Home
কুসুম আমি জানি তুমি ভালো নেই

কুসুম আমি জানি তুমি ভালো নেই

সমরেশ মজুমদার

কুসুম আমি জানি তুমি ভালো নেই

সমরেশ মজুমদার
short story

Change color


এক চৈত্রের দুপুরে জনমানবহীন ছোটনাগপুরের মালভূমিতে দাঁড়াতে বাধ্য হয়েছিলাম। মাথার ওপর আগুন, পায়ের তলা পুড়ছে। যেদিকে তাকাই খাঁ-খাঁ শূন্যতা। সবুজের চিহ্ন নেই। প্রকৃতি যে কত রুক্ষ হতে পারে তার একটা ধারণা হয়েছিল তখন। তোমায় দেখে আজ সেই ছবিটাই মনে এল। কুসুম, তুমি এত নিরাসক্ত হয়ে গেলে কি করে? বর্ষার মেঘে তা থইথই আকাশে যৌবনের যে আনন্দ তা কি করে হারিয়ে যায় চৈত্রের শুষ্কতায়? আজ এতকাল পরে তোমাকে দেখেই বুঝলাম, কুসুম, তুমি ভালো নেই। পাহাড়ি স্টেশনে নেমে চারধারে তাকানোর পর নিজেকেই আগন্তুক বলে মনে হয়েছিল আমার! অথচ সেই বাল্যকালে, আমাদের চোখের সামনে রেললাইন পাতা হয়েছিল, ট্রেন এসেছিল মালা পরে। দিনে দুবার তার যাওয়া আসা। স্টেশনের বাইরে চালাঘরে হরিপদকাকা চায়ের দোকান খুলেছিল। দুবারের ট্রেনে কি আর বিক্রি হত তার। প্রথম স্টেশন মাস্টারের নাম ছিল ঘনশ্যাম ধাড়া। তাঁকে নিয়ে কত হাসাহাসি। চেহারার সঙ্গে নামের এমন রাজযোটক মিল বড় একটা চোখে পড়ে না। লাগোয়া রেল আবাসে ঘনশ্যাম ধাড়া


একাই থাকতেন। টিকিট বিক্রি থেকে ট্রেনকে পতাকা দেখাতে কি আর সময় ব্যয় হত। সারাটা দুপুর আমগাছের নিচে বসে তিনি হরিপদকাকার সঙ্গে ফিস খেলতেন। তারপর আরও একজন বাড়লে, টোয়েন্টি নাইন।


আজ আমার মনে ছবিগুলো এল। কিন্তু হরিপদকাকার দোকানটা বেশ বড় হয়ে গেছে। তার জায়গায় আরও দশটা দোকান। রিকশার ভেঁপু, কুলিদের হইচই। শুনলাম দিনে দশবার ট্রেন দাঁড়ায় স্টেশনে। এখনকার স্টেশন মাস্টার ছিপছিপে সুদর্শন। কথা বলে শুনলাম, ইংরেজি শব্দ বেশি ব্যবহার করেন।



কুসুম, তুমি আর আমি প্রথম দিনের ট্রেন দেখতে এসেছিলাম এখানে। অবশ্য তখন স্টেশনটা তখনকার আমাদের মতো ছিল। এখনকার সব শহরের মতো, তখন আমাদের অনেকের বাড়িতে রেডিও ছিল না। টিভির কথা কেউ শোনেনি। কিন্তু তখন আমাদের আনন্দের অভাব ছিল না।


কুসুম, তখন তোমার বয়স আট, আমি এগারো। প্রথম যেদিন ট্রেন আসবে, আমাদের স্টেশনে সেদিন মফসসল শহরটা প্রায় খাঁ-খাঁ করছিল। সবাই এসে ভিড় করেছে স্টেশনে দু-পাশে। দুটো লাইন সমান্তরাল ওই দিগন্ত থেকে ছুটে এসে অন্য দিগন্তে উধাও হয়ে গিয়েছে। নতুন কোট প্যান্ট, মাথার টুপি, হাতে ফ্লাগ নিয়ে ঘনশ্যামবাবু উদ্বিগ্ন হয়ে পায়চারি করছেন। বড়রা তাঁর সঙ্গে কথা বলতে চাইলে বলছেন, সময় নেই, মাঝে-মাঝে ধমকাচ্ছেন, ট্রেন লাইনে যেন কেউ এসে না দাঁড়ায়। হরিপদকাকা চা বিক্রি করে কূল পাচ্ছে না। এই সময় ঝমঝম করে ট্রেন এল। ইঞ্জিনের গায়ে আগের স্টেশনগুলোয় গাঁদা ফুলের মালা পরিয়ে দিয়েছে। এখানকার বড়রাও পরালেন। ঘনশ্যামবাবু গার্ডের সঙ্গে কথা বললেন। তারপর ট্রেন ছাড়ল। ঠিক তখনই কুসুম, তুমি জিজ্ঞাসা করেছিলে, এই ট্রেন কোথায় যাচ্ছে?


