
মেঘমালা
মনোজ সেন
আমি সরকারদের রোয়াকে স্তব্ধ হয়ে বসেছিলুম। আমার চারদিকে নানারকম শব্দ আর সেইসঙ্গে একটা তালগোল পাকানো স্রোত বইছিল, যার কিছুই আমার বোধগম্য হচ্ছিল না। মাঝে মাঝে দু-একটা শব্দ কানে আসছিল। যেমন কেউ একজন বললেন, ‘কেমন পাথরের মতো বসে আছে দেখুন, মনে হয় দেহে প্রাণ নেই।’ তার উত্তরে কোনো একটি নারীকণ্ঠ বলল, ‘তাতো হবেই। যা বাঁচা বেঁচেছে ছেলেটা।’ কে একজন মোটা গলায় ঘোষণা করলেন, ‘মিরাকল, মিরাকল!’ কিন্তু আমি একথাগুলোর কোনো অর্থ খুঁজে পাচ্ছিলুম না। এগুলো কি আমার সম্বন্ধেই বলা হচ্ছে? আমি কিছু চিন্তা করতে পারছি না। আমার মনটা যেন অসাড় হয়ে গেছে।
আসলে এসব কথাগুলো আমার মনে কোনোরকম দাগই কাটতে পারছিল না, কারণ আমি তখন আমার সমস্ত অনুভূতি দিয়ে আমাদের বাড়িটার কথা ভাবছিলুম। বাড়িটা আর নেই। একটু আগেও যেটা আমার আশ্রয় ছিল সেটা তখন একটা প্রাগৈতিহাসিক ধ্বংসস্তূপের মতো আমার সামনে পড়ে আছে। পাড়ার লোকেরা আর দমকল কর্মীরা বড়ো বড়ো ইটের চাঙড় সরিয়ে মৃতদেহ খুঁজছে। ফুটপাথের ওপর চাদর ঢাকা দিয়ে চারটে মৃতদেহ পাশাপাশি রাখা আছে। আমি জানি ওরাই ছিল, আর কেউ নেই। কিন্তু সে কথাটা বলতে ইচ্ছে করছে না। কী হবে বলে?
আমি শুধু বাড়িটার কথা ভাবছিলুম।
এমন কিছু আহামরি বাড়ি তো ছিল না। ষোলো নম্বর জানকীনাথ চাটুজ্জে স্ট্রিটে দশকাঠা জমির ওপর এই বাড়িটা বানিয়েছিলেন আমার ঠাকুরদাদা উনিশ-শো চল্লিশ সালে, যে বছর আমার বাবার জন্ম হয়। মাঝারি চারটে ঘর নিয়ে একতলা তুলেছিলেন। কোনো আড়ম্বরপূর্ণ ছিল না, কোনো চাকচিক্যও ছিল না। উনিশ-শো পঁয়ষট্টিতে বাবার বিয়ে হয়েছিল। তখন দোতলায় দুটো ঘর তোলা হয়। সত্তর সালে আমার জন্ম। সেই তখন থেকে আর একটু আগে পর্যন্ত, এই চব্বিশ বছর ওই দুটো ঘরই ছিল আমার রাজত্ব। সে রাজত্বে বিলাসিতা ছিল না, তবে সুখ ছিল। আমাদের ঘরের সামনে ছিল খোলা ছাদ। সেখানে বিকেল হলে মা মাদুর পেতে বসত। গোধূলির ম্লান আলোয় চাপা শান্ত গলায় মা কখনো গানের পর গান গাইতো, কখনো সঞ্চয়িতার কবিতা পর পর মুখস্থ বলে যেত। মার মুখেই আমি প্রথম শুনেছিলুম, ‘তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা।’ মা গানটা কখনোই শেষ করতে পারত না, গলা বুঁজে আসত। শুনেছি, এই গানটা না কি বাবার খুব প্রিয় গান ছিল।
