Home
তৃতীয় পুরুষ

তৃতীয় পুরুষ

সঞ্জীব চট্টোপাধ্যায়

তৃতীয় পুরুষ

সঞ্জীব চট্টোপাধ্যায়
short story

Posted byশেষ নগরী04-Jun-2025

Change color

সদরে গাড়ি থামার শব্দ হল। মিটার ফ্ল্যাগ তোলার ক্ষীণ একটু শব্দও শোনা গেল। বঙ্কিমের কান সজাগ ছিল বলেই, রেডিও চলা সত্ত্বেও শুনতে পেল। খাটের বাজুতে ঠেসান দিয়ে, ঠ্যাঙের ওপর ঠ্যাঙ তুলে, বঙ্কিম সকালের কাগজ পড়ছিল, রেডিও-ও শুনছিল, পাশের বাড়ির শাশুড়ি বউয়ের প্রাত্যহিক প্রাতঃকালীন ঝগড়ার দিকেও কান রেখেছিল। এখন গাড়ি থামার শব্দ এবং মিটার ফ্ল্যাগ তোলার ক্লিং শব্দটাও শুনল। বঙ্কিম একসঙ্গে অনেক দিকে মনোযোগ দিয়ে দিতে পারে বলেই, তার জীবনে বোধহয় কিছু হল না। বহুমুখী মন নিয়ে বঙ্কিমের কেরিয়ারের বারোটা বেজে গেল। বঙ্কিমের মেকার্সদের অন্তত সেই রকমই ধারণা।


ক্লিং শব্দটা হতেই বঙ্কিম চট করে উঠে রেডিওটা বন্ধ করে দিল। হাত দিয়ে মাথার চুল খানিক এলোমেলো করে নিল। খাটের মাথা থেকে একটা চাদর নিয়ে গায়ে জড়াল। এখন এই রকম একটা অসুস্থতার মেক-আপ নিয়ে তাকে প্রতিমার সামনে দাঁড়াতে হবে। তাতেও শেষ রঙ্গে হবে কি না সন্দেহ। বঙ্কিমের বউ প্রতিমা ফিরে আসছে নার্সিংহোম থেকে, তাদের জয়েন্ট ভেন্‌চার, প্রথম সন্তান কোলে নিয়ে। ফিরিয়ে আনছে বঙ্কিমের পিসতুতো বোন। বিয়ের বছর না ঘুরতেই, বঙ্কিম প্রাউড ফাদার।



বঙ্কিম কিন্তু জানে, সে মোটেই প্রাউড নয়, বরং কাওয়ার্ড। সে নিজেকে কোনও দিনই ফাদার বঙ্কিম বলে ভাবতে পারেনি। তার ধারণা, ফাদার হবার যোগ্যতা একমাত্র তার ফাদারেরই আছে। তিন কি বড় জোর চার বছর বয়সে মা মারা যাবার পর তার জীবন একেবারে কানায় কানায় পিতৃময়। তার মন, ভাব, ভাবনার আকাশ আচ্ছন্ন করে পিতা পরমেশ্বর। শৈশবে পিতৃভক্তির আতিশয্যে বঙ্কিম সুর করে সকাল সন্ধে পিতৃশ্রাদ্ধের মন্ত্র পাঠ করত—পিতা স্বর্গ, পিতা ধর্ম। বঙ্কিমের এক জ্যাঠাইমা যাঁর ঠোঁটকাটা, কটুভাষী, কাণ্ডজ্ঞানহীন বলে পরিচয় আছে, তিনি একদিন বঙ্কিমের ভুল ধরিয়ে দিয়ে বলেছিলেন, ‘এ কী রে? এ তো মাথা ন্যাড়া করে, ঘাটে বসে, পিণ্ডোৎসর্গের সময় পড়তে হয়।’ বঙ্কিম সত্য মিথ্যে জানার জন্য পিতা পরমেশ্বরকে প্রশ্ন করেছিল। ভয়ও ছিল, শ্রাদ্ধের মন্ত্র পড়ে জীবিত পিতার পরলোকের পথ প্রশস্ত করে ফেলছে না তো! তিনি বলেছিলেন, ‘ও সব সংশয়বাদীদের কথা। ভক্তিমার্গে এসব বাধা ইগনোর করবে। পিতা আর পরমপিতার শুধু তিনটি শব্দের তফাৎ—প র আর ম। পিতাকে যে সন্তান পরম পিতা করে নিতে পারে তার আর মার নেই। পিতার জন্মও নেই মৃত্যুও নেই। নে সেই গানটা গা। তোর দাদুর সেই গানটা।’ বঙ্কিম সংশয়মুক্ত মনে, সিঙ্গল রিডের হারমোনিয়াম বাজিয়ে, চাঁছাছোলা গলায় গেয়েছিল, সুখে ডালে বসি ডাকিছো পাখি রে, ডাকিছো কি সেই পরমপিতারে।


