
বত্রিশ নম্বর বিছানা
সঞ্জীব চট্টোপাধ্যায়
খবর পেয়েছি মাস্টারমশাই অসুস্থ, খুবই অসুস্থ। যাবো যাবো করে আর যাওয়াই হয় না। আসলে আর তেমন আকর্ষণ নেই আর কি। যখন গান শিখতুম, তখন একটু তালিম পাবার জন্যে, সকাল, বিকেল, সন্ধে হত্যা দিয়ে পড়ে থাকতুম। কোনও গানের মুখটা পেয়েছি, অন্তরাটা পাইনি, ঘুরে ঘুরে হয়রান হচ্ছি। ভীষণ মেজাজী মানুষ ছিলেন। অসম্ভব রাশভারী। আর তেমনি শৌখিন। জীবনে কোনও সময় কারুর সঙ্গে আপোস করেননি। বেতারে যে সময় প্রকৃত গুণীরা প্রকৃত উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশন করতেন, যে সময় কলকাতা ‘ক’-তে রাত দশটার পর কখনও কখনও বড়ে গোলাম আলির কণ্ঠও শোনা যেত, তখন আমার ওস্তাদজীও বেতারশিল্পী ছিলেন। এক নম্বর শিল্পী। সেই সময় রেডিও এত সস্তা ছিল না। বেশ অর্থবান মানুষের বাড়িতেই বড় বড় ভালভ-সেট থাকত। ওস্তাদজীর গান আছে শুনলেই রাত দশটার সময় সব কাজ ফেলে ছুটতুম পাড়ার শেষ প্রান্তে গঙ্গার ধারে, জমিদার ঊষাপ্রসন্ন চৌধুরীর বাড়িতে। ভেতরে ঢোকার অনুমতি ছিল না। গেটের পাশে রাস্তার ধারে একটা ঘর ছিল। সেই ঘরে বাজত হল্যাণ্ডের বিশাল রেডিও। নিখুঁত গমগমে আওয়াজ। ঘর অন্ধকার, একটিমাত্র জানালা খোলা। সেই জানালার পাশটিতে চুপ করে দাঁড়িয়ে শুনতুম। প্রথমে গম্ভীর ঘোষণা। তখন ঘোষক আকাশবাণী বলতেন না। বলতেন অল ইণ্ডিয়া রেডিও। সঙ্গীত পরিবেশন করছেন, শঙ্করনারায়ণ। পশ্চিমী শিল্পীদের ঢঙে মাস্টারমশাই চট্টোপাধ্যায় পদবীটা ত্যাগ করেছিলেন। রাগ মালকৌষ। তিন তাল। সঙ্গে সঙ্গে গায়ে কাঁটা দিয়ে উঠত। গুরুজী বলতেন, মালকোষ হল শ্মশানের রাগ। মধ্যরাতে সেইভাবে গাইতে পারলে ভূত নামে।
নির্জন রাস্তার ধারে, জমিদারবাবুর আউট হাউসের জানালা ঘেঁষে একা দাঁড়িয়ে আছি। পশ্চিমে গঙ্গা। ভূতুড়ে বাতাসের ডানা মাঝে মাঝে ঝাপটা মেরে যাচ্ছে। জমিদার-বাড়ির বিশাল বাগানে মেহগিনি গাছের ডালে পেঁচা ডাকছে থেকে থেকে। আর অসম্ভব সুরেলা গলায় মাস্টারমশাই গাইছেন, এ আয়ে পি মোরে মন্দারয়া। তবলায় আছেন কেরামতুল্লা খাঁ সায়েব। সারেঙ্গিতে সগিরুদ্দিন ওস্তাদ। তিনসপ্তকে গলা খেলছে আগুনের মত। অন্ধকার ঘরে কে বসতেন জানি না। মাঝে মধ্যে তাঁর তারিফ শুনতুম, আহা, আহা। যে সময়ের কথা বলছি, সেই সময় উচ্চাঙ্গসঙ্গীতকে