Home
এখন মৃত্যুর ঘ্রাণ

এখন মৃত্যুর ঘ্রাণ

অমর মিত্র

এখন মৃত্যুর ঘ্রাণ

অমর মিত্র
novel

Change color

এক

সুদামার আবার সাধ হয়েছিল মা হওয়ার। হ্যাঁ, চোদ্দ বছর বাদেও। শুনে কৃষ্ণেন্দুর কী হাসি। হাসতে হাসতেই তুচ্ছ করে দিল সুদামার ইচ্ছেকে, মাথা খারাপ।

কেন, আমি তো তোমাকে বলেইছিলাম।

শুনে কৃষ্ণেন্দু আবার হাসে, বলেছিলে। কবে বলেছিলে? বলার কী আছে? এই বয়সে আবার ওই হ্যাপা কাঁধে নেয় কেউ?

তুমি সব জানতে, আমি বলিনি? সুদামার চোখ ফেটে জল বেরিয়ে আসে প্রায়।


বলেছিলে? সত্যি বলেছিলে? আমি কি তখন অফিসে, না ঘুমিয়ে? কৃষ্ণেন্দুর চোখের তারায় কী রকম তাচ্ছিল্য করার প্রবণতা। সুদামার অচেনা মনে হয় তার প্রেমিক, স্বামীকে। কৃষ্ণেন্দু তো সব জানে। সে সম্মতি দিয়েছিল, এত বছর বাদে! তোমার যা ইচ্ছে —!


কৃষ্ণেন্দু বলল, সম্ভব নয়।


সম্ভব নয় তো হ্যাঁ বলেছিলে কেন? সুদামা কাঁপছে।


কৃষ্ণেন্দু বলল, কী আবোল-তাবোল বকছ! এত বছর বাদে আবার চেকআপ, আবার নার্সিংহোম, টেনসড হয়ে থাকা, ডাক্তার, বাচ্চা — ইস!


সুদামা অবাক হয়। আশ্চর্য! কৃষ্ণেন্দু নিজের কথা নিজে কেমন খেয়ে ফেলছে। অস্বীকার করছে সব। অথচ তার কথাতেই না সুদামা সাহস পেয়ে যাবতীয় নিরোধক ত্যাগ করে বসে আছে এই তিনমাস। সে কৃষ্ণেন্দুকে বুঝতে চেষ্টা করে ক্রমাগত।


কৃষ্ণেন্দু ঈষৎ বিরক্ত, বলল, তোমার কি সব কাণ্ডজ্ঞান উধাও হয়ে যাচ্ছে, য়্যু আর থার্টি সেভেন প্লাস, আটত্রিশে পা দিয়েছ। এই বয়সে কেউ মা হয়? তুমি কোলে বাচ্চা নিয়ে বেরোবে, পারবে!


সুদামা বলে, চিন্তা আমি করেই নিয়েছি আগে, তুমি সব জেনেও না জানার ভান করছ। রাখব বলেই কনসিভ করেছি আমি।


কৃষ্ণেন্দু উষ্মা প্রকাশ করল এবার, আমি জানি! তুমি সত্যি বলছ না সুদামা।


গলা উঠেছিল দুজনেরই। বাইরে মধ্য ফেব্রুয়ারির রাত। কৃষ্ণেন্দু আজ অনেক তাড়াতাড়ি বেরিয়েছিল। নতুন প্রজেক্ট আসছে পরপর। আসছে নানা দেশি বিদেশি কোম্পানি, বণিকেরা। কেউ ফুড প্রডাক্ট, কেউ টিভি, মোটরগাড়ি, কেউ ঠাণ্ডা পানীয়, কেউ কম্পিউটার, কেউ হাসপাতাল নার্সিংহোম বানানোর প্রস্তাব নিয়ে আসছে। রূপায়িত করার অনেকটা দায়িত্ব কৃষ্ণেন্দুর। প্রাথমিক ব্যবস্থা করবে তো সে-ই। এই সব প্রজেক্টের সাফল্যের সঙ্গে কৃষ্ণেন্দুর জীবনের সাফল্যও যে জড়িয়ে গেছে। রাজারামপুর বলে একটা গ্রামে তিনশো বিঘের উপর বেসরকারি এক পেট্রোলিয়াম গ্যাস কোম্পানিকে প্রতিষ্ঠা দেওয়ার ব্যাপারে কৃষ্ণেন্দু এখন খুব ব্যস্ত। ঘুমের ভিতরেও অফিস নিয়ে থাকছে যেন সে।


