
অগ্নিপরীক্ষা
আশাপূর্ণা দেবী
পর্ব ১
ব্যাপারটা ঘটিয়া গেল অবিশ্বাস্য অদ্ভুত।
হেমপ্রভা নিজেও ঠিক এতটা কল্পনা করেন নাই, কিন্তু ঘটিল। পাড়ার গৃহিণীরা বলিতে লাগিলেন–”ভগবানের খেলা”, “ভবিতব্য”! ভট্টাচার্য মহাশয় ভীত চিন্তিত হেমপ্রভাকে আশ্বাস আর অভয় দিয়া বলিলেন–বিধাতার নির্দিষ্ট বিধান! আমরা তো নিমিত্ত মাত্র মা!
কিন্তু এতখানি সারালো তত্ত্বকথার ভরসা সত্ত্বেও কোন ভরসা খুঁজিয়া পান না হেমপ্রভা। ছেলেকে গিয়া মুখ দেখাইবেন কোন্ মুখে? শুধুই কি ছেলে? তার উপরওয়ালা? মণীন্দ্র যদি বা কোনদিন মাকে ক্ষমা করিতে পারে, চিত্রলেখা কি কখনও শাশুড়ীকে ক্ষমা করিবে?
গোড়ার কথা এই–
ছেলে বৌ নাতি-নাতনীদের লইয়া একবার দেশের জমিদারিতে যাইবার শখ হেমপ্রভার অনেকদিনের, কিন্তু সাহেব ছেলের ইচ্ছা যদি বা কখনো হয়–ফুরসৎ আর হয় না, এবং সাহেব স্বামীর যোগ্য সহধর্মিণী চিত্রলেখার ইচ্ছা-ফুরসৎ কোনটাই হইয়া ওঠে না। বছরের পর বছর ঘুরিতে থাকে, মণীন্দ্র পূজার ছুটিতে পশ্চিম আর গ্রীষ্মের বন্ধে উত্তরে বেড়াইতে যান, হেমপ্রভার প্রস্তাবটা মুলতুবীই থাকে।
আসল কথা–বিষয়সম্পত্তি বা জমিদারি নামক বস্তুটার উপর কেমন একটা বিদ্বেষ ভাব ছিল মণীন্দ্রর, দেখাশোনা করা তো দূরের কথা, মায়ের খাতিরে একবার বেড়াইতে যাইতেও যেন রুচি হয় না। গুরুজনের সম্বন্ধে–তবু মণীন্দ্রর স্ত্রৈণ পিতা যে যথাসর্বস্ব স্ত্রীর নামে উৎসর্গ করিয়া দিয়া মণীন্দ্রকে মা’র মুখাপেক্ষী করিয়া রাখিয়া গিয়াছেন, এই অন্যায় ব্যাপারটা আর কিছুতেই . বরদাস্ত করিয়া উঠিতে পারেন না মণীন্দ্র, বিষয়ের সমস্ত উপস্বত্বটা নিজের সংসারে ব্যয় হওয়া। সত্ত্বেও নয়।
বাপের জমিদারির টাকা লইতে গেলে মায়ের সই লওয়া ছাড়া উপায় থাকে না এটা তো শুধু বিরক্তিকরই নয়, অপমানকরও বটে। অবশ্য বাপের বিষয়ের সুবিধাটুকু না থাকিলে যে দিন চলা ভার হইত এমন নয়, নিজের উপার্জনে যথেষ্ট ভদ্রভাবেই চলিয়া যায়, কিন্তু হেমপ্রভারই বা জগতে আছে কে? ‘মা’র টাকা লইব না বলিলে যে রীতিমত ঝগড়ার কথা হয়। কাজেই জীবনযাত্রার মানদণ্ড শুধু ভদ্রভাবে কাটানো’র অনেক ঊর্ধ্বেই উঠিয়া আছে। বিলাসিতার তো আর সীমারেখা নাই!
