
হাওয়াই চটির সন্ধানে – হিমানীশ গোস্বামী
রঞ্জিত চট্টোপাধ্যায়
হাওয়াই চটির সন্ধানে – হিমানীশ গোস্বামী
| রঞ্জিত চট্টোপাধ্যায় | |
| uncategorized |
Posted byদিয়া মল্লিক18-Aug-2025
Change color
গোয়েন্দা দাঁ-এর গোড়ালির ব্যথায় আবার কষ্ট হচ্ছিল, তবে এবারে ততটা মারাত্মক নয়। এমনিতে হয়তো ঘন্টাখানেক হাঁটলেন, কোনও ব্যথা নেই, কিছু নেই, কিন্তু হঠাৎ ব্যথায় থমকে পড়েন। দু’ তিন মিনিট হাঁটতেই পারেন না আর। তারপর এমনিতেই ব্যথাটা চলে যায়। এই কারণে গোয়েন্দা দে ব্যবস্থাপত্র দিয়েছেন, প্রতিদিন সকালে এবং বিকেলে অন্তত দেড় মাইল হাঁটার। গোয়েন্দা দাঁ বলেছিলেন, পাগল নাকি মশাই, এই গরমের মধ্যে গলদঘর্ম হয়ে হাঁটা আমার পোষাবে না। তার চাইতে গোড়ালির ব্যথাটা থাক—আর বয়স তো কম হল না, এই রকম একটা না একটা কিছু এখন হতেই থাকবে। গোয়েন্দা দে বলেছিলেন, ওসব কথা বলবেন না। হতেই থাকবে—এরকম কথা তো সংগ্রামীর কথা নয়। প্রকৃতিকে জয় করাই প্রগতিশীল মানুষের কর্ম, প্রকৃতির কাছে আত্মসমর্পণ নয়।
ফলে নিজেকে প্রগতিশীল বলে পরিচয় দিতে গোয়েন্দা দাঁ রোজই বেড়াচ্ছেন। ঘোর গরমে, কখনও বৃষ্টিতে। তার সঙ্গে চলেছে ওষুধও—এবং মনে হচ্ছে যেন ব্যথাটা আর তেমন নেই। তবে ভ্রমণসঙ্গী হিসেবে গোয়েন্দা দাঁ সঙ্গে নিয়েছেন গোয়েন্দা দে-কেও। রাজী করিয়েছেন তিনি তাঁকে। তাঁর যুক্তি এই যে হাঁটলে যদি অসুস্থ গোড়ালির উপকার হয় তাহলে সুস্থ গোড়ালিও অসুস্থ হতে পারবে না।
তাঁরা রোজই একটা চায়ের দোকানে সকাল প্রায় সাড়ে ছ’টায় মিলিত হন। সেখানে এক এক কাপ চা পানান্তে তাঁরা হাঁটতে থাকেন অনির্দিষ্ট ভাবে। কখনও মাত্রা মতই হাঁটেন, কখনও একটু বেশি হেঁটে ফেলেন। এই রকম ভাবেই চলছিল। গোয়েন্দা দাঁ-ও ভাবছিলেন তাঁর গোড়ালির ব্যথা প্রায় নেই বললেই চলে—সত্যি, গোয়েন্দা দের ওষুধের বাহাদুরি আছে বলতেই হবে।
সেদিন সকাল বেলা চায়ের দোকান—দোকানের নাম একটু আধুনিক বলেই মনে হবে—চা-স্পৃহ, কিন্তু দোকানটি অন্তত পঞ্চাশ বছরের পুরোন। যাঁরা এই দোকানটি প্রথমদিকে দেখেছেন তাঁরা বলেন দোকানটির কোনো উন্নতি হল না। সেই একই ভাবে চলেছে। এমনকি মনে হয় সেই পুরোন সাইন বোর্ডটিও রয়েছে—আর পুরোন মালিক বসন্তবাবুই হাল ধরে রয়েছেন। বসন্তবাবু বুড়ো হয়েছেন আজ—তবে তাঁর অবস্থা অসচ্ছল নয় কোনমতেই। দোকানটি দেখে যে যাই বলুন এই দোকানের চা