Home
প্রবাসে

প্রবাসে

সঞ্জীব চট্টোপাধ্যায়

প্রবাসে

সঞ্জীব চট্টোপাধ্যায়
short story

Posted byবেলা 26-May-2025

Change color


কয়েক সেকেণ্ড হল মারা গেছি। সময়টা ভোর। সূর্য সবে উঠেছে। দিন শুরু হবার আগেই আমার দিন শেষ হয়ে গেল। মৃত্যুর সময়টাতে আমার একটু কষ্ট হয়েছিল। বুকের কাছটায় সামান্য অস্বস্তি। খেতে খেতে জলের অভাবে উদগার আটকে গেলে যেমন হয় অনেকটা সেইরকম কষ্ট। পাশে শুয়ে থাকা স্ত্রীকে অল্প ঠেলা মেরে বলেছিলুম—হ্যাঁগা, এক ঢোঁক জল খাওয়াবে? কিছুই না, দু-হাত দূরেই কুঁজো, গেলাস। দিলেই পারত। তবু শেষ সময়ে মুখে জল দেবার পুণ্য অর্জন করে আমার পরেই ন্যাজ নেড়ে নেড়ে স্বর্গে আসত। সুযোগ দিয়েছিলুম। ইউটিলাইজ করতে পারল না। লেপের ভেতর থেকে ঘুম জড়ানো গলায় বলেছিল, একটু পরেই তো চা খাবে, সাতসকালে খালি পেটে জল খেয়ে কী হবে! কলকাতার জল না বিষ! যত কম খাওয়া যায়—হাঁ, ই।


সেই বিখ্যাত হাই। গত ষোলো বছর ধরে হাই, হাঁচি আর ঢেঁকুর তুলে তুলে আমাকে অতিষ্ঠ করে মেরেছে। সারা শীত সকালে মিনিমাম সত্তরটা হাঁচি। তাও মাঝে মাঝে একটা একটা করে নয়। সব জোড়া জোড়া। যেন মেল-ফিমেল পেয়ার। প্রথমটা মদ্দা হাঁচি, দ্বিতীয়টা মাদী হাঁচি— ফিঁচিত। কখনো একটা মদ্দার পেছনে দুটো মাদী। রান্নাঘর থেকে বসার ঘর সামান্য দূরত্বে। চায়ের কাপ হাতে এগিয়ে আসছে। হাঁচি। ভঙ্গিটা দেখতে পাচ্ছি। হাতে ধরা কাপটা সামনে এগিয়ে ধরেছে দেবতাকে ফুল দেবার মতো করে। মুখটা যেকোনো একপাশে ঘোরানো। এক একটা হাঁচি বেরিয়ে আসছে, শরীরটা দুলে দুলে উঠছে। ছলকে ছলকে চা পড়ছে ডিশে। অর্ধেক ডিশে, অর্ধেক কাপে, সকালের চায়ের এই ছিল ছিরি। বিবাহিত জীবনের প্রথমদিকে কোরা বউয়ের সবকিছুই মধুর লাগত। ইদানীং সব কিছুই অসহ্য মনে হত। ঠুকঠাক, ঢিসঢাস—সারাদিন একটা না একটা নিয়ে লেগেই থাকত।



অকাতরে ঘুমন্ত স্ত্রীর পাশে খুব একটা হাঁকডাক না করেই আমি বেশ সহজেই মরে গেলুম। তেমন কোনো বড়লোক হলে আমার মৃত্যু-সংবাদটা এইভাবে লেখা হত—পাসড অ্যাওয়ে পিসফুলি। জল না পেয়ে দু-চারবার খাবি খাওয়ার মত হল। তারপর ফস করে মুখ দিয়ে কী-একটা বেরিয়ে গেল। তখন বুঝিনি ওটা আমার শেষ নিশ্বাস। ‘আমি যে শেষ নিশ্বাস ত্যাগ করিলাম তাহা বুঝি নাই।’


