
কারও পৌষমাস
আশাপূর্ণা দেবী
সরসীবালা মরিলেই বাঁচেন। কেন যে একটা জাপানী বোমা ছুটিয়া আসিয়া সকলের আগে তাঁহার মাথায় পড়িতেছে না, এইটাই অহরহ অভিযোগ সরসীবালার।
অভিযোগ, অসন্তোষ এটা অবশ্য মনুষ্য প্রকৃতির বিশেষ বৈশিষ্ট্য। বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছুর উপরই রীতিমত একটা অপছন্দ ভাব লইয়া মানুষ সংসারে টিকিয়া থাকে মাত্র।
তবে সরসীবালার বর্তমান অভিযোগে যৎকিঞ্চিৎ বৈচিত্র্য আছে—এই যা। যে দুরন্ত বোমাতঙ্কে ভারত সুদ্ধ লোক জলাতঙ্ক রোগীর মত ক্ষেপিয়া ছুটাছুটি করিতেছে, সেই অনাগত বোমার অসঙ্গত বিলম্বই সরসীবালার অসন্তোষের কারণ।
তা’ অবস্থার গতিকে ব্যবস্থা। নিরীহ ভদ্রমহিলা আজীবন নিশ্চিন্তে সংসার এবং নিঃসঙ্কোচে মেদবৃদ্ধি করিয়া আসিয়াছেন, কতগুলি ধানে কতকটি চাল হয়, কখনো তাহার হিসাব রাখিতে হয় নাই, এক কথায় বলিতে গেলে তাঁহার আজ ”হাড়ির হাল”। সকল অনর্থের মূল যখন ওই হতচ্ছাড়া বৌমা, তখন সেটাকে শীঘ্র একবার দেখিয়া লওয়াই বাসনা সরসীবালার।
উৎপাত কি কম? এইতো—সংসারের হাজার কাজ সারিয়া সবেমাত্র তিনতলায় উঠিয়াছেন কুলের আচারটুকুর তত্বাবধান করিতে—হাঁফ ছাড়েন নাই—হাঁফাইতেছেন; অমনি নীচের উঠান হইতে নবনিযুক্ত ঝিয়ের শানানো গলার ”মা” ডাক ভাসিয়া আসিল। মাতৃনাম মধুর, শুনিলে কান জুড়াইবার কথা কিন্তু সময় বিশেষে উক্ত মধুর ধ্বনি যে কতটা কর্ণদাহকারী হইতে পারে—সরসীবালার সশব্দ স্বগতোক্তিতেই তাহা প্রকাশ পায়।
ওরে বাবারে আবার ডেকে মরছে! আর পারিনে না—পোড়ার মুখো জাপানী আমার মাথায় একটা বোমা কবে ফেলবে রে—
বলিয়া খসখসে তসর ও থসথসে শরীরখানি সামলাইয়া অনেক আয়াসে নামিয়া আসেন। মিনিটখানেক হাঁপানোর পর সিঁড়ি নামার গুরু পরিশ্রম কিঞ্চিৎ লাঘব করিয়া সরসীবালা ঝির উদ্দেশ্যে কাতর প্রশ্নবাণ নিক্ষেপ করেন—কিগো বাছা আবার ডাক পাড়ছো কেন? ছিষ্টি সংসার সেরে সবে মাত্তর ওপরে উঠেছি—কি রাজকার্যে দরকার পড়লো শুনি?
ব্লাউস সেমিজ পরা মার্জিতবাক ঝি। বিশুদ্ধ বাঙলায় উত্তরস্বরূপ প্রতিপ্রশ্ন করে—আমার আবার আপনাকে কি আবশ্যক মা? টাইম মতন আসবো—নিজের কাজ বাজিয়ে দিয়ে চলে যাবো, ডাকাডাকির কি ধার ধারি? দিদিমণি ডেকে দিতে হুকুম করলেন তাই। হুকুম তামিল তো করতে হবে মনিবের।
মনিব মনে মনে সাতবার কান মলিয়া তাড়াতাড়ি বলিয়া ওঠেন—দিদিমণি আবার নীচে বসে বসে ফরমাস করছে কি জন্যে? সিঁড়ি ভেঙে বলে আসতে পারে না? যত গতর দেখেছে সব এই বুড়ির! কোথায় সে?
