
কত কান্ড রেলগাড়িতে
আশাপূর্ণা দেবী
১
যত কান্ড রেলগাড়িতেই!
অন্যে যে যা বলুক, রেলগাড়িতে ঘটা কান্ডকারখানার তুলনা নেই। এই জায়গাটিতে বহু কান্ডই ঘটে এবং ঘটে আসছে তার জন্মকাল থেকেই।
রেলগাড়ির জন্মকালের প্রথম অধ্যায়ে সেই দুই সাহেব ভূতের ঝগড়া (কে না জানে সেকাহিনি?) দিয়ে শুরু করে, কতরকম ঝগড়াই যে ঘটে আসছে তার ইয়ত্তা আছে? শুধু ‘ঘটে আসছে’ই বা বলি কেন? ঘটেই চলেছে।
ঝগড়া থেকেই কত কান্ডকারখানা।
জানলার ধারের সিটের দখল নিয়ে ঝগড়া থেকে হাতাহাতি, জানলা গলিয়ে অপর পক্ষের ব্যাগ-ব্যাগেজ, কোট, হ্যাট, ছাতা, নস্যির ডিবে, সিগারেটের কেস ছুড়ে ফেলে দেওয়াদিই,আগে যারা উঠেছে, আর পরে যারা উঠেছে এই দুদলে ‘রাজাপ্রজা’ সম্বন্ধ হয়ে গিয়ে, রাজার হাত প্রজাকে রুখতে, সবলে দরজা আটকানো ধাক্কা মারামারি, মালপত্তর লটবহরের গন্ধমাদন নিয়ে ধুন্ধুমার অথবা, ‘আপারবার্থ, থেকে লোয়ারবার্থে চিনেবাদামের খোসা, আখের ছিবড়ে, কেক, চকোলেট ঝালমুড়ি খাওয়া মোচড়ানো খালি ঠোঙা, ফেলা নিয়ে রসাতল তলাতল , এসব তো নিত্য ঘটনা। অপর যাত্রীরা বেশ বিনা টিকিটে কৌতুক নাটিকা দেখার মজা উপভোগ করতে করতে যাত্রার সুযোগ পায়।
আবার রেলগাড়িতে ভাবেরও অর্থাৎ ভাব হওয়ারও ছড়াছড়ি কান্ড, ভূরি ভূরি দৃষ্টান্ত।
রেলগাড়ির ঘণ্টা কয়েকের যাত্রাসঙ্গীর সঙ্গে চিরস্থায়ী বন্ধুত্ব গড়ে ওঠা, রেলগাড়িতে ছেলেমেয়ের বিয়ের সম্বন্ধ ঠিক করে ফেলা একদম অজানা অচেনার সঙ্গে টিফিনকৌটায় ভরে আনা খাবার ভাগাভাগি করে খাওয়া, এদের জলের বোতলের জলে ওদের পিপাসা নিবারণ, ওদের বাড়তি কম্বলে এদের ঘাটতি পূরণ, এদের খোকার ঝুমঝুমির ওদের খোকার হাতে নাচানাচি, ওদের খুকুর পুতুল এদের খুকুর কাছাকাছি,এসবের চাষই কি কিছু কম নাকি?
রেলগাড়িতে অনেক প্রাপ্তিযোগেরও কান্ড।
আবার রেলগাড়িতে হারানোর কান্ড? সেও তো অগাধ অগুনতি! টাকাকড়ি ট্রাঙ্ক সুটকেস ব্যাগ বেডিং থেকে শুরু করে মায় ছেলেমেয়ে পর্যন্ত।
তা ছাড়া বদল?