এমন জাতে ঠেলা হয়নি। শিল্পীকে অনেকটা সময় দেওয়া হত আলাপের বিস্তারের। খেয়ালের পর ঠুংরি হত। মাস্টারমশাই মিশ্র-গারায় ঠুংরি ধরেছেন, ‘অব না মানত শ্যাম’। গিরিজাবাবুর এক নম্বর ছাত্র ছিলেন। ঠুংরির সময় অদ্ভুত কায়দায় গলাটাকে ভেঙে সরু করে নিতেন। মিড় আর মোচড়ে পাগল করে ছেড়ে দিতেন। আমার মনে পড়ে ঠুংরি গাইবার সময় মাস্টারমশাইয়ের চোখ দিয়ে জল ঝরত। কেঁদে ফেলতেন। চোখের সামনে যেন দেখতে পেতেন, রাধাকৃষ্ণের মান-অভিমানের পালা। শ্রোতাকেও দেখিয়ে ছাড়তেন। বেশ মনে পড়ে, মাস্টারমশাই নিজের ঘরটিতে বসে ঠুংরি গাইছেন। ঘর অন্ধকার। আমরা কয়েকজন কার্পেটের ওপর বসে আছি ছাড়া ছাড়া। অদ্ভুত ভালো, সাড়ে তিন অক্টেভের, স্কেলচেঞ্জ, কাপলার হারমোনিয়াম ছিল তাঁর। মাদার অফ পারলসের কাজ করা। তাঁর কাছে এই হারমোনিয়ামটি ছিল সন্তানের চেয়ে প্রিয়, দেবতারও অধিক। কারুর হাত ঠেকাবার উপায় ছিল না। সিল্কের রুমাল দিয়ে থেকে থেকে পরিষ্কার করতেন। সব সময় ঝকঝক করছে। ঢাকনার ওপরে, পাশে রুপোর সূক্ষ্ম কাজ। গুরুজী গাইছেন মিশ্র খাম্বাজে ঠুংরি ‘কৌন গলি গয়ো শ্যাম’। কিছুক্ষণের মধ্যে সারা ঘরটা যেন। উড়ে চলে যেত বৃন্দাবনে। মনে হত, চাঁদনী রাতে নির্জন যমুনার ধারে বসে আছি। অলৌকিক সব ক্ষমতা ছিল তাঁর। কতদিন আমরা নূপুরের শব্দ শুনেছি। শুনেছি চুড়ির শব্দ। এই নিয়ে আবার মাস্টারমশাইয়ের সামনে আদিখ্যেতা করার উপায় ছিল না। ভীষণ অসন্তুষ্ট হতেন। বলতেন, যে-কোনও মানুষ সুরে সিদ্ধ হলে ও-সব হয়। এ-সব হইচই করার ব্যাপার নয়। প্রচারেরও প্রয়োজন নেই। সঙ্গীত ঈশ্বর-উপাসনার মাধ্যম। শ্রোতা ঈশ্বর।
একদিনের ঘটনা। প্রিটোরিয়া স্ট্রিটের পুরনো এক বাগানবাড়িতে গুরুর গুরু এসেছেন। ওস্তাদ দিলীপচাঁদ বেদী। গুরুজী আমাকেও নিয়ে গেছেন সঙ্গে। বিশাল ফরাসপাতা ঘরে গুরু-শিষ্যে মিলন। মনে হয় বহুদিন পরে। সেই দেখেছিলাম গুরুভক্তি কাকে বলে। সন্ধে হয়ে গেছে। বেদীজী মনে হয় রেওয়াজ করছিলেন। আমরা বসলাম একপাশে। গুরুর গুরু বললেন, ‘দেখি একটু শোনাও। রেওয়াজ কেমন চলছে দেখি।’