যাঁরা একবার চেখেছেন, তাঁরা এর মায়া কাটাতে পারেন না। দাম একটু বেশিই দিতে হয়। আর এই দোকানের বিশেষত্ব হল কবিরাজি কাটলেট। রোজ গোনা একশো কাটলেট বানান। কেবল শনি এবং রবিবারে কিছু বেশি। এত ভাল কাটলেট নাকি এ অঞ্চলে আর কেউ বানাতে পারে না। কিন্তু বসন্তবাবু কিছুটা নির্লোভ। অনেকেই তাঁকে উপদেশ দিয়েছেন দোকান ঘরটিকে কয়েক হাজার টাকা খরচ করে আধুনিক করতে। বেশ কিছু তাহলে ব্যয় হবে বটে, কিন্তু পাঁচগুণ মুনাফা ঘরে উঠবে। কিন্তু বসন্তবাবু নির্বিকার! এই বসন্তবাবুর সঙ্গে গোয়েন্দা দে এবং দাঁ-এর পরিচয় অনেকদিন থেকেই। এই অঞ্চলে যখন গোয়েন্দা দে বাড়ি করেন তখন থেকেই—তা সেও তো প্রায় কুড়ি বছর হতে চলল!
এই দোকানে সকালে আসবার পথেই সেদিন ঘটনাটা ঘটল। গোয়েন্দা দাঁ একটা গলির ভেতর দিয়ে শর্টকাট করছিলেন, এমন সময় তিনতলা এক বাড়ির জানলা থেকে একপাটি চটি সপাটে এসে পড়ল তাঁর সামনে। আর একটু হলেই গোয়েন্দা দাঁর মাথায় কিংবা গায়ে সে চটি পড়ত। গোয়েন্দা দাঁ একটু চমকে গিয়ে তাকালেন উপরের দিকে—কিন্তু ঠিক কোন জানলা দিয়ে এই চটির অধঃপতন হল তা তিনি ঠিক বুঝতে পারলেন না। তিনি ভাবলেন হয়তো চটির মালিক এখুনি নিচে নেমে আসবেন চটি উদ্ধারের জন্য। কিন্তু সেরকম কিছু হল না। নির্জন গলিতে দু মিনিট দাঁড়িয়ে রইলেন তিনি—এমন সময় দরজা খুলে গেল অকস্মাৎ তাঁর ডান দিকে। এক পালোয়ান গোছের যুবক হেঁড়ে গলায় জিজ্ঞেস করল, কাকে চাই মশাই আপনার?
গোয়েন্দা দাঁ বললেন, কাউকে আমার দরকার নেই—আমি কেবল জানতে চাই আমার সামনে একপাটি চটি কে ছুঁড়ল? মনে হয় তিনতলার কেউ হবে!
তখন সেই পালোয়ান বলল : তিনতলার কেউ হবে? বললেই হল—এর কোন প্রমাণ দাখিল করতে পারেন?
কথাবার্তা শুনে আরও কিছু লোকসমাগম হল। ঝট্পট্ জানলা কিছু খুলল এদিক-ওদিক। দরজা খুলেও কেউ কেউ এল। একজন বলল, কি মশাই, ব্যাপার কি? হল কি? একজন বলল, লোকটা গুপ্তচর হতে পারে। আজকাল তো গুপ্তচর সর্বত্র—এমন কি হাওড়ার গণ্ডগ্রামে পর্যন্ত গুপ্তচরদের দেখা মিলে যায়।
গোয়েন্দা দাঁ বললেন, দেখুন—ব্যাপারটা কিছুই নয়। আমি এই গলি দিয়ে শর্টকাট করে চা-স্পৃহতে যাচ্ছিলাম। হঠাৎ উঁচু থেকে একটা চটি আমার সামনে এসে পড়ল। আর একটু হলেই আমার গায়ে বা মাথায় পড়ত। আমি থমকে দাঁড়িয়ে ভাবছিলাম এরকম ভাবে চটি কেউ ছুঁড়ে থাকলে সেটা খুব অন্যায়।
—তা আপনাকে কে চটি ছুঁড়বে বলুন?