চোখ বুজিয়ে বঙ্কিম বহুবার মাকে দেখবার চেষ্টা করছে। পারেনি। দেবেদেবীর মূর্তিও আসতে চায় না। চোখ বুজলেই পিতা পরমেশ্বর—সিনিক্যাল মুখ, পাতলা নাক, ডগাটা অল্প একটু বেঁকে কমার মতো পাতলা ঠোঁটের ওপর ঝুঁকে পড়ে গজাল গোঁফ জোড়াকে যেন জিজ্ঞেস করছে—কী হে ভায়া, ঠিকঠাক আছ তো! মাথার সামনে খেলার মাঠের মতো একটি মসৃণ টাক। তীক্ষ্ণ দুটি চোখ, লিভারের গ্যাঁড়াকলে প্রায়ই হলুদ বর্ণ। সোনালি ফ্রেমের শৌখিন চশমা। একেবারে স্ট্রেট ইরেকট্‌ মেরুদণ্ড। সামনে লুটানো কোঁচা। ফাইন ধুতি। কালো ঝকঝকে জুতোর ওপর রাস্তার মিহি ধুলো। সাদা টেনিস শার্ট। ক্রিম কালারের কোট। গটগট করে মিলিটারিদের মতো হাঁটা। জুতোর গোড়ালির শব্দ কী! খট্‌খট্‌। নির্মূল করে কামানো দাড়ি। সদা গম্ভীর মুখ। সে মুখে মেয়েলি মুচকি হাসি বঙ্কিম কখনও দেখেনি। বছরে একবার বিজয়ার দিন একটু সিদ্ধি খেয়ে পরমেশ্বর যখন হাসতেন, বঙ্কিম সে হাসির নাম রেখেছিল—একতলা-দোতলা। হাসির রোল লাফাতে লাফাতে ধাপে ধাপে উপরে উঠে যেত, আবার নেমে আসত ধাপে ধাপে। স্বরযন্ত্রের স্বচ্ছন্দ বিহার। পাড়ায় আর একজন মাত্র মানুষের এই রকম হাসি ছিল। তাঁর নাম ছিল সন্তোষদা। বাড়ির পাশেই পান বিড়ির দোকানের মালিক। তাঁর হাসির অবশ্য একটা ডিফেক্‌ট ছিল। পরমেশ্বরের হাইটে উঠত ঠিকই, তবে ওই খোল ফাটা তুবড়ির মতো। শেষ ধাপে উঠেই হাসি হয়ে যেত ব্রঙ্কাইটিসের কাশি। সন্তোষদা কাশতে কাশতে শেষকালে বুকটা চেপে ধরে, ‘ওরে বাবারে, ওরে বাবারে’ বলে আর্তনাদ করে উঠতেন। সন্তোষদা দিনে শখানেক বার হাসতেন। তখন বাংলাদেশে হাসির কাল চলেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের টাকা হাওয়ায় উড়ছে। পরমেশ্বর হাসতেন বছরে একবার। সেই কারণে একটায় ছিল নাদ, অন্যটায় আর্তনাদ।



