Home
কৃত্তিবাস রহস্য

কৃত্তিবাস রহস্য

বিনোদ ঘোষাল

কৃত্তিবাস রহস্য

বিনোদ ঘোষাল
thriller

Change color

১

রাত প্রায় আড়াইটা। চারদিকে আজ এমনই কুয়াশা আর অন্ধকার যেন মনে হচ্ছে বিশাল এক দৈত্য তার নিজের শরীর দিয়ে গোটা গৌহাটি শহরটাকে আকাশসমেত ঢেকে ফেলেছে। স্ট্রিটলাইটের আলোও ডুবে গিয়েছে এমন কুয়াশাচ্ছন্ন অন্ধকারের করাল গ্রাসে। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে আজ রাতেই এত ঘন কুয়াশা। কনকনে না হলেও যথেষ্ট ঠান্ডা। শহর অঘোরে ঘুমোচ্ছে। চারদিক নিশ্চুপ। এমনই নৈঃশব্দ্য, যেন সে অপেক্ষা করছে ভয়ংকর একটা কিছু ঘটার। এই নিশুতি রাতে রাস্তায় জনপ্রাণী থাকা তো দূরের কথা একটা কুকুরেরও দেখা নেই। শুধু কিছু ফুটপাতবাসী চাদর মুড়ি দিয়ে গভীর ঘুমে মগ্ন। গৌহাটির চাঁদমারি এলাকায় যে বিশাল ওভারব্রিজ রয়েছে তার নিচে ফুটপাতে বেশ কিছু মানুষ থাকে। তারা সার সার ঘুমোচ্ছে পরম নিশ্চিন্তে। সুনসান রাস্তায় সহসাই শোনা গেল একটি মোটর ভ্যানের শব্দ। অনেক দূর থেকে শব্দটি এগিয়ে আসছে। ইঞ্জিনের শব্দ নিকট থেকে নিকটতর হচ্ছে। খোঁড়া ভিখারি শাকিলের আজ ঘুমটা ভালো আসছিল না। সে তার নিজের নির্দিষ্ট স্থানটিতে শুয়ে আকাশের দিকে তাকিয়েছিল। আকাশে আজ চাঁদ তারা কিছুরই দেখা নেই। কুয়াশায় মোড়া গৌহাটি শহর যেন বেশি চুপচাপ। সে টের পেল অনেক দূর থেকে কুয়াশার চাদর কেটে একজোড়া আলো এগিয়ে আসছে, সঙ্গে মৃদু শব্দ। গাড়ির হেডলাইট, আর গাড়ির শব্দ শুনতে শুনতে অনেকগুলো বছর পার করে ফেলা শাকিলদের মতো মানুষদের এই শব্দে, এই আলোতে সামান্যতম ঘুমের ব্যাঘাত হয় না। কিন্তু আজ শাকিলের ঘুম আসছে না, কারণ ওর খুব পেট ব্যথা করছে। সম্ভবত সন্ধেবেলায় আজ যে খাবারটুকু ওর কপালে জুটেছিল সেটা খারাপ ছিল। খিদের জ্বালায় সেটাই খেয়ে ফেলেছিল শাকিল। অবশ্য শাকিলের মতো ফুটপাতে থাকা ভিখিরি, ভবঘুরেদের কেইবা কবে টাটকা গরম গরম খাবার পরিবেশন করে? ওরাও এসব বাসি পচা উচ্ছিষ্ট খেয়েই জীবনটুকু কাটিয়ে দেয়। এটাই এই অসহায় মানুষগুলোর নিয়তি।


