Home
অদ্ভুত প্রতিহিংসা – দীনেন্দ্রকুমার রায়

অদ্ভুত প্রতিহিংসা – দীনেন্দ্রকুমার রায়

রঞ্জিত চট্টোপাধ্যায়

অদ্ভুত প্রতিহিংসা – দীনেন্দ্রকুমার রায়

রঞ্জিত চট্টোপাধ্যায়
thriller

Change color

মিঃ এফ. ডবলু. গ্যালওয়ে এক সময়ে বিহারের কোন জিলার পুলিশ সুপারিন্টেণ্ডেন্টের পদে নিযুক্ত ছিলেন। সেই সময় তাঁহার এলাকাস্থিত কোন থানার ভারপ্রাপ্ত এক দারোগা একটি হত্যাকাণ্ডের তদন্তের ভার পাইয়াছিল। এই দারোগাটি হত্যাকাণ্ডের যে সকল প্রমাণ সংগ্রহ করিয়াছিল, তাহা এরূপ অকাট্য যে, সেই সকল প্রমাণে নির্ভর করিয়া জজ ও জুরীরা আসামীর প্রাণদণ্ডের আদেশ দান করিতেন, এ বিষয়ে সন্দেহ ছিল না। কিন্তু মিঃ গ্যালওয়ে স্বয়ং এই হত্যাকাণ্ডের তদন্তভার গ্রহণ করিয়া যেভাবে প্রকৃত অপরাধীর অপরাধ প্রতিপন্ন করেন, তাহা গোয়েন্দাগিরিতে তাঁহার অসাধারণ দক্ষতার পরিচয়সূচক। মিঃ গ্যালওয়ে লন্ডনের কোন প্রসিদ্ধ মাসিক পত্রিকায় এই হত্যা-রহস্যভেদের যে বিবরণ লিপিবদ্ধ করিয়াছেন, পাঠকগণের মনোরঞ্জনের জন্য তাহার অনুবাদ প্রকাশিত হইল। বিবরণে মিঃ গ্যালওয়ে নিজের ও জনগণের নাম পরিবর্তন করিয়াছেন বটে, কিন্তু তিনি লিখিয়াছেন, ঘটনার প্রত্যেক বিবরণ সম্পূর্ণ সত্য, এবং তাঁহার কোন কথা অতিরঞ্জিতও নহে। এই বিবরণে তিনি থানার ভারপ্রাপ্ত দারোগাকে মহম্মদ আলি এবং তাহার উপরওয়ালা পুলিশ সুপারিন্টেণ্ডেন্টকে (অর্থাৎ নিজেকে) মিঃ রেনল্ডস্ নামে অভিহিত করিয়াছেন। মিঃ গ্যালওয়ে লিখিয়াছেন, রামপ্রসাদ নামক একটি লোক কোন গ্রামে বাস করিত। লোকটি বৃদ্ধ, এবং তাহার জীবন শান্তিতেই অতিবাহিত হইতেছিল। তাহার জীবনে কোন বৈচিত্র্য ছিল না, এবং তাহার কোন কার্যে কোন দিন গ্রামবাসীদের মনোযোগও আকৃষ্ট হয় নাই; কিন্তু বৃদ্ধ বয়সে সে হঠাৎ নিহত হওয়ায় তাহার হত্যাকাণ্ডে গ্রামে তুমুল আন্দোলন আরম্ভ হইল।


এই সময় গ্রামস্থ থানার কার্যভার যে দারোগার হস্তে ন্যস্ত ছিল, ধরিয়া লউন—তাহার নাম মহম্মদ আলি। সে তরুণ যুবক; কর্তব্যনিষ্ঠ দারোগা বলিয়া তাহার সুনাম থাকিলেও পুলিশের জটিল কার্যে তাহার তেমন অভিজ্ঞতা ছিল না। যে সকল কর্মচারী পুলিশ বিভাগের নিম্নতর পদে নিযুক্ত থাকিয়া যোগ্যতাবলে দারোগার পদে উন্নীত হয়, মহম্মদ আলি সেই শ্রেণীর কর্মচারী ছিল না; সে পুলিশ-ট্রেনিং স্কুলে শিক্ষালাভ করিয়া একেবারেই পুলিশের সাব-ইন্সপেক্টরের পদে নিযুক্ত হইয়াছিল। এ জন্য পুলিশের কার্য-প্রণালী তাহার জানা থাকিলেও কেতাবী-বিদ্যার বাহিরে হাতে-কলমে যে শিক্ষার প্রয়োজন, তাহা সে আয়ত্ত করিতে পারে নাই, এবং মনুষ্যচরিত্র অধ্যয়নের সুযোগও সে লাভ করিতে পারে নাই। এইজন্য তাহার অধীনস্থ কর্মচারীরা অনেক সময় নিজের খেয়ালেই চলিত, এবং তাহাকে যাহা বুঝাইয়া দিত, সে তাহার ত্রুটি ধরিতে পারিত না।


