মেঘের গুড়গুড় শব্দে চমকে উঠল শিউবচন। আচমকা একটা ঝড়ো হাওয়ায় তার ঘামে ভেজা চন্দনে লেপা শরীরটা জুড়িয়ে গেল। সামনের খতিয়ানের পাতাগুলি বেহিসাবির মতো ফড়ফড়িয়ে উঠল হাওয়ায়।
সে মুখ তুলে দেখল, উত্তর-পশ্চিম কোণ থেকে কালো মেঘ যেন হাজার ঘোড়ার গাড়ি ছুটিয়ে তীব্র বেগে ছুটে আসছে। কালো ধুলোর মতো সে মেঘ আকাশ ছাইছে, হিলিবিলি বিজলির মালা ঝলকাচ্ছে, সোঁ সোঁ শব্দে মাথা খুঁড়ছে দূরের গাছগাছালি।
শিউবচনের বিস্মিত মুখে ছড়িয়ে পড়ল অসহ্য খুশির আবেগ। তখনও হিসাবের মাঝপথে বুড়ো আঙুল তার কড়ে আঙুলের রেখায় ঠেকে ছিল। তাড়াতাড়ি খতিয়ান গুছিয়ে বেঁধে সে উঠে দাঁড়াল। কাল বৈশাখীর আকাশের দিকে তাকাল যেন সে বহুদিন পরে তার আরাধ্য দেবতার দেখা পেয়েছে। আচমকা, অপ্রত্যাশিত ভাবে।
দেখল ঝড়ের মাতন লেগেছে গঙ্গার বুকে। আর বেশিদিন নয়; এবার গঙ্গার টলটলে জল হয়ে উঠবে লাল, শুকনো খরো মাটির বুক ভাসিয়ে উঠে আসবে অনেক দূরে, উঁচুতে এই শিউবচনের নৌকার কাছে। শুকনো ডাঙায় আটকানো নাও ভাসবে, শুরু হবে তার সারা বছরের হাপিত্যেশ করা ব্যবসা, জেলা থেকে জেলায়, গ্রাম থেকে শহরে। নাও ভাসবে ইট, বালি, টালি, চুন, সুরকি আরও কত কী নিয়ে। বর্ষাকালে যে সব মালপত্র নিয়ে কারবার চলে সবই।
সে তাকাল তার নৌকার দিকে। আহা, নৌকা তো নয়, মস্ত বড় একটা বাড়ি বসানো রয়েছে গঙ্গার ধারের মাঠে। বারো জন মাঝি আর দুটো দাঁড়ি একে সামলায়। গাব ফলের মাড় দিয়ে নিকনো ছই চকচক করছে। ছই নয়, বাড়ির ছাদ। শক্ত কাঠে চওড়া পালিশ করা মাস্তুল উঠে গিয়েছে আকাশে। মাথায় তার তে-কোনা লাল নিশান। বজরংবলীর নিশান। বছরে ছ-সাত মাস তার এই নৌকার খোলেই কেটে যায়। বাদ-বাকি সময় নৌকো ভাড়া খাটে। তখন অদূরের ওই সাধুবাবাদের আড্ডার কাছে ছোট একটা ছিটে বেড়ার ঘরে সে আশ্রয় নেয়।
আর আছে তার গোটা পঞ্চাশ মাঝারি পিপে। এগুলি সে বারোমাসই ভাড়া খাটায়। কিন্তু আসল ব্যবসা তার নৌকা ভাড়া খাটানো। তাই বর্ষার প্রথম সঙ্কেতে তার মুখে চোখে ঝলকে উঠেছে খুশি। হাসিতে বেরিয়ে পড়েছে তার ফোগলা দাঁত। গোঁফদাড়িহীন কামানো কালো মুখে রেখায় রেখায় ছড়িয়ে পড়েছে লুব্ধ হাসির ঢেউ। কপালেও হিলিবিলি বিজলির মতোই রেখা এঁকে বেঁকে উঠছে। এ তো মেঘগর্জন নয়, সে শুনছে টাকার ঝনঝনানি।