এই তো একজনা বাবু এসেছিলেন—তাঁকে নিয়ে উপরে গেলেন।
আবার উপরে! সরসীবালার মাথায় বোমা না হোক বাজই পড়ে যেন।
বাবু আবার কে? এই এতক্ষণ নীচে ছিলাম—বাবু ভদ্দর কেউ এলো না। অ আভা, আভা! কে এসেছে রে?
আভা যাহাকে ডাকিয়া লইয়া গিয়া উপরের ঘরে তুলিয়াছে তেমন ‘বাবু’ সম্বন্ধে বিশেষ অবহিত হইবার প্রয়োজন বোধ করেন না সরসীবালা। আভার সাড়া মিলিল না। অগত্যা ধীর মন্থর গমনে আবার সিঁড়ি ভাঙ্গিয়া দ্বিতলে উঠিয়া আভার ঘরের দরজায় উঁকি মারিতেই সরসীবালার বিরক্তি সম্পূর্ণ দূর হইয়া যায়। গালে হাত দিয়া বলিয়া ওঠেন—হরি বলো, আমাদের ‘ফুলু’? আমি বলি কে না কে ‘বাবু’। তা’পর খবর কি? এতদিন আসোনি কেন? এইসব ডামাডোল যাচ্ছে, ভেবে ভেবে হাঁফিয়ে মরি। কেউ আর আসে টাসে না যে দুটো কথা কই। যাক তারপর—তোমরা কোনখানে যাওনি এখনো? সুশীলাদির শরীর কেমন? হৃষিবাবু ভালো আছেন তো? তোমরা দুভাই—? ক্ষেতু শ্বশুর বাড়ি—না এখানে? ‘দুলু’র বৌ কোথায়?
ধীরে মাসীমা ধীরে—’ফুলু’ নামধারী বাবুটি উঠিয়া আসিয়া সরসীবালাকে একটি প্রণাম ঠুকিয়া সহাস্যে বলিয়া ওঠে—
একটা একটা করে বলুন, প্রথম নম্বর—’এতদিন আসিনি কেন?’ কারণ দিন কয়েক ছিলাম না কলকাতায়। ‘কোথায় গেছলাম’ না জিগ্যেস করতেই বলে নিই, শিউড়ি গিয়েছিলাম বাবা মাকে বৌদিকে রাখতে—
হরে কেষ্ট! তোমরাও তা’ হলে কলকাতা ছেড়েছ? আহা জানলে একবার দেখা করে আসতাম সুশীলাদির সঙ্গে। লোকে তো বলছে কলকাতার শহর নাকি গুঁড়ো হয়ে যাবে—আত্মীয় বন্ধুর সঙ্গে আর কখনো দেখা হবে না—ভগবানই বলতে পারেন সত্যিমিথ্যে। তা’ সব ভালো আছো তো?
