Home
অশরীরী ঝড়

অশরীরী ঝড়

সৈয়দ মুস্তাফা সিরাজ

অশরীরী ঝড়

সৈয়দ মুস্তাফা সিরাজ
novel

Change color

এক

ডনের দিদি অমিকে ভূতে পেয়েছে শুনে হেমাঙ্গ হাসবে না কাঁদবে ভেবে পায় না। একটু গম্ভীর হয়ে জিগ্যেস করে, করছে কী ও?

হুলো অবশ্য হাসছিল। বলে, করছে কী মানে? সারারাত বাড়িসুদ্ধ জাগিয়ে রেখেছে। বারান্দা থেকে উঠোন জলে কাদা। দেখে এসো না হেমাদা।

হেমাঙ্গ বিরক্ত হয়।—জলে কাদা মানে?

নিজের মাথা দেখিয়ে হুলো বলে, ঘিলুর মধ্যে যে ভূতটা ঢুকেছে, তাকে বের করে দেবার জন্যে এক ইঁদারা জল খরচ হয়ে গেল।

মাথায় জল ঢেলেছে?



আবার কী করবে? ডনের জেঠিমা বলছিল নাকে লংকা পুড়িয়ে ধুঁয়ো দিতে। ডনের জ্যাঠা বাধা না দিলে তাই করত।


হুলোর সিগরেটটা নিভে গেছে। সেটার ছাই হাতের উল্টোপিঠে ঘষে পকেটে রেখে দেয়। হেমাঙ্গ খালের জলে ভেরেণ্ডার দাঁতনকাঠিটা ফেলে দিয়ে বলে, এখন গিয়েছিলি নাকি ওদের বাড়ি?


হুলোর হঠাৎ কী মনে পড়ে তাড়া লেগেছে। যেতে যেতে বলে যায়, হুঁ। অমিদি এখন শুয়ে আছে। ঘুমোচ্ছে মনে হল।


খালের জলটা পরিষ্কার। হেমাঙ্গ পোলের পাশে ঘাটের মতো জায়গায় নেমে গিয়ে মুখ ধোয়। ওপারে সমান্তরাল রেলইয়ার্ডে একটা ইঞ্জিন সান্টিং করে বেড়াচ্ছে। নির্জন নিঝুম ভোরবেলাটা মাঝে মাঝে তীব্র শিস দিয়ে চিরে ফেলছে। তার ও দিকে দিগন্ত অব্দি মাঠ। এখানে—ওখানে দাগড়া—দাগড়া সবুজ ঝোপ। ঘোলাটে আকাশ ফাটিয়ে সূর্য উঠছে সবে। ডানদিকে একটু দূরে খালের পাড়ে শ্মশান। বিশাল বটগাছের ডগায় এক ফালি নীল কাপড় দেখা যাচ্ছে। হেমাঙ্গর মনে হল, ওটা শঙ্কর খেপার কাজ। শঙ্কর আজকাল ওই শ্মশানেই নাকি থাকে। একটা ঝোপড়ি মতো বানিয়ে নিয়েছে। হেমাঙ্গর মাঝে মাঝে অদ্ভুতভাবে মনে পড়ে যায়, শঙ্কর স্কুলে তার সহপাঠী ছিল। ভগবান দেবদেবতা সাধু সন্ন্যাসীতে যেমন তার ভক্তি ছিল, তেমনি ভূতেও। ক্লাসে নির্দ্বিধায় ভূতের সঙ্গে তার দেখা—সাক্ষাতের বর্ণনা দিত। সবাই হাসছে কিনা গ্রাহ্যও করত না। তখনও হেমাঙ্গর মনে হত, শঙ্কর ছিটগ্রস্ত এবং মিথ্যুক, এখনও মনে হয়, পাগল এবং ভণ্ড।



