
চিহ্ন – শ্রীধর সেনাপতি
রঞ্জিত চট্টোপাধ্যায়
চিহ্ন – শ্রীধর সেনাপতি
| রঞ্জিত চট্টোপাধ্যায় | |
| uncategorized |
Posted byসাহিত্য কুঞ্জ18-Aug-2025
Change color
খুন করা হয়েছে নির্মলা সরকারকে।
স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, খুনী কে?
এক্ষেত্রে গুপ্তঘাতকের পরিচয়ের মধ্যে একটু রহস্য ছিল। তার কাজের দ্বারা বস্তুত এটা স্বীকৃত····ঘটনার পর লুকিয়ে পালিয়ে যাওয়া একটা কন্ফেসান।
ট্রাজেডির রাত্রি থেকে নির্মলা সরকারের ভাইপো কুমুদরঞ্জন আত্মগোপন করেছে।
জীবনের প্রায় শেষ প্রান্তে পৌঁছে অমন একটা অপঘাত-মৃত্যু বরণ করতে হল নির্মলা সরকারকে। জেলা-শহরে এই সরকার-পরিবার সম্ভ্রান্ত ধনীরূপে চিহ্নিত বহুদিন থেকে। বছর কয়েক আগে মারা গেছেন গৃহকর্তা। গৃহর্এীও এখন চলে গেলেন। নিঃসন্তান ছিলেন তাঁরা। শিশুবয়সে মা-বাপ-হারা ভাইপো কুমুদরঞ্জন আর ভাইঝি টুনিকে প্রায় বছর ষোল-সতের আগে নির্মলা সরকার সেই যে নিজের কাছে এনে রেখেছিলেন, সে বোঝা তাঁকে আর নামাতে হয়নি ঘাড় থেকে। অবশ্য এ ব্যাপারে গৃহকর্তারও প্রশ্রয় ছিল যথেষ্ট। নিজেদের অভাবটা ওই কুমুদ আর টুনিকে কাছে পেয়ে ভুলে থাকতে চেয়েছেন।
কুমুদরঞ্জন আর তার বোন টুনিকে তাদের সব কিছুর উত্তরাধিকারী করে রেখেছিলেন নির্মলা সরকার। সেসব আইনের কাজ করে রেখেছেন নির্মলা সরকারের নিযুক্ত করা উকিলবাবু। কাগজপত্র তাঁর হাতে রয়েছে। কাজটা অনেকদিন আগে থেকেই সেরে রাখা হয়েছিল।
নির্মলা সরকারের মৃত্যুর পরই অনেকের সামনে পড়া হল সেই উইলখানা। বিশেষ করে ভাইপো কুমুদের প্রতি পিসির স্নেহ-মমতা, ভালবাসা, বিশ্বাস যে কত গভীর ছিল, তা প্রকাশ পেয়েছে উইলের ভাষার প্রতিটি ছত্রে।
সেই কুমুদরঞ্জন এখন পলাতক।
তুলনায় ভাইঝি টুনি সম্পর্কে উইলে যেসব কথা বলা হয়েছে, খুবই মামুলি। নেহাৎ সাধারণভাবে এবং ভাষায় টুনিকে সম্পত্তির অর্ধেক দেওয়ার নির্দেশ রয়েছে। দায় সারার মত।
