
আখরিগঞ্জ
বুদ্ধদেব গুহ
এই জন্যেই আজকাল ভালো লাগে না তোমাকে।
মেহগনি বলল।
কেন?
অন্যমনস্ক গলাতে বলল, উজলা।
কেন আবার কী? এতক্ষণ ধরে একটা গান গাইতে বলছি আর তোমার গ্রাহ্যই হচ্ছে না। আমি যদি গাইতে জানতাম তবে এতক্ষণে…
জারুল বলল, তুমি যদি গান জানতে দাদা তবে আমরা যে দুঃসাহস করে তা শুনতে চাইতামই এমন কথা নিশ্চয় করে বলা যেত কি! পম্পলাল বৈদ-এর বেতোঘোড়ার বাত একবার ভালো হয়ে গেছিল না তোমার গান শুনে?
উজলা তবুও নিরুত্তরই রইল।
কিন্তু আঁধার আর নৈঋত খুব জোরে হেসে উঠল।
কী জানি বাবা! আমি যে গায়ক নই, তা তো সকলেই জানে। আর নই বলেই তো ভালো গান শুনতে এত ভালবাসি। গাধা নিজে গাইতে পারে না বলে তো গান শুনতে তার বাধা নেই। নাকি আছে?
ফরমাস করামাত্রই গান গাইতে পারি না আমি। তা ছাড়া, সব জায়গায় যখন তখন কি গান হয়!
তুমি গায়িকা কি না, সে সম্বন্ধে আমার সত্যিই সন্দেহ হয়। যার ভিতরে গান আছে, এমন শ্রাবণের সকালেও তার বুকের মধ্যে গান যে গুমরে ওঠে না কেন, তা আমার সব বুদ্ধির বাইরে। এমন শ্রাবণে আমার মতো বেরসিকও শ্রাবণাহত হয়ে যাই আর তুমি…। গান মানেই কি মাইক, হারমনিয়াম, তবলা, এস্রাজ, মঞ্চ, অনেক আলো? অনেক শ্রোতা? যিনি গায়ক বা গায়িকা তিনি তো এমন দিনে নিজে থেকেই গুনগুনিয়ে উঠবেন, বিশেষ করে, রবীন্দ্রনাথের গান যিনি শিখেছেন।
উজলা বলল, গাড়ির জানালা দিয়ে আসা হু-হু হাওয়াতে বুকের আঁচল ঠিক করতে করতে, স্বভাব-গায়কের কথা বলছ তুমি মেহগনিদাদা! আমি স্বভাব গায়ক নই।
কেন?
সঠিক বলতে পারব না তবে হয়তো স্বভাব-কবি আর স্বভাব-গায়ক এই দুই-ই একই পাড়ার বাসিন্দা বলেই, আমি স্বভাব-গায়ক নই।
উজলার ছোটো ভাই আঁধার বলল, রবীন্দ্রনাথকে নিয়ে আর চলেও না। তোমরা যা-ই বল। রবীন্দ্রনাথ ব্যাপারটাই একটা ‘ক্লিশে’ হয়ে গেছে।
না চললেই তো আনন্দের কথা হত, কিন্তু সত্যিই যে চলে না আজও তাঁকে ছাড়া। কী করা যায় বলো আঁধার।
মেহগনি বলল।
জারুল বলল, তা ছাড়া তুমি চালাবার চেষ্টাই বা করলে কবে? জানিনি তো!
সেকথার জবাব না দিয়ে আঁধার বলল, সুমনের গান! ছাঁচ ভেঙে ফেলো। নতুন কিছু করো।
পুরোনো ছাঁচ ভাঙার আগে তো নতুন ছাঁচ বানিয়ে নেওয়ারও দরকার আছে। না কি নেই? সুমনের গানকে খারাপ বলছি না কিন্তু তোর যে তুলনাতত্ত্ব সম্বন্ধে বিন্দুমাত্র জ্ঞানও নেই তা আমি সেদিনই নিশ্চিত বুঝেছিলাম যেদিন তুই আর্জেন্টিনার খেলা দেখতে দেখতে মাঝরাতে মারাদোনার সঙ্গে উচ্চিংড়ের তুলনা করেছিলি।
মেহগনি বলল।
গাড়িসুদ্ধ সকলেই হেসে উঠল। এমনকী স্টিয়ারিং-হাতে বসা, সরু পথ দিয়ে সাবধানে, মনোযোগের পরাকাষ্ঠা করে গাড়ি চালানো নৈঋতও।
মেহগনি বলল, মারাদোনার সঙ্গে উচ্চিংড়ের তুলনার হেতুটা কী ছিল?
তুলনাতত্ত্ব যদি সকলেই বুঝত!
ছাগল।
কে?
