
একটি খুন – বিধায়ক ভট্টাচার্য
রঞ্জিত চট্টোপাধ্যায়
একটি খুন – বিধায়ক ভট্টাচার্য
| রঞ্জিত চট্টোপাধ্যায় | |
| uncategorized |
Posted byরিয়া দাস18-Aug-2025
Change color
পাড়ার সবাই বলাবলি করতে লাগল জগজ্জ্যোতি জোয়ারদারের ভীমরতি হয়েছে। নইলে এই বুড়ো বয়সে সে আবার বিয়ে করতে গেল কেন? আর—সেই বিয়েই যদি করল, তবে প্রথমা-স্ত্রী মারা যাবার ত্রিশ বছরের মধ্যে করল না কেন?
কিন্তু এ ‘কেন’-র জবাব দেবে যে, সে নিজেই তো বিয়ের ঠিক একবছর পরে দেহত্যাগ করল। অতএব কারো কাছেই কোন জবাবদিহির দায় রইল না। কিন্তু প্রশ্ন এই যে, জগজ্জ্যোতি জোয়ারদারের মত একটি পাকাপোক্ত মানুষ একাজ করলেন কেন? কারণ একটা অবশ্যই ছিল। সেই কারণটাই আগে বলা যাক।
জগজ্জ্যোতির দুই মেয়ে। প্রথমা সুরবালা, দ্বিতীয়া পুরবালা। জগজ্জ্যোতি জাতে কিছু কৃপণ ছিলেন, এবং ভোরে উঠে শহরের বহুলোক তাঁর নাম করত না। কৃপণতা সম্বন্ধে তাঁর অখ্যাতি ছিল বহুবিস্তৃত। বেলা এগারোটায় যখন দুনিয়ার লোকের বাজার করা শেষ, এবং শেষবাজারের টুকিটাকি এখানে ওখানে ছিটিয়ে ছড়িয়ে আছে, ঠিক সেই সময় জগৎ আসতেন বাজারে, একটি ময়লা গামছা হাতে নিয়ে। বাঁধাকপির দর করতেন না, বাজারেই যা পড়ে থাকত সেইগুলি সযত্নে কুড়িয়ে নিতেন তিনি। বেলা বেড়ে গেল বলে যেসব চাষী গাঁয়ে ফেরার জন্যে অধীর হয়ে আছে, তাদের কাছে বেছে বেছে গিয়ে দাঁড়িয়ে দশ পয়সা সেরের জিনিস চার পয়সায় কিনতেন। চাষীরা খুব রেগে গিয়ে বিক্রি করে দিত, এমনকি অনেক সময় উনি আসবেন জেনেই পোকা-কাটা বেগুন ইত্যাদি রেখে দিত তারা।
সেই জগজ্জ্যোতি জোয়ারদার তাঁর প্রথম মেয়ে সুরবালার বিয়ে বেশ ধূমধাম করেই দিলেন। তারপর এক বছরের মধ্যে ছোট মেয়ে পুরবালার বিয়েও অনুরূপ সমারোহ করেই দিলেন। দুটি জামাই তিনি দেখেছিলেন—একেবারে অনাথ দেখে। দুজন জামাই-ই শ্বশুর বাড়িতে থাকত। কিন্তু ভাগ্যের খেলা একদম বিপরীত। বিয়ের ঠিক দু’বছর ও এক বছরের মাথায় দুটি মেয়েই বিধবা হল। লোকজন আবার বলল, অসুবিধে কিছু নেই। বুড়োর মৃত্যুর পর ওই মেয়ে দুটিই তো ওই বিরাট সম্পত্তি পাবে। সেকথা একশোবার ঠিক। কারণ এই দুটি মেয়ে ছাড়া জগজ্জ্যোতির ত্রিসংসারে কেউ নেই।
কিন্তু—