কৃষ্ণেন্দু বলে, এত ঝামেলা নিয়ে আছি।


ঝামেলা তো আমার জন্য নয়।


কৃষ্ণেন্দুর বিরক্ত হয়। কিছু বলতে যাচ্ছিল চড়া গলায়, কিন্তু তখনই ফোন বাজল। সে এগিয়ে গিয়ে রিসিভার তোলে।


কৃষ্ণেন্দু ফোন ধরেছে। সুদামা কঠিন হয়ে বসে আছে খাটের এক কোণে। চাপা গলায় বলল, আমার কি স্বাধীনতা নেই নাকি, ইচ্ছে অনিচ্ছে বলে কিছুই নেই…।


কৃষ্ণেন্দু রিসিভার হাতের পাতায় চেপে ধরে বিরক্ত মুখে তাকায় সুদামার দিকে। ইঙ্গিতে তাকে চুপ করতে বলে। সুদামার কথা ওপারের মানুষের কানে চলে যেতে পারে। সুদামা উঠল। ধীর পায়ে ব্যালকনির অন্ধকারে গিয়ে দাঁড়ায়। সামনের রাস্তাটা আবছা অন্ধকার। আলো আছে বটে, কিন্তু সেই আলো পথ পর্যন্ত পৌঁছতে পারে না।


কে কথা বলছে? না সুহাস বোস, কৃষ্ণেন্দুর জুনিয়র। সে আজ রাজারামপুর গিয়েছিল প্রজেক্ট সাইট দেখতে, রিপোর্ট দিচ্ছে। সুদামা কান পাতে। কিন্তু তার কৌতূহল সামান্যতেই উবে যায়। ল্যান্ড-কমপেনসেশন এইসব নিয়ে কথা হচ্ছে। মনে হচ্ছে সুহাস নতুন কিছু বলছে। নতুন কোনো প্রজেক্টের কথা। কৃষ্ণেন্দু খুব উৎসাহী।


সুদামা অন্ধকার আকাশে তাকায়। এখানে আকাশ অনেক পরিষ্কার। সেপ্টেম্বর-অক্টোবরে তো আকাশ তারায় তারায় ছয়লাপ। ছায়াপথ দেখা যায়। খুব নজর করলে অচেনা কোনো গ্রহও হয়তো। হ্যাঁ, কথাটা কৃষ্ণেন্দুর। বছর সাত আগে যখন এই ফ্ল্যাট কিনে তারা বেহালার সরকারি আবাসন থেকে উঠে আসে, কৃষ্ণেন্দু বলেছিল তার সাত বছরের ছেলে নীলাঞ্জনকে। পাশে দাঁড়িয়েছিল সুদামা। রাত হয়েছিল অনেক। গৃহপ্রবেশের দিন ছোটো মতো উৎসব হয়েছিল এই ফ্ল্যাটে। এসেছিল অর্ধেন্দু, যূথিকা, যূথিকার মেয়ে টুম্পা। সব এখন কেমন অলীক মনে হয়।


অলীক-ই তো! সুদামা বলেছিল, নতুন গ্রহ মানে, নয় গ্রহের বাইরে?


