
দুই পিতা
সঞ্জীব চট্টোপাধ্যায়
‘ট্যাং’ করে ঘড়িতে একটা শব্দ হল। রাত সাড়ে দশটা। ঘড়িটা অনেক কালের প্রাচীন। পরমেশ্বরের গোঁফ জোড়ার মতোই পুরনো। সস্তা জাপানি ওয়াল ক্লক। মেজাজ অনেকটা পরমেশ্বরের মতো। কোনও ভণিতা না করেই দুম করে সময় ঘোষণা করে। পরমেশ্বরের সব কিছুই প্রাচীন। এখন যে আমকাঠের তক্তপোশের উপর বসে বসে চুমুক দিয়ে তারিয়ে তারিয়ে এক গেলাস দুধ খাচ্ছেন, সেটার বয়স কম হবে না। ইচ্ছে করলেই একটা ভাল খাট কিনতে পারতেন, কেনেননি। টাকাটা ব্যাঙ্কে সুদে বাড়ছে। ঘুমটাই বড় কথা, খাটটা বড় নয়। বিছানাটাও একটা অদ্ভুত সমন্বয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কন্ট্রোলে কেনা মিলিসিয়ার খোলের মধ্যে শিমুল আর কাপাস তুলো ঠেসে ঢোকানো। চাদর একটা বড় বহরের মার্কিন। মশারি এক সময় সাদা ছিল, এখন ধূসর। বেশি টানাটানি সহ্য হবে না বলে ঝলমল করে ঝুলছে। একটা পাশ গোটানো, সেই অংশে পরমেশ্বর বসে আছেন। হাতে ধরা গেলাস। গেলাসে সরওলা গরুর দুধ। গেলাসটাও বহুকালের। পরমেশ্বরের হাতে সব কিছুরই পরমায়ু বেড়ে যায়। এমনকী নিজের জীবনেরও। পরমেশ্বরের সঙ্গে যাঁরা জীবন শুরু করেছিলেন তাঁদের অনেকেই আবার নতুন জন্ম পেয়েছেন।
ঘড়ির শব্দের কোনও ঝঙ্কার নেই। একটা ভারী ধাতব শব্দ। পরমেশ্বর চোখ তুলে তাকালেন। গোঁফের উপর একটু সর জড়িয়ে আছে।—বড্ড দেরি হচ্ছে। কথাটা বললেন একটু দূরে টুলের ওপর বসে-থাকা ছেলেকে লক্ষ করে। ছেলের নাম বঙ্কিম। বঙ্কিম অপরাধীর মতো মুখ করে বসে রইল, বাবার গোঁফের উপর লেগে থাকা সরের দিকে তাকিয়ে। সে জানে সরটা মুখে যাওয়া-আসার পথের উপর এমন একটা অনুভূতিহীন অংশে পাশ কাটিয়ে সরে গেছে, পরমেশ্বরকে না বলে দিলে সরের অংশটা ওইখানেই সারারাত নিরাপদে থেকে যাবে। পরমেশ্বরের মতে সরই হল দুধের সারাংশ। যেদিন দুধে সর পড়ে না, সেদিন তিনি বাড়িতে কোর্ট বসিয়ে ফেলেন। সর কোথায় গেল না জানা পর্যন্ত নিস্তার নেই।
বঙ্কিম আজ অপরাধী। অপরাধীর কথা বলা উচিত নয়, তা না হলে সে গোঁফের উপর সরের কথাটা সবিনয়ে স্মরণ করিয়ে দিতে পারত। বঙ্কিমের অপরাধের সীমা নেই। প্রথম অপরাধ, সে প্রেম করে বিয়ে করেছে। হাফ প্রেম, হাফ সম্বন্ধ। পরমেশ্বরেরই এক ঘনিষ্ঠ বন্ধুর মেয়ে। প্রেমটা যখন প্রায় বিপজ্জনক সীমায় এসে ঠেকেছে তখনই সে স্টিয়ারিং ছেড়ে দিয়েছে পরমেশ্বরকে। প্রথমে খেলছিল তারা দুজনে, সেকেন্ড হাফ খেললেন পরমেশ্বর আর পরমেশ্বরের বাল্যবন্ধু। তখন নায়ক নায়িকারা গ্যালারির রুদ্ধশ্বাস দর্শক। গোল হতে হতে হয় না। শেষে পরমেশ্বরের বন্ধু জালে বল জড়িয়ে দিয়ে, ঝাড়া হাত-পা হয়ে বিদেশ চলে গেলেন।