বঙ্কিমের মনে যে ফাদার বা ফিগার ফাদার ছিল, তা পরমেশ্বরের আদলে ঢালা। ঠুম্‌রি নয়, একেবারে ধ্রুপদ। বঙ্কিম নিজে একেবারে উল্টো। পরমেশ্বর তাকে ইনটারনাল সান করে গড়ে তুলেছিলেন। তার ভেতর থেকে পিতৃনির্যাসের শেষ বিন্দুটুকু বের করে নিয়ে বঙ্কিমকে এমন কায়দায় মানুষ করেছিলেন, মেয়েছেলে দেখলেই যেন গো-বৎসের মতো হাম্মা, মা, মা করে ওঠে। বঙ্কিম নিজেও বিশ্বাস করতে শুরু করেছিল—ফাদার হবার কোনও কোয়ালিটিই তার মধ্যে নেই। সারা পৃথিবীতে বাবাদের যদি কোনও স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশান তৈরি করে কোয়ালিটি মার্ক দেবার প্রথা থাকত, তাহলে সেই স্ট্যান্ডার্ড তৈরি হত পরমেশ্বরকে দেখে। পরমেশ্বর চিরকালের ফাদার, বঙ্কিম চিরকালের সন্তান। বঙ্কিমের ভাব সন্তানভাব। তার ভেতরটা কেবলই বাবা বাবা করছে। কিন্তু বিধির বিধানে, সেই বঙ্কিম আজ ফাদার। পরমেশ্বরের সমর্থন ছাড়াই এই অশনিসম্পাত। সে নিজে এতকাল বাবা, বাবা করেছে, এইবার তাকে বাবা বাবা করবার এতটুকু একটা যন্ত্র তৈরি হয়েছে।


প্রতিমা বুকের কাছে এতটুকু একটা তোয়ালের পার্সেল ধরে, ধীরে ধীরে সিঁড়ি ভেঙে ওপরে উঠে আসছে। বঙ্কিম লাজুক লাজুক মুখে সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছে। মুখ দেখলে মনে হবে, বঙ্কিমই যেন মাদার। আর প্রতিমা যেভাবে উঠে আসছে মনে হচ্ছে সেই যেন ফাদার। যেন পরমেশ্বর বাজার করে ফিরছেন, বগলে একটা এক পাউন্ড রুটি। বঙ্কিম চোরের মতো এদিক ওদিক একবার তাকিয়ে দেখল। যেন কত বড় একটা অপরাধ করে ফেলেছে! দুজন থেকে তিনজন হয়েছে। প্রতিমার গর্ভসঞ্চারের ব্যাপারটা যখন কিছুতেই আর চেপে রাখা গেল না, সারা শরীরে এবং ব্যবহারে মায়ের দয়ার মতোই শনৈঃ প্রকাশিত হল, তখন পরমেশ্বর ছেলেকে বলেছিলেন—মাল্টিপ্লিকেশন ইজ এ রুল বাট ডোন্ট মেক ইট এ ন্যাচারাল প্র্যাকটিস। সেই সারমন শোনার পর থেকেই বঙ্কিমের লজ্জা ও অপরাধ বোধটা আরও বেড়ে গেছে।



আর তিনটে ধাপ ভাঙলেই প্রতিমা দোতলায় উঠে আসবে। বঙ্কিম সারা মুখে একটা নির্বোধের হাসি ছড়িয়ে, লম্বা তর্জনীটা একটা হুকের মতো সামনে বাড়িয়ে, চাপা গলায় জিজ্ঞেস করল—‘এইটা, এইটা’। প্রতিমা কোনও উত্তর দিল না। শুধু একটু থেমে কটমট করে তাকাল। বঙ্কিম ভয়ে ভয়ে বলল—‘একটু হাত দেব’? স্পর্শ করার জন্য আঙুলের হুকটা একবার বাড়িয়েও ছিল। তোয়ালের মোড়কটা বুকের কাছে আড়াল করে, প্রতিমা বলল—‘না’। প্রতিমার স্বাভাবিক গলাই লাউডস্পীকারের মতো। ‘না’টা একটু জোরেই বলেছিল। সারা বাড়িটা যেন শিউরে উঠল। বঙ্কিম তাড়াতাড়ি একপাশে সরে দাঁড়াল। প্রতিমা গট গট করে নিজেদের ঘরে গিয়ে ঢুকল। প্রতিমার কাঁধের পাশে হলদে কাপড়ের একটা সাইড ব্যাগ ঝুলছে। সাইড ব্যাগে কী আছে, কে জানে! আসল বস্তুটা ব্যাগে নেই তো।


