
হেডমাস্টার
নরেন্দ্রনাথ মিত্র
টাইপ করা কতকগুলি জরুরি চিঠিপত্রে নাম স্বাক্ষর করছিলাম। টাইপিস্ট পরেশবাবু নিজে এসে সামনে দাঁড়িয়ে রয়েছেন, আজই চিঠিগুলি ডাকে পাঠাতে হবে। সই করতে করতে একটু ধমকও দিলাম পরেশবাবুকে, ‘একেবারে ছুটির সময় নিয়ে এলেন, এক্ষুনি উঠব ভাবছিলাম।’
পরেশবাবু বোধ হয় তাঁর সহকারীর ঘাড়ে দোষটা চাপাতে যাচ্ছিলেন, বেয়ারা নিতাই এসে সামনে দাঁড়াল।
বিরক্ত হয়ে বললাম, ‘তোমার আবার কি?’
নিতাই বলল, ‘আরো একজন ভদ্রলোকে আপনার সঙ্গে দেখা করতে চান, স্লিপ দিয়েছেন।’
একবার তাকিয়ে দেখলাম, অফিসেরই ছোট্ট ভিজিটিং স্লিপ। পেন্সিলে লেখা দর্শনপ্রার্থীর নাম কৃষ্ণপ্রসন্ন সরকার। দেখা করতে চান নিরুপম নন্দীর সঙ্গে। উদ্দেশ্যটা উহ্য। হয়ত গুহ্য বলেই। নাম দেখে কারো মুখ মনে পড়ল না। ভ্রু কুঞ্চিত করে বেয়ারাকে বললাম, ‘বল বসতে হবে। ব্যস্ত আছি।’ চিঠিগুলিতে নাম স্বাক্ষর শেষ করতে না করতে ক্লিয়ারিং ডিপার্টমেন্টের বেয়ারা শীতল আর একগাদা চেক এনে হাজির করল। চেকগুলির উল্টো পিঠে ব্যাঙ্কের অ্যাকাউন্ট্যাণ্টের সই চাই।
চটে উঠে বললাম, ‘নিয়ে যাও। এখন সই হবে না।’
বেয়ারা চেকগুলি ফিরিয়ে নিয়ে যেতে ক্লিয়ারিং-এর ইনচার্জ পরিমলবাবু নিজেই সেগুলিকে ফের বয়ে নিয়ে এলেন, ‘সব ঠিক করে রেখেছি। শুধু আপনার সইটাই বাকি। কাল শনিবার। এসেই তাড়াতাড়ি হাউসে পাঠাতে হবে।’
বললাম, ‘তা জানি, একটু আগে পাঠালেই পারতেন। এর পর থেকে কোন কাগজপত্রে দুটোর পর আমি আর সই করব না।’
পরিমলবাবু মুখ কালো করে বললেন, ‘অমনিতেই আমার ডিপার্টমেন্টে একজন লোকে শর্ট আছে। তারপর বিনয়বাবু আজ আসেননি। সব ঠিকঠাক করে আনতে দেরি হয়ে গেল। এখন শুধু আপনার সইটা হলেই হয়ে যায়।’
শুধু সই, ভাবখানা এই, আমরা এত পরিশ্রম করেছি, আর আপনি শুধু সইটা করতে পারবেন না! সংক্ষেপে কেবল নিজের নামটুকু স্বাক্ষর করতে এত কষ্ট বোধ করছেন আপনি। কিন্তু সই করাটা যে সব সময় সহজ এবং প্রীতিপ্রদ নয় সে ধারণা এদের নেই।
মনে পড়ল ছেলেবেলায় নাম স্বাক্ষর করতে শিখে যেখানে-সেখানে দেয়ালে-কপাটে, বাবার নতুন পঞ্জিকায়, পুরনো দলিলে, নিরুপম নন্দীকে অমর করে রাখবার কি চেষ্টাই না করেছি। কিন্তু ঠেকে ঠেকে এখন শিক্ষা হয়ে গেছে। যত্রতত্র নাম স্বাক্ষর করতে আজকাল সহজে স্বীকৃত হই না। অনেক কুণ্ঠা, অনেক কার্পণ্য প্রকাশ করি। তা সত্ত্বেও অফিসের রাশি রাশি কাগজপত্রে নিত্যই যখন নাম স্বাক্ষর করতে হয়, তখন আর নামটাকে নিজের নাম বলে মনে হয় না, এমনকি অক্ষরপরিচয়ের ওপর ঘৃণা জন্মে যায়।
স্বাক্ষর-পর্ব শেষ করে উঠে দাঁড়িয়েছিলাম, হঠাৎ টেবিলের ওপর সেই চিরকুটটি চোখে পড়ল। কৃষ্ণপ্রসন্ন সরকার। জ্বালাতন করে ছাড়লে। বেয়ারাকে ডেকে বললাম, ‘কে একজন ভদ্রলোক বসে আছেন বাইরে। আসতে বল।’
একটু পরেই ভদ্রলোক আমার চেম্বারের কাটা দরজা ঠেলে ভিতরে ঢুকলেন। তাঁকে দেখবার সঙ্গে সঙ্গে আমি উঠে দাঁড়ালাম, ‘একি মাস্টারমশাই, আপনি!’
