
চম্পাঝরন
বুদ্ধদেব গুহ
প্রিয় পাঠককে
তুই আমাকে বাঁচাবি তো পাগলি?
১
সন্ধে হয়ে গেছে ঘণ্টাখানেক হল। দু-পাশে লাল মাটির মধ্যে পিচ ঢালা কালো সরু পথটা এঁকেবেঁকে চলে গেছে চম্পাঝরন গ্রামের দিকে। এখন শুক্লপক্ষ। চাঁদটা সেগুনজঙ্গলের ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে পথের ডানদিকে সাতপুরা পর্বতমালার উঁচু পাহাড়ের পটভূমিতে। চাঁদটা উঠেছে বটে কিন্তু এখনো সেগুনের অগণ্য হাত ছাড়িয়ে নীলাকাশে মুক্তি পায়নি। তবে বিজলি আলোহীন পথের উপরে সপ্তমীর চাঁদের আলো পড়ে পথটিকে সাদা-কালো শতরঞ্চির মতো দেখাচ্ছে।
ধৃতির পায়ের তলাতে শুকনো পাতারা মচমচ শব্দ করে গুঁড়িয়ে যাচ্ছে, তবে সেই মচমচানির মধ্যে একটু নেতানো ভাবও আছে। কারণ, এই আরণ্যক পরিবেশে বছরের এই সময়েও শিশির পড়ে। কালটা বসন্ত হলে কী হয় এখনো সন্ধের পর একটু শীত শীতও লাগে।
নির্জন জায়গা, তার উপরে দিনকাল আর কোথাওই ভালো নেই, তাই ধৃতিকে বাড়ি অবধি পৌঁছে দেবার জন্যে বন-বাংলোর চৌকিদারকে সঙ্গে দিয়েছেন গৌতম নারায়ণ। অন্যদিন গৌতমনারায়ণের গাড়িই ওকে বাড়ি পৌঁছে দিয়ে আসে। আজ তাঁর ড্রাইভার কেরকেরেকে সীওনীতে পাঠিয়েছিলেন। অনেক কাজ দিয়ে। এবং কিছু কেনাকাটাও করার জন্যে। সীওনী এখান থেকে অনেকখানি পথ। আজ কেরকেরের ফিরতে ফিরতে রাত হবে।
আজই শেষ বিকেলে গৌতমনারায়ণ ধৃতির ডানদিকের স্তনটি ব্লাউজের মধ্যে দিয়ে মুঠি ভরে ধরেছিলেন। অল্পক্ষণের জন্যে। সেই পরশের সুখানুভূতির ওম এখনো ধৃতির বুকেই শুধু নয়, তার পুরো শরীরকেও কবোষ্ণ করে রেখেছে। কেন যে এরকম হয়, এইরকম শিরশিরানি! কে জানে। এমন তো নয় যে, ওর স্তন এর আগে আর কেউই স্পর্শ করেনি!
