Home
দায়মুক্ত

দায়মুক্ত

সমরেশ মজুমদার

দায়মুক্ত

সমরেশ মজুমদার
short story

Change color


কয়েকদিন যেতে-না-যেতেই হাঁপিয়ে উঠলেন রজতাভ। কাঁহাতক চব্বিশ ঘণ্টা বাড়িতে বসে থাকা যায়! সেই ভোর পাঁচটায় ঘুম ভাঙার পর নিজে চা তৈরি করেন। কলকাতায় থাকলে শিখাকে ডেকে চায়ের কাপ ওর মাথার পাশে রাখতেন। শিখা উঠে পড়ত। এখানে শিখার ঘুম ভাঙে ঠিক সাতটায়। উঠেই ছেলের জন্যে ব্রেকফাস্ট তৈরি করতে ছোটে। রঙ্গন অফিসে বের হয় ঠিক আটটায়। দু-মাস আগে বউমাও যেতেন। মাস খানেক আগে বাচ্চা হওয়ার পর তিনি স্বাভাবিক কারণেই দেরিতে বিছানা ছাড়েন।


বউমার সন্তান হবে শুনে শিখা চলে এসেছিল মাস দুয়েক আগে। আসার সময় রজতাভকে সঙ্গে চেয়েছিল। রজতাভ আসেননি। একা-একা কী করে কলকাতা থেকে কলম্বাসে আসবেন এই নিয়ে দুশ্চিন্তায় শিখার ঘুম হয়নি। কথাটা বারংবার স্মরণ করিয়ে দিয়েছিলেন, তাঁর ইচ্ছের মূল্য রজতাভ কোনওদিন দেননি। আমেরিকা থেকে রঙ্গন অভয় দিয়েছিল। সে এয়ারপোর্টে থাকবে। মায়ের কোনও চিন্তা নেই। নাতি হয়েছে খবর পেয়েও কিছুদিন টালবাহানা করে শেষপর্যন্ত চলে এসেছিলেন রজতাভ। আমেরিকা তাঁর একদম ভালো লাগে না, কীরকম বন্দি-বন্দি মনে হয় নিজেকে। তার ওপর মাসটা এখন জানুয়ারি। বাইরে মাইনাস আট।


সেই ভোর থেকেই জানলার পাশে গিয়ে মাঝে-মাঝে দাঁড়ান রজতাভ। বাইরে বরফ আর বরফ। মাঝে-মাঝে বরফ-সরানো গাড়ি রাস্তা ঠিক করে যাচ্ছে। আর ছুটছে শোঁ-শোঁ গাড়ি, ভাবখানা। এখন যেন থামলেই জমে যাবে। অন্য সময় বাইরে একটু হাঁটাহাঁটি করতে পারতেন, চাই কি মলেও পৌঁছে যেতেন। ছুটির দিন বা অফিস ফেরত রঙ্গন তাঁকে নিয়ে ঘুরতে বের হত। এর বাড়ি ওর বাড়িতে নেমন্তন্ন রাখতে যেত। এখন তো বাইরে হাঁটার কোনেও সুযোগই নেই। একহাঁটু। বরফে দু-মিনিট থাকলেই জমে যাবেন। অফিসের পর রঙ্গন বাড়ি ফিরে অবশ্য বলে, যাবে কি নাকি কোথাও। কোথায় যাবেন? গেলে তো গাড়ির বাইরে পা দেওয়া যাবে না। ছেলের সঙ্গে কত আর বড়-বড় ডিপার্টমেন্টাল শপে ঘুরে বেড়াবেন। অতএব সময় কাটছে টিভি দেখে।



শিখার এসব সমস্যা নেই। বউমার শরীর দুর্বল বলে সে-ই সংসার সামলাচ্ছে। কত আধুনিক ব্যবস্থা এখানে, যা ইচ্ছে রান্না করা যায়। তারপর এক মাসের বাচ্চাটা তো আছেই। তাকে নিয়ে কাজের বাইরের সময়টায় পুতুলখেলা চলে তার। কলকাতায় থাকলে প্রায়ই তাঁদের বাকযুদ্ধ হয়। এখানে সেটা হচ্ছে না।