আমার বাবাকে আমার খুব আবছা মনে পড়ে। একজন দীর্ঘদেহী মানুষ একটা শুকনো গাছের ভাঙা ডাল নিয়ে আমার সঙ্গে তরোয়াল খেলছেন— এ-ছবিটা আমার মনে আছে। তাঁর ফোটোগ্রাফ যা দেখেছি তাতে দৈর্ঘ্য বা প্রস্থ তো বোঝা যায় না, কিন্তু তাঁর শান্ত সজল চোখদুটো তাঁর মেধা আর ব্যক্তিত্বের একটা পরিচয় দিত। বাবা কলকাতার একটা নামজাদা কলেজের ইংরেজি সাহিত্যের অধ্যাপক ছিলেন। মা না কি তাঁর ছাত্রী ছিল। মাত্র পঁয়ত্রিশ বছর বয়েসে ব্লাড ক্যান্সারে বাবা মারা যান। ঠাকুরদাদা আর ঠাকুমা দু-জনেই তখন জীবিত। ঠাকুরদাদার বয়েসও তখন ভয়ংকর রকমের বেশি নয়। বোধ হয় পঁয়ষট্টি হবে। তাঁর শরীর ও মন, দুই-ই শক্ত ছিল, নিজেকে সামলে নিতে পেরেছিলেন। তবে ঠাকুমা পারেননি। দু-বছর পরেই ক্যানসার রোগে মারা যান।
তখন আমাদের সংসারে শুধুমাত্র তিনজন লোক। কিংবা আড়াইজন। মা স্কুলে পড়ানো শুরু করল। সে যুগে স্কুলে পড়ানো টাকাপয়সার দিক থেকে একেবারেই লোভনীয় ছিল না; বরং তার পরিমাণ এতই কম ছিল যে ঠাকুরদাদার পেনশনের টাকা যোগ দিয়েও তিনজনের সংসার চালানো কঠিন ব্যাপার ছিল। ফলে মাকে একটা টিউশনি নিতে হয়েছিল। শুনেছি, ঠাকুরদাদা না কি আবার চাকরির চেষ্টায় নেমেছিলেন, কিন্তু পরে হাল ছেড়ে দেন। তাঁর প্রৌঢ়ত্ব আর সামান্য একটা এমএ ডিগ্রি জীবনযুদ্ধে লড়াই করার সুযোগ তাঁকে দেয়নি। ফলে, তিনি আমাকে মানুষ করার দুরূহ চেষ্টায় বাকি জীবনটা কাটিয়ে দিয়েছিলেন।
লড়াই করে গেল মা— অবিশ্রান্ত, ক্ষান্তিহীন; কিন্তু সেজন্য কোনোদিনও মাকে বিষণ্ণ বা বিরক্ত হতে দেখিনি। অবসন্ন দেখেছি কিন্তু নিজের ভাগ্যকে কখনো অভিসম্পাত দিতে শুনিনি। কেবল আমার যখন জন্ডিস হয়ে খারাপের দিকে গেল, ডাক্তারবাবু মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেলে উঠে চলে গেলেন, কেবল সেদিন মা-কে দেখেছিলুম বাবার ছবির দিকে হাতজোড় করে তাকিয়ে অশ্রুবিসর্জন করতে।
আমি কিন্তু মার কথা ভাবছি না। ঠাকুরদাদা বা বাবার কথাও নয়। আমি ভাবছি বাড়িটার কথা আর মেঘমালার কথা। মেঘমালার কথা ভাবতে গেলে, এসব কথা অবশ্য এসেই যায়। আমি যদি জন্ডিস হয়ে মরতে না-বসতুম, তাহলে হয়তো কোনোদিনই আমার মেঘমালার সঙ্গে দেখা হত না।
