
ওয়ার্ল্ড কাপ, এবং ..
বুদ্ধদেব গুহ
একটু আগেই বৃষ্টি হয়ে গেছে এক পশলা।
আজাদ পথের উপরে লোহার ফর্মাটি সামনে রেখে বসেছিল। মেঘাচ্ছন্ন আকাশের দিকে চাইল একবার। বিরক্ত হল খুবই। এই আবহাওয়াতে কে আর জুতো পালিশ করাবে?
সকাল থেকেই দিনটা খারাপ যাচ্ছে।
বিরজুর চায়ের দোকান অন্যান্য দিন, এমনকী কোনো তেওহারের সময়েও যেমন ভিড় হয়, সেই তুলনায় আজ অনেকই বেশি ভিড়। রিলায়েন্স কাপের একদিনের ক্রিকেট খেলা আজ থেকেই শুরু হল। ওয়ার্ল্ড-কাপ কথাটা শুনছে খুবই আজাদ। ঈদ অথবা দশেরার মতোই তেওহার লেগে গেছে পুরো মহল্লাতে।
বিরজুর দূরদৃষ্টিই আলাদা। ওর পাশেই যে বড়ো মিষ্টির দোকান, তার মালিক মহেশপ্রসাদের কাছ থেকে ধার নিয়ে একটি কালার টিভি কিনে ফেলেছে সে দিনকয় হল। এই ম্যাচ উপলক্ষ্যেই। বলেছে মহেশপ্রসাদকে যে, ফাইনাল খেলা কলকাতায় যেদিন হবে, নভেম্বরের আট তারিখে, সেই দিনই ওর ধার শুধে দেবে বিরজু।
ঔর সুদ? সুদকো ক্যা হোগা?
মহেশপ্রসাদ জিজ্ঞেস করেছিল, নিজে হাতে রসের কড়াইয়ে পান্তুয়া ছাড়তে ছাড়তে।
মহেশপ্রসাদ পাক্কা বানিয়া। তার বাপ বানিয়া ছিল। বানিয়া ছিল বাপেরও বাপ। সুদের সঙ্গে আসলকে কখনোই গুলিয়ে ফেলে না।
বিরজু হেসে উত্তর দিয়েছিল, কমিশন কাহেলা বাবু? কালার টিভি মে ওয়ার্ল্ড-কাপ কি খেলা যব সবেব দিখেগা তব হামারা দুকান সে কুলহারমে চায়ে ঔর পকৌড়াভি যেইসী বিকেগা, আপকি দুকানসে হকিসিমকি মিঠাইভি তো জরুরই বিকবে করে গা। ওহি তো সুদ আপকি রুপাইয়াকি! ক্যা? গলদ বোলিন ম্যায়?
মহেশপ্রসাদ হেসেছিল। চোখ মিচকে।
বলেছিল, বড়া হুঁশিয়ার হো গৈলরে উঁওড়াপুত্তান তু!