বয়স হয়েছে শিউবচনের। তার কালো গায়ের লোমে পাক ধরেছে। কুঁচকে গিয়েছে চামড়া। কিন্তু পোষ্টাই হাড়ে তাকে এখনও শক্ত বলে মনে হয়। সব সময় সে ঝুঁকে দাঁড়ায়। চলেও ঝুঁকে। সে জন্য মাথাটা তার নুয়ে থাকে। তাকাবার সময় চোখ দুটো এমন ভাবে তোলে মনে হয় একটা কালো জাম্বুবান। চোখ দুটো তার অদ্ভুত। এতটা গর্তের মধ্যে ঢোকানো যে চট করে দেখাই যায় না। নজর করলে দেখা যায় সেখানে শাদা অংশ নেই, শুধু দুটো কালো মণি। সে চোখে একটা উদগ্র ও হকচকানির ভাব সবসময় লেগেই আছে।
এই শিউবচনের টাকার প্রতি লোভ অপরিসীম, তবু ভকত বলে তার খ্যাতি আছে। নিজের ব্যবসাগত কাজ বাদ দিলে সারা দিন কাটে তার সাধুদের সঙ্গে। বাইরের লোকালয়ের সঙ্গে তার কোনও যোগাযোগ নেই। কখনও গাঁজা খেয়ে, ধর্মালোচনা করে কিংবা রামায়ণ মহাভারত পড়েই তার দিন কেটে যায়। শুধু ভক্তি নয়, সাধুদের প্রতি তার একটা দুর্বলতাও আছে। বিদেশে বাংলার এই নিরালা গঙ্গার ধারে থেকে সে যে টাকা রোজগার করে সেই টাকা দিয়ে মাঝে মাঝে সাধুদের অসম্ভব দাবি মেটাতে ও কোনও সঙ্কোচ বোধ করে না। মনে মনে কোনও সময় আপত্তি থাকলেও নিজেকে চেপে রাখতে পারে না সে। অথচ নিজের জন্য এক পয়সা খরচেও দারুণ কার্পণ্য তার। এবং সাধুদের অনেককে দেখা যায়, তাকে রীতিমতো ঠাট্টা বিদ্রূপ করে, হাসাহাসি করে তাকে নিয়ে। কিন্তু একটা অদৃশ্য শিকলে যেন সে বাঁধা রয়েছে এখানে। কোনও কোনওদিন সাধুদের সঙ্গে ঝগড়া হলে সে বুক চাপড়ায়, এমনকী চেঁচিয়ে একাকার করে। অথচ কোনওদিন চলে যায় না। শুধু ভগবানকে অভিযোগ জানিয়ে সে শান্ত হয়ে যায়।…
কাল বৈশাখীর ঝড়ের ঝাপটার সঙ্গে বড় বড় ফোঁটায় জল নেমে এল। কিন্তু কীসের ভাবনায় যেন শিউবচন বিভোর হয়ে গিয়েছে। হাসি নেই, তার সারা মুখে একটা সোহাগের স্নিগ্ধতা দেখা দিল। তার একমাত্র মা-মরা ছেলের কথা মনে পড়েছে তার। দশ বছর সে তাকে দেখেনি। ঘর ছেড়ে বেরিয়ে আসবার সময় ছেলেকে সে তার শালির কাছে রেখে এসেছিল। তখন ছেলের বয়স দশ। তারপর আর কোনওদিন দেখা হয়নি।
ভাবতে ভাবতে বেদনায় ও নিঃশব্দ কান্নায় তার মুখটা বোবা জানোয়ারের মতো বিকৃত হয়ে উঠল। তার মরা বউয়ের কথাও মনে পড়েছে। বউ মরার পর থেকেই সে সাধুদের পিছনে ঘুরত। কিন্তু ঠিক সাধু সে হতে পারেনি। পয়সা রোজগারের প্রতি একটা টান তার থেকে গিয়েছিল। অথচ সমাজ জীবনে ফিরে যেতেও পারেনি। জীবনের কোথায় তার একটা অসামঞ্জস্য প্রকট হয়ে রয়েছে যাতে সে ঘরেও যেতে পারেনি, ঘাটেও পুরোপুরি আসতে পারেনি।
আজকে এই মুহূর্তে ছেলের কথা মনে হতেই তার বুকটা টনটনিয়ে উঠল। এমন করে ছেলের বিরহ তার আর কোনওদিন বাজেনি। হঠাৎ সে স্থির করে বসল, ছেলেকে সে একবার তার কাছে নিয়ে আসবে, ব্যবসার কাজকর্ম শেখাবে তাকে। শেষ পর্যন্ত ছেলে ছাড়া তার আছেই বা কে?