একটা ‘কিন্তু’র ভূত এসে চাপল জগজ্জ্যোতির মাথায়। বেশ ছিলেন তিনি। মেয়েদের বিয়ে দিয়েছিলেন অনেক বেশি বয়সে। দুটি মেয়ে নিয়ে ভারি শান্তির সংসার ছিল তাঁর। ঠিক সময়ে চা পেতেন, খাবার পেতেন, চান করতে যাবার তাগাদা পেতেন। এক কথায় কোন গোলমাল ছিল না এই পরিবারে। কিন্তু জগতের মত মানুষ গোলমাল ছাড়া বাঁচবেন কী করে? ফলে একটু খোঁজাখুঁজি করতেই গোলমালের সঙ্গে দেখা হয়ে গেল, এবং দিন পনেরো যেতে না যেতেই সেই গোলমালটুকু তিনি নিমন্ত্রণ করে ডেকে আনলেন বাড়িতে। অর্থাৎ বিয়ে করলেন। সেও বড় মজার ঘটনা। নববধূ যখন স্বামীর পেছনে পেছনে বাড়িতে এল—সুরো আর পুরো চেয়ে দেখল যে তাদের নতুন মায়ের বয়স চল্লিশের ওপরে।
তিথি নক্ষত্র জানা নেই, তবে দিনটা ছিল রবিবার। বেলা এগারোটায় বাজার করতে গেছেন। কিছু কুড়িয়ে, কিছু কিনে, কিছু ঘাড়ভাঙা বাগ্দা নিয়ে বাড়ির দিকে যেতে গিয়ে তিনি অত্যন্ত ক্লান্তি অনুভব করলেন। পথের ধারে একটা ঢাকা বারান্দায় বসে তিনি খানিকটা জিরিয়ে নিচ্ছেন, এমন সময় পথের ওপাশে একতলার নিচের জানলা খুলে গেল। দেখা গেল একটি প্রৌঢ়ার মুখ। তিনি কিছুক্ষণ জগৎ-এর দিকে চেয়ে থেকে, হঠাৎ হাতছানি দিয়ে ডাকলেন। ধড়াস্ করে উঠল জগজ্জ্যোতির বুকের মধ্যে। তিনি ফ্যালফ্যাল করে চেয়ে রইলেন সেদিকে। আবার প্রৌঢ়া হাত তুলে ডাকলেন তাঁকে। এইবার জগজ্জ্যোতির মুখ দিয়ে আর্তনাদের মত বেরিয়ে এল—‘আমাকে?’
প্রৌঢ়া নিঃশব্দ ভাষায় ঘাড় নেড়ে ‘হ্যাঁ’ বললেন।
জীবনে এমন বিপদে জগজ্জ্যোতি কখনো পড়েননি। এত বয়স হয়েছে তাঁর, এর মধ্যে কোনদিন ভগবানকে ডাকেননি তিনি, কিন্তু আজ ডাকলেন। ‘হরিবোল, হরিবোল’ বলতে বলতে সামনের বাড়ির মধ্যে গিয়ে ঢুকলেন তিনি। ভিজে স্যাঁতসেঁতে উঠোনের পাশ দিয়ে—চৌবাচ্চার গা ঘেঁষে, আছাড়-খাওয়া বাঁচিয়ে ঘরের মধ্যে গেলেন। ভদ্রমহিলা একটা টুল এগিয়ে দিয়ে বললেন, ‘বসো!’
ফ্যাঁসফেঁসে কণ্ঠস্বর। অন্ধকার ঘরে শুনলে ভয় পাবে মানুষ।
‘কী?’—টুলে বসতে বসতে ইশারায় প্রশ্ন করলেন জগৎ। অনুভব করলেন ঘাম হচ্ছে কপালে আর বুকে।
‘কেমন আছ?’—ভদ্রমহিলা হেসে জিজ্ঞাসা করলেন। সামনের দুটি দাঁত ভাঙা।
‘ভাল।’ ফিসফিস করে উত্তর দিলেন জগৎ জোয়ারদার, ‘কিন্তু আমি তো ঠিক বুঝতে পারছিনে,—আমাকে কেন,—আমাকে কীভাবে—আমাকে কী জন্যে⋯’
বাক্য শেষ হল না। বসে রইলেন জগৎ।
‘আ-আমার পোড়াকপাল! তুমি কি এখনো আমাকে চিনতে পারোনি?’
