
পিন্টুচরণ ও নগেন্দ্রবালা
মনোজ সেন
এমন সময় হাফপ্যান্ট, স্পোর্টস শার্ট আর ক্যানভাসের জুতো পরিহিত নৃত্যগোপাল ঘর্মাক্ত কলেবরে বাড়ি ফেরে। নৃত্যগোপাল পাঁচুগোপালের ছেলে, বয়েস কুড়ি। কিন্তু ছেলে বলেই যে তার প্রতি অতিশয় স্নেহ পোষণ করতে হবে, সে কথা মোটেই মানেন না পাঁচুগোপাল। কেমন যেন ছোকরার হাবভাব। বাপের ব্যবসায় মন নেই, কেবল লেখাপড়া করে আর সাতসকালে উঠে না-হোক কিছুটা বনবন করে দৌড়ে আসে। এর নাম নাকি জগিং না কী যেন। কেমন একটা বাউন্ডুলে ভাব, শেষপর্যন্ত সন্নিসি-টন্নিসি হয়ে যাবে না তো? বালতি আর বিড়ির ব্যাবসা করে পাঁচুগোপাল আজ কোটিপতি, কলকাতায় সাতটা, বালিতে দুটো আর হাওড়ায় চারটে করে বাড়ি, তিনটে গাড়ি, সাতটা কুকুর, সে সব কি ভেসে যাবে? তার ওপর হারামজাদা শুয়োর বাপ-চোদ্দোপুরুষের নামটা পর্যন্ত এফিডেভিট করে পালটে দিলে গা! নেত্যগোপাল নামটা না-হয় পছন্দ হয়নি, তাই বলে কুলোপাধী— কাঁড়াদাস নামটা কী দোষ করেছিল? উনি নাকি এখন আর নেত্যগোপাল কাঁড়াদাস নন, ও নামটা শুনলে সবাই নাকি হাসে, বিজনেসে অসুবিধে হয়, তাই উনি এখন দ্যুতিমান রায়! মতিচ্ছন্ন আর কাকে বলে! পাঁচুগোপাল কাঁড়াদাসের ছেলে দ্যুতিমান রায়! সারা পৃথিবী হাসছে না? এসব ভেবে আরও রেগে যান পাঁচুগোপাল। একমাত্র ছেলে, নইলে কবেই ত্যাজ্যপুত্র করে দিতেন।
বারান্দায় উঠে বাড়ির ভেতরে যেতে গিয়েও খবরের কাগজ পাঠরত বাপের রুদ্রমূর্তি দেখে নৃত্যগোপাল থমকে দাঁড়িয়ে গেল। মুচকি হেসে বলল, ‘কী হল, আজকে আবার কী খবর বেরোল? খাটালে খুন না ছোটোনাগপুরে ছিনতাই? আজকেও খুব রেগে গেছ দেখছি? রোজ রোজ এমন রেগে গেলে, শরীর ভেঙে পড়বে যে! তার চেয়ে বরং রোজ সকালে আমার সঙ্গে…’
পাঁচুগোপাল দাত কিড়মিড় করে বললেন, ‘থাক, তোমাকে আর আমার শরীরের কথা চিন্তা করতে হবে না। দুনিয়ার খবর তো আর রাখো না। খবরের কাগজ পড়লে যার মাথা ঠান্ডা থাকে, সে একটা… সে একটা গাড়ল!’
নৃত্যগোপাল দন্তবিকাশ করে বলল, ‘বেশ, তা না-হয় হল। কিন্তু খবরটা কী?’
পাঁচুগোপাল কাগজের একটা অংশ দেখিয়ে বললেন, ‘এই দ্যাখো, পড়ে দ্যাখো।’
খবরটা পড়ে নৃত্যগোপাল ভয়ানক আশ্চর্য হয়ে বলল, ‘এতে এত রেগে যাবার কী হয়েছে? দু-জন ভারতীয় বৈমানিক মহাকাশযানে চড়ে মহাশূন্যে যাবার জন্যে নির্বাচিত হয়েছে। তাতে তুমি রেগে যাচ্ছ কেন?’
