জরাসন্ধ-বধ – মণি বর্মা
ট্রেন ছাড়তে প্রতুল যেন হাঁফ ছেড়ে বাঁচল।
এবার শুধু ওঠার পালা। সমতল পৃথিবী পড়ে রইল পায়ের তলায়। কর্ম-কোলাহল, অতিব্যস্ত জনতার কলরব এখানে স্তব্ধ।
অন্তত অবকাশের সাতটা দিন নিবিড় শান্তিতেই কাটবে। খুশি মনে একটা সিগারেট ধরিয়ে প্রতুল চোখ ফেরাল প্রকৃতির দিকে। দার্জিলিং-এ সে এই প্রথম যাচ্ছে না; কিন্তু শীতে হিমালয়ের রূপ সত্যিই অভিনব!
গাঢ় কুয়াশা পুঞ্জীভূত মেঘের মতই পাথরের বুক আঁকড়ে দুলছে—নিচ্ছিদ্র—সীমাহীন। তবু তারই বুক ভেদ করে, মন্থরগামী সরীসৃপের মতই ট্রেন চলেছে এঁকেবেঁকে। মনে হয়, এ যেন অনন্ত যাত্রা—অজ্ঞাতের উদ্দেশে।
দগ্ধপ্রায় সিগারেটটুকু বাইরে ছুড়ে দিয়ে প্রতুল ফিরে তাকাতেই টিকিট-চেকার হাঁকলেন; টিকিট?
পকেট থেকে টিকিটখানা বার করে প্রতুল তাঁর হাতে দিল। ভদ্রলোক সাড়ম্বরে সেখানা ‘পাঞ্চ’ করে ফিরিয়ে দিলেন। সেই সঙ্গে প্রতুলের মনে হল, নিপুণ ভাবে ভাঁজকরা একটুকরো কাগজও যেন তার হাতের মধ্যে এসে গেছে।
বিস্মিত হল প্রতুল। কিন্তু বাইরে সে-ভাব প্রকাশ না করে, অতি ধীরে-সুস্থে সে কাগজের টুকরোটা খুলে পড়তে শুরু করল।
এরকম দিনে দার্জিলিং-এর পথে আপনার দেখা পাওয়া ভগবানের আশীর্বাদ। মগনলালের খুনের বিবরণটা নিশ্চয়ই কাগজে পড়ে থাকবেন। হত্যাকারী ‘জরাসন্ধ’ দার্জিলিং-এ যাচ্ছে তার দলবলের সঙ্গে মিলতে। খবরটা আমাদের পাকা, কারণ পৃথিবীতে বিশ্বাসঘাতকদের অভাব কোনদিনই হয়নি।
সুতরাং চোখ দুটো একটু খুলেই রাখবেন ; আর ‘স্নো ভিউ’ হোটেলে গিয়ে গোয়েন্দা ‘জন্মেজয়ে’র সঙ্গে যদি যোগাযোগ স্থাপনের চেষ্টা করেন, তাহলে বাধিত হব। এই অকালে আর কোন হোটেল খোলা নেই।
জন্মেজয় পাকা লোক, তবে প্রতুল লাহিড়ীর প্রতিভা তার নেই। যে কোন প্রকারেই হোক, হত্যাকারী জরাসন্ধকে জীবন্ত গ্রেপ্তার করতেই চাই আমরা—যা মহাভারতের যুগেও ঘটেনি। শুধু মনে রাখবেন, মহাভারতের সেই অমিতবিক্ৰম রাজাটির মতই আমাদের জরাসন্ধও দুর্ধর্ষ।
পাছে কেউ সন্দেহ করে, তাই ইচ্ছে করেই আপনার সঙ্গে নিউ জলপাইগুড়িতে দেখা করিনি। ভগবানের কাছে প্রার্থনা করি, ‘জরাসন্ধ-বধ’ যেন নতুন করেই আবার দার্জিলিং-এ রচিত হয়। ইতি—
আপনারই পুরোনো বন্ধু
সুচারু সেন।
চিঠি পড়ে প্রতুল রীতিমত চিন্তিত হয়ে উঠল। কানপুরের বিখ্যাত ধনী মগনলালের হত্যা-কাহিনীটা সে শুধু কাগজেই দেখেনি, লালবাজার থেকেও অনেক কিছু শুনেছে। জরাসন্ধই যে হত্যাকারী—এও সে জানে। এই তার প্রথম অপরাধ নয়, ইতিপূর্বে বহু ‘খুনী কেসে’ তাকে সন্দেহ করা হয়, কিন্তু সন্তোষজনক কোন প্রমাণই তার বিরুদ্ধে পাওয়া যায়নি। এবার পাওয়া গেছে বটে, কিন্তু গ্রেপ্তার করার আগেই অতি অকস্মাৎ সে উত্তরপ্রদেশ থেকে নিরুদ্দিষ্ট হয়।
অবশেষে পুলিশ খবর পেয়েছে দার্জিলিং-এ হাজির হয়েছে সে। কিন্তু দুনিয়ায় এত জায়গা থাকতে এই প্রচণ্ড শীতের দিনে দার্জিলিং-এ কেন?