বঙ্কিম জানে প্রতিমার পক্ষে সবই সম্ভব। একবার একটা দুধ চোর হুলোকে বাজারের ব্যাগে ভরে মাইলখানেক দূরে ছেড়ে দিয়ে এসেছিল। যদিও বেড়ালটা প্রতিমা ফেরার আগেই ফিরে এসে আবার ঘরে যথাস্থানে গ্যাঁট হয়ে বসেছিল। এই সিঁড়িতেই একবার রাতে একটা ছিচকে চোরের হাত থেকে নতুন তোয়ালে, গেঞ্জি, আরও কী কী সব কেড়ে নিয়ে, চোয়ালে একটা আন্ডারকাট ঝেড়েছিল। চোরটা শেষ ধাপে ছিটকে পড়েছিল—মা, এমন ঘুষি থানার বড় দারোগার হাত থেকেও খালাস হবে না। ঘুষির প্রশংসায় খুশি হয়ে প্রতিমা চোরকে নতুন গেঞ্জিটা উপহার দিয়েছিল। পরমেশ্বর অবশ্য বলেছিলেন, বাইরের লোকের সামনে ঘোমটা দিয়ে বেরুলে শালীনতা বজায় থাকে। প্রতিমা বলেছিল, এর পর চোরে আপনার তোয়ালে কি জুতো চুরি করতে এলে ঘোমটা দিয়েই ঘুষি চালাব। এই প্রতিমাই পরমেশ্বরের হার্ট এটাকের সময়, পাড়ার এক জুনিয়ার ডাক্তারকে সাইকেলের পেছনে বসিয়ে পড়ি কি মরি করে নিয়ে এসেছিল। বঙ্কিম তখন অফিসে। পরমেশ্বর সুস্থ হতে হতে বলেছিলেন, বউমার জন্য এ যাত্রা বেঁচে গেলুম। সুস্থ হয়ে বলেছিলেন—হি-ওম্যান। গোঁফ থাকলে ওই বঙ্কিমের স্বামী হত। প্রতিমা সব পারে, কেবল মেয়েছেলে হতে পারে না।



বঙ্কিম পায়ে পায়ে ঘরে এসে ঢুকল। প্রতিমা ইতিমধ্যে খাটে পা মুড়ে বসেছে। কোলের ওপর তোয়ালেতে এতটুকু একটা লাল মতো মানুষ। মানুষের বাচ্চা যে এত জঘন্য দেখতে হয় বঙ্কিমের ধারণাই ছিল না। মাথায় কয়েক গুচ্ছ ললাম। ওকে চুল বলা যায় না। মুখটা অনেকটা আলুপোড়ার মতো। গায়ের চামড়া যেন রোস্টেড রাঙাআলু। পেটে একটা কাপড়ের পট্টি। ওই জায়গাটাতেই ছিল প্রতিমার সঙ্গে নাড়ির যোগ। জীবনের ভাইটাল সাপ্লাই লাইন। কোথায় দুধের টিনের গায়ে আঁকা সেই একমাথা কোঁকড়া চুল, নীল আকাশের মতো চোখ বাচ্চা! একটু আগের স্পর্শ করার ইচ্ছেটা তার আর নেই। প্রতিমাকে কত সুন্দর দেখতে। এক মাস নার্সিংহোমের যত্নে থেকে, রং যেন ফেটে পড়ছে। মুখের চামড়া একেবারে টান তেলা তেলা। চোখ দুটো মনে হচ্ছে অয়েলিং ক্লিনিং করে নতুন ফিট করা হয়েছে। মণি দুটো ঝকঝকে কালো। সেই প্রতিমার জঠর থেকে এইরকম একটা আগলি জিনিস বেরুল। নিজের সৃজনী শক্তির ওপর বঙ্কিমের ঘেন্না ধরে গেল।


