
ব্ল্যাক অ্যামবাসাডার
সৈয়দ মুস্তাফা সিরাজ
০১.
সেবার অক্টোবরের পুজোর সময় কর্নেলের কথা ছিল তিনি আমাকে নিয়ে বিহারের ছোটনাগপুর এলাকায় পাড়ি দেবেন। সেখানে তার এক বন্ধুর প্রাসাদতুল্য বাড়ি আছে। কাজেই থাকবার জায়গার কোনও অসুবিধা নেই। কাছে নদী আছে। নদীর ওপারে পাহাড় আর ঘন জঙ্গল। নদীটার উৎস কয়েক মাইল দূরে একটা জলপ্রপাত।
কর্নেল বলেছিলেন এই প্রপাতের উৎস নিয়ে অনেক গল্প চালু আছে। সেই গল্পগুলি অবশ্য তিনি বলেননি। যেটুকু আভাস দিয়েছিলেন গেলে দেখা যাবে জলটা ভূগর্ভ থেকে উঠে আসছে। অর্থাৎ প্রস্রবণ বলা চলে। কিন্তু এতবড় প্রস্রবণ নাকি ভারতের কোথাও নেই। কিন্তু তার চেয়ে রহস্যময় ব্যাপার, মাঝে মাঝে প্রস্রবণের ওপরে সূর্যের আলো পড়ে রামধনু দেখা যায়। এই সুন্দর দৃশ্য দেখার জন্য পর্যটকরা ওখানে হানা দেয়। জলপ্রপাতটার নাম ইন্দ্রধারা। তবে কর্নেলের আগ্রহ অন্যদিকে। তাঁর বন্ধু বিজয়নারায়ণ সিংহ সম্প্রতি খবর দিয়েছিলেন ইন্দ্রধারা এলাকায় তিনি এক বিশেষ প্রজাতির প্রজাপতি দেখেছেন। বিজয়বাবু লেপিডকটারিস্ট অর্থাৎ প্রজাপতি বিশারদ নন কিন্তু অনেক জাতের প্রজাপতি চেনেন। কিন্তু এই প্রজাপতি প্রজাপতি তাকে অবাক করেছে। কারণ এদের আকার প্রায় ছোট্ট একটা ঘুড়ির মতো। এরা যখন ফুলে বসে থাকে কান পাতলে ক্ষীণ একটা সুর শোনা যায় কতকটা চড়া সুরে বাঁধা বেহালার মতো।
কিন্তু অক্টোবরের পুজো শেষ হয়ে গেল তার পরেও কর্নেল সেখানে যাবার নাম করছেন না। যখনই আমার কাগজের অফিস থেকে সময় পেলে তার অ্যাপার্টমেন্টে গেছি তখনই দেখেছি আমার বৃদ্ধ বন্ধু একটা প্রকাণ্ড বই খুলে ধ্যানমগ্ন। দাঁতের ফাঁকে চুরুট। একফালি নীল ধোঁয়া তার টাক ছুঁয়ে অদৃশ্য হয়ে যাচ্ছে। আমি গিয়ে সোফায় বসলে তিনি বইয়ের দিকে তাকিয়ে শুধু বলেছেন–বোসো, ষষ্ঠীচরণকে আরেক রাউন্ড কফি আনতে বলেছি।
অক্টোবরের শেষ সপ্তাহের এক রবিবার সকালে আমার সল্টলেকের ফ্ল্যাটে সবে ঘুম থেকে উঠেছি এমন সময় টেলিফোন বাজল। আমি টেলিফোন এলে বিরক্ত হই কারণ খবরের কাগজে খ্যাতিমান রিপোর্টারদের সঙ্গে লোকেরা কথা বলতে চায়। কিন্তু টেলিফোনটা বেজেই চলেছে অগত্যা রাগ করে রিসিভার তুলে বললুম–রং নাম্বার।
সঙ্গে সঙ্গে কেউ বলে উঠল, রাইট নাম্বার ডার্লিং। আশা করি সুনিদ্রা হয়েছে।
কর্নেলের কণ্ঠস্বর শুনে আমি হাসতে হাসতে বললুম–মর্নিং কর্নেল, আমার সুনিদ্রার ব্যাঘাত ঘটানোর মতো কিছু ঘটেনি।
-জয়ন্ত তুমি তো কাগজের লোক হয়েও কাগজ পড়তে চাও না। তুমি কি আজকের কোনও কাগজ পড়েছ?