পেটের ভেতরটা গুড়গুড় করছে আবার। শাকিল যেখানে শুয়ে রয়েছে তার পেছনেই চাঁদমারির মস্ত মাঠ। এই মাঠে শহরের অনেক অনুষ্ঠান হয়। যে মানুষগুলো রাতে মাঠের পাশে, ওভারব্রিজের নিচে শুয়ে থাকে তাদের প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জায়গা হলো ওই মাঠ। শাকিল বুঝতে পারল ওকে আবার মাঠে যেতে হবে। গাড়িটা কাছে চলে এসেছে। আচমকাই হেডলাইট নিভে গেল। ফলে রাস্তায় যে দুটি সরলরৈখিক আলোর সঞ্চার হয়েছিল তা আবার ডুবে গেল ঘন অন্ধকারে। গাড়িটা শুধু হেডলাইটই নেভাল না, যেখানে শাকিলের মতো মানুষরা শুয়ে রয়েছে তার সামনে এসে গাড়িটা তার ইঞ্জিনও বন্ধ করে ফেলল। শাকিল একটু অবাক হলো। পেট হালকা করার জন্য মাঠের দিকে যেতে গিয়েও গেল না। মারুতি ভ্যান গাড়িটার রং কালচে হওয়ার ফলে সেটাও যেন অন্ধকারে মিশে গিয়েছে। শাকিল ভাবল গাড়ি নিশ্চয়ই খারাপ হয়েছে। দেখল গাড়ি থেকে বেশ দ্রুত পায়ে নেমে এলো তিনজন লোক। প্রত্যেকেই আপাদমস্তক শীতপোশাকে ঢাকা। লোকগুলো চটপট এগিয়ে এলো যেখানে শাকিলরা শুয়ে রয়েছে। কেউ কোনো কথা বলছে না। একজন শুধু একটা টর্চ জ্বালাল। তারপর ছেঁড়া কম্বল, লেপ, চাদর ঢাকা ঘুমন্ত মানুষগুলোর শরীরে টর্চ ফেলতে থাকল। যেন কাউকে খুঁজছে। এত রাতে কাকে খুঁজতে পারে? কে লোকগুলো? শাকিলের ভয় লাগল। পেট আরও গুড়গুড় করছে। হঠাৎই টর্চের আলোটা থেমে গেল একটা শরীরের ওপর। টর্চটা যে ধরে রয়েছে সেই লোকটা টর্চ ধরা হাতটা নাড়িয়ে বাকি দুজনকে একটা কিছু ইশারা করল। আর তারপর মুহূর্তেই যেটা ঘটল তার জন্য মোটেই প্রস্তুত ছিল না শাকিল। ওর থেকে মাত্র ফুট দশেক দূরে ঘুমিয়ে থাকা একজনকে কম্বলসমেত মুহূর্তের মধ্যে পাঁজাকোলা করে তুলে নিল ওই দুজন। একজন চেপে ধরল মুখ অন্যজন দুহাতে ওকে জাপটে ধরে দুজনে মিলে নিয়ে গেল গাড়ির দিকে। কাকে তুলে নিয়ে যাচ্ছে? কাকে? কেন নিয়ে যাচ্ছে? ওরা কারা? ভয়ে গলা দিয়ে আওয়াজ পর্যন্ত বেরোচ্ছে না শাকিলের। লোকগুলো ওকে কোথায় নিয়ে যাচ্ছে! টর্চ ধরা লোকটাও ছুটে গেল গাড়ির দিকে। ভ্যানের দরজা খোলাই ছিল। গাড়ি স্টার্ট নিল। লোকগুলো ঢুকে পড়ল গাড়ির ভেতর। গাড়িটা মিনিটখানেকের মধ্যে আবার ঘন অন্ধকারে মিলিয়ে গেল। শাকিলের মনে পড়ল আজ থেকে দিন কুড়ি আগে আচমকাই এক রাতে উধাও হয়ে গিয়েছিল বছর চৌদ্দর বিট্টু, সারাদিন জুতো পালিশের কাজ সেরে ছেলেটা এখানেই শুতো। একদিন রাতে শুলো, পরের দিন সকালে ওকে আর দেখা গেল না, আর এলোই না। এখানে যারা থাকে তারা পাশাপাশি থাকলেও কেউ কারও ব্যাপারে তেমন খোঁজখবর নেয় না। নিজের পেট ভরানোর তালেই ব্যস্ত থাকে। তাই বিট্টুর নিরুদ্দেশ হওয়া নিয়েও কেউ মাথা ঘামায়নি। তাহলে কি…তাহলে কি বিট্টুও এভাবেইইই…!