রঙ্গন মদ্যপান করে না। কিন্তু বাবার জন্যে স্কচ এনে দেয়। নিয়ম করে প্রতি সন্ধ্যায় দুপেগ হুইস্কি খান তিনি। এই অভ্যেসটা হয়েছিল পঞ্চাশ বছরের পর যখন তিনি কোম্পানির জেনারেল ম্যানেজার হয়েছিলেন।


ছেলের দিকে তাকালে তাঁর খুব ভালো লাগে। পড়াশুনায় তো ভালোই ছিল। তরতর করে প্রতিটি পরীক্ষায় আশির ওপর নম্বর পেয়ে আমেরিকায় চলে এসে দিব্যি চাকরি করছে। এরমধ্যে তিনবার বাড়ি বদলেছে। প্রতিবারই বাড়ির সাইজ বেড়েছে। দেশে থাকলে প্রতি সপ্তাহে দু-বার ফোন পান ছেলের। বউমাটিও মন্দ নয়।


কিন্তু তাই বলে কলকাতার বন্ধুবান্ধবদের সঙ্গ থেকে বঞ্চিত হয়ে বরফের মধ্যে গৃহবন্দি হয়ে থাকার কোনও মানে হয় না।


ছেলে বলল, তুমি লস এঞ্জেলেসে চলে যাও। ওখানে বরফ তো দূরের কথা ঠান্ডাও বেশি পড়ে না। আমার বন্ধু সুব্রতকে বলেছি। ও খুব আগ্রহী। অনেক জায়গা ওর বাড়িতে। কয়েকদিন ঘুরে ফিরে বেড়িয়ে এসো।



না-না, একি হয়? চিনি না জানি না! রজতাভ আপত্তি জানালেন।


সুব্রতকে দেখলে একথা মনে হবে না। ও খুশি হবে তোমাকে পেলে!


কিন্তু রজতাভ রাজি হলেন না।


শনিবার বিকেলে এই বাড়িটায় যেন উৎসব শুরু হয়। বউমা এখন শরীরের কারণে পারছেন না কিন্তু তাঁর ভূমিকা শিখা নিচ্ছে। আড়াইটে নাগাদ মা-ছেলে বেরিয়ে যাচ্ছে বরফ ঠেলে। ফিরে আসে পাঁচটায়। রিমোট টিপে গ্যারাজের দরজা খুলে রঙ্গন গাড়ি ঢুকিয়ে দেয় ভেতরে। সেন্ট্রালি এয়ারকন্ডিশন্ড বাড়ির উত্তাপ গ্যারেজেও থাকে। তারপর গাড়ির ডিকি থেকে প্যাকেটের-পর প্যাকেট নামায় ওরা। রজতাভ সোফায় বসে দেখেন।


প্যাকেট খুলে জিনিসগুলো বের করতে-করতে শিখার মুখে আলো ফোটে, কি দারুণ বেগুন, তোদের এখানে কত টাটকা আর বড় সবজি, আমাদের ওখানে চোখেই দেখিনি! কই মাছটা দ্যাখা তোর বাবাকে, দশ ইঞ্চি লম্বা। ইলিশের সময় বাজার থেকে এক কেজির বেশি নিয়ে আসতে পারে না। অথচ এখানকার বাংলাদেশিদের দোকানে আড়াইকেজি ইলিশের ছড়াছড়ি। তোর এখানে না এলে এসবের দেখাই পেতাম না।



শুনতে-শুনতে মুখ না খুলে পারেন না রজতাভ, বেশ তো, বাকি জীবনটা এখানেই থেকে যাও। নয়ন ভরে দেখে যেতে পারবে।