একটু আগেই ন্যারোগেজ রেললাইনটি জঙ্গলাবৃত পথটিকে কেটে গেছে। আন-ম্যানড লেভেল ক্রসিং। যেহেতু আন্ধারপানি থেকে চম্পাঝরনের এই মাইল পনেরো পথে ট্রাক ও গাড়ির চলাচল খুবই কম, দুর্ঘটনাও খুব কমই ঘটে তবে মাঝেমধ্যেই দিনের বেলায় গরু মোষ এবং ছাগল কাটা পড়ে ন-মাসে ছ-মাসে। সেটা কোনো ঘটনা নয়। চম্পাঝরনে কোনো স্টপেজও নেই। ট্রেন ঝমঝম করে বনে-পাহাড়ে প্রতিধ্বনি তুলে ধেয়ে যায় রাওলা-রাওলের দিকে।
ধৃতি শুনতে পেল বাঁ দিক থেকে একটি ট্রেন আসছে। শুক্লা সপ্তমীর রাতের সুগন্ধি অন্ধকারকে চিরে দিয়ে ট্রেনের আলোটি এগিয়ে আসছে মন্থর গতিতে রেলপথ এবং দু-পাশ আলোয় ভাসিয়ে দিয়ে। দাঁড়িয়ে পড়ল ধৃতি লেভেল ক্রসিং-এর সামনে এসে। চিঞ্চিকেডেও। প্যাসেঞ্চার ট্রেনের আলোকিত খোলা জানালাতে স্ত্রী-পুরুষ ও শিশুদের মুখ—নানাবর্ণের শাড়ি, নানারঙা চুড়ি, পাগড়ি-মাথায় বুড়ো। চোখের সামনে ঝরঝর করে ঝরনার মতো বয়ে গেল আলোকিত ট্রেনটা। অনেকক্ষণ পর্যন্ত ট্রেনের পিছনের ক্রমশঃ ছোটো হতে থাকা লাল আলোটা দেখা যেতে লাগল যতক্ষণ না ট্রেনটা ডানদিকে বাঁক নিল।
ট্রেনটা চওড়ি-চাওড়ার দিকে চলে যাবার পরই হঠাৎই নিস্তব্ধতাটা জাঁকিয়ে বসল। শুধু দু-একটি পাতা ঝড়ে পড়ার শব্দ নিস্তব্ধতাকে থিতু করল। হঠাৎই একটা পিউ কাঁহা পাখি তীক্ষ্ণ তীব্র উদাত্ত চিৎকারে পিউ-কাঁহা, পিউ-কাঁহা চিৎকার তুলে সেগুন বনের বারণ না শুনে চাঁদটার মধ্যে ঢুকে গেল তার প্রিয়াকে খোঁজবার জন্য।
ধৃতির মনে পড়ল হঠাৎই যে, আজই বিকেলবেলা গৌতমনারায়ণ বলেছিলেন, নৈ:শব্দের মতো শব্দময়তা আর কিছুই নেই।
ধৃতি, ইজিচেয়ারে-বসা প্রায় বৃদ্ধ গৌতমনারায়ণের পায়ের কাছে বাংলোর সিঁড়িতে ওঁর দিকে মুখ করে বসেছিল।
ধৃতি চমকে উঠে বলল, এ কথার মানে?
—বুঝলে না তুমি?
না তো।
আপনি বলে দিন। মানে।
সব কথার মানে বলতে নেই। কিছু কথার মানে নিজেই বুঝে নিতে হয়।
কী করে?
কী করে নয়, নিজের থেকেই বুঝবে। সময়ে বুঝবে।
সময়ে?
হ্যাঁ রে পাগলি। সময়ে।
তারপর বললেন, সময়কে সময় দিতে হয়। সময়ের নিজের হাতে সময় সবচেয়ে কম। বুঝলে?
—কিছুই বুঝলাম না। আপনি কেমন হেঁয়ালি হেঁয়ালি কথা বলেন।
—আমি তো হেঁয়ালিই। আমি ভোরের কুয়াশা, আমি সন্ধ্যাতারার দ্যুতি, আমি ফুলের গন্ধ, চাঁদের আলোর স্নিগ্ধতা।
—আপনি এমন কেন? আপনাকে পুরোপুরি বুঝি না।
গৌতমনারায়ণ একটু হেসে বললেন, কারণ যে আমি, আমিই! আমি যে অন্য কারো মতনই নই। শৈশব থেকে অনেক হেঁয়ালির সমুদ্রের মধ্যে সাঁতার কাটতে কাটতে নিজেই যে কখন এক হেঁয়ালি হয়ে উঠেছি তা নিজেই বুঝতে পারিনি। ভাগ্যিস কেউই আমাকে পুরো বোঝে না। পুরোই যদি বুঝবে তবে আমি আর আমি থাকব না। দুর্বোধ্য থাকাই যে আমার চিরদিনের সাধনা!
