Home
বিউটি কনটেস্ট

বিউটি কনটেস্ট

মণিশংকর মুখোপাধ্যায়

বিউটি কনটেস্ট

মণিশংকর মুখোপাধ্যায়
short story

Posted byকমলা কান্ত11-Sep-2025

Change color

লেখক হবার সবচেয়ে বড় সৌভাগ্য নানা মানুষের সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে পরিচিত হবার সুযোগ পাওয়া যায়। তা যদি না হবে, তাহলে আমার সঙ্গে মিস্টার অডিক্যারির পরিচয় হবে কেন?

কোথায় যেন পড়েছিলাম, আমরা প্রত্যেকটা শহুরে মানুষ এক-একটা গ্রহের মতো নিজের কক্ষপথে সারাক্ষণ পাক খাচ্ছি—রুটিন বাঁধা সেই পথে কোনো বৈচিত্র্য নেই, নাটক নেই, নতুনত্বের স্বাদ নেই। বাড়িতে, বাজারে, অফিসে, ক্লাবে, চায়ের দোকানে একই লোকের সঙ্গে দিনের পর দিন দেখা হবার জন্যেই যেন আমাদের সৃষ্টি করা হয়েছিল। লেখক হবার সুবিধে এই একঘেয়েমির বেড়া ভেঙে মাঝে মাঝে ছিটকে বেরিয়ে আসার সুযোগ হয়। অনেক অজানা, অচেনা মানুষের সঙ্গে হঠাৎ পরিচয় হয়ে যায়। তখন আবিষ্কার করি, যাঁকে এতটা অপরিচিত মনে হচ্ছিল, তিনি ততটা অচেনা নন।


এই মিস্টার অডিক্যারির কথাই ধরুন না। আমরা দু’জনেই যে যে কক্ষপথে ঘুরে বেড়াই, তার মধ্যে এতই দূরত্ব যে সাধারণভাবে আমাদের কখনও মুখোমুখি হবার কথা নয়। মিস্টার অডিক্যারি থাকেন মুলেন স্ট্রিটে। আমি থাকি শিবপুর, হাওড়ায়। মিস্টার অডিক্যারি মেলামেশা করেন সমাজের হাই সোসাইটিতে—আমি ঘোরাঘুরি করি কাসুন্দে এবং কলেজ স্ট্রিটে। আমি ও মিস্টার অডিক্যারি দু’জনেই বাজার করতে ভালবাসি—কিন্তু আমি যাই শিবপুর বাজারে; মিস্টার অডিক্যারি মুলেন স্ট্রিট থেকে ড্রাইভ করে হগ মার্কেটে আসেন। আমার ধারণা হগ মার্কেটে দাম বেশি। মিস্টার অডিক্যারির ধারণা কলকাতার অন্য বাজারগুলো এত নোংরা যে ঢোকা যায় না। সারা জীবন কালীবাবুর বাজারের মাছ-তরকারিতে প্রতিপালিত হয়ে আমার পক্ষে এখন হগ মার্কেটে যাওয়া সম্ভব নয় ; এবং দু’চারটে পয়সা বাঁচানোর লোভে মিস্টার অডিক্যারির পক্ষেও দিশি বাজারে ঢোকা সম্ভব নয়। অর্থাৎ যা বলতে যাচ্ছিলাম, আমার সঙ্গে মিস্টার অডিক্যারির কোনোদিনই পরিচয় হত না, যদি সাহিত্যিক হিসেবে রোটারি ক্লাবের মিটিঙে না যেতাম।


মিটিঙে বক্তৃতার পরে চায়ের ব্যবস্থা ছিল। সেখানেই আমার বিশেষ পরিচিত এবং সভার উদ্যোক্তা মিস্টার মুখার্জি বললেন, “শংকরবাবু, আপনার সঙ্গে মিস্টার অডিক্যারির আলাপ করিয়ে দিই।”