এই কথোপকথন বেশ কয়েকদিন আগে হয়েছিল। আজাদ তখন বিরজুর দোকানে বসে ভাঁড়ে চা আর কচুরি খাচ্ছিল বলেই কানে এসেছিল।
বিরজু মানুষটাকে ভালোই বলতে হবে। সরগুজা তেলের সঙ্গে মার্সিডিজ ট্রাকের পোড়া মবিল মিশিয়ে পাকৌড়া ভাজলেও গো-ব্রাহ্মণে ভক্তি আছে। দান-ধ্যানও করে। আজাদের কাছ থেকেও পয়সা নেয় না। তবে প্রতিদিনই বিরজুর নাগড়া জোড়াতে কালি দিয়ে বুরুশ মেরে এক্কেবারে চকমকিয়ে দিতে হয় তাকে। সকাল বিকেল দু ভাঁড় চায়ের বিনিময়ে। এই নিয়মই চলে আসছে গত পাঁচ বছর। যখন থেকে এই মহল্লার পথে রুজির জন্যে এসে বসতে শুরু করেছে আজাদ, সেই দিন থেকেই।
আজকের অবস্থাটা সত্যিই খারাপ। বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হওয়ায় সকাল থেকেই শাঁওন ভাঁদোর মতো বৃষ্টি হচ্ছে। বিহারের রাজধানী পাটনার এই শহরতলির মহল্লাতে অবশ্য আজ ছুটিরই আবহাওয়া। সেমিফাইনাল হবে নাকি লাহোর আর বোম্বাইতে। ফাইনাল কলকাতাতে। পাটনাতে কোনো খেলাই না হলে কি হয়, হাল-চাল, ফালানা-ঢামকানা দেখে মনে হচ্ছে যেন সব খেলা এইখানেই হচ্ছে। অফিস-কাছারিতে কেউই আজ যায়নি বিশেষ। নেহাত রোজই ঘুষঘাষ পাওয়ার সম্ভাবনা যেসব চাকরিতে আছে, সে বাবুরা আর যাদের মালিক খুবই কড়া, তারাই। বাধ্য হয়ে কাজে গেছে। নইলে সকলেই টিভি দেখতে ব্যস্ত, নয়তো রেডিয়োয় রিলে শুনতে। মর্দ আওরৎ সবাই সামিল।
গেন্দ, বারি এইসব কথাগুলো মুহুর্মুহু ভেসে আসছে বিরজুর দোকান থেকে, আর তুমুল হট্টগোল।
কী খেলা, কে জানে! আজাদ কখনও দেখেনি। তার বাবাকেও খেলতে বা দেখতে দেখেনি।
বিরজুর মুল্লুক বিহারের মধুবনী জেলাতে। বন্যাতে এবারে বড়োই ক্ষতি হয়ে গেছে ওদের। তবে ওদের মানে, বিরজুর এজমালি বাড়ির। ক্ষেতি-জমিন কাঁড়া-ভইষও আছে কিছু। গেছে, গেছে। বিরজুর তাতে কোনোই ক্ষতি-বৃদ্ধি নেই। পাছে রিস্তেদাররা আচমকা এসে পড়ে তার ঘাড়ে চড়াও হয়, সেই ভয়েই ও আগে থাকতেই দু-শোটি টাকা টি এম ও করে দিয়েছে।
বিরজু জানে যে, লোভ বড়োই বাজে জিনিস। আর মানুষের চোখই লোভকে বাড়িয়ে দেয়। ওর বাড়িতে ভাই-ভাতিজারা এসে পড়লে, ওর ঠাট-বাট দেখে ঈর্ষায় তাদের বুক জ্বলে যাবে। মনে করতে থাকবে, এই সবও বুঝি এজমালিই। তাই বন্যাকে ও গড়িয়ে আসতে দেয়নি এখানে। কোনোক্রমেই। নিজের মুলকেই আটকে দিয়েছে মনিঅর্ডারের বাঁধ বেঁধে। সীয়ারাম! সীয়ারাম।
আর-রে। আরে। ক্যা কর রহা হ্যায় তু বেয়াকফু! ছোড় ছোড়। ছোড় না শালে! মারে গা এক লাখ গাঁড়পর। হামসে তোরা লালচ না মিটব।
বলেই, পাঁড়েজি সত্যি সত্যিই মেরে দিলেন এক লাথ, কাঁচা পথের ওপরের কাদাতে প্রায় উঁবু হয়ে বসে পাঁড়েজির দু-পায়ের জুতো চেপে-ধরা আজাদের বুকে।
বৃষ্টি পড়তে শুরু করেছিল টিপ টিপ করে। সাইকেল-রিকশা থেকে নেমে বিরজুর দোকানের দিকে পা বাড়াতে-না-বাড়াতেই পায়ের ওপর এমন আচমকা হামলাতে উনি প্রচণ্ড বিরক্ত হয়ে গেছিলেন। তা ছাড়া আজ ওয়ার্ল্ড-কাপ-এর খেলার কারণেই বিশেষ ব্যস্ত এবং উত্তেজিতও থাকায় বিরক্তি বেড়ে ছিল আরও। এই সব ইতরজনেরা এসবের কী বোঝে!