পাঁচুগোপাল গলা সপ্তমে তুলে বললেন, ‘রেগে যাব না? কে এই চ্যাংড়া দুটোকে নির্বাচিত করলে, শুনি। কত টাকা দিতে পারবে এরা? টাটা বিড়লার ছেলে হলেও বা বুঝতুম।’
নৃত্যগোপাল এবার ধপাস করে বাপের পাশে তক্তপোশের ওপর বসে পড়ল। বলল, ‘এরা টাকা দেবে কোন দুঃখে? এদের নির্বাচিত করা হয়েছে এদের বয়েস দেখে। এদের ফিজিক্যাল ফিটনেস…’
পাঁচুগোপাল হাউমাউ করে উঠলেন, ‘ওই, ওই, তোমার ফিজিক্যাল ফিটনেস এসে গেছে! মহাশূন্যে যাবে তো ফিজিক্যাল ফিটনেস দিয়ে হবে কী, শুনি? ওখানে গিয়ে তোমার মতো হাফপ্যান্ট পরে জগিং করবে, না হাতের নড়া বেঁধিয়ে মহাশূন্যশ্রী হবে? টাকা দেবে না তো, মাগনা যাবে নাকি?’
‘মহাশূন্যে যেতে হলে টাকা দিতে হয়, এরকম কথা তুমি ভাবলে কী করে?’ নৃত্যগোপাল হাসবে না কাঁদবে ঠিক করতে পারল না।
‘এই তোমার বুদ্ধি? এই তোমার লেখাপড়া? মহাশূন্যে যেতে পয়সা লাগে না? গভর্নমেন্ট কোটি কোটি টাকা খরচা করে চাঁদে রকেট পাঠাবার বন্দোবস্ত করছে, এমনি এমনি লোক নিয়ে যাবার জন্যে? গভর্নমেন্টের বাস, গভর্নমেন্টের ট্রাম, গভর্নমেন্টের ট্রেন সব তাতে পয়সা দিয়ে চড়তে হয়, আর সবচেয়ে বেশি খরচের রকেটে যেতে দিতে হয় না? এত জ্ঞান নিয়ে এই শিখেছ?’
নৃত্যগোপাল বলতে গেল, ‘আহা, বিজ্ঞানের অগ্রগতি…’ কিন্তু কথাটা শেষ করতে পারল না। পাঁচুগোপাল হাত নেড়ে বললেন, ‘বটেই তো। বিজ্ঞানের অগ্রগতি মানেই পয়সা খরচ। আগে যখন বিজ্ঞান ছিল না, আমার বাবা, ঠাকুরদা দেশের বাড়ি থেকে হেঁটে কলকাতায় এসে পাড়ায় পাড়ায় ঘুরে বালতি বিক্রি করতেন। কোনো খরচাই ছিল না। আর এখন? অগ্রগতি হয়েছে, বাস হয়েছে, ট্রেন হয়েছে, লরি-টেম্পো হয়েছে, আর পদে পদে পয়সা গুণতে হচ্ছে। তবে পয়সা খরচটা তো কোনো একটা ব্যাপারই নয়। আমি জানতে চাই, এই দুই ছোকরার মহাশূন্যে যেতে কত টাকা লাগছে। আমি যা দর দিয়েছি, তার থেকে তো বেশি কোনো মতেই হতে পারে না। থুম্বার লোকেরা তাহলে কী করে, কোন আইন মোতাবেক…’
নৃত্যগোপাল খাবি খেতে খেতে বলল, ‘দর দিয়েছ? দর দিয়েছ মানে? কাকে কীসের দর দিয়েছ তুমি?’