যতটা সম্ভব এবাজারে। মার কথা যদি বলেন, কখনোই ভালো থাকেন না—আজই বা খামোকা ভালো থাকতে যাবেন কি জন্যে? যে ক’টি রোগ পোষা আছে পালা করে ঠিক চালিয়ে দেয় সারা বছর। তবে—বাবা খুব ভালো আছেন। আগে একখানা খবরের কাগজ নিতেন, শিউড়ি গিয়ে পর্যন্ত দু’খানা নিচ্ছেন। যখনি দেখি—চারদিকে খাতা পেন্সিল, এ্যাটলাস, গ্লোব, স্টেটসম্যান, আনন্দবাজার ইত্যাদি ছড়িয়ে নিয়ে আনন্দে বসে আছেন। স্নান-আহার ভুল হয়ে যায়।
ভালো বটে—ওই এক পাগল মানুষ। যখন যে বাতিক চাপে। বরাবর একরকম থাকলেন। বৌমা তাহলে শিউড়িই গেছেন?—
হ্যাঁ। ক্ষেতুও গেছে মার কাছে। দাদাকেই শুধু থাকতে হবে এখানে! আমিও ভেগে পড়বো। এখানে তো—গোয়াল শূন্য। ভাগ্যক্রমে—কতকগুলো খোঁয়াড়ভাঙা গরুকে ঠেঙিয়ে জড় করা হয়েছে শিউড়িতে, তাদের ঘাস জল দিতে যেতে হবে।
বেশ কথা কও ফুলু! সরসীবালা, হাসিতে থাকেন, তোমার ছাত্তররা বুঝি শিউড়িতে যাবে একজামিন দিতে।
সেই রকম তো ব্যবস্থা। আভার কি ব্যবস্থা হ’ল? আই, এ, দিতো না এবার?
দিতো তো—হচ্ছে কই? ব্যবস্থার কথা তোমরাই বেশি জানো। মেয়ে তো সেই দুঃখে শয্যে নিয়েছেন বললেই হ’ল—ওকি লা চিমটি কাটছিস কেন?
চিমটি কি আবার, পিঁপড়ে হয়েছে চৌকিতে। বলিয়া মায়ের পিঠের কাছে হইতে ঈষৎ সরিয়া দাঁড়ায় আভা। সরসীবালা আসিবার পূর্বে কথা কিছু কহিয়াছিল কিনা কে জানে, আপাততঃ সে গম্ভীর মুখে তাচ্ছিল্যের আভাস টানিয়া আনিয়া মায়ের পিছন ঘেঁষিয়া দাঁড়াইয়াছিল। মায়ের যেমন সকলের কাছে সকল কথা খুলিয়া বলা রোগ, মেয়ের তেমনি আপত্তি তাহাতে। কেন রে বাপু, লাভটা কি? অপরের চিত্তবিনোদন ছাড়া তাহাদের কাছে দুঃখ গাথা গাওয়ার আর কি সার্থকতা আছে? কে কবে অন্যকে মুস্কিলে পড়িতে দেখিলে কৌতুক বোধ ছাড়া, সমবেচনায় বিগলিত হয় শুনি? তবে?
কাজেই প্রচলিত গ্রাম্যপ্রথায় মাকে একটু সতর্ক করিবার চেষ্টা করিতেছিল আভা, কিন্তু মা এমনি ন্যাকা যে হাটে হাঁড়ি ভাঙিয়া বসিলেন।
মেয়েদের লেখাপড়া—’হয়ে গেল’ মাসীমা। ফুলু উৎসাহে মতামত ব্যক্ত করে বুঝলেন আভাদেবী! নারী প্রগতির দফা গয়া। আগেও ছিল না—পরেও থাকবে না! মাঝখান থেকে ফাঁকতালে জনাকতক যা করে নিতে পেরেছে। এখন ওই—’ব্যাক টু দি ভিলেজ।’ কলসী নিয়ে পুকুর থেকে জল আনো হেঁসেল ধরো—এবং অবসর কালে পাড়া বেড়াও আর ছেলে ঠেঙাও। পরীক্ষা দেওয়া আর হচ্ছে না মেয়েদের।
না হয় না হ’বে, আপনার কি? কেউ তো তা’র জন্যে আপনার কাছে কাঁদতে যায়নি! আপনাদের তো সব বজায় থাকবে তা’হলেই হ’ল।
মায়ের অতিরিক্ত সারল্যে যতটা অস্বস্তি বোধ করে আভা, ততোধিক অপ্রতিভ হ’ন সরসীবালা মেয়ের অন্যায় ঔদ্ধত্যে। কাজেই তাড়াতাড়ি কথা ফিরাইতে বলেন—
আভি কি ফুলুকে ‘আপনি’ বলিস না কি?