আমাদের সাগরপুর এম ই স্কুলের হেডমাস্টার।
মাস্টারমশাই ততক্ষণ আমার সামনের চেয়ারটায় বসে বললেন, ‘বসো, কয়েকদিন ধরেই আসব আসব ভেবেছিলাম। শেষ পর্যন্ত এসে পড়লাম।’
ছেলেবেলার শিক্ষক। জোড় হাতে নমস্কার চলে না। পায়ে হাতে প্রণামই বিধেয়। কিন্তু ইউরোপীয় পোশাকে, প্রণামের প্রাচ্য পদ্ধতির অনুসরণ অশোভন না হোক, অসুবিধাজনক। তবু একটু ইতস্তত করে শেষ পর্যন্ত উঠে দাঁড়ালাম। তারপর এগিয়ে এসে নিচু হয়ে মাস্টারমশাইর পামশু ঢাকা পায়ে দুটো আঙুল ছোঁয়ালাম। আঙুলে অবশ্য ধুলো লাগল না কিন্তু মনে হলো, নতুন কেনা টাইয়ের আগাটা মেঝের ধুলোয় মাখামাখি হয়ে গেছে।
সত্যিই পায়ের ধুলো নিই কি না দেখবার জন্য মাস্টারমশাইও এতক্ষণ অপেক্ষা করে ছিলেন। এবার নিঃসংশয় হয়ে হাত ধরে বসিয়ে বললেন, ‘থাক থাক, সিটে বস গিয়ে। ভাল তো সব?’ নিশ্চিন্ত হয়ে আত্মপ্রসাদে এবার একটু হাসলেন মাস্টারমশাই। আর আমি অবাক হয়ে দেখলাম সামনের দুটো দাঁত মাস্টারমশাইর পড়ে গেছে। মনে পড়ল দাঁতের ওপর ভারি যত্ন ছিল মাস্টারমশাইর। নিমের ডাল ভেঙে রোজ সকালে দাঁত মাজতেন। লবঙ্গ, হরীতকী ছাড়া কোন দিন পান খেতে তাঁকে দেখিনি। স্বাস্থ্যবিজ্ঞানের দাঁতের অধ্যায়টা একেবারে লাইন বাই লাইন মেনে চলতেন মাস্টারমশাই। তবু দন্তপঙ্ক্তিতে ভাঙন ধরেছে।
ফিরে গিয়ে নিজের চেয়ারে বসে বললাম, ‘দুটো দাঁত পড়ে গেছে দেখছি।’
মাস্টারমশাই ইংরেজিতে স্বীকৃতি জানালেন, ‘ইয়েস, আই হ্যাভ লস্ট টু অব দেম। কিন্তু আরগুলো সব শক্ত আছে।’
শেষ কথাটায় মাস্টারমশাইর দৃঢ় আত্মপ্রত্যয় ফুটে উঠল। মৃদু হেসে বললাম, ‘তারপর স্কুলের খবর কি বলুন। কেমন চলছে?’ মাস্টারমশাই একটু চুপ করে থেকে বললেন, ‘স্কুল? তুমি কি দেশগাঁয়ের কোন খবরই রাখ না নাকি?’