শেষদিকে নির্মলা সরকার নাকি একটু খিটখিটে মেজাজের হয়ে পড়েছিলেন। কারণে অকারণে ভাইপো ভাইঝির প্রতি হয়তো রূঢ় ব্যবহার করেছেন, কখনো কখনো হয়তো বা মাত্রা ছাড়িয়েও গিয়েছেন, সে সবই টুনি সহ্য করেছে, সামলে নিয়েছে। কিন্তু কুমুদরঞ্জন সে চরিত্রের ছেলেই নয়। পিসির ধমক-টমক প্রথম প্রথম চুপচাপ মেনে নিলেও পরে আর সে মুখ বুজে থাকেনি।
নির্মলার সমান প্রতিপক্ষ তখন কুমুদরঞ্জন।
টুনি দাদাকে বোঝাতে গিয়ে হার মেনেছে।
ইদানীং কুমুদরঞ্জনের সঙ্গে নির্মলার সম্পর্কটা এমনই খারাপ হয়ে দাঁড়িয়েছিল, টুনি সব সময়ে ভাবত, পিসির বাড়ি থেকে দাদার সঙ্গে তারও বিতাড়িত হবার দিন বুঝি দ্রুততালে এগিয়ে আসছে।
সম্পর্ক এমন চরম তিক্ত হয়ে ওঠার পরও, দেখা যাচ্ছে, নির্মলা সরকার তাঁর উইলের বয়ান পাল্টায়নি।
(অতঃপর পুলিশের কাছে টুনি আরো যা বলেছে 🙂
বাড়িটা দেখছেন আপনারা ইংরিজি ‘এল্’ অক্ষরের মত। দুটো উইং একটা রাইট অ্যাঙ্গল-এ এসে মিশেছে। পুরনো আমলের বাড়ি।
একটা উইং-এ থাকত আমাদের পিসিমা। সম্পূর্ণ একটা আলাদা বাড়িতে থাকার মত। অন্য অংশে ছিলাম আমরা, আমি দোতালায়, দাদা নিচে।
আমি হায়ার সেকেন্ডারি পাশ করেছি। পাঁচ বছর আগে দাদা কলেজে ভর্তি হয়েছিল। তার পড়াশোনা কোনদিনই হয়নি। পরীক্ষার সময় এলে নানা অজুহাতে সে পরীক্ষা দিতে বসত না। অসুখ-টসুখের কথা শুনলে পিসিমা খুব ভয় পেত বরাবর। তার সেই দুর্বলতাকে নিজের উদ্দেশ্যে সম্পূর্ণ কাজে লাগাত আমার দাদা।
পরীক্ষার দিন থেকে, কোন কোন সময়ে.দু’একদিন আগে-পিছনেও হত, দাদা আর তার ঘর থেকে বেরিয়ে কোথাও যেত না। বিছানাতেই শুধু ওঠা-বসা। দু’পা হাঁটলেই তার মাথা ঘোরে, গা-বমি ভাব, চোখের সামনে তারাবাজি দেখে, রোগের এইরকম বিশেষ লক্ষণগুলোই শুধু প্রকাশ পায়। ভয়-ভাবনায় পিসিমা তখন অস্থির। ধমক দেয় দাদাকে, সারা বছরটা পড়াশোনায় ফাঁকি দিয়ে পরীক্ষার সময়ে দিনরাত ধরে এত পড়লে চিন্তা করলে এমনটা হবে না?