‘ন্-না তো!’
‘আমি সুকুমারী। তোমার আদরের সুকো।’
শব্দটির সুকো-হাজা কিছুই উপলব্ধি হল না জগতের। তিনি তাঁর কোটরগত চক্ষু দুটি মেলে মরা মানুষের মত চেয়ে রইলেন।
‘চেহারা এত খারাপ হয়ে গেল কী করে?’
আবার কেঁপে উঠল জগতের বুকের মধ্যে। মনে হল, তাঁর একটা চেহারা আছে, যেটা জৈব নিয়মে ভাল বা খারাপ হতে পারে। কণ্ঠস্বরের এত আত্মীয়তা সত্ত্বেও তিনি টললেন না। নির্মম সুদখোরের মত আবার ফিসফিস করে চললেন, ‘কে সুকু—মানে সুকো, আমি চিনতে পারছিনে তো! আপনি বোধ হয় কোনরকম ভুল করে থাকবেন—’
এইবার সুকুমারীর গলায় কান্না ছলছল করে উঠল। বললেন, ‘ঠিক এই ভয়ই করছিলাম। জানি, জগতে কিছু থাকে না। তাই বলে জগতের মনও থাকবে না—এটা ভাবিনি। আজ তুমি বললে, কে সুকু—সুকোকে চিনি না?’
বেশ কিছুক্ষণ ধরে তিনি কাঁদলেন। তারপর আঁচলের প্রান্ত তুলে নাকটা ঝাড়লেন। হঠাৎ কাশির বেগ আসাতে—কেশে, জানলা দিয়ে থুথু ফেলে, সামনে বসে চেয়ে রইলেন জগতের দিকে। জগতের থলের মধ্যে ঘাড়ভাঙা চিংড়িগুলোর কথা মনে হল—এরপর বাড়ি গেলে ওগুলোকে কড়া পেঁয়াজের রসে মেশালেও, বোধ করি উদরগ্রাহ্য হবে না।
‘কী? মনে পড়লো, কী?’
‘না।’—কান্নার মত শোনাল জগতের গলা এবার। একটু থেমে আস্তে আস্তে বলল, ‘আশ্চর্য! কিছুতেই কেন মনে করতে পারছি নে। আপনাকে⋯·’
‘আপনাকে না, তোমাকে। আমি সুকুমারী। একটু মনে করে দেখ তো। মৃত্যুঞ্জয় সরকারের বাড়ি ছিল, তোমার বাড়ির পাশে কিনা। আমাদের বাড়ির মধ্যে একটা বাতাবী নেবুর গাছ ছিল। নষ্টচন্দ্রের দিন—’
‘সুকো!’
চিৎকার করে উঠলেন জগজ্জ্যোতি। চিৎকারটা বেশ জোরেই হয়ে গিয়েছিল। আচমকা স্মৃতির পুনরভ্যুদয়ের ধাক্কায়। এবার ব্রীড়াবনতা হলেন সুকুমারী। এবং সেই চল্লিশোর্ধা প্রৌঢ়া কুৎসিত সুকুমারীর আনত মুখখানির দিকে চেয়ে সমস্ত কথা মনে পড়ে গেল জগজ্জ্যোতির। বাল্যকালের মধুর স্মৃতি। বাতাবী নেবু চুরি করতে গাছে ওঠা। নষ্টচন্দ্রের রাত। বন্ধুরা সব পালিয়ে গেল। সুকুমারীর বাবা লাঠি আর লণ্ঠন হাতে নিয়ে বেরিয়ে আসছেন। এই সুকুমারী, ছোট্ট সুকো, তাকে বাঁচায়—গোয়াল ঘরে লুকিয়ে রেখে।