–না কেন বলুন তো, কিছু কি পড়ার মতো বেরিয়েছে?
-কর্নেল একটু পরে বললেন, আশ্চর্য!
তোমাদের দৈনিক সত্যসেবক পত্রিকায় খবরটা প্রথম পাতায় ছেপেছে। অবশ্যই বেশি জায়গা দেয়নি। কারণ নিউজ এজেন্সির খবর। সিংহগড়ে তো তোমাদের সংবাদদাতা নেই।
আমি একটু উত্তেজিত হয়ে উঠেছিলুম।
বললুম–খবরটা কীসের বলুন তো।
-কর্নেল বললেন, খবরটার হেডিং : সিংহগড়ে সিংহের হুঙ্কার। আমি রাখছি, তুমি খবরে একবার চোখ বুলিয়ে এখনই চলে এসো।
রিসিভার রেখে সেদিনকার কাগজগুলো তুলে টেবিলে রাখলুম। তারপর দৈনিক সত্যসেবক পত্রিকার প্রথম পাতায় খবরটা খুঁজে বের করলুম। খবরটা নিয়ে যেন নাইট এডিটর কৌতুক করেছেন। একবার চোখ বুলিয়ে সারমর্ম বুঝে নিলুম।
ছোটনাগপুর অঞ্চলের সিংহগড়ে পরপর কয়েকটি রাত কোনও হিংস্র জন্তুর হুঙ্কার শোনা গেছে। সিংহগড়ের একদিকে শিল্পাঞ্চল অন্যদিকে পাহাড় আর জঙ্গল। সিংহগড় একটা সমৃদ্ধ শিল্পনগরী। সেখানে দক্ষিণপ্রান্তে এক সময় বাঙালিদের বসবাস ছিল। তাই বাঙালিটোলা বলা হয়। হুঙ্কার শোনা গেছে সেই এলাকায়।
সন্ধ্যার আগেই সেখানে সবাই বাড়িতে ঢুকে পড়ে। তবে ওটা সিংহের হুঙ্কার কি না তা নিয়ে সন্দেহ করা যায় না কারণ বাঙালিটোলার এক পুরুতঠাকুর শপথ করে বলেছেন। তিনি একটা সিংহের প্রকাণ্ড ঢাকের মতো মাথা এক পলকের জন্য দেখতে পেয়েছেন।
এই খবর নিয়ে কর্নেলের এত মাথাব্যথার কারণ বুঝতে পারলুম না। কেউ হয়তো নিছক আমোদ-প্রমোদের জন্যই সিংহ সেজে লোকেদের ভয় দেখাচ্ছেন। আর ওই হুঙ্কার ব্যাপারটা কীভাবে প্রচার করা যায় তা আমি কর্নেলের সঙ্গগুণে জানি। একবার মুখের কাছে জাপানি টেপরেকর্ডার বেঁধে একটা লোক বাঘের গর্জন শোনাত। ওই সব জাপানি যন্ত্রের এমন ক্ষমতা যে কোনও গর্জনকে বহুগুণ বাড়িয়ে দিতে পারে।
কিছুক্ষণ পরে সেজেগুজে বেরিয়ে পড়লুম। সঙ্গে আমার একটা ব্যাগ। ব্যাগে কিছু জামাকাপড় আর আমার ফায়ার আর্মর্স ভরে নিলাম। কারণ, কর্নেলের এই ডাকাডাকি মানেই সিংহগড় অভিযানের প্রস্তুতি আমি জানি। ভাগ্যিস এই খবরটা বেরিয়েছিল। পুজোর সময়ই বাইরে বেড়াতে যাবার অভ্যাস আমার আছে। বিশেষ করে কর্নেল পুজোর সময়টা কোনও সমুদ্রতীরে বা পাহাড়ে জঙ্গলে কাটিয়ে আসতেই ভালবাসেন। আমারও চমৎকার একটা ভ্রমণ হয়ে যায়।
আমার তেজি ফিয়াট গাড়িটা যখন ইলিয়ট রোড এলাকার কর্নেলের বাড়ির গেটে ঢুকল তখন আটটা বাজে। লনের একপাশে গাড়ি রেখে তিনতলায় কর্নেলের অ্যাপার্টমেন্টে উঠে গেলাম। তারপর ডোর বেল সুইচ টেপার পর ষষ্ঠীচরণ দরজা খুলে ফিক করে হেসে চাপা স্বরে বলল, বাবুমশাইকে আজ এক ভদ্রলোক এসে বড্ড জ্বালাতন করছেন। আপনি গিয়েই দেখুন না।
