
ম্যাথস
বুদ্ধদেব গুহ
বাঁদরের তৈলাক্ত বাঁশে চড়ার অংকই হোক, কি চৌবাচ্চার জল ফুরানোর হিসেবের অংকই হোক, কোনো অংকই আমার ঠিক হত না৷ এমনকি, সামান্য যোগ-বিয়োগ-গুণ-ভাগেও ভুল হত৷
অক্ষয়-স্যার আমাদের স্কুলের মাস্টারমশাই তো ছিলেনই, ম্যাথস-এ কাঁচা বলে বাবা ওঁকে বাড়িতেও পড়াতে বলেছিলেন আমাকে৷ টকটকে ফর্সা রং ছিল ওঁর৷ খোঁচা-খোঁচা কালো গোঁফ৷ ধুতি আর পাঞ্জাবি পরতেন৷ গায়ে একটি এন্ডির চাদর থাকত৷ পায়ে পাম্প শু৷
টেবিলের উলটো দিকের চেয়ারে বসে আমার খাতার উপর ঝুঁকে পড়ে অংকের ফল দেখতে-দেখতে ওঁর মুখ বিরক্তিতে ভরে উঠত৷ ভুরু কুঁচকে যেত৷ বলতেন, ‘ই-ইটা কী?’
কখনও বা গম্ভীর গলায় বলতেন, যেন টেবিল-চেয়ারকেই বলছেন, ‘আর কতবার বলতে হবে তোমাকে যে, সংখ্যাকে না বদলে তা কেটে পাশে পরিষ্কার করে লিখবে?’
আমি মুখ নীচু করে থাকতাম৷ ভীষণ কষ্ট হত বুকের মধ্যে!
অক্ষয়-স্যার যখন আমাকে বকতেন, মারতেনও কখনও, তখন আমার অত কষ্ট হত না৷ কিন্তু ওঁর মুখে যখনই বিচ্ছিরি বিরক্তির ভাব ফুটে উঠত, সেই মুখে আমি স্পষ্টই পড়তে পারতাম, আমি একটি গাধা৷ এবং উনি আমাকে নিয়ে রীতিমতোই নাজেহাল৷ অথচ ট্যুইশানিরও দরকার নিশ্চয়ই ছিল তখন ওঁর৷ তাই বলতেও পারতেন না বাবাকে যে, আমাকে আর পড়াবেন না৷
ওঁর একমাত্র ছেলে গোপেনদা ব্রিলিয়ান্ট ছাত্র ছিলেন৷ ওঁর জন্যে অক্ষয়-স্যারের গর্বের অন্ত ছিল না৷
উনি চলে গেলে অনেকক্ষণ একা ঘরে আমি বসে থাকতাম৷ নিজের উপর বড়ই রাগ হত৷ অথচ কী করব? অংক আমার একেবারেই ভালো লাগত না৷ কবিতা লিখতে, ছবি আঁকতে, গান গাইতে ভালো লাগত৷ কিন্তু ওইসব তো গুণের মধ্যে পড়ত না৷ যে-গুণ ভাঙিয়ে টাকা রোজগার না-করা যায়, তা কি আর গুণের মধ্যে পড়ে?
