
দারোগার দপ্তর ৩
প্রিয়নাথ মুখোপাধ্যায়
ভূমিকা
নিখিল সরকার অর্থাৎ লেখক শ্রীপান্থ একদিন আমাকে তাঁর বাড়িতে ডেকে পাঠালেন। গেলাম। বললেন, ‘শোনো, তুমি তো পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রন্থাগার নিয়ে কাজ করেছ, তুমি জানো ‘দারোগার দপ্তর’ ক’টি সংখ্যা বেরিয়েছিল?’ আমি বললাম, ‘শুনেছি ২০৬টি সংখ্যা।’ ধমক দিলেন। বললেন, ‘শোনা কথা নয়। তুমি ক’টা দেখেছ?’ আমি মাথা নিচু করে বলি, ‘একটাও দেখিনি।’
বেশ কিছুক্ষণ নীরবতা। স্নেহের সুরে বললেন, “তুমি যত লাইব্রেরি ঘুরেছ, সেই লাইব্রেরির বই-এর ক্যাটালগ দেখে দেখে ‘দারোগার দপ্তর’-এর তালিকা তৈরি করো। সাজিয়ে ফেলো। ‘দারোগার দপ্তর’ আমরা ছাপব। কাজটা তুমি করবে। ‘দারোগার দপ্তর’ কপি করার ব্যবস্থা করো। এরপর যেদিন আসবে যেন কাজে অগ্রগতি দেখি।’
হয়ে গেল নির্দেশ। এই বই যে ছাপবে তার সঙ্গেও আলাপ হয়ে গেছে। ‘পুনশ্চ’-র সন্দীপ নায়ক। ততদিনে সন্দীপ আমার বন্ধু হয়ে গেছে। সন্দীপ জানাল, ‘তোমার কিছু অসুবিধা হলে আমাকে জানাবে।’ ব্যস্। একদিকে নিখিলদার নির্দেশ, অন্যদিকে সন্দীপের আন্তরিক সহযোগিতায় কাজ এগিয়ে চলল। মূলত চৈতন্য লাইব্রেরি ও হিরণ লাইব্রেরির দুষ্প্রাপ্য সংগ্রহ দেখার সুযোগ পেলাম। এ তো অমূল্য রত্ন। ‘দারোগার দপ্তর’। লেখকের নাম প্রিয়নাথ মুখোপাধ্যায়।
দুটি লাইব্রেরি মিলিয়ে একশোটি ‘দারোগার দপ্তর’ দেখলাম, পড়লাম। কিছু কপি করলাম। তারপর একদিন সন্ধ্যায় নিখিলদার বাড়িতে গিয়ে সব জানালাম। বললাম, ‘একশোটি দারোগার দপ্তর পাওয়া যাবে এই দুটি প্রাচীন পাঠাগারের সৌজন্যে।’ নিখিলদার খুব আনন্দ হল। উদ্ভাসিত হয়ে উঠল মুখ। বললেন, ‘একশোটাই ছাপব। তুমি পাণ্ডুলিপি তৈরি করো।’
কাজ শুরু হয়ে গেল। লাইব্রেরিতে যাই। যখনকার কথা বলছি, তখন লাইব্রেরি দুটি খুলত সন্ধ্যে ৭টা নাগাদ। আমি সব কাজ মিটিয়ে সন্ধ্যে ৬.৩০ নাগাদ লাইব্রেরির দরজায় দাঁড়িয়ে পড়তাম। কাঁটায় কাঁটায় ৭টায় হিরণ লাইব্রেরির গোপালদা ও চৈতন্য লাইব্রেরির বিশ্বনাথদা দরজা খুলতেন। আমি গিয়ে কাজ করতাম। নোট নিতাম। দারোগার দপ্তর কপি করতাম। একদিন যেতাম হিরণে, পরের দিন চৈতন্যয়। রবিবারের সকালটা লাইব্রেরি খোলা থাকায় ওই দিনটাও কাজে লাগাতাম।
এই দুটি গ্রন্থাগারের অকৃপণ সাহায্যে ধীরে ধীরে ‘দারোগার দপ্তর’-এর একশোটি সংখ্যার কপি ধীরে ধীরে এল। নিখিলদাকে দিলাম। নিখিলদা আমার সামনে সন্দীপকে ডেকে তার হাতে একশোটি ‘দারোগার দপ্তর’ তুলে দিলেন। বললেন, ‘দুখণ্ডে যাবে। পঞ্চাশটি করে দুটি খণ্ডে মোট একশোটি। সামনের বইমেলায় যেন বই বেরোয়।’