আগে বলতেন না—কলেজে উঠে সভ্য মহিলা হয়ে পর্যন্ত বলছেন।
ওই সব ঢং ইস্কুল কলেজের। ছোটবেলায় কত ভাব, কত আবদার—চব্বিশ ঘণ্টা তো সুশীলাদির বাড়িই পড়ে থাকতিস। এখন আবার ‘আপনি আঁগ্যে’—এদিকে চ্যাটাং চ্যাটাং কথা তো খুব শিখেছিস, চলে যাচ্ছিস যে? ওই এক ধরন মেয়ের। যাচ্ছিস তো একটু চা করে আনিস ফুলুর জন্যে। পেতলের কৌটোয় নিমকি আছে ক’খানা, আনিস সেই সঙ্গে।
গমনোন্মুখ আভা মায়ের ডাকে মুখ ফিরাইয়া দাঁড়াইয়াছিল, চশমার ভিতর হইতে তাহার পানে হাস্যোজ্জ্বল দৃষ্টি নিক্ষেপ করিয়া ফুলু কহিল—
ওরে বাবা একে চা—তা’র ওপর নিমকি! যে রকম রাগে গরগর করছে আপনার মেয়ে, নিমকির বদলে চায়েই না নুন দিয়ে বসে মাসীমা।
আভা উত্তর অবশ্য করে না, জ্বলন্ত দৃষ্টি এবং ত্রুদ্ধ ভঙ্গীর মধ্যে উত্তর রাখিয়া ‘তরতর’ করিয়া নীচে নামিয়া যায়।
সরসীবালা ক্ষুব্ধকণ্ঠে কহেন—এই এক উল্টো রাগ মেয়ের। পরীক্ষে হ’ল না তা’র জন্যে চব্বিশ-ঘণ্টা রাগ ঝাল মন খারাপ। দিতে পারিস দি’গে যা না বাবু, কে তোর হাত পা বেঁধে রেখেছে? কার যে দোষ তার ঠিক নেই, ঝাল ঝাড়তে মা আছে। মা যেন ওর কলেজের মাথায় বোমা ফেলেছে। আমার মাথায় একটা পড়লেই আমি বাঁচি। পড়ছে নাও তো ছাই।
হ্যাঁ বাঁচবার একটা সহজ পথ বার করেছেন তা’হলে—বেশ। যাক বৌদিরা সব গেলেন কোথা? নেই না কি কেউ?
আর বোলোনা বাবা, আমার যা খোয়ার হয়েছে সে বলবার নয়। বৌমারা তো রেঙুনে বোমা পড়ার গুজব শুনেই আপন আপন কাচ্চা বাচ্চা সামলে একধার থেকে চম্পট। ছিষ্টি সংসার এলোমেলো ক’রে ছড়িয়ে এক এক সুটকেস সম্বল ক’রে যেখানে সুবিধে পেলেন চ’লে গেলেন—আমি বুড়ি সেই সব গুছিয়ে মরছি। আর আমার ছেলেরা হপ্তায় হপ্তায় মাল বইছে আর বাজার সরকারি করছে। এদিকে দেখ বৌমারা যাবার সঙ্গে সঙ্গে ঠাকুরটা জবাব দিলে, হাতে পায়ে ধরতে বাকী রাখলাম শুনল না! চাকর মুখপোড়া না ব’লে পালালো। অতদিনের পুরোনো ঝিটা সুদ্ধু বোনপোর অসুখের ছুতো করে গেলো, আর এলো না। অতিকষ্টে একটা বাসন-মাজার লোক পেয়েছি, দশ টাকা মাইনে—তেজে মটমট করছে, তাই পায়ে ধরে রাখা। ধোপা বলে গেছে আসছে ‘ক্ষেপে’ আর কাপড় নেবে না। আবার আজ সকালে—
গয়লা ব্যাটা বলে গেছে—’দুধ দেবে না কাল থেকে’—এই তো?