পাঁচুগোপাল গোমড়া মুখ করে ছাদের দিকে তাকিয়ে বললেন, ‘ও, তোমাকে বলা হয়নি। আমি ওই থুম্বার ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র না কী যেন নাম, তার ডিরেক্টরকে চিঠি লিখে বলেছি যে মহাকাশে যখন লোক যাবে, তখন যেন আমাকে নেওয়া হয়। তার জন্যে যত টাকা লাগে, আমি দেব। ঠিকানাটা যদিও ধর্মদাস জোগাড় করে দিয়েছিল, কিন্তু ঠিকই ছিল সেটা। অ্যাকনলেজমেন্ট ডিউ-এর কার্ড স্ট্যাম্প সুদ্ধ ফেরত এসেছে। অথচ তার পরেও…’
নৃত্যগোপাল দু-হাতে নিজের মাথাটা টিপে ধরে বলল, ‘দাঁড়াও, দাঁড়াও। ব্যাপারটা আগে আমাকে বুঝতে দাও। তুমি মহাকাশে যাবে, আর সে জন্যে থুম্বায় দর পাঠিয়েছ?’
‘হ্যাঁ, ঠিক ধরেছ।’
বলতে না-বলতে নৃত্যগোপাল হঠাৎ হাসতে শুরু করল। হাসতে হাসতে শুয়েই পড়ল তক্তপোশের ওপর। কখনো মাথা চাপড়ায় আর বলে, ‘ও বাবা গো, আর পারছি না!’ কখনো দু-হাতে পেট খিমচে ধরে চ্যাঁচায়, ‘মরে গেলুম, মরে গেলুম!’ আর পাঁচুগোপাল ছেলের কাণ্ড দেখে রাগের চোটে একবারে জড়ভরতের মতো হয়ে গেলেন।
‘এত হাসি কীসের?’— বলতে বলতে বাড়িতে ঢুকলেন ধর্মদাস কারফর্মা। শুকনো চিমসে-মারা চার ফুট দশ, এই সাতসকালেই চোখদুটি দিব্যি রক্তবর্ণ ধারণ করেছে; কিন্তু ফিটফাট ফুলবাবুটি— বয়েস যদিও পাঁচুগোপালের চেয়ে বছর কয়েক বেশিই হবে।
ধর্মদাসের গলা কানে যেতেই নৃত্যগোপাল হাসি থামিয়ে উঠে বসল। কিন্তু সে কিছু বলার আগেই পাঁচুগোপাল বললেন, ‘এসো হে ধর্মদাস, এসো। সেই যে আমরা থুম্বায় চিঠি লিখেছিলুম, তোমার মনে আছে? সেই কথা শুনেই আমার শ্রীমান হাসতে শুরু করে দিয়েছেন। যেন, এটা একটা মহাহাসির ব্যাপার! একেবারে উচ্ছন্নে গেছে হে। ওর গর্ভধারিণী মারা গিয়ে ইস্তক, কেমন যেন…’
ধর্মদাস তাঁর ফিনফিনে ধুতিটি গুছিয়ে জুত হয়ে তক্তপোশে বসলেন। একটা গ্রাম্ভারি হাসি হেসে বললেন, ‘অল্পবয়েস তো, এখন হাসবে না তো হাসবে কবে? এতে তোমার রাগ করা উচিত নয়, পাঁচু। তবে হ্যাঁ, বুদ্ধিমান ছেলে, আমাদের পরামর্শ ছাড়াই তোমার ব্যাবসা চালিয়ে তো নিচ্ছে। কাজেই সে যখন হাসছে, তখন তার কারণ অনুসন্ধান করা দরকার। আমাদের ধুতিমান…’
নৃত্যগোপাল বাধা দিয়ে বলল, ‘ধুতিমান নয়, দ্যুতিমান।’
‘হ্যাঁ, হ্যাঁ, দ্যুতিমান। তবে যাই বলো, নৃত্যগোপাল নামটা অনেক সহজ ছিল হে। তা সে যাই হোক, এবার তোমার হাসির কারণটা শুনি। তোমার বাবা না-হয় অল্পবয়েসে ব্যাবসা ছেড়ে অবসর জীবনযাপন করতে শুরু করেছেন, তবুও তাঁর কাজে বা কথায় হাসির একটা কারণ থাকা উচিত—’
নৃত্যগোপাল গম্ভীর মুখে বলল, ‘কারণ একটা আছে অবশ্যই। তবে সেটা আপনাদের, বিশেষত আপনাকে বোঝাতে পারব কি না সন্দেহ আছে। কিন্তু তার আগে আমার জানা দরকার, ওই মহাকাশে বেড়াতে যাবার আইডিয়াটা বাবার মাথায় ঢোকাল কে?’