তাই-ই তো! কৃষ্ণেন্দুর তার ছেলেকে দু-হাতে বেড় দিয়ে বলেছিল, নটি গ্রহ তো সূর্যের, অন্য নক্ষত্রের গ্রহের কথা বলছি, এই বারান্দায় টেলিস্কোপ বসিয়ে দেব নীল, তোর জন্যে, তুই গ্যালিলিও কোপার্নিকাসের মতো টেলিস্কোপে চোখ দিয়ে বসে থাকবি। কী চমৎকার হয়েছে ফ্ল্যাটটা। আমাদের বাড়ি।


তখন অফিস থেকে এসে নীলকে নিয়ে বারান্দায় বসত কৃষ্ণেন্দু। নতুন ফ্ল্যাট কেনার ধাক্কা সামলাতে হচ্ছিল সেই সময় স্বামী-স্ত্রীকে। সুদামার সব গয়না তো বেচেই দিতে হয়েছিল, তা ছাড়া ছিল ঋণ। কিন্তু কোনো অসুবিধেই যেন হয়নি। কোনোদিন তারা কেউ মুখ অন্ধকার করেনি। বেহালার সরকারি আবাসন খারাপ ছিল না। সেখানে তারা গিয়েছিল বেলগাছিয়ার আলো-অন্ধকারে ছাওয়া ঘর ছেড়ে। না গিয়ে উপায় ছিল না। কৃষ্ণেন্দুর কাছে অফিসের কেউ এলে বসতে দেওয়ার জায়গা পর্যন্ত ছিল না। একটাই তো ঘর। আবার তিন ঘরের ফ্ল্যাটের ভিতরে ওই ঘরটিই ছিল সবচেয়ে কম আলোর কম বাতাসের, একটু স্যাঁতসেঁতে মতো। বাড়ির ভালো ঘর দুটি ছিল কৃষ্ণেন্দুর বাবা-মা আর বড়োভাই অর্ধেন্দুর দখলে। তখন তো উপায়ও ছিল না। অন্ধকার ঘরটি কাউকে না কাউকে নিতে হত, অর্ধেন্দু-যূথিকা কিংবা কৃষ্ণেন্দু-সুদামা। বাবা-মায়ের ঘরটি ছিল সবচেয়ে ভালো। দুই ভাইয়ের ব্যবস্থা ছিল না এটি। আপনা-আপনি হয়ে গিয়েছিল। ওই ফ্ল্যাটে তো অর্ধেন্দুর বাবা-মা চারটি সন্তান নিয়ে এসে উঠেছিলেন অনেক বছর আগে। মেয়েরা বিয়ের পর চলে যাওয়ায় ঘর ভাগ স্বাভাবিকভাবেই হয়ে গিয়েছিল।


এই তো কদিন আগে সুদামা গিয়েছিল বেলগাছিয়ায়। ওই ঘরটিতে ঢুকেছিল। বিশ্বাসই হয় না ওখানে সে আর কৃষ্ণেন্দু বিয়ের পর প্রথম দেড় বছর ছিল। দিনের বেলাতেও আলো জ্বালিয়ে রাখতে হত। জানালা যে খুলে রাখবে, লাভ কী? জানালা দুটি যেদিকে তার দশ ফুট ওপারে আর একটি বাড়ির পুরোনো দেওয়া, ময়লা কার্নিশ। ঠিক তাদের ঘরের জানলার মুখোমুখি ছিল পাশের তিনতলা বাড়ির দোতলার রান্নাঘর। একান্নবর্তী সেই বাড়ির রান্নাঘরে কড়া চাপত ভোরবেলা, সারাদিনই ছ্যাঁক-ছ্যাঁক, ধোঁয়াকালি, শেষ হতে হতে রাত এগারোটা। দুপুরে ঘন্টা দুয়েকের মতো থামত কখন তা টেরও পাওয়া যেত না। সুদামা জানালা খুললেই নাকে পেত তেল-মশলার ঝাঁঝালো গন্ধ। ঘরে বসে শীতকালটাই টের পাওয়া যেত, অন্য কোনো ঋতু ধরাই যেত না। না বাদল, না শরৎ, না বসন্ত। হ্যাঁ গরমের দিনে যখন আলো-পাখা থাকত না, টের পাওয়া যেত দমবন্ধ ভাবটি। বৈশাখে বিয়ে হয়েছিল সুদামার। তখন ছিল অনবরত লোডশেডিং — সে যেন বন্দিশিবিরে এসে পড়েছিল। ডালিমতলার বাপের বাড়িও খুব আলো-হাওয়ার ছিল না, কিন্তু সে যে ঘরটিতে থাকত আর এক বোনের সঙ্গে, সেই ঘরের জানালা ছিল দখিনমুখী। হাওয়া আসত। শ্বশুরবাড়ির ঘরটি ছিল যেন জেলখানা, বড়ো প্রাচীরে ঘেরা অন্ধকার কুঠুরি। সুদামা ধূপ জ্বেলে রাখত ঘরে প্রায়ই সময়। বোটকা গন্ধটা যাতে যায়। এখন আর বিশ্বাসই হয় না ওই ঘরে তারা বিবাহের পর রাতের পর রাত জেগেছে, ঘুমিয়েছে। ওই ঘরে তাদের ভিতরে ভালোবাসা নিবিড় হয়েছিল। ওই ঘরে তারা পরস্পরকে চিনেছিল পরম নিশ্চিন্তে। এখন এই আটশো স্ক্যোয়ার ফুটের অঢেল আলো বাতাসে বসে ওই ঘরের কথা মনে হয় অসত্য, অন্য জন্মের কথা।