ভাবছিলেন পাঁড়েজি।
তবে পাঁড়েজির বাপ-ঠাকুর্দাও জন্মে যে ক্রিকেটের ব্যাট-বলে কখনো হাত দিয়েছেন এমনও নয়। তবে ব্রাহ্মণ্যর অবিংসবাদী অধিকারেরই মতো পয়সাওয়ালা মানুষদেরও তাবৎ ব্যাপারেই। অবিংসবাদী অধিকার। ওঁরা যা বোঝেন, বা ওঁদের জ্ঞানের যা পরিধি, তা কি আজাদদের মতো ছোটোলোকদের কোনোদিনও কল্পনার মধ্যে আসবে? আর রোজই ওই শালা চামার এমন করবে। কথা নেই, বার্তা নেই, খপাখপ পা জড়িয়ে ধরবে জুতো পালিশ করার জন্যে। ভিখিরির মতো বলবে, আজ পঁচাশ নয়া ভি নেই কামায়া হুজৌর সুবেবসে। আইয়ে। দিজিয়ে। আপকি জুতি চকমকা দেতা।
খেটে খাওয়ার ইচ্ছে তো নেই। তাই ভিক্ষে চাইবে।
প্রতিদিন ওই অত্যাচার আর সহ্য হয় না। এ আর ভিক্ষে ছাড়া কী?
লাথি খেয়ে, আজাদ মুখ-বিকৃত করে কাদাভরা পথে পড়ে যাওয়াতে, বিরজুর দোকানের কয়েকজন নতুন খরিদ্দার বিরক্তি প্রকাশ করেছিলেন মুহূর্তের জন্যে।
পরক্ষণেই অন্যদের এবং বিশেষ করে পাঁড়েজি, বিরজু এবং আজাদেরও নিজের ব্যবহারে তাঁরা। বুঝতে পেরে গেলেন যে তাঁরা যেমন পাকৌড়া দিয়ে চা খাওয়াটা স্বাভাবিক ব্যাপার বলে জানেন, আজাদও তেমন লাথি খাওয়াটাকেও স্বাভাবিক ব্যাপার বলেই মেনে নিয়েছে। যে বিনা প্রতিবাদে সুখাদ্যর মধ্যে গণ্য করে লাথি খেয়ে হজম করছে দু-বেলা, তার জন্যে রেসপেকটেবল ভদ্রলোকেরাই বা কেন নিজেদের খামোখা ঝামেলাতে ফাঁসাতে যাবেন?
ছেঁড়া পায়জামা আর তালি-মারা নীল-রং হাফসার্টটা কাদায় আর জলে মাখামাখি হয়ে গেছিল।
ওই অবস্থাতেই হাসতে হাসতে উঠেদাঁড়িয়ে আজাদ হাতজোড় করে পাঁড়েজিকে বলল, হুজৌর মালিক। মাঈ-বাপ। বাড়িতে আমার অসুখ। কাল রাত থেকেই পেটে কিছু পড়েনি। প্রায় বেঁহুশে দেখে এসেছি তাকে।
পাঁড়েজি ধমকে বললেন, চিল্লা মত।
তারপর দোকানের অন্য সমঝদারদের দিকে চেয়ে হাসি হাসি মুখে বললেন, ফালতু আদমী হ্যায়। ইন্ডিয়া ব্যাটিং কর রহা হ্যায়, ঔর ঈ শালে ফজলু বাঁতে কর রহা। ভাগ হিয়াসে। নেহিতো মারেগা ঔর এক লাথ।
এমন সময় একটি ঝকঝকে কালো কন্টেসা গাড়ি এসে দাঁড়াল। গাড়ি থেকে বাবু রামখিলাওন, আচকান পায়াজামা পরে নামলেন। ওপরে খদ্দরের দুধ-সাদা জওহরকোট। দু-টি পাতেই পাঁচটি করে দশটি আংটি। গাড়ি থেকেই তাঁর একটি পা বেরোতেই, আর যায় কোথায়? আজাদ সঙ্গে সঙ্গে সেই পায়ের ওপর বডি-থ্রো করে দিল।
করুণ স্বরে বলল, মালিক। হুজোর। মাঈ-বাপ।
রামখেলাওনবাবুও আজাদের সুগোল কিন্তু নির্বুদ্ধি মাথায় কাবলির মৃদু ঠোক্কর ঠুকলেন একটা।
প্রচণ্ড চটে গিয়ে বললেন, কমবক্ত কাঁহাকা! জলদিমে হ্যায়, ঔর তু মেরি জুতি বরবাদ কর দেলি। ক্যা তু?
