
বিকাশের বিয়ে
সঞ্জীব চট্টোপাধ্যায়
বিকাশ আমার বন্ধু। বিকাশ বিয়ে করবে। না করে উপায় নেই। ব্যাঙ্কে ভালো চাকরি পেয়েছে। পরিবারের একটিমাত্র ছেলে। নিজেদের বাড়ি আছে। বাবা মারা গেছেন। মায়ের বয়েস হয়েছে। বিকাশের বিয়ে অবশ্যম্ভাবী। আত্মরক্ষার জন্যেই বিয়ের প্রয়োজন। এদেশে অবিবাহিতা মেয়ের অভাব নেই। সকলেই যে প্রেম করবেন তা-ই বা আশা করা যায় কী করে! মেয়ের বাপ-মাকেই ভালো পাত্র ধরার জন্যে উদ্যোগী হতে হয়। বিকাশের হয়েছে মহাবিপদ। বিকাশ যেন তাজা ফুলকপি। বিকাশ যেন গঙ্গা থেকে সদ্য তোলা একটি ইলিশ মাছ। যাঁরা তাকে চেনেন, জানেন, সকলেই তাকে ওই দৃষ্টিতে দেখেন। ঝোলাতে হবে। মেয়ের হাতের ইলিশ করে।
দু-চার কথার পরেই তাঁদের প্রশ্ন ইলিশের তেলের খোঁজে চলে যায়। কড়ায় ছাড়লে বিকাশ কতটা তেল ছাড়বে! ব্যাঙ্কের চাকরি! বা: বা:। কোন ব্যাঙ্ক? ন্যাশন্যালাইজড? এখন পাচ্ছ কতো। পাকা চাকরি? বেড়ে বেড়ে কোথায় উঠবে? প্রোমোশান আছে? বা: বা:! তা ছুটিছাটার দিন এসো না একদিন। একটু ফ্রায়েড রাইস, চিকেন। রবীন্দ্রসংগীত নিশ্চয় ভালোবাসো। উমা আজকাল ভীষণ ভাল গাইছে। পল্লব সেনের প্রিয় ছাত্রী। তুমি ছবি ভালোবাস না, ছবি? মেয়েটার আঁকার হাত দুর্দান্ত। নিজের মেয়ের প্রশংসা করা উচিত নয়, তবু না বলে পারছি না।
বিবাহযোগ্য বাঙালি মেয়ের মা-বাবার, বিশেষ করে মায়েদের যে কী উৎকন্ঠা আর উদ্বেগে দিন কাটাতে হয় তা আমি জানি; কারণ আমার একটি বোন আছে। আমার মায়ের ঘুম চলে গেছে। এই বুঝি মেয়ে প্রেম করে বসল! এই বুঝি কোনো পাড়াতুতো মাস্তান মেয়ের হাত ধরে হেঁচকা টান মারল! আমার মায়ের যত রকমের উদ্ভট চিন্তা। আমার বাবার জীবন অতিষ্ঠ। বাবা অফিস থেকে ফেরামাত্রই প্রথম প্রশ্ন, ‘কি, খোঁজ নিয়েছিলে?’
সারাদিন অজস্র কাজের চাপে বাবার কিছু মনেই নেই, ফলে মিথ্যে বলে কী অভিনয় করে পরিস্থিতি সামাল দিতে পারেন না। পাল্টা প্রশ্ন, ‘কী খোঁজ বলো তো?’