তাছাড়া চিত্রলেখা যা বলে সেটাও তো মিথ্যা নয়। জমিদারিটা মণীন্দ্রর বাপের জিনিস, তাতে তো আর ভুল নাই! কাজেই টাকাটা খরচ করিতে বিবেকে তেমন বাধে না, কিন্তু তদারক-তল্লাস করিতে রুচিতে বাধে।
হেমপ্রভাই বছরে তিনবার ছুটাছুটি করেন। বরাবরের জন্য যে দেশের বাড়িতে বাস করিতে পারেন না, সেটা শুধু নাতি-পুতির মমতাতেই নয়, ম্যালেরিয়া দেবীর নির্মমতার জন্যও বটে। যাই হোক, এবার গ্রীষ্মের বন্ধে অনেক দিনের সাধটা মিটিল হেমপ্রভার। জেদ ধরিল–চিত্ৰলেখারই ছেলেমেয়ে।
গ্রীষ্মের বন্ধের পূর্ব হইতেই তাহারা জোর গলায় বলিয়া বেড়াইতে লাগিল–আমরা এবার দেশে যাব।
চিত্রলেখা বিরক্ত হইয়া বলে–তা আর নয়? “দেশে যাব!” এই প্রচণ্ড গরমে দেশে গিয়ে মারা পড়া চাই যে!
যদিও মেয়ে তাপসীই বড়, তবু যুক্তি-তর্কের ধার অমিতাভর বেশী। সে বয়স ছাড়া বিজ্ঞ ভাব দেখাইয়া বলে–দেশে গিয়ে মারা পড়ব মানে কি? নানি’ যে প্রত্যেক বছর যান, কই মারা পড়েন না তো?
‘ঠাকুমা’ শব্দটি নেহাৎ সেকেলে বলিয়া চিত্রলেখা ‘নানি’ শব্দটা আবিষ্কার করিয়াছিল। …ছেলের এই ভেঁপোমিতে জ্বলিয়া উঠিয়া চিত্রলেখা বলে–ওঁর যা সয়, তোমাদের তা সইবে? উনি যে এই গরমে গিয়ে কতকগুলো আম কাঁঠাল খেয়ে দিব্যি হজম করেন, তোমরা পারবে তা?
–পারবই তো! অমিতাভর ছোট সিদ্ধার্থ সোৎসাহে বলে–আম খেতেই যাব যে আমরা। নানি বলেছেন আমাদের নিজেদের বাগান আছে, অনেক অনেক গাছ। দাদু মানে বাবার বাবা, নিজে হাতে করে কত গাছ পুঁতেছেন–দেখব না বুঝি? বা!
চিত্রলেখার বুঝিতে বাকি রহিল না হেমপ্রভা এবার চালাকি খেলিয়াছেন। এইসব সরলমতি বালক-বালিকারা যে নানি’র কুমন্ত্রণার প্রভাবেই বিপথগামী হইতে বসিয়াছে, এ বিষয়ে আর সন্দেহমাত্র থাকে না চিত্রলেখার।
রাগে সর্বাঙ্গ জ্বালা করে তার, চড়া গলায় ঝজিয়া বলে–আমি বলে দিচ্ছি এ সময় যাওয়া হতে পারে না কিছুতেই না। ব্যস্–এ বিষয়ে আর কোনো আলোচনা যেন ওঠে না কোনদিন।
এবার সুর ধরে তাপসী, মেয়েলী আবদারের সুরে বলে–বা-রে, আমরা বলে সব ঠিক করে ফেলেছি
–সব ঠিক করে ফেলেছ? চমৎকার! কিন্তু আমি জানতে চাই এ বাড়ীর কত্রী কে? তোমরা আমি?
তাপসী ভয় খাইয়া চুপ করিয়া যায়, কিন্তু অমিতাভ তাহার বদলে চটপট উত্তর দেয়–তাই বলে বুঝি আমরা নিজের ইচ্ছেয় কিছু করতে পাব না? দেশ-টেশ চিনতে হবে না আমাকে?