মহম্মদ আলি হাতে-কলমে কাজ করিতে গিয়া দেখিল—অপরাধীদের গ্রেপ্তার করা বড় কঠিন ব্যাপার, এজন্য পদে পদে তাহার চেষ্টা বিফল হইত; এবং এই ভাবে সে অকৃতকার্য হওয়ায় তাহার এলাকায় অপরাধের সংখ্যা ক্রমশ বাড়িয়া গেল। ইহাতে সে নিরুৎসাহ হইলেও কিছুদিন পরে তাহার হাতে এরূপ একটি ‘কে’ আসিল, যাহার তদন্ত-কার্যে সে দক্ষতার পরিচয় দিতে পারিবে বলিয়াই আশা করিল, এবং উৎসাহের সহিত তদন্ত-কার্যে প্রবৃত্ত হইল।


একদিন প্রভাতে গ্রাম্য চৌকিদার থানায় আসিয়া দারোগা মহম্মদ আলিকে সংবাদ দিল—রামপ্রসাদ নামক একজন লোকের মৃতদেহ একটি কূপের ভিতর পড়িয়া থাকিতে দেখা গিয়াছে। সেই ব্যক্তি কুপে লাফাইয়া পড়িয়া আত্মহত্যা করে নাই—ইহার প্রমাণ এই যে, তাহার মৃতদেহে আঘাত-চিহ্ন দেখিতে পাওয়া গিয়াছে। সে কূপের ভিতর কয়েক দিন পড়িয়াছিল; কিন্তু সৌভাগ্যক্রমে কূপটি গ্রাম হইতে কিছু দূরে থাকায় গ্রামের লোকজনকে প্রায়ই সেই কূপের জল ব্যবহার করিতে হইত না।


এই সংবাদ পাইয়া মহম্মদ আলি অবিলম্বে তদন্ত আরম্ভ করিল। তাহার পর সন্ধান করিতে করিতে সে যে সূত্র আবিষ্কার করিল, তাহা হইতে তাহার সন্দেহ হইল, সেই গ্রামেরই কোন লোক, বৃদ্ধকে হত্যা করিয়াছিল। পুলিশের কার্যে মহম্মদ আলিরও গুপ্তচর ছিল। সেই গুপ্তচরের নিকট সে জানিতে পারিল—রামপ্রসাদের পরিবারবর্গের সহিত গ্রাম্যস্থ আর একজন লোকের দীর্ঘকাল হইতে প্রবল বিরোধ চলিতেছিল— তাহার নাম ইমামবক্স।


সকল অবস্থা লক্ষ্য করিয়া ইমামবক্স সম্বন্ধে দারোগার সন্দেহ দৃঢ়মূল হইল। একজন গ্রামবাসী স্বতঃপ্রবৃত্ত হইয়া সংবাদ দিল—প্রায় দুই সপ্তাহ পূর্বে দুইজন অপরিচিত ব্যক্তিকে ইমামবক্সের ঘরে দেখিতে পাওয়া গিয়াছিল। আর একজন গ্রামবাসী দারোগার সঙ্গে দেখা করিয়া বলিল—সে একদিন রাত্রিকালে তাহার শস্যক্ষেত্র হইতে বুনো শুয়োর তাড়াইবার জন্য মাঠে যাইবার সময় দেখিতে পায়—তিনজন লোক ইমামবক্সের বাড়ির কাছে ঘুরিয়া বেড়াইতেছিল; সেই তিনজনের একজন যে স্বয়ং ইমামবক্স—ইহা সে হলপ করিয়া বলিতে পারে।