ব্যাস, লেগে গেলে ধুমধাড়াক্কা। ‘ওই মেয়ে যখন তোমার মুখে চুনকালি মাখাবে তখন বুঝবে। সেইদিন তুমি বুঝবে। সেইদিন তোমার শিক্ষা হবে। কেউ বলবে না তখন আমার মেয়ে, সবাই তোমার নাম করে বলবে, ওমুকের মেয়ে।’
বাবার আর জামাকাপড় ছাড়া হল না, বিশ্রাম হল না, চা খাওয়া হল না। বেগে বেরিয়ে গেলেন। যেতে যেতে বললেন, ‘আজ আমি যাকে পাব তাকেই ধরে আনব।’
খামোখা মাইল তিনেক অকারণ হেঁটে ধুঁকতে ধুঁকতে ফিরে এলেন রাত দশটায়। এই ভ্রমণের নাম প্রাতভ্রমন নয়, পাত্র-ভ্রমণ। এ তো হল গিয়ে রাগের পাত্র-ভ্রমণ। ঠাণ্ডা মাথায় পাত্র-ভ্রমণ অহরহই চলছে। ভালো চাকুরে, অবিবাহিত ছেলেরা ঠিক ধরতে পারে। ভদ্রলোক বা ভদ্রমহিলা মাছ ধরতে বেরিয়েছেন। বগলে অদৃশ্য ছিপ। ছিপের সুতোয় ঝুলছে টোপগাঁথা বঁড়শি। মেয়ের গুণের টোপ, বংশপরিচয়ের টোপ, ভালোমন্দ দেয়াটেয়ার টোপ। অনেকে আবার একটু বেশি দুঃসাহসী। চোখ দিয়ে দেহ জরিপ করেন, বুকের ছাতি, গলার মাপ, কেউ কেউ আবার কায়দা করে হাতের গুলি মেপে নেন। ‘এই তো চাই, ফাইন ইয়াং ম্যান। এই তো চাই। সাহস, কারেজ, হেলথ।’ ওপর-বাহুটা কথা বলতে বলতে ধরে, তাগার মতো মেপে নিলেন। দেখে নিলেন, কতটা তাগড়া। বিয়ের ধাক্কা, সংসারের ধাক্কা সামলাতে পারবে কিনা। ক্ষইতে কতটা সময় নেবে বাবাজীবন। পরে হয়তো একটু উপদেশ যোগ করলেন—‘ব্যায়ামট্যায়াম করো, একটু ভালোমন্দ সময়মতো খাও, শরীরম আদ্যম। শরীরটাই সব।’
বাজারের মাছ আর ব্যাগের মাছের যা পার্থক্য। কোনোক্রমে একটা ব্যাগে ঢুকে গেলে আর দরদস্তুর নেই। কানকো তুলে তুলে দেখা নেই। বিকাশ সেই কারণেই ব্যাগে ঢুকে পড়তে চায়। ছেলে ভালো। তেমন লোভী নয়। শ্বশুর মেরে হোণ্ডা চাপতে চায় না। সেরকম বন্ধুও আমার আছে। সোমেন। সে তো প্রায় দফতর খুলে বসেছিল, রাজনৈতিক নেতাদের মতো। পার্টি-অফিস। ঠিক সে খোলেনি। খুলেছিলেন তাঁর পিতা। ছেলের পেছনে ভদ্রলোকের যথেষ্ট ইনভেস্টমেন্ট ছিল। অভাব সত্ত্বেও ছেলেকে সাংঘাতিকভাবে মানুষ করেছিলেন। ছেলেও সরেস ছিল। শেষে আই. এ. এস. হয়ে পাড়া-প্রতিবেশীকে তাক লাগিয়ে দিলে। এম. এ-তে ফার্স্টক্লাস পাবার পরই আমাদের সঙ্গে ব্যবধান বাড়তে লাগল। আই. এ. এস. হবার পর আমাদের কোনো- রকমে একটু চিনতে পারত। ভালো পোস্টিং হয়ে যাবার পর পথেঘাটে দেখা হলে, চোখে চোখে তাকিয়েই চোখ ফিরিয়ে নিত। টর্চলাইট ফেলার মতো। সোমেনের বাবা বলতেন, ছেলে হল হীরে। কত খুঁজে তোলা হল। তারপর অভিজ্ঞ হাতে কাটাই ছাঁটাই। কম খরচ! তারপর নিলাম। একলাখ বিশ! দেড় লাখ! তিন লাখ! কে হাঁকবে দর! মেয়ের বাবারা।