এ প্রশ্নের একটা উত্তরের আশাতেই যেন সে কামরার সহযাত্রীদের পানে ফিরে তাকাল।
তার বিপরীত দিকের বার্থে খর্বাকৃতি একজন জাপানী ভদ্রলোক বসে। তাঁর ভাবে-ভঙ্গিতে মনে হয় ভারতবর্ষে তিনি এই প্রথম এসেছেন বেড়াতে এবং দেশটা যে তাঁকে বিমোহিত করেছে, সেটা না জানাতে পারা পর্যন্ত স্বস্তি বোধ করছেন না। পাছে এখনই আলাপ শুরু করে দেন, এই ভয়ে প্রতুল তাড়াতাড়ি দৃষ্টি ফিরিয়ে, তাকাল পাশের বৃদ্ধ লোকটির পানে। বয়স হয়েছে তাঁর। মাথার চুল প্রায় সবই সাদা। বাঁকা নাক, লম্বা কান চেহারায় একটা বৈশিষ্ট্য এনেছে। হাতের আঙুলগুলো দেখলে মনে হয়, তুলি চালাতে বা অস্ত্রোপচার করতেই দক্ষ তিনি।
কোণের দিকে বসে তিনজন লোক তাস পিটছিল। চেহারা এবং বেশভূষা তাদের প্রায় একই রকম। মনে সম্ভ্রম জাগায় না—জাগায় বিচিত্র এক অস্বস্তি। এ পরিবেশে যেন তারা বেমানান।
আর একজন মাত্র যাত্রী কামরায় ছিল। দীর্ঘাঙ্গী একটি তরুণী। চেয়ে থাকবার মত তার রূপ; কিন্তু সে রূপে শুধু চোখই ঝলসায়, রক্তে নাচন জাগায় না। রেখাহীন মুখে সে বাইরের কুয়াশার পানে তাকিয়ে ছিল।
ট্রেন ঘুম স্টেশন থেকে ছাড়তেই প্রতুলের আশঙ্কা সত্যে পরিণত হল। জাপানী ভদ্রলোক আর চুপ করে থাকতে পারলেন না। জানালেন, নাম তাঁর নাগোচি কাইসা। দেশভ্রমণে বেরিয়েছেন। আগ্রার তাজমহল থেকে কলকাতার অক্টারলোনি মনুমেন্ট—সবই তাঁকে মুগ্ধ করেছে। হিমালয় সম্বন্ধে অনেক কিছু শুনেছেন, তাই কিছু প্রত্যক্ষ পরিচয় পেতে চলেছেন দার্জিলিং।
প্রতুল শুধু শুনেই গেল; জবাব দেধার কোন উৎসাহ দেখাল না। অগত্যা ভদ্রলোক আলাপ জমাবার চেষ্টা করলেন রূপসী তরুণীটির সঙ্গে। কিন্তু সব চেষ্টাই যখন তাঁর পাথরে প্রতিহত হয়ে ফিরে এল, একান্ত দুঃখের সঙ্গেই তিনি তখন সকরুণ কণ্ঠে প্রতুলকে বললেন, আপনাদের দেশের মেয়েরা দেখছি নিজের সম্বন্ধে মোটেই সচেতন নন। একলা বেড়াবার দুর্ভোগটুকু তাঁকে কিছুতেই বোঝাতে পারলুম না।
পাছে কোন মন্তব্য করতে হয়, তাই প্রতুল তাড়াতাড়ি তার মুখ ফিরিয়ে নিল।