মাস্টারমশাই প্রণাম করে গুরুর অনুমতি নিয়ে মারু বেহাগে ধরলেন, ‘কাল নহি আয়ে’। বেদীজী ধরলেন তবলা। এক তালে চলেছে। মাস্টারমশাই বিভোর হয়ে গেছেন। দু চোখ বোজানো। মাঝে মাঝে যখন খুলছেন চোখ দুটো জলে টলটল করছে। কি ভীষণ অভিমান, কাল নহি আয়ে। বেদীজীও বিভোর। নিমেষে দু’জন মানুষ কোন জগতে চলে গেলেন! শুধু গেলেন না, যাবার সময় পুরো ঘরটাকে তুলে নিয়ে গেলেন।
হঠাৎ কি খেয়াল হল, মাস্টারমশাইয়ের পিঠের দিকে তাকালাম। দেখি, ধবধবে ফরাসের ওপর মাস্টারমশাইয়ের সিল্কের পাঞ্জাবির নিচের অংশ পড়ে আছে, আর তার ওপর স্থির হয়ে শুয়ে আছে, আট-দশ ইঞ্চি লম্বা আর সেই অনুপাতে চওড়া লাল টকটকে একটা তেঁতুলে বিছে।
তেঁতুলে বিছে মোটেই সুশ্রী নয়। এখনকার কালের ঘড়ির চওড়া স্টিল-ব্যাণ্ডের মতো। গেঁটে গেঁটে। দেখলেই শরীর হিম হয়ে যায় ভয়ে।
আমি চিৎকার করে উঠলুম, ‘গুরুজী বিছে। আপনার পাঞ্জাবির ওপর বিছে।’
বেদীজী তাকালেন, তাকিয়ে হাসলেন।
মাস্টারমশাই একবার মাত্র তাকালেন। দৃষ্টিতে আগুন। ভীষণ অসন্তুষ্ট হয়েছেন।
গান চলতে লাগল। বিছে শুয়ে রইল পাঞ্জাবির ওপর। আর আমি সিঁটিয়ে রইলুম ভয়ে। দেড়ঘণ্টা পরে গান থামল। সারা ঘর সুরে কাঁপছে। শেষটায় বিছেটিছের কথা আমারও মনে ছিল না। হঠাৎ বিছেটা পাঞ্জাবি ছেড়ে উঠে এল। নেশায় যেন টলছে। চলতে পারছে না। একপাশ দিয়ে গুটি গুটি চলে এল একেবারে আসরের মাঝখানে। দুই গুণীকে যেন প্রণাম জানাতে এসেছে।
বেদীজী বললেন, ‘কি এখনও তোমার মন ভরেনি। তাহলে আর একটু শোনো।’
বেদীজী ধরলেন গান, আমার মাস্টারমশাই ধরলেন তবলা।
বেদীজী গাইলেন বাগেশ্রী, ‘বিরাহা না জ্বালা’। দু’জন সাধক-শিল্পী। শ্রোতাও দু’জন। আমি আর একটা টকটকে লাল তেঁতুলে বিছে।
গুরুর কৃপায় গান শিখতে না পারি, সুরের কান তৈরি হয়েছে। আর এই বোধ হয়েছে, সুর দিয়ে তাঁর চরণ যত সহজে ছোঁয়া যায়, অন্য কোনও সাধনা দিয়ে অত সহজে ছোঁয়া যায় না। তবে একটা কথা—সঙ্গীত নিয়ে ব্যবসা করলে শাপভ্রষ্ট হতে হয়।
মাস্টারমশাইয়ের সঙ্গে রেডিওর গোলমাল হয়ে গেল। হঠাৎ কর্তৃপক্ষ বললেন, গ্রেড ঠিক করার জন্যে পরীক্ষা নেওয়া হবে আবার। মাস্টারমশাই প্রশ্ন করলেন, কে নেবে সেই পরীক্ষা? কর্তৃপক্ষ বললেন, প্যানেল আছে। মাস্টারমশাই বললেন, সেই বিচারকগোষ্ঠীতে তো আমার থাকা উচিত। নিজেই নিজের পরীক্ষা কিভাবে নোবো!
ফর্ম ফেরত দিয়ে চলে এলেন। জীবনে আর কখনও ও-তল্লাট মাড়াননি।
অনেকে বললেন, তেমন অর্থ না থাক প্রচার তো ছিল। এত অহঙ্কার কি ভালো!