ছেলে মাথা নাড়ল, নো মোর বাবা।


শিখা বলল, দেখলি! সব সময় আমাকে না খোঁচালে ওঁর ভাত হজম হয় না।


হ্যাঁ। খাওয়ার সুখ আছে এখানে। এত বড় লবস্টার কখনও চোখেই দ্যাখেনি রজতাভ। গাড়ি বাড়ির আরাম আছে। কিন্তু জীবন? জীবন কোথায়? সেই সকালে বেরিয়ে যায় ছেলেটা, ফেরে। সন্ধের মুখে। বউমাও তাই। তখন কোনওমতে রাতের খাওয়া শেষ করে বিছানায় গা এলিয়ে না দিলে ভোরে উঠবে কি করে?


আর একটা ব্যাপার ক্রমশ অসহ্য হয়ে উঠেছে রজতাভের কাছে। আচ্ছা নেই, হইচই নেই। মাইনের চেক থেকে বাড়ি-গাড়ির ইনস্টলমেন্ট দিয়ে যাও। তাই প্রত্যেক শুক্র বা শনিবারে এর বাড়ি ওর বাড়িতে কথা বলার জন্যে জমায়েত। ক্যালেন্ডারে ছমাসের যত শুক্র এবং শনিবারে। সব লেখা হয়ে আছে। কবে কার বাড়িতে যেতে হবে। যেহেতু বউমার বাচ্চা হয়েছে তাই আগামী পাঁচ মাস এ-বাড়িতে জমায়েত হতে পারে না।



রঙ্গন জোর করে তাঁকে নিয়ে যেত, শিখা খুশি হয়েই যেত। রজতাভ লক্ষ করেছেন এই পাঁর্টিগুলোর চেহারা। যাঁর বাড়িতেই পার্টি হোক অতিথিদের সংখ্যা প্রায় এক আর একই মুখ সর্বত্র। কারণ একটাই, এই বাঙালিরাই শহরের বাসিন্দা। যদিও প্রচুর বাংলাদেশি এই শহরে থাকেন কিন্তু কলকাতার বাঙালিরা তাঁদের বাড়িতে নেমন্তন্ন করতে পছন্দ করেন না। এরকম পার্টিতে আমন্ত্রিত হয়ে সত্তর-আশি মাইল গাড়ি চালিয়েও লোকে আসে। সাতটার মধ্যে জমায়েত শুরু হয়ে যায়। গৃহকর্তা পানীয় অফার করেন। অর্ধপেগ হুইস্কি অথবা কোমল পানীয়। সেটা শেষ। হওয়ার আগেই গৃহকত্রী সবিনয়ে জানান ডিনার পরিবেশিত হয়েছে। খেতে-খেতে গল্প চলে। একই গল্প। শিখা দুটো পার্টিতে এক পোশাক পরে যায় না। গহনাও আলাদা। না, এটা সম্রাট থেকে কেনা। না-না, নিউমার্কেট কেন, দক্ষিণাপণেই সব পাওয়া যায়। কথাবার্তা এই একই খাতে বয়ে যায়। বাড়ি ফেরা সাড়ে আটটায়। রজতাভ বিরক্ত হয়ে পার্টিতে যাওয়া বন্ধ করলেন। শিখা এসে গাল ফুলিয়ে বলল, কি করছ, তুমি না গেলে সবাই প্রশ্ন করবে। কি জবাব দেবে খোকা?


যা হোক কিছু। বলবে বউমার শরীর খারাপ, তাই বাড়িতে আছি।


আশ্চর্য! বউমার শরীর খারাপ হলে আমার বাড়িতে থাকার কথা।



তাহলে বলে দিয়ে পেট খারাপ হয়েছে আমার।


তার মানে ছেলের সম্মান রাখতে তুমি যাবে না?