বঙ্কিমের উপর পরমেশ্বরের সেই থেকে রাগ। মূর্খ ছেলে। বিয়ে করলি, করলি, তা বলে এইভাবে! পাওনা গণ্ডা নিয়ে একটু দর কষাকষির স্কোপ রাখলি না। উল্টে বউভাতে ব্যাঙ্ক ব্যালেন্সে হাত পড়ে গেল। নেহাত সবেধন নীলমণি। পরমেশ্বর ব্যাপারটা মেনে নিলেন।
দ্বিতীয় অপরাধ, পরমেশ্বর ছেলেকে সোজাসুজি বলেছিলেন—দ্যাখো বিয়ে করেছ, করেছ, তোমার ইনকাম তেমন ভাল নয়, এখনই যেন সন্তান-সন্ততি না হয়। ছেলেপুলে না বলে শুদ্ধ ভাষা বললেন। পরমেশ্বরের এইটাই বৈশিষ্ট্য। রেগে গেলে বলেন, ব্লাডি বাগার। বঙ্কিমের শ্বশুরমশাই বিয়েটা খুব কম খরচেই সেরেছিলেন। একটি হাতঘড়ি, পাঞ্জাবি-ধুতি, একজোড়া জুতো, কয়েক ভরি সোনা, হাজার খানেক টাকা নগদ। একটা বিছানা। খাট দেননি। কারণ বংশের কোনও এক জামাই খাটে বসে ফুলশয্যার রাতে হুঁকো খেতে গিয়ে পুড়ে মারা গিয়েছিলেন, সেই অপরাধে বঙ্কিমের বরাতে খাট জোটেনি। পরমেশ্বরই ছেলে-বউকে একটা কায়দার খাট কিনে দিয়েছিলেন। পরমেশ্বর ভেবেছিলেন, খাটের শাসনে প্রথম বিয়ের উচ্ছ্বাস ঠাণ্ডা হয়ে যাবে। হয়েছিলও তাই। বউয়ের সঙ্গে ঘনিষ্ঠ হবে কী, সারা রাত শবাসনে শুয়ে থাকত। পাশ ফেরারও উপায় ছিল না। কিন্তু বয়সের এমন দোষ, বছর না ঘুরতেই বঙ্কিম ফাদার হতে চলেছে। এই সেই রাত। ফাদারের সামনে টুলে বসে আছে অপরাধীর মতো মুখ করে। বউ নার্সিংহোমে। খবর আসবে শ্যালকের সাইকেলে। রাত সাড়ে দশটা হয়ে গেল। এখনও কোনও খবর নেই।
তৃতীয় অপরাধ বঙ্কিমের নয়, বঙ্কিমের বউয়ের। দশটার মধ্যে পরমেশ্বর শুয়ে পড়েন। পরমেশ্বরের নিয়মের রাজত্ব আর এক পরমেশ্বরের চেয়ে কম যায় না। তাঁর নিয়মের ঠেলায় স্ত্রী অনেক আগেই চলে গেছেন। বঙ্কিমের ওপরে একটি বোন ছিল, সেও সরে পড়েছে। কেবল বঙ্কিমই আটকা পড়ে গেছে। তাকে খাওয়াদাওয়ার পরে ঘরের মধ্যে গুনে গুনে একশো বার পায়চারি করতে হবে। প্রথম রাতে বাঁ পাশে কাত হয়ে শুতে হবে। মধ্যরাতে চিৎ। শেষ রাতে ডানপাশ। সকালে খালি পেটে এক গেলাস জল। চায়ে চুমুক দেবার সময় শব্দ হবে না, খেতে খেতে চক চক শব্দ করা চলবে না। জোরে হাসা চলবে না, হাসলেও দাঁত দেখা যাবে না। বউয়ের শাড়ির তলা থেকে সায়া বেরুবে না। চলার সময় পায়ের শব্দ শোনা যাবে না। গুন গুন করে