পাঁচুগোপাল বললেন, ‘ঢোকাবে আবার কে? আমি কি কোনো খবর রাখি নে? যতদিন ব্যাবসা নিয়ে ছিলুম, ততদিন কাগজ-টাগজ বেশি পড়তুম না ঠিকই, কিন্তু এখন আমার চেয়ে বেশি ওয়াকিবহাল লোক কলকাতায় একটা খুঁজে বের করো দেখি। আমি সব জানি, সব লক্ষ করি। যতদিন মার্কিনি আর রাশিয়ানরা মহাকাশে যাচ্ছিল, চাঁদে-টাদে নামছিল, আমি তো কোনো কথা বলিনি। কিন্তু আমাদের গভর্নমেন্ট যখন মহাকাশে যাবার চেষ্টা চরিত্তির শুরু করল, তখনই আমি থুম্বায় চিঠি লিখলুম। মহাকাশে যাবার জন্যে অন্য কোনো তরিকা তোমার জানা থাকে তো বলো, সে চেষ্টাও করা যাবে।’
নৃত্যগোপাল কাতরভাবে জিজ্ঞেস করল, ‘কিন্তু মহাকাশে কেন? পৃথিবীতে কি তোমার যাবার কোনো জায়গা নেই?’
‘না, নেই। পৃথিবীতে আমার কোথাও যাবার জায়গা নেই!’
‘সে কী? এই মোটে দু-মাস হল ভারতদর্শন করে ফিরলে। তোমার পাসপোর্টও তৈরি। আগামী বছর ইউরোপ ভ্রমণে যাবার ব্যবস্থা করেছিলুম। এমনকী, যদি বলো তো ওয়ার্ল্ড ট্যুরেরও একটা চেষ্টা করতে পারি। ওই তো আমাদের কংসকাকুর মতো…’
‘চুপ করো! কংসকাকুর মতো! বলতে লজ্জা করল না তোমার? পাঁচুগোপাল কাঁড়াদাস ওই ভুঁইফোড় বোম্বেটে কংসনাশন চৌধুরির মতো কাজ করবে? আর তোমাকেও বলি, ওই হাড়হাবাতে কংসব্যাটার সঙ্গে তোমার এত পিরিত কীসের, হ্যাঁ? সারাজীবন যে তোমার বাপকে বংশ দিয়ে এল…’
‘কিন্তু কী করছেন তিনি?’
‘করবে আবার কী? কিছু করার হিম্মত আছে? বাঁশের ব্যাবসা করে আবার ফুটানি! কোথায় বাঁশ আর কোথায় বালতি! আমরা হলুম জাত ব্যাবসাদার, এইসব আজেবাজে কারবারির কাজকর্ম দেখে আমাদের চালচলন ঠিক করতে হয় না, বুঝেছ?’
‘যাই বলো বাবা, কংসকাকু মোটেই আজেবাজে কারবারি নন।’
‘আজেবাজে নয় তো কী? বাঁশের ব্যাবসা করে দুটো পয়সা করেছে। তো হয়েছে কী? বাঁশ বাঁশই, তা কখনো বালতি হয়? তা পয়সাই করুক আর ওর ওই চিমড়ে মারা হাড়জিরজিরে মেয়েটাকে নিয়ে বিলেতই ঘুরে আসুক…’
নৃত্যগোপাল তড়াক করে তক্তপোশ থেকে খাড়া হয়ে উঠে দাঁড়াল। হাহাকার করে বলল, ‘বাবা! কী বলছ তুমি? রাজহংসী হাড়জিরজিরে? রাজহংসী চিমড়ে?’