বাবা অফিস থেকে ফিরলেই শব্দ পেতাম৷ গ্যারাজ ছিল একতলাতেই, আমার পড়ার ঘরের পাশেই৷ অফিস থেকে ফিরেই বাবা একবার আমার ঘরে ঢুকতেনই৷ বলতেন, খোকন, কেমন হচ্ছে পড়াশোনা? পরীক্ষা তো এসে গেল৷ কোনওদিন বলতেন, আমি তো জানিই, তুই স্কলারশিপ পাবিই৷ তবে স্ট্যান্ড করলে আরও খুশি হব৷
বাবাকে আমি ভালোবাসতাম খুবই৷ কিন্তু আমার সম্বন্ধে বাবার এমন উঁচু ধারণায় কুঁকড়ে যেতাম৷ আপত্তিও করতে পারতাম না৷ বলতে পারতাম না যে, আমি হয়তো ফার্স্ট ডিভিশনই পাব না৷
নিজের ছুড়ে-দেওয়া কথাতে নিজেই খুশি হয়ে, দোতলায় উঠে যেতেন বাবা আমাদের ফক্স-টেরিয়ার কুকুর ‘ম্যাডা’কে আদর করতে করতে৷ বাবার গাড়ির এঞ্জিনের শব্দ পর্যন্ত চিনত ম্যাডা৷ গাড়ি যখন রাস্তায় এবং আর কেউই যখন বুঝতে পর্যন্ত পারত না, ম্যাডা তখন উত্তেজিত গলায় ডাকতে-ডাকতে দোতলা থেকে তার পায়ের নখে খচর-খচর আওয়াজ করতে করতে সিঁড়ি দিয়ে তড়িৎগতিতে নেমে এসে গ্যারেজের সামনে ছুটোছুটি করত৷
বিহারের মধুবনী জেলার এক রং-রুট ড্রাইভার সুরজনারায়ণ ঝা, অতি-উত্তেজিত ম্যাডার একটা পায়ের উপর চাকা তুলে দিয়ে সামনের বাঁ পাটাকে একবার প্রায় ভেঙেই দিয়েছিল একদিন৷
বাবা উপরে চলে যাওয়ার পর আরও খারাপ লাগত৷ অক্ষয়-স্যার পড়ালে গোরু-গাধাও নাকি ফার্স্ট ডিভিশন পায়৷ আমি অন্য সব বিষয়ে খুব ভালো না হলেও, অংকের মতো অতটা খারাপ ছিলাম না৷ তাই অংকের দায়িত্ব অক্ষয়-স্যারের হাতে তুলে দিয়ে বাবা নিশ্চিন্ত হয়ে যা খুশি তাই ভাবছিলেন৷
বন্ধুদের কাছেও শুনতাম যে, তাদের সকলের বাবাও নাকি ওইরকমই বলতেন৷ প্রত্যেকের মায়েরাই বলতেন, ‘তোর বাবা কোনোদিন ক্লাসে সেকেন্ড হয়নি৷ আর তুই?’
আমার বন্ধু প্রণব একদিন দুঃখ করে বলেছিল, ভেবে দ্যাখ, সক্কলের বাবাই যদি ক্লাসে ফার্স্ট হতেন, তাহলে ওঁদের সময়ে ক্লাসে সেকেন্ড হতেন কে বল তো?
প্রীতি বলেছিল, আর ফেলই বা করতেন কারা? আমি তো ভেবেই পাই না৷
২
অক্ষয়-স্যার সপ্তাহে তিনদিন আসতেন৷ তাঁর বিরক্তি আর আমার হতাশা ও অপরাধবোধ ক্রমশ বেড়েই চলেছিল৷
একদিন এক টিপ নস্যি নিয়েই উনি আমাকে বললেন, খারাপ-ভালোর অনেকরকম হয়, বুঝেছ? তোমার মতো ছেলে আমি আর দেখিনি৷ তোমার বাবা মিছেই তোমার পেছনে পয়সা খরচ করছেন৷ আমি এবার তোমার বাবাকে বলব৷ তোমার মতো দু-চারটি ছাত্র পেলেই আমার এতদিনের সুনাম ডুববে৷ এত সোজা অংক, তাও তুমি…
আমি মাথা নীচু করেই ছিলাম৷ অনেক ছেলে, বাবা-মায়ের কাছে রিপোর্ট লুকোয়, পাছে তাঁরা মারেন, বকেন৷ আমি কখনওই লুকোইনি৷ অক্ষয়-স্যার আমার কথা বাবাকে বলে দিলেও বাবা আমাকে কিছু বলতেন না, কিন্তু বড় দুঃখ পেতেন নিশ্চয়ই৷ বাবাকে ভালোবাসতাম বলে বাবা দুঃখ পান, তাও চাইতাম না৷ অথচ আমি আপ্রাণ চেষ্টা করেও তৈলাক্ত বাঁশে বাঁদরের ওঠার অংক বা চৌবাচ্চার জল ফুরনোর অংক কিছুতেই করতে পারতাম না৷ সেই সময় কোনো রবীন্দ্রসংগীতের কলি কানের পাশে ঘুরঘুর করত৷ চোখের সামনে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘আরণ্যক’-এর রাজা দোবরুপান্না বা মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মানদীর মাঝি’র হোসেন মিঞার মুখ ভেসে উঠত৷ অ্যালজেব্রাও একদম ভালো লাগত না৷ জিওমেট্রি একটু ভালো লাগত৷ মনে হত ছবি আঁকছি৷ কিন্তু থিওরি এলেই মাথা একেবারে গোলমাল হয়ে যেত৷ আমি পরীক্ষায় ভালো ফল না করলে যে বাবা দুঃখ পাবেন—এই কথাটা ভেবেই আমার হাত-পা ঠান্ডা হয়ে আসত৷ বাবার দুঃখ পাবার ভয়ে নিজে আগেভাগে এত দুঃখ পেতাম যে, তা বলবার নয়৷ বাবার মস্ত কারখানার ভার তাঁর একমাত্র ছেলে নেবে এই-ই ছিল বাবার ইচ্ছে৷
ভালো ছাত্র ছিলাম না বলেই স্কুলের কোনো মাস্টারমশাই ভালো চোখে দেখতেন না আমাকে৷ যদিও ব্যবহার এবং স্বভাব পড়াশোনার তুলনায় একটু ভালো ছিল বলে কেউ খারাপ বলতেন এমনও নয়৷ আমি জানতাম যে, শিশির অথবা অনিমেষ, সকলেই ছাত্র হিসেবে আমার চেয়ে অনেকই ভালো ছিল৷ কাটু, বান্টা, এরা সব পড়াশোনাতে শিশিরদের মতো ভালো না হলেও খেলাধুলার জন্যে আলাদা একধরনের সম্মান পেত স্যারদের কাছ থেকে৷ পুরো স্কুলে ছেলেরাও তাদের হিরো-জ্ঞানে দেখত৷ কাটুর তো তখন এতই কদর ফুটবলে যে, চার ফুট দশ ইঞ্চি হাইটের ম্যাচ হলেই এক বিকেলে চার-পাঁচ জায়গায় ওকে ভাড়া করে নিয়ে যেত বিভিন্ন ক্লাব৷ ওর নিন্দুকেরা বলত, ও নাকি এক কাপ চা ও একটা বিস্কুট পেলেই ভাড়ায় খেলে দেয়৷ কাটু বিকেলের প্রথম খেলাতে নেমেই গোটা ছয়েক গোল দিয়ে তাদের এগিয়ে রেখে অন্য ম্যাচে গিয়ে পটাপট গোল দিয়ে আবার প্রথম ম্যাচের জায়গায় গিয়ে দেখত, প্রতিপক্ষের স্ট্রাইকাররা গোল শোধ করে দিয়েছে কি না৷ যদি ছ’টার বেশি গোল তারাও দিত, তবে কাটু তক্ষুনি গোটা দুই-তিন গোল দিয়ে সেই ম্যাচের ইতি টানত৷
প্রাইজ ডিসট্রিবিউশনের দিন শিশির এত বই পেত প্রাইজ হিসেবে, যে, একা বয়েই নিয়ে যেতে পারত না৷ তিন-চারজনের সাহায্য লাগত৷ স্পোর্টস-এর প্রাইজের দিনও অন্যান্য ছেলেরা কত মেডেল, কাপ সব পেত৷
জীবনে কী পড়াশোনাতে, কী স্পোর্টসে, কোনোদিন একটিও প্রাইজ পাইনি৷ রেজাল্ট বেরোবার দিন, প্রাইজের দিন, বড় মনমরা হয়ে বাড়ি ফিরতাম৷ এই ভেবে সান্ত্বনা দিতাম নিজেকে যে, আমরাই তো দলে ভারী৷ যারা প্রাইজ পেল, তারা আর ক’জন? তবুও বড় ছোট, সাধারণ, ভিড়ের মধ্যের একজন বলে মনে হত নিজেকে৷ কোনো কোনোওবার প্রাইজ ডিসট্রিবিউশনের অনুষ্ঠানে গান গাইতে বলা হত আমাকে৷ সে-গান আমার মা’ই শিখিয়ে দিতেন৷ গানও কিছু আহামরি গাইতাম না৷ অমন গান সকলেই গাইতে পারত৷
কেবলই ভাবতাম, আমি খারাপ৷ আমি কোনো কিছুতেই ভালো নই৷ ফার্স্ট বয়দের মতো লাস্ট বয়দেরও একটা আলাদা পরিচয় থাকে, বৈশিষ্ট্য থাকে৷ আমার তাও ছিল না৷ যে বয়সে প্রত্যেকেই ইমপর্ট্যান্ট হতে চায়, সেই বয়সে তখন আন-ইমপর্ট্যান্ট হয়ে থেকে মরমে মরে যেতাম৷
আমাদের ক্লাসের লাস্ট বয় গজু৷ বয়সে সে আমার চেয়ে অন্তত চার-পাঁচ বছরের বড় ছিল৷ একই ক্লাসে ছিল পাঁচ বছর৷ গতবার ফাইনাল পরীক্ষায় বাংলা পরীক্ষার দিনে আমার পাশেই সিট পড়েছিল গজুর৷ ও ঘাড় নীচু করে আমার কানে মুখ ঠেকিয়ে গরম নিশ্বাস ফেলে বলেছিল, বিপ্রকর্ষ কী রে?
