Home
মীন পিয়াসী

মীন পিয়াসী

অন্নদাশঙ্কর রায়

মীন পিয়াসী

অন্নদাশঙ্কর রায়
short story

Change color

সমবয়সিনীর পা ছুঁয়ে প্রণাম করতেই তিনি থতমত খেয়ে পা সরিয়ে নিলেন। রুক্ষ স্বরে বললেন, “থাক, থাক। ও কী! ও কী!”

তারপর মিষ্টি হেসে বললেন, “চিনতে পারছিনে তো!”

চিনতে কি বিমোহনও পারছিল! ওটা হলো আন্দাজে ঢিল। প্রণাম না করে নমস্কার করলে পরে হয়তো পরিতাপ করতে হতো। গুরুপত্নীকে প্রণাম না করে নমস্কার! আগেও দু’এক জায়গায় এই ধরনের ভুল হয়েছে। কী লজ্জা!


কিন্তু আন্দাজটাও অকারণ নয়। সেই যে ছেলেটি একটু আগে ওকে দেখেই ছুট দিয়েছিল সেটি অবিকল ওর মাস্টারমশায়ের ক্ষুদ্র প্রতিকৃতি। খোকার প্রস্থানের পর যার প্রবেশ তিনি নিশ্চয় খোকার মা। সুতরাং গুরুপত্নী। সুতরাং প্রণম্যা। কবে কিশোর বয়সে তাঁকে একবার কি দু’বার দেখেছিল, পঁচিশ বছর বাদে তাঁর মুখ মনে থাকার কথা নয়। তা হলেও তাঁর বয়সটা কোনো মতেই তার সমান হতে পারে না। সে কি তবে ভুল মানুষকে প্রণাম করেছে? না ইনি দ্বিতীয় পক্ষ?


বলল, “নাম শুনলে হয়তো চিনতে পারবেন। আমি বিমোহন। বিমোহন সরকার।”


“ওমা, বিমোহনবাবু!” সমবয়সিনীর দুই চোখ জ্বলে উঠল। “কী কাণ্ড, বলুন দেখি। আমি মীনু। মীনাক্ষী।”


মীনাক্ষী? মাস্টারমশায়ের ছোট শালী? কতবার বাইরে থেকে ওর কণ্ঠস্বর শুনেছে। কিন্তু কোনোদিন একে চাক্ষুষ করেনি। তখনকার দিনে বারো-তেরো বছর বয়সের পর মেয়েদের পর্দার আড়ালে রাখা হতো। মাস্টারমশায়ের বাড়ির ভিতরে তাঁর প্রিয় শিষ্য বিমোহনেরও যাতায়াত ছিল না। সদর ও অন্দরের মাঝখানে অলিখিত ব্যবধান।


মেয়েটি এসেছিল ম্যালেরিয়ার দেশ থেকে দিদির কাছে থেকে শরীর সারাতে। পরে শোনা গেল পাত্রের অন্বেষণও চলছে। এমন কথাও একদিন বিমোহনের কানে এলো, তোমার এই ছাত্রটির সঙ্গে কি হয় না? মাস্টারমশায় চাপা গলায় বলছেন, অত কাছাকাছি বয়সের ছেলেমেয়েদের বিয়ে হওয়া কি ভালো?


যথাকালে এক দোজবরের গলায় বেচারিকে ঝুলিয়ে দেওয়া হয়। বিমোহন শুনে ব্যথিত হয়েছিল। কত কালের কথা! এই সেই মীনাক্ষী। একেই সে ভক্তিভরে প্রণাম করেছে। হা হা! হাসি পাচ্ছিল বিমোহনেরও।


হাসি চেপে গম্ভীরভাবে বলল, “আপনিও ইচ্ছা করলে পালটা প্রণাম করতে পারেন। কিন্তু আগে বলুন তো, মাস্টারমশায় কেমন আছেন? আউট অফ ডেঞ্জার?”