২

বেলা এগারোটা বাজে। গৌহাটির পল্টনবাজার থানায় নিজের চেয়ারে বসেছিলেন অফিস ইনচার্জ সিদ্ধার্থ কলিতা। মধ্য চল্লিশ এই অসমিয়া পুলিশ অফিসার অত্যন্ত বিচক্ষণ। দেখতেও সুপুরুষ। সিদ্ধার্থর টেবিলের উলটোদিকে বসে রয়েছে দিয়া, অরণ্য এবং সিদ্ধার্থর কলেজ জীবনের বন্ধু রাকেশ জোশী। দিয়া আর অরণ্য আজ সকালের ফ্লাইটেই কলকাতা থেকে গৌহাটি এসেছে। গৌহাটি আসার কারণ অফিস অ্যাসাইনমেন্ট। যদিও অ্যাসাইনমেন্টটা ঠিক গৌহাটিতে নয়, শিলং-এ, আর অ্যাসাইনমেন্টটাও বেশ ইন্টারেস্টিং। গত সপ্তাহে অফিস মিটিং-এ অঞ্জনদা যখন অ্যাসাইনমেন্টটা কে নিতে চায় বলে প্রশ্ন ছুড়েছিল সবার প্রথমে দিয়া বলে উঠেছিল আমি যাব। আমাকে প্লিজ পাঠাও।


অঞ্জন হেসে বলেছিল, আমি জানতাম প্রথম রেসপন্ড তুই-ই করবি। ও কে ডান। পুরো জমিয়ে দিতে হবে কিন্তু। এটা এক্সক্লুসিভ।


দিয়া আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিল নিশ্চিন্তে থাকতে পারো। এই বছর আমাদের রোজ খবর পেপারে ক্রিসমাস নিয়ে বেস্ট স্টোরি হবে।


দিয়ার কলিগ জার্নালিস্টদের মধ্যে কারও সুপ্ত ইচ্ছে থাকলেও আর উপায় ছিল না। কারণ দিয়া মিত্রর ইচ্ছের কোনো অ্যাসাইনমেন্টে তাকেই অগ্রাধিকার দেওয়া হয়। তবে তার সংগত কারণও রয়েছে। গতবছরে অরণ্যর সঙ্গে সেই ডার্কওয়েব রহস্য ভেদ করার পর সেই ঘটনা নিয়ে বিশাল একটা স্টোরি করেছিল দিয়া। সেটা পাঠকমহলে বিরাট সাড়া ফেলেছিল। তারপর থেকেই অফিসে তো বটেই মিডিয়ামহলে দিয়ার সুখ্যাতি ছড়িয়ে পড়ে। সিনিয়র জার্নালিস্ট হিসেবে প্রমোশনও হয়। অঞ্জনদা বলেছিল কিরে আমার মতো ক্রাইম ডেস্কে চলে আসবি নাকি? বল, তাহলে বসকে সুপারিশ করছি।


দিয়া নাক কুঁচকে আপত্তি জানিয়েছিল। ইস মোটেই না, আমি যেমন আছি বেশ আছি। ওসব ক্রাইমটাইম আমার পোষাবে না।


অঞ্জন হেসে বলেছিল, কপালে তোর কী লেখা রয়েছে কি জানিস?


যদিও তারপর এক বছরে দিয়া যত অ্যাসাইনমেন্ট করেছে সেগুলোর প্রায় কোনোটাই ক্রাইম রিলেটেড নয়। আসলে দিয়ার ক্রাইম ডেস্ক ভালোও লাগে না। গৌহাটি আসার কারণটা হলো, দিন কয়েক আগে অফিসে কয়েকজন মিলে গল্প হচ্ছিল। আর কিছুদিন পরেই ক্রিসমাস। তো ক্রিসমাস নিয়ে স্পেশাল কী স্টোরি করা যায় তাই নিয়ে বিভিন্ন প্ল্যানিং। সেই আলোচনায় দিয়ার সিনিয়র ফিচার এডিটর দীপ্তদা তো ছিলই, অঞ্জনদাও ছিল। দীপ্ত তার টিমের ছেলেমেয়েদের বলেছিল এবারে নতুন কিছু ভাব তোরা। ওই সেই সান্তাক্লজের জন্ম, জীবনবেত্তান্ত আর নিউমার্কেট কেকশপ, পার্কস্ট্রিটের অ্যাংলোপাড়া, সেলেবদের লালটুপি পরা ছবি নিয়ে প্রচুর ডাঁটা চেবানো হয়েছে, গিভ সামথিং স্পেশাল।


