মাস তিনেক আগে বদলি হয়ে কলকাতায় এসেছি। ভাল বাসা পাইনি, তাই এখনো ফ্যামিলি আনিনি। কিন্তু মোটর গাড়িটা আনতে হয়েছে। আমার যে ধরনের কাজ তাতে মোটর না হলে চলে না।
কলকাতায় এসেই কিন্তু ফ্যাসাদে পড়ে গেছি। অপরাধের মধ্যে একজনের প্রাণরক্ষা করেছিলাম। তার ফল যে এমন বিষময় হয়ে উঠবে তখন কে জানত। বিদ্যাসাগর ছিলেন মহাপুরুষ লোক, তিনি জানতেন পৃথিবীতে কারুর উপকার করতে নেই। আমি অর্বাচীন, তাই আ...