অপরাধীর ভঙ্গিতে বললাম, ‘না, শিগগির কোন খবরটবর—’
মাস্টারমশাই সংক্ষেপে গম্ভীরভাবে বললেন, ‘স্কুল আমি ছেড়ে দিয়েছি।’
বিস্মিত হয়ে বললাম, ‘সেকি স্যার, আপনি স্কুল ছাড়লেন?’
মাস্টারমশাই বললেন, ‘হ্যাঁ ছেড়ে এসেছি। এসেছি যখন সবই বলব, সবই শুনবে। তার আগে যে-জন্য আসা। একটা চাকরি-বাকরি যোগাড় করে দাও নিরুপম। তোমাদের অফিসে আছে নাকি খালিটালি কোন জায়গা?’
‘আমাদের অফিসে?’ মাস্টরমশাইর মুখের দিকে আমি একটুকাল অবাক হয়ে তাকিয়ে রইলাম। তিনি কি পরিহাস করছেন? কিন্তু পরিহাসের সম্পর্ক তো নয়। তা ছাড়া ঠাট্টা-পরিহাসের মত মুখের ভাবও তাঁর এখন নেই। দাঁতগুলো শক্ত থাকা সত্ত্বেও গাল দুটো ভাঙা-ভাঙা, চোয়াল জেগে উঠেছে। গভীর রেখা পড়েছে কপালে। কালো লম্বাটে মুখখানায় কেমন এক ধরনের করুণ শীর্ণতা। মাথার চুল ছোট করে ছাঁটা, কিন্তু কালোর চেয়ে সাদা রঙের ভাঁজই চুলে বেশি। হঠাৎ যেন একটা ধাক্কা খেলাম। হেডমাস্টারমশাইও বুড়ো হয়েছেন। তাঁর যুবক বয়সের কিশোর ছাত্র ছিলাম আমরা। মাস্টারমশাইর বার্ধক্যে নিজের বয়োবৃদ্ধি সম্বন্ধে যেন নতুন করে সচেতন হয়ে উঠলাম।
কিন্তু একি বলছেন মাস্টারমশাই! পঞ্চাশ পার হয়ে গেছে বয়স। এই বয়সে তিনি নতুন করে চাকরিতে ঢুকবেন। মাথায় কি ওঁর—। মাস্টারমশাইর প্রশ্নের জবাব না দিয়ে বললাম, ‘স্কুল ছেড়ে এলেন কেন?’
মাস্টারমশাই রূঢ় কণ্ঠে বললেন, ‘ছেড়ে এলাম কেন? ছাড়ব না কি স্ত্রী-পুত্র নিয়ে এই বুড়ো বয়সে না খেয়ে মরব? তাই বল তোমরা?’