আমার তখন পনেরো বছয় বয়েস। সামনে মাধ্যমিক পরীক্ষা। এই সময় আমার জন্ডিস হয়েছিল। ডাক্তারবাবু জবাব দেওয়া সত্ত্বেও মরিনি, বেঁচে উঠেছিলুম। কিন্তু, নড়াচড়া বন্ধ করে দেওয়া হয়েছিল। ঘর থেকে বেরুনোই বারণ ছিল। তখন আমার পড়ার টেবিলটা ঠাকুরদাদার ঘর থেকে আমাদের ঘরে এনে রাখা হল। একটা নতুন চকচকে টেবিল ল্যাম্পও এল। এমনকী নীল রঙের চৌখুপি ডিজাইন করা একটা টেবিল ক্লথ পর্যন্ত পাতা হল।
টেবিলটা রাখা হয়েছিল উত্তর দিকের জানলাটার পাশে। সে জানলাটা জন্মাবধি আমি কখনো খোলা দেখিনি। সেটা যে খোলা যায় তাই কখনো আমার মনে হয়নি। এবার মিস্ত্রি ডেকে জানলাটাও খুলে দেওয়া হল।
জানলাটা বন্ধ করে রাখার অবশ্য একটা কারণ ছিল।
স্বাধীনতার পরের বছর, পূর্ব বাংলা থেকে ঠাকুরদাদার এক দূরসম্পর্কের আত্মীয় এসে এ বাড়িতে আশ্রয় নিয়েছিলেন সপরিবারে। তাঁর নাম ছিল প্রদীপ কুমার ঘোষ। প্রায় একবস্ত্রে এসেছিলেন, কোলে তিনমাসের একটি মেয়ে। উত্তরদিকের একটা ঘরে তাঁদের আশ্রয় দেওয়া হয়েছিল। তাঁরা সেখানে প্রায় একটানা আঠাশ বছর থেকে পঁচাত্তর সালে অন্যত্র চলে যান। সে বছরই আমার বাবার মৃত্যু হয়েছিল।
ঘোষ পরিবারের আমাদের বাড়ি থেকে চলে যাওয়ার কারণে অবশ্য বাবার মৃত্যু হয়নি। প্রদীপবাবুর বড়ো ছেলে ব্যাঙ্গালোরে ভালো চাকরি পেয়ে তার বাবা, মা আর ছোটো বোনকে সেখানে নিয়ে চলে যান। তাঁদের কাউকেই আমার মনে পড়ে না। আমি কেবল তাঁদের ফোটোই দেখেছি। প্রদীপবাবুর বড়ো মেয়ের ওই বাড়িতেই বিয়ে হয়েছিল।
এখন অবশ্য ইতিহাস। কথা হচ্ছিল, উত্তর দিকের দোতলার জানলাটা বন্ধ থাকার কারণ নিয়ে; তবে এসব ইতিহাস একেবারে অপ্রাসঙ্গিক নয়। আসলে আমাদের বাড়ির একতলায় একটাই বাথরুম ছিল। সেটা দুটো পরিবারের একসঙ্গে ব্যবহার করায় ঠাকুমার আপত্তি ছিল। তখন ঠাকুরদাদা উত্তর দিকের খালি জমিটায় একটা কুয়ো খুঁড়ে দেন আর একটা কলঘর বানিয়ে দেন। ফলে ওই উত্তরের জমিটা ঘোষ পরিবারের মহিলাদের যাবতীয় সাজকর্মের জায়গা হয়ে দাঁড়ায়। সেইসব কাজকর্মের মধ্যে চান করা, কাপড় কাচা, বাসন মাজা ইত্যাদি সব-ই ছিল। যখন দোতলা উঠল তখন আব্রু রাখার জন্য উত্তর দিকের জানলাটা সবসময়ের জন্য বন্ধই রাখা রইল। না-রাখলে সেটা অন্যায় হত, কারণ প্রদীপবাবুর বড়ো মেয়ের বয়েস তখন সতেরো আর ছোটো মেয়ের চোদ্দো। এরপর যখন বাবা মারা গেলেন, ঘোষ পরিবার একতলাটা খালি করে চলে গেলেন, তখনও জানলাটা বন্ধই রইল। সেটা খোলার কথা কারুর মনেই এল না।