অবশ্য হেমাঙ্গর সেই ছেলেবেলায় মোহনপুরের প্রায় সব লোকই ভূতপ্রেতে বিশ্বাস করত। নানারকম ভূতের কথা বলাবলি করত লোকেরা, কার কী অভ্যেস, কার কোনটা যাতায়াতের রাস্তা, কার কোথায় আস্তানা, এই সব আলোচনা বেশ গম্ভীর চালেই হত। আজকাল সে সব আর নেই। বেশিরভাগ লোকই ভূত বিশ্বাস করে না। তখনকার মতো ভূতেও আর ধরে না মানুষকে। আজকাল ভূত একেবারেই নেই।


যেমন নেই শেয়াল কিংবা বনবেড়াল। আর শুধু জন্তু কেন, ছেলেবেলায় দেখা পাখিগুলোও তো দেখতে পাওয়া যায় না। এই খালের এদিকটায় গাছপালা ঝোপ জঙ্গলে বা আশেপাশে পোড়ো জমিতে ঘাসের ওপর কত রঙবেরঙের পাখি দেখতে পাওয়া যেত। খালের ওপারে রেলইয়ার্ড ঘেঁষে মুসহরদের বস্তিটা এখনও আছে। তারা জাতে ব্যাধ। পাখি ধরে পেটের ধান্দা মেটায়। আজকাল শুয়োর পোষে, কয়লা কুড়োয় এবং মেয়েরা যৌবনের কারবার করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্টেশনের ওপাশে সেনা ব্যারাক হয়েছিল। সায়েব মিলিটারিরা মুসহর মেয়েদের বংশানুক্রমে বেশ্যা করে দিয়ে গেছে।


আর বাজারের বর্তমান জমজমাট অবস্থার পিছনে যে ভিন্ন প্রদেশের ব্যবসায়ীদের অবদান, একই সময়ে তারা মুসহর পুরুষদের চৌর্য—বৃত্তিতে দীক্ষা দিয়েছিল। রেলইয়ার্ডের ধারে বাস। কয়লা, লোহা এবং মালগাড়ির নানা মাল হাতাতে হাতাতে পাকা চোর হয়ে যায় ওরা। স্বাধীনতার যুগে অনেক জুলুম স্বভাবত হয়েছে। কিন্তু ততদিনের মুসহরদের দলে যোগ দিয়েছে বাবু ভদ্রলোকের ছেলেপুলেরা। তাই রাজনীতির ঝান্ডা উড়িয়ে বস্তি উচ্ছেদ রোখা হয়েছিল।



কিন্তু মুসহর বস্তির উন্নতি হল কই? সেই নীচু ঘর, তালপাতার ছাউনি, হাড় বের হওয়া দারিদ্র্য, কয়েকটা ট্রানজিস্টারের মুহুর্মুহু চিৎকারেও ঢাকা পড়ে না। কয়লাকুড়ানি বুড়ি বুধনী বহরী যৌবনে সাতকাণ্ড করেও এখন মাঝে মাঝে ভিক্ষেয় বেরোয়। তার মেয়ের নাম ছিল সৈকা। বুধনী কানে কালা। তাই বহরী নামে পরিচিত। মেয়েটা তার ডাকে সাড়া দিতে মুখে রক্ত তুললেও সে সমানে ডেকে যেত, হেই গে সৈকিয়া—আ—আ! সৈকিয়া গে—এ—এ—এ!


সৈকার বয়স হয়েছিল চৌদ্দ—পনেরো বছর। হালকা ছিপছিপে শরীর। মুখে আশ্চর্য একটা লাবণ্য ছিল বাবুদের বাড়ির মেয়েদের মতো। গত বছর সন্ধ্যায় সবে মস্ত চাঁদ উঠেছে, সে তার আদরের ছাগল খুঁজে আনমনা আসতে আসতে ট্রেনের চাকায় পিষে মরেছিল।


সে ঘটনা ডিস্ট্যান্ট সিগনালের কাছে। ওই শ্মশানবটের সামনা—সামনি।


কিন্তু অপমৃত্যুর পরিণামে সৈকা যে ভূত হয়েছে, আজকাল কারুর বিশ্বাস করার কথা ছিল না। অথচ হুলো বলে গেল, অমিকে সৈকা ধরেছে। কারণ, সারারাত নাকি অমি মুসহরদের বুলিতে কথা বলেছে। এমনকি সৈকার আদরের ছাগলটার নাম ধরে কেঁদেছে ও।