গ্রাম্য চৌকিদার যে অত্যন্ত কর্তব্যনিষ্ঠ, রাত্রিকালে সে না ঘুমাইয়া সারা রাত্রি গ্রামের ভিতর চৌকি দিয়া বেড়ায়, ইহা প্রতিপন্ন করিবার জন্য সে দারোগাকে জানাইল—সে পাহারায় বাহির হইয়া সেই তিনজন লোককেই দেখিতে পাইয়াছিল; কিন্তু রাত্রির অন্ধকারে তাহারা মিশিয়া যাওয়ায়, সে দীর্ঘকাল তাহাদের উপর নজর রাখিতে পারে নাই। বিশেষত, তখন পর্যন্ত কাহাকেও সন্দেহ করিবার কারণ না থাকায়, সে তাহাদিগকে চিনিবার চেষ্টা করে নাই; তবে এখন তাহার মনে হইতেছে—তাহাদের একজনকে সে খোঁড়াইতে দেখিয়াছিল; কিন্তু সে কে, তাহা কিরূপে বলিবে? ইমামবক্স খোঁড়া ছিল—ইহা সকলেই জানিত।


চৌকিদারের কথা শুনিয়া চূড়ান্ত সিদ্ধান্ত করিবার উপায় ছিল না, কিন্তু মহম্মদ আলি বুঝিতে পারিল—চৌকিদারের এই বিবৃতি তাহার সিদ্ধান্তের অনুকূল। এইজন্য সে কর্তবানুরোধে ইমামবক্সের ঘর খানাতল্লাস করিল। অবশেষে সে ইমামবক্সের গোশালায় প্রবেশ করিয়া চালের দিকে চাহিতেই ‘চালের বাতায়’ একখানি লাঠি পাইল। লাঠিখানা রক্ত-মাখা! লাঠিখানি বেশ ভারী, এবং তাহা কাষ্ঠনির্মিত, তাহার মাথা পিত্তলমণ্ডিত।


এই লাঠি পাওয়ায় দারোগার ধারণা হইল—ইমামবক্সই প্রকৃত অপরাধী; কারণ, গ্রামের পাঁচ-ছয়জন লোক সেই লাঠি দেখিয়া সনাক্ত করিল–উহা ইমামবক্সেরই লাঠি বটে। তাহারা সকলেই জানিত, সেই লাঠি ইমামবক্সের ভ্রমণের সঙ্গী। দারোগা এবার ইমামবক্সের অপরাধ সম্বন্ধে নিঃসন্দেহ হইয়া, তাহাকে গ্রেপ্তার করিয়া সদরে চালান দিল। মহম্মদ আলি শোণিতরঞ্জিত লাঠিখানা কাগজ দ্বারা মুড়িয়া সেইসঙ্গে সদরে পাঠাইয়া তাহার উপরওয়ালাকে অনুরোধ করিল—লাঠিখানাতে যদি অঙ্গুলি-চিহ্ন থাকে, তবে অঙ্গুলি-চিহ্নের বিশেষজ্ঞ যেন তাহা পরীক্ষা করেন; এবং তাহাতে যে রক্ত লাগিয়াছিল, তাহা যেন রাসায়নিক পরীক্ষাগারের রসায়নবিৎ দ্বারা পরীক্ষার ব্যবস্থা করা হয়। —এই সকল কাজ শেষ করিয়া মহম্মদ আলি ঘটনার পরিণতির জন্য প্রতীক্ষা করিতে লাগিল। তাহার তদন্তকার্য যে সম্পূর্ণ নিখুঁত হইয়াছিল, এবং ইমামবক্সের নিষ্কৃতিলাভের কোনও উপায় ছিল না, এ বিষয়ে সে নিঃসন্দেহ হইল।


যথাসময়ে রামপ্রসাদের শব-ব্যবচ্ছেদের রিপোর্ট মহম্মদ আলির হস্তগত হইল। সেই রিপোর্ট পাঠে সে জানিত পারিল—কোন ভারী ভোঁতা অস্ত্রের আঘাতে তাহার মৃত্যু হইয়াছিল। লাঠিতে যে অঙ্গুলি চিহ্ন আবিষ্কৃত হইল, তাহা ইমামবক্সেরই অঙ্গুলি-চিহ্ন! সুতরাং ইমামবক্স যে-জালে জড়াইয়া পড়িয়াছে, তাহা হইতে তাহার মুক্তিলাভের কোন সম্ভাবনা রহিল না। গ্রামের জনসাধারণ দারোগার সহিত একমত হইয়া বলিয়া বেড়াইতে লাগিল—দায়রার বিচারে কি ফল হইবে বিচারের পূর্বেই তাহা বুঝিতে পারা গিয়াছে। ইমামবক্সের ফাঁসি হইবে—এ বিষয়ে কাহারও সন্দেহ রহিল না।