মাস্টারমশাই বলেছিলেন, অহঙ্কার নয়, অন্যায় আর অপমানের প্রতিবাদ। জাতশিল্পী না খেয়ে মরবে তবু অর্থ আর প্রতিপত্তির কাছে মাথা নোয়াবে না।
গুরুজীর কাছে একদিন এক বড়লোক এলেন তাঁর মেয়েকে নিয়ে। মেয়ে গান শিখবে। খুব সেজেগুজে, নানারকম গয়নাটয়না পরে এসেছে। কোনও এক ওস্তাদের কাছে গান শিখত আগে। গা দিয়ে ভুরভুর করে সেন্টের গন্ধ বেরুচ্ছে।
মাস্টারমশাই একপলক তার দিকে তাকিয়ে বললেন, ‘এর গান হবে না। আপনি বরং নাচটাচ শেখান।’
ভদ্রলোক বললেন, ‘কেন কেন?’
মাস্টারমশাই বললেন, ‘এর চরিত্র নষ্ট হয়ে গেছে। যে-বিনয় থাকলে কিছু শেখা যায় সেই বিনয়টাও এর নেই।’
‘কেন মাস্টারমশাই?’
‘আমাকে প্রণাম করেছে? আপনি,ওকে প্রণত হতে শিখিয়েছেন কোনওদিন? এই তো ঘরে আমার আরও তিনজন ছাত্রী বসে রয়েছে, কেউ ওর মতো সেজেছে? অসভ্যের মতো সেন্ট মেখেছে? শুনুন, অর্থ দিয়ে সঙ্গীত কেনা যায় না। সাধনা দিয়ে বরণ করতে হয়।’
ভদ্রলোক চলে যেতে যেতে বললেন, ‘আমি পশ্চিমা ওস্তাদ রেখে মেয়েকে গান শেখাবো, আর আপনি যদি বেঁচে থাকেন দেখিয়ে যাবো, ও আপনার চেয়েও বড় শিল্পী হয়েছে।’
মাস্টারমশাই বললেন, ‘হলে আমি খুশি হবো। তবে হবে না।’
সেই ভদ্রলোক পরে অর্থ আর প্রতিপত্তির জোরে মাস্টারমশাইয়ের পয়লা নম্বর শত্রু হয়েছিলেন। অমুকের ছাত্রী এই সুবাদে মেয়েকে দিয়ে বড় বড় কনফারেন্সে গান গাইয়েছেন। রেকর্ড বের করিয়েছেন পয়সা দিয়ে। অনেক চেষ্টা করেছেন, হয়নি কিছুই। আর যতই কিছু না হচ্ছে, সমালোচকরা,একেবারে তুলোধনে ছেড়ে দিচ্ছেন, ততই সেই ক্ষমতাশালী ভদ্রলোক, আর সেই কুৎসিত সুন্দরী, দু’জনে দু’রাস্তায় মাস্টারমশাইয়ের ক্ষতি করতে শুরু করলেন। ভদ্রলোক, ইংরেজিতে যাঁদের বলা হয় ‘ইনফ্লুয়েনসিয়াল’, সেই জাতের। রেডিওর সমস্ত ভবিষ্যৎ সম্ভাবনা আর মিটমাটের আশা ভেস্তে দিলেন। রেকর্ড কোম্পানির সঙ্গে চুক্তি বানচাল হয়ে গেল। ওই মেয়েটি জনে জনে বলে বেড়াতে লাগল, মাস্টারমশাই মদ্যপ এবং চরিত্রহীন। ছাত্রীদের সুযোগ পেলেই অন্যভাবে ব্যবহার করার চেষ্টা করেন। সেই ইনফ্লুয়েনসিয়াল মানুষ ইনফ্লুয়েন্স খাটিয়ে বড় বড় কনফারেন্স মাস্টারমশাইয়ের অংশ গ্রহণ বন্ধ করে দিলেন। মাস্টারমশাইয়ের ভ্রূক্ষেপ নেই। সারাদিন রেওয়াজ করছেন। গান লিখছেন। সুর দিচ্ছেন। আর সমঝদার কাউকে পেলে ঘণ্টার পর ঘণ্টা গেয়ে শোনাচ্ছেন, বিশুদ্ধ রাগরাগিণী। দেখাচ্ছেন সুরের সূক্ষ্ম প্রয়োগ। একেবারে আত্মভোলা শিল্পী। কে সংসার চালাচ্ছে, কিভাবে চলছে, বাইরের লোকের জানার উপায় ছিল না।