—আহা, আমাকে নয়। আমাকে লক্ষ্য করে ছোঁড়েনি কেউ—চটি কেউ উপর থেকে ফেলেছে এটাই হল ঘটনা। কেন ফেলেছে তা আমি বলছি না, আমি বলতে চাই, যেই ফেলুক তার এভাবে ফেলা উচিত হয়নি।
মানে আপনি এই পাড়ায় জ্ঞান দিতে এসেছেন?—একটি ছোকরা প্রশ্ন করল।
গোয়েন্দা দাঁ বললেন, দেখুন—আমার অন্যায় হয়েছে। উপর থেকে জঞ্জাল, নোংরা, পাথর, ইট—এ সবই আপনারা ফেলবেন নিশ্চয়, পাড়াটা যখন আপনাদের। কিন্তু আমি তো এ পাড়ার নই, আমার পক্ষে এসব অভ্যেস নেই।
কেবল একজন বয়স্ক লোক বললেন, যান মশাই, সময় নষ্ট করবেন না, চলে যান।
খুব মন খারাপ করে গোয়েন্দা দাঁ হাঁটতে লাগলেন। তিনি ভাবতে লাগলেন—এসব হচ্ছে কি? সমাজ আজ কোথায় চলেছে? কোন লোককে কেউ সম্মান করে না। তাঁর মন খুবই ভারী হয়ে উঠল। একটু পরই অবশ্য তিনি পৌঁছে গেলেন চা-স্পৃহতে। সেখানে যেতেই গোয়েন্দা দে ঘড়ি দেখে বললেন, ব্যাপার কি, সাড়ে ছ’ মিনিট লেট?
গোয়েন্দা দাঁ বললেন, এক পাটি চটি।
তারপর সংক্ষেপে ঘটনাটা বললেন। চা-স্পৃহর মালিক বসন্তবাবু বললেন, এরকম ছোটখাটো ঘটনায় আজকাল খুন পর্যন্ত হচ্ছে। এই তো সেদিন···।
কিন্তু ইতিমধ্যে দোকানের সামনে একটা ক্রিম রঙের অ্যামবাসাডর গাড়ি এসে থামল। তা থেকে প্রথমে নামল গোয়েন্দা দাঁ-এর ভৃত্য সখারাম। তারপর নামলেন এক বিরাটবপু ভদ্রলোক। গরমকালেও তাঁর গায়ে হালকা কাপড়ের কোট, শার্ট এবং ট্রাউজার। তার উপর ঝক্ঝকে একটা টাই। চোখে সোনার ফ্রেমের চশমা।
সখারাম গোয়েন্দা দাঁকে বলল, আপনার খোঁজে এসেছিলেন। ইনি বললেন খুব জরুরী ব্যাপার, তাই নিয়ে এসেছি।
চায়ের দোকানের মধ্যে ভদ্রলোক ঢুকেই একটা চেয়ারে বসে পড়লেন।
গোয়েন্দা দাঁ বললেন, আমার নাম দাঁ, আমার কাছে আপনার কী প্রয়োজন?