আমি না গেলে ওর সম্মান যদি চলে যায় তাহলে না যাওয়াই ভালো।


রজতাভ ছেলেকে ডাকলেন। জানিয়ে দিলেন কেন তিনি যাচ্ছেন না। রঙ্গন হাসল, সত্যি, একদম রোবটের মতো ব্যাপার। আমারই যেতে ইচ্ছে করে না কিন্তু এখানে সম্পর্ক রাখা দরকার বলে যাই। তোমার ভালো না লাগলে যাবে না। আমি যা হোক বলে ম্যানেজ করে নেব। রঙ্গন চলে গেল।


শিখা জ্বলন্ত দৃষ্টিতে স্বামীকে দেখল, বউমার জন্যে খোকা একা যায়। কিন্তু আর সবাই জোড়ে আসে। তুমি এখানে থাকতে আমি একা যাচ্ছি, এতে যে সম্মান ধুলোয় লুটোবে তা ভেবেছ?


তাই বলো। খোকা নয়, তোমার কথা ভেবে আমাকে যেতে বলছ। তা তুমিও তোনা যেতে পারো। সম্মান বজায় থাকবে। রজতাভ হাসলেন।



শিখা কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। রজতাভ জানেন শিখা যাবেই। এখানকার তরুণীমহলে শিখার খুব খাতির হয়েছে। ওর কাছ থেকে সবাই বিভিন্ন রান্নার রেসিপি জেনে নেয়।


পরদিন দুপুরে রোদ উঠল। বেশ কড়া রোদ। বরফও গলতে শুরু করল। ভরসা পেলেন রজতাভ। আপাদমস্তক গরম কাপড় মুড়ে তিনি বাড়ি থেকে বের হলেন। রাস্তায় মোড় অবধি গিয়েছেন, মনে হল সারা শরীরে কাঁপুনি হচ্ছে। হঠাৎ গাড়িটাকে দেখতে পেলেন। রঙ্গনের গাড়ি। চিৎকার করে বলছে, উঠে পড়, জলদি।


উঠতে গিয়ে দেখলেন পা এগোচ্ছে না। কথা বলতে গেলে শব্দ হারিয়ে গেল। রঙ্গন দ্রুত নেমে এসে তাঁকে টেনে তুলল গাড়িতে। গাড়ির ভেতরটা মেশিন গরম রেখেছে। পেছনের সিটে শুইয়ে দিয়ে বাড়ি ফিরে গেল রঙ্গন। ধরাধরি করে তাঁকে শোওয়ানো হল বিছানায়। টেলিফোন পেয়ে ছুটে এল রঙ্গনের বাঙালি ডাক্তার বন্ধু। ইনজেকশন দিল সে। বলল, ঘণ্টা তিনেকের মধ্যে বোঝা যাবে হাসপাতালে নিয়ে যেতে হবে কিনা। মেলোমশাই-এর ইনশিয়য়ারেন্স করা আছে তো?


শিখা জানে না। রঙ্গন দ্রুত রজতাভর পাসপোর্ট যে ব্যাগে থাকে সেটা খুঁটিয়ে দেখল। মাত্র পঞ্চাশ হাজার ডলারের ইনশিয়োরেন্স করিয়ে এসেছেন রজতাভ কলকাতা থেকে আসার সময়। সম্ভবত প্রিমিয়ামের টাকাটা নষ্ট হয় বলে কম টাকায় করিয়েছিলেন। রঙ্গন জানে ওই পঞ্চাশ হাজার ডলার তেমন-তেমন ক্ষেত্রে কিছুই কাজ দেবে না। ওঁকে হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হলে কি পরিণতি হবে ভাবতেই শিউরে উঠল সে।