তুই।
ছাগল না বলে গাড়ল বলো।
আচ্ছা, এই গাড়ল শব্দটির সঠিক মানে কি কেউই জানিস?
না। বাংলা বানান অথবা বাংলা শব্দের সঠিক মানে যদি জানতে চাও তাহলে বহরমপুরে ফিরেই হরিষদাকে শুধোতে হবে।
এই হরিষদাটি কে?
আঁধার শুধোল।
ইরিগেশান ডিপার্টের ওভারশিয়ার।
মেহগনি বলল।
ইরিগেশান ডিপার্টের সঙ্গে বানানের কী সম্পর্ক বা শব্দর মানের? আশ্চর্য! তিনি কি আধুনিক কবি? না আমাদের কলকাতার সর্বজ্ঞ সেন-এর মতো চকচকে বৈয়াকরণ?
আঁধার বলল।
তা কেন? উনি বহরমপুরের ইরিগেশান ডিপার্টেই কাজ করেন। বললাম তো ওভারশিয়ার। হরিষ পালিত।
বিষাদ, বিষাদ পালিতের কেউ কি হন?
কোন বিষাদ পালিত?
আরে যাকে নটেরা ইয়ার্কি করে নাম দিয়েছে কনস্টিপেশান পালিত।
তা ঠিক জানি না। তুই তো বল নিয়ে মাঠে এগোতেই দিস না, অদ্ভুত স্বভাব।
আসলে তুই একটা জিনিসও কি ঠিক জানিস?
উনি কাজ করেন পাবলিক ওয়ার্কস ডিপার্টে। সেটা ঠিকই জানি।
পাবলিক ওয়ার্কস ডিপার্ট মানে? যাঁরা প্রতিবছরই ঠিকাদারদের বাঁ-হাতে হাত রেখে সেতু বানান। আর বাঁধ। পরের বছরের গোড়াতেই সব ধুয়ে যাবে বলে? ধোওয়া-ধুয়িতে অভ্যস্ত এমন শুচিবাইগ্রস্ত ডিপার্ট কিন্তু আর একটিও নেই। কিন্তু তোদের হরিষ পালিতের সঙ্গেই বা বাংলা বানানের সম্পর্ক কী?
বাংলা বানানের ক্ষেত্রে বঙ্গভূমে বর্তমানে যা নৈরাজ্য চলেছে তাতে পান্ডিত্যের পিটপিটানি এবং বৈয়াকরণদের ব্যায়াম থেকে বাঁচতে বাঁধ বা সেতুরই দরকার এখন।
কেন?
কেন কী! যা অবস্থা হয়েছে এখন, ‘‘বাবা’’ বানান লিখতেই কনফিউজড হয়ে যাব কিছুদিনের মধ্যেই। ‘‘ব্যা ব্যা’’ বা ‘‘বা: বা:’’-ই লিখে ফেলব হয়তো।
সকলে আবারও একসঙ্গে হেসে উঠল। এমনকী নৈঋতও।
নৈঋত বলল, সত্যি। তোর, আঁধার নামটি কাকাবাবু মিথ্যে রাখেননি।
‘‘বাবা’’ বানান ভুললেও ক্ষতি নেই। বাবার নামটি যেন ভুলিস না।
মেহগনি বলল, হাসতে হাসতে।
আবারও সকলে একসঙ্গে হেসে উঠল মেহগনির কথাতে।
আসলে আজ সকালের মিছিমিছি ঝগড়ার বা হাসির বা নীরবতার কোনোই বিশেষ কারণ নেই, মানে নেই।
কলকাতা থেকে তিনদিনের ছুটিতে আঁধার আর উজলা দু-ভাইবোনে এসেছে ওদের পিতৃবন্ধু জ্যোতির্ময়কাকার কাছে, বহরমপুরের পিলখানা রোডে। নৈঋত নন্দী জ্যোতিকাকারই ছেলে। এখানে তাঁদের লব্ধপ্রতিষ্ঠ পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত আছে নৈঋত। মেহগনি আর জারুল নৈঋতদের প্রতিবেশী। খুবই মাখামাখি আছে। জারুলের ছেলেবেলাটা কিন্তু কেটেছে উজলা আর আঁধারদের প্রতিবেশী হিসেবেই। কলকাতার চেতলাতে। বহরমপুরে নয়, জারুল মামাবাড়িতেই থাকত, চেতলাতে, বাবার মৃত্যুর পরে। বড়োমামা অধ্যাপক ছিলেন। তাই মা জোর করেই পাঠিয়ে দিয়েছিলেন ওকে কলকাতাতে মানুষ হওয়ার জন্য। হয়তো মানুষ হয়েছেও। কিন্তু আজকাল যে ধান্দাবাজ নয়, পয়সা কামানো জানে না, তাকে তো আর মানুষ বলে মানে না কেউই! পয়সা, নাম এবং ক্ষমতাই হচ্ছে এখন মনুষ্যত্বের পরাকাষ্ঠা।