‘স্নো ভিউ’ হোটেলের ম্যানেজার সুধাংশু মিত্র প্রতুলকে সাদর অভ্যর্থনা জানাল। অপরাধীর ভঙ্গিতে বলল, অসময়ে এসেছেন—হয়তো কিছু অসুবিধে হবে। সত্যি বলতে কি, এ সময়ে এতগুলো অতিথি আমায় বেশ খানিকটা অবাক করে দিয়েছে—
আন্তরিকতার পরিচয় তার কথার সুরে। তবু প্রতুলের মনে হল, লোকটার মুখে-চোখে যেন একটা দুশ্চিন্তার ছায়া।
কামরার সেই লোক তিনজন ইতিমধ্যেই তাস পিটতে শুরু করে দিয়েছে। রূপসী তরুণীটি বারান্দার এককোণে একা বসে। চোখে সেই শূন্য দৃষ্টি।
সুধাংশু মিত্র আপ্যায়িত করবার জন্যেই চুপি চুপি প্রতুলকে বলল, ভদ্রমহিলা প্রত্যেক বছরই এসময়ে আসেন। ওঁর স্বামী নাকি এক দুর্ঘটনায় দার্জিলিং-এ মারা যান। আর ওই বুড়ো মতন ভদ্রলোক—উনি হচ্ছেন ডাক্তার দেশাই। বম্বের নামকরা সার্জন।
আর ওঁরা তিনজন? প্রতুল আঙুল বাড়িয়ে খেলারত দলটিকে দেখিয়ে দিল।
সুধাংশু মিত্রের মুখে আবার সেই দুশ্চিন্তার ছায়া দেখা দিল। একটু ইতস্তত করে সে বলল, ভবঘুরের দল বলেই বোধ হচ্ছে। ঘুরে বেড়ানোটাই হয়তো নেশা—
এই সময় মিঃ কাইসাকে দেখা গেল অদূরে। প্রতুলের পাশে দাঁড়িয়ে অনুচ্চ কণ্ঠে তিনি বললেন, ডাক্তার দেশাইয়ের সঙ্গে আলাপ হল। বম্বের খুব নামকরা ডাক্তার শুনলুম। কিসের জন্যে নাকি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন····
কথার সঙ্গে সঙ্গে সন্ধানী আলোকের মতই দৃষ্টি দুটো তাঁর ফিরছিল। অকস্মাৎ খুশির উচ্ছ্বাসে চপল হয়ে উঠলেন তিনি। কারণটা কি জানবার জন্যে প্রতুল ফিরে তাকাতেই দেখল, বারান্দার এককোণে সেই রূপসী তরুণীটি এসে দাঁড়িয়েছে।
মিঃ কাইসা গোপন কথা বলার ভঙ্গিতে ফিসফিস করে প্রতুলের কানে কানে বললেন, বেয়ারার কাছ থেকে ওঁর নামটাও জেনে ফেলেছি। মিসেস সিনহা। এখানেই এক দুর্ঘটনায় ওঁর স্বামী মারা যান—তাই প্রতি বছরই একবার করে না এসে পারেন না। বেচারা! আমরা যদি ওঁর মনটাকে একটু প্রফুল্ল করার চেষ্টা না করে····
হাসি গোপন করে প্রতুল বলল, আমি হলে কিন্তু সে চেষ্টা করতুম না!