মিস্টার অডিক্যারি নীল রঙের চমৎকার একটা দামী সুট পরেছেন। ভিতরের সাদা শার্টটা যে এ-দেশী নয়, তা কলারের ছাঁট দেখলেই বোঝা যায়। মুখে একটা দামী সিগার, ভারী গোল মুখে বেশ মানিয়েছে। মিস্টার অডিক্যারির চুলগুলো একটু যেন কেমন ধরনের, জুলপি গালের তলা পর্যন্ত নেমে এসেছে। মিস্টার অডিক্যারির বয়স আন্দাজ করা মুশকিল, তবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে কোথাও রয়েছেন।


মিস্টার অডিক্যারি আন্তরিকভাবে আমার ডান হাতখানা চেপে ধরলেন। “কিছু মনে করবেন না স্যার, যে-হাত দিয়ে অমন লেখা বেরোয় সেটা একটু টাচ্ করে নিচ্ছি।”


আমি বেশ লজ্জায় পড়ে গেলাম। মিস্টার অডিক্যারি জিজ্ঞেস করলেন, “কী করে আপনারা লেখেন স্যার? আমরা তো তাজ্জব বনে যাই!”


“প্রত্যেক মানুষকেই তো একটা কিছু কাজ করতে হবে ; আমাদের কপালে লেখার কাজ জুটেছে।”


“ওসব বিনয় রাখুন স্যার,” সস্নেহ হুঙ্কার ছাড়লেন মিস্টার অডিক্যারি। “এই গল্প লেখার ব্যাপারটা আমার কাছে একটা বিরাট রহস্য, কী করে এসব করেন, একটু শোনবার লোভ আছে।”


“আসবেন একদিন গল্প করা যাবে। তবে রহস্য কিছুই নেই। আপনি বোধ হয় শুনে থাকবেন, দু’রকমের লেখক আছেন—মাকড়সা টাইপ এবং তাঁতি টাইপ।”


“তাই নাকি! এই দেখুন, একটা সেনটেন্সে আপনি আমাকে ফাঁদে ফেলে দিলেন। সাসপেন্সের বঁড়শি আমাকে গেঁথে ফেলেছে। এখন যদি আপনি মাকড়সা এবং তাঁতির রহস্যটা প্রকাশ না করেন তাহলে আমার ঘুম আসবে না।”


বললুম, “কথাটা কিছু আমার নিজের নয়। একধরনের লেখক আছেন যাঁরা মাকড়সার মতো নিজের লালা থেকেই সুতো তৈরি করে জাল বোনেন। অথাৎ তাঁরা অভিজ্ঞতা ইত্যাদির ধার ধারেন না, নিজের খেয়াল অনুযায়ী অপরূপ কাজ করে যান। এঁরা জাত শিল্পী। আর তাঁতিরা বাজার থেকে সুতো কিনে নিয়ে এসে শুধু নিজের পছন্দ অনুযায়ী কাপড় বোনে। আমরা এই শ্রেণীর লেখক। সংসারের হাট থেকে লেখার উপাদান সংগ্রহ করি—ভাল সুতো না পেলে আমাদের তেমন কিছু করার থাকবে না। জীবনে যা ঘটছে তার খবর আমাদের নিতেই হবে।”


মিস্টার অডিক্যারি খুব সাহেবী ধরনের লোক হলেও, আনন্দে আমার হাত দুটোতে আবার চাপ দিলেন। বললেন, “এখানে সবাই আপনার সঙ্গে কথা বলতে চায়, আমি আপনাকে আর ধরে রাখব না। কিন্তু মনে রাখবেন, একদিন একটু গল্প করবেন বলে কথা দিয়েছেন।”


মিস্টার অডিক্যারি তাঁর একটা ভিজিটিং কার্ড আমাকে দিচ্ছেন তা মিস্টার মুখার্জি বোধ হয় লক্ষ করেছিলেন। কেননা গাড়িতে ফেরার পথে একটু উদ্বিগ্নভাবেই বললেন,“শংকরবাবু, আপনার সঙ্গে অডিক্যারির আলাপ করিয়ে দিয়েছি বলেই, আপনাকে সাবধান করে দেওয়া উচিত, লোকটার বাজারে সুনাম নেই। ওর আসল নাম, গোবিন্দ অধিকারী—কিন্তু কেমন সাহেবী নাম করে নিয়েছে।”