‘চিমড়ে না তো কী? বাঁশের ব্যাবসা করে কংস ব্যাটাচ্ছেলে মেয়েটাকেও বাঁশের মতো তৈরি করেছে। হ্যাঁ, চেহারা ছিল বটে তোমার মার। ঠিক একটা ওলটানো বালতির মতো। হাতলওলা চেয়ারে বসতে পারত না, গলত না কিনা। চোখ ফেরানো যেত না।’— বলে সশব্দে একটা প্রকাণ্ড দীর্ঘশ্বাস ফেললেন পাঁচুগোপাল।
নৃত্যগোপাল জেদি গলায় বলল, ‘তোমার কথা আমি মানতে পারলুম না, বাবা। কিন্তু কংসকাকু যেমন ওয়ার্ল্ড ট্যুর করে এলেন, তোমারও সেরকম করতে বাধা কোথায়? পৃথিবীতে কোথাও তোমার যাবার জায়গা নেই— একথা বলছ কেন?’
ধর্মদাস হাত নেড়ে বললেন, ‘আমি বলছি। বাধা আছে। তোমার বাবা একজন সম্মানিত ব্যক্তি, সমাজে তাঁর একটা প্রতিষ্ঠা আছে, প্রতিপত্তি আছে। সাধারণ লোক যা করে, তা তো আর তিনি করতে পারেন না। মানে, করলে ভালো দেখায় না, আর কী। মানে, তাঁর এমন কাজ করা কর্তব্য যা দেখে লোকে বলবে, হ্যাঁ, এই তো পাঁচুগোপালের উপযুক্ত কাজ, পাঁচুগোপাল ছাড়া একাজ আর কে করতে পারে?’
নৃত্যগোপাল মাথা নেড়ে বলল, ‘হুঁ, এতক্ষণে বুঝলুম। কংসকাকু ওয়ার্ল্ড ট্যুর করেছেন, তাই তাঁকে টেক্কা মারার জন্য বাবার মহাকাশ ভ্রমণ করা প্রয়োজন হয়ে পড়েছে, এই তো?’
‘হ্যাঁ, কতকটা তাই বটে। তবে তোমার ওই টেক্কা মারা কথাটায় আমার একটু আপত্তি আছে। পাঁচুগোপাল টক্কর দিতে হলে যাবে তার চেয়ে বড়ো কারোর কাছে, কংসনাশনের মতো একজন…’
‘ব্যাস, ব্যাস। কংসকাকুর সম্পর্কে বাবা যা খুশি তাই বলতে পারেন, কারণ দু-জনে বাল্যবন্ধু, একসঙ্গে পড়াশুনো করেছেন, যদিও আজ দু-জনে দু-দিকে চলে গেছেন, কিন্তু আপনি পারেন না। তবে একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না যে, বাবা মহাকাশ ভ্রমণে গেলে আপনার কী সুবিধে হবে? যতদিন উনি মহাকাশে থাকবেন, ততদিন সকাল বেলা এখানে লুচি-মোহনভোগটাও যে বাদ পড়বে।’
পাঁচুগোপাল চোখ পাকিয়ে বললেন, ‘চোপ! ধর্মদাসের সব কাজে স্বার্থ খোঁজা তোমার একটা বদভ্যেসে দাঁড়িয়ে গেছে। আমি মহাকাশ ট্যুরে গেলে যখন দেশসুদ্ধ লোক ধন্যি ধন্যি করবে, তখনও কি তুমি তার মধ্যে ধর্মদাসের স্বার্থ খুঁজবে? আম