উত্তর না দিয়ে ধৃতি চুপ করেই বসেছিল।
গৌতমনারায়ণ বললেন, মহুয়ার গন্ধটা সন্ধ্যেবেলার হাওয়াটাকে যেন মাতাল করে দিয়েছে—গন্ধ পাচ্ছো না?
—পাচ্ছি। শুধু মহুয়াই বা কেন, এই গন্ধের মধ্যে আরো অনেক গন্ধ মিশে আছে।
—যেমন?
—জংলি আমের মুকুলের গন্ধ, জংলি কাঁটালের মুচীর গন্ধ, কৌরন্ধের গন্ধ…
—আর তোমার স্তন সন্ধির গন্ধ?
—আপনি বেশ অসভ্য।
—অসভ্য বলেই তো এই বয়সেও একজন তরতাজা যুবকের মতো বেঁচে আছি। বুঝলিরে পাগলি। নারী নইলে কি কোনো পুরুষ পূর্ণ হয়? পুরুষ আর প্রকৃতি নিয়েই তো সব। আর এই ‘প্রকৃতি’ পাগল এই সন্ধেবেলার গন্ধ, এই প্রকৃতি তুইও। তুই আমার সকালবেলার শিউলি।
—বুঝতে আর বাকি নেই। বুড়ো, তোমার মাথাটি একেবারেই গেছে। বসন্তকালে কি শিউলি ফোটে?
—গাছে না ফুটতে পারে, মনে তো ফোটে।
—শিউলির ভালো নাম কি জানিস মেয়ে?
—না। আমি অত জানতে চাই না।
—তবে তুই কী চাস?
—আমি বাঁচতে চাই।
—বা: এ তো বড়ো ভালো কথা।
—বাঁচার মানে কী জানিস তুই? বাঁচার মতো বাঁচতে জানে ক-জনায়?
—আমি জানি না। বুড়ো নারায়ণ, তুমি আমাকে বাঁচতে শেখাবে?
—শেখাব বইকি রে। তোকে বাঁচতে শেখাবার জন্যেই তো আমার সব কাজ ফেলে রেখে আমার ভেতরের কেজো মানুষটাকে নির্বাসনে পাঠিয়ে আমি তোর টানে এখানে সাতদিন থাকব বলে পালিয়ে এলাম। তোকে যেদিন প্রথমে দেখলাম, শুধু সেদিনই বুঝতে পারলাম যে এতগুলো বছর মিছিমিছি ধুলোয় পড়ে মাটি হল। বাঁচা হল না এক মুহূর্তও। প্রায় মরেই তো বসেছিলাম। মরতে মরতে বেঁচে গেলাম জোর। শুধু তোরই জন্যে।
সীতা দরজা খুলল এক হাতে,অন্য হাতে লন্ঠন নিয়ে।
তারপর একটু চুপ করে থেকে বললেন, তুই আমাকে বাঁচাবি তো পাগলি?
ধৃতি গৌতমনারায়ণের হাঁটু দুটোর ওপরে থুতনি রেখে বলেছিল, নিশ্চয়ই। তুমি দেখো।
তারপরই বলেছিল, তুমিও বাঁচাবে তো আমায়?
—চেষ্টা করব প্রাণপণ। দেখিস তুই।
এসব ভাবতে ভাবতেই ধৃতির বুকে যে কবুতরির মতো বুকটিকে গৌতম নারায়ণ বড়ো ভালোবাসায় মুঠি ভরে ধরেছিলেন, সেই থরথরানি ফিরে এল। সারা শরীরে এক রিকিঝিকি উঠল। এই নিজেকে ধৃতি কখনো জানেনি।
চাঁদের আলোর মধ্যে রাত পাখিদের ডাকের মধ্যে ভাসতে ভাসতে যেন জ্বরাক্রান্ত হয়ে ও চম্পাঝরনে পৌঁছে গেল; এই জ্বরের নামই কামজ্বর। গৌতমনারায়ণই শিখিয়েছিলেন।
চিঞ্চিকেডে বলল। আমি যাই এবারে?