“সুনাম নেই বলছেন কেন?” আমি জিজ্ঞেস করি।


“কী একটা কমার্সিয়াল কোম্পানির ম্যানেজিং ডিরেকটর বলে চালায়। সেটা কিন্তু বাজে—চিঠির প্যাড ছাড়া কোম্পানির আর কিছুই নেই। এখন ‘দি চিয়ারফুল’ নামে কি একটা প্রতিষ্ঠান গড়েছে—সেই সুবাদে সমস্ত ক্যালকাটায় খুব নামডাক।”


“সেটা আবার কী জিনিস?” আমি প্রশ্ন করি।


“ভগবান জানেন। লণ্ডনে, বাল্টিমোরে এবং লা-ভেগাতে নাকি এই নামের প্রতিষ্ঠানের খুব নামডাক! ‘দি চিয়ারফুল’ নাকি কলকাতাতেও বেশ নাম করে ফেলেছে।”


“হবেও বা,” আমি বলি। “এত বড় শহর। এখানে কত জায়গায় কত জিনিসের নাম হচ্ছে, আমাদের পক্ষে খবর রাখা সম্ভব নয়।”


মিস্টার মুখার্জি বললেন, “ভদ্রলোক এক নম্বরের টানেস্কা।”


“সেটা আবার কী?” আমাকে প্রশ্ন করতে হয়।


“মানে হুইস্কি টানতে এক্সপার্ট—পেটের মধ্যে একটি টালার ট্যাঙ্ক আছে।”


আমি হেসে ফেলি। মিস্টার মুখার্জি বললেন, “টানেস্কা হোক, আমার তাতে আপত্তি নেই—কিন্তু লোকজনকে নাকি বিপদে ফেলতে পারে।”


মিস্টার মুখার্জির সাবধানবাণী সত্ত্বেও, মিস্টার অডিক্যারি সম্বন্ধে আমার কৌতূহল কমেনি। ভদ্রলোকের মধ্যে একটা আকর্ষণী শক্তি আছে। তাই ওঁর সঙ্গে আমার আবার দেখা হয়েছে।


একটা দু’দরজার স্ট্যাণ্ডার্ড গাড়ি চড়ে মিস্টার অডিক্যারি বিশ্বব্রহ্মাণ্ড চষে বেড়ান। কলকাতার বড় বড় রেস্তোরাঁয় তাঁকে প্রায় দেখা যায়। আর চেনেন না, এমন লোক কলকাতায় নেই।


মিস্টার অডিক্যারি বলেন, “তা আপনার আশীর্বাদে ইণ্ডিয়ার কেষ্টবিষ্টরা অধমের সঙ্গে ভাব রাখে। পাবলিক সেকটর বলুন, প্রাইভেট সেকটর বলুন—সর্বত্র অধমের অবাধ গতায়াত।”


আমি মিস্টার অডিক্যারির মুখের দিকে তাকিয়ে থাকি। মিস্টার অডিক্যারি ড্রিংকের গেলাসটা নেড়ে বললেন, “একটা অ্যাডভাইস আপনাকে দিয়ে রাখি—ইণ্ডিয়াতে কখনও লোয়ার লেবেলে অ্যাপ্রোচ করবেন না। পৃথিবীর সর্বত্র নিচু থেকে ওপরে উঠতে হয়। ইণ্ডিয়াতে ঠিক উল্টো। এখানে কাজ আদায় করতে হলে একেবারে ওপরের কর্তাকে ধরুন—তখন নিচের কর্তারা মাখনের মতো নরম হয়ে যাবেন। আমাদের দেশে, লোককে জানাটাই মস্ত এক অ্যাসেট। এটা না হলে কিছুই হবে না।”