বাক্স বদল, বাচ্চা বদল, ঘোমটা মোড়া কনে বদল, কত বদলের ইতিহাসই লেখা আছে রেলগাড়ির দেয়ালে অদৃশ্য লিপিতে।
এইসব নিয়ে যে কত গল্পকাহিনি লেখা হয়েছে, কত সিনেমা থিয়েটার দেখানো হয়েছে সেটা রীতিমতো একটা গবেষণার বিষয়, তোমার নিশ্চিন্ত ধারণা! যারা ‘ডক্টরেট’ করবার জন্যে একটু সহজ বিষয়বস্তু খুঁজে বেড়াচ্ছেন তাদের আমি এদিকে দৃষ্টিপাত করতে বলছি।
সকলের উপর বিরাজ করছে রেলগাড়িতে চুরি, ছিনতাই, ডাকাতি, খুন, ঘুস, জুয়া, স্মাগলিং। রেলগাড়ি তো এসবের মহাক্ষেত্র।
আবার জন্ম, মৃত্যু? এও ঘটে যায় বই কী রেলগাড়িতে মাঝেমধ্যে।
রেলগাড়িকে একটা ‘মিনি পৃথিবীই’ বলা চলে।
এইসব ভেবেই জিতু তার বন্ধু গৌতমের একান্ত ঝুলো-ঝুলিতেও তাদের মালদার বাড়িতে বেড়াতে যাওয়ার জন্যে বাসে যেতে রাজি হল না, চাপল রেলে। বলল, দুর রেলগাড়িতেই যদি না চাপলাম, তবে আর বেড়াতে যাওয়া কী? রেলগাড়ির চাকারা সারাক্ষণ শুনিয়ে চলবে ‘কু-ঝিক-ঝিক, কু-ঝিক-ঝিক মামারবাড়ি! মামারবাড়ি! কু-ঝিক-ঝিক, কু-ঝিক-ঝিক তাড়াতাড়ি তাড়াতাড়ি।’
গৌতম বলল, তোর মাথায় যত ধোঁয়াটে আইডিয়া।…একটা রাতের তো ব্যাপার!
তা হলেই বা! রাতের রেলগাড়িই তো যত মজার! যত রহস্যের!
গৌতমের দাদা শুনে বলল, তোর বন্ধু বুঝি কবিতা লেখা ধরেছে?
কই না তো? কেন? কে বলল?
বলেনি কেউই। ওর মামারবাড়ি আর তাড়াতাড়ির মিলটা?
ওটাই তো ধরিয়ে দিচ্ছে।
বা:! এখন আবার কেউ মিল দিয়ে কবিতা লেখে নাকি?
লেখে না বুঝি? তাহলে তোর বন্ধু নির্ঘাত এন্তার রহস্য রোমাঞ্চ আর গোয়েন্দা গল্প পড়ে।
বা:! বই পড়ার সঙ্গে রেলগাড়ি চড়ার কী?
ওইসব বই বেশি পড়লেই মাথার মধ্যে পোকারা বাসা বাঁধে, আর কটাং কটাং কামড়ায়। নইলে আজকালকার দিনে শখ করে কেউ রাতের রেলগাড়ি প্রেফার করে? যেখানে দিব্যি দিনে দিনে বাসে চেপে দৃশ্য দেখতে দেখতে যাওয়া যায়।
গৌতম বলল, বললাম তো অনেক করে। ওই এক শখ! কথাটা সত্যি। অনেক করেই বলেছিল গৌতম। কারণ ওর খুব ইচ্ছে ছিল বাসের তিনটে হলটিং স্টেশন, রানাঘাট, কেষ্টনগর আর বহরমপুর, তিন জায়গা থেকে বন্ধুকে ভালো সব খাওয়াবে দাওয়াবে। রানাঘাটের চাপড়ামন্ডা, কেষ্টনগরের সরপুরিয়া আর বহরমপুরের ছানাবড়া। এসব সেই দাদুটাদুর আমলের মতো (যা গৌতম শুধু শুনেছে—দেখেনি) অপূর্ব না থাকলেও,নাম তো আছে? দামও আছে।
তা সেথাকলেই বা কী?
জিতুর সেই এক ঝোঁক রেলগাড়ি।
শক্তপোক্ত লম্বা-চওড়া একটা নাম অবশ্য আছে জিতুর, সেটা হচ্ছে অজাতশত্রু। কিন্তু নামটা এমনই আখাম্বা, ভেঙে-চুরে কোনো টুকরোখানা দিয়েই ডাকাডাকির কাজে লাগানো যায় না। ‘অজাত’ও বলা চলে না। শত্রু অবশ্যই নয়।
‘অজা’ই বা কী এমন ভালো কথা? …এই সবের প্যাঁচে পড়েই বন্ধুরা জিতু বলে ডাকে! …বাড়িতে নাকি বলে খোকা?
তা সেযাই হোক—
অনেকদিন থেকে গৌতম চেষ্টা করছে জিতুকে একবার তাদের মালদার, মানে দেশের বাড়িতে নিয়ে যাবার জন্যে।
ছুটি হলেই বলে। কিন্তু জিতুদের বাড়িটা এমন না খুঁতখুতে বন্ধুর সঙ্গে যাবে, তাও বলবে যে ‘একা? ও তো তেমন সাব্যস্ত নয়।
শুনে জিতু রাগ করে, মার সঙ্গে ঝগড়া করে, কিন্তু অনুমতিটা আদায় করতে পারে না।’
কিন্তু এবারের ছুটির পরই তো স্কুলজীবন শেষ, এরপর কে কোথায় ছড়িয়ে ছিটিয়ে যাবে, কে জানে। তাই এবার অনুমতি মিলেছে।
গৌতমের দাদা-বউদি কলকাতায় তাই গৌতম আর তার দিদি কলকাতায় থেকে পড়ে। গৌতম স্কুলে, দিদি কলেজে।
মালদায় গৌতমের মা, বাবা, দাদু আর পিসিমা। ছুটি হলেই গৌতম ওখানে চলে যায়। কত ছেলেবেলা থেকেই তো একা যায় আসে। বাসেই যায়। তবে ট্রেনে কি আর যায়নি?