এত বড় একটা খুনের ‘কিনারা’ করিয়া ফেলিয়াছে ভাবিয়া সাব-ইন্সপেক্টর মহম্মদ আলির আনন্দের সীমা রহিল না; এই ভাবে আর দুই-একটা হত্যাকাণ্ডের অপরাধীকে ধরিয়া দিতে পারিলে তাহার প্রমোশন অপরিহার্য, এ বিষয়েও তাহার সন্দেহ রহিল না। আর কয়েক বৎসর এইরূপ কৃতিত্ব দেখাইতে পারিলে সে বহু ‘সিনিয়র দারোগাকে অতিক্রম করিয়া ইন্সপেক্টর, এবং ইন্সপেক্টর হইতে পুলিশের ডেপুটী সুপারিন্টেন্ডেন্ট হইবে।


সে মনের সুখে আকাশে কেল্লা নির্মাণ করিতে লাগিল। সে ইংরেজী ভাষা ভাল জানিত না; কিন্তু এত বড় একটা তদন্ত ব্যাপারে সে পুলিশের কর্তৃপক্ষকে তাহার ইংরেজী বিদ্যার দক্ষতায় চমৎকৃত করিবার জন্য তাহার মাতৃ-ভাষার পরিবর্তে ইংরেজী ভাষায় কেস-ডায়েরী লিখিয়া সদর-অফিসে পাঠাইয়া দিল।


জিলা পুলিশের সুপারিন্টেন্ডেন্ট মিঃ রেনল্ডস্ তাঁহার সদর অফিসে ইমামবক্সের বিরুদ্ধে আরোপিত অভিযোগ সম্বন্ধে গভীর চিন্তায় রত ছিলেন। তাহার বিরুদ্ধে যে সকল প্রমাণ সংগৃহীত হইয়াছিল, সেই সকল প্রমাণ সম্বন্ধে আলোচনা করিতে করিতে তাঁহার মুখ গম্ভীর ও ভ্রূ কুঞ্চিত হইল। তিনি সাব-ইন্সপেক্টর মহম্মদ আলি-প্রেরিত রিপোর্ট পুনর্বার পাঠ করিয়া, তাঁহার তামাকের পাইপটা মুখ হইতে টেবলের উপর নামাইয়া রাখিলেন এবং সাব-ইন্সপেক্টরকে লক্ষ্য করিয়া ‘মুর্খ’ বলিয়া হুঙ্কার দিলেন।


পুলিশ-সুপারিন্টেন্ডেন্ট মিঃ রেনল্ডস্ যে বৃহৎ জিলার শান্তিরক্ষার ভার পাইয়াছিলেন, সেই জিলায় খুন-জখম নিত্যই লাগিয়া থাকিত। অপরাধী সন্দেহে যাহাদিগকে গ্রেপ্তার করা হইত, তিনি তাহাদিগকে বিচারার্থ চালান দিয়াই কর্তব্য শেষ করিতেন। আলোচ্য হত্যাকাণ্ডের তদন্ত সম্বন্ধে তিনি যে সকল কাগজপত্র পাইয়াছিলেন, তাহা পাঠ করিয়া তাঁহার কেরানীকে ফেরত দিলেন বটে, কিন্তু তৎসম্বন্ধে কি আদেশ দিবেন, তাহাই ভাবিতে লাগিলেন। ইমামবক্সের বিরুদ্ধে যে সকল প্রমাণ সংগৃহীত হইয়াছিল—তাহা তাহার কিরূপ প্রতিকূল, ইহা তাঁহার বুঝিতে বিলম্ব হয় নাই। কিন্তু কিছুকাল চিন্তা করিয়া তাঁহার ধারণা হইল—এই সকল অকাট্য প্রমাণের অন্তরালে যে গভীর রহস্য সংগুপ্ত আছে—দারোগা মহম্মদ আলি তাঁহার মর্ম বুঝিতে পারে নাই; সংগৃহীত প্রমাণগুলির উপর নির্ভর করিয়া সে ইমামবক্সকেই বৃদ্ধ রামপ্রসাদের হত্যাকারী বলিয়া সিদ্ধান্ত করিয়াছে।