মিস্টার অডিক্যারিকে ক্রমশ আমি পছন্দ করে ফেলেছিলাম। মাঝে মাঝে এসে হাজির হন। একটা। সিগার ধরিয়ে গল্প আরম্ভ করেন। বলেন, “আপনাদের কাছে এসে বড় আনন্দ পাই। সারাদিন হাই লেভেলে ঘুরে মেজাজটা যখন খিঁচিয়ে ওঠে তখন মনটা একটু শান্তির আশ্রয় চায়, বুঝলেন শংকরবাবু।”


“আমরা অর্ডিনারি লোক, গল্প উপন্যাস নিয়ে পড়ে থাকি, আমরা আপনাকে আর কি শান্তি দিতে পারি?”


মিস্টার অডিক্যারি তীব্র প্রতিবাদ করে উঠলেন। “ও-সব কথায় ভুলছি না স্যার। আপনারা সমাজের সবচেয়ে পাওয়ারফুল এলিমেন্ট। আপনাদের হাতে কলমের মতো স্মল আর্মস রয়েছে; যা রিভলবার থেকে হাজারগুণ শক্তি রাখে। আমার তো মনে হয় স্যার, এটা গভরমেন্টের বোকামি। রিভলবারের জন্যে লাইসেন্স লাগে, অথচ কলমের জন্যে লাইসেন্স নিতে হয় না।”


মিস্টার অডিক্যারির কথার ভঙ্গিতে আমি হেসে ফেলি। উনি গভীরভাবে বলেন, “হাসবেন না স্যার, একেবারে এডওয়ার্ড কেভেন্টারের দুধের মতো খাঁটি কথা বলছি। আপনি হিস্ট্রির দিকে তাকিয়ে দেখুন, রাম না জন্মাতেই রামায়ণ লেখা হয়ে গিয়েছিল। লেখকরা ইচ্ছে করলে, ভবিষ্যৎকে অ্যারেস্ট করে বর্তমানের সামনে হাজির করাতে পারে। তাতে মানুষের চৈতন্যোদয় হবে কি না, সেটা অবশ্য আলাদা কথা।”


মিস্টার অডিক্যারি ফারপোতে লাঞ্চ, ফ্লুরিতে চা, ব্লু ফক্সে ডিনার করেন। কলকাতার ইয়া বড় বড় কোম্পানির ডিরেকটরদের তিনি প্রথম নাম ধরে ডাকেন; জাদরেল জাদরেল সরকারী অফিসারদের সঙ্গেও তাঁর যথেষ্ট দহরমমহরম, তবু এই দুর্বলতা রয়ে গিয়েছে ভদ্রলোকের। নভেল পড়তে ভালবাসেন।


মিস্টার অডিক্যারি একদিন বললেন, “ভগবানের আশীর্বাদে পয়সাকড়ির তেমন অভাব নেই, তবু মন ভরে না। দুঃখ হয়, কেন লেখকদের মতো লিখতে পারি না।”


“লিখতে ইচ্ছে হয় কেন?” আমি প্রশ্ন করি।


ভদ্রলোক বললেন, “সত্যি কথা বলতে কি, যে-জীবন চোখের সামনে দেখি, তা লেখার যোগ্য বলে মনে হয়, কিন্তু যেই কলম নিয়ে বসি, সব গুলিয়ে যায়। আমার মশাই, তাই একটা কথা জানতে ইচ্ছে হয়—আপনিও জীবন থেকে লেখেন। তাই না?”


“এতদিন তো তাই করে আসছি। জীবনে এত জিনিস পড়ে রয়েছে, যে কল্পনার ওপর ধকল করবার প্রয়োজন হয় না।”


মিস্টার অডিক্যারি এবার জানতে চাইলেন, “আপনি দয়া করে একটা কথা বলুন—ঘটনা ও গল্প কি এক জিনিস?”