যে সময় আমি লাইব্রেরিতে বসে কাজ করছি, তখন ২০০০ সাল। বছর দুয়েক লাগল কাজটি করতে। তারপর ২০০৪-এর বইমেলায় পুনশ্চ প্রকাশিত দু’খণ্ড ‘দারোগার দপ্তর’ বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক সেমিনার মঞ্চে উদ্বোধন হল। সেই মঞ্চে তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার সুজয় চক্রবর্তী, বিশিষ্ট লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ ও বরেণ্য ঐতিহাসিক ড. বাসুদেব চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন। খবরের কাগজে, সাময়িক পত্রিকায় ‘দারোগার দপ্তর’ প্রকাশ অনুষ্ঠানের প্রচুর বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। সেই বিজ্ঞাপন দেখে অনুষ্ঠান মঞ্চে হাজির হয়েছিলেন বিশিষ্ট ঐতিহাসিক তপন রায়চৌধুরী ও প্রিয়নাথ মুখোপাধ্যায়ের সম্পর্কিত আত্মীয়া অনুরাধা মুখোপাধ্যায়। তপনবাবু ও অনুরাধা দেবী আসায় অনুষ্ঠানটি অন্য মাত্রা পেল। আমরা অতিথিদের ও চৈতন্য, হিরণ লাইব্রেরির কর্মকর্তাকে বই উপহার দিয়েছিলাম। সন্দীপ সম্পূর্ণ অনুষ্ঠানটির সুচারু নেতৃত্ব দিয়েছিল। ওই অনুষ্ঠানেই তপন রায়চৌধুরী জানিয়েছিলেন, তিনি প্রিয়নাথ মুখোপাধ্যায়ের পারিবারিক সূত্রে আত্মীয় হন।
‘দারোগার দপ্তর’প্রকাশ পেল। খুব জনপ্রিয়তা অর্জন করল। বিক্রিও হল দারুণ। দারোগার দপ্তর প্রকাশের পরদিন পুনশ্চর প্রকাশক সন্দীপ নায়ক তার গাড়িতে চাপিয়ে আমাকে নিয়ে উপস্থিত হল সল্টলেকে নিখিলদার বাড়িতে। সন্দীপ আর আমি নিখিলদার হাতে তুলে দিলাম তাঁর পরিকল্পিত স্বপ্নের বই ‘দারোগার দপ্তর’। নিখিলদা খুব আনন্দ পেলেন।
কিন্তু এই আনন্দ বেশিদিন স্থায়ী হল না। নিখিলদা অসুস্থ হলেন। দুরারোগ্য রোগের চিকিৎসা চলল। ১৭ আগস্ট ২০০৪ সালে আমাদের প্রিয় শ্রদ্ধেয় নিখিল সরকার পরপারে চলে গেলেন। নিখিলদার ইচ্ছা ছিল, দারোগার দপ্তর-এর সব কটি সংখ্যাই ধীরে ধীরে প্রকাশ পাক।
তারপর চলে গেছে ষোলোটি বসন্ত। আমাদেরও বয়স বেড়েছে। লাইব্রেরির কর্মকর্তাদেরও নিশ্চয় বদল ঘটেছে। হিরণ লাইব্রেরির গোপালদাও ইহলোকের মায়া ত্যাগ করেছেন।
এসে হাজির হয়েছে করোনা ভাইরাস। তার মারণ লীলা শুরু হয়েছে। ২০২০ সাল কোভিড-১৯ এর ঝোড়ো আক্রমণে শিক্ষা প্রতিষ্ঠান, পাঠাগার, অফিস, আদালত সব বন্ধ হয়ে গেল। কঠোর লকডাউন, কার্ফ, কন্টেন্টমেন্ট জোন ইত্যাদি শব্দের আড়ালে আমরা গৃহবন্দি।
এমনই একদিন গৃহবন্দি অবস্থায় রয়েছি, একটি অচেনা নম্বর থেকে ফোন এল। ফোনের ওপার জানান দিল, তাঁর নাম সোমনাথ দাশগুপ্ত। তিনি ‘দারোগার দপ্তর’-এর আরও বেশ কিছু সংখ্যা সংগ্রহ করেছেন। তিনি এই সংখ্যাগুলি ছাপাতে চান। আমাকেও সেই কর্মযজ্ঞে সামনে থাকতে বলেন। আমি রাজি হই।