এখন একটা অদ্ভুত ব্যাপার লক্ষ করছি। বুকের কাছে যন্ত্রণাটা নেই দেখে হাত দুটো ভাঁজ করে বুকের ওপর রাখার ইচ্ছে হল। ইচ্ছেটাই হল। হাত দুটো নড়ল না। দেহের দুপাশে এলিয়ে পড়ে রইল। অনেকদিন আগে আমার রেডিয়োর টিউনিং কর্ডটা কেটে গিয়েছিল। নবটা ঘোরাই, ফস ফস ঘুরেই যায় কাঁটাটা আর নড়ে না। আমার ইচ্ছেটাও কেমন যেন ফসফসে হয়ে গেছে। তারপর মনে হল পা দিয়ে বউয়ের পায়ে একটা খোঁচা মারি। পাটাকে নাড়াতেই পারলুম না। মনে হল বউয়ের দিকে মুখ ফিরিয়ে বলি—জল দিলে না তো বয়েই গেল, আমার পরাণ পাখি বেরিয়ে গেছে। মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না।


যাক, দেহটা ইউজলেস হয়ে গেছে। এর মধ্যে চুপ করে বসে থাকলে পুড়ে মরতে হবে। আমি মিশরের কোনো ফারাও নই যে আমাকে আমচুরের মতো মশলা দিয়ে কাঁচের বয়ামে সরষের তেলে জারিয়ে রেখে দেবে। ওষুধের শিশির গায়ে যেভাবে লিখে রাখে সেইভাবে লিখে রাখব— নট টু বি টেকন, ফর একস্টার্নাল অ্যাপলিকেশান ওনলি। সতী হবারও ইচ্ছে নেই যে আমার শরীরটার পেছনে পেছনে প্রাণনাথ, প্রাণনাথ করতে করতে সহমরণে ছুটব। শয্যাত্যাগের মতো দেহটা ত্যাগ করতেই হবে। দেখছি। কীর্তনীয়াদের মত গাইতে ইচ্ছে করছে—ভবের খেলা সাঙ্গ হল পারের খেয়া ধরি। কোন রাস্তায় বেরোই! নবদ্বারের কোন দ্বারটি প্রকৃষ্ট হবে! নীচের দিকের দরজা দিয়ে বেরোবো না। বেরোতে হলে ঢাকা খুলেই বেরোবো, যেভাবে যুদ্ধবিমানের বৈমানিক ককপিটের আবরণ খুলে বেরিয়ে আসে, যেভাবে সৈনিক বেরিয়ে আসে আণ্ডারগ্রাউণ্ড শেল্টার থেকে গোল ফোকরের ঢাকা খুলে।



বা:, কী সুন্দর লাগছে। অ্যা, ছিছি এতকাল কোথায় ঢুকে বসেছিলুম! ওই কি একটা বসবাসের উপযুক্ত ভদ্রগোছের বাসস্থান ছিল? যেন সরকারি আবাসন প্রকল্পের নিম্নআয়ের ফ্ল্যাট। আমকাঠের জানলার পাল্লার মতো দুটো কেলে ঠোঁট ফাঁক হয়ে আছে। দাঁতের গ্রিলে বহুকাল রং পড়েনি। দেহের বাইরেটা নোনাধরা, পলেস্তারা খসা দেয়ালের মতো। কোনো রাজমিস্ত্রীর ক্ষমতা নেই—এ বস্তুর কিছু করে! এর যেমন প্ল্যান, তেমনি গঠন, তেমনি মালমশলা। ফ্যামিলি ফিজিসিয়ান ঠিকই বলেছিলেন—ও আর কিছু হবার নয় মশাই। ওষুধে কি আর যৌবন ফেরে? যাহা যায়, তাহা যায়। ভালোই হয়েছে। ঝলঝলি, খলখলি জিনিসটা গেছে বাঁচা গেছে। সেকেণ্ড হ্যাণ্ড, থার্ডক্লাস একটা জিনিস বয়ে বেড়াবার মেলা খরচ। সাধুবাবার সেই সেকেণ্ড হ্যাণ্ড গাড়িটার মতো। দিনকতক পুষে বাপ বাপ করে জলের দরে ঝেড়ে দিয়ে এল। বাড়ি বিক্রি হয়, গাড়ি বিক্রি হয়, মরা গাছ কেটে বিক্রি হয়, মরা দেহ তো আর বিক্রি হয় না। হলে গেরস্তের কিছু সুবিধে হত। শুনেছি হাড়ের খাঁচাটার কিছু দাম আছে।