কি জানি?



অনেক অনেক দূরে?


হ্যাঁ। লন্ডন দিল্লি–। আমার যা মনে পড়েছিল তাই বলেছিলাম।


যাবে? যাবে একদিন? তুমি বড় চোখে আমার দিকে তাকিয়েছিল।


ধেত। বাড়ি থেকে ছাড়বে না। টাকা লাগবে, কোথায় পাবি।


তুমি আর কোনও কথা বলনি!


রিকশায় উঠলাম। বিহারি রিকশাওয়ালা। জিজ্ঞাসা করে জানলাম লোকটা কাজের ধান্দায় এখানে এসেছিল দশ বছর আগে। এসেই রিকশা চালাচ্ছে। লোকটা জিজ্ঞাসা করল আমি। কোথায় যাব? সেটা আমিও ভাবছিলাম। আমাদের বাল্যকালে এই মফসসল শহরে কোনও হোটেল ছিল না। রামলাল আগরওয়ালা একটা ধর্মশালা বানিয়েছিলেন কিন্তু সেখানে অবাঙালি ব্যবসায়ীরাই উঠত। ভেবেছিলাম সেখানেই যেতে হবে। কিন্তু স্টেশন চত্বরের এত পরিবর্তন। দেখে রিকশাওয়ালাকে জিজ্ঞাসা করলাম, এখানে ভালো হোটেল হয়েছে?



হ্যাঁ বাবু। চারটে ভালো হোটেল, একটা খুব ভালো হোটেল।


খুব ভালোটায় নিয়ে চলো।


একটু বাদেই যে শহরটাকে আমি দেখতে পেলাম তা আমার অচেনা, দারুণ-দারুণ দোকান, নতুন বাড়ি, বিউটি পার্লার থেকে এ টি এম, টিভির শোরুম থেকে পিজার দোকান, যা আছে সব আধুনিক শহরে এখানে তা পাশাপাশি সাজানো, রাস্তাগুলো অনেক চওড়া হয়েছে। যেন আলাদিনের দৈত্য এসে বদলে দিয়ে গেছে সব। আর তখনই আমার ভয় করতে লাগল, কুসুম, তুমি আছ তো, এই শহরে?


খুব ভালো হোটেলের সামনে এসে অবাক হয়ে গেলাম। ইন এবং আউট লেখা দুটো গেট, মাঝখানে অনেকটা সুন্দর লন, ওপাশে ঝকঝকে পাঁচতলা বাড়িটার ওপর লেখা আছে ডে অ্যান্ড নাইট। এত বড় বাড়ি তখন কেউ এখানে চোখে দেখেনি। রিকশাওয়ালাকে ছেড়ে দিয়ে সুটকেশ নিয়ে কাঁচের দরজা ঠেলে পা বাড়াতেই ঠান্ডা লাগল বেশ। বুঝলাম ঠান্ডা মেশিন চলছে। রিসেপশনিস্ট মিষ্টি হেসে বলল, ইয়েস!



প্রতিদিন থাকার জন্যে আড়াই হাজার দিতে হবে। সেসময় কোনও-কোনও বাড়ির কর্তা ওই মাইনের চাকরি করতেন। লিফটে উঠলাম তিনতলায়। প্ল্যাস্টিকের কার্ড ঢুকিয়ে দরজা খুললাম।


যে কোনও ফোর স্টার হোটেলে এরকম ঘর দেখতে পেতাম। মনে পড়ল ছেলেবেলায় আমরা একটা হ্যারিকেনকে ঘিরে তিনভাই বোন পড়তে বসতাম। এই শহরেই। না। আমি ঠিক করলাম, আর অবাক হব না।


দারুণ বিছানায় জুতো সুদ্ধ শুয়ে পড়লাম। কতদিন?কতদিন পরে আমি এই শহরে এলাম? চল্লিশ। হ্যাঁ ঠিক চল্লিশ বছর পরে। এই বছরগুলোয় আমি অনেক লড়াই করেছি কলকাতায়, তারপর লন্ডন, নিউইয়র্কে ঘুরেছি নিয়মিত। এখন যাকে বলে সচ্ছল, আমি তাই। এখানে আমার কথা ছিল না আসার। মনেই ছিল না।