কপাল ভালো ছিল। ডাক্তার বন্ধু জানাল ইনজেকশনে কাজ হয়েছে। এখন রজতাভ ঘুমোবেন। কেউ যেন ওঁকে বিরক্ত না করে। পাক্কা তিরিশ ঘণ্টা ঘুমোবার পর চোখ খুললেন রজতাভ। শুনলেন তাঁর কোল্ড স্ট্রোক হয়েছিল। ওই ঠান্ডায় যা পরে বের হওয়া উচিত তা তিনি পারেননি। মাথা থেকে পা ঢাকলেই মাইনাস পাঁচকে কবজা করা যায় না। তার জন্যে চাই আলাদা পোশাক। হিট স্ট্রোকের কথা তিনি জানেন, কোল্ড স্ট্রোক আজ প্রথম জানলেন। একা পেয়ে শিখা জানাল তাঁর মুখ নাকি বেনারসের হনুমানের মতো হয়ে গেছে। কপাল থেকে চিবুক পর্যন্ত চামড়া পুড়ে গিয়েছিল। ওইটুকুই খোলা ছিল তখন।


সাতদিনের মাথায় সম্পূর্ণ সুস্থ হয়ে রজতাভ দেখলেন তাঁর মুখ থেকে শুকনো চামড়া উঠছে। সাপের খোলস যেমন ওঠে তেমনি মুখের চামড়া উঠে যাওয়ার পর তিনি রঙ্গনকে বললেন দেশে ফিরে যাবেন। শিখার যাওয়ার প্রশ্নই ওঠে না। সে নাতি আর বউমাকে নিয়ে ব্যস্ত। রঙ্গন আপত্তি করেছিল প্রথমে, শেষে প্লেনে সিট বুক করে দিল। ওদের শহর থেকে লন্ডন, লন্ডন থেকে। কলকাতা। শিখার একটুও ইচ্ছে ছিল না স্বামীকে ছাড়ার। যাওয়ার আগের রাত্রে শুয়ে-শুয়ে বলল, তোমার কাছ থেকে আমি কিছুই পাইনি।


রজতাভ বললেন, কি চেয়েছ যা তোমাকে দিইনি?



জানি না। যাচ্ছ যাও। কিন্তু রোজ ফোন করতে হবে।


কত বিল দিতে হবে খেয়াল আছে?


তাহলে একদিন অন্তর একদিন?


আচ্ছা।


আর একটা কথা। আমাদের বেডরুমে শোবে না।


তাহলে কোথায় শোব?


অন্য কোনও ঘরে। খোকার ঘরে।


বেশ। তাই হবে। রজতাভ আর তর্ক করতে চাইলেন না।



রঙ্গন এল তাঁকে এয়ারপোর্টে ছাড়তে। শেষ মুহূর্তে বলল, আমি জানি তোমার এখানে খুব অসুবিধে হয়, তবু তোমাকে দেখলে মন ভালো লাগে।


রজতাভ ছেলের কাঁধে হাত রেখে বললেন, আমি মরে গেলে তুই তোর মাকে এখানে নিয়ে আসিস। কলকাতার বাড়ি বিক্রি করে দিবি। তুই তো কখনও কলকাতায় ফিরে যেতে পারবি না।


অনেস্টলি বলছি বাবা, ফিরে যেতে চাইলেও যেতে পারব না। এই বাড়িটাকে কিনেছি পঁচিশ বছরের ইনস্টলমেন্টে। তা ছাড়া আমি চাকরি পেতে পারি কিন্তু তোমার বউমা ওখানে গেলে হাউস ওয়াইফ হয়ে থাকবে। সেটা আর ও কিছুতেই পারবে না।


আমি জানি। তাই বলছি, বাড়িটাকে রেখে কোনও লাভ নেই।


এখনই এসব কথা বলবে না।


ছেলের মুখটায় এখনও ওর ছেলেবেলার অভিমান। এখনও যে এটুকু বেঁচে আছে তা দেখে খুব খুশি হলেন রজতাভ।



লন্ডনে নামলেন সকাল আটটায়। এখানে ঘণ্টা পাঁচেক বসে থাকতে হবে। ট্রানজিট লাউঞ্জে পৌঁছে বোর্ড দ

**********
No Review
Related Books
Loading books…