দিয়া বলেছিল তাহলে কোম্পানিকে বলো আমাদের আমেরিকা ইউরোপে পাঠাতে। জমিয়ে স্টোরি করব। ওই নেট ঘেঁটে সস্তার স্টোরি সারতে গেলে এমনই আলুনি হবে।


অঞ্জন বলেছিল কেন? ভারতে কি স্পেশাল ক্রিসমাসের অভাব ঘটেছে নাকি? জার্নালিস্ট হয়েছিস একটু চোখকান খোলা রাখ। খোঁজখবর নে কোথায় জমজমাট ক্রিসমাস সেলিব্রেট হয়।


সুস্মেলি বলেছিল তুমি কি গোয়ার কথা বলছ?


অঞ্জন উত্তর দিয়েছিল হ্যাঁ গোয়াতেও জমাটি সেলিব্রেশন হয়, এটা ঠিকই কিন্তু সেটা অনেক বেশি ফোকাস্ড। আরেকটু প্রচার কম বাট নিজস্বতা রয়েছে এমন একটা জায়গার ক্রিসমাসের আমি সাক্ষী হয়েছিলাম। অসাধারণ এক্সপিরিয়েন্স। তাও অবশ্য বছর আষ্টেক আগের কথা বলছি। আমার আগের কোম্পানিতে আমি বেশ কিছুদিন গৌহাটিতে পোস্টেড ছিলাম, সেখানে আমার এক বন্ধু ছিল চন্দ্রকান্ত বরুয়া। ও আমাকে গৌহাটি থেকে বাইকে বসিয়ে নিয়ে গিয়েছিল শিলঙের ক্রিসমাস দেখাতে। শিলঙের ক্রিসমাসের বৈশিষ্ট্য জানিস তো? একদিন আগে সেলিব্রেশন হয়, মানে চব্বিশে ডিসেম্বর হয়। চব্বিশের রাতে দারুণ পার্টি, হইহুল্লোড়, কিন্তু পঁচিশে গেলে দেখবি চারদিক সুনসান। দুরন্ত লেগেছিল। পুরো রাস্তাঘাট সাজানো হয় আলো দিয়ে, সকলে আনন্দ করে।


আরেব্বাস দারুণ তো? তাহলে শিলং কভার করলেই ভালো হয়। বলেছিল দীপ্ত।


হাতে সময় বেশি ছিল না। চটপট মিটিং। এডিটর ইন চিফ শাম্বদা রাজি হয়ে গেলেন।


অঞ্জন তখন বলেছিল, তবে আমার আরও একটা সাজেশন রয়েছে, দিয়া যদি একেবারে ক্রিসমাসের সময় না পৌঁছে কটা দিন আগে যায়। তাহলে ক্রিসমাসের জন্য ওদের যে প্রস্তুতি, সেটাও কভার করতে পারবে এবং সেটাও কিন্তু দারুণ স্টোরি হতে পারে।


শাম্ব সঙ্গে সঙ্গে রাজি। গুড আইডিয়া। দিয়া দিন দশ-বারো আগে চলে যাক। আগে ক্রিসমাসে গৌহাটি-শিলং-এর ওপর রোজ ছোটো ছোটো স্টোরি করে পাঠাক, মানে ওখানকার টুরিজম, কালচার ইত্যাদি নিয়ে, তারপর শেষে ক্রিসমাস কভার করে ফিরে আসবে। কিরে কী বলিস?