আমি বললাম, “আপনি আমাকে বিপদে ফেলে দিলেন। এর উত্তর খুব শক্ত। তবে আমার এক শ্রদ্ধেয় লেখক সুন্দর একটা উদাহরণ দিয়েছিলেন। এক দেশে এক রাজা ছিল। তাঁর এক পরমাসুন্দরী রানী ছিল। হঠাৎ একদিন রাজা মরে গেলেন এবং কিছুদিন পরে রানীও মারা গেলেন। এইটা হলো ঘটনা। কিন্তু যেমনি লিখলাম এক দেশে এক রাজা ছিলেন, তঁর এক পরমাসুন্দরী পতিব্রতা রানী ছিলেন। রাজা মারা গেলেন। বেচারা রানী, স্বামীর বিরহ সহ্য করতে না পেরে ভেঙে পড়লেন। অবশেষে মৃত্যু এসে তাঁকে সমস্ত যন্ত্রণার হাত থেকে মুক্তি দিল। এইটা হলো গল্প।”


“অতি চমৎকার বলেছেন।সমস্ত জিনিসটা আমার কাছে জলের মতো সোজা হয়ে যাচ্ছে,” মিটার অডিক্যারি সিগারের ধোঁয়া ছাড়লেন।


একটু থেমে মিস্টার অডিক্যারি বললেন, “অনেকদিন থেকে আপনাকে একটা প্রশ্ন করবার ইচ্ছে ছিল। আপনার চৌরঙ্গী উপন্যাসের চরিত্রগুলো সত্য কি না? কয়েকজন পুরুষ এবং একদল মহিলাকে মুখ চেনা চেনা মনে হয়—হাজার হোক, হাই সোসাইটিতে দিনরাত ঘুরছি তো। কিন্তু আপনি যা বললেন, তারপর আপনাকে বোধ হয় প্রশ্ন করা আমার উচিত হবে না।”


মিস্টার অডিক্যারির কাজটা কি বুঝি না। মাঝে মাঝে খুব ব্যস্ত হয়ে পড়েন। একদম পাত্তা থাকে না। তারপর আবার হাজির হন। বলেন, “আমাদের ওই যে প্রতিষ্ঠানটা রয়েছে—দি চিয়ারফুল—এই নিয়ে আজকাল বড় ব্যস্ত থাকতে হয়। অ্যাকটিভিটি ক্রমশই বাড়ছে। ওই যে নাটাহারিবাবু একবার বলেছিলেন—পলাশীর যুদ্ধ নয়, ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ইংরেজরা ইণ্ডিয়া জয় করলে—সমস্ত দেশটাই রাতারাতি সায়েব হয়ে গেল, এটা একেবারে নির্ভেজাল সত্যি স্যার। সেই জন্যেই আমাদের মতো কিছু লোক করে খাচ্ছে।”


“দি চিয়ারফুল! নামটা সুন্দর,” আমি বলি।


“অনেক ভেবেচিন্তে নামটা দিয়েছি। দুনিয়ায় গণ্ডগোল তো লেগে থাকবেই—এরই মধ্যে হাসিখুশি থাকো, এই হচ্ছে আমার প্রতিষ্ঠানের মূলমন্ত্র।”


“খুব ভাল মন্ত্র খুঁজে বার করেছেন, মিস্টার অডিক্যারি,” আমি ওঁর সঙ্গে একমত হই।


“আপনারা তো আর্টিস্ট লোক, বলুন তো গোমড়ামুখো হয়ে বসে থেকে কোনো লাভ আছে? পৃথিবীতে কত রকমের প্রবলেম—কিন্তু রবার সল্যুশন ছাড়া আর কিছু সল্যুশনই হাতের গোড়ায় পাবেন না। এইভাবে সিরিয়াস হতে হতে, একদিন শুনবেন পৃথিবীর সমস্ত লোকের একসঙ্গে করোনারি অ্যাটাক হয়েছে। তখন মশায় কাউক

**********
No Review
Related Books
Loading books…