Home
নীল অপরাজিতা

নীল অপরাজিতা

মিহির মুখোপাধ্যায়

নীল অপরাজিতা

মিহির মুখোপাধ্যায়
short story

Change color

বিন্দুবুড়ি ডাকল, “ময়না, ও ময়না!”

বোশেখের শুনশান দুপুর। বেশ গুমোট। টালির ঘরের দাওয়ায় বসেছিল বুড়ি। বসে বসে ঝিমুচ্ছিল। কাছেই মাদুর পাতা। ভাত-ঘুমে শরীর টানছে। চোখের পাতা ভারী। কিন্তু নিশ্চিন্তে শুয়ে ঘুমোবার উপায় নেই। গাছের আম পাহারা দিতে হচ্ছে। তিনটি আমগাছ বুড়ির। একটি গোলাপখাস, দুটি হিমসাগর। এবার ফলনও প্রচুর। ঝেঁপে আম হয়েছে। পাড়ার পাজি ছোঁড়াগুলি তক্কে তক্কে থাকে। একটু এদিক-ওদিক হলেই আর রক্ষে নেই। ইঁট-পাটকেল ছুঁড়ে ছুঁড়ে কচিকাঁচা কুশিগুলির দফারফা করে ছাড়বে। সেজন্য মা-পাখি যেমন বাচ্চা আগলে রাখে, তেমনি কষ্ট হলেও দুপুরে না-ঘুমিয়ে বাচ্চা আমগুলি পাহারা দেয় বিন্দুবুড়ি। ময়নাকে দিয়ে ভরসা নেই। মন উড়ু উড়ু। থাকে থাকে, পালায়। দু’দণ্ড ঘরে থাকতে চায় না।


অন্য বছরের মত এবারও আসরাফ আলি পাইকার গাছ তিনটি জমা নেবার জন্য ঘোরাঘুরি করছে। বড় ছেলে বাড়ি এসে ব্যবস্থা করবে।


বিন্দুবুড়ি হিসেব বোঝে না, গোনাগুনতি জানে না।


“দিদা, তোমার বয়স কত?” ময়না কখনো জিজ্ঞেস করলে ফোকলা মুখে হাসে বুড়ি। তারপর ভেবে ভেবে বলে, “যে বছর আশ্বিনের ঝড়ে বিশ্বাসদের তেঁতুল গাছটা পড়েছিল, সে মাসেই তোর মা আমার কোলে এল, এখন বুঝে দ্যাখ, আমার বয়স কত।” দিদার বয়সের হিসেব শুনে হাসতে হাসতে দমবন্ধ হবার অবস্থা।


এখন এই নিঝুম দুপুরে ময়না বাড়ি নেই। কোথায় টো-টো করতে বেরোল, কে জানে। দাওয়ায় বসে হাতপাখা নাড়তে নাড়তে ঝিমুনি এসেছিল। ডাক-পিওন ছেলেটির ডাকাডাকিতে ঝিম-ঝিম ভাবটি ছুটে গেল।


“ও বুড়ি-মা, চিঠি আছে।” রাঙচিতার বেড়ার ওপাশে দাঁড়িয়ে ডাকছিল ছেলেটি। তাড়াতাড়ি নেমে এসে হাতে নিল। পোস্ট-কার্ডের চিঠি। ছেলেরা কেউ লিখেছে। দুই ছেলে বিন্দুবাসিনীর। বড় মহাদেব থাকে আগরপাড়া। ওখানকার এক কারখানায় কাজ করে। ছোট বাসুদেব বরাকর নামে অনেক দূরের একটা শহরের কাছে কোন এক কয়লাখনি-অফিসের চাপরাসী। ওদের উপরে একটা মেয়ে ছিল, ময়নার মা। পোস্ট-কার্ডখানা হাতে নিয়ে উলটে-পালটে দেখল বুড়ি। পড়তে পারে না। তারপর রাস্তার দিকে মুখ করে উঁচু গলায় ডাকল, “ময়না, ও ময়না!”