মীনাক্ষী বলল, “হাঁ, সঙ্কট কেটে গেছে।”


উপরে যেতে যেতে বিমোহন বলল, “আমি জানতুম না যে মাস্টারমশায় এখন কলকাতায়। কাল এক বিয়েবাড়িতে নরেনের মুখে শুনলুম তাঁর গুরুতর অসুখ। অত রাত্রে এসে হাজির হলে তাঁকে ও আপনাদের ডিস্টার্ব করা হতো। রাতটা কোনো মতে কাটিয়ে ভোরবেলা এক পেয়ালা চা খেয়েই বেরিয়ে পড়েছি।”


“জামাইবাবু,” মীনাক্ষী বলল, “জ্বরের ঘোরে আপনার নাম করছিলেন। কিন্তু আমরা কেউ আপনার ঠিকানা জানতুম না। অবস্থা যদি ভালোর দিকে না যেত আপনি আজ এসে তাঁকে দেখতে পেতেন না।”


গৃহকর্তা বঙ্কিমবাবুর সঙ্গেও পরিচয় হলো। মীনাক্ষীর স্বামী। শুভ্রকেশ, স্থবির ও স্থাবর। তাঁর প্রথম পক্ষের সন্তানসন্ততির সঙ্গেও। বউমারা মাথায় ঘোমটা তুলে প্রণাম করে সরে গেলেন। মীনাক্ষীর একটি মাত্র কন্যা। সে তার শ্বশুরালয়ে। তারপর সেই খোকার সঙ্গে আলাপ। মাস্টারমশায়ের কনিষ্ঠ দুলাল। নামটিও দুলাল।


মাস্টারমশায় সারা কর্মজীবন পশ্চিমে কাটিয়েছেন। পৈতৃক বাড়ি তাঁর কলকাতার কাছেই। এবার চিকিৎসার সুবিধার জন্যে ভায়রাভাইয়ের বাড়িতে ওঠা। অসুখটা তিনি পশ্চিমেই বাধিয়েছিলেন। ঠিকমতো রোগনির্ণয় হয়নি। নিজে তো চিরদিন নির্বিকার। দিদির চিঠি পেয়ে মীনাক্ষী গিয়ে জোর করে নিয়ে আসে। নইলে এ-যাত্রা তাঁর উদ্ধার ছিল না। এখন আর ভয় নেই। তবে দুর্বল।


বিমোহনকে যখন মাস্টারমশায়ের ঘরে নিয়ে যাওয়া হলো ততক্ষণে তাঁর প্রাতঃকৃত্য সারা হয়েছে। তিনি শুয়ে শুয়ে খবরের কাগজ পড়ছেন। বিমোহনকে দেখে তাঁর মুখ হাসিতে ভরে গেল। সে হাসিতে অসীম স্নেহ, অকপট ভালোবাসা। বিমোহন তাঁর পায়ে হাত দিতেই তিনি তার হাতখানা খপ করে ধরে ফেলে বললেন, “কাছে এসো। এইখানে বসো।” তিনি তার হাত ধরে থাকলেন। সে খাটের উপর বসল।


“জানো বিমোহন,” মাস্টারমশায় ধীরে ধীরে বললেন, “ওরা আমার জন্যে গঙ্গাজল আনিয়ে রেখেছিল। আমার মুখে দেবার জন্যে।”


বিমোহন চমকে উঠে বলল, “তাই নাকি? এতদূর?”


মাস্টারমশায়ের মুখে অন্তজ্যোতি। আপনাতে আপনি মগ্ন। বললেন, “গঙ্গাজলে আমার কী হতো, বিমোহন! তাতে কি আমার পিপাসা মিটত!”