গার্ড ছিলেন নরু-স্যার৷ দুষ্টু ছেলেরা তাঁকে ডাকত ‘ঘাড়-ছোট নরু-স্যার’ বলে৷ গজুর কথাতেই আমার দিকে তাকিয়েছিলেন উনি৷ ওঁর অভ্যাস ছিল ক্লাসের এ-প্রান্ত থেকে ও-প্রান্ত অবধি পায়চারি করে বেড়ানো৷ ক্লাসে পড়াবার সময়ও অমনই করতেন৷ গার্ড দেবার সময়ও তাই করছিলেন৷ উনি যেই দূরে চলে গেলেন, গজু ফিসফিস করে বলল, তোর পেট যদি আজ ছুরি দিয়ে না ফাঁসাই, তো আমার নাম গজশোভা রায় নয়৷
সেকথা শুনেই আমার পিলে চমকে গেল৷ গলা শুকিয়ে এল৷ কানাঘুষোয় আমি শুনেছিলাম যে, গিরিশ পার্কের পাশে ও একটি মরচে-পড়া ছুরি দিয়ে একটি ছেলেকে খুন করেছিল৷ মরচে-পড়া ছিল বলে ছেলেটাকে বাঁচাতে পারেনি ওর মা-বাবা অনেক চেষ্টা করেও৷ কিন্তু গজুর বাবা ছিলেন পুলিশের দারোগা৷ তাই কিছুই হয়নি ওর৷
ঘাড়-ছোট নরু-স্যার কথাটা শুনে ফেললেন৷ ঘুরে দাঁড়িয়ে বললেন, গজু, কেন ছেলেমানুষকে ভয় দেখাচ্ছ? বিপ্রকর্ষর মানে জানতে চাও তো আমিই বলে দিচ্ছি৷ কিন্তু এই একটি প্রশ্নের উত্তর ঠিক লিখলেই কি তুমি পাশ করে যাবে এবারে?
গজু নরু-স্যারকে ধমকে বলল, স্যার আমি অলরেডি চটে আছি৷ আমাকে আর চটালে কার পেট যে ফাঁসবে তার ঠিক নেই৷
ঠিক আছে, ঠিক আছে৷ একটু নস্যি নেবে? বলেই ঘাড়-ছোট নরু-স্যার গজুর কাছে গিয়ে ওকে নস্যি অফার করলেন৷ গজু রেগুলার নস্যি নিত৷ স্যারের ডিবে থেকে একটিপ নস্যি নিয়ে কিছুটা আমার নাকে উড়িয়ে একটি নোংরা রুমাল বার করে নাক ঝাড়ল৷
সেই মুহূর্তে ভালো ছাত্র শিশির সম্পর্কে যেরকম সম্ভ্রম ছিল আমার মনে, খুনি এবং ওঁচা ছাত্র গজু সম্পর্কেও, তার দুর্দান্ত প্রতাপ দেখে, ঠিক সেরকম নয়, তবে অন্য একরকম সম্ভ্রম জাগল৷ সেই মুহূর্তে আমি বুঝতে পেরেছিলাম যে, জীবনে বিশেষ কেউ হতে হলে খুবই ভালো হতে হবে৷ এখানে মাঝামাঝিদের কোনো পরিচয় নেই, দামও নেই৷ খুব ভালো যদি না হওয়া যায়, তা হলে খুব খারাপ, গজুর মতো হওয়াও বোধহয় ভালো৷ কিছু না হয়ে থাকার চেয়ে তবু কিছু একটা হাওয়া হল৷ আমাদের বন্ধু রাজেন যেমন ‘কিছু’ হল সেদিন রাস্টিকেটেড হয়ে৷ বাবার আলমারি ভেঙে টাকা নিয়ে সে বোম্বে যেতে চেয়েছিল সিনেমায় নামবে বলে৷ খড়্গপুরেই পুলিশ পাকড়াও করে নিয়ে আসে তাকে৷ বোম্বেও যাওয়া হল না, রাস্টিকেটেডও হল৷