ময়না তখন পেছনের ডোবার পাশ দিয়ে বাড়ি ঢুকছিল। আঁকশি নিতে এসেছে। দত্তদের পোড়ো বাগানে নোনাফল পাড়তে যাবে। দিদার ডাক শুনে চুপি চুপি পেছনে এসে দাঁড়াল। সামনে মাটির রাস্তার দুপাশে ঘন গাছপালার ছায়া।


ডাক-পিওন ছেলেটাকে আর দেখা যাচ্ছে না। বাঁক ঘুরে আড়াল হয়ে গেছে।


কিছুদূরে রাস্তার ওপাশে ভূষণ তাঁতির কারখানা-ঘরে তাঁতের শব্দ হচ্ছিল, খটখট-খটাখট। বিশ্বাসদের বাঁশবাগানের দিক থেকে থেমে থেমে একটা ঘুঘুর ডাক শোনা যাচ্ছিল। চারপাশের নির্জনতার মধ্যে এইসব শব্দগুলি কেমন মিশে গেছে। রাস্তার পাশে একজোড়া শালিক চরছে।


বিন্দুবুড়ি সামনের দিকে তাকিয়ে আন্দাজেই আবার হাঁক দিল, “ময়না, ও ময়না!”


সঙ্গে সঙ্গেই ঠিক পেছন থেকে চেঁচিয়ে জবাব এল, “এই যে আমি।”


চমকে ঘুরে দাঁড়াল বুড়ি, “দুর হ মুখপুড়ি, এরকম ভাব—”


খিলখিল করে হেসে উঠল ময়না, “ডাকছিলে কেন?”


“এই দ্যাখ তো, কার চিঠি এসেছে, তোর বড়মামা লিখেছে বোধ হয়।” দিদার কথাই ঠিক। পোস্ট-কার্ডখানি হাতে নিয়ে দেখল ময়না। আঁকাবাঁকা অক্ষরে বড়মামার নাম সই, ‘প্রণাম জানিবা, ইতি মহাদেব।’ কিন্তু ‘ইতি’ পর্যন্ত অন্য লোকের লেখা। ঠাসবুনুনি লেখায় পোস্ট-কার্ডখানির এমুড়ো-ওমুড়ো ভর্তি। প্রাইমারি স্কুলে কিছুদিন যাতায়াত করেছিল বটে, কিন্তু এই হাতের লেখা পড়ার বিদ্যে নেই ময়নার।


আ-কার, ই-কার, উ-কারের লম্বা লম্বা টানের মধ্যে জড়াজড়ি করে অক্ষরগুলি যেন কাঁটাতারের বেড়ার মত দাঁড়িয়ে রয়েছে। উল্টে-পাল্টে দেখে বললো ময়না, “আমি পড়তে পারছি না।” দিদার হাতে ফেরত দিল। পোস্ট-কার্ডখানি হাতে নিয়ে বুড়ি আবার দাওয়ায় এসে বসল। হাতপাখা নাড়তে নাড়তে বললো, “তা হলে দ্যাখ, বিলু বোধ হয় বাড়ি আছে, ওকে ডেকে নিয়ে আয়।”


বিশ্বাসদের বাড়ির ছেলে বিশ্বনাথ তখন মস্ত ছাতার মত ছড়ানো শিরীষ গাছটার নিচে খাটিয়া পেতে ঘুমুচ্ছিল। ঘরের ভেতর গরম। এখানটায় বেশ ঠাণ্ডা।


সারাদিন শিরীষের ছায়া ছড়িয়ে থাকে। তেমন রোদ নামে না। কাছেই ওদের খিড়কির পুকুর। পুকুরের জল ছুঁয়ে এক-এক সময় ঠাণ্ডা হাওয়া গড়িয়ে আসে। ওপারে মস্ত বাঁশবাগান। ভেতরে কোথাও অনেকক্ষণ ধরে থেমে থেমে একটা ঘুঘু ডাকছিল। এখানে বসে কান পাতলে তাঁতি-বাড়ির দিক থেকে খট-খট শব্দটাও অস্পষ্ট শোনা যায়।