বেয়ারা একবার দোর ঠেলে উঁকি দিয়ে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম দুটা বাজে। উঠে দাঁড়িয়ে বললাম, ‘চলুন মাস্টারমশাই, বেরুনো যাক। যেতে যেতে সব শুনব।’
ডালহৌসি স্কোয়ারের মোড় থেকে দক্ষিণ কলকাতাগামী ট্রাম ধরলাম। তারপর মাস্টারমশাইর পাশাপাশি বসে শুনতে লাগলাম সাগরপুর এম ই স্কুল আর তার হেডমাস্টারের ইদানীংকার ইতিহাস।
পাকিস্তানের হুজুগে গাঁয়ের বেশিরভাগ হিন্দু ছাত্র চলে আসায় স্কুলের ছাত্রসংখ্যা প্রায় দশ আনি কমে গেছে। বাকি ছয় আনির মধ্যে অর্ধেকের বেশি ছাত্রের কাছ থেকে নিয়মিত মাইনে আদায় হয় না। একমাত্র সরকারী সাহায্য পঞ্চাশ টাকা ভরসা। এম ই স্কুলের পাঁচজন মাস্টারের মধ্যে সেটা বাঁটোয়ারা হয়। সাহায্য বৃদ্ধির জন্য জেলা শহরে গিয়ে ধরাধরি করেছেন হেডমাস্টারমশাই, কিন্তু ইনস্পেক্টর এসে স্কুল পরিদর্শন করে রিপোর্ট দিয়েছেন স্কুলের যা ছাত্রসংখ্যা তাতে পঞ্চাশের চাইতে বেশি সাহায্য সাগরপুর এম ই স্কুল আশা করতে পারে না। চার মাইল দূরে হোসেনপুরের নতুন এম ই স্কুলের ছাত্রসংখ্যা সাগরপুরের দেড়া। অথচ সে স্কুলের বরাদ্দ পঞ্চাশের চাইতে এখনো পাঁচ টাকা কম আছে।
কিন্তু এতেও হেডমাস্টারমশাই ঘাবড়াননি। টুকটাক করে চালিয়ে নিচ্ছিলেন সংসার। সব চেয়ে বড় ভরসা ছিলেন স্কুলের সেক্রেটারি নিত্যনারায়ণ চৌধুরী। চৌধুরীবাড়ির টিউশনিও গোড়া থেকেই বাঁধা ছিল হেডমাস্টারমশাইর। নিত্যনারায়ণবাবুর ছোট ভাইদের থেকে শুরু করে তাঁর ছেলেমেয়ে, নাতি-নাতনীদের পর্যন্ত হেডমাস্টারমশাই পড়িয়েছেন। প্রথমে পনের টাকায় আরম্ভ করেছিলেন। চৌধুরীমশাইর নাতি-নাতনীর সংখ্যা বছরের পর বছর বাড়তে থাকায় টিউশনির টাকার অঙ্কও বেড়ে বেড়ে পঁয়ত্রিশ পর্যন্ত উঠেছিল। স্কুলে লিখতে হত ষাট, মিলত চল্লিশ। মাইনের সঙ্গে টিউশনির এই উপুরি টাকার সংযোগে সংসার চলত।
কিন্তু পাকিস্তান হওয়ার পর চৌধুরীরাও শেষ পর্যন্ত দেশ ছাড়লেন। ছেলেরা পুত্ৰকলত্র নিয়ে কেউ কলকাতা, কেউ এলাহাবাদ, কেউ দিল্লী পর্যন্ত পাড়ি দিল। নিত্যনারায়ণ নিজেও এলেন শহরে। হেডমাস্টারমশাই বললেন, ‘আপনারা সবসুদ্ধ চলে গেলে চলবে কি করে? আমরা কি করব?
নিত্যনারায়ণ বললেন, ‘তাই তো, মাস্টার, তোমার সমস্যাটা তো রয়েই গেল। বাড়িতে ছেলেপুলে তো কেউ রইল না। পড়বে কে?’
নিত্যনারায়ণের চার বছরের নাতনী পাপড়ি পয়সার লোভে দাদুর পাকা চুল বেছে দিচ্ছিল, সমস্যার সমাধানে এগিয়ে এল। ‘কেন দাদু, সরকারকাকা রইলেন, দারোয়ান মন বাহাদুর রইল, ঝি রইল, মাস্টারমশাই তাদেরই তো পড়াতে পারবেন।’
নিত্যনারায়ণ হো-হো করে হেসে উঠেছিলেন, ‘শুনলে? শুনলে মাস্টার? আমার দিদিমণির কথা শুনলে?’