৩
যেদিন স্কুল ফাইনালের রেজাল্ট বেরোল, সেদিন বাথরুমে গিয়ে খুব কাঁদলাম৷ আমার চেয়ে বেশি কাঁদলেন মা৷ এবং মা’কে অপদার্থ ছেলের জন্য কাঁদতে দেখে আমার বুক ফেটে যেতে লাগল৷
সন্ধের পর অক্ষয়-স্যার এলেন৷ আমি পড়ার ঘরেই ছিলাম৷ ট্যাবুলেটরের কাছ থেকে উনি মার্কস জেনে এসেছিলেন৷ যেহেতু অংকই পড়াতেন, অংকের মার্কসই শুধু জেনেছিলেন৷ ওঁর মুখে আমার প্রতি সেই ঘৃণা, বিতৃষ্ণা আর অধৈর্য চিরদিনই ছিল৷ সেইসব আবারও তীব্র ঝলকে ফুটে উঠল৷ পথের ডাস্টবিনের পাশ দিয়ে যাওয়ার সময় অনেকে যেমন নাকে রুমাল চাপা দেন, তেমন করে আমার খারাপত্বর গন্ধও যেন ওঁর নাকে লেগে ওঁকে ভীষণ পীড়িত করছিল৷ নস্যি-মাখা রুমাল দিয়ে নাক চাপা দিলেন উনি৷
মুখটি নীচু করেই রইলাম আমি৷ এ-মুখ কাউকেই দেখানোর নয়৷
অক্ষয়-স্যার বললেন, তুমি আমার লজ্জা৷ তোমার মতো গোটা-দুই ছেলে যদি আমার লিস্টে থাকে, তবে আমার প্রাইভেট টিউটর হিসেবে যে সুনাম, তা একেবারেই উবে যাবে৷ তোমার বাবাকে বোলো, অন্য টিউটরের খোঁজ করতে৷ তুমি পঁয়তাল্লিশ পেয়েছ৷ বুঝেছ? ইয়ে! পঁয়তাল্লিশ! আর অ্যাডিশনাল ম্যাথস-এ পেয়েছ পঁচিশ৷ ছোঃ ছোঃ৷ অ্যাডিশনাল ম্যাথস! শখ কত্ত৷ কী স্পর্ধা! আর শোনো, ফার্স্ট ডিভিশনও জোটেনি কপালে৷ দশ নম্বর কম আছে৷
আমি মুখ নীচু করেই রইলাম৷
অক্ষয়-স্যার হঠাৎ একটিপ নস্যি নিয়ে উঠে পড়েই বললেন, তোমার বাবাকে কোন মুখে ফেস করব? উনি আসার আগেই আমি উঠছি৷ বাবাকে বোলো, তোমার ব্রিলিয়ান্ট মার্কসের কথা৷ ছিঃ, ছিঃ! কী বাবার কী ছেলে! লজ্জা, লজ্জা! তুমি আমার ছেলে হলে…
হলে যে কী করতেন, সেটা না বলেই এগোলেন৷ গোপেনদা যে আমার চেয়ে কত ভালো তা আমি জানতামই৷ ও-কথা ওঁর বলার দরকার ছিল না৷ চলে যেতে গিয়েই ফিরে দাঁড়িয়ে আবার বললেন, তোমার বাবা আমাকে যদি কিছু বলেন, তা হলে আমি কিন্তু ওঁকে ভালো করেই শুনিয়ে দেব, গাধা পিটিয়ে ঘোড়া নিশ্চয়