গান চলবে না। সিনেমা, যাত্রা, থিয়েটার ঘন ঘন নয়, মাঝে-মধ্যে একটা। খাবার পর শব্দ করে ঢেঁকুর নট অ্যালাউড। সেই পরমেশ্বর আজ পৌনে এগারোটার সময়েও শুতে যাননি, কারণ বঙ্কিম, কারণ বঙ্কিমের বউ। বঙ্কিমের বউ কেন এত দেরি করছে। কেন দশটার আগেই সে একটি প্রাণকে পৃথিবীতে আনতে পারছে না। বঙ্কিমের মনে হল, প্রসবের দায়িত্বটা যদি তার হাতে থাকত তা হলে দশটার আগেই সে কাজটি সমাধা করে তার বাবাকে সন্তুষ্ট করার শেষ চেষ্টা করে দেখত। বঙ্কিমের মনে হল, পরমেশ্বর মনে মনে বলছেন—অপদার্থ।
পরমেশ্বর শুয়ে পড়ছেন না কেন? মনের দিক থেকে সময় সময় তিনি দুর্বল। যতই হোক পুত্রবধূ। যদিও বাক্যালাপ অনেক দিন বন্ধ। বউ হয়ে আসার সাত দিনের মাথাতেই শ্বশুর আর পুত্রবধূতে মুখ দেখাদেখি বন্ধ। পরমেশ্বর অবশ্য বিয়ের রাতেই তাঁর এক আত্মীয়কে বলেছিলেন—এইবার আমাকে একটু রাশ টানতে হবে। একটু কড়া হতে হবে। তা না হলে ডিসিপ্লিন বজায় রাখা যাবে না। বঙ্কিম বিয়ের পিঁড়িতে বসে কথাটা শুনে ফেলেছিল। একে তার পৈতে হারিয়ে গেছে তার উপর বাবার সামনে বিয়ের আসরে বসার লজ্জা, সেই সময় তার বাবার ভবিষ্যৎ চেহারা, সব মিলিয়ে এক মর্মান্তিক পরিস্থিতি। বঙ্কিম সেই ছেলেবেলা থেকেই বাবার ভয়ে কাতর। বন্ধুরা বলত, বাবাতঙ্ক। এর কোনও চিকিৎসা নেই।
বঙ্কিমের ধারণা অসহযোগ আর বয়কট পরমেশ্বরের হাত থেকেই মহাত্মা গান্ধীর হাতে গিয়েছিল। পরমেশ্বর তাঁর বিচিত্র সংসারে অস্ত্র দুটিকে শানিয়ে, এর ধার পরীক্ষা করে বৃহত্তর ক্ষেত্রে প্রয়োগের জন্য গান্ধীজির হাতে যেন তুলে দিয়েছিলেন। মারধোর নয়, রাগারাগি নয়, মুখের উপর একটা ভয়ঙ্কর গাম্ভীর্যের মুখোশ টেনে সংসারের সমস্ত মানুষকে তটস্থ করে একেবারে মৌনী হয়ে গুমোট আকাশের মতো দিনের পর দিন বসে থাকো। বুঝিয়ে দাও পরমেশ্বর অখুশি। এই সময় অপরাধীর মুখোমুখি হলেই একটা অদ্ভুত নাচের ভঙ্গি করে পরমেশ্বর একপাশে সরে যেতেন। পচা মৃতদেহ কিংবা সকালে মেথরের মাথায় বিষ্ঠা দেখলে মানুষের যে প্রতিক্রিয়া হয় সেই রকম একটা ভাব করে তিনি ঘৃণার মাত্রাটা অপরাধীকে বুঝিয়ে দিতেন। বঙ্কিমের বরাতে এই ধরনের ব্যবহার যে কতবার জুটেছে! শেষ জুটেছে বিয়ের ঠিক আগে।