হুলোর বলায় নিশ্চয় বাড়াবাড়ি আছে। হুলোকে দেখতে যেমন গবেট এবং কতকটা জড়ভরত গোছের হাবাগোবা ছেলে, বস্তুত সে তা নয়। ভেতরে ভেতরে নাকি ভীষণ ধূর্ত। মোহনপুরে সবাই জানে, হুলো ডনের গ্যাং—এর মারাত্মক চর। তার আপাতনিরীহ ড্যাবডেবে গোলাকার চোখের কোণায় চোরা একটা দৃষ্টি আছে, যা গোয়েন্দার।


হেমাঙ্গ মুখ ধুয়ে প্যান্টের পকেট থেকে রুমাল বের করে মুখ মোছে। তারপর খালের এপারে বাঁধ বরাবর হাঁটতে থাকে। গত রাতে কলকাতা থেকে ফিরে ঘুমটা ভারী গভীর হয়েছিল বলেই এত সকাল সকাল উঠতে পেরেছে। নয়তো অন্তত আটটা অব্দি শুয়ে থাকত। এবং ভালো ঘুমের দরুন অনেক দিন পরে তার মন মেজাজ ও শরীর বেশ হালকা ছিল। কিন্তু অমির ব্যাপারটা শুনে আনমনা ভাব তাকে পেয়ে বসেছে।


বড় পোলের কাছে গিয়ে সে বাঁদিকে বাড়ির রাস্তায় ঘোরে না। ডাইনে বড় পোল পেরিয়ে বাজারের দিকে হাঁটতে থাকে। মুনাপিসি চা করে নিয়ে বসে থাকবে। থাক। বাজারে গিয়েই চা খাবে সে। কেন কে জানে, অমির ব্যাপারটা তাকে ক্রমশ অস্বস্তিতে ভোগাতে শুরু করেছে। এড়িয়ে থাকার জন্যেই যেন এমন করে তফাতে সরে যাওয়া।


একপাশে রেলকলোনি, অন্য পাশে বাজার এলাকা। মাঝামাঝি জায়গায় চৌরাস্তা। মধ্যিখানে গোল ঘাসের পার্ক। তার কেন্দ্রে দেশনেতা নলিনাক্ষবাবুর আবক্ষ প্রতিমূর্তি আছে। ক’দিন আগে ওঁর জন্মদিন গেল। গলায় মালাটা শুকনো হয়ে ঝুলছে এখনও। থাম ঘেঁষে একটা পাগল বসে আছে হাত—পা ছড়িয়ে। ঘুমোবার ভান করছে। অন্যদিন হলে হেমাঙ্গ হয়তো একটু রসিকতা করত। আজ সোজা হরসুন্দরের চায়ের আখড়ায় ঢুকে পড়ে।



ঢুকেই একটু চমকে যায়। ডন কোণার দিকে বসে আছে।


ডন থাকলে তার ইয়াররাও থাকে। হেমাঙ্গ এক পলকে দেখে নেয় ইদ্রিস আর মুসহর বস্তির ঝেণ্টুও আছে। ঝেণ্টুর বাবা রেলে গ্যাংম্যানের চাকরি পেয়েছিল। কবে মরে হেজে গেছে। ঝেণ্টুয়াকে হাইস্কুলে কয়েক ক্লাস—তক পড়াতে পেরেছিল। সেই সুযোগে হেমাঙ্গর সহপাঠী হয়েছিল কিছুদিন। মুসহরের ছেলে বলে ক্লাসে অনেকে তাকে ছি—ঘেন্না করত। আর আজকাল? ঝেণ্টুই পালটা ছি—ঘেন্না করতে পারে। ডনের সঙ্গে জুটে মোহনপুরের এক মার্কামারা মস্তান হয়ে উঠেছে। চেহারা আর পোশাকে তাকে অবশ্য মুসহর বলে চেনাও যায় না। কথাবার্তাতেও না। বাঙালির মতো বাংলা বলে। কিন্তু থাকে সেই নীচু চাউনি দেওয়া খুপরি ঘরের কোণায়। হয়তো ভেতরে সোজা হয়ে দাঁড়ানোও যায় না। কেন এখনও অমন ঘরে থাকে কে জানে!