এই চিন্তার পর মিঃ রেনল্ডস্‌ সমগ্র ফাইলটি পুনঃগ্ৰহণ করিয়া তাহার আদ্যোপান্ত অত্যন্ত সতর্ক ভাবে আর একবার পাঠ করিলেন, এবং আসামীর বিরুদ্ধে আরোপিত প্রমাণগুলি কি ভাবে সংগ্রহীত হইয়াছিল, তাহা মনে মনে আলোচনা করিলেন। তাঁহার ধারণা হইল—সাব-ইন্সপেক্টর এই সকল প্রমাণে নির্ভর করিয়া প্রতারিত হইয়াছে; প্রকৃত রহস্যভেদ করিয়া সত্য নির্ণয় করা তাহার অসাধ্য হইয়াছিল।


মিঃ রেনল্ডস্‌ সাব-ইন্সপেক্টরের রিপোর্ট পুনর্বার পাঠ করিয়া তাঁহার কেরানীকে উত্তেজিত ভাবে বলিয়া উঠিলেন, ‘সাব-ইন্সপেক্টরকে লিখিয়া দাও—তাহার প্রেরিত রিপোর্টে তাহার নির্বুদ্ধিতারই পরিচয় পাওয়া গিয়াছে। সে ইংরেজীতে বিদ্যা না ফুলাইয়া ভবিষ্যতে তাহার রিপোর্ট যেন উর্দুতেই লিখিয়া পাঠায়। এই মামলা এক সপ্তাহের জন্য মুলতুবি রাখিতে আদালতকে অনুরোধ কর। ইতিমধ্যেই আমি অথবা ডেপুটি সুপারিন্টেণ্ডন্ট ঘটনাস্থলে উপস্থিত হইয়া সরেজমিনে তদন্ত করিব, এবং সাক্ষীগুলিকে পরীক্ষা করিব। আমি আজ অপরাহ্নের ক্লাবে যাইবার সময় জেলখানায় যাইব, এবং আসামী ইমামবক্স আত্মসমর্থনের জন্য কি বলিতে চাহে—তাহা শুনিয়া লইব।’


সুপারিন্টেণ্ডন্ট মিঃ রেনল্ডস্‌ নির্দিষ্ট সময়ে জেলখানায় প্রবেশ করিলেন। আসামী ইমামবক্স তখন জেলখানার একটি নিভৃত কক্ষে পা গুটাইয়া বসিয়াছিল। অপরাহ্নের সূর্যালোক একটি বাতায়নের ভিতর দিয়া সেই কক্ষে প্রবেশ করিতেছিল। তাহার বিরুদ্ধে সংগৃহীত প্রমাণসমূহের গুরুত্ব ইমামবক্সের অজ্ঞাত ছিল না; এই জন্যই সে জীবনের আশা ত্যাগ করিয়াছিল; ভাগ্যে যাহা আছে—ঘটিবে ভাবিয়া সে তখন সম্পূর্ণ নিশ্চেষ্ট।


এমন সময় পুলিশ-সুপারিন্টেন্ডেন্ট মিঃ রেনল্ডসের আদেশে কারাকক্ষের দ্বার উদ্‌ঘাটিত হইলে, ইমামবক্স উঠিয়া দাঁড়াইয়া দ্বারপ্রান্তে জেলারকে, এবং তাঁহার কিছুদূরে একজন সাহেবকে দণ্ডায়মান দেখিল। সে তাঁহাদের উভয়কে সেলাম করিলে মিঃ রেনল্ডস্ জেলারকে বলিলেন, ‘আমি কে, তাহা উহাকে জানান। আমি উহাকে বাহিরের আঙ্গিনায় লইয়া যাইতে চাই। সেখানে আমি উহার সহিত কোন কোন কথার আলোচনা করিব; অন্য কেহ তাহা শুনিতে না পায়—এইরূপই আমার ইচ্ছা। আমার নিকট কোন দেহরক্ষী থাকিবে না বটে, কিন্তু সেজন্য চিন্তার কোন কারণ নাই; আমার আত্মরক্ষার শক্তি আছে।’


ইমামবক্স পুলিশ সুপারিন্টেণ্ডেন্টকে স্বতঃপ্রবৃত্ত হইয়া কোন কথাই বলিল না; সে আত্মসমর্থ

**********
No Review
Related Books
Loading books…