গোড়ায় গোড়ায় ডাক্তারকে খবর দিত।
ওষুধপত্র দাদা খেত না। আসলে ডাক্তারের বোঝবার মত অসুখই তার নয়।
দু-একটি বন্ধুও ছিল, যারা দাদাকে ওই অবস্থায় দেখতে এসে কাপের পর কাপ চা আর ডজন ডজন সিগারেট না উড়িয়ে আমার অসুস্থ দাদার ঘর থেকে সাধারণত বেরোত না।
আমি সবই বুঝতে পারতাম। কিন্তু সত্যি কথাটা পিসিমাকে বলিনি কোনদিন।
কিন্তু দাদাকে আমি আড়ালে অনেকবার বোঝাবার চেষ্টা করেছি। সফল হইনি। বরং সময়ে সময়ে উল্টো ফল হয়েছে।
যেমন, দাদার কোন অপকীর্তি হয়তো পিসিমার হিতাকাঙক্ষী কেউ পিসিমাকে জানিয়ে গেল, দাদার কাছ থেকে ধাক্কাটা এল আমার দিকে। তার মনে সন্দেহ, আমি ছাড়া পিসিমার তেমন হিতাকাঙক্ষী নাকি আর কেউ নেই। বাইরে কোথাও কোন গর্হিত কাজ করে বসার সম্ভাবনা থাকলে দাদা সেকথা নিজেই আমাকে শুনিয়ে বলে যেত, পিসিমার কানে গিয়ে কথাটা পৌঁছলে আমি বুঝব কিন্তু মেসেঞ্জার টুনুরানী স্বয়ং।
তা এসব সত্ত্বেও পিসিমাকে দাদার প্রতি তেমন বিরূপ হতে আমি দেখিনি। টাকাকড়ি যখন যেমন চেয়েছে, পিসিমা প্রায় মুখ বুজে তুলে দিয়েছে তার হাতে।
মাঝে মাঝে অবশ্য বলত, এখন আর তুমি ছেলেমানুষটি নও। বুঝতে শিখছ। বেহিসেবীর মত আর খরচ কোরো না।
দাদা বলত, ওসব কথা ভেবে তুমি মাথা-খারাপ কোরো না, পিসিমা।
পিসিমা বলত, উড়িয়ে-পুড়িয়ে না দিলে শেষ পর্যন্ত তো সব কিছু তোদেরই থাকবে।
কিন্তু ক্রমশ দাদার হালচাল দেখেশুনে আমারই মনে ভয় জাগত, পিসিমা বরাবরের জন্যে দু’চোখ বোজবার আগেই হয়তো বুঝে যাবে, তার আশ্রিত বাউণ্ডুলে ভাইপোর হাতে বিষয়সম্পত্তি বেশিদিন টিকবে না।
পিসিমা একদিন তাকে বলল, তোর দ্বারা আর লেখাপড়া হবে না, বুঝতে পারছি। চাকরি-বাকরির সন্ধান কর।
সন্ধান কর বললেই তো আর সঙ্গে সঙ্গে চাকরির সন্ধান মিলছে না।
দাদা বন্ধুবান্ধবদের সঙ্গে নিয়ে চুটিয়ে আড্ডা মারে। পিসিমাকে নানারকম কথা বুঝিয়ে আগের মতই টাকা-পয়সা আদায় করতে থাকে।
টাকা দিতে আপত্তি করলে দাদা বলে, তোমার কাছ থেকে আমি এ টাকা এখন ধার নিচ্ছি, পিসি। তুমি তো জানো, ভবিষ্যতে এসব আমারই হবে। তখন অভাব হবে না, শোধ করে দেব।
এইভাবে চলতে চলতে একদিন—
টুনির মুখখানা হঠাৎ লজ্জায় রাঙা হয়ে উঠেছিল এসময়ে। নতমুখ করে চোখের দৃষ্টি পায়ের দিকে নামিয়ে নিয়েছিল। শাড়ির আঁচল বার কয়েক জড়িয়ে ছিল হাতের আঙুলে ;
একদিন পাড়ার একটি মেয়েকে দেখলাম পিসিমার ঘর থেকে বেরোতে। তার সঙ্গে অল্পস্বল্প পরিচয় আমাদের ছিল। পোস্টঅফিসের কাছে থাকে।
মেয়েটি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে আমাকে কানে কানে বলে গেল—
(এ সময়ে টুনিকে আবার হাতের আঙুলে শাড়ির আঁচল জড়াতে জড়াতে ঘরের মেঝের ওপরে পা ঘষতে দেখা গিয়েছিল। লজ্জানরম মুখে শিশিরবিন্দুর মত ঘামের চিহ্ন। আস্তে গলা ঝেড়ে নিয়েছিল।)
পোস্টমাস্টারের মেয়ে সুমনার সঙ্গে দাদার আলাপের কথা আমরা জানতাম। তাদের দুজনের মেলামেশা নিয়ে একসময়ে পাড়ায় কিছুটা হৈ-চৈ হয়েছিল। ওই পর্যন্তই! এতদিন আর কোনরকম গোলমালের কথা শোনা যায়নি।
তারপর আমাদের বাড়িতে মেয়েটির এই হঠাৎ আগমন, আর একটা সাঙ্ঘাতিক নোংরা খবর সরবরাহ করে যাওয়া!