ভদ্রলোক বললেন, ব্যাপারটা একটু গোপনীয়।
গোয়েন্দা দাঁ বললেন, আমি পরিচয় করিয়ে দিই, আমার সহকর্মী এবং বন্ধু গোয়েন্দা দে।
নমস্কার।—ভদ্রলোক বললেন, আমার নাম আপনারা শুনে থাকবেন—আমার নাম রণজিৎ পাণ্ডা। পাণ্ডা শূ আমারই প্রতিষ্ঠান। গত দশ বছর ধরে কলকাতার আশেপাশে জুতোর চারটে কারখানা চালাচ্ছি। ভগবানের দয়ায় আমার প্রতিষ্ঠানের জুতোর কদর হয়েছে। কেবল পশ্চিমবঙ্গ নয়—আসাম, উড়িষ্যা, বিহার থেকে শুরু করে জম্মু-কাশ্মীর পর্যন্ত আমার জুতো চালান যায়। এবছর দশ হাজার জোড়া উৎকৃষ্ট মানের চামড়ার জুতো জাপানে পাঠিয়েছি—সেখান থেকে নতুন অর্ডার এসেছে পঞ্চাশ হাজার জোড়ার। এত সাফল্য আমার আসবে আমি চিন্তাও করতে পারিনি। আজকাল অবশ্য চামড়ার জুতোর দাম অস্বাভাবিক ভাবে বেড়ে যাওয়ায় দেশের মধ্যে নকল চামড়ার জুতোই চলছে বেশি। সে জন্যে দেশের মধ্যে বিক্রি করার জন্য পলিথিন জাতীয় জিনিসের তৈরি জুতো, চটি ইত্যাদি চলেছে খুব। আমরাও ক্যানিং-এর কাছে একটা কারখানা বসিয়েছি। কেবল পলিথিনের চটি জুতো বানানোর। কাঁচা মাল হাতে থাকলে তৈরি করার হাঙ্গামা কম। বড় বড় শিট থেকে প্রয়োজন মত কাটাকুটি করে দৈনিক দু’হাজার থেকে তিন হাজার জোড়া চটি ওখানে তৈরি হয়। আমরা বোধ হয় সবচেয়ে কম লাভে চটি বিক্রি করে থাকি। হরে দরে জোড়া প্রতি কুড়ি থেকে ত্রিশ পয়সা শেষ পর্যন্ত লাভ থাকে।
—ট্যাক্সের পর না আগে?—গোয়েন্দা দাঁ হেসে জিজ্ঞেস করলেন। তারপর উত্তরের অপেক্ষা না করেই একটু উচ্চকণ্ঠে বললেন, বসন্তবাবু, এঁর জন্যে এক কাপ চায়ের ব্যবস্থা করুন। সঙ্গে একটা কি দুটো টোস্ট? না? বেশ, এক কাপ চা-ই হোক।
রণজিৎ পাণ্ডা বললেন, ট্যাক্সের পর।
গোয়েন্দা দা বললেন, মন্দ কি। প্রতিদিন আড়াই হাজার জোড়াও যদি বিক্রি হয় তাহলে মাসে আয় আঠারো হাজারেরও বেশি, তাই না?
আজ্ঞে তা হয়। তবে এছাড়া আমার অন্যান্য কারখানা থেকেও আয় হয়। সব সমেত মাসে দু’তিন লাখ টাকা লাভ থাকে। কিন্তু এই ব্যবসায়ের একটা মজা এই যে এখানে থেমে থাকা চলে না। আমার ব্যক্তিগত প্রয়োজন কতই বা হতে পারে। দৈনিক দুশো টাকা হলে বেশ ভালভাবেই চলে যায়। খাওয়া-দাওয়া, বেড়ানো—এ সমস্তই ওই টাকায় হয়ে যায়। ওর চাইতে কমেও অসুবিধে বিশেষ হয় না। আমি তো কানপুরে একটা ট্যানারিতে কাজ শুরু করেছিলাম মাসিক দুশো টাকায়। তবে তা বছর পনেরো আগেকার কথা। কিন্তু এখন নানারকম দায়িত্ব ঘাড়ে পড়েছে। আমার কারখানায় কাজ করে প্রায় ছ’শো লোক। আরও লোক নিতে হবে—আরও বড় করতে হবে ; এসবই ব্যবসায়ের অঙ্গ। দু’ একটা আধুনিক যন্ত্র কিনতে হবে—সেজন্য কয়েক কোটি টাকা দরকার, সেদিক দিয়ে দেখতে গেলে আমার অবস্থা তেমন ভাল বলা যায় না।
গোয়েন্দা দাঁ বললেন, আপনার সমস্যা কি?