ষষ্ঠী পাশের করিডর দিয়ে চলে গেল। এটা একটা ছোট্ট ওয়েটিং রুম বলা চলে। তারপর সামনে দরজার পর্দা সরালেই কর্নেলের জাদুঘর সদৃশ বিশাল ড্রইংরুম।
কানে এসেছিল কারও উত্তেজিত কণ্ঠস্বর। ড্রয়িংরুমে ঢুকেই দেখি কর্নেল ইজিচেয়ারে বসে আছেন। তার চুরুট নিভে গেছে কারণ আর ধোঁয়া দেখা যাচ্ছে না। আর সোফার ওপর একজন রোগাপটকা চেহারার ভদ্রলোক হাত নেড়ে তাকে বলছেন, এটা সামান্য ব্যাপার নয় কর্নেল সাহেব। বিজয় নারায়ণ আমাকে রাতের ট্রেনেই আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। আর আপনি বলছেন আমাদের কানের ভুল। কখখনো না। মা চণ্ডিকাঁদেবীর নামে দিব্বি দিয়ে বলছি আমার কানের ভুল নয়। ওহ! সে কি ভয়ঙ্কর গর্জন। ইন্দ্রধারা জলপ্রপাতের গর্জন তো শুনেছেন।
আমি থমকে দাঁড়িয়ে গিয়েছিলাম। কর্নেল মুখ তুলে ঠোঁটের কোণে হেসে বললেন,
–বোসো জয়ন্ত। আলাপ করিয়ে দি। আমরা সিংহগড়ে বিচিত্র প্রজাতির প্রজাপতি দেখতে যাব ভেবেছিলাম। বার বার বাধা পড়ছিল। কিন্তু এবার মনে হচ্ছে না গিয়ে উপায় নেই কারণ ইনি সিংহগড়ের আমার বন্ধু বিজয়নারায়ণ সিংহের ছোট ভাই অজয়নারায়ণ সিংহ। অজয়বাবু, এর নাম জয়ন্ত চৌধুরী, দৈনিক সত্যসেবক পত্রিকার স্পেশাল রিপোর্টার।
অজয়বাবু করজোড়ে নমস্কার করে উত্তেজিত হয়ে বললেন–ট্রেনে আসতে আসতে আপনাদের কাগজে পড়েছি। আপনারা প্রথম পাতায় খবরটা ছেপেছেন। ভালই হল। আপনিও সেখানে চলুন। যেভাবে খবরটা ছাপা হয়েছে তাতে অনেককিছু বাদ গেছে। সব কথা আমি কর্নেল সাহেবকে জানিয়েছি। সোফার অন্য প্রান্তে বসে লক্ষ্য করলুম ভদ্রলোকের পরনে সিল্কের পাঞ্জাবি আর ধুতি আর তার পাশে একটা ব্রিফকেস। আর সুদৃশ্য ছড়ি আছে। ট্রেনে ছড়ি নিয়ে আসার কোনও মানে খুঁজে পেলুম না। ইতিমধ্যে ষষ্ঠীচরণ কফি নিয়ে এল। কর্নেল বললেন আবার এক রাউন্ড কফি হোক অজয়বাবু।
অজয়বাবু হাসার চেষ্টা করে বললেন আপনার কফি খাবার অভ্যাস তো দেখেছি। বারে বারে কফি খেলে আমার আবার ততটা সহ্য হয় না। কর্নেল হাসলেন–নিশ্চয় সহ্য হবে বরং আপনার নার্ভ আরও চাঙ্গা হবে। তিনি কফিতে। চুমুক দিয়ে বললেন এবার যাব আমার ভগ্নীপতির বাড়ি। আমার মেয়ে সুজাতা ওখানে থেকে যাদবপুরে এম. এ. পড়ছে। পুজোর আগেই তার যাবার কথা ছিল। কিন্তু কেন যে গেল না, চিঠি লিখে জানায়নি। এই একটা চিঠিরও জবাব পাইনি।