কিন্তু এসব কিছুই শুনছিল না বিশ্বনাথ। অঘোরে ঘুমুচ্ছিল। দড়ির খাটিয়ার উপর শতরঞ্চি পাতা। শিয়রে বালিশের পাশে হাফহাতা বুশ-শার্ট, একটা পুরনো সিগারেটের কৌটোর মধ্যে বিড়ি আর দেশলাই, ছোট একটা হাতপাখা। উনিশ-কুড়ির বিশ্বনাথের পরনে পায়জামা, খালি গা, মুখে সরু গোঁফ, মোটা জুলপি, লম্বা চুল।


বাঁশবাগানের পাশ দিয়ে পুকুরপাড় ঘুরে এল ময়না। খাটিয়ার পাশে দাঁড়িয়ে প্রথমে আস্তে ডাকল, “বিলুদা, এই বিলুদা!”


কোন সাড়া নেই। শুধু ফুরুৎ-ফুরুৎ নাক ডাকছিল। হাসি পেল ময়নার।


শাড়ির আঁচলটা মুখে তুলে একা-একাই খানিকটা হেসে নিল।


তারপর সামান্য সামনে ঝুঁকে বিন্দুর নাকটি ধরে নাড়া দিয়ে ডাকল, “এই কুম্ভকর্ণ, ওঠো, বাপরে বাপ, এই দুপুরবেলা কি নাকের ডাক!”


“এই কে রে, মারবো এক—” বলতে বলতে ধড়মড় করে উঠে বসল বিশ্বনাথ। ময়নাকে দেখে বললো, “ও তুই! দিলি তো এমন জমাটি ঘুমের বারোটা বাজিয়ে, আবার হাসি!”


“হাসবো না, কি নাকের ডাক, বাপরে বাপ!” মুখে আঁচল তুলে হাসি চাপল ময়না।


কয়েক পলক আঁচলটা দেখে বললো বিল্ব, “এই শাড়িটা তো সুন্দর, বেশ মানিয়েছে তোকে।”


“কেমন দেখাচ্ছে?” সলজ্জভাবে হাসল ময়না।


“বেশ ভাল দেখাচ্ছে, কেমন অন্যরকম লাগছে, কে দিল শাড়িটা?”


“কে আবার দেবে, বড়মামা দিয়েছে।” ময়না নিয়মিত শাড়ি ধরেছে সম্প্রতি।


কিছুদিন আগেও ফ্রক পরে ঘুরে বেড়াত। এখনো বাড়িতে মধ্যে মধ্যে ফ্রক পরে। ফ্রক পরে ছুটোছুটি করার সুবিধে। কিন্তু দিদা বকাবকি করে।


বাড়ন্ত গড়নের ময়নাকে বয়সের তুলনায় বড়ই মনে হয়। শরীর-স্বাস্থ্য আর ফ্রকের শাসন মানছে না। চলাফেরার সময় চোখে লাগে। ময়নার বয়সের হিসেবটা বিন্দুবুড়ির কাছে পরিষ্কার। যে বছর চৈত্র মাসে বাংলাদেশের লড়াই শুরু হল, তার আগের শ্রাবণে ময়নার জন্ম। সে সময় বিশ্বাসবাড়ির বিশ্বনাথের মামারা সব যশোর থেকে পালিয়ে এসে এখানে প্রায় এক বছর ছিল। বিলুর বয়স তখন চার। পরের মাঘ মাসে ময়নার মা মারা গেল। দেহে রক্ত ছিল না, পেটে জল জমেছিল। ভুগেছিল অনেকদিন। এসব খবর দিদার মুখে কিছু কিছু শুনেছিল ময়না। কিন্তু কিছু মনে হয়নি। মায়ের ব্যাপারটাই ময়নার কাছে কেমন ফাঁকা, শূন্য, অর্থহীন। দূর আকাশে একচিলতে মেঘ ভেসে গেলে কিংবা সন্ধেবেলা একা-একা ফাঁকা মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকলে কয়েক মুহূর্ত যেমন মনে হয়, তার চেয়ে বেশি কিছু নয়। দিদার কাছে একটা পুরনো তোরঙ্গ আছে। তার মধ্যে দু’ তিনখানা পুরনো শাড়ি, চারগাছা ব্রোঞ্জের চুড়ি, একছড়া সরু সোনার হার, একজোড়া কানপাশা, একটা রূপোর সিঁদুরকৌটো, একজোড়া রুপোর বালা, আর একখানি খামের মধ্যে ময়নার এই বয়সের একটি রোগামত মেয়ের ঝাপসা ছবি। উঠোন-ঘেরা রাঙচিতার বেড়ার পাশে খোলা চুলে হাসিমুখে দাঁড়িয়ে আছে, পরনে ডুরে শাড়ি। ব্যস, মায়ের সঙ্গে ময়নার এইটুকুই জানাশোনা। দিদা যে মা নয়, মায়ের মা, একথা বুঝতে পেরেছে জন্মের প্রায় দশ বছর পরে। এখন জিজ্ঞেস করল বিশ্বনাথ, “কি রে, ঘুমটা ভাঙালি কেন?”