সীতা দরজা খুলল এক হাতে, অন্য হাতে লন্ঠন নিয়ে।
ধৃতি হাত তুলে বলল, চিঞ্চিকেডে, যাও। সাবধানে যেও। ভাল্লুক-টাল্লুক সামলে।
আমি নিজেই তো এক ভাল্লুক।
চিঞ্চিকেডে বলল ভাল্লুক আমার কী করবে।
২
সপ্তমীর চাঁদ হলেও বনজঙ্গলের মধ্যে বলে চাঁদের জোর আছে। বন-বাংলোর পেছন থেকেই একটি পাহাড় উঠে গেছে। গভীর জঙ্গলাবৃত। সামনের দিকে চিঞ্চিকেডের কোয়ার্টারের পেছনে কিছুটা টাঁড় মতো জায়গা। একটি কুঁয়ো এবং কয়েকটি মহুয়া গাছ আছে। বেশ পুরোনো, প্রচুর মহুয়া ফলে এবং সেইজন্যেই জঙ্গলের হরিণ শম্বর এবং বিশেষ করে ভাল্লুকদের সমাগম হয় বছরের এই সময়ে। আশেপাশের ছোটো ছোটো গ্রামের শিশুরা ও বুড়িরা অন্ধকার থাকতেই ঝুড়ি নিয়ে চলে আসে মহুয়া কুড়োতে। যুবতীরা আসে না। কারণ, অন্ধকারে তাদের অনেক বিপদ। এই মহুয়াই ভারতবর্ষের প্রায় সমস্ত রাজ্যেই (পূর্বাঞ্চলের কিছু রাজ্য ছাড়া) গরিবগুরবোদের বাঁচিয়ে রাখে। মহুয়া দিয়ে যেমন মদ হয় তেমনই শুখা মহুয়া বছরভর তাদের খাদ্যও হয়।
প্রাচীন মহুয়া গাছগুলোর ছায়া ফাঁকা বিস্তীর্ণ টাঁড়-এর ওপরে নবীন চাঁদের হালকা সাদা আলোর মধ্যে ঝুপড়ি ঝুপড়ি অন্ধকারের সৃষ্টি করেছে। বাংলোর ডান পাশের পাহাড়তলি দিয়ে এঁকেবেঁকে বয়ে-যাওয়া চম্পাঝরন নালাটার ওপরে ওপরে ঝাঁকি দিয়ে দিয়ে ডাকতে ডাকতে একজোড়া টিটি পাখি তাদের লম্বা ঠ্যাং দুটি দোলাতে দোলাতে ডেকে ডেকে উড়ছে। ডাকছে টি-টি-ট্রি হুট—টি-টি-ট্রি-হুট করে। সাহেবরা এই পাখিকে বলে ডিড-ড্য-ড্যু-ইট। কাকে কী যে জিজ্ঞাসা করে ফেরে যুগযুগান্ত ধরে তা ওরাই জানে। কিন্তু এও ঠিক যে যখনই এর ডাকে, তখনই প্রত্যেক শ্রোতারই বুকের মধ্যে চমক জাগে। কী করেছি? কে করেছে? রাতভর এই পাখিরা এইরকমই চমকে চমকে ডেকে বেড়ায় বনের মধ্যে বা নদীরেখার উপরে উপরে কোনো নড়াচড়া বা আলোড়ন দেখতে পেলেই। গৌতমনারায়ণ এই পাখির জুওলজিক্যাল নামও জানেন। ওয়াটেলড ল্যাপউইঙ্গ। দু-রকম হয় পাখিগুলো। ইয়ালো ওয়াটেলড আর রেড ওয়াটেলড। এদিকে ইয়ালো ওয়াটেলডই বেশি দেখা যায়।