সোমেন নামক হীরক খন্ডটি প্রায় তিন লাখে বিকিয়ে গেল। জাহাজ থেকে মাল খালাসের বিজনেস ছিল শ্বশুরমশাইয়ের। বেহালায় বিশাল বাগানবাড়ি। সেই বাগানে আবার ফোয়ারা। মার্বেল পাথরের উলঙ্গ নারীমূর্তি। সোমেনের বাবার সঙ্গে আগেই আলাপ ছিল। বড়োলোকের কন্যাটি অসুন্দরী ছিল না; তবে যাদের ঘরে ছ-ছ-টা গরু থাকে তাদের ছেলে-মেয়েরা একটু গায়েগতরে হবেই। আর বড়লোকেরা একটু মোটাসোটা না হলে মানায় না। মেদ হল অর্থের বিজ্ঞাপন। খেঁকুরে বড়লোক হলেও কেউ বিশ্বাস করবে না। কাগজে বিজ্ঞাপন লাগাতে হবে। বড়লোকের নানা শরীর লক্ষণ থাকা উচিত। কর্তার পঞ্চাশের পর রক্তে চিনি। চায়ের কাপে আয়েস করে স্যাকারিনের পুঁচকি-ট্যাবলেট ফেলতে ফেলতে বললেন, একটু বেড়েছে, এক-শো আশি। অর্থাৎ ওদিকে ব্যাঙ্কে যত বাড়ছে সেই অনুপাতে এদিকেও বাড়বে। মানি হল হানি। টাকা হল সুগারকিউব। রক্ত তো বটেই। তা না হলে রক্তের চাপ বাড়ে কেন? চল্লিশের পরেই গৃহিণীর বাত। বাতের জন্যেই রাজহংসীর মতো চলন। মেয়েটি সুন্দরী; কিন্তু মোটা। সোমেনের বাবা কোনোরকমে একতলা একটা বাড়ি করেছিলেন। প্লাস্টার আর রঙ ছিল না। বেয়াইমশাই মেয়েকে পাঠাবার আগে একদল কন্ট্রাকটার পাঠালেন। তাঁরা এক মাসে আড়াই তলার একটা ছবি খাড়া করে দিলে। কটক থেকে মালি এসে চারপাশের খোলা জায়গায় ফুল ফুটিয়ে দিলে। দু তিন লরি ফার্নিচার ঢুকে পড়ল হইহই করে। তারপর বাজল সানাই। সে কী সুর কালোয়াতির! পাড়া-প্রতিবেশীর বুকের চাপা কান্না যেন বাতাসে কাঁপছে। প্রতিবেশীরা কাঁদবেই তো। সোমেনের বাবা ছিলেন সামান্য মানুষ। অবস্থা তেমন ভালো ছিল না। জীবনের প্রথম দিকটায় খুচখাচ ব্যবসা করতেন। শেষটায় করতেন ঘটকালি। সেই মানুষ কীভাবে একটা একতলা বাড়ি করলেন। আধা খেঁচড়া হলেও মাথার ওপর ছাদ তো! সেইটাই তো প্রতিবেশীর কাছে বিশাল এক প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তো নিজেদের প্রশ্ন, আমরা কেন পারলুম না! যেই মনে হল, আমরা কেন পারলুম না, অমনি ভেতরে শুরু হল শৃগালের কান্না। যাক, সোমেনদের বাড়ি হওয়ার ক্ষত শুকোতে না শুকোতে, সোমেনের এম. এ-তে ফার্স্টক্লাস ফার্স্ট হওয়া। সে যেন পুরোনো ক্ষতে নুনের ছিটে। একটা ছেলে চোখের সামনে তরতর করে সৌভাগ্য আর প্রতিপত্তির দিকে এদিয়ে যাবে, এ তো সহজে সহ্য করা যায় না। এর পরের মস্ত আঘাত হল সোমেনের আই. এ. এস. হওয়া। যা: সর্বনাশ! এ ছেলেকে তো শুধুমাত্র ঈশ্বরের কাছে আন্তরিক প্রার্থনায় সাধারণের স্তরে আটকে রাখা গেল না। এ তো অফিসার হবেই। গাড়ি, কোয়ার্টার, মোটা মাইনে, প্রতিপত্তি, ক্ষমতা, সবই তার হাতের মুঠোয়। চিন্তায় চিন্তায় একপাড়া লোক রোগা হয়ে গেল। আমরা তখন সোমেনকে বয়কট করলুম। যে ছেলে অসামাজিক হয়ে যাবে, তার সঙ্গে খাতির রেখে আর লাভ কী? শেষ আঘাত সোমেনের বিয়ে। আমরা নিমন্ত্রিত হওয়া সত্ত্বেও, না গেলুম বরযাত্রী, না গেলুম বউভাতে। যে ছেলে বিয়েতে শ্বশুরকে দোহন করে পণ নেয়, উপহার নেয়, সে একটা নির্লজ্জ লোভী। তার অনুষ্ঠানে যাওয়াটাও পাপ। বড়লোকের আবার না চাইতে কিছু তাঁবেদার জুটে যায়। সোমেনের পক্ষে অনেকে বলতে লাগলেন, ‘শ্বশুরের আছে তাই দিয়েছে, সে তো আর চায়নি।’ চেয়েছে কি চায়নি বুঝল কী করে?