ডাকলে কৃষ্ণেন্দু, সুদামা তোমাকে ডাকছে সুহাস।


সুদামা ব্যালকনি থেকে সরে ঘরের দরজায়। ভ্রু-কুঞ্চিত মুখে তাকিয়ে আছে টেলিফোন হাতে কৃষ্ণেন্দুর দিকে। কৃষ্ণেন্দু আবার ডাকল, এসো, ও কতক্ষণ ধরে থাকবে।


সুদামা এগিয়ে গিয়ে টেলিফোন ধরল, আমি তো আপনার বস নই বোসবাবু, আমাকেও কি ওইসব প্রজেক্ট বোঝাবেন?


ওপারে হো হো হাসি, না ম্যাডাম, আসলে কী জানেন ম্যাডামকে খুশি না করলে বস খুশি হয় না, তাই।


আমি খুশি হলাম না।


না হন, বসকে বলবেন না, তাহলেই হল। আপনি বলছিলেন না আমাদের প্রজেক্ট সাইটে যাবেন একবার, রাজারামপুর দেখবেন।


সুদামা বলল, এখন আর বলছি না।


সুহাস বলল, স্যার বলতে বললেন, তাই।


সুদামা কঠিন হল, এখন আর যেতে ইচ্ছে নেই। আপনারা ওসব নিয়ে থাকুন, সায়েব, কোম্পানি, জমি, ফ্যাক্টরি, অফিসের ফাইল।


কী করব বলুন, চাকরি তো, কবে যাবেন বলুন।


সুদামা বলল, ঠিক আছে ওকে বলে দেব, রাখছি।


টেলিফোন রেখে সুদামা ঘুরল কৃষ্ণেন্দুর দিকে। কৃষ্ণেন্দু সিগারেট ধরিয়ে হাতে একটা হেডলি চেজ — কভারে রিভলবার হাতে প্রায় নিরাবরণ যুবতি, বিদেশিনী। এখন কৃষ্ণেন্দুর অবসর কাটানো মানে হেডলি চেজ, নিক কার্টার, আরভিং ওয়ালেস — সফট পর্ণো কাম থ্রিলার। এইসব পুস্তক ওর যাবতীয় অবসাদ কাটিয়ে দেয়। সারাদিন অফিসে থেকে মাথা ভার হয়। ভারমুক্ত করে হেডলি চেজ কিংবা টেলিভিশনে। টেলিভিশনের অভ্যাস ক্রমশ বাড়ছে কৃষ্ণেন্দুর।


সুদামা বলল, কেন তুমি বলতে পারলে না?


চমকে ওঠে কৃষ্ণেন্দু, কী!


ওই যে রাজারামপুর যাওয়ার কথা, সুহাস বোসকে দিয়ে বলাতে হবে!