দাদা-বউদিরা যখন যায়, দাদার অফিস বন্ধর দিন রাত্রেই রওনা হয়। গৌতমের এ রাস্তা মুখস্থ।
জিতু বলল, চেষ্টা করে একটা আপারবার্থ পাবি না? উঁচুতে শুয়ে দোল খেতে খেতে বেশ মজা।
গৌতম হেসে উঠল, চেষ্টা করে আপার? আপারবার্থটাই তো সবাই অ্যাভয়েড করতে চায়।
আরে কেন?
বা:! লাফিয়ে ঝাঁপিয়ে ওঠা একটা হ্যাঙ্গাম না? বুড়ো-বুড়ি, ছোটো ছেলেমেয়ে এসবই তো বেশি রে। আপারবার্থ ইজিলি পাওয়া যাবে। কিন্তু ঘুমটা কীরকম? হাত পা ছুঁড়িস?
পড়ে ফড়ে যাবি না তো?
ধ্যাৎ? বাচ্চা না তো?
অতঃপর একটা শনিবারের সন্ধ্যায় দুই বন্ধুতে গৌড় এক্সপ্রেসে এসে বসল। পরদিন রবিবার, গৌতমের বাবার ছুটি, স্টেশনে আসার সুবিধে। স্টেশন থেকে বাড়িটা বেশ দূরে আছে নাকি।
কিছুক্ষণ নীচে গৌতমের সিটে বসে গল্প করার পর, জিতু হাইজ্যাম্প করে তার নিজস্ব জায়গায় উঠে পড়ল।
গৌতম হেসে বলল, যাও খোকাবাবু তোমার সাধের দোল দোল দুলুনি করে ঘুমোও গে।
বাড়িতে তো জিতুর নাম ‘খোকা’, মাঝে মাঝেই এরা বলে নেয় সেটা।
ওপরে উঠে শুয়ে পড়ার একটু পরেই জিতু হঠাৎ উঠে বসে বলল, গৌতম! তোদের বাড়িতে কুকুর আছে?
কুকুর?
গৌতম হেসে উঠল, তাহলেই হয়েছে। মা তা-হলে থাকত নাকি ও বাড়িতে? স্রেফ বাপের বাড়ি চলে যেত। মার দারুণ ভয় কুকুরে। যে বাড়িতে কুকুর আছে, মা সেবাড়িতে বেড়াতে যায় না। অথচ বাবার বেশ শখ আছে। কিন্তু কী করবে?
তারপর আবার একটু হেসে বলল, অথচ আমার বাবার দাদুর, অর্থাৎ দাদুর বাবার নাকি একটা পোষা নেকড়ে বাঘ ছিল!
নেকড়ে বাঘ!
তাইতো শুনি! জমিদারবাবুর খেয়ালে। জমিদার ছিলেন তো। খুব বাচ্চাবেলা থেকেই পুষেছিলেন অবশ্য। সেনাকি ওনার পুত্রতুল্য ছিল। চেন ফেনের বালাই ছিল না সারাবাড়ি ইচ্ছেমতো ঘুরে বেড়াত। আর বাবার ঠাকুমা অর্থাৎ দাদুর মা, তাকে নিজে হাতে করে খেতে দিতেন। দাদু তো তাই হেসে হেসে আমার মাকে বলেন, বউমা সামান্য কুকুরেই তোমার এত ভয়, আর আমার মা নিজে হাতে করে নেকড়েছানাকে খাইয়ে দাইয়ে মানুষ করেছেন। মাও হেসে বলে ‘মানুষ’ করেছেন? …তো দাদু বলেন, আহা না হয় নেকড়েই করেছেন। নিজে হাতে নাইয়েছেন খাইয়েছেন তো।
জিতু বলল, ভাবা যায় না।
আমারও তাই মনে হয়, তবে শুনেছি শিশু থেকে পালন করলে বাঘ সিংহী সবাই পোষ মানে। …দাদুর বাবার সেনাকি তার পালক পিতামাতার কোলে বসত, গা চাটত! অথচ বিশালকায় হয়ে উঠেছিল।
জিতু বলে উঠল, তার মানে খইরির মতন?