বিকাশ বলল, ‘সোমেনের মতো আমি চামার নই। একটা পয়সাও আমি নেবো না। তবে হ্যাঁ, আমার একটা শর্ত আছে, মেয়েটি সুন্দরী হওয়া চাই। বউ নিয়ে বুক ফুলিয়ে যেন রাস্তায় হাঁটতে পারি।’ বিকাশের মা বললেন, ‘হ্যাঁ বাবা, ছেলেকে আমি নিলেমে চড়াব না। তবে মেয়ে পক্ষ যদি মেয়েকে ঘর সাজিয়ে দিতে চান, তাহলে আমি রোজগেরে ছেলের অহঙ্কারে অপমান করতে পারব না। লক্ষ্মী বড়ো চঞ্চলা। অহঙ্কার একেবারে সহ্য করতে পারেন না।’
শনিবার রবিবার বিকাশের কাজই হল আমাকে নিয়ে মেয়ে দেখতে বেরোনো। একটা ব্যাপার লক্ষ্য করছি ছেলেরা যখন বেকার থাকে তখন সে প্রেমিক। প্রেম করে বেড়ায়। যেই সে ভালো চাকরি পেল অমনি তার প্রেম ঘুচে গেল, তখন তার আটকাঠ বেঁধে, ঠিকুজি কোষ্ঠী মিলিয়ে বউ আনার তাল। বিকাশের একজন প্রেমিকা ছিল, তাকে আর পাত্তাই দেয় না। আমি জিজ্ঞেস করেছিলুম, ব্যাপারটা কী! প্রথমে বলতেই চায় না, শেষে বললে, ‘আমি একটু ভালো মেয়ে চাই। আর এখন আমার চাইবার অধিকারও এসেছে। প্রেমের আবেগে বোকামি করলে আমাকেই পস্তাতে হবে। সারাজীবনের ব্যাপার। সারাজীবন প্রেমের চশমা পরে একটা মেয়ের দিকে তাকানো সম্ভব নয়। বাস্তব হল অঙ্কের মতো।’
‘তোর প্রেমিকাটি তো ভালোই দেখতে।’
‘ভাল দেখতে হলে কী হবে, ভীষণ ঘামে আর সর্দির ধাত।’
আমি হাঁ করে বিকাশের মুখের দিকে তাকিয়ে রইলুম। পৃথিবীতে কতরকমের মাল আছে ভগবান!
জিজ্ঞেস করলুম, ‘একটা মেয়েকে বাইরের দেখায় তুই রূপটা দেখলি, অন্তরঙ্গ খবর পাবি কী করে! ঘামে কিনা, সর্দি হয় কিনা! তোকে তাহলে অবজেকটিভ টেস্টের মতো প্রশ্ন-পত্র বিলি করতে হবে রে! তুই কী কী চাস বল তো!’
‘অনেক মেয়ে আছে খাওয়াদাওয়ার পর ঢেউ করে গ্যাসের রুগির মতো ঢেঁকুর তোলে।’
‘তারপর?’