–কেন, চিনে কি স্বর্গের সিঁড়ি তৈরি হবে শুনি?
–স্বর্গের সিঁড়ি আবার কি, নানি বুড়ো হয়ে যাচ্ছেন না? আমাকেই এরপর খাজনা-টাজনা। আদায় করতে হবে তো? প্রজারা আমাকে ‘বাবুমশাই’ বলবে দেখো তখন!
চিত্রলেখার রাগে আর বাক্যস্ফূর্তি হয় না। শাশুড়ীর কুটিল চাল দেখিয়া স্তম্ভিত হইয়া যায় বেচারা। এমনিতেই তো তার বরাবর সন্দেহ, শাশুড়ী ছেলেমেয়েগুলি পর করিয়া লইতেছেন। আধুনিকার রঙিন খোলস খুলিয়া ঈর্ষার চেহারা অনেক ক্ষেত্রেই ধরা পড়ে, কিন্তু এবার যে হেমপ্রভা চিত্রলেখার কল্পনার উপরে উঠিয়াছেন! ছেলেদের মন ভাঙাইবার জন্য আরও কি কি লোভনীয় দৃশ্যের অবতারণা করিয়াছেন তিনি, সেটা আর শুনিবার ধৈর্য থাকে না।
বীরদর্পে স্বামী নামক পোষা প্রাণীটির উদ্দেশ্যে ধাবিত হয়। যদিও মণীন্দ্র সব বিষয়েই। চিত্রলেখার রীতিমত অনুগত, সাদাকে কালো এবং কালোকে সাদা বলিতেও আপত্তি দেখা যায় না তার–যদি চিত্রলেখা সন্তুষ্ট থাকে–কিন্তু এক্ষেত্রে হঠাৎ এমন একটা কথা বলিয়া বসিলেন। যেটা সম্পূর্ণ বেসুরো। বলিলেন–কিন্তু সত্যি এত যখন ইচ্ছে হয়েছে ওদের হয় গেলই!
তিন ছেলেমেয়ে যে এইমাত্র অনেক হতাশামোদের ঘুষ দিয়া উকিল লাগাইয়া গিয়াছে। তাঁকে–সেটা আর প্রকাশ করেন না।
চিত্রলেখা অবাক হইয়া বলে–না হয় গেলই! তোমাকে মাথার চিকিৎসা করানো বিশেষ দরকার হয়েছে দেখছি। এই গরমে ওরা যাবে সেই পচা পুকুরে চান করতে?
মণীন্দ্র হাসিয়া ফেলিয়া বলেন–পচা পুকুরে চান করতেই বা যাবে কেন? আর মা তাই করতে দেবেন কেন? তবে গরম যদি বল–বাঙলা দেশের পাড়াগাঁ খুব যে–
–থাক হয়েছে, তোমাকে আর পল্লীগ্রামের হয়ে ওকালতি করতে হবে না, কিন্তু হঠাৎ তোমার ছেলেমেয়েদের এত দেশ-প্রেম উথলে উঠল কেন, সে খোঁজ রেখেছ?
মণীন্দ্র উড়াইয়া দিবার ভঙ্গীতে বলিলেন–ছেলেমানুষের আবার কারণ-অকারণ, মা’র মুখে গল্প-টল্প শুনে থাকবে হয়তো
–থাক যথেষ্ট হয়েছে, তুমি আর বালক সেজো না। কিন্তু আমি এই বলে রাখছি, আমার ছেলেমেয়েদের কানের কাছে দিনরাত ওই সব বিষমন্তর ঝাড়তে দেব না আমি। ছেলেরা আজকাল আমাকে গ্রাহ্য করে না তা জানো?
-ওটা এ বংশের ধারা, বুঝলে? বলিয়া মণীন্দ্র হাসিতে থাকেন।
এরকম ইঙ্গিতপূর্ণ কথায় কার না গা জ্বালা করে?
