেখতে ভালো লাগে না।


কিছু করার নেই। রুমনি বেঁচে থাকতে এ নিয়ে রোজ চেঁচামেচি করত–রোজ সকালে সন্না নিয়ে আমার চুলের কল্যাণে লাগত–তাতে আমার যা যন্ত্রণা হত, তার চেয়ে বার্ধক্যের যন্ত্রণা অনেক ভালো ছিল। একটা পাগলি ছিল রুমনিটা। আমার ভারি ভালো বউ।


শ্রুতি অনেকক্ষণ একদৃষ্টে রাকেশের চোখের দিকে চেয়ে রইল। তারপর বলল, সত্যি, রুমনিদির মতো মেয়ে আমি তো আর দেখলাম না। কী করে যে কী হয়ে গেল। দু-দিনের মেনেনজাইটিসে কেউ মারা যেতে পারে–ভাবা যায় না। আর কম বয়েসে।


রাকেশ বলল, থাক ওসব কথা শ্রুতি। সব প্রিকণ্ডিশাণ্ড, কপালে যা আছে, মানে যা ছিল, তা ঘটেছে।


শ্রুতি বলল, আপনি কপাল মানেন?


রাকেশ বলল, নিশ্চয়ই মানি। কপাল না মেনে উপায় আছে? কপাল না মানলে আমার এত দীর্ঘশ্বাস এই কপালের দোহাই দিয়ে তাড়িয়ে দিলাম কী করে?


শ্রুতি নিজের পেয়ালায় চা ঢালল। রাকেশ উঠে আবার ঘরে গেল। ঘরে গিয়ে ফোর সেভেনটি ফাইভ ডাবল ব্যারেল রাইফেলটি নিয়ে এসে ফ্লানেল দিয়ে মুছতে লাগল।


শ্রুতি বলল, আমি কেবল আপনার বন্দুক রাইফেলের যত্ন দেখি আর ভাবি, আমাকে যদি কেউ এমন যত্ন করত।


ঠাট্টা নয়। সেনাবাহিনীতে একটি কথা চালু আছে, জানো? ওরা বলে–ইউ মাস্ট কিপ ইয়োর রাইফেল

**********
No Review
Related Books
Loading books…