‘সেফটিপিন দিয়ে দাঁত খোঁটে। হাত ধুয়ে আঁচলে হাত মোছে। চিৎকার করে কথা বলে। দুমদুম করে সিঁড়ি ভাঙে। কথা বলার সময় গায়ে ধাক্কা মারে। দু’দন্ড স্থির হয়ে বসতে পারে না, পা নাচায়। খাওয়ার সময় চ্যাকোর চ্যাকোর শব্দ করে। ঠুকে জিনিস রাখে। চিরুনিতে চুল ওঠে। মাথায় খুসকি হয়। পেটে হুড়হুড় গুড়গুড় শব্দ হয়। জ্বর হলে উঁ আঁ করে। ধনুকের মতো বেঁকে শোয়। হাউ হাঁউ করে হাই তোলে। নির্জনে নাক খোঁটে।’ খেতে বসে আঙুল চোষে। দাঁত দিয়ে নখ কাটে।’
‘অসম্ভব! তোর বিয়ে হওয়া অসম্ভব। হলেও ডিভোর্স হয়ে যাবে। এই সব ডিফেক্ট একটা মেয়ের খুব কাছে না এলে ধরা যায় না।’
‘ধরার চেষ্টা করতে হবে। বউ করব বাজিয়ে। এ তো প্রেম করা নয় যে মেনে নিতে হবে প্রেমের প্রলেপ দিয়ে।’ আমি সব শুনে রাখলুম। মনে মনে হাসলুম। এমন মেয়ে মানুষের বাড়িতে মেলা অসম্ভব। কুমোরটুলিতে অর্ডার দিতে হবে। স্বয়ং মা দুর্গাও হয়তো অসুর মারার সময় ঘেমেছিলেন।
রবিবারের এক বিকেলে আমরা রামরাজাতলায় মেয়ে দেখতে গেলুম। বেশ বড়ো সাবেক আমলের বাড়ি। গ্যারেজ আছে। বিকাশ ঢুকতে ঢুকতে বললে, ‘আমার ষষ্ঠ অনুভূতি বলছে, এই বাড়িই আমার শ্বশুরবাড়ি।’
‘হলেই ভালো, তবে তোমার যা চাহিদা!’
বৈঠকখানায় আমরা বসলুম। বসতে না বসতেই মেয়ের বাবা সবিনয়ে এসে হাজির। মোটাসোটা এক ভদ্রলোক। ঢোলা পাঞ্জাবি পরিধানে। ভুঁড়িটা সামনে ফুটবলের মতো উঁচু হয়ে আছে। ভদ্রলোক সোফায় বসামাত্র বিকাশ উঠে দাঁড়াল।
ভদ্রলোক ঘাবড়ে গিয়ে প্রশ্ন করলেন, ‘কী হল আপনার?’
‘আমার পছন্দ হল না।’ বিকাশের সরাসরি উত্তর।
‘কী করে! আপনি তো আমার বোনকে এখনও দেখেননি।’
বিকাশ একটু থতমত খেয়ে গেল। আমরা দু-জনেই ভদ্রলোককে পিতা ভেবেছিলুম। মেয়ের দাদা বললেন, ‘আমার বোনকে আগে দেখুন, তারপর তো পছন্দ অপছন্দ!’
বিকাশ বললে, ‘শুধু শুধু আর কষ্ট দিয়ে লাভ নেই। আপনাকে দেখেই আমার ধারণা তৈরি হয়ে গেছে। ধরে নেওয়া যেতে পারে আপনার মতোই হবে। আপনারই স্ত্রী-সংস্করণ।’
ভদ্রলোক বেশ আহত হয়ে বললেন, ‘ছি:, চেহারা তুলে কথা বলবেন না। ওটা এক ধরনের অসভ্যতা।’
আমি বললুম, ‘আমার বন্ধুর কোনো দাবি-দাওয়া নেই, পছন্দ হলেই পত্রপাঠ কাজ সারবে; তবে ওর একটাই শখ বউ যেন সুন্দরী হয়।’