কথাটা কোন অর্থে বললেন বিমোহন ভাবছিল। শুনল, “কবীরের দোঁহা পড়েছ? সেই যে আছে—


পানীমে মীন পিয়াসী


দেখি লাগত হাসি


তেমনি আমারও দশা। আমি যে রসের সরোবরে ডুবে আছি। তবু আমার তৃষার অবধি নেই। আচ্ছা, বিমোহন, তুমি তো ইংরেজি কবিতা ভালোবাসতে। বল দেখি,এর অনুরূপ কোন্ কবির কোন্‌ কবিতায় আছে?”


বিমোহনের মনে পড়ল না। তার ছাত্রত্ব কবে ঘুচে গেছে। সে তো শিক্ষকতা করে না যে পড়াতে পড়াতে মনে গেঁথে যাবে।


“ফ্রান্সিস টমসন পড়নি? আচ্ছা, শোন। মনে করিয়ে দিচ্ছি। যদি পড়ে থাক।


O world invisible, we view thee,


O world intangible, we touch thee,


O world unknowable, we know thee,


Inapprehensible, we clutch thee!


Does the fish soar to find the ocean,


The eagle plunge to find the air—


কেমন? কতকটা কবীরের মতো কি না?”


মাস্টারমশায় তন্ময় হয়ে আবৃত্তি করে যেতে লাগলেন। বিমোহনের একটু একটু করে মনে পড়তে থাকল। যেন পূর্বজন্মের স্মৃতি। যখন সে স্কুলের ছাত্র, এসব কবিতা তার বোধগম্য নয়, পাঠ্য তো নয়ই, তখনো মাস্টারমশায় তাঁর প্রিয় শিষ্যকে সযত্নে কবিতা বেছে বেছে পড়ে শুনিয়েছেন।


স্বভাবতই তিনি প্রফুল্ল। সব সময় মুখে হাসিটি লেগে আছে। বিমোহন লক্ষ করল তাঁর মুখে হাসি, কিন্তু চোখে জল। রোদ আর বৃষ্টি। কী জানি কেন তারও চক্ষু সজল হলো। কবীর বললে কী হবে, দেখে হাসি লাগে না। বরং কান্নাই পায়। মাছ জলে বাস করে, জল তার চারদিকে, তবু তার জলতেষ্টা গেল না। কবে যাবে? কিসে যাবে?


“বিমোহন”, নীরবতা ভঙ্গ করলেন মাস্টারমশায়, “এক দরজা বন্ধ না হলে আরেক দরজা খোলে না । জীবনের পরেও জীবন আছে, যেমন জলের পরও জল আছে। চারদিকেই জল। চারদিকেই জীবন। জলের এক নাম জীবন। যেমন জাহ্নবী জীবন।” এই বলে একটু মাস্টারি করলেন।


“দরজা খোলার কথা কী বলছিলেন, সার?”


“ওঃ । হাঁ। বলছিলুম এক দরজা বন্ধ না হলে আরেক দরজা খোলে না। কথাটা অক্ষরে অক্ষরে সত্য। কতবার যে এরকম ঘটল আমার এই ষাট বছরের জীবনে। এবার জীবনের দরজাটাই বন্ধ হয়ে যাবে, তারপর জীবনেরই দরজা খুলে যাবে। এও যেমন জীবন সেও তেমনি জীবন। কোনো ভেদ নেই বিমোহন। কিছুমাত্র ভেদ নেই। জল আর জল আর জল। মাছ এক ঘাট থেকে আরেক ঘাটে যায়। সাত ঘাটের জল খায়। কোথাও তার তৃষা মেটে না। সেইজন্যেই বলা হয়েছে, পানীমে মীন পিয়াসী।”


বিমোহন চুপ করে শুনে যেতে লাগল, তিনি বলে যেতে লাগলেন কতকটা আবোল-তাবোল মিশিয়ে। সেসব আমরা বাদসাদ দিতে পারি।


“দেখি লাগত হাসি। যাঁরা সর্বদর্শী তাঁদের তো হাসি পাবেই। আমারও হাসি পায়। যদিও আমি অবোধ। বুঝলে, বিমোহন, চারদিকে এত ভালোবাসা, এত স্নেহপ্রেম। প্রভু, আমি কি এর যোগ্য। প্রভু, আমার যে কান্না পায়! আমি তো তোমাকে এত ভালোবাসিনি। তুমি কেন আমাকে এত ভালোবাসো? এই যে একটি বালক বিমোহন, এ পঁচিশ বছর পরে ছুটে এসেছে আমাকে দেখতে। কাল সারারাত জেগে কাটিয়েছে। প্রভু, আমি কি এর যোগ্য?”