কর্নেল মিটিমিটি হেসে বললেন, সুজাতা সম্ভবত আপনার ওপর রাগ করেই যায়নি। আপনি সুজাতার পিসেমশাই বা পিসিমাকে কি যেতে লিখেছিলেন।
অজয়বাবু কাঁচুমাচু মুখে বললেন, আসলে, এখানে ওদের বাড়িতেই পাঁচশো বছরের পুরোনো পুজো হয় তাই ওদের যেতে বলি কী করে। কিন্তু সুজাতা প্রতিবছর সিংহগড়ে বাঙালিটোলার পুজোয় না গিয়ে পারে না। এবার কেন যে গেল না কে জানে। যাই হোক, ওকে সঙ্গে করেই সিংহগড়ে ফিরব। আপনারা আমাদের সঙ্গে গেলে খুব আনন্দ হত।
কর্নেল বললেন, খবরটা নিশ্চয় আপনার মেয়ে পড়েছে। সে কি সিংহের চোখে পড়ার জন্য বাবার বাড়ি যেতে চাইবে। যা অবস্থা বললেন তাতে তো টুরিস্টরা জলপ্রপাত বা প্রস্রবণ দেখতে যাবে বলে মনে হচ্ছে না।
অজয়বাবু বললেন–না দিনের বেলায় ভয়ের কোনও কারণ নেই। দাদা পুলিসকে জানিয়েছেন। পুলিস রাত্রে তো বটেই, দিনের বেলাতেও জলপ্রপাত অবধি টহল দিয়ে আসে।–আচ্ছা সবই তো শুনলেন। এবার আমি উঠি। পরের ট্রেন সেই এগারোটায়, তাই ভাবছি দুপুরের ট্রেন ধরব, সিংহগড়ে এই ট্রেনটা থামে না। আমরা আগের স্টেশনে নেমে বাসে চেপে চলে যাব।
অজয়বাবু এক হাতে ছড়ি, অন্য হাতে ব্রিফকেস তুলে নিয়ে বেরিয়ে পড়লেন। একটু পরে কর্নেল বললেন, এরা দুই ভাই পরস্পর বিপরীত, বিজয়বাবু মোটাসোটা বলিষ্ঠ গড়নের মানুষ, প্রায় আমার সমবয়সী; চালচলনেও আমার মতো বলতে পারো।
-বললুম, অর্থাৎ তিনি আপনার মতো সাহেব।
কর্নেল হাসলেন।
তা অবশ্য বলতে পারো তবে বিজয়বাবুর কণ্ঠস্বর এত চড়া না। তা ছাড়া কথা বলেন কম। একসময় ওঁর পূর্বপুরুষ ওই এলাকার জমিদার ছিলেন। তবে কেথা। আর যা বলছিল। ওঁর ছোটভাইকে তো দেখলে। রোগা পটকা মানুষ কিন্তু বেজায় সৌখিন। তারপর কথা বলেন খুব চড়া স্বরে।
-বললুম উনি ঢাক আর ইনি ঢাকী এই তো।
কর্নেল হাসতে গিয়ে হাসলেন না। চাপা স্বরে বললেন, আমার ধারণা সিংহগড়ে একটা সাংঘাতিক কিছু ঘটতে চলেছে। তা যাতে না ঘটে তার জন্যই আমরা আজই রাত এগারোটার ট্রেনে যাত্রা শুরু করব।
কথাটা বলে তিনি ইজিচেয়ারে হেলান দিয়ে তিনি নতুন একটা চুরুট ধরালেন তারপর চোখ বুজলেন। বুঝতে পারলুম তিনি কোনও গভীর বিষয়ে চিন্তাভাবনা করছেন। কিছুক্ষণ পরে ডাকলুম-আচ্ছা কর্নেল, কর্নেল চোখ বন্ধ করে থেকেই বললেন, বলো।
আপনাকে মনে মনে খুব উত্তেজিত মনে হচ্ছে। তাছাড়া সাংঘাতিক ঘটনা বলতে আপনি কী বোঝাতে চাইছেন? মার্ডার?