বঙ্কিম ঠিক প্রেম বা বিয়ে কোনওটার জন্যেই প্রস্তুত ছিল না। বঙ্কিমের মা মারা যাবার পর পরমেশ্বরই তার জীবনশিল্পী হতে চেয়েছিলেন। যখন যে ভাবটা পেয়ে বসত সেইভাবেই বঙ্কিমকে চালাতে চাইতেন। নিজে ছিলেন ব্রিটিশ আমলের সরকারি অফিসার। ইংরেজ বলতে অজ্ঞান। কথায় কথায় বলতেন—সাহেবের জাত, ওরা সব দেবতা। আবার চৈতন্যচরিতামৃত পড়তেন, বিবেকানন্দ পড়ে আবৃত্তি করতেন, ঊর্ধ্বরেতা হবার ব্যাপারটা তাকে মুক্ত করেছিল। আবার স্যার সুরেন্দ্রনাথের বাগ্মিতার কথা প্রায়ই বলতেন। বঙ্কিমের ভবিষ্যৎ জীবনের রূপকার হতে চেয়েছিলেন পরমেশ্বর অথচ সেই ভবিষ্যৎ সম্পর্কে তাঁর কোনও সম্যক ধারণা ছিল না। আকাশে মেঘ আর রোদের খেলার মতো বড় বড় জীবন আর ভাবের প্রভাবে তিনি অনবরতই পেণ্ডুলামের মতো দুলতেন। ছেলের নাম রেখেছিলেন বঙ্কিম, কারণ যে পূর্ণিমার বিকেলে তাদের পুরনো বাড়ির স্যাঁতসেঁতে আঁতুড়ে ভূমিষ্ঠ হয়েছিল সেই বিকেলে পরমেশ্বর বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ পড়ছিলেন। আর বঙ্কিমের মতো এক মহাপুরুষের জন্ম দিয়ে তার ক্ষীণজীবী মা যন্ত্রণায় ছটফট করছিলেন এবং সেই বিকেলেই সূতিকার জীবাণু জন্মনাড়িতে জড়িয়ে নিয়ে মহাপুরুষের তিন বছর বয়সেই পরমেশ্বরের মতো ডাকসাইটে পিতার হাতে ছেলেকে জিম্মা করে দিয়ে সরে পড়েছিলেন। পরমেশ্বর বঙ্কিমের বিয়ের কয়েক বছর আগে ছেলেকে মহান ত্যাগী সন্ন্যাসীর চেহারায় দেখতে চেয়েছিলেন। বঙ্কিম কিন্তু তখন অন্য একসপেরিমেন্টে ব্যস্ত। সে তখন নিজেকে জিতেন্দ্রিয় অবতার ভাবতে শুরু করেছিল। ছেলেদের সঙ্গে যেভাবে সহজে মেশা চলে সেইভাবে মেয়েদের সঙ্গে মেলামেশার পরীক্ষা চালাচ্ছিল। সবে অধ্যাত্ম রামায়ণ পড়ে মনে মনে আওড়াতে শুরু করেছে—স্ত্রীয়া সমস্তা সকলা জগৎসু। মেয়েরা সব মায়ের মতো। ‘মানুষ’ বলে প্রচণ্ড একটা দার্শনিক প্রবন্ধ লিখে কোনও এক ধর্ম পত্রিকার সন্ন্যাসী সম্পাদককে তাক লাগিয়ে দিয়েছে।
এই পরীক্ষার মুখে বঙ্কিমের পিতৃবন্ধু সপরিবারে বিদেশ থেকে ফিরে এলেন। বঙ্কিম যখন খুব ছোট সেই সময় তাঁরা চাকরির খাতিরে বাইরে চলে গিয়েছিলেন। ছেলেবেলায় বঙ্কিম তার পিতৃবন্ধুর মেয়ের সঙ্গে খেলা করত। সেই সময়কার তোলা একটা গ্রুপ ফটোতে দুটি পরিবারকেই দেখা যায়। বঙ্কিম একেবারে সামনের সারিতে বসে বসে আঙুল চুষছে আর পিছনের চেয়ারে বসে আছেন বঙ্কিমের শাশুড়ি, কোলের কাছে দাঁড়িয়ে আছে তার বউ একটা চোখ একটু বোজানো, জিভটা বেরিয়ে আছে সামনে, বোধহয় ক্যামেরাম্যানকে ভেঙচি কাটছিল। দীর্ঘ পনেরো বছর পরে বাল্যসঙ্গীর সঙ্গে যখন দেখা হল, তখন সে বড়-সড় একেবারে জেন্টল লেডি। বঙ্কিম হল বঙ্কিমদা, বঙ্কিমের বাবা