কথার শেষাংশ ফুলুই যোগ করিয়া দেয়।
ঠিক তাই। তোমায় কে বললে? আভা?
সরসীবালা বিস্মিত প্রশ্ন করেন।
বলতে হবে না, সর্বত্রই এক ব্যাপার কিনা। ‘বাঙালীর একতা নেই’ বলে যে বদনাম ছিল সেটা ঘুচেছে এতদিনে। সকলের মনে এক চিন্তা, সকলের মুখে এক কথা, সকলের ঘরে এক সমস্যা।
হ্যাঁ ফুলু, তা এরা কিছু বিহিত করছে না?
কারা?
এইসব তোদের কর্তারা?
করছে বৈকি, দেশের যত সব ভালো ভালো দামী লোকদের বোমার হাত থেকে বাঁচাবার জন্যে যত্ন করে নিয়ে গিয়ে ‘সেলে’ বন্ধ করে রেখে দিচ্ছে।
সরসীবালা কি বোঝেন তিনিই জানেন, বোধ করি দামী দামী ব্যক্তিবর্গ সম্বন্ধে একপ্রকার নিশ্চিন্ত হইয়াই বলেন—তা যেন বেশ করেছে বুঝলাম, কিন্তু আমাদের মতন গেরস্থ প্রজাদের কথাও তো ভাবতে হয়? তাদের জন্যেও তো কিছু করা দরকার?
তাতেও ত্রুটি নেই মাসীমা, কী না করেছে? মরে গেলে মড়া পর্যন্ত ফেলবে কথা দিচ্ছে, আর কী চান?
ওমা তুমি আবার ও কি বলছো? সরসীবালা হতাশ বিস্ময়ে গালে হাত দেন ছোটলোকগুলোর কথা তো মিথ্যে নয় তা হলে? সেই ভয়েই তো পোড়ার মুখোরা তিলার্ধ তিষ্ঠোচ্ছে না—চোখ কান বুজে ছুটছে।
ঠিকই করছে—প্রফুল্ল সুচিন্তিত মন্তব্য প্রকাশ করে—ভেতরের কথা আগে ওরাই ঠিক ধরে ফেলেছে আর কি।
কি জানি বাছা, তুমি তো আরো ভাবনা ধরিয়ে দিলে! আমার ছেলে মেয়েরা তো এসব কথা হেসে উড়িয়ে দেয়।
হাসি? বলেন কি? হাসবার দিন কি আর আছে? আজ যাতে হাসছেন—কাল তাই ফলে যাচ্ছে। সব বিশ্বাস করে যাবেন একধার থেকে। হাসি? রাম বলো—
ফুলু জিভ কাটিয়া ভারী গম্ভীর ভাবে মাথা নাড়ে।
কিছুক্ষণ নীরব থাকিয়া সরসীবালা খেদোক্তি করেন, আমার যে কত দিকে কত জ্বালা! সবাই বলছে—’চলে যাও চলে যাও—পালাও পালাও”—আরে বাবু—ছেলেরা পড়ে থাকবে বোমার মুখে—কর্তার নড়বার জো নেই—সরকারের চাকর, তিনি থাকবেন। আমার প্রাণটাই কি বড় হ’ল? হাত পুড়িয়ে রেঁধে খাবারই কি ক্ষমতা আছে ওদের? কখনো একগেলাশ জল গড়িয়ে খায়নি। তা’রপর এই ছিষ্টি সংসার। ভগবান না করুন; বোমা পড়লে আলাদা কথা, তা’বলে ইচ্ছে করে চোর ডাকাতের হাতে স’পে সর্বস্ব দিয়ে যাবো? আমাকে থাকতেই হবে শেষ পর্যন্ত, তবে মেয়েটাকে নিয়েই ভাবনা। কোথায় যে পাঠাই—
কেন বৌদিদের কারুর সঙ্গে পাঠালেই হ’ত?