নৌকার ভিতরে যেতে যেতে সে হাঁক দিল, ফুলবর্ষিয়া! বর্ষিয়া রে!
ঝড়ের সোঁ সোঁ শব্দের মধ্যে সাধুদের আস্তানার দিক থেকে একটা মেয়েলি গলা ভেসে এল, যাই।
পরমুহূর্তেই একটা খিলখিল হাসি ঝড়ের শব্দের সঙ্গে উধাও হয়ে গেল।
দেখা গেল একটি মেয়ে ছুটে আসছে নৌকার দিকে। হাওয়ার দাপটে উড়িয়ে নিচ্ছে তার কাপড়, সাজি মাটি মাখা এলোচুল এসে ঝাঁপিয়ে পড়ছে তার চোখে মুখে, ধুলোয় চোখ বুজে গিয়েছে। তাড়াতাড়ি মই বেয়ে সে নৌকার খোলের মধ্যে ঢুকে পড়ল।
তার সারা গা খোলা। শুধু বুকের কাছে হাত দিয়ে আঁচল চেপে ধরেছে। দীর্ঘ বলিষ্ঠ চেহারা মেয়েটির। মাজা মাজা রং। ছোট ছোট উজ্জ্বল চোখে ও পাতলা ঠোঁটের কোণে তার অদ্ভুত অবজ্ঞা ও বিদ্রুপের হাসি চমকাচ্ছে। বয়স প্রায় উনিশ কুড়ি। সে ঠিক সুন্দরী নয়, কিন্তু একটা অসহ্য সৌন্দর্যের ধার তার সর্বাঙ্গে। তার উপর সাজি মাটি মাখা এলোচুলে ও বাঁকা হাসিতে সৌন্দর্য তার বন্য হিংস্রতা পেয়েছে। সাপের মতো বেড় দেওয়া রয়েছে তার গলায় রূপার হাঁসুলি।
সাধুদের আস্তানায় কিংবা শিউবচনের মতো প্রায় বুড়ো ব্যবসায়ীর নৌকার খোলে সে একেবারে মূর্তিমতি বেমানান। পথের মাঝে বিপথের ধাঁধার মতো।
তেজী গলা সপ্তমে চড়িয়ে বলল সে, চিল্লিয়ে মরছ কেন? ক্যা হুয়া?
শিউবচন তখন ছেলেকে আমন্ত্রণের আনন্দে মশগুল। এক মুহূর্ত সে হাঁ করে লুব্ধ চোখে ফুলবর্ষিয়াকে দেখে বলল, জলদি একটু কাগজ দে। চিঠি লিখব।
মরণ! তোমার আবার আছে কে যে চিঠি ভেজবে?