আমি এখন আমার পরিত্যক্ত দেহটার ওপর ভাসছি। ইংরেজিতে যাকে বলে হোভারিং, শীতকালে পল্লির মাথার ওপর ঝুলে থাকা খোলা উনুনের ধোঁয়ার মতো। যখন জীবিত ছিলুম তখন অবশ্য রোজ সকালে ছোটো একটা আয়নায় নিজের মুখটা দেখতে বাধ্য হতুম। প্রমাণ মাপের আয়না ছিল না তাই মাঝেমধ্যে গ্র্যাণ্ড টেলার্সের বড়ো আয়নায় প্যান্টের ট্রায়াল দিতে গিয়ে গোটা শরীরটা ঘুরিয়ে ফিরিয়ে মনের সুখে দেখে নিতুম। সে দেখা ছিল ভেতর থেকে নিজের প্রতিফলন দেখা। ছায়া দেখা। এমনভাবে দেখার সুযোগ কোনো দিন পাইনি। দ্রষ্টা আর দ্রষ্টব্য এখন আলাদা, এক নয়। যৌবনে স্ত্রীর শরীরের ওপর যেভাবে ঝুঁকে থাকতুম ঠিক সেইভাবে আমি ঝুঁকে আছি আমার শরীরের উপর। আমার এই অবস্থাটা আমি ঠিক ধরতে পারছি না, বোধ হয় বায়বীয় অবস্থা। সারা মশারিতে আমি ছড়িয়ে আছি খুব হাল্কা একটা গ্যাসের মতো।



খুব মায়া হচ্ছে। এতদিন তেমন করে কেউ দেখল না এই শরীরটাকে। চোখের কোণে একপুরু কালি। মুখটা ভেঙে গেছে। চামড়া কুঁচকে গেছে। চুল উঠে গেছে, কাঁচাপাকা একখাবলা রোঁয়া। গলকম্বলটা ঠেলে উঠেছে। দুটো কন্ঠা বেরিয়ে পড়েছে। বিধ্বস্ত বিপুল চট্টোপাধ্যায় বসবাস করতেন এই বোনহাউসে। জীবনের হাতে খুব মার খেয়েছে বেচারা, বেধড়ক মার। বোকা, সেন্টিমেন্টাল, অপদার্থ। লোকটার কোনো চরিত্রই ছিল না, না ভালো, না খারাপ। বিষয়বুদ্ধিও ছিল না।


বিপুলের বউ হঠাৎ শুয়ে শুয়েই মশারি তুলে একটা পা খাটের বাইরে ঝুলিয়ে দিল। এইবার উঠছে। আমার বউ আর বলি কী করে! মহিলা এখন মৃত বিপুলের বউ। ভাগ্যিস পাশ থেকে খসে পড়ার মতো খাট থেকে উঠে গেল তাই। তা না হলে যদি ধরে ফেলত যে আমি মরে গেছি, অ্যায়সা চমকে উঠত! ভয়েই মরে যেত। একটু জল চেয়েই তো আমি মরে গেছি। যেই ভাবত একই লেপের তলায় মৃতদেহ নিয়ে শুয়ে আছে, হাঁউমাউ করে সাতসকালেই লোক জড়ো করে ফেলত। ভদ্রমহিলার হাঁউমাউটা চিরকালই একটু বেশি। কান্ডজ্ঞান নেই বললেই চলে। জীবনটা কেবল একসার অভ্যাস।


সূর্যোদয়ের মতো সংসারাকাশে চন্দ্রোদয় হল। কাজের চেয়ে হাঁকাহাঁকি, ডাকাডাকিটাই বেশি। সব সময়ই বিরক্ত। এই বস্তুটিকে সুখী করতে গিয়েই বিপুলবাবু কাহিল হতে হতে এই কিছুক্ষণ হল পটল তুলেছেন। এইবার মজাটা বেশ জমবে। উনুনে আগুন দিয়েই বাথরুমে ঢুকবে। বেরিয়ে এসেই চা বসাবে কেরোসিন স্টোভে। চায়ের খরচ কমাবার জন্যে পাতা আর জল একসঙ্গে ফুটিয়ে একটা পাঁচন মতো তৈরি করবে। তাগড়া একটা গেলাসে সেই মাল ধরে দিত বছরের প্রতিটি দিন। কখনো অল্প তেতো, কখনো হাকুচ। বিপুলের সবই অভ্যাস হয়ে গিয়েছিল। কখনও বলত না—অ্যাঃ, কি যাচ্ছেতাই চা যে করেছ? গরমজল ভেবে, ওষুধ ভেবে খেয়ে নিত।