শৈশব থেকে যৌবনের প্রথম অবধি জারুল উজলাকে খুবই কাছ থেকে জেনেছিল। কালো, সাধারণ চেহারার কিন্তু ভারি উজ্জ্বল একটি মেয়ে। ওর মা-বাবার দেওয়া উজলা নামটি শুধু আনকমোনই ছিল না, ওর স্বভাব ও চেহারার সঙ্গে আশ্চর্য মানিয়েও গেছিল। অত্যন্ত সুরুচিসম্পন্ন, ব্যক্তিত্বসম্পন্ন, সভ্য, ভদ্র মেয়ে ছিল ও। পড়াশোনাতে যদিও সাধারণ ছিল তখন উজলা, জারুলেরই মতো। সেই জন্যে তো বটেই, মানসিকতার মিলের জন্যেও এক ধরনের বিশেষ নৈকট্য, আত্মীয়তা অনুভব করত জারুল ওর সঙ্গে। কতখানি অনুভব করত তখন ঠিক বোঝেনি। তবে, উজলা হঠাৎ বেগবতী-হওয়া প্রপাত-পাওয়া নদীরই মতো গ্র্যাজুয়েশনের সময়ে খুবই মেধাবী হয়ে যায়। সেকথা, জারুল বহরমপুরে বসেই শুনেছে। মানুষের জীবনের গতি নদীরই মতো। কে কোথায় কখন যে বাঁক নেয়, প্রপাত পায়, বা মরা সোঁতায় মিলিয়ে যায়, তা আগে থেকে বলা ভারি মুশকিল। কলকাতাতে থাকাকালীন সেই যে নৈকট্যবোধ ছিল, উষ্ণতা, আজ প্রায় একযুগ পরে ভরন্ত, আরও ব্যক্তিত্বসম্পন্ন পূর্ণযুবতী উজলাকে হঠাৎ দেখে সেই উষ্ণতার গভীরতা নতুন করেই আবিষ্কার করেছে জারুল। এবং করে, চমকে গেছে।
জারুল শিশুকাল থেকেই একটু কবি-কবি স্বভাবের। বহরমপুর থেকে খুব ভালো কয়েকটি লিটল-ম্যাগ বেরোয়। ও নিয়মিত লেখালেখি করে সেসবে। সাধারণভাবে বি. এ. পাস করে চাকরি-বাকরি পায়ওনি, তাই আপন দাদারই মতো, প্রতিবেশী নৈঋতদা, তাকে তাঁর ব্যবসায়ে সহকারী হিসেবে নিয়ে নিয়েছেন। জারুলের দাদা মেহগনি একটি স্কুলে শিক্ষকতা করে। সততা ছাড়া জারুলের মধ্যে অন্য কোনো গুণ বা যোগ্যতাই ছিল না উল্লেখ করার মতো। তবে নৈঋতদা বলেছিল, সততার যোগ্যতাই যথেষ্ট যোগ্যতা আজকাল। এবং অবশ্যই দুষ্প্রাপ্যও বটে। তোমাকে আমার দরকার।
অনেকই বদলে গেছে এই একযুগে উজলা। জীবনের এই সময়ের বারোটি বছর সাংঘাতিক। সব দিক দিয়েই সাংঘাতিক। উজলা, মেয়ে বলেই, জল পাওয়া রাবার গাছের মতো বেড়ে উঠেছে শরীরে, ঘন হয়েছে তার মনের পাতার ঘের, গাঢ় হয়েছে তার গলার স্বর, ব্যক্তিত্ব।
বদলেছে জারুলও। তবে কলকাতা থেকে মফস্বল শহরে এসে ওর বাড়টার রকমটা একটু ভিন্ন হয়ে গেছে। উজলা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পড়াশুনোতে ভালো যেমন হয়েছে, তেমন ওর মনের ডালপালাগুলি নানাদিকে ছড়িয়েও গেছে, আলো-চাওয়া শাখা-প্রশাখারা যেমন যায়। পুনে ফিল্ম ইনস্টিট্যুটে চান্স পেয়ে গেছে উজলা। চলে যাবে সেখানে ক-দিন পরেই। প্রফেশনাল অভিনেত্রী হবে। কলকাতাতে বাংলাতে এবং গানে বি. এ. করে শান্তিনিকেতনে চলে যায় ও। নৃত্যগীতের শিক্ষা শান্তিনিকেতন থেকেও শেষ করে এসেছে। সেখানের প্রকৃতি তার ব্যক্তিত্বকে অন্য এক মাত্রা দিয়েছে। লক্ষ করে আবিষ্ট হয়ে গেছে জারুল।