জুতি।
জুতি। হাঃ। দামি পোশাক পরা, দামি গাড়ি থেকে নামা বাবুরামখেলাওন এম এল এ-র হুঁড়িতে আর ডাবল-চিন-এ হাসি ঢেউ তুলল। মুখটা খুবই নিষ্ঠুর দেখাতে লাগল। খুনি-খুনি।
হেঁকে বললেন, জুতিহি তো দেলি তোরা। ঔর ক্যা?
বলেই, কথাটা যাঁরা শুনলেন, তাঁদের মনোরঞ্জনে সফল হলেন কিনা দেখে নিয়ে, গাড়িতে এক পা আর জমিতে এক পা রেখে গলা তুলে মহেশপ্রসাদকে বললেন, আররে মহেশ! ঘরমে কাল বিশ কে জি লাড়ু ভেজ দেনা। সুবেব দশ বাজনেকি পহিলেই। ঘিউমে গড়বর-সরবর নেহি কর না, সমঝা?
মহেশপ্রসাদ দোকান ছেড়ে পথের মধ্যে এসে বৃষ্টির মধ্যেই হাতজোড় করে রামভক্ত হনুমানের মতো করে দাঁড়াল। ওর বড়ো বড়ো কালো কালো কানদুটোর গহুর থেকে বেরিয়ে থাকা চুলগুলোকে পেছন থেকে আরশুলার শুড়ের মতো দেখাচ্ছিল।
মহেশপ্রসাদজি হাত জোড় করেই বত্রিশপাটি দাঁত বের করে বললেন, হুজৌর মাঈ-বাপ। হামসে অ্যায়সা বেইমানি কভভি না হোনা হুজৌর। আপনি অর্ডারকি বারেমে বিলকূল বে-ফিকুর রহিয়েগা।
অন্যর লাড়ু যে ভেজাল ঘিতেই বানাক তার নিজের লাড়ু যে খাঁটি ঘিয়েতেই ভাজা হবে, সে সম্বন্ধে নিশ্চিত হয়ে বাবুরামখিলাওন এম এল এ খুশি হলেন।
লোকগুলো ভারি ভালো। ওঁকে বেশ মান্যিগন্যি করে। ঘিয়ে একটু ভেজাল না দিলে ওঁর মতো বহুজনকে বিনি-পয়সার সাপ্লাই অথবা নির্বাচনের আগে চাঁদা দেবেই বা কোত্থেকে। লেনদেন এর ওপরেই তো দাঁড়িয়ে আছে রাজনীতি। এই দেশ। বোঝেন সব। উনি খুবই কনসিডারেট।
কনটেসা চলে গেল বাবু রামখিলাওন এম লে এ-কে নিয়ে। মহেশপ্রসাদ নিজের দোকানের মধ্যে গিয়ে ঢুকল। আর সঙ্গে সঙ্গে বিরজুর দোকানের ভেতর থেকে প্রচণ্ড সোরগাল ভেসে এল।
অতলোকের চিৎকারের মানে বোঝা গেল না। অন্তত আজাদ বুঝতে পারল না। কিন্তু শুনল যে, দোকান থেকে নেমে আসা বিড়ির দোকানি গণেশরাম, লুঙ্গির দোকানি গিয়াসুদ্দিনকে বলল, থার্ড ক্লাস। ইক রান। সিফ ইক রানকি লিয়ে খো দিয়া উইকেট। সাচমুচ থার্ড ক্লাস।
পুরো মহল্লার সমস্ত মানুষই উত্তেজিত। কিন্তু মুহ্যমান। দলের বিরুদ্ধে প্রচণ্ড বিক্ষোভে ফেটে পড়ছে। যেন কিরিকেট নামক খেলার ওপরে অথরিটি এই মহল্লার প্রত্যেকটি মানুষই!