ওই যে আবার ফিরে আসছে। এবার আর খাটের কাছে আসবে না। দরজা-গোড়া থেকে হেঁকে বলবে—‘কী উঠলে? চা ঠান্ডা হয়ে গেলে জানি না’। এ কী হল? আজ যে বড়ো ঘরে ঢুকে সোজা খাটের দিকে এগিয়ে আসছে। কে জানে, কিছু বোধ হয় মনে পড়েছে! অমঙ্গল, মৃত্যু, শুনেছি ছায়া ফেলে। বাথরুমে ঢুকে হয়তো মন বলেছে—একবার দেখে আয় তো, লোকটা বেঁচে আছে না মরে গেছে! কাল রাত দেড়টা অবধি লোকটার সঙ্গে ধুম ঝগড়া হয়েছে। বারে বারে বলেছে—শরীরটা আজ বড়ো খারাপ। একদিন অন্তত ঝগড়াটা বন্ধ থাক না। কাল হবে, কাল হবে, ফুল স্ট্রেংথ নিয়ে।


কে কার কথা শোনে? গত ষোলো বছর বিপুল নাকি বউয়ের ওপর কেবল অত্যাচারই করেছে। জীবনের কোনো সাধ আহ্লাদই মিলল না। অন্য কোনো মহিলার হাতে পড়লে বিপুলের বারোটা বাজিয়ে দিত। পেছনের কাপড় খুলে নিত। মাঝরাতে আদর করে বিপুল গায়ে একটা হাত রেখেছিল। সেই হাত ছুঁড়ে ফেলে দিয়ে তেজ করে সরে শুতে শুতে বলেছিল, একতরফা কিছু হয় না। পেতে হলে ছাড়তে হয়। তোমার সুখের শরীর, ঘুমের ব্যাঘাত কোরো না।


ঘরে ঢুকতে ঢুকতে বলছে—বেড়ে আছ! বেলা আটটা অবধি পড়ে পড়ে ঘুম! উঠেই চিৎকার, দেরি হয়ে গেল, দেরি হয়ে গেল! উঠে পড়ো, চা হয়ে গেছে।



মশারির কোণটা তুলে, বালিশের তলা থেকে দু-কানের দুটো রিং খুঁজে নিয়ে পরতে পরতে ঘরের বাইরে চলে গেল। মনে হল ডেকে বলি—ওহে, চায়ের আর তাড়াও নেই, চাহিদাও নেই। বিপুল মারা গেছে। আমার কোনো কন্ঠস্বর নেই। অনুভূতিটাই কেবল আছে। বিপুলের গলাটা পেলে হয়তো বলা যেত। কিন্তু দেহ থেকে আমি যে বহিষ্কৃত।