চিত্রলেখা বিরক্তভাবে বলে–তোমাদের বংশের ধারা শোনবার মত সময় আমার নেই, কিন্তু জেনো–ছেলেমেয়েদের অসুখ করলে সে দায়িত্ব তোমার আর তোমার অপরিণামদর্শী মা’র।
–ছি ছি, অসুখ করবে কেন?
–না, অসুখ করবে কেন! চিত্রলেখা বিদ্রূপহাস্যে মুখ বাঁকাইয়া বলে–বাগানের আম খেয়ে মোটা হয়ে আসবে।
–আমের কথা যদি বললে–মণীন্দ্র হাসিতে হাসিতে বলেন–ছেলেবেলায় আমিও খুব…ও তুমি বুঝি আবার ওসব পেঁয়োমি পছন্দ করো না? তবে সত্যি, এ সময় মোটা হয়ে যেতাম।
–বেশ তো, তুমিই বা বাকি থাকো কেন? যাও না অমন দাওয়াই রয়েছে যখন, আমাকে সেজকাকার কাছে মুসৌরী পাঠিয়ে দিয়ে চলে যেও। টনিকের বদলে আম-কাঁঠাল-মন্দ কি?
মণীন্দ্র সন্ধির সূরে বলেন–এটা তোমার রাগের কথা, কিন্তু একবার সকলে মিলে দেশে গেলেই বা মন্দ কি চিত্রা?
সত্য বলিতে কি, ছেলেমেয়েদের উৎসাহের বাতাসে মনের মধ্যে কোথায় একটু স্নিগ্ধ সুর বাজিতেছিল, মায়ের জন্য একটু সহানুভূতি। কিন্তু চিত্রলেখা কি ধার ধারে এ সুরের?
–সকলে মিলে মেন্টাল হসপিটালে গেলেই বা মন্দ কি? বলিয়া বিদ্রূপ হাস্যে মুখ ঘুরাইয়া উঠিয়া যায় চিত্রলেখা।
মণীন্দ্র নিঃসন্দেহ হন। মুসৌরীই তাহাকে যাইতে হইবে। চিত্রলেখার পূজনীয় সেজকাকার আশ্রয়ে না হোক, কাছাকাছি। কারণ চিত্রলেখার বাপের বাড়িতে এই সেজকাকাটির কাছে আর সকলেই নিষ্প্রভ, তাই জ্যোতি যদি বিকীর্ণ করিতেই হয় তবে সেজকাকীমার চোখের উপর করিতে পারাই চিত্রলেখার পক্ষে চরম সুখ।
ছেলেমেয়েদের জন্য একটু মন কেমন করে মণীন্দ্রর। এত উৎসাহে জল ঢালিয়া দিবেন? তাছাড়া ছুটিতে বেড়াইতে গিয়া ‘সেজকাকাদের বাড়ির আওতায় থাকা? সেবারে দার্জিলিং গিয়া কি বিড়ম্বনা! উঠিতে বসিতে মায়ের কাছে সেজকাকার বাড়ির আদর্শের খোঁটা খাইতে খাইতে আধখানা রোগা হইয়া গেল ছেলেমেয়েগুলো। মায়ের সেই খুড়তুতো ভাইবোনদের মত কায়মনোবাক্যে সভ্য’ হইবার যোগ্যতা তাদের কই? উপরের খোলসটা খুলিয়া ফেলিলেই আসল চেহারা বাহির হইয়া পড়ে যে– সেজকাকাদের চাইতে হেমপ্রভার সঙ্গেই যার অধিক মিল।
শাশুড়ীর উপর এত বিষদৃষ্টি চিত্রলেখার কি সাধে?