সুমনাকে নিয়ে দাদা নাকি কলকাতা গিয়েছিল। কোন একটা নার্সিংহোমে সুমনাকে দেখিয়ে এনেছে। কলকাতা থেকে সারাপথ সুমনার মুখে যেন কালি মাখানো ছিল। মাঝে মাঝে রুমাল দিয়ে নাকি চোখও মুছেছে। পোস্টমাস্টারের একভাই সাক্ষী, মিথ্যে বলে উড়িয়ে দেওয়া কি এত সহজ?
মেয়েটি এক চোখ মট্কে আমাকে শুধোল, কিছু বুঝতে পারলে?
সেদিনই পিসিমার সঙ্গে প্রবল বাক্বিতণ্ডা হতে দেখলাম দাদার। আমি এখন অস্বীকার করছি না, সেদিন দাদাকে গোপনে অনুসরণ করে আমি পিসিমার ঘর পর্যন্ত গিয়েছিলাম।
পিসিমার ঘরের বাইরে বারান্দায় আমি জানলার পাশে দাঁড়িয়ে তাদের সেদিনকার বাকযুদ্ধ দেখেছি।
দাদার সবরকম অত্যাচার পিসিমা মেনে নিত। কখনও হাসিমুখে, কখনো বা রাগ দেখিয়ে।
এদিনে কিন্তু দেখলাম পিসিমার আর এক মূর্তি। মাঝে মাঝে দাদাকে ধমকাচ্ছে। আবার আঁচল দিয়ে নিজের চোখ মুছছে ঘনঘন। ঘরময় ছুটে বেড়াচ্ছে পিসিমা আর তার পেছনে পেছনে আমার দাদা।
শেষে একসময়ে পিসিমা টেবিলের পাশে গিয়ে দাঁড়াল। একটা সাদা কাগজ টেনে নিল। টেবিলের ড্রয়ার খুলে যে জিনিসটা তারপর বের করল, আমি বারান্দায় দাঁড়িয়ে থাকলেও সেটাকে জিভে ঠেকিয়ে সাদা কাগজখানার ওপরে সেঁটে দিতে বুঝলাম, একটা রেভিনিউ স্ট্যাম্প।
কাগজখানা দাদার সামনে এগিয়ে দিয়ে পিসিমা বলল, আমি যা যা বলছি, নিজ-হাতে এই কাগজে লেখ। শেষে স্ট্যাম্পের ওপরে নিজের নাম সই করবি।
পিসিমা বলে চলল, আমার দাদা তা লিখে গেল সেই কাগজের ওপরে।
সেসব কথা ঠিক পর পর লাইন ধরে বলতে পারব না, কারণ সব কথা স্পষ্টভাবে আমার কানে আসেনি, আর তেমন একটা উত্তেজনার মুহূর্তে সব কথা মনে গেঁথে রাখতেও পারিনি আমি। তবে ব্যাপারটা যা ঘটল, মোটামুটি বলছি।
ওই রকম একটা কাগজকে পিসিমা হ্যান্ডনোট বলল।
সব কিছু লেখা হয়ে যাওয়ার পর পিসিমা দাদাকে বলল, এখন থেকে যত টাকা তুই আমার কাছ থেকে নিবি, সব এই হ্যান্ডনোটে লেখা থাকবে। সেসব টাকা পাওনা হবে টুনির। অবশ্য যদি আমাকে সময়ে সব টাকা ফেরৎ দিতে পারিস, তাহলে সে টাকার ভাগ তুইও পাবি। বড় হয়েছিস, চাকরি-বাকরি জোগাড় করে নে চেষ্টা-চরিত্র করে। এভাবে চিরকাল কারো চলে না।