অভিনেত্রী হয়তো উজলা ছিলই। হয়তো অধিকাংশ মেয়েই ভালো বা খারাপ অভিনেত্রী। কিন্তু আজকের উজলার চরিত্র এবং চলন-বলন এমনই হয়ে উঠেছে যে, তার কোনটুকু যে অভিনয় আর কোনটুকু প্রকৃতি তা ঠিক বুঝে উঠতে পারছে না জারুল। আর পারছে না বলেই তা বোঝার জন্যে ভারি একটা জেদ চেপে গেছে যেন। যে ভ্রমর, ফুলের রেণুতে একদিন চুমু খেয়েছিল, সে যেমন অচেনা ফলের দিকে অবাক বিস্ময়ে চেয়ে থাকে, তার ফুলটি কেমন ছিল তা মনে করার আপ্রাণ চেষ্টা করে, জারুলও তেমনি অবাক বিস্ময়ে আর অক্টোপাসি মনের অসংখ্য হাত মেলে উজলাকে মনের কাছে পাওয়ার অনুক্ষণ চেষ্টা করছে। এই বারো বছরে জারুলের বাড়টা হয়েছে ভেতরের দিকে। বাইরে সেই বাড়-এর সাড় বিশেষ পাওয়াই যায় না। অথবা, অন্যভাবে বলতে গেলে বলতে হয়, ওর বাড়টা ওর স্বনামের গাছ জারুলের মতো আদৌ হয়নি, হয়েছে বাওবারের মতো। দা আপসাইড ডাউন ট্রি! আর উজলা বেড়েছে পাতাবাহারের মতো অথবা পনসটিয়ার মতো। উচ্ছল, উদ্বেল, চাকচিক্য পেয়েছে অনেকই। এতই বেশি যে, মনের ছায়াচ্ছন্ন গভীর জঙ্গলের ছায়ার সঙ্গে একীভূত হয়ে-যাওয়া, মিশে-থাকা জারুল যেন শৌখিন বড়োলোকের বাড়ির কেয়ারি-করা রৌদ্রোজ্জ্বল বাগানের মধ্যের রোদ-ঝলমল উজলার বেড়ে-ওঠা ঝাড়ের দিকে ভালো করে তাকাতেও লজ্জা পাচ্ছে। চোখ ঝলসে যাচ্ছে যেন উজলার ঔজ্জ্বল্যে।
কাল সকালে বহরমপুরে প্রথমবার দেখা হওয়ার পরেই সপ্রতিভ, সজীব, কৃতী উজলা সকালবেলার আলোর মধ্যে জ্যোর্তিময়কাকাদের বাড়ির একতলার মস্ত খোলামেলা, বাগান-সংলগ্ন বারান্দাতে দাঁড়িয়ে বলেছিল, তুমি আগের থেকেও অনেক বেশি ইনট্রোভার্ট হয়ে গেছ জারুল।
জারুল, না-বলে, মনে মনে বলেছিল, তুমিও হয়েছ। কিন্তু রাবার গাছের গাঢ় সবুজের ছায়ার অন্তর্মুখীনতা ঢাকা পড়ে গেছে পনসাটিয়ার বহির্মুখীনতাতে। যে তোমাকে তেমন করে বুঝছে, শুধু সে-ই একথা বুঝবে। তা ছাড়া, তুমি যে অভিনেত্রী! অপেশাদারিত্ব, পেশাদারিত্বর দিকে ছুটে চলেছে বর্ষার নদীরই মতো। এই পদ্মারই মতো। যে-নদী দেখতে চলেছি আমরা আজ সকালে, আখরিগঞ্জে। তুমি আসলে যে কী, তোমার মনের গভীরে ছায়া আছে না রোদ, রাবার না পনসাটিয়া; তা লুকিয়ে রাখাই তো তোমার অভীষ্ট। আগে-যা শখ ছিল, এখন সেই শখকেই পেশা করে তুলতে চলেছ।
শখকে পেশা করা কি ভালো হবে উজলা?
না না, চলিতার্থে কোনো প্রেম-ট্রেম ছিল না ওদের মধ্যে। এখন এই বয়সে পৌঁছে, প্রেম কাকে বলে সে সম্বন্ধে জানার আভাস পাওয়ার পর সেই প্রাপ্তি যে খুব কম মানুষই জীবনে পায়, একথা জারুল বোঝে। তাই, তা পাওয়ার জন্যে কোনোরকম কাঙালপনাই নেই। আজকাল ছেলে-মেয়েরা ‘ইচ্ছে’ হলেই প্রেম করে। কিন্তু প্রেম কখনো কখনো ‘হয়ে যায়’ বলেই জারুলের বিশ্বাস।
ও হয়তো অন্যরকম।