বিমোহন তাঁকে বাধা দিল না। তাঁর চোখে জল ঘনিয়ে এলো আবার।


“ওহে বিমোহন, এককালে আমার ধারণা ছিল, এসব আমার পাওনা। আমার ন্যায্য দাবি। ভালোবাসা এক ছটাক কম পড়েছে দেখলে আমি বিষম রাগ করেছি, বলেছি, এরা অকৃতজ্ঞ! রাগ করে কথা বলা বন্ধ করেছি, ভাত জল বন্ধ করেছি। ভেবেছি, এইসব করলে ওরা আমাকে ভালোবাসবে। পাগলামি আর কাকে বলে! প্রভু, তুমি যে ভালোবাসো সে তোমার করুণা। তোমার গ্রেস। ওহে বিমোহন, গ্রেস কাকে বলে, জানো তো? ক্রিশ্চানদের গ্রেসতত্ত্ব তোমাকে একদিন বোঝাব। আমি যে যোগ্য বলে তুমি আমাকে ভালোবাসো তা নয়। আমি অযোগ্য, তা সত্ত্বেও তুমি আমাকে ভালোবাসো। এত যে ভালোবাসো, তবু আমার পিপাসা মিটল না। এ-পারে যখন মিটল না, ও-পারেও কি মিটবে? আমার তো বিশ্বাস হয় না। রস আমাকে ঘিরে রয়েছে, আমিই অরসিক।”


এর পরে আবার একটু মাস্টারি। “বুঝলে, বিমোহন? একেই বলে অরসিকেষু রসস্য নিবেদনম্‌।”


মীনাক্ষী এসে বিমোহনের জন্য ঠাঁই করে দিয়ে খেতে ডাকল। বিমোহন অনুযোগ করল, “এসব কেন? আমি তো চা-টা খেয়েই বেরিয়েছি।”


মীনাক্ষী বলল, “চা খেয়েছেন, কিন্তু টা খাননি। এখন খেতে আজ্ঞে হোক। চা-টা দুই খেতে হবে।”


ওটা অবশ্য অরসিকেষু রসস্য নিবেদনম্‌ নয়। বিমোহন তা প্রমাণ করে ছাড়ল। ওদিকে মাস্টারমশায় সামান্য একটু পথ্য করলেন। ফলের রস। তাঁর দেহ শীর্ণ হতে হতে শয্যায় মিশিয়ে গেছে। যেন বালুশয্যায় শীতের ক্ষীণস্রোতা নদী।


“তুমি তো জানো শরীর আমার কোনো কালেই পটু ছিল না।” এই বলে তিনি নিজেই নিজের সংশোধন করলেন, “না, না, তা কেন বলব? ছেলেবেলায় আমি বেশ হৃষ্টপুষ্ট ছিলুম। বড় হয়েও ফুটবল-ক্রিকেট খেলেছি। হাই জাম্প, লং জাম্প করেছি। কেবল পড়াশুনোয় নয়, খেলাধুলোয় নাম করেছি। শরীর অপটু হলে কেউ পারে মোমবাতি দু’দিক থেকে জ্বালাতে?”