সোমনাথ দাশগুপ্ত কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র। পেশাও ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত। অথচ দারোগার দপ্তরকে ভালোবেসে, প্রিয়নাথ মুখোপাধ্যায়ের ওপর পরম আগ্রহে তিনি ‘দারোগার দপ্তর’-এর আরও কিছু সংখ্যা জোগাড় করেছেন এবং সম্পূর্ণ’দারোগার দপ্তর’-এর তালিকা তৈরি করেছেন। খবরটা পাওয়া মাত্রই সন্দীপ নায়ককে জানালাম। ই-মেল মারফত দারোগার দপ্তরের বাকি সংখ্যা, যেগুলি আগের দুটি খণ্ডে প্রকাশ পায়নি, সোমনাথ পাঠিয়ে দিল সন্দীপের কাছে। তারপর করোনা মহামারির ভয়নক অবস্থা। প্রেসে লোক কম। তার মধ্যেই ধীরে ধীরে দারোগার দপ্তর কম্পোজ হয়। এবার পাঠকের মুখোমুখি আসার প্রস্তুতি।
.
তৃতীয় খণ্ড ‘দারোগার দপ্তর’ শুরু হচ্ছে ‘বেওয়ারিশ লাস’ দিয়ে। এই আখ্যানটি সম্পর্কে লেখা আছে ‘অর্থাৎ পথ-পার্শ্বস্থ পুলিন্দার ভিতরে প্রাপ্ত লাসের অদ্ভুত রহস্য!’ শ্রীপ্রিয়নাথ মুখোপাধ্যায় প্রণীত ‘দারোগার দপ্তর’-এর ৭৩তম সংখ্যা হল ‘বেওয়ারিশ লাস’। কিছু ক্ষেত্রে প্রিয়নাথ মূল কাহিনীকে চুম্বকের মতো কয়েকটি শব্দে ধরে দিতেন। যেমন এই সংখ্যাটিতে হয়েছে। সিকদার বাগান বান্ধব পুস্তকালয় ও সাধারণ পাঠাগার হইতে শ্রীবাণীনাথ নন্দী কর্তৃক প্রকাশিত ১৩০৫ বঙ্গাব্দের বৈশাখ মাসের সংখ্যাটিই ‘বেওয়ারিশ লাস’। মুদ্রণের স্থান গ্রেট টাউন প্রেস, ৬৮ নিমতলা স্ট্রিট, কলকাতা। মুদ্রকের নাম শশিভূষণ চন্দ্র।
এই সংখ্যায় ‘প্রকাশকের মন্তব্য’ রয়েছে। কিছুটা উদ্ধার করি। আজ ‘দারোগার দপ্তর’ সপ্তম বৎসরে পদার্পণ করিল। এদেশে সাময়িকপত্র নিয়মিত রূপে এত অধিক দিন একাদিক্রমে প্রচলিত থাকা বড় অনেকের ঘটে না; সুতরাং ইহা গৌরবের কথা, তাহার আর সন্দেহ নাই। গ্রাহকগণের উপরেই সাময়িক পত্রের জীবন ও উন্নতি নির্ভর করে। আমাদের সেইরূপ অনুগ্রাহক গ্রাহক, যথেষ্ট আছেন বলিয়া, আজ আমরা গৌরবান্বিত হইতেছি। আজ তাই এই আনন্দের দিনে নূতন বর্ষারম্ভে সেই সকল গ্রাহকের নিকট আন্তরিক কৃতজ্ঞতা জানাইতে আসিয়াছি। তাঁহাদের এইরূপ অনুগ্রহ ও সাহায্য পাইলে অন্ততঃ আমাদের জীবনকাল পর্যন্ত এই দারোগার দপ্তরের অস্তিত্ব থাকিবে।’
প্রকাশক জানাচ্ছেন, দারোগার দপ্তর সাময়িক পত্রিকা। এই পত্রিকার গ্রাহকও আছেন যথেষ্ট। আর এমন অনুগ্রহ ও সাহায্য পেলে দারোগার দপ্তর দীর্ঘায়ু হবে এমন আশা স্বভাবতই প্রকাশক মশাই করেছেন।
প্রকাশক জানাচ্ছেন, ‘কেহ কেহ এইরূপ বলিয়া থাকেন যে, এই দারোগার দপ্তরের দ্বারা জুয়াচোর, বদমায়েসদিগের নূতন জুয়াচুরি বৃদ্ধির পথ প্রদর্শন করা হয়। কিন্তু জানি না, ইহা দ্বারা জুয়াচোরগণ সাহায্য প্রাপ্ত হয়, কিম্বা সাধারণ লোকে সেই জুয়াচোরগণ কৃত কার্য্যের বিপক্ষে বাধা দিবার জন্য উপায় শিক্ষাপ্রাপ্ত হয়। কারণ, আমরা কল্পনার অতিরঞ্জিত