হ্যাঁ। প্রেম সেইদিনই এসেছিল। তারপরে দুজনেই যৌবনে উপনীত হয়ে, লুকিয়ে লুকিয়ে দেখা-শোনাও করেছে। বিয়েও করবে স্থির করেছিল—দুজনে পালিয়ে গিয়ে। পালাবার দুদিন আগে একদিন রাত্রে হঠাৎ সুকোর মা মারা গেলেন, এবং তার কে এক খুলনার মামা—পরদিন সুকুমারীকে নিয়ে খুলনা চলে গেল। যাবার আগে দেখা হল না। শুধু যাত্রার দিন ভোরবেলায় ঝগড়ু ঝাড়ুদারের ছোট্ট মেয়েটা তার হাতে একটা চিরকুট এনে দিল। তাতে লেখা ছিল : জগৎদা, মামা আমাকে জোর করে নিয়ে যাচ্ছে। কিন্তু তুমি আমার জন্যে অপেক্ষা করো। আমি যেদিনই ফিরি-না-কেন, জানবে আমি অবিবাহিতই আছি। তোমার প্রতিজ্ঞাটুকুও এর হাতে লিখে দিও। জগৎও সেই মেয়েটার হাতেই জবাব দিয়েছিল : প্রাণের সুকু, হ্যাঁ। যখনই ফেরো না কেন, জানবে আমিও অবিবাহিত আছি।
ধড়াস করে উঠল জগতের বুকের মধ্যে। চেয়ে দেখল সুকুমারী ওর দিকে চেয়ে আছে। চোখে সেই প্রশ্ন—প্রতিজ্ঞা মত এখনো অবিবাহিতই আছ তো? পেটের মধ্যে, বুকের মধ্যে, আর মাথার মধ্যে কী যেন একটা ঘুরপাক খাচ্ছে জগতের। মাথাভাঙা চিংড়ি হাতে ধরাই রইল। ভ্যাঁ করে কেঁদে ফেললেন পঁয়ষট্টি বছরের বৃদ্ধ জগজ্জ্যোতি। কথা বললেন সাতটা সুরে মিশিয়ে। হাউ হাউ করে যা বললেন, তার মর্মার্থ এই যে : আমি কথা রাখতে পারিনি। বাবা ধরে বেঁধে,—তবে এখন আর নেই। এখন আবার অবিবাহিতা। তুমি?
‘আজো কুমারী।’
স্থির অকম্পিত কণ্ঠে জবাব দিল সুকুমারী, জগতের চোখে চোখ রেখে।
সমারোহ কিছু হল না, কিন্তু বিয়ে হল। পাড়ার লোক প্রথমটা হতবাক হয়ে গিয়েছিল ; পরে সামলে নিয়ে বলল, বিলেতে এ-রকম হয়। এখানেও শুরু হল।
সুরো আর পুরো নতুন মাকে প্রণাম করতে যখন ওঁদের শোবার ঘরে গেল, তখন নববধূ সুকুমারী বললেন, ‘এরা কে?’
‘তোমার দুই মেয়ে। সুরো আর পুরো।’
‘এখনো পার করতে পারোনি?’
‘করেছিলাম।’ জগৎ সহজ হবার চেষ্টা করলেন, ‘করেছিলাম পার। কিন্তু কিছুদিন পরে জামাই দুটি ওপারে চলে গেল, আর মেয়ে দুটো এপারে রয়ে গেল।’
সুকুমারী ঠাট্টা বুঝতেন না একদম। স্বামীর দিকে চেয়ে জোরে বললেন, ‘ভা—লো!’ পরে কন্যাদ্বয়ের দিকে চাইলেন। পাথরের মত শক্ত মুখ। বললেন, ‘এ সব গায়ে-পড়া আত্মীয়তা আমি পছন্দ করি না। দরকার হলে আমিই ডেকে কথা বলব, তোমাদের কুটুম্বিতে করবার দরকার হবে না।’
পুরোবালা একটু রাশভারি মেয়ে। সোজা সুকুমারীর চোখের দিকে চেয়ে বলল, ‘কিছুই দরকার হত না, যদি আপনি এই জীবনের বিকেল বেলায় যেচে বাবার সঙ্গে কুটুম্বিতে না করতেন।⋯·আয় দিদি!’