“দিদা ডাকছে, তোমাকে।”


“কেন?” হাই তুলল বিশ্বনাথ।


“বড়মামার চিঠি এসেছে, পড়ে দিতে হবে।”


“তুই পড়তে পারলি না?”


“ওরকম জবরজং লেখা আমি পড়তে পারি না।”


ময়নার জবাব শুনে হাসল। হাতপাখা তুলে হাওয়া খেল কয়েকবার। তারপর শার্টটা গায়ে গলিয়ে বললো, “চল।”


ময়নার পেছন পেছন ওদের বাড়ি এল। দাওয়ার পাশে দাঁড়িয়ে চিঠিটা পড়ে শোনাতে হল। জটিল জড়ানো লেখা বেশ কসরত করে পড়তে পারল। এবং চিঠির বয়ান শুনে বিন্দুবাসিনীর মুখ শুকিয়ে গেল।


খবর হল, মহাদেব এখন বাড়ি আসতে পারবে না, কারখানায় গোলমাল চলছে। আসরাফ আলি পাইকারের কাছ থেকে মা যেন কিছু টাকা আগাম নিয়ে রাখে। দরাদরি কিংবা লেনদেনের সময় যেন বিশ্বাসদার (বিল্বর জ্যাঠা কালী বিশ্বাস) সাহায্য নেয়। তারপর আসল খবর। ময়নার বাবা অনন্ত সরকার ময়নাকে নিতে আসবে। মেয়ে বড় হচ্ছে। বিয়ের যুগ্যি হয়ে উঠেছে। এখন থেকেই খোঁজ-খবর করতে হবে। আজকাল ঘর-বর মিলিয়ে তেমন ছেলে যোগাড় করাও মুশকিল। এরকম একটি ছেলের খোঁজ পেয়েছে ময়নার বাবা। তারা এখন মেয়ে দেখতে চায়। এই ‘পরস্তাবটি’ মহাদেবেরও মনে ধরেছে। সত্যিই তো, অকালে মা-মরা ভাগনী বিয়ের যুগ্যি হয়ে উঠেছে। এই পনেরো বছর মামার বাড়িতেই বড় হল। দিদিমা আর দুই মামা তাদের কর্তব্য করে দিয়েছে। এখন যার মেয়ে সে যদি বিয়ে দেবার জন্য নিয়ে যেতে চায়, তাতে আপত্তি করার কিছু নেই। মায়েরও অমত করা উচিত হবে না। মেয়ে-সন্তান বলে কথা, আজ হোক, কাল হোক, বিয়ে যখন দিতেই হবে ইত্যাদি, ইত্যাদি।


চিঠিখানি শোনার পরে কয়েক পলক থম মেরে রইল বিন্দুবুড়ি।


তারপর ডাকল, “ময়না, ও ময়না, আবার গেলি কোথায়?”