গত সপ্তাহে বাংলাদেশিদের আমন্ত্রণে কানাডার টরেন্টো শহরে গিয়েছিলাম। অনুষ্ঠানে ভিড় হয়েছিল বেশ। বক্তৃতা ছাড়াও আমাকে অনুগল্প পড়তে হয়েছিল কয়েকটা। সবাই খুশি। হয়েছিল। অনুষ্ঠানের শেষে অটোগ্রাফ দিতে-দিতে হাত ব্যথা। হঠাৎ চোখ তুলে দেখলাম তুমি। সঙ্গে-সঙ্গে চমকে উঠলাম। চল্লিশ বছর আগের সব স্মৃতি ঝাঁপিয়ে পড়ল একসঙ্গে। একটি বাইশ বছরের মেয়ের মধ্যে তুমি আসো কি করে? সেই নাক, চিবুক এবং চোখ। কিন্তু কোথায় শেষবার দেখেছিলাম যখন তুমি বারো। বারো বছরের মুখটাই যেন একটু পরিণত হয়েছে বাইশে।



আমাকে অবাক হতে দেখে সেই মেয়ে হাসল;


কি হল?


তোমার নাম কী?


ফুল।


বাঃ। চমৎকার। কি করো এখানে?


মাস্টার্স করেছি। সামনের সপ্তাহে চাকরি শুরু করব। আপনার অনেক গল্প আমার পড়া। খুব ভালো লাগে। ফুল হাসতেই আবার তোমাকে দেখলাম আমি,


অনেক ধন্যবান।


আপনি আমাকে ধন্যবাদ দিচ্ছেন কেন? আমি কত ছোট। তা ছাড়া, আমি আপনি যে শহরে ছিলেন সেখানে জন্মেছি। ফুল বলল।



কোন শহরে?


বাঃ। আপনার মনে নেই? আপনার অনেক বইতে বারবার যে শহরটার কথা লিখেছেন, ভুলে গেছেন?


ও। তাই বুঝি? কোথায়, কোন পাড়ায় তোমার বাড়ি।


আমার পিসির নাম কুসুম। কুসুমকুমারী। আচমকা হৃৎপিন্ড উপড়ে এল গলায়, কথা আটকে গেল।


জানেন, এই যে আমি এখানে পড়তে এসেছি তা শুধু পিসির জন্যে। আমরা তিন ভাইবোন। বাবার ক্ষমতা ছিল না এখানে এতদূরে পড়তে পাঠাবার। পিসি আমাকে খুব ভালোবাসে। আমার দায়িত্ব ছেলেবেলা থেকে পিসি নিয়ে নিয়েছিল।


ও।


আপনার অনেক লেখায় পিসি আছে, না?


হয়তো।



আপনি কীরকম এড়িয়ে যাচ্ছেন। পিসিকে জিজ্ঞাসা করলেও এড়িয়ে যেত।


তোমার পিসি এখন কোথায়?


পিসি তো বাড়িতেই আছে। স্কুলে পড়ায়।


তোমাদের বাড়িতে? মানে আগের বাড়িতে?


হ্যাঁ। পিসি বিয়ে করেনি। দাদু মারা যাওয়ার পর সংসারের হাল ধরতে হয়েছিল তো। আমি ভাবছি, এবার পিসিকে আমার কাছে নিয়ে আসব।


সেদিন ফুল আমাকে লাঞ্চ খাইয়ে দিল। তোমার কথা আর ও বলেনি, এমনকী এই শহরটা যে এখন বদলে গিয়েছে সেই কথাও না। ও শুধু বলেছে, এখানে ওর আজকাল খুব একা লাগে। জিজ্ঞাসা করাতে মাথা নেড়ে বলেছে, কোনও ছেলের সঙ্গে ওর অ্যাফেয়ার হয়নি। অনেকেই অ্যাপ্রোচ করেছে কিন্তু ওর খুব ভয় করে। ছেলেদের ও বিশ্বাস করতে পারে না। শুনতে ভালো না লাগলেও আমি চুপচাপ ছিলাম।



তারপর থেকেই আমি কোনও কাজে মন দিতে পারছি না। বারংবার মনে পড়েছে কুসুম তোমার কথা। আচ্ছা, আমি যখন পনেরো বছর বয়সে ওই শহর ছেড়ে এসেছিলাম তখন তুমি বারো। আমি কি তোমাকে ভালোবাসার কথা বলেছিলাম তখন? তুমি যখন কিছু বলতে আমি মানে। বুঝতাম না। আমার চেয়ে তিন বছরের ছোট তুমি তবু কীরকম রহস্যময় ছিল তোমার কথা। আমাদের শহরের প্রান্তে রাজবাড়ির দিঘির পাড়ে নিয়ে তুমি বলেছিলে, দ্যাখো, দিঘির জল দ্যাখো। আমি দেখেছিলাম। তুমি জিজ্ঞাসা করেছিলে, বলো তো দিঘি কার বন্ধু?