সুকুমারী চুপ করে মেয়ে দুটির যাবার পথের দিকে চেয়ে রইলেন। অতএব মা আর মেয়েদের মিলন হল না। কিন্তু জগতের একপক্ষে আশ্বাসের কথা এই হল যে, কোনদিন তিনি স্ত্রীর মুখে মেয়েদের সম্বন্ধে কোন অভিযোগ শুনলেন না। অভিযোগ দূরের কথা, সুকুমারী পারতপক্ষে সুরো-পুরোর উল্লেখ অবধি করতেন না।
পয়সা অনেক করেছিলেন জগজ্জ্যোতি। মার্চেন্ট অফিসে চাকরি করে রিটায়ার করবার সময় তিনি একটা মোটা টাকা পান। টালায় পৈতৃক বাড়িটা বিক্রি করেও প্রচুর টাকা পান, তার থেকে সামান্য কিছু খরচ করে বর্তমান বাড়িটা কেনেন। সুদি কারবারটা ছিল গোড়া থেকেই, সেইটেই পরে ফুলে ফেঁপে ওঠে। জগতের ক্যাশ টাকা নিয়ে নানা রকম জনশ্রুতি আছে। কেউ বলে দু’লাখ, কেউ বলে দশ লাখ! তবে দশ লাখ না হলেও ক্যাশ টাকা কোম্পানির কাগজ ইত্যাদি যা আছে—তা যথেষ্ট।
বিয়ের পরে দেখা গেল, জগজ্জ্যোতি বাল্য বান্ধবীর প্রতিশ্রুতি রাখতে গিয়ে যে সব স্বপ্ন দেখেছিলেন, তার একটাও মিলছে না। চল্লিশের ওপর বয়স বেশি হওয়াতে সুকুমারীর মনটা কাঠ হয়ে গিয়েছিল। ফলে জগতের মনের মধ্যে চব্বিশ ঘণ্টাই একটা অশান্তি থেকে গেল। সর্বদাই কেমন যেন অন্যমনস্ক থাকতেন জগৎ ।একদিন কোথায় যেতে গিয়ে ট্রাম থেকে পড়ে গেলেন তিনি। হাসপাতাল থেকে বাড়ি ফিরে এলেন দিন দশেক পরে, এবং নিজের অ্যাটর্নি এবং বন্ধু বিশ্বমোহন বিশ্বাসকে একটা উইল করতে বললেন। কি কি শর্ত থাকবে—সব বিশ্বমোহনকে বলে দিলেন তিনি। তাঁর আর এক বন্ধু ছিলেন ডাঃ ধীরেন তালুকদার। ধীরেন তালুকদার মারা যাবার পর তাঁর ছেলে মনোতোষ তালুকদার এখন জগতের ফ্যামিলি ফিজিসিয়ান। মনোতোষের বয়স বছর বত্রিশ। মেডিকেল কলেজ থেকে পাশ করে এখন কলকাতাতেই প্র্যাকটিস করে। গোপন বাসনা আছে—বিলেত থেকে উপাধি নিয়ে আসার। সে অ্যাক্সিডেন্টের পর থেকে নিয়মিত রূপে জগতকে দেখছিল, এবং জগৎ বাড়ি আসার পরে একদিন সুকুমারীকে বলেছিল, ‘কাকাবাবুর হার্টটা খুব উইক, যে কোনদিন যে কোন মুহূর্তে বিপদ আসতে পারে।’
রেখাহীন মুখে সুকুমারী জবাব দিলেন, ‘আমি জানি মনোতোষ।’
এরপরে জগজ্জ্যোতি আর সাতদিন বেঁচেছিলেন।
শ্রাদ্ধ-শান্তি চুকে গেলে অ্যাটর্নি বিশ্বমোহন জানালেন, জগৎবাবুর উইল অনুযায়ী স্ত্রী সুকুমারী সমস্ত সম্পত্তি পেলেন। দুটি বিধবা মেয়ে সুরবালা আর পুরবালা আপাতত মাসিক পঁচিশ টাকা করে মাসে হাতখরচ পাবেন আর খাওয়া-পরা পাবেন। তবে সুকুমারীর মৃত্যুর পর সমস্ত সম্পত্তি পাবে দুই বোন। তখন যদি কোন মেয়ে পুনর্বিবাহ করে, তাহলেও সে এই উইল অন