কর্নেল একই অবস্থায় থেকে বললেন–আমি সিওর নই। মার্ডারও হতে পারে আবার অভাবিত কিছু হতেও পারে।
–বিজয়বাবুরা বড়লোক তা এর আগে আপনার কথাতেই বুঝেছিলাম। কারণ তারা প্রাসাদতুল্য বাড়িতে বাস করেন। আপনি কি ওঁদের বাড়িতে ডাকাতির কথা ভাবছেন। কারণ একবার, আপনার মনে পড়তে পারে রামগড়ে আপনার সামরিক জীবনের এক বন্ধুর ফার্মহাউসে ডাকাতির আগে প্রতি রাত্রে বাঘের গর্জন শোনা যেত। এমনকী, সেখানে বাঘও দেখা গিয়েছিল। এভাবে ভয় দেখিয়ে ডাকাতদের চমৎকার একটা সুযোগ হয়, ভয়ে বাড়ি থেকে কেউ বেরোয় না। আর তারা নিশ্চিন্তে ডাকাতি করে চলে যায়।
কর্নেল আমার কথায় কান দিলেন না। তিনি সোজা হয়ে বসে হাত বাড়িয়ে টেলিফোনের রিসিভার তুললেন। তারপর একটা নম্বর ডায়াল করে বললেন–কর্নেল নীলাদ্রি সরকার বলছি…হা মিস্টার ব্যানার্জি আপনার ডিপার্টমেন্টে কি ছোটনাগপুর সিংহগড় এরিয়ার কোনও বিশেষ ঘটনার খবর এসেছে। আসেনি। কিন্তু আজকের কাগজে সিংহের গর্জনের খবর বেরিয়েছে। পড়েছেন…। হ্যাঁ ইউ আর রাইট, তো শুনুন আমি আর জয়ন্ত সিংহগড়ে যাচ্ছি।…, না, আপনি যাকে বলে বাংলা বিহার উড়িষ্যার তাবৎ জঙ্গলের অধিপতি, তাই আপনাকে জানাতে হল। ওখানে যদি সম্ভব হয় একটা মেসেজ পাঠালে খুশি হব। ওখানে তো ট্যুরিস্ট লজ আছে। একটা টু বেড স্যুট। থ্যাঙ্কস মেনি থ্যাঙ্কস্ মিস্টার ব্যানার্জি।
রিসিভার রেখে কর্নেল আমার ব্যাগের দিকে তাকিয়ে বললেন, তুমি রেডি হয়ে এসেছ। ভাল করেছ। যাও তোমার ঘরে গিয়ে ব্যাগ রেখে ব্রেকফাস্টের জন্য তৈরি হও। ব্রেকফাস্ট করে আমরা দুজনে বেরবো।
ব্রেকফাস্টের পর কর্নেল