এই কোলাহল, আক্ষেপ উত্তেজনার মধ্যে আজাদই একেবারেই একা দাঁড়িয়ে ছিল পথের মধ্যে। অন্যদের উত্তেজনা দেখে সেও উঠে দাঁড়িয়েছিল। দুটি হাত বুকের কাছে জড়ো করে, নিরুত্তাপ, শান্ত, স্নিগ্ধ আজাদ একাগ্রমনে চলমান মানুষদের মিছিলে তার সম্ভাব্য খদ্দেরের জুতো-পরা পা। খুঁজে যাচ্ছিল। জুতো চাই-ই আজ। জুতো, জুতোই তার জীবন।
তার ভালো-মন্দর বিধায়ক।
কে যেন বলে গেল, পাশ দিয়ে যেতে যেতে, ঝুট্টোই পরিসান হচ্ছিস আজাদ আজ ওয়ার্ল্ড-কাপের খেলা নিয়েই সকলে ব্যস্ত। সকলেই দৌড়ে যাচ্ছে, দেখছিস না। কারো থামবার উপায় নেই। আর নাই যদি থামে কেউ, তাহলে পা বাড়িয়ে দিয়ে কে তাকে ধন্য করবে? দাঁড়িয়ে পড়ে, আয়েস। করে জুতো পালিশ করানোর তোক দেশে আর নেই। সমস্ত দেশই এখন দৌড়োচ্ছ। অগ্রগতি মানেই দৌড়, যান্ত্রিকতা, অবসরের অভাব, টাকা, আরও টাকার জন্যে শরীর মনের অক্লান্ত সাধনা।
কে বলে গেল?
লোকটাকে চেনার আগেই লোকটার ছাতা-ঢাকা শরীরটা গলির মোড়ে পৌঁছে গেল।
মোড়ের নিসার হোটেল থেকে দারুণ বিরিয়ানি আর চাঁবের গন্ধ ভেসে আসছিল বৃষ্টি-ভেজা হাওয়াতে। ফিরনির গন্ধ ওড়ে না। থিতু হয়ে বসে থাকে বর্ষার দিনের প্যারাপেটের বেড়ালের মতো।
আঃ। উমদা।
ভাগ্যিস গন্ধ নিতেও পয়সা লাগে না!
কিছুক্ষণ পরই সন্ধ্যে হয়ে যাবে। খেলার আলোচনা করতে করতেই অনেকেই গিয়ে ঢুকছে নিসার হোটেলে। গলির ভেতরে, বিরজুর দোকানের উলটোদিকেই ম্যায়কাদা শরাবখানা।
অসময়ের বৃষ্টিতে গা সিরসির করছে। খেলা আজাদের বোধ হয় শেষ হল একটু আগে। সন্ধ্যে প্রায় হয়ে এল। বৃষ্টির দিন। অনেকই লোক গা গরম করতে ম্যায়কাদাতে ঢুকছে। কিছু লোক আছে রোজকার খদ্দের। আজ নতুনও আছে বেশ কিছু। অন্ধকার গাঢ় হতে-না-হতেই কিছু রান্ডি এসে জমেছে। চুমকি-বসানো শাড়ি বা ঘাগড়া পরে সস্তা তীব্রগন্ধী ইত্বর মেখে চুলবুল করে