রণজিৎবাবু বললেন, এসব শুনে মনে হচ্ছে সমস্যা আমার কিছু নেই! মনে হতেই পারে, কিন্তু যা বললাম, সমস্যা সেটাই। আমাকে আমার প্রতিষ্ঠান ‘পাণ্ডা-শূ’কে আরও বড় করতে হবে। ধার নিতে হবে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানগুলির কাছ থেকে। হয়তো সাধারণের কাছ থেকেও ধার করতে হতে পারে। কিন্তু যার শোধ করার সামর্থ্য নেই, ধার কেউ তাকে দেয় না। বাজারে যদি একবার রটে যায় আমার অবস্থা ভাল নয়—তাহলেই ঝামেলা।
—তা আপনার তো সে ভয় নেই, কি বলেন?—গোয়েন্দা দে প্রশ্ন করলেন।
—ছিল না। এতদিন ছিল না। কিন্তু গত কয়েক মাস ধরে একটা জিনিস লক্ষ্য করে অবাক হচ্ছি।
বরাকরওয়ালার নাম শুনেছেন আপনারা?
—বরাকরওয়ালা?-গোয়েন্দা দাঁ প্রশ্ন করলেন। তারপর মাথা চুলকে বললেন, মনে হয় হাওড়া যাওয়ার পথে স্ট্র্যান্ড রোডে একবার বিজ্ঞাপন দেখেছিলাম বিরাট এক সাইন বোর্ডে, মনে পড়ছে যেন গেঞ্জির বিজ্ঞাপন ছিল সেটা।
একথায় রণজিৎ পাণ্ডার বেশ ভক্তি হল মনে। তিনি বললেন, ঠিক কথা! ওই লোকটি বছর তিনেক আগে গেঞ্জি জাঙ্গিয়ার সঙ্গে জুতোর ব্যবসায়ে নেমে পড়ে। বেশ কয়েক লক্ষ টাকা খরচ করে হাওড়ার ওদিকে কোথায় একটা কারখানাও করে। কিন্তু আমার সঙ্গে প্রতিযোগিতায় পেরে ওঠে না। ওই যে, বললাম না আমি লাভ রাখি কম। অত কম লাভে অনেক জোড়া জুতো বিক্রি না হলে পোষায় না। বরাকরওয়ালার বড়া-শূ আমার কাছে মার খেতে খেতে প্রায় উঠেই গিয়েছিল।
—তবে আর কি?—গোয়েন্দা দাঁ বললেন।
রণজিৎবাবু বললেন, কিন্তু সম্প্রতি সে আমাকে জুতোচ্ছে!
—মানে?-গোয়েন্দা দে প্রশ্ন করলেন।
—মানে বরকরওয়ালা আমাকে মারছে। আমি যে চটি জুতো সাড়ে আট টাকায় হোলসেল করি, বরাকরওয়ালা সেই কোয়ালিটির চটি জুতো দিতে পারে ছ’ টাকায়! কোনও হিসেবেই ওই দামে চটি বিক্রি করা সম্ভব নয়। তবে হ্যাঁ, দিনে এক লক্ষ জোড়া তৈরি করা যায় এমন আটোম্যাটিক কারখানা থাকলে অবশ্য স্বতন্ত্র কথা। কিন্তু ভারত সরকার সে রকম কারখানা করতে দেবেন না। তাতে এখন যেখানে পাঁচ হাজার লোক কাজ করছে সেখানে দরকার হয় মাত্র দুশো লোক! এছাড়া যে কাঁচা মাল হাওয়াই চটি তৈরিতে লাগে তা আনতে ট্যাক্সও দিতে হয় বেশ ভারী ধরণের। যাই হোক, ব্যাপারটা দাঁড়াচ্ছে এই যে আমি বরাকরওয়ালার কাছে মার খাচ্ছি। যে মার খাওয়ার কোন কারণ নেই। আমি যত কম দামে জুতো দিতে পারি, আমি গ্যারানটি দিয়ে বলতে পারি, তত কম দামে আর কেউ দিতে পারবে না। অথচ মজা দেখুন, কার্যত তাই হচ্ছে। ফলে গত কয়েক মাস হল আমার তৈরি জুতোর বাজার চলে যাচ্ছে। আমি যে সব সম্প্রসারণের পরিকল্পনা ন