কিন্তু পরোপকার করার প্রবৃত্তিটা মিঃ কাইসার এমনই প্রবল যে তিনি নিরুৎসাহ হলেন না মোটেই। দ্রুতপায়ে মিসেস সিনহার পাশটিতে গিয়ে দাঁড়ালেন। কি যে বললেন, প্রতুল সেটা ঠিক শুনতে পেল না। কিন্তু পরমুহূর্তে মিঃ কাইসা আবার ফিরে এলেন। আক্ষেপের সুরে বললেন, চিনতে পারলুম না আপনার দেশের মেয়েদের। মনের চারদিকে এমন একটা পাঁচিল তুলে রেখেছেন যে····ওহো, আপনার নামটাই যে এখনো জানা হয়নি।
প্রবোধ পাকড়াশী। কলকাতায় আমার কাঠের কারবার। সস্মিত মুখে জবাব দিল প্রতুল।
ঘনিষ্ঠতায় উপচে উঠলেন মিঃ কাইসা। একখানা কার্ড প্রতুলের হাতে গুঁজে দিয়ে বললেন, যদি কোনদিন জাপানে যান, নিশ্চয়ই আমার বাড়িতে উঠবেন। আদর অভ্যর্থনার কোন ত্রুটী হবে না।
কার্ডখানা পকেটে ভরতে ভরতে অপ্রস্তুতের অভিনয়ে প্রতুল বলল, ‘ভারি লজ্জা দিলেন। আমার কোন কার্ড নেই যে আপনাকে দিই—
রাত্রে শোবার সময় প্রতুল সুচারু সেনের চিঠিখানা আর একবার খুলে পড়ল। আপন মনেই বলে উঠল, যদি কোন রকমে····বিচিত্র নয়····যদি কোন রকমে····
পরদিন সকালে প্রাতরাশ নিয়ে ঘরে ঢুকল গদাধর। হোটেলের বয়, বেয়ারা, পরিচারক—একধারে সে-ই সব। বিনীতের ভঙ্গিতে বলল, ‘চা’টা হয়তো একটু জুড়োনই পাবেন, হুজুর। এত শীত যে কোন জিনিসই গরম রাখা যাচ্ছে না—
প্রতুল সস্মিত হাসি হেসে বলল, প্রকৃতি দেবীর জুলুম। মাথা পেতে নিতেই হবে—
নির্বোধের হাসি হেসে গদাধর দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু বেরিয়ে না গিয়ে সতর্ক দৃষ্টিতে সে একবার বাইরেটা দেখে নিল। তারপর দোরে খিল দিয়ে প্রতুলের কাছে এসে চাপা গলায় বলল, আপনিই তো প্রতুলবাবু? আমি জন্মেজয়—
প্রতুল মৃদু হেসে জবাব দিল, আমিও তাই সন্দেহ করেছিলুম।
গলায় চাপা উত্তেজনার সুর ফুটে উঠল জন্মেজয়ের। বলল, কাল রাত্রে মস্ত দুর্ঘটনা ঘটে গেছে।
হাতের কাপটা নামিয়ে রেখে সবিস্ময়ে প্রতুল বলে উঠল, কি ধরণের দুর্ঘটনা?
তুষার ঝড়ে রেল লাইন উপড়ে ফেলেছে। রাস্তাও বন্ধ হয়ে গেছে। অবশ্য মানুষের কাজও হতে পারে। তবে কাজ যারই হোক, মোট কথা, বাইরের জগতের সঙ্গে দার্জিলিং-এর সব যোগসূত্র ছিন্ন হয়ে গেছে। দিন দুই-চারের আগে যে সারানো হবে, তা মনে হয় না—
তত্রাচ প্রতুলের মুখে কোন রেখাপাত হল না। অনুচ্চ কণ্ঠে শুধু বলল, খবরটা বেশ চাঞ্চল্যকর বলেই মনে হচ্ছে—
প্রায় সঙ্গে সঙ্গেই জন্মেজয় বলল, শুধু তাই নয়। এর থেকে বোঝা যাচ্ছে আমাদের বড়কর্তা মানে সুচারুবাবু যে সংবাদটা পেয়েছেন, সেটা পাকা। জরাসন্ধের বৈঠক বসবে এখানে। যাতে কোন বিঘ্ন না ঘটে, সেই জন্যেই এই ব্যবস্থা।
প্রায় আজগুবি গল্পের মত শোনাচ্ছে না?