কোন চিত্র এই পুস্তকে দিই না; যাহা বাস্তবিক ঘটনা, এ দেশীয় জুয়াচুরি বুদ্ধির আয়ত্তাধীন, তাহাই ইহাতে লেখা হইয়া থাকে। তাহার পর সামান্য জুয়াচোর, বদমায়েস লোক পুস্তক পাঠ করে না; শিক্ষিত জুয়াচোরগণ পুস্তক পাঠ করে বটে, কিন্তু এরূপ পুস্তক দ্বারা তাহাদের বৃদ্ধি-বৃত্তির বিশেষ সাহায্য হইয়া থাকে, তাহা যদি মানিয়া লওয়া হয়, তবে আমাদের দারোগার দপ্তর অপেক্ষা ভয়ানক ঘটনা পূর্ণ বিলাতী ডিটেকটিভ গল্প পুস্তক হইতে তাহারা অনেক অধিক সাহায্য পাইতে পারে।’
শ্রী বাণীনাথ নন্দী, ‘দারোদার দপ্তর’-এর প্রকাশক বলছেন, প্রশ্ন তুলছেন। …..যখন কল্পনার অতিরঞ্জিত ঘটনা-পূর্ণ নভেলাদি পড়িয়া এ দেশীয় স্ত্রী-বালকগণ বিকৃত-বুদ্ধি ও বিজাতীয় প্রকৃতি প্রাপ্ত হয়, তখন ত কেহ কোন কথা কহেন না, সেরূপ নভেলাদি সম্বন্ধে এইরূপ মন্তব্য প্রকাশ করেন না! ইহার কারণ কি, কেহ কি বলিতে পারেন?’
‘দারোগার দপ্তর’সাহিত্যের কোন ধারায় পড়ে? বাণীনাথ নন্দী সে কথাও তাঁর মতো করে বুঝিয়েছেন। লিখছেন, ‘দারোগার দপ্তর’ একবারে সম্পূর্ণ রূপ নূতন ধরণের পুস্তক। এরূপ পুস্তক ইতিপূর্বে বাঙ্গালা ভাষায় প্রচারিত হয় নাই। সুতরাং ইহা কোন্ শ্রেণীর পুস্তক, ইহা ‘কাব্য বা উপন্যাস’ তাহা অনেকে ঠিক করিতে পারেন না। তবে ইহা গল্প ধরণে লেখা হইলেও, ইহাকে কাল্পনিক ঘটনা-পূর্ণ উপন্যাস বলা যাইতে পারে না।’ প্রকাশক নিজেই সংশয়ে আছেন দারোগার দপ্তরের লেখক ‘উপন্যাসিক’ পদ-বাচ্য কিভাবে হবেন, তা বলতে পারছেন না। অথচ কোন লেখক যখন দারোগার দপ্তরের লেখককে ‘কবি-উপন্যাসিক’ বলে বিদ্রূপ বাণ বর্ষণ করেন, তখন প্রকাশকমশাই এর কারণ বুঝতে পারেন না। অথচ অনেক সমালোচক দারোগার দপ্তরের ঘটনা সমাবেশের বৈচিত্র্য ও পুস্তক-গত ভাষা সম্বন্ধে প্রশংসা করেছেন একথা জানাতে তাঁর আনন্দ হয়।
বাণীনাথ নন্দী একটি গুরুতর কথার অবতারণা করেছেন। তাঁর বক্তব্য, ‘গত বৎসর বৈশাখ মাসে দারোগার দপ্তরে’মাংসভোজন’ নামে যে পুস্তকখানি বাহির হইয়াছিল, সেই সম্বন্ধে ‘পূর্ণিমা’ পত্রিকায় শ্রদ্ধাস্পদ বাবু অক্ষয়চন্দ্র সরকার মহাশয় আমাকে সমাজ-দ্রোহী বলিয়া প্রচার করিতে প্রস্তুত হইয়াছেন। তবে যদি মাংস ভোজন পুস্তকের ঘটনার যথার্থ নাম ধামাদি এবং কার্য্যকলাপ যথার্থ বলিয়া অক্ষয়বাবুর নিকট প্রমাণ করিয়া দিতে পারি, তবে আমার উক্ত কলঙ্কের স্খালন হইবে।’ বাণীনাথ নন্দীর অত্যন্ত সম্মানে লেগেছিল ‘সমাজ-দ্রোহী’ শব্দটি। তাই তিনি প্রশ্ন করেন, ‘কিন্তু বিজ্ঞ, ভূতপূর্ব ‘সাধারণী’ পত্রের উপযুক্ত সম্পাদক মহাশয়কে জিজ্ঞাসা করি যে, আমরা যে সকল সমাজ-কালিমার প্রচার করি, সেই কালিমার প্রকৃত নিয়োক্তার নাম ধাম প্রভৃতি প্রকাশ করা কি আমাদের কর্তব্য?”