অমনি রাগে কুঁচকে উঠল শিউবচনের মুখটা। কিন্তু কিছু বলল না। ভাবল হারামজাদি ওই জোয়ান খচ্চর সাধুগুলির কাছে আসকারা পেয়ে বড্ড বেড়ে উঠেছে। ওকে কড়া হাতে সজুত না করলে হবে না।
কিন্তু ভাবা পর্যন্তই। একটু পরেই সে কথা ভুলে যাবে শিউবচন। না গেলেও মুখে অন্তত আনবে না।
ছোট একটা কুলঙ্গি থেকে এক টুকরো কাগজ শিউবচনের দিকে ছুঁড়ে দিয়ে ফুলবর্ষিয়া এক মুহূর্ত কী ভাবল। তারপরে হঠাৎ চুল এলিয়ে দিয়ে চিত হয়ে শুয়ে গুনগুন করে উঠল :
অব দিন্ বিদ যাতি, কিষেন্ কা ভেট না মিলল হো।
শিউবচন তার গর্তের ভিতরে ক্রুদ্ধ চোখ দুটো দিয়ে তাকে দেখে নিল। তারপর দোয়াতের ভেতর কলম ডুবিয়ে নিয়ে মাত্রাহীন দেবনাগরী ভাষায় লিখে চলল, মেরা পয়ারে বেটা রামবচন…
বাইরের হাওয়ার ঝাপটা এসে আছড়ে পড়ছে ছইয়ের বেড়ায়। ডাঙার বাঁশের ঠেকো দিয়ে রাখা নৌকাটা ঝড়ে দুলছে যেন জলে ঢেউ কেটে চলার মতো।
ফুলবর্ষিয়া তখনও গুনগুন করছে। ও হচ্ছে শিউবচনের আর এক কীর্তি। মেয়েটা মুলুক থেকে এসেছিল বছর তিনেক আগে তার স্বামীর সঙ্গে। ভিতরে শহরে একটা বস্তিতে সে থাকত। স্বামী কাজ করত চটকলে। দু বছর পরে স্বামী মরে যেতে ওর ভাসুর তিনশো টাকায় বিক্রি করে দেয় শিউবচনের কাছে।
শিউবচন নিজে মনে করে ব্যাপারটা হঠাৎ ঘটে গেছে। একটা চিরাচরিত কৈফিয়তও দিয়েছিল সে; বিদেশে পড়ে আছি, বয়সও হয়েছে, দেখাশোনা করার একটা লোক না হলে আর চলে না।
অবশ্যই আওরতলোকের কথাই বলছে সে। সেইদিন থেকে আর একটা নতুন রকমের লোভানি ফুটে উঠল তার চোখে। সকলের অগোচরে রাখা তার জমানো টাকার পুঁটলিটা যেমন করে সে হাতে নিয়ে দেখে, ফুলবর্ষিয়ার দিকে তাকালে তেমনি একটা লোলুপতায় চকচক করে ওঠে তার মণি দুটো।
ফুলবর্ষিয়া প্রত্যহ ভাসুরের মার ও নির্জলা উপোসের হাত থেকে রেহাই পেয়েছিল বটে কিন্তু যেমন শান্তশিষ্ট ঘরওয়ালি বহুর মতো ঘোমটা টেনে সে এসেছিল, দু মাস না যেতে দেখা গেল সে নির্লজ্জ আর অবাধ্য হয়ে উঠেছে। মুখে যার রা ছিল না সে হয়েছে মুখরা ও বিদ্রূপভাষিণী। বিশেষ করে শিউবচনের প্রতি তার ঘৃণা ও অবজ্ঞার সীমা নেই। গঙ্গার ধারের সাধুঘাটের দেবলোকের নির্জনতা তার হাসিতে চমকে উঠে নতুন রূপে উদ্ভাসিত হয়ে উঠল। দিনে রাত্রে সে হাসি এক অশরীরী সত্তার মোহ ও ভয় ছড়িয়ে দিল জায়গাটাতে।
কিন্তু আশ্চর্য! এ ব্যাপারে সাধুরা কেউ আপত্তি করেনি। তাদের ভাবখানা যেন নতুন একটা খোরাক পেয়ে খুশি হয়েছে তারা। বিদ্রূপ ও দৌরাত্ম্যের মাত্রাটা বাড়ল শিউবচনের উপর। এমনকী ফুলবর্ষিয়ার তিক্ততাটা টের পেয়ে, সাধুরা সুযোগ পেলেই তাকে লেলিয়ে দেয় শিউবচনের বিরুদ্ধে। আর পিছনে দেয় হাততালি।
তারপর দিনই শিউবচন গাড়ি ভাড়ার টাকা আর চিঠি পাঠিয়ে দিল ছেলের নামে। প্রায় দিন দশেক বাদে ছেলে এসে হাজির হল এখানে।
.