কিন্তু নিত্যনারায়ণের হাসিতে সমস্যাটার সমাধান হয়নি। চৌধুরীরা চলে আসবার পর কুণ্ডুপাড়ায় হেডমাস্টারমশাই পাঁচ টাকার আরো দুটো টিউশনি পেয়েছিলেন, কিন্তু নেননি। সেকেণ্ড মাস্টারমশাইর মাস্টারি ছাড়াও মাতুল সম্পত্তি আছে, থার্ড মাস্টারমশাইর আছে মুদী দোকান, হেডপণ্ডিতের উপার্জনক্ষম দুই ছেলে, সেকেণ্ড পণ্ডিত শ্ৰীবিলাস চক্রবর্তীর যজমানি আর গুরুগিরি, কিন্তু হেডমাস্টারমশাইর সম্বল ছিলেন চৌধুরীরা। তিনি সব চেয়ে বেশি নিঃসম্বল হলেন। এদিকে পোষ্যের সংখ্যা অনেক।
গোড়ার দিকে তিনটি মেয়ে। তাদের দুটিকে অবশ্য পার করেছেন। একটি আছে এখনো ঘাড়ের ওপর। তারপর পর পর ছেলে হয়েছে তিনটি। বড়টির বয়স সবে সাত।
হেডমাস্টারমশাই বললেন, ‘দেখলে বিধাতার মার। এমন অসময়ে ছেলেপুলেগুলি হল—। নইলে গীতাকে কোন রকমে পার করতে পারলে আমার আর ভাবনা ছিল কি। ওই হতচ্ছাড়াগুলোর জন্যই তো—’
বুঝতে পারলাম ছেলেদের ভরণ-পোষণের ভাবনায় শেষ পর্যন্ত দেশ আর মাস্টারি দুই-ই তাঁকে ছেড়ে আসতে হয়েছে। মনে পড়ল এই হেডমাস্টারির ওপর কি মমতাই না ছিল মাস্টারমশাইর। টিচার হিসাবে সুখ্যাতি ছিল বলে রতনপুরে আর রাধাগঞ্জের দুইটি হাই স্কুলে মাস্টারমশাই চানস পেয়েছিলেন। কিন্তু যাননি। হাই স্কুলে তো আর হেডমাস্টার হয়ে যেতে পারবেন না। একবার আমাদের সাগরপুর এম ই স্কুলকেও হাই স্কুল করবার চেষ্টা হয়েছিল, কিন্তু সব চেয়ে বেশি বাধা দিয়েছিলেন হেডমাস্টারমশাই নিজে। কমিটির মিটিং-এ বক্তৃতা দিতে উঠে বলেছিলেন, ‘এ প্রস্তাব নিতান্তই অযৌক্তিক। এ গাঁয়ে হাই স্কুল চলবে না, চলতে পারবে না। যদি-বা চলে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে। কিন্তু অখ্যাত একটি হাই স্কুলের চাইতে কীর্তিমান, খ্যাতিমান একটি এম ই স্কুলকে আমি বহুগুণে বাঞ্ছনীয় বলে মনে করি।’
হেডমাস্টারের কথায় যুক্তি ছিল, দাঁড়াবার ভঙ্গিতে দৃঢ়তা ছিল ; কিন্তু সেই সঙ্গে তাঁর মনের কোণের গোপন দুর্বলতাটুকু টের পেতে কমিটির অন্যান্য সভ্যদের দেরি হয় নি। এই নিয়ে তাঁরা কেবল গা টেপাটিপিই করেন নি, আড়ালে আবডালে টিপ্পনীও কেটেছিলেন, এম ই স্কুল হাই স্কুল হলে আমাদের হেডমাস্টারের হেডটুকু যাবে যে? হেডমাস্টার সব ছাড়তে পারে, কিন্তু সাগরপুর এম ই স্কুলের ইন্দ্রত্ব কিছুতেই সে ছাড়তে রাজি নয়।
সেই ইন্দ্রপদও হেডমাস্টারমশাইকে ছেড়ে আসতে হল।
হাজরা রোডের মোড়ে ট্রাম থামতেই হেডমাস্টারমশাই উঠে দাঁড়ালেন, ‘এখানে নামতে হবে আমাকে। হরিশ চ্যাটার্জি স্ট্রীটে বাসা, চল না নিরুপম। গীতা, গীতার মা তোমাকে দেখলে সবাই খুশি হবে। ওরাই তো আমাকে ঠেলে পাঠাল তোমার কাছে। গীতা কার কাছ থেকে যেন তোমার ঠিকানা যোগাড় করেছিল।’
মনে পড়ল না