কাল রাতে বিছানায় শখ করে নতুন একটা ফ্ল্যানেলের বেডকভার পাতা হয়েছিল। সেই চাদরটার সম্মানে বালিশের নতুন ওয়াড়, লেপেও তাই। মশারিটাও প্রায় নতুন। কাটা ডি. এ. ফেরত পেয়ে তৈরি করিয়েছিল ছোবড়ার পুরু গদি। সমস্ত নষ্ট করে ফেলেছে বিপুল। বুঝতেই পারেনি মরতে চলেছে। বমি যেমন চাপা যায় না, বেগ যেমন ধারণ করা যায় না, মৃত্যুও তেমনি চাপা যায় না। শীতকাল না হলে গড়িয়ে মেঝেতে গিয়ে দুম করে পড়ত। ঠাণ্ডার ভয়ে লেপ ছাড়তে ইচ্ছে করেনি। বেচারা লেপের তলায় মজা করে মরেছে। অনেকগুলো টাকা জলে গেল। সব মাল পাবে শ্মশানের মানুষরা। খাটটা কী করবে কে জানে! সাংঘাতিক ভালো খাট। সাবেককালের জিনিস। বার্মাটিক। বাজারে এখন হাজার বারো-শো দাম তো হবেই। কোনো ছোঁয়াচে অসুখে যখন মৃত্যু হয়নি তখন একটু গঙ্গাজল ছিটিয়ে রেখে দিলেই পারে। কতরকমের কুসংস্কার আছে। বলবে মড়ার খাটে শুতে গাটা কীরকম ছমছম করে। মনে হয় মাঝরাতে মাথার কাছে লোকটা এসে দাঁড়িয়ে থাকে। ভীষণ লোভ ছিল তো। সহজে ছেড়ে যেতে পারছে না। অতৃপ্ত আত্মা ভূত হয়ে ঘুরছে। ‘পারো তো গয়ায় গিয়ে একবার পিন্ডি দিয়ে এসো। পিন্ডিকে পিন্ডি হবে, বুদ্ধগয়াটাও দেখা হবে।’ বিপুলের বউ তখন বলবে, প্রভিডেন্ট ফাণ্ডে ক-টাকা রেখে গেছে দেখি। বেশি উৎপাত করলে যত খরচই হোক ছেলে-মেয়েদের কল্যাণে পিন্ডি দিতেই হবে।



বিপুলের বউ রান্নাঘরে খুব চিৎকার করছে—এত করে বলে দিলুম, আসার সময় চিনি আনবে তবে সকালের চা হবে। ঝগড়া করবে, না সংসার করবে। মুখোমুখি হলেই তো চুলোচুলি। শুভা, শুভা, বাবাকে ঠেলে তোল। বল চিনি এনে দিতে। হয়ে গেল চা।


ইস, মনে রেখেও ফেরার পথে সেই ভুলেছে চিনি আনতে! ঘরমুখো গরু একবার ছুটতে শুরু করলে নিজের গোয়ালটি ছাড়া সব ভুলে যায়। ভাগ্যিস বেঁচে নেই। বেঁচে থাকলে বিছানা ছেড়ে চোখ রগড়াতে রগড়াতে উঠতে হত। বউয়ের সদা-বিরক্ত মুখটা দেখতে আরও বিরক্ত। চটি গলিয়ে মোড়ের দোকানে ছুটতে হত চিনি কিনতে। মরে বেঁচেছে!


শুভা আসছে বাবাকে ডাকতে। ভারি ফুটফুটে বাচ্চা মেয়ে। বিপুল কাল রাতে যখন ফিরেছে তখন শুভা ঘুমিয়ে পড়েছিল। বিপুলের প্যান্টের পকেটে গোল করে জড়ানো রয়েছে দু-রকম রঙের চুলের ফিতে। অনেক দিনের আবদার। আজ আনব মা, কাল ঠিক এনে দেবো মা করতে করতে যদিও কেনা হল, দেবার সুযোগ আর পাওয়া গেল না। সঙ্গে দুটো চকোলেটও আছে। পকেটের গরমে গলতে থাকবে। সারি সারি পিঁপড়ে মার্চ করে পকেটে ঢুকে ঝাঁঝরা করে দেবে। ওই জন্যেই বলে ভবিষ্যতের জিম্মায় কিছু ফেলে রেখো না। সঙ্গেসঙ্গে করে ফেলো। এখন আর ভেবে কি হবে! বিপুলবাবু পটল তুলেছেন। সমস্ত সমালোচনার ঊর্ধ্বে। ওঁ আকাশস্থ নিরালম্ব। মূর্তিটি বায়বীয় অবস্থায় ভাসছে।



—বাবা, ও বাবা! শুভা ডাকল।


আজকে এত সুন্দর জামা পরেছিস কেন মা! ও তোর যে আজ জন্মদিন। বিপুলের-না বাজার যাবার কথা ছিল! ধপাস করে একটা শব্দ। জানালা গলিয়ে রোজকার মতো খবরের কাগজ ফেলে দিয়ে গেল। শুভা কাগজটা তুলে নিয়ে

**********
No Review
Related Books
Loading books…