জানলা খুলে দিতেই মনে হল যেন ঘরটা অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠল। আমি অনেকক্ষণ গরাদ ধরে বাইরে তাকিয়ে চুপটি করে বসে রইলুম। দৃষ্টিটা অনেকদূর পর্যন্ত যাচ্ছিল। পেছনের জমিটা বেশ বড়োই, তার মাঝখানে একটা কুয়ো, চারদিক বাঁধানো, সামনে বাথরুম। এত বছরের অব্যবহারে সবই জীর্ণ হয়ে এসেছে। বাথরুমের দরজা নেই, ছাদ নেই, কুয়োর ধারে ধারে আগাছার জঙ্গল। ঠাকুরদাদা বললেন, ঘোষেরা চলে যাবার পর ওদিকে আর কেউ যায়নি, কিছুটা অভ্যাসবশতঃ, কিছুটা উৎসাহের অভাবে। জমিটার একপাশে কয়েকটা নারকেল গাছ আর কাঁঠালি চাঁপার গাছ আর অন্যপাশে বাথরুমের সিঁড়ির ধারে একটা কদম গাছ। আমার সমস্ত দৃশ্যটা বড়ো ভালো লাগল। মনে হল, আমার এখানে সময় কাটানোর কোনো সমস্যাই হবে না। গাছে ফুল আছে, পাখি আছে, পাতাগুলোর হাওয়ায় দোলা আছে, কুয়োর চারদিকে শুকনো পাতার ঘুরে ঘুরে ওড়া আছে, কাঠবেড়ালির ব্যস্তসমস্ত যাতায়াত আছে— এসব দেখতে দেখতেই তো আমার সারাদিন কেটে যাবে। আমার একটা সবুজ রেলিসনে বাঁধানো ডায়েরি ছিল। সেটাতে আমি মাঝে মাঝে কবিতা লিখতুম আর বিশেষ যত্ন সহকারে লুকিয়ে রাখতুম। মাকেও দেখাতুম না। সেদিন আমি একটা লম্বা কবিতা লিখে তার দেড় পাতা ভরিয়ে ফেললুম।
প্রথম প্রথম এখানে বেশিক্ষণ টেবিলে বসে পড়াশুনো করতে দেওয়া হত না। বিকেল হতে না-হতেই শুয়ে পড়বার হুকুম হত। তখন ভরা গ্রীষ্মকাল, কাজেই আমি যখন টেবিল ছেড়ে উঠতুম তখনও আকাশে আলোর অভাব থাকত না। কিন্তু মাধ্যমিক পরীক্ষা যতই এগিয়ে আসতে লাগল, আমার পড়াশুনোর সময়ও ততই বাড়তে লাগল। সন্ধে হয়ে গেলে টেবিল ল্যাম্পটা জ্বেলে দিতুম। দারুণ ভালো লাগত সেই আলোয় পড়তে, কোনোদিকে তাকাতুম না।
মাধ্যমিক তখন আরও এগিয়ে এসেছে। রাত তখন ন-টা হবে। কোনো একটা ব্যাপার বুঝতে অসুবিধে হচ্ছিল বলে জানলা দিয়ে বাইরে তাকিয়ে চিন্তার করছিলুম। হঠাৎ দৃষ্টিটা নীচের দিকে পড়ায় বুকের ভেতরটা ছ্যাঁৎ করে উঠল। স্পষ্ট দেখলুম, ভাঙা বাথরুমের সিঁড়ির ওপর কদম গাছটার নীচে একটি অল্পবয়সি মেয়ে বসে রয়েছে। তার পরনে একটা ছিটের ফ্রক। ফর্সা গায়ের রং। পায়ের ওপর পা তুলে, হাঁটুর ওপর কনুই রেখে, গালে হাত দিয়ে সে যেন আমার দিকেই চেয়ে বসে আছে। তার মুখটা দেখা যাচ্ছে না বটে; কিন্তু ঘাড় বাঁকানোর ভঙ্গিমা দেখে সন্দেহ থাকে না যে তার নজরটা আমার দিকেই।