জন্মেজয় সায় দিয়ে তৎক্ষণাৎ বলে উঠল, ঠিক তাই। আমার তো বিশ্বাস, জরাসন্ধ লোকটা শুধু খুনেই নয়, আস্ত পাগল।
প্রতুল একটু চুপ করে থেকে বলল, কিন্তু এখানেই যখন তার বৈঠক আর পথ-ঘাট যখন বন্ধ করে দিয়েছে, তখন নিশ্চয়ই ধরে নেওয়া যেতে পারে যে জরাসন্ধ স্বয়ং দার্জিলিং-এ হাজির।
তাতে কোন সন্দেহই নেই।
আবার কিছুক্ষণ স্তব্ধতা। হঠাৎ এক সময় প্রতুল প্রশ্ন করল, ডাক্তার দেশাইকে আপনার কিরকম মনে হয়? তিনি কি ছদ্মবেশী জরাসন্ধ হতে পারেন?
জন্মেজয় মাথা নেড়ে জবাব দিল, না, ডাক্তার দেশাইয়ের ছবি দু-একবার আমি কাগজে দেখেছি। তার সঙ্গে ওঁর চেহারার যথেষ্ট মিল আছে।
কিন্তু পুলিশের চোখেই যে ধুলো দিতে চায়, সে নিশ্চয়ই ছদ্মবেশের সাহায্য নেবে—
সেটা তো স্বাভাবিক; কিন্তু মুশকিল হচ্ছে তার চেহারার বিশদ বিবরণ এখনো আমার হাতে এসে পৌঁছয়নি। তবে শুনেছি, লোকটা মাঝারি গোছের, বেশ জোয়ান; আর বয়েস ত্রিশের কাছাকাছি।
বাঁকা ঠোঁটে অবজ্ঞার রেখা ফুটিয়ে তুলে প্রতুল বলল, যে কোন লোকের সঙ্গেই তো এ বর্ণনা মিলে যেতে পারে। আচ্ছা, মিস্টার কাইসা⋯.
বাধা দিয়ে জন্মেজয় বলে উঠল, ওঁর কথা আমিই আপনাকে জিজ্ঞেস করব ভাবছিলুম। বিদেশী হলেও ওঁর ছাড়পত্রে কিন্তু কোন রকম গোলমাল কিছু নেই। তবে আপনিই মিশেছেন, কাজেই আমার চেয়ে ভালই বলতে পারবেন—
ভ্রূ কুঞ্চিত করে প্রতুল জবাব দিল, আপাতদৃষ্টিতে তো সন্দেহজনক কিছু পাইনি, এক পরোপকার করার অতি উৎসাহ ছাড়া। ওঁকে বাদ দিলেও আরো যে তিনজন এসেছে····
জন্মেজয় গভীর উত্তেজনার সঙ্গে বলে উঠল, আমি হলফ করতে বলতে পারি, ওরা জরাসন্ধের দলের লোক। যে কোন একজনের জরাসন্ধ স্বয়ং হওয়াও বিচিত্র নয়।
প্রতুল মনে মনে স্মরণ করবার চেষ্টা করল মুখ তিনখানা। সৌন্দর্যের গর্ব অবশ্য কেউই করতে পারে না। যে কোন একজন জরাসন্ধ স্বয়ং হলেও আশ্চর্য হবার কিছু নেই; কিন্তু একসঙ্গে দার্জিলিং আসার পেছনে কোন যুক্তি খাড়া করা যায় না। বৈঠক যেখানে খুশি তারা বসাতে পারত; তার জন্যে তুষারাবৃ