প্রকাশক এই কথা বলেই থামেননি। যেন ঘটনাপ্রবাহকে আরও স্পষ্ট করে দিচ্ছেন। ‘বিশেষতঃ উক্ত ঘটনার নায়ক, একজন সম্ভ্রান্ত উচ্চপদস্থ ব্যক্তি (বোধ হয় (!) মুন্সেফ)। আর অক্ষয়বাবু যে সময় সংবাদপত্র পরিচালন করিতেন, বোধহয়, উক্ত ঘটনা সেই সময়ে বাঙ্গালাদেশের মধ্যেই ঘটিয়াছিল। (অবশ্য কলিকাতার লোকে যে স্থানকে ‘বাঙ্গাল’ দেশ বলিয়া থাকেন।) অতএব অক্ষয়বাবুর পক্ষে উক্ত ঘটনাকে কাল্পনিক বলিয়া ধারণা করা কি বিজ্ঞতার কার্য্য হইয়াছে? অপর লোক হইলে আমরা এ বিষয়ে কিছুমাত্র উল্লেখই করিতাম না।’ বোঝা যাচ্ছে, অক্ষয়চন্দ্র সরকারের মন্তব্য বাণীনাথ নন্দী ভালো চোখে নেন নি। আর দারোগার দপ্তরের পক্ষ অবলম্বন করে নিজেদের বক্তব্য রাখতে দ্বিধা করেননি। শেষে কারুণিক ভগবানের কাছে প্রার্থনা করেছেন যেন তাঁর অনুকম্পায় পূর্ব পূর্ব বৎসরের মতো সেই বছরেও গ্রাহক সংখ্যা বৃদ্ধি হয়। দারোগার দপ্তর আরও উন্নতির পথে অগ্রসর হয়।
‘দারোগার দপ্তর’-এর ৭৪, ৭৫, ৭৬ সংখ্যা জুড়ে রয়েছে ‘ঘর-পোড়া লোক’। যার আর এক ব্যাখ্যা ‘অর্থাৎ পুলিসের অসৎ বুদ্ধির চরম দৃষ্টান্ত!’ ১৩০৫ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ মাস তিন মাস ধরে ‘ঘর-পোড়া লোক’ প্রকাশিত হয়েছিল। প্রকাশক বাণীনাথ নন্দী। মুদ্রণের কাজ করেছিল গ্রেট টাউন প্রেস। ৭৭ তম সংখ্যা ‘দারোগার দপ্তর’-এর বিষয় ‘দুইটী জুয়াচুরি’ বা ‘অর্থাৎ কলিকাতার ভিতর নিত্য নিত্য যে সকল জুয়াচুরি হইতেছে, তাহার দুইটী দৃষ্টান্ত!’ সন ১৩০৫, ভাদ্র মাস।
১৩০৫ বঙ্গাব্দ অর্থাৎ ‘দারোগার দপ্তর’-এর সপ্তম বর্ষ চলছে। ৭৯ তম সংখ্যা ‘ছেলে-ভুল’ বা ‘অর্থাৎ অপহৃত বালক উদ্ধারে