কাকাবাবু। দীর্ঘকাল বাইরে থাকার ফলে জড়তা ঝরে গেছে। শালোয়ার কামিজ পরে। সাইকেল চালায়। বাংলার মধ্যে হিন্দির মিশেল : যেমন টক নয় খাট্টা, মিহি নয় পিনো, ভাল নয় বড়িয়া, মাসি নয় মৌসি, বিড়াল নয় বিল্লি। বঙ্কিমও তখন সেই ছেলেবেলার আঙুল চোষা বাঁদর নয়, বেশ চোখা যুবক, একমাথা ঘন কালো কোঁচকানো চুল, ঘাড়ের কাছে ঢেউ ভাঙা, চোখ দুটো ভাসা ভাসা বড়ই ছিল, ত্রাটক সাধনার ফলে সেই চোখের দৃষ্টি তখন আরও তীক্ষ্ণ, ডিমে তা দেবার সময় পাখির চোখের দৃষ্টির মতো উদাস ফ্যালফেলে, তার উপর সোনালি ফ্রেমের শিল্পী চশমা, নাকটা বেশ খাড়া। ভদ্রমহিলা এই বাঙালি যুবকটির তীক্ষ্ণ চেহারায় যেন প্রথম থেকেই একটু-মজে গেলেন। বঙ্কিমের কিন্তু অন্য ব্যাপার, তার তো তখন নতুন একসপেরিমেন্ট চলেছে। ইন্দ্রিয়কে যে জয় করে ফেলেছে তার কাছে ছেলে আর মেয়ের তফাত কোথায়!
আর ঠিক সেই সময় পরমেশ্বর একটা নাটক করার অদ্ভুত সুযোগ পেয়ে গেলেন। আবার সেই বয়কট। বঙ্কিম বসে বসে বই পড়ছিল। বিকেলটা বই পড়েই কেটে যেত; কিন্তু সেই নিয়তি। কখন কার জানালার গরাদ ধরে হেসে ওঠেন বলতে পারে না। পরমেশ্বর কদিন ধরেই একটু গুমোট ছিলেন। ব্যাপারটা ঠিক কী বোঝা যাচ্ছিল না। মনের এইরকম একটা গুমোট অবস্থায় পরমেশ্বর সকাল বিকেল গঙ্গার ধারে বেড়াতে চলে যান। বাড়িতে যতক্ষণ থাকেন দুমদুম করে গোড়ালির উপর ভর দিয়ে হাঁটেন। মার্কিনের লুঙ্গি বুকের উপর তুলে বাঁধেন। আর মাঝে মাঝে বিকট গলায় তারা তারা বলে চিৎকার করেন। সেই চিৎকারে রাস্তার ছাড়া কুকুর চমকে উঠে জানালার দিকে মুখ তুলে এক ভলক ঘেউ ঘেউ শব্দ ছাড়ে। পরমেশ্বর যথারীতি বেরিয়ে গিয়েছিলেন। বঙ্কিম পড়ছিল, এমন সময় বঙ্কিমের বউ এসে হাজির। পড়া ভণ্ডুল হয়ে গেল। বঙ্কিমদার সঙ্গে বেড়াতে যাবে। দূরে কোথাও নয়, গঙ্গার ধারে। আহা কী সুন্দর চাঁদ উঠেছে!
বঙ্কিম বুক ফুলিয়ে বেরিয়ে পড়ল। গঙ্গার ধারে দু’জনে হাত ধরাধরি করে চলেছে, হঠাৎ উল্টো দিক থেকে পরমেশ্বর এসে পড়লেন। বঙ্কিম ডেসপ্যারেট! ছেলে আর মেয়েতে তার কাছে তখন কোনও তফাত নেই। হাতে হাত ধরাই রইল। পরমেশ্বর তির্যক দৃষ্টিতে একবার তাকিয়েই গম্ভীর মুখে রাস্তার একপাশ দিয়ে বেরিয়ে গেলেন। আর সেই রাতেই তাঁর মনের আকাশ পুরোপুরি মেঘে ঢেকে গেল। মাঝে-মাঝে তারা তারা গর্জন। বঙ্কিমকে দেখলেই সেই নাচের ভঙ্গি করে সরে যাওয়া। ডেলিকেট ফুট ওয়ার্ক। নিজের বোনকে ডেকে বললেন, বলে দে,