বঙ্কিম রাস্তার ধারের জানালার গরাদ ধরে দাঁড়াল। মানুষের বাচ্চা সে একটু বড় অবস্থায় দেখেছে। ফ্রেশ ফ্রম এবডোমেন, সে দেখেনি। পাশের বাড়ির গরুর বাচ্চা সে ডেলিভারি হতে দেখেছে। মার পেট থেকে পড়েই খোলা মাঠের ওপর দিয়ে দৌড়ল। চারটে পা তখনও ছোটায় অভ্যস্ত নয়। ধড়াস ধড়াস করে বার কতক আছাড় খেল। তবু পৃথিবীর মাটিতে পা রাখবার কী আনন্দ। ধবধবে সাদা রং। বড় বড় নতুন চোখ। বঙ্কিম ভাবে বিভোর হয়ে মনে মনে বলেছিল—ও ক্রিয়েটার! কী সুন্দর, কী সুন্দর! মানুষের বাচ্চা গরুর মতো হবে সে এক্সপেট করে না, ডিজায়ারেবলও নয়। তাহলেও এই কী একটা স্যাম্পল! সে ছাগলের বাচ্চা, খরগোসের বাচ্চা, কুকুরের একসঙ্গে আটটা বাচ্চা, বেড়ালের বাচ্চা, মুরগির একগাদা বলের মতো বাচ্চা দেখেছে। একমাত্র পাখির বাচ্চা ছাড়া এত কুৎসিত প্রোডাকশন সে আর দেখেনি।



বঙ্কিম জানালার পাশ থেকে সরে এসে, খাটের আর একদিকে বসে একটু উসখুস করে জিজ্ঞেস করল, ‘এই রকমই হয় বুঝি? প্রতিমা এতক্ষণ একটাও কথা বলেনি। রাগে জ্বলে যাচ্ছিল। পুরো একটা মাসের বারুদ, এক কথায় ভিসুভিয়াসের মতো ফেটে পড়ল—হ্যাঁ এইরকমই হয়। স্বার্থপর, চোর, জোচ্চোর, ধাপ্পাবাজ, চিটিংবাজদের ছেলে এইরকমই হয়। কথা বলতে লজ্জা করছে না। এ ছেলে তোমার নয়।’ ভাগ্যিস বুদ্ধি করে বঙ্কিম ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছিল। এ সব ডায়ালগ পিতা পরমেশ্বরের কানে গেলে রক্ষে নেই। একেই তিনি সেদিন বলেছিলেন—আমার ছেলেটা সেন্টলি ইনোসেন্ট ছিল। পাল্লায় পড়ে পেকে গেল। কথা হচ্ছিল বোনের সঙ্গে। বঙ্কিম ওভার হিয়ার করেছিল। ‘জেনে রাখবি, ভাল যখন খারাপ হয় তখন খারাপকেও সে ছাড়িয়ে যায়।’ পরমেশ্বরের সঙ্গে প্রথম থেকেই প্রতিমার সম্পর্ক খুবই খারাপ। দর্শনেই আল্যার্জি। বিয়েটা নেহাত গোলেতালে হয়ে গেছে। পরমেশ্বরের বন্ধু অক্ষয়বাবু আবার হাত দেখেন। বঙ্কিমের মনে আছে, বেশ কিছুকাল আগে পরমেশ্বর বলেছিলেন—দেখ তো অক্ষয় এর হাতটা একবার। একমাত্র ছেলে। সংসারে থাকবে বলে মনে হচ্ছে না। বঙ্কিম তখন মা বলতে মূর্ছা যায়।


অক্ষয়বাবু হাত দেখে হাসতে হাসতে বলেছিলেন—চন্দ্র ইজ ভেরি গুড। উচ্চ চিন্তার কারক। বৃহস্পতি ভেরি স্ট্রং। সেভ করবে। বাঁচিয়ে বাঁচিয়ে নিয়ে যাবে শেষ জীবন পর্যন্ত। তবে তবে। বার কতক তবে তবে করে বললেন—সন্ন্যাসী। নো চানস। শুক্রটা ফেরোসাস হয়ে আছে। বাঘের মতো। বরং একটু সাবধানে থাকা উচিত। আচোট কাগজ, চোট করে দিতে পারে। ওয়ান ড্রপ অফ ইঙ্ক, ফিনিশ। সাদা আর সাদা থাকবে না বাবাজীবন, স্পটেড, কলঙ্কিত।



পরমেশ্বর মুখে এই শাস্ত্রটিকে ‘ফেক’ বলতেন। বলতেন বোগাস। কিন্তু যেহেতু অক্ষয়বাবু একটা খারাপ সম্ভাবনার কথা বলেছেন, পরমেশ্বর সঙ্গে সঙ্গে সেটিকে ধ্রুব সত্য বলে ধরে নিলেন। পরমেশ্বর ভাল দেখতে পান না, দেখতে পারেন

**********
No Review
Related Books
Loading books…