আর ডন হেমাঙ্গর চেয়ে বছর তিনেকের ছোট তো বটেই। ডনের দাদা লালু ছিল সত্যিকার অর্থে হেমাঙ্গর বন্ধু। স্কুলে পড়ার সময় সে তার মামার কাছে জামসেদপুরে চলে গিয়েছিল। সে প্রায় একযুগ আগের কথা। সেখানে কারখানায় অ্যাপ্রেন্টিস হয়ে ঢুকেছিল। উন্নতিও করেছিল নাকি। বছর তিনেক আগে কারখানায় কীভাবে ইলেকট্রিক শক খেয়ে মারা পড়েছে।


মোহনপুরে অমি আর ডন জ্যাঠার কাছে থেকে গেছে বরাবর। লালু মাসে মাসে টাকা পাঠাত। টাকা বন্ধ হবার অনেক আগে ডন লায়েক হয়ে উঠেছিল। দাদার টাকার পরোয়া করত না। জ্যাঠারও না। বরং জ্যাঠাই তাকে পরোয়া করে চলছিলেন। আর আজকাল তো ডনই ওঁর পরিবারের গার্জেন।



হেমাঙ্গদা যে! ইদ্রিস ডাকে, সেদিন কোথায় যেন যাচ্ছিলে গো?


হেমাঙ্গ বাইরে দাঁড়িয়ে আছে। হরসুন্দরকে বলে, হরদা, চা দাও। তারপর ইদ্রিসের উদ্দেশে বলে, কলকাতা।


ঝেণ্টু আঙুলে রুমাল জড়িয়ে কিছু খেলছে। রুমালের কোণায় চাবির রিং। কীসের চাবি হেমাঙ্গ জানে না। ডন গম্ভীর মুখে সিগারেট টানছে। এক সময় হেমাঙ্গকে দেখলে সিগারেট লুকোত।


ইদ্রিস ডাকে, এসো হেমাঙ্গদা। ভেতরে এসো।


ডনের ভাবভঙ্গি ভালো লাগছে না বলেই হেমাঙ্গ যাবে না ভেতরে। সে মাথাটা একটু দুলিয়ে বলে, থাক।


স্টেশনবাজারে এত সকালে দোকানপাট বিশেষ খোলেনি। সন্দেশ আর চা—পান—সিগারেটের দোকান ছাড়া। তবে চৌরাস্তা বলেই রিকশো টেম্পো বাস আর ট্রেনযাত্রীদের মোটামুটি ভিড়টা আছে। উত্তরের যে রাস্তাটা মাঠের দিক থেকে এসেছে, সেটা হাইওয়ে। দূরের দিকে তাকালে তার দুধারে ঘন মেহগনি গাছের সার চোখে পড়ে। ওপাশে রেলের হাসপাতালের চত্বরে ঝাউ আর বিশাল আমগাছ, ফুলবাগিচা। ওখানে সঙ্কীর্ণ একটা রাস্তা মোহনপুর ঘুরে চলে গেছে লোকোশেডের দিকে। গত বছর ওই রাস্তায় ডন জখম হয়ে পড়েছিল। হেমাঙ্গ বিকেলে লোকোশেডে এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিল। ফিরতে সন্ধে হয়ে যায়। ড্রেনের ধারে দেয়ালে ভর করে আহত ডন ওঠার চেষ্টা করছে, একটু দূর থেকে নজরে পড়েছিল তার। কাছে আসতে আসতে ডন অজ্ঞান হয়ে যায়। হেমাঙ্গ রিকশো ডেকে তাকে তুলে হাসপাতালে নিয়ে গিয়েছিল।