এইসময় ওই পোড়ো জমিতে কিশোরী মেয়ে? নির্ঘাৎ ভূত! আমি আতঙ্কে চেয়ার ঠেলে উঠে দাঁড়ালুম। সঙ্গেসঙ্গে মূর্তিটা মিলিয়ে গেল। আবার বসলুম, তখন দেখি পুনরায় সেই ছবি সেই জায়গায়। তখন খুব ভালো করে তাকিয়ে দেখি, জানকীনাথ চাটুজ্জে স্ট্রিট আর অনন্ত চৌধুরি লেনের দু-টি রাস্তার আলো আর আমার ঘর থেকে বেরুনো টেবিল ল্যাম্পের আলো গাছের ডালে আর পাতায়, বাথরুমের ভাঙা দেওয়াল আর সিঁড়ির খাঁজে পড়ে আলোছায়ায় এই দৃষ্টিবিভ্রমটি তৈরি করেছে। আমি যেখানটায় বসে আছি কেবল সেখান থেকেই এই ব্যাপারটাকে একটি মেয়ে বলে মনে হচ্ছে, অন্য কোনো জায়গা থেকে নয়।
বেজায় মজা লাগল। তাকিয়ে দেখি একটা হঠাৎ হাওয়ায় গাছের পাতা কাঁপছে আর ঠিক যেন মেয়েটিও দুলে দুলে হাসছে।
বাঃ, এতো বেশ। একে তো আমার বন্ধু করা যেতে পারে। পড়াশুনো করতে করতে যখন ক্লান্ত হয়ে পড়ব তখন এর সঙ্গে কথা বলা যাবে। প্রাণের বন্ধু বলতে যা বোঝায় তা আমার কেউ নেই। অথচ অনেক কথা জমে ওঠে যা কারুর কাছে বলতে ইচ্ছে করে। তাদের সবকথা আবার মা বা ঠাকুরদাদাকে বলা যায় না। সে সব কথা তো এর সঙ্গে বলা যাবে।
আমি তাকে বললুম, ‘তুমি আমার বন্ধু হবে?’
মেয়েটি ঘাড় নেড়ে বলল, ‘হ্যাঁ, হব বই কী। সেই জন্যেই তো কখন থেকে ডাকছি তোমাকে।’
‘বটে? তুমি তাহলে আমার প্রথম গার্লফ্রেন্ড।’
মেয়েটি হাসল। বলল, ‘তাই না কি?’
আমি বললুম, ‘জানো, আমি কবিতা লিখি? কিন্তু কাউকে দেখাতে লজ্জা করে যদি তারা হাসে। অথচ সে কথাগুলো তো আমি বলতে চাই, তার মানে কাউকে শোনাতে চাই। তুমি শুনবে আমার কবিতা?’
সে মাথা নেড়ে বলল, ‘হ্যাঁ, নিশ্চয়ই শুনব।’
‘বেশ। কিন্তু, তোমার তো একটা নাম থাকা দরকার। কী নাম তোমার?’
‘নাম তুমিই দাও না। যা তোমার পছন্দ।’
আমি কিছুক্ষণ চিন্তা করে বললুম, ‘নাঃ, একটাও ভালো নাম মনে আসছে না। পরে ভেবে নাম ঠিক করব।’
‘দ্যাখো, আমি প্রায়ই তোমাকে কবিতা শোনাই। কোনো ভালো জিনিস পড়লে তোমাকে বলি। তুমি মাথা নাড়ো, কথা বলো, কিন্তু তোমার মুখ দেখতে পাইনে।’
‘আমার মুখ কীরকম বলে ভাব তুমি? হয়তো দেখবে তুমি যেরকম ভাব আসলে সেটা ঠিক সেরকমই।’
‘তাই? তাহলে বলি? তোমার তো দেখছি কোঁকড়া চুল, আমার মার মতো নয়। এবারে তোমার ভুরু দুটো একটু মোটা হলে ভালো হয়। খুব সরু ভুরু আমার একেবারে ভালো লাগে না।’
‘তোমার মার মতো?’
‘ঠিক বলেছ। কিন্তু চশমা থাকলে চলবে না। চোখদুটো কাল