ভর দুপুরে রামবচন এসে যখন দাঁড়াল তখন তাকে বোঝা যায় যে, সে অপরিচিত এবং বিদেশি হৃষ্টপুষ্ট শক্ত কালো জোয়ান। শুধু রাত্রি জাগা নয়, তার সারা শরীরে ও চোখে মুখে বিহারের রুক্ষতা। ইতিমধ্যেই মোটা কালো ঘন গোঁফ তাকে গম্ভীর করে তুলেছে। অপরিচিত পরিবেশে ও কৌতূহলে চোখের দৃষ্টি কিশোরের ঔৎসুক্যে ভরা। গলায় একটা লোহার মাদুলি। ছেড়া কামিজের ফাঁক দিয়ে বুকের মাংসপেশি দেখা যাচ্ছে। মাথায় গামছা বাঁধা। লাঠির ডগায় ছোট একটা পুঁটলি।
সাধুদের আস্তানার অদূরেই সে থমকে দাঁড়াল। রাস্তাটার দুপাশে ঝোপঝাড়। এদিকে ওদিকে কৃষ্ণচূড়ার ডালে ডালে ফুলের সমারোহ। বটের তলায় ঘুমোচ্ছে কয়েকজন সাধু। বাঁ দিকের মাঠের ওপর নৌকা। জোয়ারের ভরা গাঙ বয়ে চলেছে উত্তরে। চারিদিক নিঝুম।
এমন সময় চমকে দিয়ে বুনো ঝোপের জঙ্গল নড়ে উঠল আর তার ভেতর থেকে হুড়মুড় করে বেরিয়ে এল ফুলবর্ষিয়া। গায়ে জামা নেই, আঁচল তেমনি চেপে ধরা। রামবচনকে দেখেই সে থমকে দাঁড়াল। চকিতে তার চোখে আলো ফুটে উঠল। দেখেই সে বুঝে নিয়েছে, এ এক আনকোরা, মুলকি আদমি। আর শিউবচনের ছাপও রয়েছে জোয়ান মানুষটার মুখে।
সে ঠোঁট টিপে হেসে বাঁকা চোখে তাকিয়ে বলল, কী হো মরদ, কোথা থেকে আসছ? রামবচনের অজ পাড়াগেঁয়ে মন একটু ভড়কে গেল। কিন্তু ফুলবর্ষিয়ার চাউনি যেন তীরের ডগায় রং মাখিয়ে ছুড়ে মারল তার বুকে। তবু হাসতে সাহস পেল না সে। বারকয়েক গোঁফ হাতিয়ে সে বলল, মু থেকে আসছি।
মুলক কঁহা বটে?
বিহার।
আচ্ছা। সংশয় কাটল খানিক ফুলবর্ষিয়ার। তার বাঁকা চোখের তীব্র ক্ষুধার্ত দৃষ্টি খুঁটিয়ে খুঁটিয়ে দেখল রামবচনকে। তারপর কী মনে করে সে তাড়াতাড়ি আঁচল দিয়ে শরীর ঢাকল। পর মুহূর্তেই ফিক করে একটু হেসে বলল, তা এধারে কোথা যাওয়ার মন করেছ?
সঙ্কোচের মধ্যেও একটু রঙের ছোঁয়া লেগেছে রামবচনের অপরিচিত চোখে। এবার বারকয়েক গোঁফে পাক দিয়ে, আর খানিকটা গম্ভীর হয়ে বলল, আমি শিউবচনের বেটা রামবচন। বাপ আমার কারবারি। এই গঙ্গা কিনারে..।
হাঁ? কথার মাঝেই বলে উঠল ফুল