একমুহূর্ত স্থির হয়ে থাকতে পারে না ময়না। দু’ মিনিট দাঁড়িয়ে চিঠিখানি শোনারও ধৈর্য নেই। বিলুদাকে ধরে এনে দিদার সামনে দাঁড় করিয়ে বাড়ির চারপাশে একবার টহল দিতে গেছে। রান্নাঘরের দাওয়ার ফুল পাড়ার জন্য বাঁশের কঞ্চির আঁকশিটা ছিল। সেটিকে সাবধানে বের করে রান্নাঘরের পেছনে লাউমাচার নিচে লুকিয়ে রাখল। দিদা যেন টের না পায়।


মাচার ছায়ায় ময়নার মেনি বেড়ালটা শুয়ে ছিল। ওর মাথায় একবার হাত বুলিয়ে রান্নাঘরের পাশ ঘুরে ভেতরের উঠোনে এল। উঠোনের এপাশে রোদের দিকটায় ডালের বড়ি আর আচারের জন্য কচি আমের কুটরো শুকোচ্ছে, ওপাশে আম-কাঁঠালের ছায়া। তিনটে আমগাছ ছাড়াও একটা কাঁঠাল, দুটি পেয়ারা, একটি কুলগাছ আছে।


এ ছাড়া রান্নাঘরের পেছনে ডোবার চারপাশ ঘিরে পাঁচটি নারকেল, দুটি খেজুর আর কয়েকটি পেঁপেগাছ। কাঁঠালগাছে ছোট-বড় ছাব্বিশটি এঁচোড় ঝুলছে। একটি নিজেরা খেয়েছে। আরেকটি বিশ্বাস-বাড়ি দিয়েছে দিদা। বিলুদার জ্যাঠামশাই কালী বিশ্বাস “অঞ্চল-প্রধান”। তিনি এঁচোড়ের ডালনা খেতে ভালবাসেন। দিদাকে ডাকেন, “খুড়িমা”। বাকিগুলি আরো বড় হবে, পাকবে। কোন কোনটায় একশ’র কাছাকাছি কোয়া হয়। আর মধুর মত মিষ্টি। তারপর আষাঢ় মাসে অম্বুবাচীর আগের দিন একটি যাবে কালী বিশ্বাসের বিধবা মা অর্থাৎ বিল্বর ঠাকুমার জন্য, আরেকটি দিদা ঘরে রাখবে। বাকিগুলি বেচে দেবে। অম্বুবাচীর সময় ভাল দাম পাওয়া যায়।


বড়মামা বাড়ি না থাকলে এইসব বেচা-কেনার ব্যবস্থা করেন কালী বিশ্বাস।


বিশ্বাসমামার পেটে তেমন বিদ্যে নেই বটে, কিন্তু বিষয়-বুদ্ধিতে ঘুণ।


বাজারের পাশে বাসরাস্তার উপরে পাশাপাশি কয়লার আড়ত, আটা-কল, খড়কাটা মেশিনের দোকান। এ ছাড়া দুই ভাইয়ের (বিল্বর বাবা আর জ্যাঠা) নামে ষাট বিঘে চাষের জমি। পুকুর, বাঁশঝাড়, আমবাগান সমেত বসতবাড়িখানাই বা কত বড়, প্রায় চার বিঘের মত জমির উপর। ওদের ষাট বিঘের সঙ্গে দিদার পাঁচ বিঘেও চাষ হয়। সব তদারক করেন কালী বিশ্বাস। তার উপর অঞ্চল-প্রধানের কাজের অন্ত নাই। শীত-গ্রীষ্ম বারোমাস বর্ষার পাম্প-শু আর ধুতির সঙ্গে রুপোর বোতাম লাগানো নীল হাফশার্ট গায়ে সাইকেলে চেপে বিশ্বাসমামা সারা এলাকা টহল দিয়ে বেড়ান। এঁচোড় কটা গুনতে গুনতে দিদার ডাক শুনতে পেল, “ময়না, ও ময়না কোথায় গেলি আবার?”


“যাই।” সাড়া দিয়ে পরমুহূর্তে সামনে এসে দাঁড়াল। ম

**********
No Review
Related Books
Loading books…