দিয়া ঘাড় কাত করে বলেছিল, নো প্রবলেম। তারপরেই ওর মনে পড়েছিল অরণ্যর কথা। অতদিন অরণ্যর সঙ্গে দেখা না করে থাকা…তারপর আবার ক্রিসমাসের সময়ও যদি দেখা না হয়, ছেলেটা মুখে কিছু না বললেও মনে খুব কষ্ট পাবে।


কী ভাবছিস? জিজ্ঞাসা করেছিল শাম্ব।


উঁ…ভাবছি আমার সঙ্গে তো একজন ফটোগ্রাফার লাগবে। আমার ফটো তোলার জ্ঞান তো তুমি জানো…


হুঁ তাও তো ঠিক, তাহলে কি পিন্টুকে বলব তোর সঙ্গে…


শাম্বর কথা শেষ না হওয়ার আগেই দিয়া বলেছিল আমার একটা সাজেশন রয়েছে, মানে জাস্ট সাজেশন আর কি একবার ভেবে দেখতে পারো।


আরে আগে সাজেশনটা তো বল।


ওই আসলে অরণ্য তো শখের ফটোগ্রাফিটা ভালোই করে দেখেছি, আর ক্যামেরাটাও দেখে বেশ জম্পেশ বলেই মনে হয়। বুঝেছ তো…মানে…


অঞ্জনদা ঠোঁট চেপে হেসে বলেছিল, সব বুঝছি বলে যা বলে যা।


এটুকুই বলার ছিল।


ও কে শোনো শাম্বদা, দিয়া মিত্র যেটা বলতে চাইছে তার স্পষ্ট অর্থ হলো সে এই টুরে তার বয়ফ্রেন্ড ফ্যান্টম অর্থাৎ অরণ্যদেবকে ছাড়া যেতে রাজি নয়। এবং সে একা গেলে কাজকর্ম ফেলে রাখার কিী হইল অন্তরে ব্যথা বলে বসে রইবে। সুতরাং কী করা উচিত এডিটর হিসেবে তুমিই সিদ্ধান্ত নাও।


শাম্বও হেসে বলেছিল সে তো বুঝলাম ফ্রিল্যান্স ফটোগ্রাফার আমরা পেয়ে যাচ্ছি কিন্তু বাকি ব্যবস্থা…


না না ওর যাতায়াত থাকা-খাওয়ার দায়িত্ব সব ওর, কোম্পানিকে বিয়ার করতে হবে না। ওটা ওর নিজের দায়িত্ব।


ও কে তাহলে কোনো ব্যাপার না। তবে শুধু অরণ্যর এয়ারফেয়ারটাই ওকে বিয়ার করতে হবে। বাকি ফুড অ্যান্ড লজিং তো আলাদা করার কোনো ব্যাপার নেই। ওই একসঙ্গেই বিল করে রাখবি। ম্যানেজ হয়ে যাবে।


থ্যাঙ্ক ইউ শাম্বদা।


তবে দেখিস শুধু প্রেম করে বেড়াস না, কাজের কথাও একটু মাথায় রাখিস। টিপ্পনী কেটেছিল অঞ্জন।


খালি বাজে কথা! অরণ্যর সঙ্গে আবার বেশ কিছুদিন একটানা একসঙ্গে থাকতে পারার আসন্ন সুযোগ দিয়াকে আনন্দে ভরিয়ে দিয়েছিল। মিটিং রুম থেকে বেরিয়েই অরণ্যকে ফোন, অ্যাই শোন একটা দারুণ খবর রয়েছে…


.


হাতে আর মাত্র কয়েকদিন সময় ছিল। তার মধ্যেই প্রস্তুতি। কোম্পানি থেকে দিয়ার অ্যাকাউন্টে বেশ কিছু টাকা অ্যাডভান্স দিয়ে দেওয়া হয়েছিল। সেখান থেকেই দুজনের গৌহাটি যাওয়ার ফ্লাইটের টিকিট কেটে নিয়েছিল দিয়া। অরণ্য বলেছিল আমার ফেয়ারটা আমাকে বিয়ার করতে দে প্লিজ।


সেই কথা শুনে দিয়া খটাং করে অরণ্যর মাথায় একটা গাঁট্টা হাঁকিয়ে বলেছে শাল

**********
No Review
Related Books
Loading books…