অনেকই জানেন গৌতমনারায়ণ। জীবনের শেষ প্রহরে এসে মনে হয় অনেকই বেশি জেনে ফেলেছেন। এত জানার প্রয়োজন ছিল না কোনো। এই জীবনের জ্ঞান তো পরজীবনে বয়ে নিয়ে যাওয়া যাবে না। তা ছাড়া আজকালকার ছেলে মেয়েরা সব ব্যাপারেই ওয়াকিবহাল। তারা অনেকই জানে। গৌতমনারায়ণদের অধীত বিদ্যা বা অর্জিত জ্ঞান তাদের কোনো কাজে লাগবে না। তারা ওয়েবসাইটের সামনে বসে থাকে, ইন্টারনেটে সার্চিং করে, চাবি টিপলেই সারা পৃথিবীর জ্ঞান তাদের সামনে হাজির। এইসব কারণেই উনি আধুনিকতাতে ক্লান্তবোধ করলেই চম্পাঝরনের মতো কোনো জায়গাতে আধুনিকতার সব কিছুকে বর্জন করবার জন্য পালিয়ে আসেন। টিভি দেখেন না, মোবাইল ফোন ব্যবহার করেন না, কম্পিউটার ব্যবহার করেন না, এমন-কী সঙ্গে ল্যাপটপও নিয়ে আসেন না। সর্বজ্ঞ মানুষমাত্রই বিভ্রান্ত মানুষ। ওঁর নিজেরই মতো। যেসব মানুষ অনেক জানেন তাঁদের উনি ঘৃণা করেন। তাই তিনি নিজেকেও ঘৃণা করেন। নিজেকে ভুলতে, নিজের পরিবেশ, প্রতিবেশ সব কিছুকে ভুলতে নিজের কাছ থেকে নিজে পালিয়ে আসেন বারে বারে, আধুনিকতা থেকে প্রাচীনতায়, ব্যাকগিয়ারে চলে আসেন অনেক দূর এই চম্পাঝরনের মতো কোনো জায়গাতে। যেখানে চিরন্তন পুরুষ আর চিরন্তন নারী আর অনাবিল প্রকৃতি, যেখানে কলকারখানা নেই, যন্ত্রচালিত যানবাহন নেই, দূষণ নেই, উচ্চাশা নেই, যশাকাঙ্ক্ষা নেই, যেখানে দু-বেলা দু-মুঠো খেয়ে, প্রিয় নারীর সঙ্গে দিনে অন্তত দু-বার সঙ্গম করে, দিবাযাপন এবং নিশিযাপন দুই-ই সমান সুখকর করে জীবন কাটানো যায়, যুবতীর সঙ্গতে এবং তার সঙ্গে সঙ্গমে পুরোনো শরীরের জীর্ণতাকে সাপের পুরোনো খোলসেরই মতো প্রাচীন কোনো জাম বা মহুয়া গাছের ছায়াতে অবহেলে ছেড়ে ফেলে চিকন নিক্কনিত নবকলেবরে নবজীবন শুরু করা যায়।
বয়স হলে কী হবে গৌতমনারায়ণের দুটি কান এখনো বাঘের কানের মতো সজাগ আছে। রাতে শুয়ে ঘুমের মধ্যেও বাইরের হাওয়াতে একটি পাতা পড়ার আওয়াজও স্পষ্ট শুনতে পান, দীর্ঘশ্বাস ফেলার শব্দ বা কুকুরের গা-চুলকানোর শব্দ। তাঁর ঘ্রাণশক্তিও আছে সমান সজাগ। বনের মধ্যে ফোটা দূরের কনকচাঁপার ঘ্রাণ বা ফেলে-আসা অপরাহ্ণের ধৃতির উরুসন্ধির ফিরদৌস আতরের গন্ধও তাঁর নাকে একেবারে টাটকা বলে মনে হয়।
গৌতমনারায়ণ তাঁর ডান হাতের পাতাটি বাঁ হাতের পাতা দিয়ে স্পর্শ করলেন। ধৃতির স্তনের কোমল উষ্ণতা এখনও হাতের পাতাতে মাখামাখি হয়ে আছে।
‘নিগাহ যায়ে কাঁহা সিনেসে উঠকর।