সেটা জানতেন তাঁর স্ত্রী। এই দুঃসময়ে তাঁর মুখের দিকে তাকালে মনে হত পাথরের মুখ দেখছি। স্থির দুটি চোখ। মুখে হাসি নেই, বিরক্তি নেই, কোনও ভাবই নেই। কাপের পর কাপ চা করে চলেছেন। মাস্টারমশাইয়ের প্রিয় খাদ্য ছিল পরোটা মাংস আর প্রতিদিনই তিন-চারজন অতিথি বাঁধা ছিল। কারুর না খেয়ে ফেরার উপায় ছিল না।
মাস্টারমশাইকে দেখে মনে হয়েছিল, বড় শিল্পীমাত্রেই শিশুর মতো। রাগের চেয়ে অভিমান বেশি। এই দেনাপাওনার পৃথিবীতে কে কার অভিমানের তোয়াক্কা করে! কার দায় পড়েছে গুণী শিল্পীকে বাড়ি বয়ে এসে সম্মান জানাবে! পাবলিসিটি আর ম্যানিপুলেশানের যুগ। মাস্টারমশাই এই সামান্য বৈষয়িক ব্যাপারটাই বুঝতে চাইলেন না। কেউ যদি বলতেন, সামান্য একটু কমারসিয়াল হও, মাস্টারমশাই তাঁর সঙ্গে কথা বলা বন্ধ করে দিতেন।
একবার এক চিত্রপরিচালক মাস্টারমশাইকে সঙ্গীতপরিচালক করলেন। বহুকাল পরে বউদির মুখে হাসি ফুটল। হঠাৎ একদিন নির্জনে আমাকে বলে ফেললেন, ‘সুমন, এতদিন পরে একটু আশার আলো দেখা গেল। মিউজিক ডিরেক্টার কত টাকা পায় সুমন?’
‘হাজার পনেরো-কুড়ি নিশ্চয় দেবে।’
‘যাক তাহলে কিছু গয়না ছাড়িয়ে নেওয়া যাবে।’
অন্যমনস্ক বলে ফেলেই ভয়ে কিরকম বিবর্ণ হয়ে গেলেন। তারপর হঠাৎ আমার হাত দুটো ধরে বললেন, ‘সুমন, তোমাকে ভেতরের কথা কিছু বলে ফেলেছি ভাই, উনি যেন কোনও রকমে জানতে না পারেন। তাহলে কুরুক্ষেত্র হয়ে যাবে।’
একদিন গিয়ে দেখি, ঘরে যে বড় কাশ্মিরী কার্পেটটা পাতা থাকত, সেটা নেই। তার জায়গায় পাতা হয়েছে একটা জুট কার্পেট। এক ফাঁকে ভেতরে গিয়ে জিজ্ঞেস করলুম, ‘বউদি, সেই সুন্দর কার্পেটটা?’
ছলছলে চোখে তাকালেন। কি ব্যাপার?
ব্যাপার শুনে স্তম্ভিত। সেই চিত্রপরিচালক হাজার পাঁচেক টাকা অ্যাডভান্স করেছিলেন। মাস্টারমশাই সিচুয়েশান বুঝে অনেক খেটে অসাধারণ সুর করেছিলেন। ডিরেক্টার, প্রডিউসার শুনতে এলেন। সঙ্গে এলেন শিল্পীরা, যাঁরা গাইবেন। কাপের পর কাপ চা, ভূরিভোজ। গান শুনে প্রডিউসার বললেন, ‘সুর আপনার ভালই হয়েছে, তবে বড় সেকেলে। এসব সায়গল-টায়গলের আমলে চলত। এখন মডার্ন জিনিস চাই। বেশ লাগাই। গান হিট না করলে ছবি ঝুলে যাবে। যে-গান সকলের মুখে মুখে ঘুরবে সেই গানই হিট গান। আপনি এক কাজ করুন, ভাল ভাল ইংরেজি গানের রেকর্ড শুনুন।’