যা বলেছিস। …তবে শুনি শেষটা বড়ো স্যাড ব্যাপার হয়ে গিয়েছিল নাকি! দাদুর বাবার এক বন্ধু এসেছিলেন বেড়াতে, শিকারের শখ। দাদুর সঙ্গে পরদিন শিকারে যাবার কথা, হঠাৎ বাড়ির পিছনে বাগানের মধ্যে একটা বিশালকায় নেকড়ে ঘুরে বেড়াচ্ছে দেখে—ব্যস! চালিয়ে বসলেন গুলি। খতম।
অ্যাঁ।
হ্যাঁ! দাদুর বাবা নাকি পাগলের মতো হয়ে গিয়ে বন্ধুকে বলেছিলেন, শিগগির পালাও তুমি, নইলে হয়তো তোমায় গুলি করে বসব!… সেযাক! হঠাৎ কুকুরের কথা তুললি কেন?
কী জানি! হঠাৎ মনে হল, একটা বাঘের মতো কুকুর যেন আমাকে কামড়াতে আসছে। হো হো করে হেসে উঠল গৌতম।
বলল, দাদা ঠিকই বলেছে।
কী বলেছে দাদা?
সন্দেহের গলায় জিজ্ঞেস করল জিতু।
গৌতম বলল, এমন কিছু না! বলছে, এন্তার রহস্য রোমাঞ্চ আর গোয়েন্দা গল্প পড়লে, মাথার মধ্যে পোকারা বাসা বাঁধে!
যতসব বাজে কথা!
বলে রাগ করে ঘুমিয়ে পড়ল জিতু।
আর গাড়ির গতির ছন্দে আর চাকার শব্দ ছন্দে ঘুমের অতলে তলিয়ে গেল। ভারি মজার গভীর একটা আমেজের ঘুম। এই আমেজটাই তো রাতের গাড়ির আকর্ষক!
২
কতক্ষণ এই মধুর সুখটি অনুভব করেছিল জিতু জানে না।…
হঠাৎ ঘুম ভেঙে গেল জিতুর। উঠে বসল।
শুনতে পেল কে যেন কোথা থেকে ডাকছে, অজাতশত্রু! অজাতশত্রু!…
চমকে উঠে বসল জিতু। এ নামে তাকে কে ডাকছে? কে? কে? গৌতম তো নিশ্চয়ই নয়! …নীচের বার্থের দিকে তাকিয়ে দেখল, বার্থটা খালি, গৌতম নেই।
গাড়িটা কি চলছে? না: চলছে না তো।
ওঃ। বোঝা গেছে। মালদায় পৌঁছে গেছি আমরা! খুব ভোরেই তো গাড়ি স্টেশনে ইন করার কথা।… জানলার শাটার ফাটার সব টাইট করে বন্ধু, বোঝা যাচ্ছে না, ভোর হয়েছে কি না।
অন্য সমস্ত সিটগুলোর দিকে তাকিয়ে দেখল, আচ্ছা সবাই তো বেশ আরামসে শুয়ে আছে… ব্যাপারটা কী? তবে কি গৌতমের বাবা আগের কোনো স্টেশনে এসে গাড়ি নিয়ে হাজির হয়েছেন, তাড়াতাড়ি বাড়ি পৌঁছে নেবার জন্যে?…
গৌতম নেমে পড়েছে, আর ওর বাবা জিতুকে পোশাকি নামে ডাক দিচ্ছেন।… তা উনি তো বোধ হয় পোশাকি নামটাই শুধু জানেন।
তাই হবে! তাই ঠিক। কারণ গৌতম কবে যেন একবার বলেছিল, ‘আমাদের বাড়িটা এমন একটা জায়গায় জানিস, সামনে দিয়ে ট্রেন চলে যাবে অনেকটা দূরে গিয়ে থামবে।…
স্টেশন থেকে আবার পিছিয়ে চলে আসতে হয় আমাদের।’
এবারে বোধ হয় গৌতমের বাবা নিজেই আগে থেকে পিছিয়ে এসে, ওদের নিতে এসেছেন।
আবার শুনতে পেল জিতু, অজাতশত্রু অজাতশত্রু!……
কেমন একটা ভারী গম্ভীর-চাপা স্বর।
জিতু লাফিয়ে নেমে পড়ল।
তারপর ছুটে দরজার কাছে গেল।
দেখল দরজাটা খোলা!
তার মানে গৌতমটা নেমেই পড়েছে।
দেখতে পেল না অবশ্য, কারণ বাইরে অন্ধকার।….