ধ্যাত। আমি বলেছিলাম, দিঘি কি মানুষ যে কারও বন্ধু হবে।


তুমি হেসেছিলে, না দিঘি আকাশের বন্ধু। তাকিয়ে দ্যাখো, দিঘিতে আকাশের ছায়া পড়েছে। আকাশের সব রং দিঘিতে।


কুসুম, এগুলো কি ভালোবাসার কথা?তখন বুঝিনি। আজ আমি বুঝতে এলাম। কলকাতায় ফিরে এসেই স্থির করলাম, তোমার মুখোমুখি হব। এই দেখা না হওয়া পর্যন্ত যেন আমার শান্তি নেই।


বিকেল চারটে বাজল।



তৈরি হয়ে নিলাম। তোমার সঙ্গে দেখা করতে চাই দিনের আলোয়। রাত নামলে নয়।


হোটেলের রিসেপশনে যারা সদাজাগ্রত তাদের কারও আমাকে চেনার কথা নয়। একজন। জিজ্ঞাসা করলেন, আপনি যদি দূরে কোথাও যান তাহলে হোটেলের গাড়ি নিতে পারেন।


মাথা নেড়ে বললাম, দূরে যাব না। তারপর কৌতূহল হওয়ায় জিজ্ঞাসা করলাম, আপনি নিশ্চয়ই এই শহরের মানুষ নন? চাকরির সুবাদে এসেছেন?


–না, আমার বাড়ি এখানেই।


আচ্ছা! কোন পাড়ায়? এরকম বলিয়ে কইয়ে এরকম নব্য চেহারার মহিলা আমাদের সময়ে এই শহরে ছিল না।


মহিলা বললেন, টেম্পল রোডে আমার বাবা থাকতেন। এখন আমরা থাকি নবাব পাড়ায়।


টেম্পল রোড! খালের পাশের সেই সরু পথটা। যেখানে কালীবাড়ি ছিল বলে ওই নামের রাস্তা হয়েছে। ওখানকার অনেককেই চিনতাম বলে ওঁর বাবার নাম জিজ্ঞাসা করলাম, একটা টেলিফোন অ্যাটেন্ড করে আসার সময় দিলেন মহিলা নিখিলচন্দ্র মিত্র।



অ্যাঁ। নিখিলের মেয়ে?


আপনি আমার বাবাকে চেনেন?


চিনতাম। খুব ভালো লাগল। ওকে আমার কথা বললে নিশ্চয়ই চিনতে পারবে। বাইরে বেরিয়ে এসেও ঘোর কাটল না। নিখিল আমাদের ক্লাসের সবচেয়ে শান্ত এবং সুদর্শন ছিল। কিন্তু ওর সৌন্দর্যে মেয়েলি ভাবটার বাড়াবাড়ি ছিল। কথাও বলত একটু মেয়েলি ঢঙে। মেয়েদের সঙ্গে কথা বলার সুযোগ যারা পেত না তারা ওর সঙ্গে ভাব করে বেশ মজা পেত। জনার্দন তো ঘোষণাই করেছিল সে কোনও মেয়ের সঙ্গে প্রেম করবে না। নিখিলই ওর প্রেমিকা। ওর সঙ্গেই সারাজীবন থাকবে।


সেই নিখিলের এত স্মার্ট মেয়ে ভাবতেই পারছি না। নিখিল কি তার স্বভাব এখন বদলে ফেলেছে? জনার্দনের সঙ্গে কি ওর সম্পর্ক এখনও আছে? এসব প্রশ্ন মাথায় পাক খাচ্ছে তখন। একটা রিকশাওয়ালা আমার দৃষ্টি আকর্ষণ করার জন্যে হর্ন বাজাল। রিকশায় উঠলাম। তোমার বাড়িতে যেতে হলে শহরের অনেকটা ডিঙিয়ে যেতে হবে।


তখন ছিল সরু রাস্তা, এখন সেটা বেশ চওড়া হয়েছে। বাঁ-দিকে গুপ্তদের পুকুরটা চোখে পড়তেই জায়গাটাকে চিনতে পারলাম। পুকুরটা এখনও আগের মতো রয়েছে। অল্প জল। হয়তো। সরকারের আইন পুকুরটাকে বাঁচিয়ে রেখেছে প্রোমোটারদের হাত থেকে। কিন্তু এই রাস্তার দুধারে অনেক ছোট-ছোট দোকান ছিল, তারা কোথায় গেল। এখন সাইবার কাফে, বিউটি পার্লার, আধুনিক ফাস্ট ফুডের দোকান পরপর দারুণভাবে সাজান, মোড়ের মাথায় এসে মনে পড়ল যতীনকাকার কথা। ওর ভাইপো বুলু আমাদের সঙ্গে পড়ত, তখন শহরের একমাত্র বই পত্রিকার দোকানটা ছিল যতীনকাকার। দোকানটা ভেঙে রাস্তা হলেও পাশের দোতলা বাড়ির একতলায় সাইনবোর্ডটা দেখতে পেলাম, বইটই।

**********
No Review
Related Books
Loading books…