খেতে খেতে বিমোহন বলল, “আপনার কলেজ-জীবনের ফোটো দেখেছি। গ্রুপ ফোটো। হকি স্টিক হাতে। দিব্যি জোয়ান চেহারা।”


মাস্টারমশায়ের চোখে-মুখে হাসি। “শিবপুরের সঙ্গে খেলায় জিতেছি। তামাশা নয়। মীনু মানতে চায় না। বলে ওটা ফোটোগ্রাফির ট্রিক। হাঁ, এককালে দারুণ খেলেছি। দারুণ খেটেছি। দারুণ খেয়েছি। কিন্তু তারপর কী হলো, শোন। বি-এ পরীক্ষার ক’দিন আগে আমাদের হস্টেলের একটি ছেলের টাইফয়েড হয়। সেকালে টাইফয়েডকে লোকে যমের মতো ভয় করত। কেউ তার সেবা করতে যাবে না। আমিও কি যেতুম? গেলুম আমি ডন সোসাইটির সভ্য বলে। যেখানে একজন বিপন্ন সেখানে আরেক জন তাকে বাঁচাবার জন্যে প্রাণপণ করবে। চাচা, আপনা বাঁচা, এ যদি নীতি হয় তবে দেশ কোনোদিন স্বাধীন হবে না। ঐ করেই দেশ গেছে।”


“তারপর?” বিমোহন উদ্বিগ্নভাবে জানতে চাইল।


“তারপর আমারও হলো। বাড়ি নিয়ে যাওয়া হলো আমাকে। অনেকদিন ভুগে উঠলুম। কিন্তু পূর্বস্বাস্থ্য ফিরে পেতে দেরি হতে লাগল। চেঞ্জে পাঠিয়ে দেওয়া হলো পশ্চিমে একটি পাহাড়ে জায়গায়। বিমোহন, জীবনে আমি কখনো পেছিয়ে যাইনি। বার বার মৃত্যুর মুখোমুখি হয়েছি। বার বার বেঁচে গেছি। তবে অক্ষত রয়েছি, এমন কথা বলতে পারব না। ক্ষতিটা শরীরের উপর দিয়েই গেছে। মনের দিক দিয়ে ক্ষতিপূরণ হয়েছে। চরিত্রের উন্নতি হয়েছে। উপলব্ধির কোটায় মোটা মুনাফা জমেছে। তোমার এই গরিব মাস্টারমশায়টিও একজন মিলিয়নেয়ার। খবরদার, ফাঁস কোরো না কিন্তু। ইনকম ট্যাক্সওয়ালারা টের পেলে ধরবে।”


বিমোহনও তাঁর সঙ্গে যোগ দিয়ে হাসল। তার মনে ছিল মাস্টারমশায় তাকে প্রায়ই বলতেন, হস্টেলের ছেলেদের অসুখ-বিসুখে এগিয়ে যেতে। বলতেন, সেটাও শিক্ষার অঙ্গ। পড়ার ক্ষতি হয় হবে। পরে পুষিয়ে নেওয়া যাবে। অপূরণীয় ক্ষতি হলেও পেছিয়ে যাওয়া উচিত নয়। যারা পেছিয়ে যায় তারা মানুষ হয় না। তিনি তাঁর ছাত্রদের মানুষ করবেন বলেই শিক্ষাব্রত নিয়েছেন। সেইভাবেই দেশকে স্বাধীন হতে সাহায্য করছেন।


“সে বছর বি-এ পরীক্ষা দেওয়া হলো না, যদিও সসম্মানে পাস করার জন্যে তৈরি ছিলুম আমি। চেঞ্জ থেকে ফিরে এসেই ঝাঁপিয়ে পড়লুম স্বদেশী আন্দোলনে। সে কী উন্মাদনা! কার সাধ্য এড়ায়। অরবিন্দের মতো মহাপুরুষদের সংস্পর্শে আসা কি কম সৌভাগ্য! আর রবীন্দ্রনাথের মতো মহাকবিদের! তিনি কি শুধু মহাকবি। তিনি মহাঋষি।


“দক্ষিণ আফ্রিক

**********
No Review
Related Books
Loading books…