পরে পুলিশের পাল্লায় পড়ে হেমাঙ্গ নাজেহাল হয়েছিল। ডনকে হাসপাতালেই গ্রেফতার করা হয়। ছাড়াও পেয়েছিল। জেল—টেল কিচ্ছু হয়নি।


ডনদের বাড়ি হেমাঙ্গর সেই থেকে ঘনিষ্ঠভাবে যাওয়া—আসা।


এবং অমির সঙ্গে ভাব। অর্থাৎ প্রেম।


হরসুন্দর চায়ের কাপ—প্লেট দিয়েছে খাতিরে। হেমাঙ্গকে অনেক ভালো ছেলে বলে খাতির করে। দাঁড়িয়ে চা খেতে খেতে আবার আনমনা হয়ে যায়। অমির কী হয়েছে? ভূতে পাওয়া ব্যাপারটাই বা কী? নাকি হুলো বেমক্কা রসিকতা করে গেল?


ডনের সঙ্গে কিছুদিন থেকে তার কথা বন্ধ। তার অবশ্য কথা বলতে আপত্তি নেই। কিন্তু বয়সে ছোট এই ডন, সে আগে কথা না বললে হেমাঙ্গ আগ বাড়িয়ে কথা বলার পাত্র নয়। বয়সে সে ছোট এবং লালুর ভাই বলেই হেমাঙ্গর এই অভিমান। রাগ নয় ঠিক, অভিমানই।


স্টেশনের ওভারব্রিজে হেমাঙ্গ একদিন রাতে দাঁড়িয়ে আছে, ডন হঠাৎ কোত্থেকে এসে বলেছিল, আপনার সঙ্গে একটা প্রাইভেট কথা আছে হেমাদা।



বল। মুখে নির্লিপ্ত এবং হাসির ভাবটা ফুটিয়ে তুললেও হেমাঙ্গর বুক কেঁপে উঠেছিল, তাতে কোনো ভুল নেই। ওভারব্রিজ তখন নির্জন। নীচের প্ল্যাটফর্মগুলোও প্রায় খাঁ খাঁ।


ডন বলেছিল, আপনি দিদিকে বিয়ে করছেন কবে?


হেমাঙ্গ চমকে উঠেছিল।—তার মানে?


মানে! এত সোজা কথার মানে জানেন না?


না।


ডন অশ্লীল ভঙ্গিতে বলে উঠেছিল, না? তাহলে ফোকটে ফুর্তি ওড়াবেন?


অন্য কেউ হলে হেমাঙ্গ চড় মারত। কিন্তু ডনের গায়ে হাত তোলার সাহস তার নেই। সে কাঁপা কাঁপা গলায় বলেছিল, ছিঃ ডন! তুমি এ কী বলছ!



লিমিট ছাড়িয়েছে বলেই বলছি। আমার সোজা কথা। হয় বিয়েটা শীগগিরি করে ফেলুন, নয়তো এখনই কাট আপ করে দিন। নইলে…


নইলে কী?


মোহনপুরে থাকা যাবে না। বলে ডন হনহন করে এগিয়ে গিয়েছিল। তারপর সিঁড়ির মুখে হঠাৎ থেমে গলা চড়িয়ে বলেছিল, আমার দিদি বলেই কথাটা বললাম না। আর কোনো মেয়ে হলেও বলতাম।…


হেমাঙ্গ জানে, ডনের মতো বদমাসেরও কিছু ব্যাপারে যেন নীতিবোধ থাকে। মানুষের চরিত্রের এই একটা অদ্ভুত ব্যাপার। অন্তত ডনের যতটা খবর সে রাখে, সব রকম বদমায়েশি এ বয়সেই সে করতে পারে, শুধু মেয়েছেলে বাদে। এই একটা ব্যাপারে ডনের কোনো বদনাম নেই। এক সময় যখন সে তত কিছু কুখ্যাতি কুড়োয়নি, তখন হেমাঙ্গ দেখেছে, অনেক বড

**********
No Review
Related Books
Loading books…