কৃষ্ণেন্দু হাসে, আমি বললেই বলতে পারতাম, কিন্তু সুহাস তো তোমাকে আমন্ত্রণ জানাচ্ছে, রাজি তুমি হবেই।


সুদামা অবাক, সুহাস বললে রাজি হব কেন?


ওটা কথার কথা, তবে এই মুহূর্তে আমার কথায় যে রাজি হতে না তুমি, তা তো আমি জানতাম, তাই সুহাসকে বলতে বললাম।


সুদামা বলল, এখন তো আমার পক্ষে যাওয়া সম্ভব নয়।


কেন? অবাক হয় কৃষ্ণেন্দু।


কেন তা বুঝতে পারছ না, এখন সাবধানে থাকতে হবে প্রথম কটা মাস।


হা হা করে হাসে কৃষ্ণেন্দু, প্রথম কটা মাস! পাগল! ও তো একদিনের ব্যাপার, সকালে যাবে, বিকেলে নার্সিংহোম থেকে ক্লিন হয়ে ফিরে আসবে।


সুদামার চোখ-মুখ থরথর করে, সে যেন অন্ধের মতো বাতাস হাতড়ায়। সত্যি বলছ তুমি?


সত্যি ছাড়া কি মিথ্যে? এ বয়সে আমি আবার বাবা হব, নীল কী ভাববে?


ওর আর ভাবার কী আছে, থাকে তো দেড় হাজার কিলোমিটার দূরে! সুদামা ক্ষুব্ধ হয়ে ওঠে, ও তো এরপর ভুলেই যাবে আমাদের, এবার সামারে আসবে না উটি যাবে, সাউথ ইন্ডিয়া নিয়ে যাবে স্কুল থেকে, ওর মায়া চলে যাচ্ছে।


মায়া যাওয়ার কি আছে, বড়ো হচ্ছে। ছেলেরা তো ডিটাচড হয়ে যেতেই ভালোবাসে এই বয়সে। আবার ফিরেও আসে আরও বড়ো হলে। সামারে না আসুক দেওয়ালিতে, শীতে তো আসবে। না হলে আমরাই যাব মুসৌরি, তুমি ওসব মাথা থেকে তাড়াও দেখি। এখন আর নার্সিংহোমে দৌড়োদৌড়ি করা যায় না। সময়ও তো নেই।


সুদামা চুপ করে থাকে। মুখ অন্ধকার হয়ে যাচ্ছে। কৃষ্ণেন্দু খুব ঠান্ডা মাথার মানুষ, যা বলে তাই করে। সে জানালা দিয়ে বাইরে তাকিয়েছে। ঘন অন্ধকার। অন্ধকারে কী যেন খুঁজতে থাকে তার চোখ। সে যুক্তি খুঁজে বের করতে চাইছিল। পেয়েও গেল বোধহয়।


সুদামা বলে, নীল ছেলেবেলায় কী রকম বোন চাইত মনে আছে?


হাসে কৃষ্ণেন্দু, ছেলেবেলায় সবাই ওরকম চায়। এখন ও অবাক হবে। অ্যাডাল্ট হয়ে যাচ্ছে তো! আজকাল চোদ্দ বছরেই ছেলেরা অনেক কিছু বুঝে ফেলে, তারপর যে স্কুলে পড়ে। তুমি তো নীলের পরেও দুবার কনসিভ করেছ, তখন রাখার কথা তো বলোনি।


সুদামা আবার অন্ধকারে তাকায়। কথাটা অসত্য নয়। কিন্তু তখন যে নীল-নীলাঞ্জন ছিল কাছে। এখন সে দেড় হাজার কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের পাহাড়ে, শীতের ভিতরে। সেখানে গিয়ে প্রথম এক বছর মন খারাপ হত ছেলের। চিঠি লিখত খুব, আচমকা ফোন করত। এখন মন বসে গেছে। তার মানে সুদামার জন্য, মায়ের জন্য এখন আর তার ব্যস্ততা নেই, মন খারাপ নেই। নীল বাড়ি ছেড়েছ

**********
No Review
Related Books
Loading books…