ছেলেমেয়েদের মনের মত করিয়া মানুষ করিবার সাধ যে মিটিল না, হেমপ্রভার জন্যই নয় কি? কুসংস্কার আর কুদৃষ্টান্তের পাহাড় হইয়া বসিয়া আছেন চিত্রলেখার স্বচ্ছন্দ জীবনযাত্রার পথ জুড়িয়া। স্বাস্থ্যটা হেমপ্রভার আবার এমনি অটুট যে দূর-ভবিষ্যতেও কোন আলোকরেখা খুঁজিয়া পায় না চিত্রলেখা, বরং নিজেরই তার বারো মাসে দুইবেলা টনিক না খাইলে চলে না।
নিতান্ত অর্থনৈতিক কারণেই সহিয়া থাকা, তা নয়তো বিধবা মানুষের পক্ষে কাশীর মত উপযুক্ত স্থান আর কোথায়? মনে পড়িলেই স্ত্রৈণ শ্বশুরের উপর মন বিরক্তিতে ভরিয়া যায় চিত্রলেখার।
.
শেষ পর্যন্ত কিন্তু ছেলেমেয়েদের জেদই বজায় থাকিল।
অবশ্য চিত্রলেখা মুসৌরী চলিয়া গেল। বাধ্য হইয়া মণীন্দ্রকেও যাইতে হইল। না যাইলে যে কি হইতে পারে সে কথা ভাবিবার সাহস মণীন্দ্রর নাই। শুধু মাকে ও ছেলেমেয়েদের পাঠাইয়া দিবার জন্য কয়েকটা দিন পরে গেলেন।
চিত্রলেখার ছেলেমেয়েরা মাকে কতটা ভয় করে আর কতটা ভালবাসে সে বিচার করা সহজ নয়, তবে আপাততঃ দেখা গেল মায়ের অনুপস্থিতিটা তাদের কাছে প্রায় উৎসবের মত। নিজেদের ট্রাঙ্ক সুটকেস গুছাইয়া লওয়ার মধ্যে যে এত আমোদ আছে, একথা কি আগে জানা ছিল? চিত্রলেখা অতটা না চটিলে হয়তো এদিকস্টার তদারক করিয়া যাইত, কিন্তু রাগ-অভিমানের একটা বাহ্যিক প্রকাশ চাই তো!
তাপসী বড়, অতএব ম্যানেজমেন্টের দায়টা তার, সে ভাইদের পোশাক-পরিচ্ছদের বহুবিধ ব্যবস্থা এবং অনেক উপদেশ বর্ষণান্তে পিতার কাছে আসিয়া একটা অদ্ভুত আবদার করিয়া বসিল। মণীন্দ্রর পিতার আমলের একটা পুরানো দেরাজ–যেটা জাতিচ্যুত অবস্থায় ভাঁড়ার ঘরে ঠাঁই পাইয়াছে–তার চাবিটা চাই তাপসীর।
মণীন্দ্র অবাক হইয়া বলেন–কেন বলো তো, ওর চাবি নিয়ে কি করবে তুমি? চাল-ডাল লুকিয়ে রেখে যাবে নাকি? যা গিন্নী হয়ে উঠেছ দেখছি!
তাপসী হাসিয়া বাপের পিঠে মুখ খুঁজিয়া বলে–তাই বই কি? বাঃ! শাড়ী নেব!বই
–শাড়ী!
–হ্যাঁ বাবা। ওর মধ্যে মা’র ছেলেবেলার অনেক সুন্দর সুন্দর শাড়ী আছে। লাল, সবুজ, কত কি!
–থাকতে পারে, কিন্তু তুমি নিয়ে কি করবে? কাউকে দিতে চাও?
–ইস কাউকে দেব কেন? আমি পরবো।
–তুই শাড়ী পরবি? বিস্ময়ে হতবাক মণীন্দ্র শুধু ওইটুকুই বলিতে পারেন।
–পরলে কি হয়? বা রে! দেশে তো আমার বয়সের মেয়েরা শাড়ী পরে। পরে না? নানি বলেছেন–এত বড় মেয়ে শাড়ী পরলেই মানায়।
বারো বছরের মেয়ের মুখে এ হে