প্রয়োজনমত টাকা দাদা অবশ্যই পেয়েছিল বলে আমার ধারণা।
পিসিমা এ সম্পর্কে নিজে থেকে যেমন আমাকে কোন কথা বলেনি কোনদিন, তেমনি দাদাও মুখে কুলুপ এঁটে থেকেছে আমার কাছে। আমি আড়ি পেতে তাদের কথা মাঝে মাঝে শুনতাম। এতে যদি কোন অপরাধ হয়ে থাকে, আমি তা স্বীকার করছি। আমার কৌতূহল আমাকে এই গর্হিত কাজে টেনে নামিয়েছিল।
তারপর একদিন, সন্ধ্যার পরের ঘটনা।
পিসিমার সঙ্গে দাদার সেদিন তুমুল ঝগড়া। পিসিমা যা-তা কথা বলতে লাগল দাদাকে। মাঝে মাঝে এমন সব খারাপ গালাগাল পর্যন্ত দিল যে, আমি বারান্দায় আড়ালে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও, লজ্জায় কান-মুখআমার গরম হয়ে উঠছিল।
ঝগড়ার আসল কথাটা আমার শোনা হয়নি। তাই কী নিয়ে সূত্রপাত হয়েছিল, আমার জানা নেই। পিসিমার ঘরের দিকে হৈ-হল্লা শুনে আমি দৌড়ে গিয়েছিলাম। কিন্তু তখন আসল কথা থেকে তারা দুজনেই সরে দাঁড়িয়েছে।
পিসিমার মুখ থেকে তখন দুঃখ হতাশা ক্রোধের বাক্য অনর্গল বেরোচ্ছে স্রোতের মত। ক্ষুব্ধ হয়ে নিজের মাথার চুল মুঠো করে ধরে টেনে ছিঁড়ে ফেলতে চায় যেন সে।
পিসিমা দাদাকে বলল, ‘তুই জন্তুরও অধম। তোর ও মুখ আমি আর দেখতে চাই না। এই ক’দিন ধরে যত টাকা-পয়সা আমার কাছ থেকে নিয়েছিস, আজ-কালের মধ্যে শোধ করে দিতে না পারলে আমি তোকে জেল খাটাব।’
ভয়ে আমি পালিয়ে এলাম সেখান থেকে। আমার মাথা ঘুরছিল। মনে হচ্ছিল, সিঁড়ির ওপরেই হয়তো অজ্ঞান হয়ে পড়ে যাব।
দাদার ওপরে আমারও ভীষণ রাগ হয়েছিল প্রথমে। এত গালাগালি এত অপমান সহ্য করেও সে এখনও পিসিমার আশ্রয়কে আঁকড়ে পড়ে থাকছে কেন? লজ্জা ঘৃণা কি তার নেই?
কিন্তু দাদা যখন ছুটে এসে আমার কাছে দাঁড়াল, তার মুখ দেখে মায়া হল আমার।
ভাঙা ভাঙা গলায় সে আমার হাতদুটো ধরে বলল, টুনি, তুই বিশ্বাস কর, দোষ যা করার আমি করে ফেলেছি। এখন আমি নিরুপায়। সুমনার কাছে আমি আর তাহলে মুখ দেখাতে পারব না। তুই আমাকে কিছু টাকা দে। আমি পিসিমার ঋণটা শোধ করে দিই। তারপর তার সঙ্গে আমার বরাবরের জন্যে একটা বোঝাপড়া হয়ে যাবে।
আমার হাতে কিছু টাকা জমেছিল। আমি দাদাকে টাকা দিলাম।
দাদা টাকা নিয়ে পিসিমার সঙ্গে